পোড়াকাঠ বিভাগটা পুরোপুরি নিঃশব্দ আজ,
বেড নম্বর সাত চেয়ে আছে দরজার দিকে।
কেউ কি আসবে না আর, থাকতে কদিন?
ভীষণ মনমরা ফ্রিজ, টিভি, এসিরাও।
অথচ দুদিন আগেই কোর্ট ডাক দিলে
অ্যাম্বুলেন্সে এনে দিত গণতন্ত্রের জ্বর।
ডাক্তারবাবু খসখস করে লিখতেন - "অবস্থা সঙ্গীন”,
আর টিভির বুমগুলো গুঁজে যেত পিছন পিছন।
এখন ওনারা প্রাক্তন, হাজতে কড়িকাঠ গুনছেন...
ঘাঁটি গেড়েছেন কেউ বেসরকারি ঠিকানায়।
পোড়াকাঠ চিরকাল নাক উঁচু, হেঁজিপেঁজিদের নাগালে আসেনা।
তবু, ঘরগুলো নিজেরাই অসুস্থ হয়ে গেল বলে!
'ওনাদের উডবার্ন নেই, বার্নল আছে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন