শুক্রবার, ৮ মে, ২০২৬

নির্বাচনের পাঁচালি ~ শুভাশীষ মোদক চৌধুরী

।। নির্বাচনের পাঁচালি ।।
শুভাশীষ মোদক চৌধুরী 

আমি চুরি করি মাথা উঁচু করে,
তোদেরকে ডাকি - ভিক্ষে নে!
কালি দিতে পারি সাদা বস্তরে... 
বলি - কোনো কিছু শিখতে নেই!

DA বা কয়লা, নারদা, সারদা,
গরু বা ত্রিপল, চালের রেট
বাঁধা আছে সব। জনগণ গাধা -
আমি কবি, আমি ডক্টরেট!

ঢাক পিটি - আমি সততার মাথা,
আর তুই ভাজ আলুর চপ। 
উন্নয়নের কোটি কোটি টাকা 
বিছানার নিচে? অসম্ভব!

আমি ভিকটিম, ভিকটিম আমি!
যদিও বাচ্চা মেয়েটা খুন...
চাকরি বিক্রি? রেপ? কাটমানি?
বারো-আনা পেলে সব মকুব।

ছাত্ররা মরে মিছিলেতে গিয়ে,
ডাক্তার মরে, সে ছিল সৎ ...
শিক্ষক ঝোলে কড়িকাঠ থেকে - 
পোড়ে মজদুর, সেও আপদ।

আমি সুখে আছি, তোরাও বাঁচবি
চপ ভেজে ভেজে, চটি চেটে।
মোচ্ছব পাবি, আড়ালে বেচবি
মেরুদন্ডটা - নেড়ে ঘেঁটে।

সোনার রাজ্যে বিষ ঢেলে ঢেলে
বানিয়েছি এক মহাশ্মশান।
চুনোপুঁটিগুলো যেতে পারে জেলে,
আমাকেই তোরা আবার আন ।।

Uploaded Image

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন