মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০

যত গপ্পো জুতো নিয়ে ~ যূথিকা আচার্য্য

আমাদের শরীরের যত অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে তাদের পায়ের পাতাদুটো হলো সবচাইতে বেশী লো মেইনটেনান্স। পা চাটা,পায়ের জুতো,পায়ের তলা এই শব্দগুলির প্রত্যেকটাই নেগেটিভিটি বহন করে। অথচ বলুন দেখি, এতে পা দুটোর কী দোষ? পুরো শরীরটাকে বয়ে নিয়ে বেড়ায় তারা সর্বক্ষণ। কোনো দাবী-দাওয়া নেই। আদর যত্নের বালাই নেই। মাথা ব্যথা হলে হাজারখানা দাবাই আছে,কিন্তু পা ব্যথা হলে আমরা বলি "ও কিছু না,সেরে যাবে!"

    আমাদের পায়ের পাতা দুটো হল সমাজের ওই অন্ত্যজ শ্রেণীর মানুষগুলোর মতো। যারা বড় কিছু দাবী করে না, শুধু একটু পেট ভরে খাওয়া। দুটো রুটি, বা একটুকরো পেঁয়াজ সহযোগে একথালা পান্তা খেতে পেলেই তারা ঐরাবতের মতো মহাতেজা হয়ে ওঠে । রোগভোগের বালাই নেই। অথচ আমাদের মতো লোকগুলোর অবস্থা দেখুন। দিনরাত গন্ডেপিন্ডে ভালোমন্দ গিলছি কিন্তু আজ অম্বল, কাল আমাশা, পরশু আর্থারাইটিস আমাদের লেগেই রয়েছে। 

     চরণকমলদুখানা বাদ দিলে দেখবেন শরীরের বাকী অঙ্গ-প্রত্যঙ্গদের হাজারটা বায়নাক্কা। মুখের কথা তো ছেড়েই দিন। রকমারী রূপটানের দায় মিটোতে জেরবার হয়না এমন মানুষ নেই। 

কী বললেন, পুরুষদের সেসব বালাই নেই !

ও মশাই থামুন দিকি। বলি আছেন কোথায়? 

  আফটার শেভ, শেভিং ক্রীম, কোলন, মেনস্ ফেস ওয়াস এগুলো কী? এমনি এমনি এই কোম্পানীগুলো মিলিয়ন ডলারের বিজনেস করছে নাকি! 

তারপর গলা বা হাতের কথাই ধরুন। মালা-চুড়ি-নেকলেস-ব্রেসলেট-কড়া-আংটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গয়নাগাটির লম্বা লিস্টি শুরু হলে শেষ কবে হবে তা বলা মুশকিল। সেই তুলনায় নিজের পদযুগলের কথা একবার ভাবুন তো। নারী হলে নূপুর বা তোড়ার অলঙ্করণ জুটলেও জুটতে পারে,পুরুষ হলে বাপু জুতোটুকুই সার। মোটের উপর দেখবেন,পাদুটো বেশী বায়না করে না,দুপাটি আরামদায়ক পাঢাকনি অর্থাৎ জুতো পেলেই তারা দিব্যি খুশি!

   তাই এহেন নির্বাক সেবকদের প্রতি অবহেলা আসে খুব সহজে। পা দুখানা যত্নের দাবী করে না, অতএব তার যত্ন করে কী লাভ। এমতাবস্থায় যিনি পাদুটোকে যত্নআত্তি করে,ভালোবেসে রাখেন তিনি প্রকৃত অর্থেই তার নিজের শরীরের মর্যাদা দিতে জানেন,তার আভিজাত্য নিয়ে সন্দেহ প্রকাশ করাটা বোকামো।

     জুতো নিয়ে গপ্পো হলেই সিরাজদৌল্লার কাহিনী মনে পড়ে। বাংলার শেষ নবাব সিরাজ যখন ছদ্মবেশ ধারণ করে, স্ত্রী লুৎফা ও কন্যা কে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তখন তিনি জুতোটি পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন আর সেই জুতো দেখেই এক পীর তাকে চিনে ফেলছিল এবং ধরিয়ে দিয়েছিল। অবশ্য গোরার দল বিশ্বাসঘাতকতা মাফ করেনি। সিরাজের মৃত্যুর পর সেই পীরকেও প্রাণদন্ডে পুরস্কৃত করা হয়েছিলো। যেমন কর্ম তেমন ফল!
    
     মহর্ষি দেবেন্দ্রনাথের সেই বিখ্যাত জুতো জোড়াও ইতিহাস রচনা করেছিল। ব্যাপারটা মোটামুটি হয়েছিল এমন যে,শোভাবাজারের রাজবাড়িতে জলসা হবে, বিরাট আয়োজন। শহরের অর্ধেক লোক জমা হবে সেখানে; যত বড়ো বড়ো লোক, রাজরাজড়া সকলের নেমন্তন্ন হয়েছে। তখন ঠাকুরবাড়ির বিষয়সম্পত্তির অবস্থা বড়ো খারাপ। পিতা দ্বারকানাথের দেনা মেটানোর পর পুত্র দেবেন্দ্রনাথের হাত একবারেই শূন্য।  বড়ো বড়ো লোকেরা মজা দেখার অপেক্ষায় রইলেন। সবার মনে একই প্রশ্ন,ঠাকুরবাড়ির দিন গেছে, প্রিন্স দ্বারকানাথের ছেলে কী ভাবে নিজের মানরক্ষা করবেন? এবারে দেবেন্দ্রনাথ কী সাজে আসবেন নেমন্তন্ন রক্ষা করতে যাতে সাপও মরে এবং লাঠিও না ভাঙে! 

   এসব কথা বোধহয়  দেবেন্দ্রনাথের কানেও এসেছিল। তিনি বাড়ির দেওয়ানকে দিয়ে করমচাঁদ জহুরীকে বৈঠকখানায় ডাকিয়ে আনালেন। করমচাঁদ জহুরী সেকালের খুব পুরোনো জহুরী। ঠাকুরবাড়ির "বাবামশায়"-এর পছন্দ তার বেশ জানা ছিল। 
  দেবেন্দ্রনাথ তাকে বললেন, একজোড়া মখমলের জুতোয় আগাগোড়া মুক্তো দিয়ে কাজ করে আনতে। সেই আদেশমতো করমচাঁদ জহুরী দানা দানা মুক্তো সেলাই করে সাজানো সুন্দর একজোড়া মখমলের জুতো তৈরি করে এনে দিলেন। 

  জুতোর ঝামেলা তো মিটলো। এবার চিন্তা, কেমন জামা,কেমনই বা সাজপোশাক হবে ? রাজবাড়িতে নেমন্তন্ন বলে কথা, যেমন তেমন পোশাকে কী যাওয়া যায় ? সবাই ভাবছে তোষাখানা থেকে কাশ্মিরী পশমিনা শাল বের করবে, না রেশমের জোব্বা। দেবেন্দ্রনাথ হুকুম দিলেন,

"ও সব কিছুই নয়! আমি সাদা কাপড়ে যাব।" 

জলসার দিন তিনি পরলেন ধবধবে সাদা আচকানজোড়া। মাথার মোড়াসা পাগড়িটি অবধি সাদা, কোথাও জরি,কিংখাব বা জরোয়ার নামগন্ধ নেই। আগাগোড়া সাদা। পায়ে কেবল সেই মুক্তো বসানো মখমলের জুতোজোড়াটি।

    ভাবুন একবার অবস্থাখানা! রাজবাড়ির সভাস্থলে সবাই বসে রয়েছেন কিংখাব-জড়ি-মখমলের পোশাক পরে,হীরেমোতি-চুনিপান্না গলায় ঝুলিয়ে। এমন সময়ে মহর্ষি দেবেন্দ্রনাথের সেখানে প্রবেশ। সভাস্থলে সবাই নিস্তব্ধ। একখানা সূঁচ পড়লেও বুঝি আওয়াজ শোনা যাবে। দেবেন্দ্রনাথ কৌচে বসলেন পা-দুখানি একটু বের করে। সবাই চুপচাপ। শোভাবাজারের রাজামশাই ছিলেন তার বন্ধু। তিনি তখন ওনার পায়ের দিকে ইশারা করে হইহই করে উঠলেন,

 "ওরে দেখ, দেখ, তোরা দেখ, একবার চেয়ে দেখ এ দিকে, একেই বলে আভিজাত্য। আমরা ঝুলিয়েছি গলায়, মাথায়, আর ইনি তা পায়ে রেখেছেন।"

এই দুখানা গল্প বললাম বাঙলার ইতিহাসের পাতা থেকে। এবার একখানা বিদেশী গপ্পো শোনাই। এই গল্পটা আমার বন্ধু পিট টেয়লরের মুখে শোনা। পিটের প্রেমিকা পামেলা জুতোর ব্যাপারে বড় খুঁতখুতে। মানে জামা-টুপি-ব্যাগ এদিক ওদিক হলেও চলবে কিন্তু জুতোর ব্যাপারে এতটুকুও নড়চড় হওয়ার উপায় নেই। তো সে যাকগে, ওদের নেমন্তন্ন ছিল প্রতিবেশী মিস্টার তাকাশাকির বাড়িতে। তাকাশাকিমশাই জাপানের মানুষ, একটু বয়স্ক এবং আদ্যোপান্ত পুরাতন জাপানী রীতিনীতিতে বিশ্বাসী। সেই হিসেবমতো পিট ও পামেলা দুজনেই হাল্কা, সুতির ঢিলেঢালা পোশাক পরলো, যাতে তাকাশাকি মশাইয়ের বাড়ির পরিবেশে তা বেশ মানানসই হয়। কিন্তু গোল বাঁধলো জুতো নিয়ে। প্যামির ইচ্ছে একটু দামী হাই হিল পরে, ওদিকে পিটের তা নিয়ে আপত্তি, প্যামির জামার সঙ্গে নাকি ফ্ল্যাট চটিজোড়া পরলেই বেশী মানাবে। আসল ব্যাপারটা আমরা জানি, পিট বেচারার হাইটটা একটু কম, সেই কারণে প্রেমিকা হাই হিল পরে তার সঙ্গে ঘুরলে সে ইনসিকিউরিটিতে ভোগে।  ঝগড়া শুরু হয়েছিল বেশ খাদের সুরে"ডার্লিং-হানি" এসব বলে, কিছুক্ষণ পরেই থার্মোমিটারের পারা চড়তে চড়তে বিবাদের সুর সপ্তকে পহুছিল। শেষকালে পিটের এনগেজমেন্ট প্রায় ভেঙে যায় যায় দশা।

    এতকিছু ঝামেলা করে পিট ও পামেলা দুজনে তাকাশাকিমশায়ের বাড়িতে গিয়ে পৌছল পার্টি শুরু হওয়ার ঘন্টাদেড়েক পর। পামেলা নিজে হীলস্ তো পরেছেই তার ওপর পিটারকেও হাই হীলড্ ফর্ম্যাল শ্যুজ পরিয়েছে ( হুঁ হুঁ বাওয়া, দেশী হোক বা বিদেশী,বৌ ইজ বৌ!) কিন্তু তাকাশাকি ভবনের দোরগোড়ায় পৌছতেই জোর কা ঝটকা লাগলো ধীরেসে ! সুসজ্জিতা ম্যাডাম তাকাশাকি ভারী মিষ্টিসুরে জানালেন, 

" দয়া করে জুতো খুলে ভেতরে আসবেন। জুতো জিনিসটা বাইরের, ওটাকে আমরা ঘরের ভেতর স্থান দিই না।" 

এই ঘটনার পর  পিটের প্রেমিকা নাকি তিনদিন তার সঙ্গে কথা কননি। রাগে না অনুরাগে তা অবশ্য জানা হয়নি। 

      সিন্ডেরেলা আর তার কাঁচের জুতোর গল্প সবাই জানে। রাত বারোটার সময় সিন্ডেরেলা প্রিন্স চার্মিংয়ের পার্টি থেকে ছুটে বেরিয়ে যান। যাওয়ার পথে তার পা থেকে একপাটি কাঁচের জুতো খুলে পড়ে যায়। পরে সেই জুতোর সাহায্যে রাজকুমার সিন্ডেরেলাকে খুঁজে পান অ্যান্ড দে লিভড্ হ্যাপিলি এভার আফটার! মোটের উপর এই হচ্ছে গল্পখানা। কিন্তু গল্প পড়ে একটু ভাবলেই বুঝবেন যে জুতো খুলে যাওয়া ব্যাপারটার মধ্যে যথেষ্ট ফাঁক রয়েছে। চমৎকার মাপে মাপে পায়ে বসে যাওয়া জুতো অমনি অমনি পা থেকে খুললো কী করে? বারোটা অবধি হইহুল্লোর নাচগান করা অবধি জুতো দিব্যি ঠিক ছিলো, ঠিক দৌড়ে পালানোর সময়ই তাকে খুলে পড়তে হল ! সিন্ডেরেলা কী তবে ইচ্ছে করেই জুতোখানা ওখানে ফেলে রেখে এসেছিল যাতে তাকে খুঁজে পেতে রাজকুমারের অসুবিধে না হয়! একটু ভাবুন, ভাবলেই বুঝবেন সিন্ডেরেলাকে আমি আপনি  যতটা সোজা সরল ভেবেছিলাম, ততটা ইনোসেন্ট সে মোটেই নয়। সিন্ডেরেলা যথেষ্ট সেয়ানা মেয়ে।

   আমার এক বাংলাদেশী বন্ধুর মুখে শোনা মোহাম্মদ নাসির আলির লেখা জুতো নিয়ে আরেকখানা গল্প দিয়ে শেষ করি।  গল্পের নাম "অলক্ষুণে জুতো।" গল্পখানা এমন, আলি আবু বাগদাদ শহরের অত্যন্ত ধনী অথচ কৃপণ লোক। তার কৃপণতার শ্রেষ্ঠ পরিচয় তার জুতো। তিনি বহু বছর ধরে জুতো বদলাননি। বছরের পর বছর সেলাই করিয়ে, পেরেক লাগিয়ে, তালি লাগিয়ে একই নাগরাই জুতা পরতেন। সময়ে এমন হল যে, আলি আবুকে সবাই তার জুতোর নামে চেনে। 
তা একদিন হল কী, একদিন আলি আবুর বন্ধু তার জুতো নিয়ে মজাক করলেন তার সঙ্গে। আবু এবং তার বন্ধু দুজনেই তখন হামামে। গোসল করছেন। বন্ধুটি সুযোগ বুঝে তার ছেঁড়াখোঁড়া, তালি মারা নাগরা জোড়া লুকিয়ে রাখলেন অন্য জায়গায়। মতলবখানা এই যে, জুতো হারিয়ে আবুর দশা কেমন হয়! 
  
     এদিকে আলি আবু তো এসব কিছুই জানেন না। তিনি গোসলখানা থেকে বেড়িয়ে দেখলেন তার জুতোর জায়গায় অন্য একটি কারুকাজময় সুন্দর,নতুন জুতো রাখা আছে। তিনি ভাবলেন এই জুতোজোড়া নিশ্চয় তার বন্ধু তার জন্যই রেখে গেছে। তিনি বিনি পয়সায় নতুন জুতো পেয়ে আল্লাহ্তালা কে সুক্রিয়া জানিয়ে, নতুন জুতো পরে ফিরে এলেন বাড়িতে।

   কিন্তু আসলে সেই নতুন জুতোটি ছিল কাজিসাহেবের। কাজিসাহেব বের হয়ে দেখলেন তার জুতোজোড়া গায়েব। অনেক খুঁজে দেখা গেল শুধু আবুর জুতোজোড়া পড়ে রয়েছে সেখানে। ব্যস আর কী, কাজিসাহেব ভেবে নিলেন আলি আবুই তার জুতো নিয়ে গেছেন।
এর জন্য জুতো চোর হিসেবে আবু আলির শাস্তি হয়। রাগে দুঃখে আলী আবু জুতো নদীতে ফেলে দেন। সেখানে এক জেলে জুতোটি পায়। সে আবুর জুতোজোড়া ঠিক চিনতে পারে এবং সরলমনে সে ভাবে হয়ত আবুর জুতোটি হারিয়ে গেছে। কারণ সবাই জানত এই জুতোজোড়া আবুর বড়ই প্রিয়। ভেবেচিন্তে পুরস্কারের লোভে জেলে বেচারা জুতোটি নিয়ে আসে আবুর বাড়িতে। আবু তখন বাড়িতে ছিলেন না। অনেক হাঁকডাক করে বিরক্ত হয়ে জেলে আবুর বাড়ির জানালা দিয়ে ছুঁড়ে দেয় জুতো জোড়া। জুতো ভেতরে গিয়ে পড়ে আতরের বোতলে। এই বোতলগুলোর ভেতরে খাস আতর ছিল আবু বড়ই পেয়ারের। সব নষ্ট হয়।

বাড়িতে ফিরে সবকিছু দেখেশুনে রাগে দিশাহারা হন আলি আবু। তিনি সেই রাতেই জুতোজোড়া কে দফন করার জন্য গর্ত খুঁড়তে শুরু করেন প্রতিবেশীর দেয়ালের ধারে। কিছু লোক তাঁকে সেই অবস্থায় দেখে ভাবে তিনি হয়ত সিঁদ কেটে চুরি করতে যাচ্ছেন। অতএব আবার তাকে ধরে নিয়ে যাওয়া  হয় কাজির কাছে। কাজিসাহেব শুধোলে আলি বলেন তিনি জুতোজোড়া মাটি চাপা দিচ্ছিলেন। কিন্তু কে আর সেকথা বিশ্বাস করবে! প্রাণের চেয়েও প্রিয় জুতো তিনি দফন করবেন, একথা বিশ্বাস করতে কষ্ট হয় বইকি! ফলস্বরূপ পুনরায় শাস্তি পেতে হয় তাকে।
এরপর আবু জুতো ছুঁড়ে ফেলে দেন। ঘটনাক্রমে তা গিয়ে পড়ে এক ছেলের ঘাড়ে। সে অজ্ঞান হয়ে যায়। লোকেরা আবুর নাগরাই জুতা চিনতে পারে। তারা বিচার নিয়ে যায় কাজির কাছে। আলি আবার শাস্তি পান।

    আপাতদৃষ্টিতে মনে হয় "অলক্ষুণে জুতো"গল্পটির সারাংশ হল অত্যধিক কৃপণতা ভালো নয়, কিন্তু একটু ভেবে দেখলেই বুঝবেন আসল কথা তা নয়। গল্পটি রূপকধর্মী। আমাদের মধ্যে অনেকেরই এই  অভ্যাস রয়েছে, যে আমরা সচেতনভাবে বা অবচেতনে কিছু বস্তুকে নিজের পরিচয়ের অংশ করে তুলি। যেমন এই গল্পের ক্ষেত্রে, গল্পের নায়ক আলি আবু তার ছেঁড়া জুতোজোড়াকে নিজের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিলেন। ফলস্বরূপ জুতোর গুরুত্ব একসময় তার মালিককেও ছাড়িয়ে যায়। সাধারণ অবস্থাতেও মানুষ যেসব দুর্দশায় পড়েন তার বেশীরভাগ ক্ষেত্রেই কারণ কিন্তু তুচ্ছ বস্তু অথবা অপদার্থ পরিজনের ওপর অনর্থক বিশ্বাস এবং নির্ভরশীলতা। তাই সাধু সাবধান! তুচ্ছ বস্তু, খারাপ অভ্যাস এবং অযোগ্য মানুষ (সে আপনার যত প্রিয়ই হোক না কেন) এই তিনের সম্পর্কে সদা সতর্ক থাকবেন। এই ত্রয়ীর যে কোনো একটি যদি আপনার পরিচয়ের সর্বাধিক শক্তিশালী অংশ হয়ে ওঠে তাহলে খারাপ সময়ে তা আপনার অস্তিত্ব‍ ও স্বাধীনতা দুয়েরই বারোটা বাজাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০

সর্বজনীন স্যার ডঃ শংকর সেন ~ দেবেশ দাস

ব্রিটিশ ভারতে ছাত্রাবস্হা থেকেই দেশপ্রেমে অবিচল। এক বিকেলে একটা বাড়ী থেকে গ্রেফতার হয়ে গেল দুই স্কুল ছাত্র। পরের দিনের সকালের ধর্মঘটে তাদের রেলে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল, সেই উদ্দেশ্যেই উঠেছিল ওখানে। স্যার বললেন, গ্রেফতার হতাম না জানো, যে বাড়ীতে উঠেছিলাম, বন্ধুর বোন পাড়ায় গল্প করেছিল যে বাইরে থেকে দাদার বন্ধুরা এসেছে, ব্যস খবরটা পুলিসের কানে পৌঁছল। সেই ছাত্রই শংকর  সেন। স্কুলশিক্ষা শেষে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া, অধ্যাপনায় ঢোকা। ইংল্যান্ডে বিশ্ববিখ্যাত এক অধ্যাপক এম জি সে এর কাছে পিএইচডি। 
কলেজে চলছে বার্ষিক পরীক্ষা, তারই অংশ হিসাবেই প্রত্যেককে মৌখিক পরীক্ষা দিতে হচ্ছে। সেই সময়ে করিডোরে ডঃ শংকর  সেন দেখলেন একটি ছাত্রকে। 'এই তোমার পরীক্ষা না? এখানে ঘুরছ কেন?' ছাত্রটি বলল, মৌখিক পরীক্ষা দিতে তার প্রথমেই ডাক পড়েছিল, যা প্রশ্ন করেছিল কিছু পারেনি, স্যার ঘর থেকে বার করে দিয়েছেন, বলেছে, একদম শেষে এসো, সবার শেষে তোমায় আবার ধরবো। ছাত্রটিকে বললেন, শিগগিরি তার ঘরে যেতে, ঘরে গিয়ে কী কী প্রশ্ন তাকে করা হয়েছিল শুনলেন, তারপর সেটাই ছাত্রটিকে দীর্ঘক্ষন ধরে বোঝালেন। সবার শেষে ছাত্রটির যখন আবার ডাক পড়লো, সেই একই প্রশ্নে ছাত্রটি সফল, প্রশ্নকর্তা অবাক।



শুধু পড়াশোনা না, যে কোনও ছাত্রকে যে কোনও সাহায্য করার জন্য সবসময় মুখিয়ে থাকতেন স্যার। 'ছাত্র' শব্দটাতেই এক অদ্ভুত দুর্বলতা। কখনো কোনও একটা প্রোগ্রামে হয়তো যেতে চাইছেন না, বকাবকি করছেন, একটা মোক্ষম অস্ত্র ছিল, 'ছাত্রকে আপনি সাহায্য করবেন না?' ব্যস কাত হয়ে যেতেন। তার মৃত্যুর দিনে তাই অগণিত ছাত্রদের ভীড়, সকলেই তার সরাসরি ছাত্র না, কিন্তু তাও প্রত্যেকেই এই সার্বজনীন শিক্ষকের ছাত্রই, কোনও না কোনও ভাবে তার কাছে চলার পথে সাহায্য পেয়েছে, জীবনের উপদেশ পেয়েছে। মেধাবী ছাত্র, গবেষক, অধ্যাপক, উপাচার্য, মন্ত্রী, সব কিছু ছাপিয়েই তার মূল পরিচয় তিনি অগণিত ছাত্রদের স্যার।
মন্ত্রিত্বের পর অবসর জীবনে এক বিখ্যাত তথ্য প্রযুক্তি কোম্পানি তাকে বলেছিল পাওয়ার প্লান্ট পরিচালনার ব্যাপারে একটা সফটওয়্যার বানাতে তাদের সাহায্য করতে। বিজ্ঞান-প্রযুক্তির প্রয়োগের ব্যাপার, সাথে সাথে রাজী হয়েছিলেন, তবে দুটি শর্তে। এক, যেদিন কোম্পানিতে যাবেন তাকে গাড়ী দিতে হবে, আর যতক্ষন থাকবেন, তাকে সামান্য কিছু খেতে দিতে হবে। না, কোনও কনসালটেন্সী ফি তিনি নেবেন না। কোম্পানিটি অবাক। অথচ, তার খুব স্বচ্ছল অবস্হা ছিল না। দীর্ঘদিন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানো, তারপর কয়েকবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, পেনশন পাওয়ার সময়ে যে কোনও কারণেই হোক তার শিবপুর ও যাদবপুরের সার্ভিস পিরিয়ডের সংযোগ না হওয়ায় পেনশন যা পাওয়ার কথা তার থেকে বেশ কম পেতেন। তাই নিয়েই চালাতেন।     
চিরকাল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ানো, তা নিয়ে বই লেখা, অথচ স্কুল শিক্ষা উন্নত করার জন্য বিশেষ ভাবিত ছিলেন। কখনো হয়তো কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডাক এসেছে তাকে সমাবর্তনে ভাষণ দেওয়ার জন্য, তিনি রাজী হননি, বলেছেন তিনি এখন স্কুলশিক্ষা নিয়ে বেশী চিন্তিত। সপ্তম বামফ্রন্ট মন্ত্রীসভায় তথ্যপ্রযুক্তি দফতরের স্কুলে স্লাইড সহযোগে পড়ানোর উদ্যোগে খুবই সক্রিয় হয়েছিলেন। মন্ত্রিত্বের পরেও বামফ্রন্ট মন্ত্রীসভার কোনও কোনও দফতরকে সাহায্য করেছেন।
রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতরের কাজে একদিন তাকে গাড়ী পাঠানো হয়েছে। যাতায়াতের পথে সেই গাড়ী নিয়ে তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন। যেহেতু ব্যক্তিগত কাজে সরকারী গাড়ী ব্যবহার করছেন, তাই সরকারী দফতরে হিসেব করে তার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিলেন। সরকারী অফিসার তো হতবাক, মন্ত্রীকে ধরলেন, এই টাকা কিভাবে নেওয়া হবে? মন্ত্রী বললেন, নিতেই হবে, এই টাকা ফেরত নিতে তার স্যারকে বলার সাহস নেই। উপাচার্য থাকার সময়ও বিশ্ববিদ্যালয়ের গাড়ী নিয়ে বিয়েবাড়িতে গেলে গাড়ীর ভাড়া দিয়ে দিয়েছেন। কলকাতার একটি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে একটা কাজে দু-একবার যাওয়ার সময়ে, প্রতিষ্ঠানটি তাকে একটা বড়ো গাড়ী পাঠিয়ে দিত, তাতে তার কি সংকোচ!
পার্টির সদস্য ছিলেন না। কিন্তু শৃঙ্খলা পরায়ণায় ঘাটতি ছিল না। কত রথী-মহারথী  তো পার্টির সাথে বিচ্ছিন্ন হওযার পর নানা কথা বলেছেন। তার সাথে কোনও না কোনও মতবিরোধেই তো তিনি বামফ্রন্ট মন্ত্রীসভা ছেড়েছিলেন, কিন্তু একটা কথা তার মুখ দিয়ে কেউ বার করতে পারেনি। না, শত একান্ত আলোচনাতেও আমরা ছাত্ররাও এ ব্যাপারে কোনদিন কিছু জানতে পারিনি। জ্যোতি বসুর প্রতি ছিল অগাধ আস্হা, বিশ্বাস ও শ্রদ্ধা। মৃত্যুর আগে জ্যোতি বসু যখন দীর্ঘদিন হাসপাতালে ছিলেন, তখন হাসপাতালের চারপাশে বহু লোক রোজ জড়ো হতেন। স্যারও একদিন গিয়েছিলেন, বহু লোকের সাথে বাইরে দাড়িয়ে চলে এসেছিলেন। 
মেয়েদের প্রতি দারুন সম্ভ্রম দেখিয়ে গেছেন চিরকাল। মন্ত্রী থাকাকালীনও তার সাথে দেখা করতে আসা ব্যক্তিদের সাথে কোনও মহিলা এলে সাথে সাথে উঠে দাড়াতেন। অবসর জীবনে নানা জায়গায় যেতেন। মানুষের সাথে কথা বলতেন। একবার কোনও এক জায়গায় খুব সাধারণ মহিলারা তাকে একটা প্রশ্ন করেন, মহিলা বিধবা হলে তার মাছ-মাংস খাওয়া বারণ, কিন্তু পুরুষ বিপত্নীক হলে তো সে সব খায়, এটা কেন চলবে? স্যারের তখন কয়েক বছর হল স্ত্রী মারা গেছেন, ট্রেনে ফিরতে ফিরতে তার মনে হল, এদেশের মেয়েদের ভীষন বঞ্চনা করা হচ্ছে, বাড়ী ফিরে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দিলেন। 
জীবনে স্ত্রীর অবদানের কথা সোচ্চারে বলতেন।  তাঁর ছাত্র বাৎসল্যকে মদত দিতে তাঁর স্ত্রীও ছিলেন একেবারে উদারহস্ত, আর অসহায় মানুষের প্রতি স্যারের মতোই আন্তরিক। স্যারের কাছেই গল্প শুনেছিলাম, একবার কোন একটা জায়গায় স্যারের সাথে গিয়ে মানুষের দারিদ্র্য দেখে কেঁদে ফেলেছিলেন। একবার একটা প্রোগ্রামে স্যারের যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু কিছুতেই কেন যেতে চাইছেন না বুঝতে পারছিলাম না। পরে বললেন, ঐদিন তাদের বিবাহবার্ষিকী, ওদিন তিনি একা থাকবেন, কোথাও যাবেন না, তাঁর স্ত্রী তখন ১০-১২ বছর মারা গেছেন।  
স্যারের সম্বন্ধে বলতে গেলে নানা গল্প আর শেষ হবে না। গত কয়েক দশকে অনেক বুদ্ধিজীবি তো রাজ্যে দেখা গেল। কেন জানিনা, বিজ্ঞান-প্রযুক্তির লোকদের কেউ বুদ্ধিজীবির পর্যায়ে ফেলে না। দেশপ্রেম, শিক্ষাঅনুরাগ, সমাজবোধ, সমাজ-সচেতনতা, মূল্যবোধ, প্রগতিশীল চিন্তা, মানুষের প্রতি দরদ, সব কিছুতেই স্যার একবাক্যে অনন্য। আজীবন প্রচারবিমুখ আদর্শের প্রতিমূর্তি মানুষটি নীরবেই চলে গেলেন।

আপের জয় ও এইরাজ্যের বাজেট ~ বিষাণ বসু

দিল্লিতে আপের জয়জয়কারে আপনার মতো আমিও খুশী - উচ্ছ্বসিত। আদার ব্যাপারী - তাই রাজধানীর খবর তেমন একটা পাই না -  তবে হাইএন্ড বন্ধুদের মুখে শুনেছি, সেখানকার সরকারি স্বাস্থ্যব্যবস্থা আর সরকারি ইশকুলের ভোল বদলে দিয়েছেন কেজরিওয়ালের সরকার - মহল্লা ক্লিনিকের কথা শুনেছি - কাগজেই পড়েছি, পরীক্ষাটরীক্ষায় দিল্লিতে বড়লোকি প্রাইভেট ইশকুলের চাইতে ভালো রেজাল্ট করছে সরকারি ইশকুল।  

গেরস্ত মধ্যবিত্ত মানুষ - দাঙ্গাহাঙ্গামায় বড় ভয় পাই। কাজেই, এরাজ্যেও বিজেপি না আসুক, এমনটাই চাই। প্লাস, ওই মধ্যবিত্ত বলেই, স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে খুব চিন্তায় থাকি - ভাবি, ওই পথেই উন্নতি-টুন্নতির আশা।

এইরাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র - তিনি খুবই হাইফাই অর্থনীতির লোক, শুনেছি।

রাজ্যের বাজেটের খোঁজ আজকাল কেউ রাখে না - খুব একটা খুঁটিয়ে বিশ্লেষণ কেউ করেন, এমনও দেখিনি। তবু, আমার মতো আনাড়ির চোখে একটু কেমন কেমন ঠেকল -      

গতবছরের রাজ্য বাজেটে -

স্বাস্থ্যখাতে ব্যয়বরাদ্দ - ৯৫৫৬ কোটি টাকা
স্কুল শিক্ষায় - ২৭৫৪০ কোটি টাকা
উচ্চশিক্ষায় - ৩৯৬৪ কোটি টাকা
বৃত্তিমূলক শিক্ষায় - ১১০৬ কোটি টাকা

এবছরের বাজেট -

স্বাস্থ্যখাতে - ৪৬০৮ কোটি টাকা (গতবছরের আটচল্লিশ শতাংশ - অর্ধেকেরও কম) 
স্কুল শিক্ষায় - ৮৭৫০ কোটি টাকা (গতবছরের একতিরিশ শতাংশ - এক-তৃতীয়াংশেরও কম)
উচ্চশিক্ষা - ৭০০ কোটি টাকা (গতবছরের সতের শতাংশ - ছয় ভাগের এক ভাগ) 
বৃত্তিমূলক শিক্ষায় - ৯০০ কোটি টাকা (গতবছরের আশি শতাংশ) 

এসব নিয়ে কেউ হইচই করছেন, এমন খবর দেখিনি। মিডিয়াতেও শোরগোল চলছে, এমনও দেখিনি। আপনি কিছু খবর পেলে জানাবেন, প্লীজ।

হ্যাঁ, খুশীর খবরও কি নেই? আছে তো!! জাতপাতের ভিত্তিতে পেনশন চালু হবে এরকম অনেক খবরই আছে।

তা, এই পথেই বিভাজন আর জাতপাত আর হানাহানির রাজনীতি প্রতিহত হবে? শিক্ষা আর স্বাস্থ্যের উন্নয়ন ছেড়ে পাইয়ে-দেওয়ার রাজনীতি দিয়ে ঘৃণা-বিদ্বেষের বয়ানের মোকাবিলা হতে পারবে? 

প্রসঙ্গত, দুই রাজ্যেই নাকি কর্ণধারদের স্ট্র‍্যাটেজি সাজিয়ে দিচ্ছেন প্রশান্ত কিশোর। তাহলে? আমরা, এই রাজ্যের নাগরিক তথা ভোটারেরা কি এমনই অর্বাচীন যে চুষিকাঠির বাইরে ভাবতে শিখিনি?? শিক্ষা-স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার নয়??? 

আপনি কী বলেন??

(তথ্যসূত্র - মাননীয় শ্রী অমিত মিত্র মহাশয়ের ২০১৯ ও ২০২০ সালের বাজেট বক্তৃতা)

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০

বিজেপির ভয় ~ সংকলন সরকার

২০১৯ নির্বাচনে মোট ৬০.৩৭ কোটি ভোট পড়েছিলো। তারমধ্যে বিজেপি ৩৭.৩৬% ভোট পেয়ে ক্ষমতায় এসেছে, এনডিএর কম্বাইন্ড ভোট শেয়ার ছিলো ৪৫%... এই তথ্য সরকারি ওয়েবসাইট ঘাঁটলেই পাবেন। তারপর দেশের বিভিন্ন নির্বাচন উপনির্বাচনে ২০১৯ এই বিজেপির সমর্থনের হার ক্রমশ আরো কমেছে। হাতছাড়া হয়েছে বেশ কিছু রাজ্য। ২০১৪ থেকে হিসেব শুরু করলে বিজেপির জনপ্রিয়তা হ্রাসের হার উল্লেখযোগ্য ভাবে দৃষ্টি আকর্ষণ করে। আচ্ছা, ২০১৯ এর ১১ই এপ্রিল থেকে ১৯শে মে অবধি পড়া ৬০.৩৭ কোটি ভোটের মধ্যে ৩৭.৩৬% বিজেপি ভোটারের মধ্যে একটু বেশি করেই না হয় ধরে নিচ্ছি ৫০% ভোটার হল অন্ধভক্ত। অর্থাৎ ১৮.৬৮% ভোট বিজেপির কমিটেড ভোটার। ওই ভোটটা বিজেপি পাবেই পাবে। বাকি ভোটের ঠিকানা নেই, বেশ কিছু ভোট ১৯শে মে ২০১৯ এর পরে আজকে ৩০শে জানুয়ারী ২০২০ অবধি ইতিমধ্যে বিভিন্ন গেরুয়া রাজ্যের হিসেব পাল্টে দিয়েছে। আগামীতে আরো অনেক ছক বদলাতে চলেছে। ফলে ক্রমান্বয়ে সংখ্যালঘু হয়ে যাওয়ার ভয় বিজেপি সুপ্রিমোদের মাথায় কি গেড়ে বসছে? মানসিকতা মেলানোর উত্তর জানি না তবে অঙ্কমেলানো সোজা। অন্ধভক্তরা কোনো কিছু না ভেবে পরম নিশ্চিন্তে থাকলেও বিজেপি থিঙ্কট্যাংক অসম্ভব অস্বস্তিতে রয়েছে এ কথা হলফ করে বলতে পারি। বিজেপির হাতের শেষ অস্ত্র হিংসা দ্বেষ এবং সন্ত্রাস! 

সবাই যখন ভারত-পাকিস্তান, ৩৭০-কাশ্মীর, হিন্দু-মুসলিম, সিএএ, এনআরসি, এনপিআর জামিয়া জেএনইউ ইত্যাদি নিয়ে বিতর্ক করতে ব্যস্ত, আমরা আমাদের দেশের আশেপাশে কী ঘটছে তা খেয়াল করছি না!
৩০.০১. ২০২০ তারিখের বিভিন্ন ডেটা সার্চ করে কী কী পাই দেখি চলুন

 আমাদের দেশের সাম্প্রতিক ডেটা এবং পরিস্থিতি 👇

- Vodafone is in loss of ₹50,000 Crore.

- Airtel is in loss of ₹23,000 Crore.

- BSNL is in loss of ₹14,000 Crore.

- MTNL is in loss of ₹755 Crore.

- BPCL is in loss of ₹750 Crore.

- SAIL is in loss of ₹286 Crore.

- AIR India is in loss of ₹4600 Crore.
 
- Spice Jet is in loss of ₹463 Crore.

- Indigo is in loss of ₹1062 Crore.

- BHEL is in loss of ₹219 Crore.

- India Post is in loss of ₹15,000 Crore.

- GMR Infra is in loss of ₹561 Crore.

- YES Bank is in loss of ₹600 Crore.

- Union Bank is in loss of ₹1190 Crore.
 
- PNB Bank is in loss of ₹4750 Crore।

- Axis Bank is in loss of ₹112 Crore.
 

Apart from the above 👆👇🏼

 - Jet Airways closed.

- BSNL 54,000 may cut more jobs.

- No money to pay salary for HAL employees.

- 1 million to be laid off in Auto Industry.

- 12.76 lakhs houses unsold in 30 major cities.

- Aircel and Docomo is dead.

- JP Group finished.

- Most profitable company in India - ONGC is now making losses.

- 36 largest debtors missing from country.

 - Rs 2.4 lakh crores loan waive off for a few corporates. 

- All banks incurring huge losses.

- External debt on country 500+ Billion Dollars.

- Railways are on sale.

- Renting heritages including Red Fort.

- Largest car maker Maruti cuts production.

- Rs 55000 crores car inventory lying at factories, with no buyers.

- Builders all over stressed. Some committing Suicide, no buyers.  Construction Stopped due Mat cost rise (GST at 18% to 28%).

- OFB under corporatization affecting over 1.5 lac employee & families.

- Millions unemployed due to Demonetization.

- Highest unemployment in 45 years.

- 5 airports sold to Adani.

- Highest domestic stagflation.

- Record HNI individuals leaving India.

- Videocon bankrupt.

- Tata Docomo perished.

- CCD founder VG Siddhartha committed Sucide due to huge debt.

- Reputed Biscuits Companies like Parle-G on the verge of terminating it's employees.

...Many nationalized banks have merged, many branches have literally closed, huge numbers of ATM's Rooms are set down, 

May be many more...

Note: Nothing is shown in media. And media is busy debating India Vs Pakistan, and Hindu Vs Muslims who were living peacefully with tranquility till recently. 

বিজেপি ম্যানেজমেন্ট ভয় পাচ্ছে, তাই ক্ষমতা ছুঁয়ে মরিয়া হয়ে উঠেছে। দেশ ভক্তি অনেক দূরের কথা, দেশ নিয়ে এদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। এরা কথাবলা লোকজনদের ভয় পায়, শিক্ষিত সমাজকে ভয় পায়, এই দেশ ব্যবসায়ীরা দেশ ভক্তির নামে দেশকে ছিঁড়ে খুঁড়ে নিজেরা অত্যন্ত স্বল্প সংখ্যক কতিপয় শ্রেণীর পকেটে ভরে নিতে উদ্যত। দেশের মানুষকে বোকা বানিয়ে এই বানিয়ারা যখন লুটের ভাগ সামলাবে সেই মাস্টার প্ল্যানে দেশের অনেক তাবড়-তাবড় নেতা মন্ত্রী সমর্থক অবধি থাকবে না তো ছোটোখাটো স্টেটলেভেলের নেতা মন্ত্রীর কথা বাদ দিলাম। আর ভোটে জেতানো ভক্ত বা অন্ধভক্তদের কথা ধর্তব্যের মধ্যেই আনছি না। আচ্ছে দিনের নামে ২০১৪ থেকে মাত্র ৬ বছর সময়কালের হিসেবে ভারত জেট গতিতে ঠিক ৪৫ বছর পিছিয়ে গেছে। 

সামনে মার্চ ইয়ারএন্ডিং নতুন বাজেট লালশালু মুড়ে সংসদে আসতে চলেছে ফ্রেন্ডস... আপনারা দম বন্ধ করে হিন্দু মুসলমান সিএএ পাকিস্তান বাংলাদেশ নিয়ে লাট্টু হয়ে থাকুন, দুনিয়ার সবথেকে উঁচু মূর্তি দেখে আসুন, সিয়াচেন সিয়াচেন খেলুন, বাংলাদেশি খুঁজুন, তোতাপাখির মতন শেখানো বুলি কপচান। হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে বাকযুদ্ধ জারী রাখুন, মুখোমুখি হলে একে অপরের মাথা ফাটিয়ে দিন, মন্দির মসজিদ ভাঙুন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বসে মন দিয়ে পড়াশোনা করুন। স্কুল কলেজ লাইব্রেরী ইউনিভার্সিটিতে যাবেন না। নিজের ইচ্ছে মতন পড়াশোনা একদম করবেন না। নিজের ইচ্ছেমতন কথা বলবেন না, ভেদ ভাব বিভাজন দ্বেষ ছড়ান, রাম মন্দির বানান, রাম মন্দিরে বসে ঘন্টা নাড়ুন...

যদিও রামের বাপ দশরথের বাপের নাম ছিল অজ, সেই শ্রীঅজ'র অবধি ক্ষমতা নেই যে আপনাকে বাঁচায়! 

জ্জ্যায়শ্রীরাম

সংকলন সরকার
৩০/০১/২০২০

তথ্যঋণঃ ইলেকশন কমিশন, গুগল, সেমিমা হাকিম।

একটি পুজো, নায়ক, খলনায়ক, গায়ক ও একজন কবি ~ সমুদ্র সেনগুপ্ত

১৩৩৩, ১৩ই ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি, ১৯২৮) কলকাতার সিটি কলেজ-সংলগ্ন রামমোহন ছাত্রাবাসে সরস্বতী-প্রতিমা স্থাপন করে পুজোর দাবিতে কলেজ-কর্তৃপক্ষ ও ছাত্রদের সংঘর্ষজনিত গোলযোগের সূত্রপাত হয়। 

সিটি কলেজ ব্রাহ্মদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি নামকরা কলেজ সেই সময়ে। কিন্তু কলেজের অধিকাংশ ছাত্র ছিল হিন্দু। কলেজের ছাত্রাবাসটির নাম ছিল 'রামমোহন হোস্টেল'। সেই ছাত্রাবাসের অধিকাংশ আবাসিকও হিন্দু। তারা সরস্বতী পুজো আয়োজন করতে চায়। 

সে সময়ে সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন হেরম্বচন্দ্র মৈত্র। কলেজের সংবিধান অনুসারে সরস্বতী পুজোর মতন ধর্মীয় আচার-অনুষ্ঠান করতে দেওয়া চলে না, এই কারণে কর্তৃপক্ষ হস্টেলে পুজো করার অনুমতি দিতে অস্বীকৃত হন। শুরু হয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রবিক্ষোভ। বাধাপ্রাপ্ত ছাত্ররা অনশন সত্যাগ্রহ শুরু করে। পক্ষে বিপক্ষে বহুলোক। 

এর ছয় বছর আগে ১৯২২ সালে ঐ সিটি কলেজে ইংরেজি বিভাগে যোগ দিয়েছেন এক তরুণ অধ্যাপক। ঠাকুর্দা সর্বানন্দ দাশগুপ্ত ব্রাহ্ম ধর্ম গ্রহণ করাতে তিনিও তাই। বছর খানেক আগে ১৯২৭ সালে প্রকাশিত হল তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক'। কবির নামের শেষে দাশগুপ্তের বদলে কেবল দাশ, শ্রী জীবনানন্দ দাশ। আমাদের ছোট্ট এই কাহিনীর নায়ক নন, স্রেফ ট্র্যাজেডির একটা চরিত্র।

নায়কদের দিকে একবার চোখ ফেরানো যাক। আন্দোলনকারী ছাত্রদের সপক্ষে সবচেয়ে বড় নাম এক তরুণ যুব ছাত্রনেতা। বছর খানেক আগে ১৯২৭ সালে মান্দালয় জেল এর কারাবাস থেকে মুক্ত হয়েছেন এই তরুণ তুর্কি নেতা। তার কাছে এটা নিছক পুজোর অনুমতি আদায়ের গোলযোগ নয়, তার চেয়েও কিছু বেশি। ছাত্রদের অধিকার রক্ষার লড়াই কর্তৃপক্ষের বিরুদ্ধে। তিনি তখন নেতা বটে তবে নেতাজি নামে খ্যাত হন নি, তখন কেবলই সুভাষ বোস। এলবার্ট হলে বিরাট সভা। জ্বালাময়ী বক্তৃতা। 

২রা মার্চ সভায় বললেন, " হিন্দু ছাত্রদের কোমল ধর্মীয় অনুভূতি কে পদদলিত করে সিটি কলেজ কর্তৃপক্ষ এর স্বেচ্ছাচারী আচরণের ফলে সিটি কলেজের ছাত্ররা বর্তমানে যে আন্দোলন শুরু করেছে, তার প্রতি আমার সাগ্রহ ও সাদর সমর্থন আছে। আলোকপ্রাপ্ত ও অগ্রসর ব্রাহ্ম ভদ্রলোকরা হিন্দু ছাত্রদের ওপর নিজেদের ধর্মবিশ্বাস চাপিযে দেয়ার জন্য এতো নিচে কি করে নামলেন তা আমি অনুধাবন করতে অক্ষম।"

কলেজ কর্তৃপক্ষ এর সপক্ষে বেশকিছু নামিদামি ব্যক্তিত্ব। রামানন্দ চট্টোপাধ্যায়, সি এফ এন্দ্রুজ, প্রফুল্ল চন্দ্র রায়।এবং এবং রবি ঠাকুর। তরুণ নেতার হাতিয়ার যদি হয় তার তেজস্বী বক্তৃতা, প্রৌঢ় কবির হাতিয়ার তাহলে কলম। মর্ডান রিভিউ তে প্রবাসীতে চিঠি, প্রবন্ধ। সেই কলম থেকে বেরিয়ে আসছে এই লেখা, ".....  ধর্মের স্বাধীনতাই যদি কাম্য হয় তবে সে স্বাধীনতা শুধু রামমোহন হোস্টেলের হিন্দু ছাত্ররা পাইবে এমন তো নহে, মুসলমান ছাত্ররাও পাইবে। মুসলমানদের পক্ষে গো-কোরবানি ধর্মের অঙ্গ। সুতরাং কর্তৃপক্ষ হোস্টেলে তাহাদের তাহাও করিতে দিতে বাধ্য। সুতরাং এভাবে যুক্তি চলে না। একটা প্রতিষ্ঠিত সমাজের বিধিবদ্ধ কতকগুলি নিয়ম আছে, সেগুলিকে ভাঙিতে চেষ্টা করায় সৌজন্যের অভাব প্রকাশ পায়। সিটি কলেজ ব্রাহ্মদের এবং ব্রাহ্মরা মূর্তিপূজক নয়, একথা প্রত্যেক ছাত্রই জানেন।"

এই সময়ে ময়দানে নামলো সজনীকান্ত দাসের 'শনিবারের চিঠি'। দু দিন আগেই প্রমথ হাতিয়ার নিয়ে রবীন্দ্রনাথকে বাক্যবানে বিদ্ধ করার অনুতাপেই বোধহয় এবার তারা কবির পক্ষে। সুভাষ কে 'খোকা ভগবান' নাম দিয়ে লেখা হলো :- "খোকা ভগবান নামে/ গজানন  বঙ্গধামে/ সম্প্রতি খুলেছে রাজ্যপাট।..." ['মর্ত্য হইতে সরস্বতী বিদায়']।

সজনীকান্তের— "হিন্দু রিলিজিয়ন ইনসালটেড (স্বপ্নদর্শন)", অশোক চট্টোপাধ্যায়ের —"এই কি হিন্দু-জাগরণ" এবং যোগানন্দ দাসের—"নায়মাত্মা চৌর্যেন বা লভ্যতে" প্রকাশিত হল। ১৩৩৫ শ্রাবণ সংখ্যা "শনিবারের চিঠিতে প্রকাশিত হল এলবার্ট হলের সেই জনসভা কে ব্যঙ্গ করে :-

"খোকা ভগবান আসিল নিজে,/ চোখের জলেতে বেজায় ভিজে।/ বুকেতে কি জানি ঘটিল দোষ,/ সাক্ষী কুলীন বৈদ্য বোস।/ দেবদ্বিজে অতি ভক্তিমান/ সন্ধ্যা করিয়া তামাক খান।/...গোটে গোটে ছোটে খোকার বাণী/ নববেদ বলে তারে বাখানি। ...বিবাহযোগ্যা পাননি কনে/ কেহ নাই বামে সিংহাসনে।.../ হিন্দুয়ানির পান্ডাপাঁড়/ জয়রব তাই উঠিল তাঁর"। ইত্যাদি [ 'ধর্মরক্ষা']

পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ হয়ে উঠলো। সুভাষ বোস সব হিন্দু ছাত্রদের ওই কলেজ (সিটি কলেজ) ছেড়ে অন্যান্য কলেজে ভর্তি হবার নির্দেশ দিলেন। ফলে অনেকেই অন্যান্য কলেজে চলে যেতে আরম্ভ করল। সেই সময়ে কলকাতা ব্রাহ্মসমাজ থেকে দেশের সব ব্রাহ্ম ছাত্রছাত্রীদের সিটি কলেজে ভর্তি হয়ে কলেজটিকে টিকিয়ে রাখার আহ্বান জানানো হ'ল।

এই যুদ্ধে কার জয় হল জানা নেই। কিন্তু দলে দলে ছাত্র সিটি কলেজ ছেড়ে দিতে লাগলো। কিছু ছাত্র রয়ে গেল। সিটি কলেজের ছাত্র কিন্ত অক্সফোর্ড মিশন হোস্টেলের আবাসিক এক তরুণ যিনি পরে হবেন জীবন বীমা নিগমের কেরানি আর তারও পরে গাইবেন গান যতদিন না পর্যন্ত তার মতো ব্রাত্যজনের সংগীত রুদ্ধ করে দেবে অন্য কোনো কর্তৃপক্ষ।

কিন্তু  জর্জ বিশ্বাসরা সংখ্যালঘু। বেশির ভাগই ছেড়ে গেল কলেজ। উল্লেখ যোগ্য ভাবে ছাত্র সংখ্যা হ্রাসের ফলে কলেজ কর্তৃপক্ষ আর্থিক সংকটের মুখে পড়েন এবং তার মোকাবিলার জন্য কিছু তরুণ অধ্যাপককে ছাঁটাই করে ব্যয় সংকোচের চিরাচরিত রাস্তা নেন। এই ছাঁটাই তালিকায় নাম সেই তরুণ কবির। অধ্যক্ষ হেরম্ব চন্দ্র মৈত্র কবির বাবা সত্যানন্দ কে পরিস্থিতি জানিয়ে একটি চিঠিও দেন ও আর্থিক হাল ফিরলে পুনর্বহাল এর আশ্বাসও দেন।

না কবির ফিরে আসা হয় নি। বেকার কবি কে অর্থ কষ্টের মধ্যে পড়তে হয়। এই পোড়া বাংলাদেশে স্রেফ কবিতার বই লিখে কে কবে স্বচ্ছলতার মুখ দেখেছে। বিশেষ করে সেই কবি যার সম্বল তখন কেবলমাত্র একখানি কবিতার বই। 

রবীন্দ্রনাথ বিশ্বকবি, সুভাষ বোস দেশনায়ক নেতাজি, বিশাল সব বড় মাপের মানুষ। একযুগ বাদে ১৩৪৫ সালে একজন আরেক জনকে উৎসর্গ করেছেন 'তাসের দেশ' নাটিকা। কেবল সেই কবিই সেই সংঘর্ষের কো ল্যটারাল ড্যামেজ হিসেবে রয়ে গেলেন। 

বাগদেবীকে নিয়ে সেবারের যুদ্ধে বলি হয়েছিল বাংলার 'নির্জনতম কবি'র রুটি রোজগার। আজ আবার সরস্বতী পুজো। কিন্তু বাতাসে সেই সংঘর্ষের বারুদের ঘ্রাণ। আজ যেন কোনো কবির জীবনে এমন কোনও ট্র্যাজেডি নতুন করে নেমে না আসে। নইলে  বাগদেবীর আরাধনা মিছে।

আগ্রহী পাঠকের জন্য তথ্যসূত্রঃ
১. চিঠিপত্র, রবীন্দ্রনাথ ঠাকুর (ঊনবিংশ খন্ড), পৃষ্ঠা ১৩৭, উইকি সংকলন, একটি মুক্ত পাঠাগার
২. চতুরঙ্গ, বর্ষ ৫৬, সংখ্যা এক, ১৪০৩
লাইফ অফ জীবনানন্দ দাশ, মহীতোষ বিশ্বাস, গ্রন্থতীর্থ
৩. ব্রাত্যজনের রুদ্ধসংগীত, দেবব্রত বিশ্বাস
৪. রবি, নেতাজি ও জীবনানন্দ, গৌতম মিত্র, ব্লগ

রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০

বোলসোনারো সম্পর্কে দুতিনটে বিষয় যা জানি ~ পরিচয় পাত্র

বোলসোনারো সম্পর্কে দুতিনটে বিষয় যা জানি 

জাইর বোলসোনারো সম্পর্কে তাঁর নারী এবং সমকামবিদ্বেষ, পরিবেশধ্বংসী কাজকর্মের কথাই আসে মূলত, অর্থাৎ যা দেখা যায়। যা দেখা যায় না তা হল এর উৎস, নদী তুমি কোথা হইতে আসিয়াছ। বোলসোনারো সাতের দশকের আবিশ্ব এবং আ-লাতিন ডিক্টেটরশিপের জীবাশ্মমাত্র নন, তিনি এর অবশেষ, এর স্মৃতি এবং বর্তমান, তিনি অতীতের দেহধারী। তাঁর মিলিটারি কেরিয়ার নিতান্তই হতাশাব্যঞ্জক, কিন্তু প্রকৃতিগতভাবে জনবিরোধী, দুর্নীতিগ্রস্ত এবং দায়িত্বহীন ক্ষমতার অধিকারী মিলিটারি রেজিমগুলির তিনি মানসিক উত্তরাধিকারী, বাহিনীতে কেমন সার্ভিস দিলেন কী এসে যায় তাতে? 

বোলসোনারো একটি মহাদেশীয় আন্তর্জাতিক অগণতন্ত্রের অস্তিত্বে উৎসাহী, যেমন সাতের দশকে সবকটি লাতিন দেশের সামরিক সরকারের মধ্যে ছিল অপারেশন কণ্ডর, সেই অক্টোপাসের শুঁড় আপনাকে যে প্রান্তেই চলে যান টেনে আনবেই। এমনকি ইউরোপে নির্বাসনও নিরাপদ ছিল না, আর্জেন্টিনীয় ফিল্মমেকার হোরহে সেদরোন ফ্রান্সেও টিকতে পারেন নি। তাঁর আত্মীয় অপহৃত হন আর্জেন্টিনীয় উচ্চারণের কিছু রহস্যময় লোকের হাতে, আর প্যারিসীয় পুলিশ দপ্তর সাহায্যের বদলে জেরা করে তাঁকে পৌঁছে দেয় সেই আশ্চর্য চারতলায় যেখানে নিজেকে ছুরি মারতে একটুও অসুবিধা হবে না। ১৯৮১ তে হুলিও কোরতাসার একটি প্রবন্ধ লিখবেন এই আত্মঘাতীকে স্মরণ করে, পড়তে চাইলে সেজ গ্রুপের 'ইনডেক্স অন সেন্সরশিপ' ম্যাগাজিন দেখতে পারেন। 

বোলসোনারো সব কয়টি মহাদেশীয় পুণ্যশ্লোক ডিক্টেটরকেই সশ্রদ্ধ স্মরণ করেন বারেবারেই, পেরুর আলবের্তো ফুজিমোরি, চিলের আউগুস্তো পিনোচেত, পারাগুয়াইয়ের আলফ্রেদো স্ত্রোয়েসনার। শেষোক্তজন, বিখ্যাত শিশুকামী ও টিনএজার-ধর্ষক তিনি, বিরোধীদের ইলেকট্রিক করাত দিয়ে খণ্ডবিখণ্ড করাতেন, সেটা টেলিফোনে শুনতেন এল প্রেসিদেন্তে, পরে তার রেকর্ড পাঠানো হত মৃতের আত্মীয়দের কাছে। 

ব্রাজিলের ১৯৬৪ থেকে ১৯৮৫ র ডিক্টেটরশিপ নিয়ে ভারী খেদ আছে বোলসোনারোর, কেননা অত্যাচারকে শিল্পের পর্যায়ে নিয়ে গেলেও ব্রাজিলীয় মিলিটারি রেজিমের হত্যার সংখ্যা কম, চিলে আর আর্জেন্টিনার বডি কাউণ্ট অনেক বেশি। তিনি আরও অনেক মৃত্যু চান। বোলসোনারো ১৯৬৪ র ক্যুয়ের দিনটিকে উদযাপন করেন, তিনি ও তাঁর ছেলে সেদিন জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থেকেছেন পার্লামেন্টে, যেখানে পাশেই অন্য এক সাংসদ দাঁড়িয়ে ছিলেন ফ্রায়ার তিতোর ছবি হাতে, ব্রাজিলীয় ডিক্টেটরশিপে নির্যাতিত ও নির্বাসিত যে ফ্রায়ারের ফ্রান্সে আত্মহত্যার গল্প আগে লিখেছি। 

প্রাক্তন মানবাধিকার সচিব মারিয়া দে রোসারিওর উদ্দেশে বোলসোনারোর সেই বিখ্যাত "ওঁকে কেউ ধর্ষণ করবে না, উনি কুৎসিত" মন্তব্য কোন প্রসঙ্গহীন ঘটনা নয়। দক্ষিণ আমেরিকার মিলিটারি দশকে টর্চার ক্যাম্পগুলিতে যৌন নির্যাতনের আধিক্য প্রমাণিত। চিলের এক ধর্ষকামী সমাজবিরোধী ও গুপ্তচর সাক্ষাৎকারে তার বিরুদ্ধে ক্যাম্পে রাজনৈতিক কর্মীদের ধর্ষণ করার অভিযোগ অস্বীকার করে বলেছিল, "এসব জঘন্য, নোংরা, পেচ্ছাপে মাখামাখি, পা বেয়ে রক্ত গড়ানো মেয়েদের কে ধর্ষণ করতে যাবে?" (টমাস সি. রাইটের 'স্টেট টেররিজম ইন ল্যাটিন আমেরিকা' দ্রষ্টব্য)। 

এই মহাদেশে পরস্পর বিবদমান নানা রাজনৈতিক গ্রুপের মধ্যে বিসম্বাদ-হানাহানি অসহনীয় হয়ে উঠলে, সংলাপের রাস্তাটুকুও বন্ধ হয়ে গেলে সেখানে হস্তক্ষেপ করত ক্ষমতাভিলাষী মিলিটারি, উচ্চমধ্যবিত্ত গণপরিসর এবং মিডিয়ার একপ্রকার প্রশ্রয়েই, যেহেতু বোঝা যেত না কখন তাদের রাজদণ্ড একেবারে অনির্দিষ্টকালের জন্য পাকাপোক্ত হবে, বোঝা যেত না কখন তারা সব বেসামরিক দলের জন্যই রাজনৈতিক পরিসরটিই বন্ধ করে দেবে। কেউ কেউ, যেমন চিলে, ভেবেছিল প্রতিবেশী দেশগুলির মতো তারা কোনদিনই সামরিক শাসন দেখবে না, তাদের নিরবচ্ছিন্ন গণতন্ত্রই থেকে যাবে। আউগুস্তো পিনোচেত নামক ধূমকেতুর তখনো উদয় হয়নি। 

জাইর বোলসোনারো এবং তাঁর সমকাল তাই এক চেকলিস্টও বটে। সবকটা বক্সে টিক পড়ছে কিনা তা দেখে নিতে হয় কেবল। 

শেষ করার আগে মারিয়েল ফ্রাঙ্কোর কথা মনে পড়ল। এই বিরোধী রাজনৈতিক নেত্রী ২০১৮ র ১৪ই মার্চ রিওতেই কৃষ্ণাঙ্গী তরুণীদের রাজনৈতিক অংশগ্রহণের এক আলোচনা থেকে ফেরার পথে আক্রান্ত হন। একঝাঁক বুলেটবৃষ্টি তাঁর মৃত্যু নিশ্চিত করেছিল, সংশ্লিষ্টরা একটি ভিজিল্যান্টি মিলিশিয়া হিসেবে চিহ্নিত হয়, দুই আততায়ীই নাকি অতীতে মিলিটারি পুলিশে ছিল, দুজনকেই নাকি একদা পুরস্কৃত করেছিলেন বর্তমান প্রেসিডেন্টের পুত্র। বর্তমানে সেই তদন্ত কেমন চলবে আমি জানি না। কেবল জানি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন সেবছরের একমাত্র ভোটপ্রার্থী যিনি এই হত্যাকাণ্ডের নিন্দা করতে অস্বীকার করেন। 

মারিয়েল ফ্রাঙ্কো কৃষ্ণাঙ্গী, উভকামী, সিঙ্গল মাদার। ফেলে আসা বছরে এই উজ্জ্বল তরুণীটির সঙ্গে তাঁর অনেকদিনের সমকামী পার্টনার মোনিকা বেনিসিওর বিয়ে হত।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০

নেতাজী ~ ত্রিদিব বাইন

বাঙালি বড়ো হয় সুভাষ বনাম গান্ধী শুনে। আর শোনে সুভাষের সেরা শত্রু নেহেরু। ঐ হারামিটাই চোরাগোপ্তায় চৌপাট করেছে নেতাজিকে।

বোধগম্য হয়না, কি করে মহাত্মাই সুভাষের নাম প্রস্তাব করেন ১৯৩৫ কংগ্রেস প্রেসিডেন্ট ইলেকশনে। কি করে ৫ বছর বাদে ইলেকশনে সুভাষ পাশে পান নেহেরুকে। কি করে সুভাষ আজাদ হিন্দের দুই ব্রিগেডের নাম রাখেন 'গান্ধী ব্রিগেড' আর 'নেহেরু ব্রিগেড' ! কি করে ১৯৪৪শে গান্ধীকে "জাতির জনক" তকমা দিলেন সুভাষ।

তবে হ্যাঁ, একজন ছিলেন। ঘোষিত সুভাষ বিরোধী। গুজরাটি।যার ১৮২ মিটার ষ্ট্যাচু দেখে হাঘরে হাত্তালি সাবড়ায় ইতিহাস অশিক্ষিত কিছু সদ্য গুজরাটি ভক্ত বাঙালি ! হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেল। ১৯৩৯ এ সুভাষের কংগ্রেস প্রেসিডেন্ট হওয়া আটকাতে ধুতি ফুতি ঢিল করে ফ্যালা আয়রন ম্যান। ডিপ্লোম্যাসি করে দলে টেনেছিলেন গান্ধীকে। রাজেন্দ্র প্রসাদকে চিঠি লিখলেন সুভাষকে খিস্তিয়ে। বল্লেন সুভাষের প্রেসিডেন্ট হওয়া দেশের পক্ষে ক্ষতিকর। তারপরও যখন তার জয় আটকানো গ্যালোনা, সুভাষকে ব্যাঙ্গিয়ে বল্লেন, "সিংহরা জন্মসূত্রে রাজা হয়, সামান্য একটা জঙ্গলের নির্বাচনে জিতে নয়" ! সুভাষের প্রতি প্যাটেলের ছিলো "নীচ, বিদ্বেষ আর প্রতিহিংসা"! বলেছেন দাদা শরৎ বোস।

গান্ধী নেহেরু'র বিরুদ্ধে সুভাষ নামিয়ে, ফুরফুরে সুরসুরি দিয়ে কিছু হিন্দুত্বের গোজলে চোবানো মস্তিষ্কের দখল নেওয়া যায়। ইতিহাস বদলানো যায়না। যে ইতিহাস বলে, আজীবন হিন্দু সাম্প্রদায়িকদের চাবকিয়েছেন চিত্তরঞ্জনের এই শিষ্য। ১৯৩৫ এর "ইন্ডিয়ান ষ্ট্রাগেল" বই থেকে ৪০ এর ঝাড়খণ্ড জনসভা। ছানাবড়া চোখে ১৯৪০ নাগাদ শ্যামাপ্রসাদ ডায়রিতে লিখছে 'সুভাষ যদি থাকতেন, সৃষ্টির আগেই ভাঙচুরে চুরমার হতো হিন্দু মহাসভা'! সুভাষ যখন আজাদ হিন্দ নিয়ে ইংরেজদের চামড়া গোটানোর জন্য তৈরি, আজকের শাসকের সৃষ্টিপুরুষ সাভারকার তখন ১৯৪১ এ ভাগলপুরে আহ্বান দিচ্ছেন দলে দলে হিন্দু ইংরেজদের দলে নাম লেখাক ! 
সেই কবে, ১৯৪০ এর ১২ই মে সুভাষ বলেছিলেন, "হিন্দু মহাসভাকে দেশছাড়া করুন। এরা বিশ্বাসঘাতক" ! প্রফেটিক !

আজ তার জন্মদিন। তার জীবন, তার আদর্শ, তার চেতনা সব্বাই জানে। আজ শুধু তার নাম ভাড়িয়ে ভোট চাখা ভাঁড়গুলোকে ভাঙচুর করার তাগিদ নিক বাঙালি।

বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

আপ ক্রনোলজি সমঝিয়ে ~ আর্কাদি গাইদার

আপ ক্রোনোলজি সমঝিয়ে।

প্রথমে আরএসএস আসামে 'বংগাল খেদা'র আগুনে ঘী ঢালবে। বাজপেয়ী আসাম আন্দোলনকে সমর্থন করে পার্লামেন্টে বক্তৃতা দেবে। তারপর আসামে গিয়ে বলবে 'এখানে বিদেশীরা এসে সব দখল করে নিচ্ছে। পাঞ্জাবে এরকম করলে আমরা কেটে টুকরো টুকরো করে দিতাম'। এরপর ব্রহ্মপুত্র উপত্যকা জুড়ে বাঙালিদের কচুকাটা আর বিতাড়ন চলবে। 
তারপর বরাক উপত্যকার বাঙালীদের আরএসএস বোঝাবে হিন্দু বাঙালী আমাদের আপন। মুসলিম বাঙালী বহিরাগত। তাদের এনআরসি করে বার করে দেবো। 
তারপর অহমীয়াদের বোঝাবে এনআরসি করে সব বাঙালিকে তাড়াবো। এরকম করে ১৯ লাখ বাঙালী আর সাথে কিছু কোল্যাটারাল হিসেবে বিহারী গোর্খা পাড়ি দেবে ডিটেনশন ক্যাম্পে। সর্বানন্দ সোনেওয়াল বলবে বাজপেয়ীজি আমাদের কাছে পরম শ্রদ্ধেয়, আসাম আন্দোলনে ওনার অবদান চিরস্মরণীয়। এরপর ভীত বাঙালী হিন্দুকে বিজেপি বোঝাবে তোমাদের আবার ক্যা এনে ঢুকিয়ে নেবো। আমরাই তোমাদের রক্ষাকর্তা।

আপ ক্রোনোলজি সমঝিয়ে।

কাশ্মীরে পন্ডিতদের ওপর আক্রমণের সময় কেন্দ্রে বিজেপির জোট সরকার। কাশ্মীরের গভর্নর আরএসএসের সদস্য জগমোহন পন্ডিতদের উদ্দেশ্য ঘোষণা করবে - ৩,৪ মাসের জন্যে জম্মুতে সাময়িক ভাবে আশ্রয় নাও। এরপর কাশ্মীরের পরিস্থিতি শান্ত করেই তোমাদের আবার ঢুকিয়ে নেবো। পন্ডিতদের স্থানান্তরিত করতে গাদা গাদা সরকারি বাস, প্লেনের আয়োজন করা হবে। এরপর দুবার বাজপেয়ীর সরকার আসবে। দুবার মোদীর সরকার আসবে। স্থানান্তরিত পন্ডিতরা সেই ক্যাম্পেই থাকবে। তার কারন প্রতিবার আপনার মতন বেয়াদবকে প্রশ্ন করবার অবকাশ রাখতে হবে - কাশ্মীরী পন্ডিতদের বিতাড়নের সময় আপনি কি করছিলেন? আর আপনি, যিনি অত খবর রাখেন না, তিনি ভুলেই যাবেন, যে বিতাড়নের সময় কেন্দ্রের সরকারের জোটসঙ্গী বিজেপি কাশ্মীরি পন্ডিতদের বিতাড়ণের সময় দেশজুড়ে রথযাত্রা করছিলো। আর কাশ্মীরি পন্ডিতদের ক্যাম্পে গিয়ে গিয়ে বছরে একবার বিজেপি নেতারা মুসলমানদের গালি দিয়ে বলবে - আমরাই তোমাদের রক্ষাকর্তা। 

আপ ক্রোনোলজি সমঝিয়ে।

সেই পার্টিশনের পর থেকেই এই রাজ্যে এবং দেশের অন্যান্য অঞ্চলে বাঙাল উদ্বাস্তুরা আসছে। এই রাজ্যে তো রীতিমতন আন্দোলন করে, সংগ্রাম করে তারা জমি, কাজের অধিকার পেয়েছে। আস্তে আস্তে কাগজ পেয়েছে, ভোটাধিকার পেয়েছে। ভোটাধিকার মানেই নাগরিক, এমনটাই আপনি জানবেন, কারন সংবিধানেই লেখা আছে একমাত্র নাগরিকদের নামই ভোটার তালিকায় উঠবে। এমতবস্থায় ২০০৩ এ বিজেপি সরকার নাগরিকত্ব আইনের সংশোধনী এনে বলবে এবার থেকে 'অবৈধ অনুপ্রবেশকারী'র সংজ্ঞা তৈরি হলো। যারাই সঠিক প্রনালী বা সঠিক কাগজ ছাড়া এই দেশে ঢুকবে, তারাই 'অবৈধ অনুপ্রবেশকারী'। এই অবৈধ অনুপ্রবেশকারীরা আর কখনো কোন উপায় দেশের নাগরিকত্ব পাবে না। শুধু তাই নয়, কারুর বাবা বা মা যদি 'অবৈধ অনুপ্রবেশকারী' হয়, সেও নাগরিকত্ব পাবে না।
এর ফলে কি হবে? এতদিন যেই জনগোষ্ঠী সবচেয়ে বেশি সংখ্যায় এই দেশে এসেছে উদ্বাস্তু হয়ে, এবং স্বাভাবিক প্রক্রিয়াতেই সময়ের সাথে সাথে রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড পেয়েছে, ২০০৩ এর এই আইনি সংশোধনীর পর তাদের এবার নাগরিকত্ব পাওয়ার সব রাস্তা বন্ধ। 

আপ ক্রনোলজি সমঝিয়ে। 

২০০৩ থেকে ২০১৪, বিজেপি বলছে আহা রে, এই উদ্বাস্তুদ্বের নাগরিকত্ব পাওয়া আরও সহজ করতে চাই আমরা, তাই তো আমরা ক্যা এনেছি। চলো ভাইসকল উদ্বাস্তু, তোমাদের আমরা আসাম থেকে তাড়িয়েছি, ২০০৩ এ নাগরিকত্ব পাওয়া আটকে দিয়েছি, এবার আমরা ক্যা আনছি বলে আমাদের ভগবান মেনে লাইনে দাড়িয়ে প্রথমে নিজেদের নাগরিক হিসেবে অস্বীকার করো, তারপর আমাদের কাছে  নাগরিকত্ব ভিক্ষা চাও। আজ থেকে ১০ বছর পর আবার তখন আমরা সব বেয়াদবকে প্রশ্ন করবো - বাঙালি হিন্দুদের সমস্যার সময় আপনারা কি করছিলেন? 

আপ ক্রনোলজি সমঝিয়ে। 

এই ভাবেই এক হাত থেকে অন্য হাতে কয়েন চালান দেওয়ার ম্যাজিক দেখতে দেখতে আপনার চোখে যখন ঝিলিমিলি লেগে গেছে, সেই সময়কালে বাজপেয়ী আর যশবন্ত সিনহা বিলগ্নিকরণ মন্ত্রক খুলে ফেলবে, আর তাদের যোগ্য উত্তরসূরি নির্মলা সিতারমণ চুপিচুপি ঘোষণা করে দেবে, ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতি করবার লক্ষ্যে সমস্ত রাষ্ট্রীয় সংস্থাকে ঝটপট বেচে ফেলতে হবে।

আপ ক্রনোলজি সমঝিয়ে।

রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০

এন-আর-সি যদি ১০০ বছর আগে হত ~ নির্মাল্য সেনগুপ্ত

ভারতে এন-আর-সি যদি ১০০ বছর আগে হত তাহলে সেই সময়কার বিখ্যাত লেখকরা তাদের গল্পে কিভাবে ব্যবহার করতেন? 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ঃ

ধু ধু করিতেছে সেতুপুরের মাঠ। সোনালী বালির উপর চিকিচিকি দেখিয়া অপু ভাবিল, বাহ দিদিকে ডাকিয়া আনিলে ভাল হইত৷ দুর্গা এ যাবৎ অনেকবার তাহাকে বলিয়াছে যে সোনারঙা বালির খোঁজ লইয়া আনিলে অপুকে সে তাহার সঞ্চয় থেকে দুইখানি কড়ি দেবে৷ ওই কড়ির উপর অপুর বড়ই লোভ। সে একখানি গাছের ডাল ভাঙিয়া লইয়া বালির উপর নকশা কাটিতে ব্যস্ত হইল৷ হরিহর কখন আসিবে সে জানে না৷ অপেক্ষা করা ছাড়া এখন উপায়ও নাই৷ দলিল সম্মন্ধে অপু মা'কে জিজ্ঞেস করিয়া উত্তর মেলে নাই কোনও৷ সর্বজয়ার মুখে সে শুনিয়াছে সুদূর দিল্লী নামক কোনও এক গ্রামে নরেন্দ্র মোদী নামক এক রাজা আছেন৷ তিনি প্রজাদের দলিল দেখিতে চান, নহিলে সবাইকে দেশছাড়া করিবে৷ অপু দিদিকে জিজ্ঞেস করিয়াছিল, "দিদি, তবে কি আমাদের নিশ্চিন্দিপুর ছেড়ে চলে যেতে হবে? সতুদারাও যাবে?" দুর্গাও এর উত্তর দিতে পারে নাই৷ 

মানিক বন্দ্যোপাধ্যায়ঃ 

বৃষ্টি থামার কোনও নাম নেই আজ দুপুর থেকেই৷ ডাঁই করা ঘাসের উপর, চাল থেকে চুঁইয়ে টপ টপ করিয়া জলের ফোঁটা পড়িয়া পচা গন্ধ বাহির হইয়াছে বেশ৷ ঘরের ভিতর আদুড় গায়ে শুইয়া আছে মালতী৷ ঘরের ভিতরেও যে সুবাস ছড়াইতেছে তা বলিতে পারি না৷ মালতীর পায়ের কাছে ঘায়ের উপর মাছি ঘুরিতেছে ভনভন৷ সনাতন পাগলের মত ঘরের আনাচে কানাচে খুঁজিয়া যাইতেছে কিছু। মালতী ড্যাবড্যাব করে তাকিয়া রইয়াছে সনাতনের দিকে৷ তাহার পিঠের পেশী ওঠানামা করিতেছে জোরে জোরে। চোখেমুখে ভয়ের ছাপ৷ ঠোঁটের কাছে অল্প বিস্কুটের গুঁড়ো লাগিয়া আছে এখনও৷ সনাতন বলিল, "কাগজ না পেলে ভিটেমাটি চাটি হবে বুঝেচ? অমন করে দেখচ কী? তোমার ভয় লাগে না?" 
মালতী খিলখিলিয়া হাসিয়া ওঠে। বলে, "যেখানেই যাই, যাব তো তোমার সঙ্গেই৷ আমাকে একা ফেলে পালাবে ভেবেচ নাকি? তা হবে না বাপু..." 

জীবনানন্দ দাশঃ 

একটা চুরুট জ্বালিয়ে মাল্যবান চেয়ারে বসে জানলার দিকে তাকাল। মিহি কোনও সুর ভেসে আসে ওই বাড়ি থেকে৷ সে সুরে কোনও কথা নেই, আকুতি নেই, আলো নেই। আলো কোনওদিন নিজের জীবনে চায়ওনি মাল্যবান। উৎপলা কি চেয়েছে? এই দুর্দিনেও উৎপলা শুয়ে থাকে৷ কেবল শুয়ে থাকে৷ জঙ্গলে আগুন লাগলেও যেমন সজারুর দল ভুলে যায় নদীর দিকে ছুটে চলার কথা। ঝাঁক ঝাঁক শকুন উৎকণ্ঠায় অপেক্ষা করে পোড়া মাংসের গন্ধ নাকে আসার, সেই তীব্র মোদ্দাফরাসের ন্যায় কিছু হিংস্র হায়না দাপিয়ে বেড়ায় হলুদ ফুলের মধ্য দিয়ে। বাতাসে বাতাসে ছাইয়ের সঙ্গে ফুলকি সখা পাতায় কখনও সখনো৷ মাল্যবান ভাবে৷ মিহি সেই সুরের তালে তালে তার চোখের সামনে কোনও কাগজের অবয়ব ফুটে ওঠে। অমিত শাহ কি জানে তার কথা? তার এই অন্ধকার ঘরের ভিতর উৎপলার এক মুহূর্তের ভালবাসার আখাঙখা, অথবা ভালবাসা নয়, শুধু বেঁচে থাকা। একটা অন্ধকার ঘরের ভিতর, সামান্য বেঁচে থাকা ইচ্ছে। 

রবীন্দ্রনাথ ঠাকুরঃ 

আমি ভাবিতাম, দেশছাড়া হওয়ার আশঙ্কা বুঝি শুধু আমার। আর কারও হৃদয়গহ্বরে তেমন কোনও উৎকণ্ঠার কারণ, তাহাদের উতলা করিতে পারে নাই আজও৷ তবু আজ এত লোকের সমবেত কণ্ঠস্বর আমাকে সামান্য একটু বল দিল৷ শুস্তা নদীটির উপলমুখরিত পথে নর্তকীর ন্যায় জলবারি, নৃত্য করিয়া চলিয়া যাইতেছে ক্রমাগত। নদীর কিনারে শৈলপদমূলে জড়ো হইয়াছে প্রায় দেড়শত লোক। গগনভেদী কণ্ঠে তাহারা সোচ্চারিত হইতেছে "হাম ছিনকে লেঙ্গে আজাদী..." 

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ঃ 

ব্যোমকেশ সযত্নে খবরের কাগজটি পাট করিয়া টেবিলে রাখিল। একটি সিগারেট জ্বালাইয়া অন্যমনস্ক ভাবে তাকাইয়া রহিল কাগজটির দিকে৷ 

আমি জিজ্ঞাসা করিলাম, "কী হল? নতুন কোনও কেস পেলে?" 

বাইরে হ্যারিসন রোডের উপর নবোদবুদ্ধ নগরীর পথে মানুষের ঢল৷ আমাদের এই বসিবার ঘরটির গবাক্ষপথে রাস্তার কিয়দংশ দেখা যায়। কাতারে কাতারে মানুষ নাগরিক আইনের বিরুদ্ধে মিছিলে পথ হাঁটিতেছে। 

ব্যোমকেশ আমার প্রশ্নে সজোরে মাথা নাড়াইয়া কহিল, "আমি একটি পণ করেছি অজিত। যতদিন না সরকার এই আইন ফিরিয়ে নিচ্ছে, সরকারের কোনও কেসে ব্যোমকেশ বক্সী মাথা ঘামাবে না।" 

সত্যজিত রায়ঃ 

লালমোহনবাবু উত্তেজিত স্বরে বললেন, "বলেন কী মশাই! এই এন.আর.পি আইন সত্যিই লাঘু হবে নাকি?" 

আমি আড়চোখে ফেলুদার দিকে তাকালাম৷  রাস্তায় এত যানজট এর আগে আমরা দেখিনি৷ লালমোহনবাবুর সাম্প্রতিক উপন্যাসটা প্রায় ২০০০ কপি বিক্রি হওয়ায় তিনি আমাদের চাঙোয়া নিয়ে চলেছেন। সামনের লরিটা থেকে বেরোনো কালো ধোঁয়া মাঝেমধ্যেই গাড়ির উইন্ডস্ক্রীন কালো করে দিচ্ছে। 

"ওটা এন-আর-সি। এন-আর-পি নয় লালমোহনবাবু। আর হ্যাঁ, লাঘু হয়ে গেছে। কিন্তু মানুষ করতে দেবে না৷" 

"সেটাই তো।" লালমোহনবাবু উত্তেজিত হয়ে সিটের পিছনে একটা পেল্লাই ঘুষি চালিয়ে বললেন, "একি ইয়ার্কি নাকি মশাই। আমার ভোটার আইডি আছে, ভোট দিয়েছি, এখন বলছে সেটা আমার প্রমাণপত্র নয়? ভাই তপেশ, তুমিই বল, এ কী সম্ভব?" 

শিবরাম চক্রবর্তীঃ 
বাড়ি থেকে বেরিয়েই হর্ষবর্ধন ভাবিত হন। ভাইকে ডেকে বলেন, "হ্যাঁ রে গোবরা, ধর আমাদের ধরে ক্যাম্পে ঢুকিয়ে দিল। তারপরে কলকাতা ফিরতে পারব তো আবার?" 

গোবর্ধন বললে, "অত ভেব না তুমি৷ আসামে আমাদের সবাই চেনে৷ তোমারও গোটা আসাম নখদর্পনে৷ একটা কাগজ তুমি জোগাড় করতে পারবে না?"
"তা চেনে বইকি। যুদ্ধেও তো গিয়েছি আমি। যাইনি নাকি? এবার বলবে যে ডিটেনশন ক্যাম্পে যাও? এমন টেনশনে কি ফেলতে পারবে আমাদের?" 

" না না।" তুমি ভয় পেও না দাদা। বাড়ির দলিলের বন্দোবস্ত করে আমরা আমাদের বস্তিতে ফিরে আসব৷ চিন্তা হয় শিব্রামবাবুকে নিয়ে।" 

"তাকে নিয়ে আবার কিসের চিন্তা?" হর্ষবর্ধন মাথা নেড়ে বলেন, "তার আবার চিন্তা কী? তার পিছুটান বলতে তো বোন আর ভাইপোরা। সম্পত্তি বলতে তার আছে কী? ওই বইগুলো? সে নাহয় বই নিয়েই উনি বাংলাদেশে ফিরে যাবেন। এমনিও এখানে কেউ পড়ে না৷" 

"এমন বোল না৷ বন্ধু হয় কিনা আমাদের? তার জন্যেও নাহয় একটা কাগজ বের করে ফেলি আমরা। বলব, উনি হলেন বৌদির ভাই। কেমন হয়?"
"মন্দ বলিসনি তা। তবে এইসব ঝক্কি আমার পোষায় না বাপু। এইসব বন্ধ করলেই ভাল হয় সবথেকে৷ মোদীর জন্যে আমোদই করতে পারছি না শান্তিতে৷" 

"ঠিক বলেছ দাদা। তোমার সর্বধর্ম সমন্বয়ের পরিবর্তে এই ধর্মসর্বস্ব ঝঞ্ঝাট। এ কি ভাল লাগে বল?"

শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০

ফ্যাসিজম সম্পর্কে দুটো একটা কথা যা আমি জানি ~ বিষাণ বসু

১. সর্বত্রই, ফ্যাসিস্টরা শাসনক্ষমতায় আসেন বিপুল জনসমর্থন নিয়ে - অধিকাংশ ক্ষেত্রেই ভোটে জিতে বা তেমনই কোনো "গণতান্ত্রিক" পদ্ধতিতে। জনসমর্থন আদায়ের পরেই সেই সমর্থন যে কোনো দলের পক্ষে নয়, স্রেফ একজন শাসকের প্রতি - যিনি সমর্থনকে একটি বিশেষ আইডিওলজির প্রতি সমর্থন ও ফ্যাসিস্ট লীডার ব্যক্তিটি যে সেই আইডিওলজির সাক্ষাৎ প্রতিমূর্তি - এই ভাবনার নির্মাণপ্রক্রিয়ার শুরু হয়।  

২. "গণতান্ত্রিক" পদ্ধতিতে নির্বাচিত হলেও, ফ্যাসিবাদী সরকার যত দ্রুত সম্ভব গণতন্ত্রের পরিসরটি সঙ্কুচিত করে ফেলেন। 

৩. ক্ষমতায় আসার সময় তো বটেই, ক্ষমতায় থাকাকালীনও, দেশের একটা বড়ো অংশের মানুষ ফ্যাসিবাদী সরকারকে সমর্থন করেন।

৪. এই সমর্থকদের বেশীর ভাগই সরকার যে ফ্যাসিস্ট, সেইটা চিনে উঠতে পারেন না - তাঁদের সমর্থনের যুক্তি থাকে বিভিন্নধরনের - এইভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন যুক্তিক্রম নিয়ে ফ্যাসিবাদী সরকারের সমর্থনে থাকেন, অনেকসময় নিজের অজ্ঞাতেই। তাছাড়া, ফ্যাসিস্ট শাসকমাত্রেই বহুরূপীর দক্ষতায় প্রয়োজন অনুসারে "যখন-যেমন-তখন-তেমন যাকে-যেমন-তাকে-তেমন" ধাঁচে নিজেদের মুখ্য এজেন্ডাকে লুকিয়ে উপযোগী পছন্দসই এজেন্ডা খাড়া করতে পারেন।

৫. এইসব সমর্থকেরা যুক্তিতর্ক বা আলোচনার পথ ধরে নিজেদের ভ্রান্তি সম্পর্কে অবহিত হয়েছেন, এমন নজির নেই। যতক্ষণ না পর্যন্ত নিজেরাই ফ্যাসিবাদী আক্রমণের শিকার হচ্ছেন, ততক্ষণ সমর্থন জারি থাকে। 

৬. একমাত্র ফ্যাসিবাদী সরকারের পতনের পর এঁদের সামনে পুরো ছবিটা স্পষ্ট হয় - এবং তখন এঁদের সম্বিত ফেরে - এই সমস্ত অপকর্মের সাথে নিজেদের সমর্থন জড়িত ছিল ভেবে যারপরনাই লজ্জিত হন - কিন্তু, সে অনেক পরের কথা।

৭. দেশপ্রেম আর ফ্যাসিবাদী জাতীয়তাবাদ সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় - যদিও, দ্বিতীয়টি দাঁড় করানোর জন্যে প্রথমটির যুক্তি ব্যবহৃত হয়।

৮. ফ্যাসিবাদী জাতীয়তাবাদের রেটোরিক যেহেতু ঘৃণা আর বিদ্বেষ ছাড়া দাঁড়াতে পারে না, কাজেই শত্রুর নির্মাণ অনিবার্য - সে শত্রু, সাধারণত, দেশের বাইরের। কিন্তু, দেশের মধ্যেকার ঘৃণা আর বিভাজন ফ্যাসিবাদের উদ্দেশ্যসিদ্ধির মুখ্য উপায়। তাহলে? সমাধান, দেশের একটি বড় অংশকে দাগিয়ে দেওয়া হয় বিদেশী শত্রুর সহকারী হিসেবে। এইটা একটা উপায়।

৯. স্বচ্ছলতার মুহূর্তে ফ্যাসিবাদের উত্থান হয় না - হয়, আর্থিক সঙ্কটের পরিস্থিতিতে। সেই সঙ্কটের পরিত্রাণের পথ হিসেবে চিহ্নিত করা হয় দেশের একটা অংশের মানুষকে শায়েস্তা করা - দেশের মধ্যে ঘৃণা আর বিদ্বেষ জিইয়ে রাখার এ আরেক পথ।

১১. ফ্যাসিবাদী প্রবণতার প্রতিবাদ করতে গেলেই অতীত টেনে উদাহরণ দেওয়া ফ্যাসিস্ট শাসক ও তার সমর্থকদের বড় অস্ত্র - সে উদাহরণ প্রায়শই কাল্পনিক, অতীত প্রায়শই নির্মিত - বর্তমানের ভয়াবহতা ভোলাতে শোনানো হয় দেশবিদেশের ততোধিক ভয়াবহতার গল্প - শাসক সবসময়ই নিশ্চিত থাকেন, জনগণের স্মৃতি বেশীদিন টেকে না - আর সমর্থকদের কথার সুর দেখে সেই নিশ্চয়তা যে কতোখানি বাস্তবসম্মত, তার প্রমাণ মেলে।

১২. ইতিহাস তো বটেই, একেবারে সাম্প্রতিক ঘটনাবলী, এমনকি আর্থসামাজিক পরিসংখ্যান বা তথ্যও এমন সুচতুর দক্ষতার সাথে নির্মিত হয় - নিতান্ত গভীর অনুসন্ধানের মানসিকতা ব্যতীত বাস্তব পরিস্থিতির আন্দাজ পাওয়া দুষ্কর হয়ে যায়। আর, অর্থনৈতিক দুরবস্থা নেহাতই প্রকট হয়ে গেলে, অতীত রাজনীতি বা নির্মিত শত্রুকে দায়ী করার পথ তো থাকেই। 

১৩. ফ্যাসিজমের প্রতিবাদ মানেই দেশের বিরুদ্ধে যাওয়া - প্রতিবাদী মাত্রেই রাষ্ট্রদ্রোহী - রাজনৈতিক বিরোধী মানেই দেশের শত্রুর এজেন্ট - ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানেই দেশের স্বার্থকে অগ্রাধিকার না দেওয়া - এই সব প্রচারই ফ্যাসিবাদের সনাতন কার্যপ্রণালী ও বহুপরীক্ষিত অস্ত্র।  

১৪. শিক্ষিত ও চিন্তাশীল মানুষদের একাংশ ফ্যাসিস্ট শাসকদের পাশে থাকলেও, তাঁদের গরিষ্ঠ অংশই দাঁড়ান বিপরীতে। অতএব, উচ্চশিক্ষিত ও চিন্তাশীল মানুষেরা যে আদতে দেশের কাজে আসেন না, সেই বার্তা বিভিন্ন পথে আমজনতার মনে ঢোকাতেই হয় - কায়িক শ্রমই দেশের উন্নতির চাবিকাঠি ও মানসিক শ্রম বা বিদ্যাচর্চা অলস সময়যাপন মাত্র - এই এজেন্ডা ফ্যাসিস্ট শাসকের বড় অস্ত্র।

১৫. দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের বৃহদংশ শাসকের পাশে থাকেন - সংবাদমাধ্যম বা তদনুসারী পথ তাঁরা নিয়ন্ত্রণ করেন ও শাসকের পক্ষে প্রচার জারি রাখেন - অন্তত ততোদিন পর্যন্ত, যতোদিন না দেশের অর্থনৈতিক অবস্থা এমন তলানিতে ঠেকছে যাতে তাঁদের ব্যবসার বাজার সঙ্কুচিত হতে হতে একেবারে শেষ দশায় পৌঁছায়।  

আপাতত, এই ক'টা পয়েন্ট নিয়ে ভাবতে থাকুন।

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০

বর্গী এলো দেশে ~ অনির্বাণ অনিক

চাইর দিকে লোক পলাঞ ঠাঞি ঠাঞি।
ছর্ত্তিস বর্ণের লোক পলাএ তার অন্ত নাঞি।।
এইমত সব লোক পলাইয়া জাইতে।
আচম্বিত বরগি ঘেরিল আইসা সাথে।।
মাঠে ঘেরিয়া বরগী দেয় তবে সাড়া।
সোনা রুপা লুটে নেএ আর সব ছাড়া।।
কারূ হাত কাটে কারূ নাক কান।
একি চোটে কারূ বধএ পরাণ।।
ভাল ভাল স্ত্রীলোক জত ধইরা লইআ জাএ।
আঙ্গুষ্ঠে দড়ি বাঁধি দেয় তার গলাএ।।
একজনে ছাড়ে তারে আর জনা ধরে।
রমনের ভরে ত্রাহি শব্দ করে ।।'

কার লেখা জানেন? কোন ঘটনার বর্ণনা জানেন? পলাশী যুদ্ধের বহু বছর আগে এক বাঙালি কবি গঙ্গারামের লেখা। "হিন্দু পাদ পাদশাহী" অর্থাৎ হিন্দু সাম্রাজ্য গড়ার নামে মারাঠা ভাস্কর পণ্ডিত এবং তার দলবলের বর্গী আক্রমণে সেদিন সমগ্র  বাংলাদেশ  ও বাঙালি ছারখার হয়ে গিয়েছিল। বার বার বাংলা আক্রমণ করে কত বাঙালিকে যে খুন করেছিল, কত বাঙালি নারীকে যে ধর্ষণ করেছিল, কত লক্ষ কোটি টাকার সম্পদ লুঠ করেছিল তার ইয়ত্তা নেই। একবার না , বার বার। বাংলার গ্রামে গ্রামে, মাঠে প্রান্তরে বছরের পর বছর তাদের আক্রমণে  নেমে এসেছিল শ্মশানের স্তব্ধতা। ৪ লক্ষ বাঙালির খুনে সেদিন লাল হয়ে গিয়েছিল বাংলার প্রান্তর। কয়েক সহস্র বাঙালি মহিলাকে লুঠ করে "হিন্দু পাদ পাদশাহীর" যোদ্ধারা যৌনদাসী হিসেবে ব্যবহার করেছিল। সেদিনের বাঙালি কবি গঙ্গারামের বর্ণনায় প্রতিফলিত হয়েছে সেদিনের নির্মম বাস্তবতা।  "খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এল দেশে/বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে" গানে মায়ের আকুতিতে ধরা পড়েছে সেদিনের বাঙালির অসহায়তা। 

অথচ আশ্চর্যের বিষয় এই, বিদেশী আক্রমণকারীর ধর্ম দেখে "মুসলিম" বিচার করে নির্মমতার যে বিবরণ জনমানসে খাড়া করা হয় তার ১% শিহরণের ন্যারেটিভ "হিন্দু পাদ পাদশাহীর" নির্মমতার ক্ষেত্রে কোনদিন তৈরী করা হয়নি। 

শনিবার, ১১ জানুয়ারি, ২০২০

প্রোটোকল ~ আশুতোষ ভট্টাচার্য্য


দিল্লির  রাজা,সঙ্গে পেয়াদা সাথে সভাসদবর্গ
হবিদা বলেন আপনি তো স্যার ভারতবাসীর গর্ব।
এগোচ্ছে দেশ হইহই করে আপনি একাই একশো 
আরে রামরাম সিপিএম বাম হারামির হাতবাক্স।
দিলুদা হবিদা করে খুনসুটি ধনকর পান দুঃখ 
ভাবেন এসব ইনসাল্টিং কাঁটা বেধে অতি সূক্ষ্ম। 
ওদিকে তখন কিছু তিনোমূল গড়িয়াহাটার মঞ্চে
রাজাজি হাঠাও স্লোগান তুলেছে বিরিয়ানি খেয়ে লাঞ্চে।
রাজাজি শুধালো হাকিম সাহেব এসব যা শুনি সত্যি
হবিদা বলেন এসব গুজব নিউজ পেপার ভর্তি।
আছে সি বি আই, সাথে দেশি গাই দিলুদার মুখে স্বস্তি 
বিরোধীরা পাজি অপবাদ দেয় এসব সেটিং দোস্তি।
কত গ্যাড়াকল সাথে প্রোটোকল রাজভবনের কক্ষে
বাবু বলিলেন বুঝেছ উপেন পানি এসে যায় চক্ষে।।

সব চরিত্র কাল্পনিক 😐

দিল্লী পুলিশ ~ সমীক মুখোপাধ্যায়

প্রফেটের কাছে ক্ষমা চেয়ে - 

(যদি) দিল্লি পুলিশ নাচে-
খবরদার এসো না কেউ হেড আপিসের কাছে ;
চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে ;
চার পা তুলে থাকবে ঝুলে পদ্মফুলের গাছে !

      (যদি) দিল্লি পুলিশ আসে-
      খবরদার! খবরদার! গ্রন্থাগারের পাশে
      টিয়ার গ্যাসের শেল ফাটবে, লাঠির বাড়ি কাঁধে ;
      দু হাত তুলে বলতে হবে, 'জয় শ্রীরাম' আর 'রাধে' !

(যদি) দিল্লি পুলিশ হাঁচে -
আনুগত্যের ছাপ পড়বে হস্টেলের ঐ কাচে ;
মুখের ওপর রুমাল বেঁধে আসবে এবিভিপি ;
মাথার খুলি দু-ফাঁক হলেও উদাস দিল্লি-সিপি।

      (যদি) দিল্লি পুলিশ ছোটে-
      সবাই যেন তড়বড়িয়ে জানলা বেয়ে ওঠে ;
      ভাবলে কথা শাহীন বাগের চলবে নাকো মোটে;
      ভবিষ্যতের গাঁড় মারবে এফআইআরের চোটে !

 
(যদি) দিল্লি পুলিশ ডাকে-
সবাই যেন জগ্‌গু ভিসির পায়ের নিচে থাকে ;
দেশপ্রেমের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে ;
গরম চাটু ঘষতে থাকে অমিত শাহের নাকে !

      তুচ্ছ ভেবে এ-সব কথা করছে যারা হেলা,
      দিল্লি পুলিশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা ।
      দেখবে তখন কোন্‌ কথাটি কেমন করে ফলে,
      আমায় তখন দোষ দিওনা, আগেই রাখি বলে ।

হিন্দু রাষ্ট্র ~ মধুশ্রী বন্দোপাধ্যায়

আমি চাই না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক। 

আমি চাই না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, কারণ আমি এই দেশকে ভালবাসি। 

আমি ভালবাসি এই দেশের প্রাচীন দর্শন, তার ইতিহাস, তার প্রাগিতিহাস। ভারতবর্ষের ইতিহাস, দর্শন, ধর্ম, জাতি, জ্ঞান - কোনকিছু একমুখী নয়। একরূপ নয়।

ধর্মে সে একেশ্বর, নিরীশ্বর, বহু-ঈশ্বরবাদী। বৈদিক উপনিষদ ও বেদ-বিরোধী বৌদ্ধধর্ম, দুই দর্শনেরই জন্ম ভারতবর্ষ। 

আর হরপ্পার মূর্তিপূজা মিশ্রিত হয়ে গেছে মূর্তিপূজাহীন বৈদিক দর্শনের সাথে। তার সাথে এসেছে চার্বাকপন্থী লোকায়ত দর্শন।

যখন এই দেশে জ্ঞানচর্চার পথ ছিল সুগম তখন আরও বিভিন্ন চিন্তার সমাবেশ হয়েছে। তারা শুধু বিশ্বাস করত না। তারা গভীর জ্ঞান অর্জন করতে চাইত। জানতে চাইত, উত্তর খুঁজত পৃথিবীর প্রাচীনতম, জটিলতম প্রশ্নগুলির। 

মানুষ তখন জীবনে ইচ্ছামত ধর্ম পরিবর্তন করতে পারত। এই দেশের প্রথম রাজারা বারেবারে ধর্ম পরিবর্তন করেছে। অশোক করেছে, তার বাবা করেছে, তার ঠাকুরদা করেছে। 

ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারবার দুই হাজার বছর আগে এই দেশে এক মহাপুরুষ উচ্চারণ করেছেন, 'এই মহাবিশ্ব এক continuum, আগে ছিল, এখনো আছে।' তার জন্য তাকে কেউ পুড়িয়ে মারে নি। 

এই দেশে কোন কিছু একমুখী নয়, পড়তের উপরে আছে পড়ত। 

এদের সবাইকে নিয়ে ভারতবর্ষ টিঁকে আছে। মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ হলে, আলোচনা ও চর্চা বন্ধ হলে সেই দেশ শুকিয়ে যাবে। 

ভারতবর্ষের মানুষের শরীরে আছে আফ্রিকান শিকারী-সংগ্রাহক, ইরানীয় শিকারী-সংগ্রাহক, ইন্দো-ইউরোপীয় পশুপালক, অস্ট্রো-এশিয়াটিক কৃষিজীবী, তিব্বতী-বর্মী মাতৃতান্ত্রিক গোষ্ঠীর জীন।
এই উপমহাদেশ ছাড়া এতো মিশ্রণ পৃথিবীর কোন দেশে, কোন অঞ্চলে নেই। 

এই দেশের মানুষ কথা বলে আদিম প্রোটো -জারোয়া, প্রাচীন দ্রাবিড়ীয়, সুললিত বৈদিক সংস্কৃত, অস্ট্রো-এশিয়াটিক, সিনো-তিব্বতী ভাষায়।

প্রশ্ন চাই, প্রশ্ন বন্ধ করা যায় না।

জাবালি প্রশ্ন করেছেন, বুদ্ধ করেছেন, মহাবীর, চার্বাক ও আজীবিক মতবাদ প্রশ্ন করেছে। যেই দেশ, যেই জীবনচর্চা, যে ধর্ম, যে জাতি প্রশ্ন করে না, শুধু মেনে নেয়, শুধু বিশ্বাস করে তার ধ্বংস অনিবার্য। আজ না হয় কাল।

হিন্দু রাষ্ট্র, ধর্ম রাষ্ট্র ভারতবর্ষকে করে তুলবে মৌলবাদী, এক মুখী। তখন প্রশ্ন উঠবে নারীদের নিয়ে, জ্ঞানের চর্চা নিয়ে, জাত নিয়ে, খাদ্যাখাদ্য নিয়ে। আমি সেই ভারত চাই না।

আমি ভারতবর্ষের ধ্বংস চাই না। 

আমি ভারতবর্ষের সাথে পাকিস্তানের তুলনা চাই না। পাকিস্তান এক দুর্ভাগা দেশ। তার দুই নোবেল লরিয়েটকে সে দেশ থেকে তাড়িয়েছে। তার মা-বোনেরা কাপড়ের আড়ালে বন্দী। আমি তাদের প্রতি গভীর সহানুভূতিশীল। আমি চাই না আমার দেশের মেয়েরা ধর্মের নামে বন্দী হোক।

উল্লেখ করছি নবম শতকের জৈন দার্শনিক জীনসেনের উক্তি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মহাজাগতিক জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান তার গ্রন্থ কসমসে এটি উল্লেখ করেছেন -

" Some foolish men declare that a creator made the world. The doctrine that the world was created is ill-advised, and should be rejected. If god created the world, where was he before creation? If you say he was transcendent then, and needed no support, where is he now? "

নবম শতকের ভারতীয় দার্শনিক যিনি প্রচলিত মতবাদ, গতেধরা চিন্তার বিরুদ্ধে কথা বলেছেন, আমেরিকান জ্যোতির্বিদ বিংশ শতকে বই লিখেছেন তার উক্তি স্মরণ করে, কোন ইউরোপীয়র নয়। 

এটাই ভারতের শক্তি; যেদিন থেকে সে ধর্ম রাষ্ট্র হবে সেদিন থেকে সে পিছন  দিকে হাঁটতে থাকবে। 
যেমন এখন হাঁটছে, প্রাচীন সভ্যতার অন্যতম পীঠস্থান - কত আশা জাগানো আতার্তুকের তুরস্ক।  

সকল মানুষকে প্রশ্ন করতে হবে - রাষ্ট্রকে, অবিজ্ঞানকে আর সবচাইতে বেশি করে করতে হবে নিজেকে।

Madhusree Bandyopadhyay
11/01/2020

রবিবার, ৫ জানুয়ারি, ২০২০

এনারসি ~ ডঃ কৌশিক দত্ত

সাগরমেলার আগে বাবুঘাটে একটা  ক্যাম্প হয় সন্ন্যাসী আর তীর্থযাত্রীদের জন্য। সেখানে আমি যাই সুযোগ পেলে। আগে যেতাম ভারত চিনতে। এখন তার সঙ্গে অন্য কিছু আকর্ষণও থাকে। সেখানে বাবাজি আসেন প্রায় প্রতিবছর। আমার যে গণিতজ্ঞ বন্ধুটি তাঁর বিশেষ অনুরক্ত, তিনি খবর দেন, "বাবাজি এসে গেছেন।" মানুষটির সারল্য এবং সদানন্দ ভাব আমাদের টানে। ঝাঁকড়া কোঁকড়ানো চুল, এলোমেলো দাড়ি। গায়ে ময়লা চাদর। ক্যাম্পের ভেতরে যেখানে আরামদায়ক তাঁবু হয়, সেখানে থাকেন না। ক্যাম্পের ঠিক বাইরে একটা গাছতলায় খড় বিছিয়ে ধ্যানাসনে বসে থাকেন। সেখানেই রাত্রিবাস। মনকে স্থির করার জন্য এনার গঞ্জিকা প্রয়োজন হয় না, যোগের মাধ্যমেই পারেন। মেলার ক্যাম্পে তীর্থযাত্রীদের জন্য খাবারের বন্দোবস্ত থাকে। কেউ রুটি তরকারি এনে দিলে খান মাঝেমাঝে। অন্য কোনো সামগ্রী গ্রহণ করতে দেখিনি। একবার একজন একটা কম্বল দিয়েছিল লাল রঙের ফুল আঁকা। শীতের রাতে তিনি সেটা আমাকে দিয়েছিলেন। গায়ে দিয়ে বাড়ি চলে যাও, পরে অন্য কাউকে দিয়ে দিয়ো। এই ছিল নির্দেশ। আমি কম্বল গায়ে মেট্রোয় চড়েছি সেই একবারই। বাবাজি কথা বলেন খুব কম লোকের সঙ্গে৷ ঘটনাচক্রে আমাদের সঙ্গে বলেন। কথাগুলো সাধারণ্যে আলোচ্য নয়। 

এন আর সি হলে বাবাজির নাম উঠবে না, কারণ তাঁর কোনো কাগজই নেই। গোবর্ধন অঞ্চলে একসময় একটি আশ্রম কুটির বানিয়েছিলেন। সেটা ঝড়ে ভেঙে যাবার পর ওঁর মনে হল কৃষ্ণ বলছেন, এসব ঘরদোর ভালো না। প্রকৃত গৃহত্যাগী সন্ন্যাসীকে নাগরিকত্বের পরিচয়পত্র দেবার হিম্মত রাষ্ট্রের এখনো হয়নি। কিন্তু তাঁর দেশ, মাটি, আকাশ কেড়ে নেবার ক্ষমতা অবশ্যই আছে। এন আর সি হলে বাবাজি কয়েদ হবেন। "সি এ এ", যা নাকি হিন্দুদের রক্ষাকবচ, তা এই হিন্দু সন্ন্যাসীর কাজে আসবে না, কারণ তিনি বাঙলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসেননি। তিনি জন্মসূত্রে ভারতীয়। 

"তাহলে কী হবে বাবাজি?" 

"কিষণ ভগবান জানে।" হাসেন বাবাজি। "আরে বো কানহাইয়া বড়া অটোমেটিক হ্যায়। সব জান লেতা হ্যায়।"

বোঝা গেল। সন্ন্যাসীর প্রাণে ভয় নেই, কারণ সেখানে কৃষ্ণ আছেন। হয়ত কারাগারেই তিনি কৃষ্ণের সাক্ষাৎ পাবেন, যেমন পেয়েছিলেন দেবকী-বসুদেব। কারাগারটি যে আদতে কংসের, সে বিষয়ে সন্দেহ থাকবে না। কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলে কংসের কী গতি হয়, তাও আমরা জানি। তবু আমরা সামান্য মানুষ। বাবাজির জন্য চিন্তা হয়। যদি দেখি এন আর সি-র পর আর তিনি সাগরমেলায় আসছেন না… 

ও হরি! তখন আর কেই বা আসবে মেলায়? তীর্থযাত্রীদের যা দেখেছি এত বছর ধরে, কটা কাঠকুটো বস্তায় নিয়ে গঙ্গা মাঈয়ার ভরসায় বেরিয়ে পড়েছে রাজস্থানের গ্রাম থেকে… কীভাবে ফিরবে জানে না, কাগজপত্র না থাকায় এরা অনেকেই পাকিস্তানি বলে চিহ্নিত হবে। সন্ন্যাসীদের কথা তো ছেড়েই দিলাম। নিরঞ্জনী আখড়া, জুনা আখড়া, ভোলা গিরির আশ্রম উজাড় হয়ে যাবে। হৃষিকেশ, বদ্রিনাথ, নর্মদার তীর থেকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাবে সহস্র সন্ন্যাসীকে। থাকবে শুধু মোদী-আম্বানি-আদানি-শাহী। আমেরিকা, সৌদি আরব থেকে তাঁরা আমদানি করবেন শকুন। রপ্তানি করবেন ভারতবর্ষ।

রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

সত্যি কি বহু বাঙালি অনুপ্রবেশকারী? ~ বাঁচার লড়াই

সত্যি কি বহু বাঙালি অনুপ্রবেশকারী?? Census কি বলে??

যদি পশ্চিমবঙ্গে গত ৩-৪দশক ধরে কোটি কোটি লোকজন ঢুকে কার্ড পেয়ে বসবাস শুরু করে থাকেন তাহলে এই রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার  (population growth rate) সারা দেশের তুলনায় বেশি হত, তাই তো? হিন্দু বাঙাল অথবা মুসলমান কারুর না কারুর  জনসংখ্যা তো খুব বাড়বে? কারণ  তাহলে জন্ম-মৃত্যু বৃদ্ধি ছাড়াও immigrationর জন্যেও অনেকটা যোগ হবে। তাই না?? ...এইটা এমন একটা hypothesis যেটা সহজেই পরীক্ষা করা যায়.....😊... 
শীতের ছুটির দুপুরে এইটা একটু দেখাই যায়। census তথ্য তো হাতের কাছেই আছে.... 😊 গুগল থেকে বেরোল 1981, 1991, 2001 আর 2011র census। আর ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট।

পশ্চিম বঙ্গ জনসংখ্যা:
1981: 54580647.
1991: 68077965
2001: 80176197
2011: 91276115

বৃদ্ধির হার: 
(1981-91) : 24.7%;  (1991-2001) :17.8%;  (2001-2011) :13.8%. 
কি দেখছেন? হার বাড়ার কোন লক্ষণ নেই। দিব্বি কমছে। গত তিন দশক ধরে কমছে। 

আচ্ছা , বাঙালি হিন্দুরা? তাদের জনসংখ্যা  কেমন?
1981: 42005266
1991: 50866624
2001:58104835
2011: 64385546
বাঙালি হিন্দুর বৃদ্ধির হার কেমন?
(1981-91) 21.1%; 
(1991-2001) 14.2% ;  (2001-2011)  10.8 %. 
আবার দেখুন। কমছে। গত তিন দশক ধরে কমছে। কুড়ি বছরে 21 থেকে 10এ নেমেছে। 

মুসলমানগুলোর দেখি। জনসংখ্যা
1981: 11740297
1991: 16075836 
2001: 20240543
2011: 24654825 
বাঙালি মুসলমানের বৃদ্ধির হার?
(1981-91) 36.9%; 
(1991-2001)  25.9% ;  (2001-2011) 21.8 %. 
এও কমছে! 36 থেকে 21শে নেমেছে।

এবার এর পাশে সারা দেশের হিসেব ফেলুন। জাতীয় স্তরে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার।
1981 (24.1%), 1991 (22.7%), 2001 (19.9%), 2011 (16.8%) 
মুসলমানের জনসংখ্যা বৃদ্ধির হার।
1981 (30.9%), 1991 (32.9%), 2001 (29.5%), 2011 (22.6%)

কি দাঁড়াল ব্যাপারটা? ওরা যতই বলুক, 

১. গত ৩০-৪০ বছরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার নিশ্চিতভাবে কমছে।  কোন সন্দেহ নেই।

২.   গত ৩০-৪০ বছরে পশ্চিমবঙ্গ'র  জনসংখ্যা বৃদ্ধির হার সর্বভারতীয় গড়ের থেকেও বেশি কমেছে।  জনসংখ্যা নিয়ন্ত্রণে পশ্চিম বঙ্গ একদম one of the best. 

৩. বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান দুজনেই জাতীয় গড়ের থেকে কম । 1991 থেকে বাঙালি হিন্দুরা ব্যাপারটা কন্ট্রোল আনতে ভাল শুরু করেছেন, 2001 থেকে বাঙালি মুসলমানরা। আর এটা কিছুটা বোঝাও যায়। উত্তর ভারতের অনেক লোকের থেকে বাঙালি ঘরে কম ছেলেমেয়ে হয় কি না?না না কারনে বাঙালি এই বিষয়ে বেশি সচেতন, সে তো নিজেদেরকেই আমরা চিনি।

৪.  কোটি কোটি লোক বর্ডার পার করে এলে ফলাফল যে অন্য রকম হত বুঝতেই পারছেন।

৫. যাদের ঝগড়া লাগানো কাজ তারা বলতেই পারে যে বর্ডারের পাশের জেলাগুলো'র জনসংখ্যা ভাল করে দেখতে হবে।আচ্ছা, তাই হোক।  পরিসংখ্যান তো আছেই। প্রথমেই যেটা নজরে আসে সেটা হল এই জেলাগুলির কোন নির্দিষ্ট প্রবণতা নেই। কোন কোন জেলায় বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের গড় হারের থেকে বেশি ( যেমন উত্তর দিনাজপুর, মালদা ); কোন কোন জেলায় গড় হারের চেয়ে কম  ( যেমন নদীয়া, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ). আর সবচেয়ে উল্লেখযোগ্য, যে জেলায় হিন্দুদের বৃদ্ধির হার বেশি, সেখানে মুসলমানদের বৃদ্ধির হার ও বেশি; যেখানে হিন্দুরা কম সেখানেও মুসলমানরাও কম।  

৬. এই বৃদ্ধির হার কি ভাবে কমে যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের গড় মহিলার total fertility rate (এক মহিলার জীবনে কটা ছেলেমেয়ে হয়) দেখলেও বোঝা যায়। গোটা দেশের মধ্যে সবচেয়ে কম। এই ব্যাপারে কেরলা যে  আরেক দারুন সচেতন রাজ্য সবাই জানি। এই দেখুন । পাশাপাশি পঃবঃ, কেরলা আর উত্তর প্রদেশ দেখুন। 

হিন্দু TFR: wb (1.64), up (2.67), kerala (1.42), India (2.13)

মুসলমান: wb (2.08), up (3.10), kerala ( 1.86), India (2.61)। UP (আর বিহার , রাজস্থান...) উচিত বাঙালি আর মালায়লিদের  দেখে শেখা!! আমরা সব ব্যাপারেই মুসলমানদের দোষ দিই। কিন্তু দেখুন, বাঙালি মুসলমান মহিলার চেয়ে বেশি বাচ্ছা হয় UP হিন্দু মহিলার !!

৭. তাহলে ব্যাপারটা ধর্মভিত্তিক নয়। রাজ্য ভিত্তিক। পড়াশোনা, মহিলাদের শিক্ষা, রাজ্যের সার্বিক চিন্তাভাবনার পরিবেশের সঙ্গে চলে। সারা পৃথিবী জুড়ে who আর unicef  জানিয়েছে যে যত মহিলারা  শিক্ষিত হবেন, কাজকর্ম চাকরিবাকরি করবেন তত এক গাদা ছেলেমেয়ে হওয়া কমে যাবে। আর দেখুন, পঃবঃ আর কেরলা সেই প্রগতিশীল পথেই হেঁটেছে। আর বাঙালি মুসলমানরা যে এখনো পিছিয়ে আছে তার অন্যতম কারণ মহিলাদের মধ্যে অশিক্ষার হার এখনো বেশি । তবে শিক্ষা বাড়ছে। বাইরে বেরোচ্ছেন। পরিবারের দায়িত্ব নিচ্ছেন। censusএ তার ফল দেখাই যাচ্ছে। একই জিনিস পঃবঃ 'র জেলাগুলির জন্যেও প্রযোজ্য।  মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর গড় শিক্ষার হার কম; অন্য জেলায় বেশি।  আর এ বিষযে বেস্ট হল কলকাতা - শিক্ষার হার সর্বোচ্চ, হিন্দু এবং মুসলমান দুজনেরই জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম; কলকাতার  মুসলমানদের তো  হিন্দুদের থেকেও কম! 

৯. তার মানে কি এই যে কেউ আসেনি? নিশ্চয়ই এসেছেন। পেটের দায়ে এসেছেন । আত্মীয়স্বজন ডেকেছেন চলে এসেছেন। আর বাঙালি তো দুবার দেশভাগ-ভোগা জাত, এই কষ্ট আর কে বুঝবে?? কিন্তু, যাবতীয় সমীক্ষা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে এমন বিশাল সংখ্যায় কেউ আসেননি যে পশ্চিমবঙ্গের জনমানচিত্র আমূল পাল্টে যাবে। ওটা ভোটের জন্যে ঢপ! ওই 15 লাখ আর গরুর দুধে সোনার মত আরেকটা গাঁজা! তাই, বাঙাল-ঘটি-বামুন-লেড়ে -কায়েত-বদ্যি-নমশূদ্র সবাইকে অনুপ্রবেশকারী না বলে নিজেরা তো ভাল করে নিজের রাজ্যে বার্থকন্ট্রল করতে পারে !!

রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

ফ্যাসিবাদ এবং প্রফেসর শঙ্কু! ~ সংগ্রাম চ্যাটার্জী

এই শীতের মরসুমে যখন গোটা দেশ ক্রমাগত জেঁকে বসা ফ্যাসিবাদের কালো ছায়ার মোকাবিলায় উত্তপ্ত হচ্ছে ক্রমাগত, ঠিক সেই সময়েই রিলিজ করল প্রফেসর শঙ্কু'র এল ডোরাডো! ফলে এই সময়েই এই লেখাটা পোস্ট করতে ইচ্ছে হল। মূল লেখাটা অনেক বড়, প্রকাশিত হয়েছিল এই বছরের শারদীয়া পর্বে। সেটাকেই কেটে ছেঁটে এইটে হল। এটাও কম বড় না! তাও পারলে পড়েই দেখেন...

১)
স্বর্ণপর্ণী ১

"মাই ডিয়ার শঙ্কু— তোমার মহৌষধ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে এটা আমি চাইনি, চাইনি, চাইনি।"
চেনা অংশ? না চিনতে পারলে বলেই দিই— এটা সত্যজিৎ রায়ের বিখ্যাত শঙ্কু কাহিনী 'স্বর্ণপর্ণী' থেকে নেওয়া। গল্পটা কার্যত শেষ হচ্ছে এই কথাটার পরেই। 
গল্পটা যাঁরা পড়েছেন, তাঁদের বিরক্তির উদ্রেক না করেই যাঁরা পড়েন নি এখনও— তাঁদের জন্যে একটু বলে দেওয়া ভালো—
প্রেক্ষাপটে ১৯৩৭ সালের নভেম্বর মাস, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর ঠিক কিছুটা আগে। ফ্যাসিস্ট হিটলারের নাৎসী বাহিনী তখন জার্মানির একচেটিয়া শাসক। জার্মানি জুড়ে শুরু হয়ে গিয়েছে ইহুদীদের চিহ্নিত করে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর কাজটা! সেই সময়ে জীবনদায়ী ওষুধ 'মিরাকিউরল' আবিষ্কারের পর জার্মানি গিয়ে তা দিয়ে এক জার্মান ইহুদী অধ্যাপকের জীবন বাঁচান প্রফেসর শঙ্কু। খবরটা জানাজানি হতেই ব্ল্যাকশার্ট বাহিনীর মাধ্যমে খোদ গোয়রিং (নাৎসী বাহিনীর 'নাম্বার টু', হিটলারের পরেই যার স্থান!) তুলে নিয়ে যায় শঙ্কুকে। উদ্দেশ্য— নিজের চিকিৎসা, এবং ঐ মহৌষধ নাৎসী বাহিনীর কুক্ষিগত করা। সেই পরিস্থিতিতে কীভাবে ঐ ইহুদী পরিবারটিকে দেশত্যাগ করতে সাহায্য করে তাদের জীবন রক্ষা করলেন, কীভাবে নিজের জীবন বাঁচালেন এবং সর্বোপরি কীভাবে গোয়রিং এবং গোটা নাৎসি বাহিনীকে ঐ মহৌষধ 'মিরাকিউরল' দেওয়ার হাত থেকে রক্ষা পেলেন প্রফেসর শঙ্কু— এই নিয়েই এই গপ্পো!
প্রথমে যে অংশটা কোট করেছি সেটা আরেকবার পড়ে দেখুন। ফ্যাসিস্টদের সম্পর্কে সত্যজিৎ লিখছেন— "বিশ্বের হীনতম প্রাণী"।

২)
ফেলুদা এবং প্রফেসর শঙ্কু

এটা ঠিকই যে বাঙালি পাঠকের কাছে তুলনায় সত্যজিতের ফেলুদা কাহিনী অনেক বেশিই জনপ্রিয়। কিন্তু মনে রাখতে হবে প্রথম শঙ্কু কাহিনী 'ব্যোমযাত্রীর ডাইরি' প্রকাশিত হয়েছিল ১৯৬১ সালে, অর্থাৎ ফেলুদারও আগে। এর ঠিক পরে পরেই প্রকাশ পেয়েছিল ছোটদের জন্যে লেখা গল্প 'বঙ্কুবাবুর বন্ধু'। তার আরো প্রায় বছর চারেক পর আত্মপ্রকাশ ঘটে ফেলুদার।
ফেলুদার কাহিনীগুলোয় সরাসরি রাজনীতি প্রায় আসেনি বললেই চলে। যেটুকু এসেছে সে' একমাত্র 'টিনটোরেটোর যীশু'তে। কিন্তু সেটাও ঐ একইভাবে ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েই। তবে এখানে জার্মানি আর হিটলারের বদলে পটভূমিকায় ইতালি, অর্থাৎ মুসোলিনি।
যাঁরা ঐ উপন্যাসটা পড়েছেন, তাঁদের পক্ষে মনে করা সহজ যেখানে ঐ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রশেখর সম্পর্কে বলতে গিয়ে ভগওয়ানগড়ের রাজা ভূদেব সিং বলছেন—
"মুসোলিনি তখন ইটালির একচ্ছত্র অধিপতি। বেশির ভাগ ইটালিয়ানই তাকে পুজো করে। কিন্তু কিছু বুদ্ধিজীবী— শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সংগীতকার— ছিলেন মুসোলিনি ও ফ্যাসিস্ট পার্টির ঘোর বিরোধী। চন্দ্র ছিল তাদেরই একজন। কিন্তু তার ছেলেই শেষ পর্যন্ত ফ্যাসিস্ট পার্টিতে যোগ দেয়। তার এক বছর আগে কার্লা মারা গেছে ক্যানসারে। এই দুই ট্র্যাজেডির ধাক্কা চন্দ্র সইতে পারে নি। তাই সে দেশে ফিরে আসে। ছেলের সঙ্গে সে কোনও যোগাযোগ রাখেনি।"

সত্যজিৎ রায়ের ফেলু কাহিনীগুলোর মধ্যে এই  'টিনটোরেটোর যীশু'তেই একমাত্র ফ্যাসিবাদের প্রতি সত্যজিতের তীব্র ঘৃণা সরাসরি প্রকাশ পেয়েছে। আর সম্ভবতঃ কোথাওই না। অথচ ঠিক এর উল্টোদিকে আরেকটু কমবয়সীদের জন্য সৃষ্ট চরিত্র' প্রফেসর শঙ্কু'র একাধিক কাহিনীতে বারবারই এসেছে সত্যজিতের এই মনোভাব। মোট ৩৮ টা পূর্ণাঙ্গ এবং দুটি অসম্পূর্ণ শঙ্কু কাহিনীর খবর আমরা জানি। এর মধ্যে ঐ 'স্বর্ণপর্ণী' ছাড়াও আরো অন্ততঃ গোটা চারেক ক্ষেত্রে তা পরিষ্কার ভাবেই দেখা গিয়েছে।
প্রথম শঙ্কু কাহিনী 'ব্যোমযাত্রীর ডাইরি'র প্রায় ১৩ বছর পরে লেখা 'ডক্টর শেরিং-এর স্মরণশক্তি'তে সরাসরি ফ্যাসিবিরোধিতা না থাকলেও, শঙ্কু কাহিনীতে সম্ভবতঃ এই প্রথমবার সত্যজিতের যুদ্ধবিরোধী মনোভাবের প্রকাশ দেখা গেল। 'বি এক্স ৩৭৭' নামক আণবিক মারণাস্ত্রের ফর্মুলা যুদ্ধ ব্যবসায়ীদের হাতে পৌঁচ্ছানোর আগেই কীভাবে সেই ফর্মুলা ধ্বংস করা সম্ভব হল— সেই নিয়েই এই গপ্পো।
এর ঠিক পরের শঙ্কু কাহিনীই 'হিপনোজেন', যেখানে প্রথমবার শঙ্কু মোকাবিলা করছে এক ভয়ংকর ডিক্টেটরের— উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলেকজান্ডার ক্রাগ। বিজ্ঞানী, বা বলা ভালো অপবিজ্ঞানী। লক্ষ্য— একদিকে মৃত্যুর পরে পুনরুজ্জীবন, আবার আরেকদিকে সেই বেঁচে ওঠার এবং বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীর একচ্ছত্র আধিপত্য কায়েম করা। যার হাতিয়ার— একটা আবিষ্কার, একটি গ্যাস। নাম হিপনোজেন। যে গ্যাসের একটিমাত্র কণা একজন মানুষকে ২৪ ঘন্টা সম্মোহিত বা হিপনোটাইজড্ করে রাখতে সক্ষম! আর সত্যিই তো, "লোকের মন একবার দখল করতে পারলে তাদের উপর কর্তৃত্ব করতে অসুবিধা কোথায়?"
অনবদ্য চরিত্রায়ণ এক ডিক্টেটরের। চেনা লাগছে না?

এর পরের একাধিক শঙ্কু কাহিনীতে সরাসরি ফ্যাসিস্টদের প্রতি মনোভাব চিত্রিত করেছেন সত্যজিৎ। যেমন ধরুন 'শঙ্কুর কঙ্গো অভিযান'। এখানে এক জায়গায় পরিষ্কার উল্লেখ আছে বুখেনওয়ালড্ কনসেন্ট্রেশন ক্যাম্প এবং সেই ক্যাম্পে ইহুদি বন্দিদের উপর অত্যাচারের। ঐ উপন্যাসেই শঙ্কুর জবানিতে লিখছেন সত্যজিৎ— "আমি অবাক হয়ে দেখছি হাইমেনডর্ফের দিকে। চোখে ওই ক্রূর দৃষ্টি, ওই ইস্পাত শীতল কন্ঠস্বর— একজন প্রাক্তন নাৎসীর পক্ষে মানানসই বটে।"

এর আরও প্রায় এক যুগ পরের লেখা 'শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন'। পটভূমি আবারও জার্মানি, এবং এবার ফোকাসে নিও-নাৎসীরা। আবারও দ্বন্দ্ব শুভ-অশুভের মধ্যে, এবং পরিশেষে নিও নাৎসী নেতা রেডেলকে নিও ফ্যাসিস্ট থেকে নতুন জীবনে পাঠানো, অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করা। যার পরিণতিতে শঙ্কুর জবানিতে লেখা হচ্ছে— "যতদূর মনে হয় হিটলারপন্থী দল এবার নিশ্চিহ্ন হবে।" 
এর বছর দুয়েক পরের লেখা 'স্বর্ণপর্ণী'।

৩)
স্বর্ণপর্ণী ২

'স্বর্ণপর্ণী' উপন্যাসটা প্রকাশিত হয়েছিল ১৯৯০ সালে। এরপর আরও দুটো শঙ্কু কাহিনী প্রকাশিত হয়েছে, কিন্তু দুটোই অসম্পূর্ণ। ফলে এটাই শেষতম সম্পূর্ণ শঙ্কু কাহিনী।
ঘটনা পরম্পরা দেখলে আবার এটাই শঙ্কুর প্রথম কাহিনী! পুরোটাই ফ্ল্যাশব্যাকে বিবৃত। অন্য শঙ্কু-কাহিনীগুলো রোজনামচা আকারে, ডাইরির একের পর এক দিন ধরে এগিয়ে চলা কাহিনী। আর এইটেতে ডাইরির পাতা একটা দিনেই (১৬ জুন) আটকে, নিজের জন্মদিনে স্মৃতিচারণ করার ঢংয়ে বিবৃত গপ্পো।
জীবনসায়াহ্নে এসে স্মৃতিচারণা শঙ্কুর (বা হয়তো  সত্যজিতেরও)। এই স্মৃতিচারণার ফর্মেই লেখা হল শঙ্কুর সর্বশ্রেষ্ঠ কাহিনী। কোনোরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা না, সরাসরি ফ্যাসিস্ট জার্মানির কথা। সরাসরি সেই মানবতার শত্রুদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সর্বোপরি সরাসরি "বিশ্বের হীনতম প্রাণী" ফ্যাসিস্টদের সামান্য একটু হলেও হারানোর কাহিনী। মানবতার জয়ের কাহিনী।
__________________________

সত্যজিৎ দেখে যেতে পারেন নি ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের দিনটিকে, যেদিনটা আমার দেশের ইতিহাসে এক মোটা কালো লাইন টেনে দিয়েছে। সত্যজিতের দেখার প্রশ্নই নেই এখনকার এই NRC-CAA'র পর্বটা। কিন্তু জেনেছিলেন ইহুদীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর ন্যূরেমবার্গ আইনের কথা। দেখেছিলেন গোটা বিশ্ব জুড়ে নিও ফ্যাসিস্ট প্রবণতার সাময়িক হলেও মাথাচাড়া দেওয়াটাকে। দেখেছিলেন নিজের দেশে সংঘ পরিবারের ক্রমশ বাড়বাড়ন্তকে।

একেবারে ছোটদের জন্য লেখা শঙ্কু কাহিনী। সবচেয়ে বেশি দিন যারা থাকবে, সবচেয়ে বেশি লড়াই যাদের করতে হবে মানবতার শত্রুদের বিরুদ্ধে— তাদের জন্যে লেখা। তার জন্যই আরেকবার ইতিহাস থেকে শেখার জন্য এবং আশার পক্ষে, মানবতার পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে ইতিহাস থেকে শেখার জন্যেই বোধহয় একদম শেষ লগ্নে 'স্বর্ণপর্ণী'র মত লেখাটা আসে...

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

ফ্যাসিবাদের বিরুদ্ধে মিছিল ~ শতাব্দী দাস

লাল পতাকার পিছনে তো অনেক বার হেঁটেছি। কিন্তু লক্ষ্য করেছেন কি, যে রাগী ছেলেমেয়েগুলো স্বাধীনতা দিবস এলেই 'আমি তো দেশদ্রোহী' থিমে স্টেটাস দেয়, তাদের হাতে কাল জাতীয় পতাকাও ছিল? 

তাদের আগেও বলেছিলাম, দেশ বিজেপির বাপের নয়,  গোসন্তানদের উপর রাগ করে তিরঙ্গার অধিকার ছেড়ে দিতে নেই । বোঝাতে পারিনি৷  বিজেপি দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিল। ধন্যবাদ বিজেপি। 

লক্ষ্য করেছেন কি, প্রধানমন্ত্রী যে 'পোষাকের' হাতে শুধু পাথর দেখেন, সে পোষাকের হাতেও কাল জাতীয় পতাকাই ছিল? কাল ছিল প্রকৃত অর্থেই জাতীয় পতাকা রিক্লেইম করার দিন৷ কোনো বাধ্যতামূলক স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস পালনে তিন-রঙা  ততটা খোলতাই হয় না, যতটা কালকের মিছিলে হয়েছিল। 

 লক্ষ্য করেছিলেন কি, এখানে-ওখানে দুয়েকটা রামধনু নিশানও উড়ছিল?  মানে সাতরঙা জেন্ডার স্পেক্ট্রামের মানুষজন নিজেদের 'দেশ' বুঝে নিতে এসেছিলেন! 

লক্ষ্য করেছিলেন কি  ' মন্দ যে সে সিংহাসনে চড়ে'-র পরের লাইন হয়ে গেছে 'মোদী দূর হঠো'? লক্ষ্য করেছিলেন কি, ওরা রাস্তায় আটকে পড়লেই বৃত্ত রচনা করে নিচ্ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে নাচছিল? লক্ষ্য করেছিলেন কি, এস এন ব্যানার্জি রোডে ম্যাটাডোরের মাথায় বসা স্থানীয় শিশু ওদের নাচের তালে তালি দিয়েছিল? 

লক্ষ্য করেছিলেন কি, রাস্তা  যেন কলেজ ক্যান্টিন? চা আসছে, বাদামভাজা, সিগ্রেট...কিছু অ্যান্টি ন্যাশনাল দোকানদার বিনে পয়সাতেও চিপস বিস্কিট খাইয়েছেন! কাউন্টারে সিগ্রেট খেয়েছি অনেক, কাউন্টারে এগরোল এই প্রথম।  সেই রোল যে হাতে দিয়ে গেল, তাকে চিনিনা। তাকে যে দোকানী দিয়েছিল,  পয়সা নিয়েছিল কি  সে-ও? 

দুটো মিছিলে হেঁটে ক্লান্ত পা টেনে মেট্রোয় ঢুকছি। গালে 'নো এনআরসি' দেখে পুলিস বলছে,  'বেশ করেছ'!  পুলিশের জন্য কষ্ট হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলে এই পুলিসকেই ফাইবারের লাঠি দিয়ে মিছিল পেটাতে হত। 

বাড়ির স্টেশন।  যে লটারি টিকিটওয়ালাকে কোনোদিন লক্ষ্য করিনি, সে গালের লেখা দেখে বলল, 'থ্যাঙ্ক ইউ'। প্রথমবার  জিগ্যেস করলাম, 'নাম কী আপনার?' একটি হিন্দু নামই বলল। 

 বাড়িতে 'নো-এন-আর-সি' গালে একটা চুমু খেল সাতবছর, 'নো সি-এ-এ' গালে আরেকটা। টিভিতে দেখলাম, মহামান্য দিলীপবাবু রামচন্দ্র গুহ সম্পর্কে বলছেন, 'কে বুদ্ধিজীবী আর কে নয়, তা সরকার ঠিক করবে।' স্পষ্ট ফ্যাসিবাদী উচ্চারণ। 

ফ্যাসিবাদ  ঘেন্না করি, ফ্যসিবাদ ভয় পাই। কিন্তু শীতের মিছিলের এমন সে আগুন, সেই মুহূর্তে আমি আর সাতবছর দু'জনেই এক বোকা অপোগণ্ডের কথায় ফ্যাক করে হেসে ফেললাম!

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

আপনি কি হিন্দু? ~ সুশোভন পাত্র

এক্সকিউস মি! আপনি কি হিন্দু? তাহলে চাপ নেবেন না প্লিজ। বিজেপি ক্ষমতায় থাকতে কোন বাপের ব্যাটার হিম্মত হবে না হিন্দুদের একইঞ্চি ক্ষতি করার!
দেখলেন না কেমন কায়দা করে নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তানে ধর্মীয় উৎপীড়নের শিকার 'হিন্দু শরণার্থীদের' নাগরিকত্ব দেওয়ার বন্দোবস্ত করে দিল। মাস্টারস্ট্রোক! স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন "দেশ জুড়ে NRC হবে।" হুইস্কি অন দি রক্স। জাস্ট ভাবুন, কাল সকালে পশ্চিমবঙ্গে NRC চালু হচ্ছে। এক লহমায় আপনি-আমি, হিন্দু-মুসলিম নির্বিশেষ রাজ্যের ৯কোটি মানুষ অ-নাগরিক হয়ে যাচ্ছে। ঘরে রাত জেগে চলছে পুরনো নথি জোগাড়ের চিরুনি তল্লাশি। আপনি অফিস-স্কুল-কাছারি ছেড়ে, আপনার বৌ ছোলার ডালটা সেদ্ধ করতে ওভেনে বসিয়ে, আপনার বুড়ো বাপ হাঁপানি নিয়ে হাঁপাতে হাঁপাতে, আপনার মা বাতের ব্যথা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে, দিনের পর দিন সরকারী অফিসের চক্কর কাটছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। নিজেদের নাগরিকত্ব প্রমাণের সম্ভাব্য নথি হাতে নিয়ে আর পরিচয় হারানোর দুশ্চিন্তা মাথায় নিয়ে। কি থ্রিলিং ব্যাপার তাই না? আমার তো মশাই ভেবেই কেমন একটা রোমাঞ্চ হচ্ছে! আর আপনার?
জমা দেওয়া নথি বিজেপির পছন্দ হলেই কেল্লাফতে। আপনি হলেন গিয়ে 'নাগরিক'। আর বাদ পড়লে 'অ-নাগরিক'। ঐ যেমন আসামে বাদ পড়া ১৯লক্ষের ১২ লক্ষই হিন্দু। কিন্তু আপনি একদম ঘাবড়াবেন না! মনে মনে ১০৮বার বলবেন 'মাস্টারস্ট্রোক।' তারপর সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন করবেন। সিম্পল! 
ধরুন আপনি ৫পুরুষ ধরে এদেশে আছেন, রেশন তুলেছেন, পড়াশুনা করেছেন, চাকরি পেয়েছেন, এমনকি এই লোকসভা নির্বাচনে বিজেপি কে ভোটও দিয়েছেন; কিন্তু নাগরিকত্ব প্রমাণের নথি আপনি গুগল সার্চ করেও জোগাড় করতে পারেন নি। তাহলে আর কি? 'পুরানো সেই দিনের কথা' ভুলে গিয়ে, নতুন সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন করে, জাস্ট স্বীকার করে নিতে হবে যে আপনি এতদিন এদেশে ছিলেন 'অবৈধ শরণার্থী' হয়ে আর বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান থেকে পালিয়ে এসেছিলেন ধর্মীয় নিপীড়নের তাড়া খেয়ে। ব্যাস! তারপর ধর্মীয় নিপীড়নের ছোট্ট একটা প্রমাণ ঠুকে দিলেই ল্যাঠা চুকে গেলো। এবার বিজেপির আশীর্বাদ পেলেই আপনি কমপক্ষে ৫বছরের জন্য হয়ে যাবেন 'বৈধ শরণার্থী'। মানে ছিলেন 'নাগরিক' হবেন 'বৈধ শরণার্থী'। কিউট ব্যাপার না? হিন্দু হয়ে এইটুকু স্যাকরিফাইস করবেন না মশাই? কাম-অন। মনে রাখবেন বিজেপি ক্ষমতায় থাকতে কোন বাপের ব্যাটার হিম্মত হবে না হিন্দুদের একইঞ্চি ক্ষতি করার!
অমিত শাহ বলেছেন, নাগরিকত্ব আইনে সংশোধনের ফলে "লক্ষ লক্ষ, কোটি কোটি" মানুষ উপকৃত হবেন। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হিসেব, সুবিধা পাবেন গোটা দেশে মাত্র ৩১,৩১৩ জন। ২৫,৪৪৭ জন হিন্দু, ৫,৮০৭ জন শিখ, খ্রিস্টান ৫৫ জন, ২ জন বৌদ্ধ, ২ জন পার্সি। তা শুধুমাত্র এই ৩১,৩১৩ জন মানুষ কে নাগরিকত্ব দেওয়ার জন্য দেশের ১৩২ কোটি মানুষ কে লাইনে দাঁড় করিয়ে দেওয়াটা কি মশা মারতে কামান দাগার আদর্শ উদাহরণ হিসেবে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করা যেতে পারে? এরকম প্রশ্ন যদি কেউ করে তাহলে বুঝবেন সে 'দেশদ্রোহী'। হিন্দু হিসেবে আপনার কর্তব্য চোখ-কান বন্ধ রেখে, বুদ্ধি-বিবেক বেচে দিয়ে, দিনের দু-বার গোমূত্র সেবন করে, বিজেপির উপর পূর্ণ আস্থা বজায় রাখা। 
আপনার নোট বাতিল মনে নেই? আচ্ছা বুকে হাত রেখে একজনও হিন্দুর নাম আপনি বলতে পারবেন যাকে নোট বাতিলের সময় ATM-র লাইনে দাঁড়াতে হয়েছিল? পারবেন না। কারণ, হিন্দুরা তো তখন শীতের সকালে ব্যালকনির মিঠে রোদ্দুরে বসে গ্রিন টি খাচ্ছিল আর ব্যাঙ্ক গুলো হিন্দুদের বাড়ি বয়ে নগদ জোগান দিয়ে গিয়েছিল। সে RBI যতই বলুক নোট বাতিলে কোন কালো টাকা উদ্ধার হয়নি, জাল নোট ধরা পড়েনি, দেশকে ক্যাশলেশ করা যায়নি। রঘুরাম রাজন যতই চিৎকার করুক নোট বাতিলে কারও কোন লাভ হয়নি। খবরদার বিশ্বাস করবেন না। কারণ আপনি চোখের সামনে দেখেছেন নোট বাতিলের পরই জয় শাহ'র কোম্পানির রেভিনিউ বেড়েছিল ১৬,০০০%। আর অমিত শাহ পরিচালিত সমবায় ব্যাঙ্কে জমা পড়েছিল দেশের মধ্যে সর্বোচ্চ ৩,১১৮ কোটির বাতিল নোট। তাহলে কোন হরিদাস পাল বলে যে নোট বাতিলে হিন্দুদের লাভ হয়নি? এঁরা দুজন কি হিন্দু নয়? বললাম না, বিজেপি ক্ষমতায় থাকতে কোন বাপের ব্যাটার হিম্মত হবে না হিন্দুদের একইঞ্চি ক্ষতি করার!
নিন্দুকে বলছে, দেশের জিডিপি বৃদ্ধির হার নাকি ৪.৫%। ৬বছরে সর্বনিম্ন। এতে কি হিন্দুদের কোন ক্ষতি হচ্ছে? এক্কেবারেই না। হিন্দুদের জিডিপি তো মোদীজি আলাদা করে ক্যালকুলেশন করছেন। এই যে দেশে বেকারত্বের হার ৪৫ বছরে সর্বোচ্চ। কি ভাবছেন হিন্দুদের বেকারত্বের জ্বালায় ভুগতে হচ্ছে? এক্কেবারেই না। দেশে হিন্দু বেকার গ্যালিলিও নিজেও দূরবীন দিয়ে খুঁজে পাবেন না। এই যে অটো-মোবাইল সেক্টরে সেল ২১বছরে সর্বনিম্ন, কারখানার ঝাঁপ পড়ছে। এই যে ঋণের দায়ে দেশে ১২হাজার কৃষক বছরে গড়ে আত্মহত্যা করেছ। চেষ্টা করলেও এতে আপনি একজনও ক্ষতিগ্রস্ত হিন্দু শ্রমিক-কৃষক দেখাতে পারবেন না!
রাম রাজত্বে বাজারে পেঁয়াজের ১৫০টাকা/কেজি বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু হিন্দুরা আজকাল পেঁয়াজ ফ্রিতেই পাচ্ছে। উচ্চ-শিক্ষার ফিস দেশে আশঙ্কাজনক ভাবে বাড়ছে ঠিকই, কিন্তু হিন্দুদের তো কলেজে ফ্রিতেই অ্যাডমিশন দিচ্ছে। বিদেশি অপশক্তির হাঙ্গার ইনডেক্সে ভারতে ১১৭ দেশের মধ্যে ১০২-এ ঠিকই, কিন্তু গুপী-বাঘার মত তালি ঠুকলেই সরকার হিন্দুদের মণ্ডা-মিঠাই সাপ্লাই দিচ্ছে। গ্যাস সিলিন্ডারে এক্সট্রা ভর্তুকি দিচ্ছে, PF-এ বর্ধিত হারে সুদ বসাচ্ছে। এমনকি হিন্দুদের পাম্পের আশে পাশে দেখতে পেলেই সরকার ধরে বেঁধে সস্তায় গাড়িতে পেট্রোল-ডিজেল ফুল টাঙ্কি করে দিচ্ছে। 
বিশ্বাস না হলে সম্প্রতি ফোর্বসে প্রকাশিত ১০০জন ধনীতম ভারতীয়দের তালিকা দেখুন। ৮ধাপ উঠে দ্বিতীয় স্থানে আছেন গৌতম আদানি। আর এই নিয়ে টানা ১২বছর প্রথম স্থানে মুকেশ আম্বানি। ২০১৪-২০১৯, মুকেশ আম্বানির সম্পত্তি ১.৬৮লক্ষ কোটি থেকে বেড়ে ৩.৬৫লক্ষ কোটি হয়েছে। বৃদ্ধির হার ১১৮%। আর  গৌতম আদানির সম্পত্তি ৫০.৪ হাজার কোটি থেকে বেড়ে ১.১লক্ষ কোটি হয়েছে। বৃদ্ধির হার ১২১%। তাহলেই বুঝুন, আদানি কিম্বা আম্বানির মত হিন্দুরা মোদীজির আশীর্বাদে এই পাঁচ বছরে কত্ত উন্নতি করেছেন। 
ও! বাই দা ওয়ে, আপনিও তো মশাই হিন্দু। তা এই ৫ বছরে মোদীজির আশীর্বাদ আপনার সম্পত্তি কত শতাংশ বেড়েছে? ১১৮%? ১২১%? না অমিত শাহ'র ব্যাটা জয় শাহর মত এক্কেরে ১৬,০০০%?

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

নিজের দেশে রিফিউজি হব? ~ পিপল্‌স স্টাডি সার্কেল

"নিজের দেশে রিফিউজি হব? : প্রশ্নোত্তরে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব বিল (সিএবি)" (প্রকাশক পিপল্‌স স্টাডি সার্কেল, নভেম্বর ২০১৯) থেকে কিছু তথ্য --

পশ্চিমবাংলায় এনআরসি কি আদৌ প্রয়োজন?

সারা রাজ্যের মানুষকে যদি এখন সত্তর বছরের পুরনো দলিল দেখিয়ে নিজেদের নাগরিক প্রমাণ করতে হয়, তাহলে জনজীবনে ঘোর সংকট তৈরি হবে। কে "সন্দেহভাজন নাগরিক" আর কে সাচ্চা নাগরিক, সেই নিয়ে সমাজে ব্যাপক ভীতি আর বিভেদ তৈরি হবে। এসব করে মানুষের কী লাভ হবে? বর্তমানে আমাদের রাজ্যে ৯ কোটি ৩৯ লাখ মানুষের আধার কার্ড আছে, ৬ কোটি ৯৭ লাখ মানুষের ভোটার তালিকায় নাম আছে। এছাড়াও রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের খাতা ইত্যাদির মত কোনও না কোনও পরিচয়পত্র বেশিরভাগ মানুষের কাছেই আছে। এটাই তো নাগরিকত্বের জন্য যথেষ্ট। এর ওপর আবার একটা জাতীয় পরিচয়পত্র বানানোর কোনও প্রয়োজন তো নেই-ই। উপরন্তু ২০০৩-এর নাগরিকত্ব সংশোধনী আইনের মত একটা উদ্বাস্তু-বিরোধী একুশে আইনের অধীনে কোনওরকম এনপিআর, এনআরসি, বা এনআরআইসি প্রক্রিয়া চালানোর সর্বাত্মক বিরোধিতা করা দরকার। এই আইনটাকেই বাতিল করতে হবে।
       
বিজেপি বলছে হিন্দুদের ভয় নেই। আগে নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি পাশ করা হবে, তারপর এনআরসি হবে। এই সিএবি (ক্যাব) বিল ব্যাপারটা কি?

মোদী সরকার ২০১৬ সালে এই বিলটা আনে। এই বিল অনুযায়ী পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের মধ্যে কেউ হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ বা খ্রিস্টান হলে তিনি আর ২০০৩-এর নাগরিকত্ব সংশোধনী বিলের সংজ্ঞা মোতাবেক "অবৈধ অভিবাসী" হিসেবে গণ্য হবেন না, এবং ছ'বছর এদেশে থাকার পর ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। কিন্তু এই দেশগুলি থেকে আসা উদ্বাস্তুদের মধ্যে কেউ যদি মুসলমান হন তাহলে তিনি এই ছাড় পাবেন না, তাঁকে "অবৈধ অভিবাসী" হিসেবেই গণ্য করা হবে। 

তার মানে ক্যাব বা নাগরিকত্ব সংশোধনী আইন/বিল সমস্ত হিন্দু উদ্বাস্তুদের ভারতীয় নাগরিক বানিয়ে দেবে?      

ভুল প্রচার। সিএবি (ক্যাব) বিল কাউকেই সরাসরি নাগরিকত্ব দেবে না। অন্যের মুখের কথা না শুনে নিজে সরকারের পাতা থেকে ডাইনলোড করে পড়ে দেখুন। বিল কী বলছে? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের "অবৈধ অভিবাসী" অর্থাৎ বিদেশি হিসেবে গণ্য করা হবে না, শরণার্থী হিসেবে দেখা হবে। এটুকুই বিলের বক্তব্য। ধরে নিলাম সংসদে বিল পাশ হল, ধরে নিলাম বিল আইনও হয়ে গেল। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ থেকে এতদিন ধরে আসা হিন্দু উদ্বাস্তুরা সঙ্গে সঙ্গে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। তাঁরা শরণার্থী হিসেবে ভারতে থাকার আইনি সুরক্ষা পাবেন, এইটুকু। তাঁদের পুলিশ তক্ষুণি জেলে পুরে দেবে না বা বাংলাদেশে তাড়িয়ে দেবে না।

কিন্তু নাগরিকত্ব পেতে হলে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতে এসেছেন। ধরা যাক, আপনার পরিবার পূর্ব পাকিস্তান থেকে ১৯৬৫ সালে এসেছিল। ১৯৬৫-এর পর ৫৪ বছর চলে গেছে। এত বছর পর প্রমাণ করতে পারবেন যে ৫৪ বছর আগে পূর্ব পাকিস্তানে ধর্মের কারণে অত্যাচারিত হয়েছিলেন? মানুষ তো এদেশে নানা কারণে এসেছেন। অনেকেই চাকরি বা রোজগারের কারণে এসেছেন। অনেকেই জ্ঞাতি-গুষ্টি বা গ্রামের লোক চলে আসাতে এসেছেন। অনেকে এসেছেন দাঙ্গার কারণে। অনেকে এসেছেন ভয়ে। অনেকে এসেছেন নিরাপত্তার খোঁজে। অনেকে সরাসরি নিপীড়িত হয়েও এসেছেন। কিন্তু সেই অত্যাচারের সেলফি অথবা লাইভ ভিডিও তুলে ফেসবুকে তো আপলোড করে রাখেননি। সে সময়ে থানায় ডায়েরি তো করেননি। কীসের প্রমাণ দেবেন? দ্বিতীয় কথা হল এই যে আপনাকে নাগরিকত্বের জন্য ছ'বছর পর আলাদা আবেদন করতে হবে। সেই আবেদন সরকার খারিজও করতে পারে। 

তার মানে কী দাঁড়াল, একবার ভেবে দেখুন। এতদিন আপনি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বিপিএল কার্ড ইত্যাদি এতগুলো কাগজের সাহায্যে ন্যূনতম নাগরিক অধিকারটুকু পাচ্ছিলেন। বিলের এক খোঁচায় নাগরিক থেকে শরণার্থী হবেন। তারপর ছ'বছর পর নাগরিকত্ব পাওয়ার জন্য আবার ভিক্ষে করতে যাবেন সরকারের কাছে। এ এক বিরাট ধাপ্পা। এতে হিন্দু উদ্বাস্তুদের চরম ক্ষতি আর নাগরিক অস্তিত্ব বিপন্ন হওয়া ছাড়া আর কিছু নেই।

তাহলে মোদী সরকার সিএবি (ক্যাব) বিল পাশ করাতে চাইছে কেন?

সিএবি (ক্যাব) বিল পাশ করানোর একটাই উদ্দেশ্য। গোটা দেশে হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক বিভেদ আর মুসলমানদের প্রতি বিদ্বেষ তৈরি করা। এই বিলে যেভাবে ইসলাম বাদ দিয়ে সমস্ত ধর্মের নাম নেওয়া হয়েছে, সেটা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান বিরোধী। মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে আলাদা কানুন করা যাবে না এটা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মৌলিক কথা। এর উল্টোদিকে হেঁটে নাগরিকত্ব নির্ধারণ করার আইন বানানো চলে না।

কেন্দ্রীয় সরকার যদি সত্যিই আমাদের পড়শি দেশগুলির সমস্ত নিপীড়িত সংখ্যালঘুদের শরণার্থী হিসেবে ভারতের নাগরিকত্ব দিতে উদ্যোগী হত, তাহলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে থাকা আহমদী, সুফি সহ সংখ্যালঘু বা গৌণধর্মের যে মুসলমান গোষ্ঠীগুলি আছে, তাঁদের কথাও বিলে রাখত। যে নাস্তিকরা ধর্ম বিশ্বাস করেন না বলে সারা উপমহাদেশ জুড়ে আক্রান্ত, যে মুক্তমনা-রা ধর্মীয় নিপীড়নের শিকার, তাঁদের কথাও বিলে থাকত। তাছাড়া এই বিলে মায়ানমার (বার্মা), নেপাল, ভূটান আর শ্রীলঙ্কার নাম বাদ কেন? কারণটা সহজ। মায়ানমারে রোহিঙ্গারা আক্রান্ত এবং তাঁরা মুসলমান। আক্রমণকারীরা বৌদ্ধ। নেপাল বা ভুটান থেকে যে গোর্খারা এসেছেন তাঁদের ক্ষেত্রেও মুসলমানদের আক্রমণকারী হিসেবে দেখানো যাবে না। তাই এই দেশগুলি বাদ। 

তাছাড়া, ভারতের পড়শি দেশগুলিতে সংখ্যালঘু নিপীড়ন শুধুই ধর্মের নামে হয় না, ভাষা বা জাতিগত কারণেও হয়। যেমন শ্রীলঙ্কা থেকে নিপীড়িত হয়ে অনেক তামিল উদ্বাস্তুরা ভারতে এসেছেন। তাঁদের এই আইনের আওতায় আনা হয় নি কেন? বাংলাদেশে ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের সেনাবাহিনী ও রাজাকার বাহিনী যে অত্যাচার চালিয়েছিল, সেটা তো ধর্মের ভিত্তিতে ছিল না। ধর্ম নির্বিশেষে বাঙালিদের ওপর দমন হয়েছিল এবং বাঙালি মুসলমানেরা চরম নিপীড়নের শিকার হন। সে অত্যাচার থেকে পালিয়ে কোনও বাঙালি মুসলমান যদি ভারতে এসে আশ্রয় নিয়ে থাকেন, তাহলে তিনিও শরণার্থীর মর্যাদা পাবেন না কেন?

বোঝাই যাচ্ছে যে বিজেপি সরকার তার সাম্প্রদায়িক মুসলিম-বিদ্বেষী মতাদর্শ অনুসারেই এই বিলটা নিয়ে এসেছে। গরিব হিন্দু উদ্বাস্তুদের মিথ্যে আশা দিয়ে ঠকিয়ে বিষাক্ত হিন্দু-মুসলমান বিভাজন তৈরির কল ছাড়া এই বিলকে আর কী বলবেন?  
        
বিজেপি বলছে এগুলো বিরোধীদের অপপ্রচার। সিএবি (ক্যাব) বিল দিয়ে যে হিন্দু উদ্বাস্তুদের কোনও উপকার হবে না তার সরকারি প্রমাণ আছে?

প্রমাণ আছে। ২০১৬-র ক্যাব বিল নিয়ে একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) আড়াই বছর ধরে আলাপ-আলোচনা এবং বিতর্ক চালিয়েছিল। বিতর্কে বিরোধী দলেরা নানা রকম প্রশ্ন করে, কেন্দ্রীয় সরকার তার জবাব দেয়। ২০১৯ সালের জানুয়ারিতে সমস্তটা নিয়ে জেপিসি রিপোর্ট সংসদে পেশ হয়।

এই জেপিসি রিপোর্টের ৩৯ এবং ৪০ পাতার প্রতিটি বাক্যে যেন উদ্বাস্তুদের দুর্ভাগ্য জ্বলন্ত অক্ষরে লেখা। সরকারকে জিজ্ঞেস করা হয়েছিল যে কীভাবে নাগরিকত্ব আবেদনের সত্যি-মিথ্যে যাচাই করা হবে, আর কোন উদ্বাস্তুরা এই আইনের সুবিধে পাবেন? তারা জবাব দেয় যে এ দেশে আসার আগে থেকেই যে উদ্বাস্তুরা জানিয়ে রেখেছেন যে তাঁরা অত্যাচারিত হয়ে পালিয়ে এসেছেন এবং যাঁদের লং টার্ম ভিসা দেওয়া হয়েছে, শুধুমাত্র তাঁদেরকেই এই আইনের সুবিধে দেওয়া হবে। নতুন করে এখন যাঁরা নিজেদের অত্যাচারিত হওয়ার ইতিহাস জানাবেন, তাঁদের কেসগুলো ইনটেলিজেন্স বুরো এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা "র" (RAW)-এর গোয়েন্দারা খতিয়ে দেখবেন। এই আধিকারিকদের জিজ্ঞেস করা হয়েছিল যে মোট কতজন মানুষ এই আইনের সাহায্যে নাগরিকত্ব পেতে পারেন? তাদের জবাব, "হিন্দু – ২৫,৪৪৭, শিখ – ৫,৮০৭, খ্রিস্টান – ৫৫, বৌদ্ধ – ২, পার্সি -২, সব মিলিয়ে সারা দেশে ৩১,৩১৩ জন"। এটা আমাদের কথা নয়, সরকারের জবাব। জেপিসি কমিটির সদস্যরা আইন বিভাগের আমলা-মন্ত্রীদের জিজ্ঞেস করেছিলেন যে দেশজুড়ে শুধুমাত্র ৩১,৩১৩ জন মানুষ এই আইনের উপকৃতের আওতায় আসবেন, না সংখ্যাটা পরে বদলাতেও পারে? এতে সরকারের জবাব, মোট ওই ৩১,৩১৩ জনকেই নাগরিকত্ব দেওয়া হবে। বাকিদের বরং বিদেশি ট্রাইবুনাল এর সামনে হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে যে তারা কাগজ নকল করে নাগরিকত্ব পান নি। 

তার মানে যদি সিএবি (ক্যাব) বিল পাশ হয়, তাহলে সারা ভারতে মাত্র ৩১,৩১৩ জন উদ্বাস্তু এখন নাগরিকত্ব পাবেন। আর ২০০৩-এর একুশে আইনটার ফাঁদে বানানো এনআরসি-র ছাঁকনিতে যে ১৯ লক্ষ মানুষ আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের জন্য কাঁচকলা। এছাড়া নতুন করে যে মানুষেরা ২০০৩ আইনের "বেআইনি অভিবাসী"-র ফাঁদে পড়ে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়বেন, তাদের জন্যও কাঁচকলা। তাঁদের ভাগ্যে থাকবে ট্রাইবুনাল, কোর্টকাছারি, ডিটেনশন ক্যাম্প আর আবেদন-নিবেদন। 

তাহলে নাগরিকপঞ্জি বা ক্যাব করে কোনও লাভ নেই। কয়েকজন অনুপ্রবেশকারী ধরা পড়লেও তাদের বাংলাদেশে পাঠানো সম্ভব না। খালি সাধারণ মানুষকেই হয়রানি করা হবে। তার ওপর ভারতীয়দের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। মোটের ওপর এটা বলা যায়? 

হ্যাঁ। ২০০৩-এ পাতা ফাঁদে এনআরসি-র ছাঁকনিতে ধরা যদি পরেন, তবে ২০১৬-এর নাগরিকত্বের কল আপনাকে বাঁচাতে পারবে না। আসামের অভিজ্ঞতা থেকে আমরা এটাও শিখলাম যে যদি কোনওক্রমে আপনার নাম একবার নাগরিকপঞ্জিতে উঠেও যায়, তাহলেও শান্তি নেই। দেশপ্রেমিকরা সন্দেহ করে নালিশ করলে আবার সে নাম বাদও পড়তে পারে। দেশপ্রেমিকদের সন্দেহের ভিত্তিতে আপনার পিছনে নালিশের ফেউ এবং ঝুটা অবজেকশন দু'টোই লাগতে পারে। তারপর "র"-এর গোয়েন্দা বাহিনী এবং "ইন্টেলিজেন্স বুরো" আপনার ঠিকুজি কুষ্ঠি ঘাঁটতে বসবে। সবশেষে পড়ে থাকবে একটাই প্রশ্ন। বাঙাল বেলতলায় যায় কয়বার? 

এনআরসি আর ক্যাব নিয়ে মিথ্যে প্রচারটা বুঝলাম। কিন্তু একটা খটকা আছে। পশ্চিমবাংলায় কি সত্যিই দু' কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন? 

না, এটা বিজেপি-র ছড়ানো গুজব। আসলে "বাংলাদেশি অনুপ্রবেশকারী"-দের কোনও নির্দিষ্ট তথ্য বা সংখ্যা কেন্দ্রীয় সরকারের কাছে নেই। ২০১৮-র সেপ্টেম্বরে তথ্যের অধিকার আইনের আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই নিয়ে প্রশ্ন করা হলে তারা স্পষ্ট করে লিখিত ভাবেই এটা জানিয়ে দেয়।

সিটিজেন আইন ও এনআরসি ~ রোহন কুদ্দুস

যে মুসলমান সহনাগরিকের দিকে পাঁথর ছোঁড়েন, যে মুসলমান রাস্তায় আগুন জ্বালান, যে মুসলমান ক্যাবের বিরোধিতায় ভাঙচুর করেন, তাঁদের উসকানি দেয় রাজনীতি। সেই রাজনীতি, যা সংখ্যালঘুদের উন্নতির কথা আওড়ে তাদের বোড়ে হিসাবে ব্যবহার করে নিজের গদি টিকিয়ে রাখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এ রাজ্যে মুসলমানদের কী উন্নতি হয়েছে সে সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই, কিন্তু সংখ্যাগুরু সমাজ থেকে তাদের আলাদা করে এনে তাদের প্রতি রাজ্যের অবশিষ্ট মানুষের অবিশ্বাস তৈরিতে মমতা পুরোপুরি সফল। রাজ্যটা তিনি সোনার থালায় বসিয়ে বিজেপি-র হাতে তুলে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা মুসলমানদের নিয়ে করেছেন, বিজেপি সেই একই জিনিস হিন্দুদের নিয়ে করছে। আমার ছোটবেলায় 'ভোটব্যাঙ্ক' কথাটা মুসলমান শব্দের সঙ্গে জুড়ে ছিল। এখন দেখি সংখ্যালঘু, সংখ্যাগুরু সবাই ভোটব্যাঙ্কে পরিণত হয়েছে। ফলে মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব, অর্থনীতির বৃদ্ধির হার থেকে কৃষকের দুর্দশা-- এসব নিয়ে একজোট হয়ে রাজাকে প্রশ্ন করার মতো মানুষ আর অবশিষ্ট নেই। তার ওপর বস্ত্র, বাসস্থান, খিদে-- এগুলোর থেকেও আরও গভীরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংশয় মানুষের মনে ঢুকিয়ে দিয়ে রাজা নিশ্চিন্ত।

ক্যাবের ফলে হিন্দু 'শরণার্থী'রা নিরাপদ, ফলে ক্যাব সমর্থন করাই যায়-- এমন আগুনে হাত না সেঁকাই ভালো। ক্যাব কোনও বিচ্ছিন্ন আইন নয়। এর প্রয়োগ করা হচ্ছে আসামের এন আর সি-তে বিজেপি-র প্রতি তৈরি হওয়া অবিশ্বাসকে প্রশমিত করতে। আর এই এন আর সি কাকে ঘরছাড়া করবে আমরা কেউই জানি না। আবার ক্যাব মুসলমান 'রিফিউজি'দের প্রত্যাখ্যান করবে, অতএব মুসলমান হিসাবে রাস্তায় নামা দরকার, এমন চিন্তাও পাশে সরিয়ে রাখা আশু প্রয়োজন। ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ হোক ধর্মনির্বিশেষে। মানুষের একজোট হওয়া জরুরি, তৃণমূল বা বিজেপি-- দু-দলেরই ধর্মভিত্তিক রাজনীতিকে 'না' বলা জরুরি। রাজ্যটা 'নারায়ে তকবির' আর 'জয় শ্রীরাম'-এর মধ্যে ভাগ হয়ে গেলে আগুন জ্বলবে সাধারণ মানুষের ঘরে, এই সহজ সত্যিটা আমাদের মাথায় ঢুকছে না!

রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

খেলা~ অরুণাচল দত্তচৌধুরী

এই যে দেখছ বধ্যভূমি, এবং সে'টার পাশেই ভাগাড়…
ঘাবড়িও না, সমস্তটাই বিরাট একটা পরীক্ষাগার।
এই যে কোথাও এনকাউন্টার, অন্য কোথাও জ্বলছে চিতা।
উদ্বাহু কেউ হাসছে... কাঁদছে। সমর্থন আর বিরোধিতা। 

নিয়ম এবং কানুনগুলো ভুল বোঝানোর দুই মুখো সাপ।
কোন দিকে যে বাড়ায় ফণা, কখন শাস্তি, কখন যে মাপ!
সাক্ষী লোপাট করতে পারলে যায় মুছে যায় সকল সাক্ষ্য। 
বুঝতে বুঝতে বছর গড়ায়, বিচার যখন করঞ্জাক্ষ!

নিপুন নাট্যমঞ্চে তখন গড়িয়ে যাচ্ছে নতুন পালা।
কলরবেই সার্থক হয় তার্কিকদের কর্মশালা।
চালাক অভিনেত্রী লুকোয় 'কাস্টমার'এর সেই থিয়োরি। 
প্রভাববিহীন ভাবতে থাকে... আজকে সকল দোষ কি ওরই?

এর ভেতরে বাঁচতে গেলে বাছতে হবেই একটা পক্ষ
দু চোখ বুজে কানামাছি যেমন খোঁজে নিখুঁত সখ্য।
বাক্য শানায়, যুক্তি বানায়, সব পক্ষই। অকাট্য তা।
ডেমোক্রেসির আনাচ ঘুরে উড়তে থাকে আইনি চোথা।

এবং খেলা শেষের পরে, সেই বোকাটা বুঝতে থাকে,
চালাক রাষ্ট্র খাচ্ছে মধু, সময় খাচ্ছে সময়টাকে।

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

ধর্ষণ, শ্রেণী ও এনকাউন্টার ~ অনির্বান মাইতি

আপাতত হায়দ্রাবাদ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নিয়ে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত। একদল দুই হাত তুলে আশীর্বাদ করছে সিস্টেমকে, আর একদল সিস্টেমের প্রতি ঘৃণা উগরে দিচ্ছে। আমি যেহেতু অত্যন্ত ধান্দাবাজ একজন লোক, আমি দুইদিকের বক্তব্যকেই আংশিক সমর্থন যুগিয়ে চলেছি। এই ডিবেটগুলো আমি পছন্দ করি কারণ এগুলোর মাধ্যমে ক্রমশ ঘটনার মোড়ক খুলছে। অনেক কিছু সামনে আসছে।

ধর্ষকরা সমাজের ঘৃণ্যকীট তাদের মৃত্যুতে কোন দুঃখ নেই বরং এই ভেবে ভালো লাগছে যে চারটি নষ্ট হয়ে যাওয়া মানসিকতা এই পৃথিবী থেকে মুছে গেল। কিন্তু এতে উক্ত মানসিকতা নষ্ট হয়ে গেল না। এখনো রাস্তায় ঘাটে মহিলারা নিরাপদে ঘুরে বেড়াতে পারে সেরকম আশা করা যাচ্ছে না। এই বক্তব্যের ব্যাখ্যা প্রয়োজন, আসুন আলোচনা করি।

সারা দেশের ধর্ষকদের প্রথমেই আমি দুইটি ভাগে ভাগ করে নেই, ১) প্রিভিলেজড ধর্ষক ২) আনপ্রিভিলেজড ধর্ষক। হায়দ্রাবাদে যারা নিহত হল তারা আনপ্রিভিলেজড ধর্ষক গোত্রীয়, এরা সমাজের নিচু স্তরের ধর্ষক। যারা অন্ধকারে লুকিয়ে সুযোগের অপেক্ষায় ছিল। তাদের গন্ডীর মধ্যে এসে পড়া প্রিয়াঙ্কা রেড্ডিকে পেয়েই কর্ম সম্পাদন করেছে। দিল্লীর ক্ষেত্রেও এদেরই দেখা গেছিল। সারা ভারতবর্ষ তোলপাড় করে ফেলা দুটি ধর্ষণ কান্ডই আনপ্রিভিলেজড ধর্ষকদের দ্বারা সম্পন্ন হয়েছিল। এই তোলপাড়ের ব্যাপারটা অপারেট করে মূলত মিডিয়া। তারা ক্রমাগত ঘটনার চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে মানুষকে চাগিয়ে তোলে, উত্তেজিত করে, মানুষের হয়ে তারাই দাবী ছুঁড়ে দেয়। মানুষ সেইমত প্রতিক্রিয়া জানাতে জানাতে যায়। কিন্তু এই মিডিয়ায়ই আবার নিজেদের সংযত করে ফেলে প্রিভিলেজড ধর্ষকদের ক্ষেত্রে। উন্নাও বা এরকম হাজারটা ধর্ষণ কান্ড এর প্রমাণস্বরূপ দেওয়া যেতে পারে। মানু্ষ ও প্রিভিলেজড দের ভয় পায়। দুম করে এদের শাস্তিবিধান করতে পারে না। কিন্তু অসুখটা যেহেতু ধর্ষণ, আর অসুস্থ যেহেতু প্রিভিলেজড এবং আনপ্রিভিলেজড উভয় পক্ষই সেহেতু এক পক্ষের শাস্তিতে অসুখটা ফুরোচ্ছে না। বরং প্রিভিলেজডদের মনে এই সাহসটুকু ঢুকছে যে শাস্তি পেলে ওরা পাবে, আমরা সেফ। আমরা হয়তো অনেকেই ভুলে গেছি সুপ্রীম কোর্টের চিফ জাস্টিসের বিরুদ্ধেও একটি মেয়ে মলেস্টেশনের অভিযোগ এনেছিল। তারপর সেই অভিযোগ কোথায় যেন হারিয়ে যায়। সেই বিচারপতিই রামমন্দির বিতর্কের অবসান করেন তার ঐতিহাসিক রায় এ।

এবার কথা হল মানুষ যাবে কোথায়? করবে কী? উন্নাও এর অপরাধীরা ছাড়া পেয়েই মেয়েটিকে জ্বালিয়ে মেরে দিল। এর আগেও গাড়ি চাপা দিয়ে মেয়েটিকে মারার চেষ্টা হয়েছে। যেহেতু উন্নাও এর ধর্ষক দেশের শাসকদলের ঘনিষ্ঠ, সেহেতু হায়দ্রাবাদ নিয়ে আমরা যতটা উত্তেজিত, উন্নাও নিয়ে ততটা নই। কিন্তু ক্রমাগত ভিক্টিমের ওপর আক্রমণ করে এই প্রিভিলেজড ধর্ষক প্রমাণ করছেন যে তাঁরা কিন্তু "সেফ"। আর একজন ধর্ষক যেখানে সেফ সেখানে আমরা কী করে স্বস্তির নিশ্বাস ফেলতে পারি? যতদিন একজন ধর্ষক জীবিত থাকবে ততদিন কী করে আমাদের ভরসা ফিরতে পারে?

এনকাউন্টার স্পেশ্যালিস্ট সাজ্জনার কে দিয়ে ঘটনার পুনঃনির্মাণ এ পাঠানোর সময়েই প্রশাসন কী ঠিক করে ফেলে নি কী ঘটতে চলেছে? আমরা তো এমন আইন চেয়েছিলাম যার ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ধর্ষণ নামক অভিশাপ থেকে মানুষ মুক্ত হয়। অপরাধীদের হত্যার মাধ্যমে সেই আইন প্রতিষ্ঠার পথ ব্যহত হল না? কারণ কেসটাই তো বন্ধ হয়ে যাবে এবার। হায়দ্রাবাদে অপরাধীর মৃত্যু, উন্নাও এ ভিকটিমের মৃত্যু দুটো ধর্ষণ সংক্রান্ত কেস বন্ধ হওয়া ভারতে ধর্ষণ বিরোধী শক্তিশালী আইন প্রতিষ্ঠার পথে কত বড় বাধা হল সেটা নিয়ে আলোচনা উঠবে না? দিনের শেষে লাভবান হল তো প্রিভিলেজডরাই।

অনেকে বলছেন নিজের ঘরে রেপ হলে বুঝতে কেন এই এনকাউন্টারকে সমর্থন করছি। কাউন্টারে এটাও সত্যি যে নিজের ঘরে এনকাউন্টার হলে বুঝতে কেন আমরা রেপ এবং এনকাউন্টার দুটোরই বিপক্ষে। আপনি ক্ষেত্রবিশেষে এনকাউন্টার এর সমর্থক হতে পারেন না। হয় আইন অথবা এনকাউন্টার যে কোন একটার পক্ষে দাঁড়াতে হবে। আমার দুই মামাকে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থাকার অপরাধে পুলিশ বাড়িতে ঢুকে তাদের মায়ের সামনে গুলি করে মেরেছিল ৭২ সালে। আমি যদি এনকাউন্টার সমর্থন করে ফেলি তাহলে এই ঘটনাকেও সমর্থন জানাতে হয়। কারণ আইন না হলে এনকাউন্টার যে কোন একটাই বেছে নিতে পারেন আপনি। আর এনকাউন্টারকে বেছে নিলে প্রিভিলেজডরা যে কোনদিনই শাস্তি পাবে না সে ব্যাপারে নিঃসংশয় থাকুন। আর আরো বেশি আশঙ্কিত হোন এই ভেবে যে শুধু প্রিভিলেজড ধর্ষকে ভর্তি পৃথিবী আরো কত ভয়ঙ্কর হতে পারে।

***একটা কথা সবাই মাথায় রাখুন, গণতন্ত্রের শর্ত এই যে আমরা সকলেই সহমত না হয়েও যেন আলোচনা চালিয়ে যেতে পারি। এমন কিছু করবেন না, যাতে আলোচনা ঘেঁটে যায়।