কম বয়সে দেখা হিন্দি সিনেমার দৃশ্য আর সংলাপ মাথার মধ্যে ঘোরে - চন্দ্র বা সূর্য্যবংশীয় রাজপুত পরম্পরার রক্ত গরম করা ডায়লগ। মাথায় ঘোরে ছোটদের রমেশচন্দ্র সিরিজের রাজপুত জীবনসন্ধ্যা আর মহারাষ্ট্র জীবনপ্রভাত। আধবুড়ো বয়সে পৌঁছে আবার করে ইতিহাস পড়তে গিয়ে নানান আধুনিক ঐতিহাসিকদের বইয়ে খুঁজে পাই প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি তৈরীর সময়ে ব্রিটিশদের দেওয়া "মার্শাল রেস" লেবেলের কথা - যেটা দিয়ে ক্লাসিফাই করা হয়েছিল ভারতের মানুষকে - কে সেনাবাহিনীর উপযোগী আর কে নয়। পড়ি হাজার হাজার বছর ধরে ধর্ম রক্ষা করে আসা অস্ত্রধারী সন্ন্যাসীদের কিস্সা। ভাবতে বসি, আর আরও পড়তে গিয়ে খুঁজে পাই একটা ইন্টারেস্টিং শব্দ - মিলিটারি লেবার মার্কেট - আধুনিক পৃথিবীর সঙ্গেও বেশ খাপ খেয়ে যায় শব্দটা। বাংলা করলে হয়তো এর মানে দাঁড়াবে "সামরিক শ্রমের বাজার", তবে তার চেয়ে "মিলিটারি লেবার মার্কেট" শুনতে ভালো, কাজেই সেইটাই ব্যবহার করব। এই গল্পটা সেই মিলিটারি লেবার মার্কেটের - এই বাজারের খেলাতেই কীভাবে তৈরী হয়েছিল ছোট বড় সেনাবাহিনী, রাজা মহারাজা, সুলতান, মায় আস্ত জাতির আইডেন্টিটিও। সূত্র মুলতঃ ইটনসায়েবের "ইন্ডিয়া ইন দ্য পার্সিয়ানেট এজ, ১০০০-১৭৬৫" আর পিঞ্চসায়েবের "ওয়ারিয়র অ্যাসেটিক্স অ্যান্ড ইন্ডিয়ান এম্পায়ারস"।
ফসল কাটার পরে...
চলুন, পিছিয়ে যাই ১৪৮০ সালের আশেপাশে।
অক্টোবর মাস। আউষ ধান কেটে ঘরে তোলা হয়ে গেছে। পরের সাত মাসে ক্ষেতে সেরকম আর কাজ নেই। যে মানুষটার ঘরে একটা বল্লম আছে, বা তীরধনুক বা তরোয়াল, তার সামনে খোলা দুটো রাস্তা - ঘরে বসে থাকা, আর নয়তো টাকার বিনিময়ে যুদ্ধে ভাড়া খাটা। কাজের খোঁজে বেশী দূর যেতে হয় না তাকে। গ্রামের আশেপাশেই ঘোরে "দালাল" - ফার্সী নথিপত্রে বলে "জামাদার", আজকের ভাষায় "জমাদার"। সে ইতিমধ্যেই গ্রামের জমিদারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে - সেই জমিদার, যার আদেশ গ্রামের উঠতি ছেলেছোকরারা ফেলতে পারে না। জমিদার আর জমাদার মিলে একটা দল তৈরী করে সশস্ত্র যুবকদের; তারা পাড়ি দেয় কোনো দূর দেশের রাজদরবারের দিকে। সেই দেশের রাজার হয়ে যুদ্ধ করতে। যারা বেঁচে থাকবে, তারা ফিরে আসবে পরের মে মাসে - ক্ষেতে ধান রোয়ার সময়ে।
কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয়, খাপছাড়া ঘটনাও নয়। রিচার্ড ইটনের কথায়, সেই পনেরো শতকের সময় থেকে উনিশ শতকের গোড়া অবধি এরকমই একটা মিলিটারি লেবার মার্কেট রমরমিয়ে চলত ভারত জুড়ে। ব্রিটিশরা ক্ষমতায় এসে দেশীয় সমাজকে অস্ত্রছাড়া করা অবধি। গোটা ভারত জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য রাজ্যের কোনোটাই এই সশস্ত্র শক্তির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ তৈরী করতে পারেনি কোনোদিনও। প্রায় প্রতিটা গ্রামে বেশির ভাগ মানুষের হাতেই ছিল অস্ত্র - তারা ইচ্ছেমত যে কোনো রাজার সৈন্যদলে যেমন যোগ দিতে পারত, তেমনই বিদ্রোহও করতে পারত। কাজেই, বিভিন্ন প্রদেশের রাজা, সুলতান বা ওয়ারলর্ডরা (দলপতি, গোষ্ঠীপতি - যা খুশী বলুন) এই লোকগুলোকে নিজেদের দলে টানার প্রতিযোগিতায় নামতেন। আর, এই ভাড়ার তরোয়ালই শেষ অবধি ঠিক করত কে ক্ষমতার মইয়ে ওপরে উঠে শাসন করবে, আর কে নামবে...এমনকী মানুষ তার পরিচয় কীভাবে তুলে ধরবে...আইডেন্টিটি কী হবে তার।
ক্রীতদাস থেকে সুলতান
গল্পের শুরু বাস্তবে আরও আগেই, আর সেও সিন্ধু পেরিয়ে আরও পশ্চিমে। মোটামুটি ১০০০ খ্রীষ্টাব্দ নাগাদ গজনীর সুলতানেরা আফগানিস্থানে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিলেন তুর্কী ক্রীতদাসদের তরোয়ালের জোরে - কমবয়সী ছেলেদের দল, মধ্য এশিয়া থেকে ধরে আনা, পরিবারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে যোদ্ধা প্রভুদের হাতে তুলে দেওয়া হত যাদের। এই প্রভুরাই এদের খাওয়াপড়ার ভার নিত, যুদ্ধ শেখাত, যুদ্ধের সরঞ্জাম দিয়ে অল্পবয়সী ছেলে পিটিয়ে গড়ে তুলতে শৃঙ্খলাবদ্ধ সৈনিক, যে প্রভুর জন্যে সব কিছু করতে পারে। হ্যাঁ, সেই গেম অফ থ্রোনসের unsullied-দের মতই খানিকটা। পরিবার পরিজন ছিল না, নিজের মাটির সঙ্গে যোগাযোগও কেটে গেছিল কম বয়সে - কাজেই ধরেই নেওয়া হত যে এরা রাষ্ট্রের অনুগতই থাকবে সবসময়। মজার কনট্র্যাডিকশন একটা - সামাজিক সম্মানের দিক দিয়ে নীচু শ্রেণীর, অথচ সশস্ত্র, সিংহাসনের কাছের লোক, যথেষ্ট উঁচু পদে, এবং ক্ষমতার মই বেয়ে ওপরে উঠতেও সক্ষম…
এই চাকা পুরোটা ঘুরে এল ভারতে। ১২০৬ সালে, মহম্মদ ঘোরী খুন হওয়ার পর, তাঁর ক্রীতদাস মিলিটারি কম্যান্ডার যারা ভারতে ছিল, তারা সকলেই ঘোরীর উত্তরাধিকারী হিসেবে নিজের নিজের স্বাধীন রাজ্য ঘোষণা করে ফেলল - মহম্মদ ঘোরীর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও। তালেগোলে দিল্লীতে তৈরী হল দাস বংশ বা মামলুক বংশ। প্রথম দিকে কুতুব উদ্ দিন আইবক, তারপর তাঁর ক্রীতদাস ও পরে জামাই ইলতুৎমিস (বা আলতামাস), তারপর তাঁর মেয়ে রাজিয়া...শেষ অবধি আরও এক তুর্কী ক্রীতদাস উলুগ খান ঘিয়াস উদ্ দিন বলবন নামে তুর্কী ক্রীতদাস আর স্বাধীন আফগান সৈন্যদের নিয়ে নিজের ক্ষমতা কায়েম করেন।
যেটা খেয়াল রাখা দরকার, সেটা হল এই সময়ের মিলিটারি লেবার মার্কেটও কিন্তু শুধুমাত্র তুর্কী ক্রীতদাস অধ্যুষিত ছিল না। গজনীর মামুদের সৈন্যদের মধ্যে একটা বেশ বড়সড় অংশ ছিল হিন্দু। সেই সময়ের ফার্সী ডকুমেন্টেশন থেকে জানা যায় যে মামুদের সেনাবাহিনীতে অন্ততঃ বারোজন হিন্দু সেনাধ্যক্ষ ছিলেন। এই এলিট কম্যান্ডারদের মধ্যে ছিলেন সেওয়ান্দ রাই, যিনি মামুদের মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ পরেই রাজপরিবারের হয়ে যুদ্ধে নেমে মারা যান; ছিলেন গজনীতে অবস্থিত ভারতীয় ফৌজ - লশ্কর-ই-হিন্দুয়ান-এর অন্যতম প্রধান সেনাপতি বিজি রাই; এবং সুখপাল - হিন্দু শাহী রাজবংশের এক রাজপুত্র, যুদ্ধে বন্দী করার পর মামুদ তাঁকে রাজত্বের এক এলাকার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন। মামুদের এই হিন্দু ফৌজের সেনাপতিদের তাঁবেতে ছিল বেশ বড়সড় পদাতিক, ঘোড়সওয়ার আর হাতিতে চড়া সৈন্যবাহিনী - আর এঁদের বিশেষ খ্যাতি ছিল এলিট শক্ ট্রুপার হিসেবে। মামুদের ফরমুলা মেনেই তাঁর মৃত্যুর পরে, ১০৩৩ সালে মামুদের ছেলে এবং উত্তরাধিকারী সুলতান মাসুদ লাহোরে এক তুর্কী বিদ্রোহ দমন করতে সেনাবাহিনীর সিপাহ্সালার-ই-হিন্দুয়ান (কম্যান্ডার ইন চিফ) হিসেবে নিয়োগ করেছিলেন তিলক নামের একজন নামজাদা হিন্দু জেনারেলকে…
A horse, a horse, my kingdom for a horse…
শেক্সপীয়ারের নাটকের এই লাইনটা আজ আর কারো অজানা নয়। ভারতেও ঘোড়ার দাম ছিল এমনই। কারণ, সমস্ত বাজারেই কিছু না কিছু একটা কমোডিটি থাকে যার যোগান চাহিদার চেয়ে কম। ভারতে সেই কমোডিটি ছিল যুদ্ধের জন্যে উপযোগী ঘোড়া। এগ্রারারিয়ান কমিউনিটি বা কৃষিভিত্তিক সমাজ হওয়ার জন্যে পর্যাপ্ত চারণভূমির অভাব - কাজেই ভারতীয় উপমহাদেশে ঘোড়ার প্রজনন ছিল সীমিত। মধ্য এশিয়া থেকে স্থলপথে বা জাহাজে ঘোড়া আসত এদিকে - বিশেষ করে ক্যাম্বে (খাম্বাত) এর মত বন্দর হয়ে - প্রতি বছর হাজারে হাজারে। এদিকে এই মিলিটারি লেবার মার্কেট ছিল রূপোর মুদ্রার ওপর নির্ভরশীল, কাজেই সেখানে একটা সাইক্ল চলত। মন্দির বা শহর লুঠ করে ধনসম্পদ গলিয়ে মুদ্রা তৈরী হত; সেই মুদ্রা দিয়ে কেনা হত ঘোড়া আর মাইনে দেওয়া হত সৈন্যদের। আর সেই সৈন্যেরাই বেরিয়ে পড়ত আরো ধনসম্পদ লুঠ করার উদ্দেশ্যে। খলজী আর তুঘলকের আমলে এই ব্যবস্থাটা তেল দেওয়া মেশিনের মত চলত। কিন্তু ১৩৪০-এর দশকের আশেপাশে এই সম্পদ কমে আসতে থাকে, বাংলা আর দাক্ষিণাত্য দিল্লীর সুলতানী এলাকার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইটন এই সময়টাকে বলেছেন "সিলভার ফেমিন" (রূপোর দুর্ভিক্ষ)। ফলে, দিল্লীর সুলতানদের পক্ষে আর আগের মত ঘোড়া কেনা বা সৈন্যদের মাইনে দেওয়া অসম্ভব হয়ে পড়ে। এবার, মাইনে না দিলে লোকে কাজ করবে কেন? এই ব্যাপারটা সেই তখনও যা ছিল, আজও তাই আছে, এবং এটা অস্বাভাবিক নয়। ফলে ট্র্যাডিশনাল সৈন্যবাহিনীগুলো ভাঙতে শুরু করে। ঘোড়ার ব্যবসার হাত ধরে নতুন ধরণের এক সামরিক নেতৃত্ব উঠে আসে এই উপমহাদেশে।
আফগান ব্যবসায়ীরা অনেক দিন ধরেই সশস্ত্র কাফেলা বা ক্যারাভান নিয়ে উত্তর পশ্চিমের গিরিপথ হয়ে ভারতে আসতে ঘোড়া নিয়ে। এদের মধ্যে কেউ কেয় এই ব্যবসার হাত ধরেই ক্ষমতা গুছিয়ে নেয়। বহলুল লোদি - লোদি বংশের প্রতিষ্ঠাতা - প্রথম এই উপমহাদেশে এসেছিলেন ঘোড়ার কাফেলা নিয়েই। দিল্লীর সুলতান সেই বহলুল লোদিকে নগদ টাকার বদলে জায়গীর দিয়েছিলেন। সেই জমিকেই ভিত্তি হসেবে ব্যবহার করে ১৪৫১ সালে বহলুল লোদি দিল্লীর সুলতান হয়ে ওঠেন। ঘোড়া ব্যবসায়ী থেকে সুলতান হয়ে ওঠার মই ছিল জমির মালিকানার একটা কাগজ...
তৈমুরের আমল
১৩৯৮ সালে তৈমুরের আক্রমণের সময়ে পুরনো শাসনব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। বিভিন্ন প্রদেশের গভর্নররা স্বাধীনতা ঘোষণা করেন, ফলে স্থলপথে ঘোড়া আনাগোনার রাস্তাগুলো বন্ধ হতে শুরু করে। জৌনপুর বা মালওয়ার মত এলাকা - যেখানে সহজে ঘোড়া আনানোর ব্যবস্থা ছিল না - সেখানকার শাসকরা পূর্বভারতের জঙ্গল থেকে হাতি আমিদানি করতে শুরু করেন, এবং হাতির সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন গ্রামের মানুষদের ওপরেও নির্ভরতা তৈরী হয়। ১৪৮৩ সালে লোদি সুলতানরা জৌনপুরের দখল নেওয়ার পর সেখানকার সৈন্যরা কাজ হারিয়ে পশ্চিমে পাড়ি দেয় নতুন কাজের খোঁজে। কাজও পেয়ে যায় তারা - (এখনকার মধ্যপ্রদেশের) রাইসেনের মত দুর্গের অধিপতিদের কাছে বা তাদেরই হাত ধরে মালওয়া আর রাজস্থানের অন্যান্য ছোটবড় রাজ্যগুলোতে। মালওয়ার শেষ সুলতান, দ্বিতীয় মাহমুদের (১৫১১-৩১) প্রধানমন্ত্রী হয়ে উঠেছিলেন রাইসেনের অধিপতি মেদিনী রাই, আর তাঁর আমলে মালওয়ার ফৌজে জৌনপুরের মত পূর্বদেশ (বা তখনকার ভাষায় পূর্বিয়াঁ) থেকে আসা প্রায় ৪০০০০ সৈন্য ছিল - পরে যাদের পরিচয় হয়ে ওঠে "রাজপুত"…
জাতিগত পরিচয় তৈরী
ইটনের দেওয়া সবচেয়ে চমকপ্রদ তথ্য এই মিলিটারি লেবার মার্কেটের হাত ধরে জাতিগত পরিচয় তৈরী হওয়াকে ঘিরে। এই বাজারে শুধুমাত্র যোদ্ধা হিসেবে পরিচিত জাতির মানুষেরাই আসতেন না; বরং এই বাজারে তৈরী হয়েছিল নতুন জাতিগত পরিচয়ও। পূর্বাঞ্চল থেকে আসা মানুষেরা পরিচিত পেয়েছিল "পূর্বিয়াঁ রাজপুত" হিসেবে, কারণ তাদের নিয়োগ করেছিল যারা, তারাও নিজেদের পরিচয় দিত রাজপুত হিসেবেই। ইতিহাস বলছে, যে সেই অস্থির পনেরো শতকে, "রাজপুত" বা "আফগান" জাতীয় শব্দগুলো সুনির্দিষ্ট জাতিসত্ত্বার চেয়ে মিলিটারি অ্যাফিলিয়েশনের ওপরে বেশি জোর দিত। যে কোনও একজন মানুষ, যে মিলিটারি ঐতিহ্যের অংশ হয়ে উঠত, সেই ঐতিহ্যের পরিচয়ই বহন করত সে।
রাজপুত শব্দের বিবর্তনই এই পরিবর্তনের সাক্ষী। পুরনো লিপি অনুযায়ী রাজপুত্র মানে রাজার ছেলে, অর্থাৎ একটা পদমর্যাদা। চতুর্দশ শতকে, সংস্কৃতে লেখা হাম্মীর মহাকাব্যে, মধ্য এশিয়া থেকে আসা অরিজিনালি মঙ্গোল এক সৈন্যের বিবরণ পাওয়া যায় - ফার্সীতে যাঁর নাম মুহম্মদ শাহ, আর সংস্কৃতে মহিমাশাহি - যিনি দিল্লীর সুলতানী সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন কেরিয়ারের শুরুতে। পাকেচক্রে দলবদল ঘটে। তারপর, ১৩০১ সালে, রণথম্ভোরের দুর্গরক্ষার যুদ্ধে হেরে যাওয়ার মুখে পড়ে তিনি নিজের গোটা পরিবারকে হত্যা করেছিলেন, যাতে শত্রু তাঁর পরিবারের লোকজনের গায়ে হাত না দিতে পারে। দিল্লীর সুলতানের ক্ষমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি তাঁর প্রভু চৌহান রাজার হয়ে যুদ্ধ করতে করতে প্রাণ দেন। ওই মহাকাব্যে মুহম্মদ শাহকে "ক্ষত্রিয়" হিসেবে দেখানো হয়েছে। আর, মুহম্মদ শাহের সেই আনুগত্য ও আত্মত্যাগ এক আদর্শের ভিত হিসেবে পরের দিকে সমস্ত রাজপুত বংশের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ষোড়শ শতক নাগাদ, চারণকবিদের হাতে নানান উচ্চাকাঙ্খী গোষ্ঠীপতিদের বংশতালিকা তৈরী হওয়ার সময়ে এই ধরণের ব্যক্তিগত বীরগাথা ক্রমশঃ পুরো বংশের ইতিহাস হয়ে উঠতে শুরু করে। এমনকি, পশুপালক গোষ্ঠীর সর্দাররা, বাস্তবে গবাদি পশু চুরি বা পাচারের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও, চারণকবিদের সাহায্যে হয়ে ওঠেন "গবাদি পশুর রক্ষক"।
বংশমর্যাদা বা ঠিকুজী-কুলজি সংক্রান্ত গোছানো বয়ানগুলো আরও পরের ঘটনা। ইটন লিখছেন যে, রাজস্থানের যোদ্ধা গোষ্ঠীগুলো ষোড়শ শতকের আগে নিজেদের ‘রাজপুত’ বলে পরিচয় দিত না। রাজপুতদের বেশিরভাগ লিখিত ইতিহাস ওই শতকের মাঝামাঝি সময় থেকেই পাওয়া যায় — ঠিক যে সময়টায় (আকবরের আমলে) মুঘল দরবারের সঙ্গে রাজপুতদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হতে শুরু করেছে। মুঘলরা বংশমর্যাদা আর রক্তের শুদ্ধতার ওপর বেশ ভালোই গুরুত্ব দিত। আর যেহেতু একমাত্র সম্রাটের হাতেই ছিল রাজপুত সিংহাসনের উত্তরাধিকার নিশ্চিত করার ক্ষমতা, তাই এই বংশধারার লিখিত নথিপত্র থাকা সেই সময়ে জরুরী হয়ে ওঠে। কাজেই, শাসক বা গোষ্ঠীপতিরা প্রচুর টাকাপয়সা দিয়ে চারণকবি আর বংশতালিকা বিশারদদের কাজে লাগাতেন এই ধরণের নথি তৈরী করার উদ্দেশ্যে। নানান ধরণের কিংবদন্তী তখন থেকেই প্রচলিত হয়ে ওঠে, যেমন চৌহান, চালুক্য, পারমার আর প্রতিহার বংশের উৎপত্তি হয়েছিল মাউন্ট আবুর এক যজ্ঞকুণ্ডে, আর এরকম প্রচলিত ধারণাই এই গোষ্ঠীগুলোকে অন্য গোষ্ঠীদের থেকে আলাদা করে দেয়। চন্দ্রবংশীয় বা সূর্য্যবংশীয় গৌরবের শুরুও এই সময়েই…নানান কিংবদন্তীর হাত ধরে।
পুরো উপমহাদেশ জুড়েই এই ছবি দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, দাক্ষিণাত্যের সুলতানদের দরবারে কর্মরত মারাঠিভাষী যোদ্ধাদের হাত ধরে ‘মারাঠা’ শব্দটার সঙ্গে একই ধরণের একটা সামরিক ঐতিহ্য জুড়ে যায়। আস্তে আস্তে, এই লেবার মার্কেট যখন বাড়তে শুরু করে নতুন সৈন্যের প্রয়োজনে, তখন কুনবি সম্প্রদায়ের কৃষকরাও এই পরিচয়ের অংশ হয়ে ওঠে। গুজরাটের কিছু পশুপালক গোষ্ঠী পেয়ে যায় রাজপুত পরিচিতি। অন্যদিকে পঞ্জাবের সচ্ছল জাঠ কৃষকরা — যাদের অস্ত্র কেনার সামর্থ্য ছিল — তারা "শিখ খালসা"-র মধ্যে এক বিকল্প পথ খুঁজে পান (যদিও, এই খালসার সদস্যরা অর্থের বিনিময়ে যুদ্ধ করার বদলে সম্প্রদায় ও বিশ্বাসের জন্য লড়াই করতেন)। ইটনের থিওরিতে, এই ঘটনাগুলোর প্রতিটা একই প্রক্রিয়ার বিভিন্ন উদাহরণঃ মিলিটারি লেবার মার্কেটের মাধ্যমে সামাজিক স্টেটাসের উন্নতি, আর সেখান থেকে একটা নতুন সাংস্কৃতিক পরিচয়…
নগদের বাজার
একই স্ট্র্যাটেজি নিয়েছিল মুঘলরাও। এবং সেটা জয়ী পক্ষে থেকেই। ১৫৭৪ সালে বাংলা অভিযানের সময় আকবরের সেনাপতি মুনিম খান ঘন জঙ্গলে আটকে পড়েন। সৈন্যরা প্রায় বিদ্রোহ শুরু করে। সেই সময়ে, রাজা তোডরমলের পরামর্শে ঠিকঠাক হাতে ক্যাশ টাকা তুলে দেওয়া হয়। ম্যাজিকের মত সমস্যা মেটে। আবুল ফজল পরে লিখেছিলেন - এই নগদ টাকাই “quieted the slaves to gold”, এবং ইটনের বক্তব্যটাও তাই সত্যি প্রমাণিত হয়, যে সেই সময়ের মিলিটারি সিস্টেম দাঁড়িয়েছিল নগদ অর্থের ওপরে, জাতিগত বা রাজনৈতিক আনুগত্যের ওপরে নয়। মার্সিনারির বাজারে যে সবচেয়ে বেশি দাম দিতে পারতো, সেইই জিততো। বাংলার সুলতানের চেয়ে আকবরের ক্রয়ক্ষমতা ছিল অনেক বেশি। সীমান্ত এলাকার ইতিহাসও একই ছবি দেখায়। মুঘল সেনাধ্যক্ষ মির্জা নাথান জাহাঙ্গিরের আমলে বাংলার দায়িত্বে ছিলেন। তাঁর মেমোয়ার্সে দেখা যায় যে সশস্ত্র গ্রামবাসীরা একইভাবে যে সবচেয়ে বেশি দাম দিত, তার পক্ষেই ভাড়া খাটতো, আর ঠিকঠাক মাইনে পাওয়া অবধিই সঙ্গে থাকত…
দাক্ষিণাত্যঃ স্কাউটিং আর ক্রীতদাসদের নিলাম
বিন্ধ্যর দক্ষিণ অংশটার সঙ্গে মধ্য এশিয়ার ঘোড়ার বাজারের বিশেষ যোগসূত্র ছিল না, কারণ মাঝখানে পড়ে যেত হোস্টাইল মুঘল সাম্রাজ্য। কাজেই, দাক্ষিণাত্যের সুলতানরা ইমপ্রোভাইজ করেছিলেন পূর্ব আফ্রিকা থেকে হাবশি সৈন্য আমদানি করে। স্থানীয়ভাবে বংশানুক্রমিক সর্দারদের কাছ থেকে (মারাঠা দেশমুখ বা তামিল নায়ক) যোগাড় হত অশ্বারোহী সৈন্যও। এই দেশমুখ বা নায়করা নিজের নিজের অঞ্চলের মানুষদের সৈন্য হিসেবে যোগান দিতেন, বদলে পেতেন জমিজমার সরকারি নথি। বিজাপুরের ইব্রাহিম আদিল শাহ এইভাবেই প্রায় ৩০,০০০ মারাঠি সৈন্য যোগাড় করেছিলেন - তাদের ঘোড়া সাপ্লাই দিত রাষ্ট্র - বলা যায় বর্গী প্রথার শুরু হয়েছিল এইভাবেই।
দাক্ষিণাত্যের এই প্রথার সবচেয়ে পরিচিত নামের কথা বলি। জন্ম ইথিওপিয়ার পাহাড়ি এলাকায়, ১৫৪৮ সালে - বাপমায়ের দেওয়া নাম ছিল চাপু বা ওয়াকো চাপু। ক্রীতদাস হিসেবে লোহিতসাগর থেকে বাগদাদ - সেখানেই ধর্মান্তরিত করে নতুন নাম দেওয়া হয় - গন্তব্য হয় আহমদনগর। সেই মালিক অম্বরের কথা আপনারা ইতিহাসে পড়েছেন। আহমদনগরের সুলতানের মৃত্যুর পর মালিক অম্বর স্বাধীন ফ্রীল্যান্সার হয়ে ওঠেন। মুঘলরা যখন আহমদনগর আক্রমণ করে - ১৬০০ সাল নাগাদ - তখন স্থানীয় মারাঠা সৈন্যদের নিয়ে প্রায় সাত হাজার সৈন্যদের ঘোড়সওয়ার বাহিনী তৈরী করে মালিক অম্বর প্রায় দুই দশক মুঘলদের ঠেকিয়ে রাখেন গেরিলা যুদ্ধ করে। সম্রাট জাহাঙ্গীর মালিক অম্বরকে এতটাই বড় শত্রু মনে করতেন যে নিজের রাজসভার চিত্রকরকে দিয়ে নিজের ছবি আঁকিয়েছিলেন - মালিক অম্বরের কাটা মুন্ডুর দিকে তীর ছুঁড়ে টার্গেট প্র্যাক্টিস করার। আফ্রিকার এক ক্রীতদাস থেকে দাক্ষিণাত্যের সবচেয়ে ভয়ংকর ফ্রিল্যান্সার, ভারত সম্রাটের সবচেয়ে বড় শত্রু - মিলিটারি লেবার মার্কেটের সবচেয়ে বড় প্রমাণ এই অবিশ্বাস্য উত্থানটাই…
সতেরো শতকের শেষের দিকে দাক্ষিণাত্যের বাজারে পুরোদস্তুর নিলাম শুরু হয়। শিবাজী ১৬৪০ সাল থেকে বনবাসী মাওয়ালিদের নিজের বাহিনীতে আনতে শুরু করেন। ১৬৮০ সালের আশেপাশে আওরঙ্গজেবও একই কাজ করতে শুরু করেন - মারাঠা এলাকার গ্রামাঞ্চল বা বনাঞ্চল থেকে সৈন্য রিক্রুট করার। একই সময়ে এই বাজারে পা রাখেন নিজাম উল্ মুল্ক। দরকষাকষি ওঠে চরমে। যুদ্ধ তখন এতই লাভজনক একটা ব্যবসা, যে যাদের জমিজমা বলতে কিছুই ছিল না, তারাও রীতিমত সর্দার হয়ে উঠে গ্রামের মানুষদের নিজেদের দলে টানতে শুরু করে। সেই পুরনো ছন্দই বজায় থাকে - মে থেকে অক্টোবর অবধি ক্ষেতেখামারে চাষের কাজ, আর অক্টোবর থেকে পরের বছরের মে মাস অবধি যুদ্ধ…
অস্ত্রধারী সন্ন্যাসীদের কিস্সা
যুদ্ধের এই বাজারে, ছিল এমন একদল "বিক্রেতা", যারা শরীরে বর্ম পরার বদলে ছাই মাখত। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন - যোদ্ধা সন্ন্যাসীদের কথা বলছি - সেই নাগা সন্ন্যাসী, যারা নাকি হাজার বছর ধরে অস্ত্রহাতে হিন্দু ধর্মকে রক্ষা করত। বাস্তবে, এই সন্ন্যাসীরাও এই একই মিলিটারি লেবার মার্কেটের অংশ ছিল। রাজপুত, মুঘল, পাঠান, বা ব্রিটিশ - যে মহল থেকে বেশি পারিশ্রমিক আসত, এই সন্ন্যাসী বাহিনী তাদের হয়েই লড়াই করত। ডিটেল পাবেন উইলিয়াম পিঞ্চের Warrior Ascetics and Indian Empires বইতে [এরকম কিছু বইয়ের ওপর নির্ভর করে পুরনো একটা লেখারও লিঙ্ক দেব কমেন্টে]। বিধর্মীদের হাত থেকে হিন্দুধর্মকে রক্ষা করার ন্যারেটিভটা নেহাতই গল্পকথা। মিথ। যার শুরু হয়েছিল ১৬৫৭ সালে থানেশ্বরের একটা তীর্থক্ষেত্র দখল নিয়ে দুই দল সন্ন্যাসীর মধ্যে যুদ্ধ থেকে। আকবরের সময়কার ইতিহাসে এই ঘটনার কথা পাওয়া যায়।
উপমহাদেশের বিভিন্ন গ্রামের অন্যান্য মানুষেরা যেভাবে অভাবের তাড়নায় ফৌজে যোগ দিত, এই সন্ন্যাসীদের ক্ষেত্রেও ব্যাপারটা ছিল একই রকম। সেই সময়ে দুর্ভিক্ষ ছিল বেশ রেগুলার ঘটনা। দুর্ভিক্ষের সময়ে যে বাচ্চাদের বিক্রি করে দেওয়া হত সন্ন্যাসীদের হাতে বা মঠে, তারা হয়ে উঠত "চেলা" বা "শিষ্য"। রক্তের সম্পর্কের বদলে এদের আনুগত্য গড়ে উঠত গুরুর প্রতি - ঠিক যেমনটা তুর্কী ক্রীতদাস সৈন্যদের ক্ষেত্রে দেখা যায়। এই চেলাদের দিয়ে তৈরী হত লেঠেল বাহিনী যাদের কাজ ছিল অন্যান্য একরকমের রাইভাল গ্যাং থেকে নিজেদের গ্যাংকে রক্ষা করা, এবং দরকারের সময়ে কোনো রাজার দরবারে ভাড়া খাটা। আঠারো শতকে যুদ্ধের ব্যবস্থা ক্রমশঃ কামান বন্দুকের দিকে সরতে শুরু করলে আগের তরোয়াল, বর্শা, মুগুর নির্ভর সন্ন্যাসী বাহিনীগুলো "নাগা রেজিমেন্ট"-এ পরিণত হয়, কারণ সেই সময়ে আরও বেশি শস্তা আর সুশৃঙ্খল পদাতিক বাহিনীর দরকার হয়ে পড়েছিল। ১৭৯৮ সালে, এক মারাঠা ফৌজে প্রায় ১০,০০০ নাগা সৈন্যের আস্ত ডিভিশনের কথা লিখেছিলেন জেমস স্কিনার।
এই নাগা সন্ন্যাসী কম্যান্ডারদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম অনুপগিরি গোঁসাই। ১৭৩০ সালে, চরম দারিদ্র থেকে মুক্তি পেতে অনুপগিরির মা তাঁর সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন রাজেন্দ্রগিরির কাছে। ক্রমশঃ সেই রাজেন্দ্রগিরির সবচেয়ে বিশ্বস্ত চেলা হয়ে ওঠেন অনুপগিরি, যিনি পরে হিম্মত বাহাদুর নাম নিয়ে পানিপথের তৃতীয় যুদ্ধ আর বক্সারের যুদ্ধে লড়েছিলেন। দিল্লীর শাসক কে হবেন বা কাকে গদিচ্যুত করা হবে - তাতেও ভূমিকা ছিল অনুপগিরির। ফাইনালি, ১৮০৩ সালে, অনুপগিরি নিজের "সার্ভিস" বা পরিষেবা বিক্রি করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে - যার বিনিময়ে পেয়ে যান একটা বড় এলাকার রাজস্ব আদায়ের সত্ত্ব, প্রচূর জমিজমা আর নিজের ভাই উমরাওগিরির মুক্তি। পিঞ্চের মতে এই চুক্তির ফলেই মারাঠাদের সঙ্গে যুদ্ধে ব্রিটিশরা অ্যাডভান্টেজ পেয়ে যায়, কারণ বুন্দেলখণ্ড এলাকা রক্ষার দায় নিয়েছিলেন অনুপগিরি, আর তাই দিল্লীগামী ব্রিটিশ রসদের ওপরে মারাঠারা আর আক্রমণ করে উঠতে পারেনি…
শেষের কথা
রিচার্ড ইটনের এই মিলিটারি লেবার মার্কেট ন্যারেটিভের একটা মূল পিলার হল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই বাজারের বাইরে না রাখা। আঠারো শতকের ইতিহাসে আমরা দেখতে পাই ইউরোপীয়ানরাও ক্রমশঃ এই বাজারের ভিতরে ঢুকতে শুরু করে - কারণ ওই শতকের মাঝামাঝি সময় থেকে উচ্চাকাঙ্খী দেশীয় শাসকেরা নিজেদের ফৌজে ইউরোপীয় ধাঁচে প্রশিক্ষিত সৈন্যদের নিয়োগ করতে শুরু করেন - ঠিক যেভাবে একসময় পূর্বিয়াঁ বা মারাঠাদের নিয়োগ করা হত। ইটনের মতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাজারমুখী আইডিয়াল এই উপমহাদেশের অতীত থেকে একেবারে আলাদা হলেও সেই সময়ের মিলিটারি লেবার মার্কেটের কাঠামো ছাড়া কোম্পানি এখানে শেকড় গাড়তে পারত না। পিঞ্চের লেখাতেও একই অ্যানালিসিস পাওয়া যায়। কোম্পানি এই বাজারকে পরাজিত করেনি, বরং বাজারের সেরা যোদ্ধাদের কিনে নিয়েছিল।
হিন্দু, মুসলমান, মুঘল, পাঠান, মারাঠা, রাজপুত - ধর্ম বা জাতের ন্যারেটিভের বাইরে বেরিয়ে খুব নৈর্ব্যক্তিকভাবে দেখলে এই মিলিটারি লেবার মার্কেটের চরিত্র বোঝা যায়। দীর্ঘস্থায়ী, অত্যন্ত ফ্লেক্সিবল আর ক্যাওটিক হলেও চরম কার্যকরী একটা সিস্টেম...যেখানে ক্রীতদাসও হয়ে উঠতে পারে সুলতান, ঘোড়ার ব্যবসায়ী হতে পারে রাজা, গ্রামের সাধারণ বল্লমধারী সৈনিক হয়ে ওঠে জাতির গর্বে গর্বিত রাজপুত বা মারাঠা, এমনকি দুর্ভিক্ষের সময়ে বিক্রি হয়ে যাওয়া শিশুও একসময়ে নিজস্ব ভূসম্পত্তির অধিকারী গোঁসাই কম্যান্ডার হয়ে উঠতে পারে। বাজারের মূল মন্ত্র ছিল একটাই - আজকের মতই - অর্থ যার, শক্তি বা প্রতিপত্তি তারই। কোম্পানি যেদিন সবচেয়ে বেশি দর দেওয়ার অবস্থায় পৌঁছে গেল, দেশীয় এই বাজারও বন্ধ হয়ে গেল সেইদিনই। ১৮০৯ সালে মারাঠা অধিপতি দৌলত রাও শিন্ডের ফৌজ থেকে বেরিয়ে আলাদা কাজের খোঁজ করা কামতাগিরির মত ফৌজি সন্ন্যাসীদের হয় ব্রিটিশ পেনশনের ওপর নির্ভর করতে হয়েছে, বা, অপরাধী হিসেবে গারদে দিন কাটাতে হয়েছে - কারণ মিলিটারি লেবার মার্কেট তখন প্রায় শেষ অবস্থায়। শতাব্দীর পর শতাব্দী জুড়ে সশস্ত্র থাকা সমাজ কোম্পানির আমলে নিরস্ত্র হয়ে উঠল। আর, মাইনে করা মার্সিনারিরা পপুলার "ইতিহাস"-এর পাতায় হয়ে উঠলেন বিশ্বাসের অনুগত রক্ষক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন