বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

মাতৃভাষা দিবস ~ ডঃ সমুদ্র সেনগুপ্ত

যার অক্লান্ত প্রয়াসে বাংলা ভাষার শহীদ প্রয়াণ দিবস ২১শে ফেব্রুয়ারি কে ইউনাইটেড নেশন্স বা সম্মিলিত জাতিপুঞ্জকে সারা পৃথিবী জুড়ে "মাতৃভাষা দিবস" হিসেবে স্বীকৃতি দিয়েছিল তিনি হলেন কানাডা নিবাসী তরুণ বাংলাদেশি রফিকুল ইসলাম।
রফিকুল, যিনি একজন প্রাক্তন মুক্তিযোদ্ধাও বটে, ৯ই জানুয়ারি, ১৯৯৮ তে কানাডায় বসে তৎকালীন ইউএন মহাসচিব কোফি আন্নান কে ভাষা দিবস ঘোষণা করার অনুরোধ জানিয়ে একটি চিঠি লেখেন। যাইহোক, তার প্রস্তাব প্রত্যাখ্যাত হয় কারণ ওই ধরণের প্রস্তাব কোনো সদস্য দেশের বদলে, ব্যক্তিমানুষের বা সংগঠনের কাছ থেকে আসলে গৃহীত হয় না।
এটি শোনার পরে হতাশ না হয়ে বন্ধু আব্দুস সালামকে সঙ্গে নিয়ে রফিকুল একটি সংগঠন গড়ে তোলেন। তার সেই সংগঠন, Mother Language Lovers of the World" এর আদি সহযোদ্ধা ছিলেন যে ন'জন, তারা হলেন:
◆আব্দুস সালাম ( বাংলা)
◆এলবার্ট ভিনজন ও কারমেন ক্রিস্টোবল (ফিলিপিনো)
◆জ্যাসন মনির ও সুসান হজিন্স (ইংরেজি ভাষা)
◆কেলভিন চাও (ক্যান্টোনিজ)
◆রিনাতে মারটেন্স (জার্মান)
◆নাজনীন ইসলাম (কাছি) এবং
◆করুণা জোশি (হিন্দি)
৭০ এর দশকে নিউ ইয়র্ক শহরে কালচারাল
এসোসিয়েশন অফ্ বেংগল প্রতিষ্ঠিত হয়। তার প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা রণজিত্ রায়।রফিকুল এবং আব্দুস নিউ ইয়র্ক এ গিয়ে ওঁর সংগে বিস্তারিত আলোচনার পর এই পুরো অপারেশন এর মানচিত্র তৈরি করেন যে কিভাবে এগোলে জাতিপুঞ্জ এর কাছ থেকে এই দাবি আদায় করা যাবে।
এসব সংক্রান্ত মিটিং এ কোনও সদস্য-দেশ কে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব পেশ করতে হয়।
ওই মিটিং এ বাংলাদেশ সরকার এই প্রস্তাবটি পেশ করে। সেই হিসাবে বাংলাদেশ সরকারও তার ভূমিকা যথাযথ ভাবে পালন করেছে ।
বাংলাদেশ সরকারের এই প্রস্তাবটি একটি খসড়া সিদ্ধান্ত আকারে ২৬শে অক্টোবর, ১৯৯৯ সালে প্রকাশিত হয়। ২৮ টি সদস্য দেশ সমর্থন করে। এর পরে ১২ই নভেম্বর, ১৯৯৯ ইউএন জেনারেল এসেম্বলিতে ওই খসড়া আরেকটু বড় আকারে পেশ করে ইউনেস্কো এর টেকনিক্যাল কমিটি, কমিশন দুই।
এর পাঁচদিন পরে ১৭ই নভেম্বর, ১৯৯৯ ইউএন ঘোষণা করে যে একুশে ফেব্রুয়ারি কে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস", হিসেবে পালন করা হবে। ইউনেস্কো প্রস্তাব স্বীকৃতি দেয় ১৯৫২ সালের ২১শে এর ভাষা শহীদদের। ১৮৮ দেশের ৬৫২৮ টি মাতৃভাষার গৌরবের দিন।
অবশ্যই রফিকুল ও রণজিৎ, ঘটনাচক্রে, একজন মুসলিম আর অন্যজন হিন্দু, এই দুই বাঙালির এই অবিস্মরণীয় অবদান কে মনে রাখবো কিন্তু কি করে ভুলে যেতে পারি ওপরের তালিকায় তার সহযোদ্ধাদের? তালিকার শেষ নামটি ছিল এক হিন্দিভাষী যুবকের, করুণা জোশি।
যারা ভাষাকে ভালোবাসতে জানে তাদের কোনও ধর্ম হয় না, জাত হয় না, জাতিও হয় না। ভাষা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হলেই অন্য ভাষাকে বা সেই ভাষায় কথা বলা মানুষজনকে অপমান করতে হয় না। যে নিজের মাকে সম্মান করতে জানে, সে অন্যের মা কেও সম্মান করতে শিখে যায়।

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

বাঙালী মানে কী ~ রেজাউল করীম

বড় লেখা। না পড়লেই ভালো। পড়লে ক্ষতি হবে না অবশ্য।
জাঁ পল সাত্রে ইহুদি সম্পর্কে বলেছিলেনঃ "ইহুদি" একজন স্বাভাবিক মানুষ। অন্যরা তাকে ইহুদি ভাবে ও তার উপর "ইহুদি" তকমা আরোপ করে। তার উপর যে ঘৃণার পাহাড় গত দুহাজার বছর ধরে নেমে এসেছে তারজন্য তার দায় যৎসামান্য।
এই কথা কটি বলে রাখলাম এজন্য যে আমার পরের কথাগুলো বুঝতে একটু সুবিধা হবে। ১৯৭৯ সাল। গাঁয়ের বাংলা মিডিয়ামে পড়ে কলকাতা শহরে পড়তে এসেছি। ১৫ বছর বয়স আর ত্রিশ কেজি ওজনের বালক মাত্র। ক্লাসে একজন জিজ্ঞাসা করলো, নাম কি? বললাম নাম। বললোঃ ও আমি ভেবেছিলাম, তুমি বাঙালী! এর পরের ধাক্কাটা আরো ভয়ানক। আমার পাশে দুজন আর্টসের ছেলে বসতো। তারা উর্দু মিডিয়ামের কিন্তু নাসির আলির ইংরেজি ক্লাসে তারা আসতো। একজনের নাম এখনো মনে আছে, রিয়াজ। সে বললোঃ তুমি মুসলমান কি রকম? তুমি তো বাংলায় কথা বলছো!
আত্মপরিচয়ের এই সংকট নিয়ে আমার বেড়ে ওঠা। যে হীনমন্যতা পরিচয়ের সংকট থেকে গড়ে ওঠে তা মানুষের অস্তিত্বকে বিপন্ন করে, তার স্বাভাবিক মানসিক বিকাশের অন্তরায় হয়ে ওঠে।
আজ একুশে ফেব্রুয়ারি ফেসবুক ও শহরের আনাচেকানাচে বাঙালীত্বের ঝড় উঠবে। আজ সবচেয়ে বেশি মনে রাখার দিন যে বাঙালী একটি স্বতন্ত্র সংস্কৃতি, কেবলমাত্র একটি বিশেষ ভৌগলিক অঞ্চলের মধ্যে তার সীমানা নয়। শুধু ধর্ম আলাদা বলেই কেউ ব্রাত্য নয়, বাঁকাচোখে হাসা নয়।
গঙ্গা-পদ্মা-করতোয়া-লোহিত্য ছাড়িয়ে মগধ ও প্রাগজৌতিষ একসময় ছিল বাঙালীর চারণভূমি।বাঙালী প্রাচীন জাতি, নিদেন পাঁচহাজার বছরের পুরনো। বাঙালী বর্ণসংকর জাতি- মূলতঃ আদি-অস্ট্রেলিয়, মিশর-এশিয় মেলানিড , আলপাইন ব্রাকিড এবং স্বল্প পরিমান নেগ্রিটো ও মঙ্গোলীয় এই সাড়ে বত্রিশ ভাজা বাঙালী জীনে উঁকি মারে। রক্তপরীক্ষা করে দেখা গেছে বাঙালী উঁচু জাতি, নীচু জাত, হাড়ি বাঙালী, ডোম বাঙালী, মুসলমান বাঙালী, খৃষ্টান বাঙালী সবার জিনগত বৈশিষ্ট্য এক। নাকের উচ্চতা, চোয়ালের হাড়, করোটির আকার, মুখ ওচোখের আকার ও উচ্চতার যে বাহ্যিক ফারাক তার কারন হল দীর্ঘ মুণ্ড ও দীর্ঘ বা মধ্যনাসা এসেছে যথাক্রমে তার অস্ট্রেলিয় ও মেলানিড জীন থেকে আর তুলনামূলক গোল মুণ্ড এসেছে ব্রাকিড জীন থেকে।
বাঙালীর যে বিভেদ তারজন্য শুধু ইংরেজের দোষ দিলে ইতিহাসের শিক্ষা ভুলে করতে হবে। The rise of Islam in eastern frontier বইয়ে ইটন সাহেব লিখেছেন মূলতঃ নীচু শ্রেণীর ১৪টি জাতি হিন্দু থেকে মুসলমান হয়েছে। মূলত চণ্ডাল, লোধ, শবর ও নমস্য শুদ্ররা এবং কারুশিল্পী শ্রেণী মুসলিম হয়। তথাকথিত নীচু শ্রেণীর হিন্দু ও জলচল গোষ্ঠী ও তার উপরের শ্রেণীর নৈমিত্তিক দ্বন্দ্ব ধর্মান্তরের সাথে সাথে বন্ধ হয়নি বরং তা আরো তীব্র হয়েছে। ধর্মত্যাগীর প্রতি বিদ্বেষ হয়তো বেশিই। তাই বাঙালীর ধর্মীয় বিভেদের ইতিহাস ও কম করে হলেও দু হাজার বছরের পুরনো।
আবার এখন যেমন হিন্দু-মুসলমান বিদ্বেষ দেখছি, একসময় এই বাংলায় শাক্ত-বৈষ্ণব বিদ্বেষ ছিল। তার আগে ছিল বৌদ্ধ হিন্দু লড়াই। হরপ্রসাদ লিখেছেন: বৃহত বঙ্গে এক কোটি বৌদ্ধ ছিলেন। এই বঙ্গে হেন গ্রাম ছিল না যেখানে বৌদ্ধ বিহার ছিল না। এখন তার এক খানা ইঁট ও দেখা যায় না। মাঝ খানে ছিল বৌদ্ধ মুসলিম লড়াই। তার ও আগে ছিল উঁচু হিন্দুর সাথে নীচু হিন্দুর লড়াই। বাঙালী ছিল ব্রাত্য। " অঙ্গ বঙ্গ কলিঙ্গ মগধেহপি চ। তীর্থযাত্রা বিনা গচ্ছন্ পুনঃ সংস্কারমর্হতি।।" এই ছিল বিধান- এই সব দেশে যেতে পারেন কিন্তু ফিরতে হলে প্রায়শ্চিত্ত করতে হবে।
জরাসন্ধ, ভগদত্ত, নরক, পৌণ্ড্র, বাসুদেব এমনকি কৃষ্ণ-জ্ঞাতি নেমিনাথ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। বৌদ্ধ পুঁথি, বৌদ্ধ বিহার নিশ্চিহ্ন হয়েছে, বৌদ্ধ দেবতা নাম বদলে হিন্দু দেবতা হয়েছেন। তারাদেবী, একজটা, ভদ্রকালি ইত্যাদি। নেড়ে বৌদ্ধ প্রাণভয়ে নেড়ে মুসলিম হয়েছে। অনেকে হিন্দু সমাজে ঠাঁই পেয়েছে অন্তঃজ হিসেবে। উদাহরণ স্বরূপ বৌদ্ধ ডোম পণ্ডিতের কথা উল্লেখ করা যায়। মেথর যে বৌদ্ধ তান্ত্রিকের হিন্দু ধর্মে পুনর্বাসিত হওয়ার চিহ্ন তা দীনেশচন্দ্র সহ অনেকেই মনে করেন। যদি চৈতন্যদেব না থাকতেন তাহলে বাংলায় হিন্দু থাকতেন কিনা সন্দেহ আছে (বৃহত বঙ্গ, পৃঃ ১০-১১)।
বাংলায় চারটি প্রখ্যাত বৌদ্ধ বিহার ছিল। নালন্দা ধ্বংস হয়েছে বখতিয়ারের হাতে। কিন্তু, বিক্রমশীলা, ওদন্তপুর ও সুবর্ণবিহারের কোন খোঁজ নেই। প্রকৃতপক্ষে, বৌদ্ধযুগের অন্তিমপর্ব থেকে সেনযুগ পর্যন্ত লিখিত ধারাবাহিক ইতিহাসের অভাব আছে। অথচ, অজস্র শাস্ত্রের বই রচিত হলেও যেন, ইচ্ছা করেই সামাজিক ইতিহাস লেখা হয় নি। শঙ্কর বিজয় ও শূন্য পুরানে তার কিছু পরিচয় লিপিবদ্ধ আছে বলে অনেকে উল্লেখ করেছেন।
আজ ভাষা দিবসে বাঙালী কি শিখবে যে বাঙালী মানে যে বাংলায় কথা বলে সে নয়, বরং তার চেয়ে বেশি? যে বাংলা বলে, বাঙালীর মতো খায়, বাংলায় ভাবে, বাংলায় স্বপ্ন দেখে সেই বাঙালী- এমন স্বপ্ন যে স্বপ্ন বাঙালীর ঘরে যত ভাইবোন আছে তাকে সে আপনার ভাববে। মুসলমান শুনলেই ভুরু কুঁচকে উঠবে না। শুনতে হবে না যে তুমি বাঙালী না মুসলমান।
বাঙালী যেদিন নিজের ভাষা, সংস্কৃতিকে ভালোবাসতে শিখবে আস্তে আস্তে সে নিজের ভাষায় নিজেকে প্রকাশ করবে, বাংলায় নাম উচ্চারণ করবে গর্বের সাথে। আরবি উর্দুর প্রতি কোন বিদ্বেষ নেই কিন্তু ভবিষ্যতের বাঙালী মন প্রাণ দিয়ে নামে-কর্মে-মরমে বাঙালী হয়ে উঠবে। তবু মনে রাখতে হবে উদার বাঙালী যেমন মিশ্র জাতি তার ভাষাও তেমনি মিশ্র।
বাংলা সংস্কৃতিতে আরবীয় প্রভাব আছে কিন্তু ভাষার ক্ষেত্রে আরবীর চেয়ে ফার্সি প্রভাব বেশি। কোন কোন ক্ষেত্রে ফারসি শব্দ বাদ দিয়ে দৈনন্দিন কথাবার্তা চালানোই মুস্কিল। মনে রাখা দরকার পারসিরা কিন্তু আরবী ভাষা ও সংস্কৃতির বিরোধী। তারাই সর্বপ্রথম কোরান আরবীতে পড়তে অস্বীকার করেছিল।
নীচের অসম্পূর্ণ সারনী গুগল থেকে নেওয়া-
১) বাংলা ভাষায় প্রচুর ফারসি শব্দ এবং ফারসির মাধ্যমে আরবি ও তুর্কি শব্দের অনুপ্রবেশ ঘটেছে; কোনো কোনো ক্ষেত্রে এদের প্রভাবে মূল বাংলা শব্দেরই বিলুপ্তি ঘটেছে। দৃষ্টান্তস্বরূপ বিলুপ্তপ্রায় কয়েকটি বাংলা শব্দ বন্ধনীতে উল্লেখ করা হলো: খরগোশ (শশারু), বাজ (সাঁচান/সয়চান), শিকার (আখেট), নালিশ (গোহারি), বিদায় (মেলানি), জাহাজ (বুহিত), হাজার (দশ শ) ইত্যাদি।
২)দস্তখত জরিমানা, জেরা, অছিয়তনামা, তামাদি, দারোগা, নালিশ, ফয়সালা, ফরিয়াদ, রায়, সালিশ, পারওয়ানে, ফরমান, মুনশি, ওকালতনামা, পেশকার ইত্যাদি।
৩) জমিদার, তখত, তহশিলদার, তালুক, তালুকদার, নবাব, বাদশা, বেগম, বাহাদুর, কামান, তীর, তোপ, ফৌজ ইত্যাদি।
৪) কাগজ, কেচ্ছা, পীর, বুজুর্গ ইত্যাদি।
৫) আতর, আয়না, গোলাপ, গুলদানি, চশমা, দালান, মখমল, ফারাশ ইত্যাদি।
৫)পা, সিনা, গরদান, পাঞ্জা,চশমা।
৬) আচকান, জোববা, চাদর, পর্দা, শালওয়ার, পিরাহান, কামারবান্দ ইত্যাদি।
৭) বিরিয়ানি, গোশত, হালুয়া, কাবাব, কিমা, মোরববা, সব্জি, আনার, কিশমিশ, পেস্তা, বাদাম ইত্যাদি।
৮) হিন্দু, ফিরিঙ্গি ইত্যাদি।
৯) কারিগর, খানসামা, খিদমাতগার, চাকর, দোকানদার, বাজিকর, জাদুকর ইত্যাদি।
১০) বাবা, মা, দাদা, খালা, দামাদ, কানীজ, দোস্ত, ইয়ার ইত্যাদি।
১১) সরাইখানা, মোসাফেরখানা, ইয়াতীমখানা, কারখানা, বালাখানা, আসমান, যমীন, বাজার ইত্যাদি।
১২) খরগোশ, বুলবুল, কবুতর, বাজ, তোতা, হাইওয়ান, জানোয়ার ইত্যাদি।
১৩) আওয়াজ, আবহাওয়া, আতশ, আফসোস, কম, কোমর, গরম, নরম, পেশা, সফেদ, হুশিয়ার, হরদম, সেতার ইত্যাদি।
ফারসি ভাষা বাংলা ব্যাকরণকেও প্রভাবিত করেছে। যেমন ফারসি 'মাদী' ও 'মর্দা' (মার্দ) শব্দের প্রয়োগে লিঙ্গ নির্ধারিত হয়: মর্দা-কবুতর, মাদী-কবুতর; মর্দা-কুকুর, মাদী-কুকুর ইত্যাদি। অপরদিকে ফারসি 'মোর্গ' শব্দটি মোরগ ও মুরগি ।
ফারসি তদ্ধিত প্রত্যয় ও উপসর্গের মাধ্যমে অনেক বাংলা শব্দ গঠিত হয়েছে; আবার অনেক ফারসি শব্দ মূল অর্থসহ বাংলায় ব্যবহূত হচ্ছে; তবে অধিকাংশ ক্ষেত্রে ফারসি আ বা া-চিহ্ন বাংলায় লোপ পেয়েছে; যেমন: কামার কমর; গারম গরম; নারম নরম ইত্যাদি। আবার অনেক বাংলা শব্দ ফারসি তদ্ধিত প্রত্যয় ও উপসর্গের সঙ্গে একাত্ম হয়ে একটি স্বতন্ত্র অর্থ ও ভাববিশিষ্টি শব্দ তৈরি করেছে, যেমন: কেরানিগিরি, বাবুগিরি, দর-পত্তর, বে-গতিক ইত্যাদি।
আজ এই ভাষা দিবসে প্রত্যেক বাঙালী নিজের ইতিহাস নিয়ে ভাবুক। কিভাবে ধর্ম পরিবর্তন হয়েছে, নানা ভাষার সম্মিলনে ভাষা পরিবর্তন হয়েছে, কিভাবে বাঙালী উদারতা অর্জন করেছে।
এই লেখা শুরু করেছিলাম যে কথা দিয়ে সেখানে ফিরে যাই- কোন গোষ্ঠীকে যদি ধর্ম দিয়ে ব্যাখা করার চেষ্টা করা হয়, তার সব সামাজিক সত্ত্বার গায়ে যদি ধর্মের আলখাল্ল পরিয়ে ব্রাত্য করে রাখা হয় তাহলে বৃথা আমাদের বাঙালীত্ব।
বর্তমানে উগ্র ওয়াহাবী চিন্তা-চেতনা ১৮৪০-৭৮ কে মনে করিয়ে দেয়, উগ্র হিন্দুত্ব শশাঙ্কের যুগ মনে করিয়ে দেয়। এই দুই উগ্রতার বিরুদ্ধে বাঁচতে হলে বাঙালীত্বকেই হাতিয়ার করতে হবে। বাঙালী মানে উদারতা, বাঙালী মানে সংস্কৃতির পীঠস্থান, বাঙালী মানে কফি হাউসের আড্ডা, বইমেলা-সংস্কৃতিমেলা, বৈশাখে নববর্ষ উৎসব, বসন্ত উৎসব, দোল, রাখি বন্ধন, ইলিশ উৎসব, রবিবার দুপুরে খাসির মাংস, ফুচকা, ঝালমুড়ি, বাঙালী মানে ঘনাদা-ফেলুদা-টেনিদা-বাঁটুলদা-কেল্টুদা-হাঁদা-ভোদা। আরো কতকি সে লিষ্টির শেষ নেই। মিষ্টিরও শেষ নেই। পৃথিবীতে মিষ্টি দই একমাত্র আমরাই খাই। সাত দশ খানা বাটি সাজিয়ে গাদা গুচ্ছের তরকারি দিয়ে ভাত আমরা ছাড়া আর কেউ খায় না। সুক্তো কেউ খেতে জানে? ফিস্টির নাম কেন পৌষালো কেউ জানে? (বাঙালীর আবেগ ঝরে পড়ে ফিদেলে, চে তে। মাও সে তুং, লিন পিয়াও, মার্কস-এঙ্গেলস- লেনিন- বিপ্লব স্পন্দিত বুকে আমিই লেনিন! এটুকু না বললে বাঙালীর বোঝা যাবে না।)
স্বাধীনতার আগে বিশ্বের জিডিপির ২০ শতাংশ আমাদের ছিল। আবার আমরা জগৎ সভায় আসন নিতে চাই। তার জন্য দরকার জনগনমন ঐক্য, চাই শয়নে স্বপনে বাঙালী হয়ে ওঠার সাধনা।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

স্মৃতি বিস্মৃতি ও মৃত্যু ~ শৈবাল বিষ্ণু

বিষাণ বসুর ফ্যান ক্লাবের সদস্য সে বহুযুগ হলো! বিয়ের আগেই হবু স্ত্রীএর কাছে প্রচুর সুখ্যাতি আর সুনাম শুনেছি। আমার বৌ যেহেতু সে ফ্যান ক্লাবের সদস্য, তাই আমিও তাই। কিন্তু সে তো শুধু শুনে শুনেই। ভাগ্যিস ফেবু এলো, আলাপ হলো, লেখা পড়লাম। দেখলাম, নাহ এই লোকটা বেশ চিন্তাশীল প্রবন্ধ লেখে তো, কালচার করতে হচ্ছে মশাই! গুণমুগ্ধ পাঠক হিসেবে ওর লেখা পত্তর পড়ি, চিন্তার খোরাক পাই। এই পর্যন্ত বেশ চলছিল। হঠাৎ করে একটা নীল বই হাতে এসে গেলো। মানে বইটার মলাট নীল রঙের। শুরু তো করে ফেললাম, কিন্তু এগোতেই পারছিনা। ওদিকে লেখক বারবার জিগায় পড়লাম কি? ভালো লাগলো না খারাপ। আবার নাম করা সাহিত্যিকরা বইটা পড়ে ফেলে উচ্ছসিত প্রশংসা করে ফেলছে। আমি এগোতে পারছিনা।

বইটা আসলে মৃত্যু নিয়ে। সহজ পাচ্য? নাহ! গল্পের বইও নয় যে এক ভাবে টেনে নিয়ে যাবে। সমস্যাটা দাঁড়িয়ে গেলো, যত পড়ি, তত মিল পাই। প্রতি পাতায় এমন কিছু কথা পাই, যেগুলো আমার মনের কথা, যেগুলো আমার জীবনের কথা। যে কথা গুলো বলা হয়নি, ঠিক সেই কথা গুলোই। আর তত দেরী হয়। মিলগুলোর জন্যেই দেরী হয়।
না আমার বাবা বুদ্ধিজীবি ছিলোনা, মা যদিও ইস্কুলে পড়াতো। দুর্গাপুর কারখানার শহর, শ্রমিকদের বসবাস। শ্রমিকদের মধ্যেই বেড়ে ওঠা। তারাই আমার বাবা, কাকা, কাকু, জেঠু, মামু, মাসী, পিসী, কাকিমারা। পাড়ার, ওপাড়ার, বাবার অফিসের, বাবার পার্টির। পার্টির গোষ্ঠী ও গোষ্ঠী দ্বন্দ্বের গল্প গুলোও তো এক। এগোই কি করে হুড়হড়িয়ে। সম্ভব নাকি? আমার বাবা আবার নীরব কর্মী থাকতে পছন্দ করতো, স্টেজে উঠে বক্তব্য রাখার ধরে কাছ দিয়েও যেত না। কিন্তু জীবনানন্দ পাঠে নিবীড় মনোযোগ ছিলো, সেই তাঁবুতে থাকার জীবন থেকেই, যখন ডিভিসি, যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ড্যাম তৈরী হচ্ছে, ক্যানেল তৈরী হচ্ছে, বাবারা সুইস কটেজে থেকে সার্ভে করছে। সারাদিনের পরে জীবনানন্দ আর সঞ্চয়িতা টুকুই সম্বল, সভ্যতার সাথে যোগাযোগ। আর দুদিনের পুরোনো ডাকে আসা অমৃতবাজার পত্রিকা।
প্রতি পাতায় এমন কিছু প্রশ্ন, এমন কিছু স্মৃতি, এমন কিছু চিন্তা, এমন কিছু ঘটনা পড়ছি, যে মনে হচ্ছে এ তো আমারও গল্প। বাবার যে বছর আশি হলো, সব দাঁত তুলে দিয়ে বাঁধিয়ে দিলো আমার বৌ। বাবার খুশী আর ধরে না। কোনোমতেই কাছ ছাড়া হতে দিত না সেই বাঁধানো দাঁত দুপাটি। সব দাঁত বাঁধানো হয়ে যাওয়া মাত্রেই বায়না ধরলো দুর্গাপুর যাবে, যাবেই। আর ভালো লাগছেনা। আমার বৌকে বললো আশি তো হয়ে গেলো, অনেকদিন হয়ে গেলো পৃথিবীতে, আর কি হবে বেঁচে থেকে। মনে মনে মৃত্যুর জন্যে প্রস্তুতি কি হচ্ছিলো তখন থেকেই? বুঝিনি। বায়না করে দুর্গাপুরে গিয়ে দিন দশেকের মধ্যে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে ঠিক সেই ফ্রাকচার নেক অফ দা ফিমার, আরও সাত দিনের মধ্যে চুল্লী তে চললো বাবা, সাথে সেই দুপাটি বাঁধানো দাঁত। রোজই মনে হয়, কত কত কথা বাকি রয়ে গেলো। কত কি জিজ্ঞেস করা হয়নি। কত গল্প ভালো করে শোনা হয়নি। কত প্রশ্ন করা হয়নি। বিষাণ লিখেছে অপেক্ষা করে। সেই ২০০৭ থেকে অপেক্ষা করছি, বৃথাই অপেক্ষা। আর হ্যাঁ আমিও তো স্টেডি ছিলাম। কাঁদিনি, প্রলাপ বকিনি , এমনকি প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও করিনি। বিরিভমেন্টের প্রক্রিয়া নিয়ে লিখেছে বিষাণ, ও পড়াশোনার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করেছে। বিষাণের এই বই যদি ২০০৭ এ হাতে পেতাম, কিছু সুবিধে হতো? মনে হয় হতো।
বিষাণ বলেছিলো ওর লেখা বই নিয়ে লিখতে। আর আমি আমার কথা, আমার বাবার কথা লিখে চলেছি। আসলে হয়তো এটাই এই বইয়ের মূল সার্থকতা। মনের কোনো কোণে বাবাকে নিয়ে যে চিন্তাভাবনা গুলো কাউকে বলিনি, কোথাও লিখিনি, সেগুলো বেরিয়ে এলো অজান্তেই । বিষাণ প্রতিটা অধ্যায়ে একটা নতুন দিক নিয়ে ভেবেছে, এবং সব থেকে বড় ব্যাপার একজন পেশেন্ট পার্টি হিসেবে ভেবেছে, দেখেছে, দেখিয়েছে। এটাও কম পাওয়া নয়। মাঝে মাঝে মনে হয় এই যে এতো দৌড়চ্ছি , কেন দৌড়োচ্ছি? যা কিছু দৌড়াদৌড়ি, যা কিছু সঞ্চয় সে কি শুধুই জীবনের শেষের কয়েক ঘন্টা এসি ঘরে, পাঁচ তারা হাসপাতালে চারিপাশে বিপ বিপ শব্দের মধ্যে একটা বেড নাম্বার হয়ে অস্তিত্বহীন, একটা স্টেরাইল, যান্ত্রিক মৃত্যুর জন্যে? জাস্ট কোনো মানে হয়? বিষাণ প্রশ্নটা রেখেছে। আমার মতো এলোমেলো ভাবে নয়, বিশ্লেষণাত্মক ভাবে রেখেছে। তাই বইটা শুধুই যে মৃত্যু নিয়ে তা একেবারেই নয়, বিষাণ বসুর "টুকরো স্মৃতি... ছেঁড়া শোক" প্রকৃত প্রস্তাবে জীবন নিয়েই। যাপন নিয়েই।

তুলসীদাস বলরাম ~ অর্ক ভাদুড়ী

ব্যস্ততার মধ্যে থাকলে বোধহয় দূরবর্তী শোকের অভিঘাত কমে যায়। শোক তো সেয়ানা৷ সে অপেক্ষা করে। নির্জনে কামড়ে ধরবে বলে চুপ করে থাকে। শিকারীর মতো।

তুলসীদাস বলরামের মৃত্যুর খবর পেলাম একটা চা বাগানে বসে। চারদিকে সবুজ আর সবুজ৷ ছোট্ট তিরতিরে নদী। শীতকালে তাকে নদী বলে চেনাই যায় না। নদীর ধারে একটা সরস্বতীর মূর্তি৷ চা বাগানের নির্জনতায় একলা সরস্বতী অপেক্ষা করছেন। নদীতে জল বাড়ুক। সবশুদ্ধ ভাসিয়ে নিয়ে যাবে৷ ততদিন অপেক্ষা।

বলরামও তো থাকতেন নদীর ধারেই। একাকী। ভিড় থেকে দূরে। কোলাহল থেকে দূরে। তাঁর বুকের মধ্যে অভিমান জমতে জমতে পাথর হতে পারত। হয়নি৷ আগ্নেয়গিরি হয়ে ছিল। পরিত্যক্ত, বৃদ্ধ আগ্নেয়গিরি। শেষ কয়েকটা দশক যার অগ্নুৎপাতও ঢেকে যেত বিষন্নতার স্যাঁতস্যাঁতে চাদরে।

মাঝে মাঝে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করছিলাম নিজেকে। বলরাম মারা গেলেন! তুলসীদাস বলরাম! যে জার্সি আমার সর্বনাশ ও সর্বস্ব, তার শ্রেষ্ঠ সাধকদের একজন। আমেদ খান ছাড়া তাঁর তুলনা আর কে! যে অবহেলা তিনি পেলেন দশকের পর দশক, যে অভিমান আর অপমানের পাহাড় তাঁকে বইতে হল শেষদিন পর্যন্ত, যে দুষ্টচক্র তাঁকে ঠেলে দিল ছোট্ট ফ্ল্যাটের জেলখানায়, তার ক্ষমা নেই, তার ক্ষমা নেই।

বলরামের প্রতিটি উচ্চারণ যে নির্জন ক্রোধের পবিত্র আগুন জ্বেলে রাখত, সেই অপাপবিদ্ধ অগ্নিই হবে আগামীর মশালের প্রাণ। হয়তো আজ নয়। হয়তো দেরি হবে৷ কিন্তু বলরাম ব্যর্থ হবেন না।

যারা পূর্বজদের থেকে হাঁটার গল্প শুনতে শুনতে বড় হয়েছি, যারা অসংগঠিত সমর্থক মাত্র, ভালোবাসা ছাড়া যাদের এখনও পর্যন্ত আর কোনও অস্ত্র নেই, তাদের বুকের মধ্যে বেঁচে থাকবেন তুলসীদাস বলরাম।

যারা শুনেছি নাটোর থেকে হলদিবাড়ি হাঁটার গল্প, যারা শুনেছি হাঁটতে হাঁটতে পিছনে তাকানো, আগুন আর ধোঁয়ার মধ্যে পুড়ে যাওয়া ঘর যারা শুনেছি হলদিবাড়ি থেকে কলকাতায় আসা, কুকুরবিড়ালের মতো বেঁচে থাকা, যারা শুনেছি ট্রেনের মাথায় মাথায় ভিড়, আঠার গায়ে মাছির মতো ট্রেনের গায়ে জাপটে থাকা মানুষ আর মানুষ যারা শুনেছি ইউসিআরসি, শুনেছি ফুটপাথ থেকে কলোনিপাড়ার হোগলাচালের ঘর, যারা শুনেছি লাল আর লাল-হলুদে বেঁচে নেওয়া প্রজন্মের মহাকাব্য যারা শুনেছি ভাঙা বাংলার প্রতিটি কলোনির সদ্যোজাত কুয়ো আর ইস্কুলের দেওয়ালে কেমন করে আল্পনা এঁকে দিতেন আপনার পূর্বসূরি আমেদ খান, সহস্র যন্ত্রণাকে রাধাচূড়া-কৃষ্ণচূড়ায় রাঙিয়ে দিতেন পঞ্চপাণ্ডব, তাঁদের মধ্যে আপনি বেঁচে থাকবেন, তুলসীদাস বলরাম যারা কখনও ভুলব না কেমন করে টলমলে উদ্বাস্তু কলোনিকে কাঁচা বাঁশের শক্ত ভিতে দাঁড় করাতেন সেকেন্দ্রবাদের যুবক, তাদের বুকের ভিতরে আপনি বেঁচে থাকবেন, তুলসীদাস বলরাম।

আপনার অপমানের বদলা তারা নেবে। আজ না হোক কাল।

বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

হেরো, ক্লডিয়াস তুমি হেরো ~ মৌমিতা তারণ

সময়টা তখন তৃতীয় শতক। আমার প্রিয় শহর রোম শাসিত হচ্ছে সম্রাট ক্লডিয়াসের খেয়ালখুশিতে। শহরবাসী মোটেই খুশি নয় তাদের স্বৈরাচারী সম্রাটের উপর। আর দশজনের মতো আমিও ক্লডিয়াসকে পছন্দ করতাম না। কেন করতাম না সেকথা আজ তোমাদের শোনাব। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। 

আমি সেন্ট ভ্যালেন্টাইন। হ্যাঁ সেই ভ্যালেন্টাইন যার নামে গোটা একটি দিন বিশ্ব সংসার প্রেমদিবস পালন করে। ১৪ ফেব্রুয়ারি ---ভ্যালেন্টাইন'স ডে। চার্চের একজন পুরোহিত হিসেবে আমার সবথেকে প্রিয় কাজ ছিল দুটি প্রেমিক মানুষকে বিবাহবন্ধনে আবদ্ধ করা। দুটি হৃদয়ের মিলন ঘটানো। বলা ভাল মানুষকে প্রেমিক করে তোলাই আমার মূলমন্ত্র। আমৃত্যু আমি আমার এই মূলমন্ত্র আঁকড়ে থেকেছি। এর ফলে ওরা আমায় পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। ভ্যালেন্টাইনকে সরালেও পৃথিবীকে ওরা প্রেমহীন করতে পারেনি। আজও 'প্রেমের ফাঁদ পাতা ভূবনে, কে কোথা ধরা পড়ে কে জানে...।' এই রে ! রবি ঠাকুরের বলা কথা আমি তোমাদের শোনাচ্ছি। কোনও মানে হয় ! অবশ্য শোনাব নাই বা কেন ? রবি তো শুধু তোমাদের কবি নন। বিশ্ব তাঁকে স্বীকৃতি দিয়েছে। তিনি বিশ্বকবি। এই রবির কল্পনাই তো একদিন লিখেছিল, 'প্রেমের জোয়ারে, ভাসাব দোহারে....।' আমি জানি সারা পৃথিবী এমনই প্রেমের জোয়ারে ভাসতে চায়। আমার মৃত্যুদিনটি প্রেমের দিন হিসেবে চিহ্নিত হওয়ায় আরও একবার প্রমাণিত হল প্রেম চিরন্তন। তাকে নি:শেষ করার মতো শক্তি এখনও জন্মায় নি। তবে প্রেমের উপর আঘাত এসেছে বারে বারে। সম্রাট ক্লডিয়াস এমনই এক আঘাতকারী। 

নিজের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য ক্লডিয়াস সমাজে বিবাহ নিষিদ্ধ করলেন। তাঁর মনে হয়েছিল বিবাহিত পুরুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এসে সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। সম্রাটের এহেন নিষেধাজ্ঞা যুবসমাজের কাছে অমানবিক ঠেকে। ওই হঠকারী নির্দেশে আমিও হতবাক হয়ে পড়ি। পরস্পরের হাত ধরে প্রেমের জোয়ারে ভাসতে চাওয়া মুখগুলো মনে করে আমি কষ্ট পাই । পারলাম না, কিছুতেই পারলাম না ক্লডিয়াসের এই খামখেয়ালিপনা মেনে নিতে। বেশ বুঝতে পারছিলাম এভাবে চলতে দেওয়া ঠিক হচ্ছে না। প্রতিবাদ করা দরকার। এবং তা এখনই। কিন্তু সম্রাটের ক্ষমতার সামনে চার্চের এক পুরোহিতের ক্ষমতা আর কতটুকু ? তাই হাতিয়ার করলাম সেই প্রেমকেই। প্রেম দিয়েই প্রেম বাঁচিয়ে রাখতে চাইলাম। আবার শুরু করলাম দুই প্রেমিককে বিবাহবন্ধনে আবদ্ধ করার মতো পবিত্র কাজ। তবে এবার খুব গোপনে, খুব সন্তর্পণে। ভাবতে পারো চার্চের ভেতর গোপন এক জায়গায় শুধুমাত্র একটি মোমের আলো। তার সামনে বর, কনে আর আমি। আমি ফিসফিস করে বিবাহমন্ত্র আওড়াচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দু'জোড়া ঠোঁট সেইমতো ফিসফিস করছে। আমি কেবল ওদের ঠোঁট নড়া আন্দাজ করতে পারছি। আমার দুই কান সজাগ। এই বুঝি শোনা যাবে সম্রাটের সেনাদলের বুটের আওয়াজ। সে এক উত্তেজনাময় পরিবেশ। ভয় আর ভালবাসার মিশেল যেন। তবে বেশিদিন পারা গেল না এভাবে। সত্যিই একদিন চার্চের মেঝে কেঁপে উঠল ক্লডিয়াস সেনার পদধ্বনিতে। সেদিনও ছিল এমন এক বিয়ের দিন। অবশ্য ভগবান সহায় ছিলেনন। ছেলেমেয়ে দুটো ঠিক সময়ে পালিয়ে যেতে পেরেছিল। সেনারা কেবল আমায় পেল এবং নিয়ে গেল আমায় জেলকুঠুরিতে। শাস্তি ঘোষণা করল ক্লডিয়াস --- মৃত্যুদণ্ড। কী ভাবছ ? আমি হেরে গেলাম ? উঁহু, একেবারেই না। প্রেমের পূজারী ভ্যালেন্টাইনরা কখনও হেরে যায় না।

সেই অন্ধকার জেলকুঠুরিতে আমার কাছে প্রেমের আলো বয়ে নিয়ে এল শহরের অজস্র তরুণ - তরুণীর পাঠানো ফুল, ভালবাসার চিরকূট এবং' সে '। আমাকে পাহারা দিত যে রক্ষীটি সম্ভবত সেও ছিল এক তুখোড় প্রেমিক। নয়তো আমার সঙ্গে গল্প করার জন্য নিজের মেয়েকে সে অনুমতি দেবে কেন !! মেয়েটি প্রতিদিন আমার কাছে আসতো। বসতো আমার পাশটিতে। আমরা গল্প করতাম। ঘড়ির কাঁটায় খেয়াল রাখিনি কখনও। মনে হত, গল্প তো এখনও শুরুই হল না। এইমাত্র তো এল আমার প্রিয়া। হ্যাঁ ও ছিল আমার প্রিয়া। ওর হাসি, ওর কথা, ওর চাউনি আমার উদ্যম নষ্ট হতে দেয় নি। ক্লডিয়াসকে অস্বীকার করে যে আমি ভুল করি নি সেকথা বারে বারেই ও মনে করিয়ে দিত।

শেষ পর্যন্ত ১৪ ফেব্রুয়ারি ২৬৯ এ. ডি. দিনটির মুখোমুখি হলাম। আর কিছুক্ষণ পর ক্লডিয়াসের সেনা আসবে। পালন করবে তারা সম্রাটের নির্দেশ। কার্যকর হবে আমার মৃত্যুদণ্ড। প্রিয়ার সঙ্গে আজ আর দেখা হওয়ার কোন উপায় নেই। কিন্তু ওকে না জানিয়ে আমি যাই ই বা কি করে ! এদিক ওদিক খুঁজলাম। এক টুকরো কাগজও কোথাও নেই যার উপর আমি ওর জন্য কিছু লিখে যেতে পারি। অগত্যা ওর রেখে যাওয়া কালকের চিরকূটটা হাতে তুলে নিলাম। এই টুকরো কাগজে গতকাল ও আমার জন্য একমুঠো ভালবাসা লিখে এনেছিল। সেই ভালবাসার অপর পিঠে ওর জন্য আমার ভালবাসার প্রতিধ্বনি রাখলাম আমি। লিখলাম, "লাভ, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন।"

আমাদের পরস্পরের ভালবাসা বিনিময়ের এই স্টাইল সেদিনের পর থেকে পৃথিবীর সব প্রেমিক প্রেমিকা রপ্ত করল। জানি ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তেও এর ব্যতিক্রম ঘটবে না। কাগজ কলম হয়ত সেভাবে আর আঙুলের স্পর্শ পাবে না। কিন্তু মোবাইল কিপ্যাড বা স্ক্রিন টাচ করতে আঙুল কসুর করবে না। ১৪ ফেব্রুয়ারি দিনটি আমার মৃত্যুদিন হিসেবে কোনও প্রেমিক মনে রাখে নি। তাদের কাছে ১৪ ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন'স ডে। আর ভ্যালেন্টাইন মানেই প্রেম, প্রেম এবং প্রেম। পৃথিবীর তাবৎ প্রেমিকের কাছে এক্কেবারে হেরে ভূত সম্রাট ক্লডিয়াস। তবে আর চুপ কেন ? এস সবাই মিলে আমরা ক্লডিয়াসকে দুয়ো দিই --
" হেরো, ক্লডিয়াস তুমি হেরো "।

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

ডাঃ দিলীপ মহলানবীশ ~ ডাঃ কৌশিক লাহিড়ী

-আপনার কাছে প্রশান্ত মহলানবীশের ফোন নাম্বার আছে?

রাত ন'টার একটু পর একটি চ্যানেল থেকে ফোন এলো।

একটা সামাজিক অনুষ্ঠানে ছিলাম । 
আচমকা এই প্রশ্নে বিলকুল ভেবড়ে গেলাম !
কি উত্তর দেব ভেবে পেলাম না !
চেনা নাম্বার !

ভিড় ঠেলে একটু ফাঁকায় এসে জিজ্ঞেস করলাম,

-প্রশান্ত মহলানবীশ?

-হ্যাঁ স্যার !

-মানে স্ট্যাটিস্টিশিয়ান প্রশান্ত চন্দ্র মহলানবীশ!

-হ্যাঁ স্যার ! উনি পদ্মবিভূষণ পাচ্ছেন তো !

-কিন্তু উনি তো বছর পঞ্চাশ আগে মারা গেছেন ! আর খুব যদি ভুল না করি বেঁচে থাকতেই পদ্মবিভূষণ পেয়েই l কিন্তু ওঁর নাম্বার তো...

-মারা গেছেন ! ওঃ হো !
ও প্রান্তে একরাশ হতাশা।

-তাহলে ওঁর কোনো আত্মীয়র নাম্বার...

আমি সত্যিই এক দম্পতিকে চিনি যাঁরা প্রশান্ত মহলানবীশের দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু সেটা তো এই চ্যানেলের জানবার কথা নয় !

-না আমি ওঁদের কাউকে চিনি না !
শুকনো গলায় বললাম।

-কিন্তু কিছুদিন আগে ওনাকে নিয়ে আপনি লিখলেন যে ফেসবুকে !

এই বার পরিষ্কার হলো ব্যাপারটা !

-ডাঃ দিলীপ মহলানবীশের কথা বলছো ? যিনি ও আর এস এর আবিষ্কর্তা ?

-হ্যাঁ, হ্যাঁ ! উনিই, উনিই ! ওঁর কোনো ফোন নাম্বার!

-কিন্তু উনিও তো নেই ! গতবছর চলে গেছেন পুজোর পরে ! ফোন নাম্বার জোগাড় করাই যায়, কিন্তু সে নাম্বার নিয়েই বা আর কি করবে ? 
ওঁর স্ত্রীও তো মারা গেছেন !

-না মানে, আসলে, এই মাত্র অফিসে লিস্টটা এলো তো ! 
উনি এবার পদ্মবিভূষণ পাচ্ছেন !

মসিয়েঁ ভের্দু তে অঁরি ভের্দুর মুখ দিয়ে চ্যাপলিন বলেছিলেন "One murder makes a villain, millions a hero. Numbers sanctify"
অর্থাৎ "একটি মানুষকে মারলে খলনায়ক, লক্ষ মানুষকে মারলে নায়ক ! সংখ্যাই পবিত্র করে !"
সংখ্যাই পাপ ধুয়ে তাকে মহান করে !

আর কেউ যদি মানুষ না মেরে, মানুষকে বাঁচান  !
আর সংখ্যাতত্ত্বের হিসেবে সেই বাঁচানোর পরিমাপটা যদি এক জন-দুজন বা শত-সহস্র মানুষ  না হয়ে কোটি তে পৌঁছয় ?
তাহলেও কি তিনি নায়ক হয়ে যান না !

উত্তরটা হল "না" !

ডাঃ  দিলীপ মহলানবীশ ।

এই মানুষটাকে প্রায় কেউই চিনতেন না !
চেনা তো দূরের কথা, বেঁচে থাকতে নাম ও শোনেন নি প্রায় কেউই !

অথচ তাঁর আবিষ্কারের ফলে গত পঞ্চাশ বছরে প্রাণ বেঁচেছে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের !
হ্যাঁ !
কোটি কোটি মানুষের !

ওরাল রিহাইড্রেশন সল্ট বা ORS তাঁরই আবিষ্কার যে !

তাঁকে নিয়েও হাসাহাসি হয়েছে! গালিভারদের নিয়ে লিলিপুটরা যে হাসি হেসে থাকে ! 

না বুঝে, অবিশ্বাসের হাসি ! 
অথবা বুঝেও ঈর্ষার হাসি !

আমাদের শহরেই থাকতেন !
আমাদের রাজ্যেই !
আমাদের দেশেই !

আমরা চিনতাম না !

অন্তত দুটো  নোবেল পাওয়া উচিৎ ছিল !
চিকিৎসাশাস্ত্রে আর শান্তির জন্য !

বেঁচে থাকতে আমরা তাঁকে চিনতাম না !
কোনো শ্রী বা ভূষণের যোগ্য মনে করি নি !

কারণ পুরস্কার পেতে হলে সুপারিশ লাগে ! মনোনয়ন লাগে !

মানুষটি সেসব জোগাড় করতে উৎসাহী ছিলেন না।

ডাঃ দিলীপ মহলানবীশ কাল পদ্মবিভূষণ হবেন।

লিখেছেন Koushik Lahiri

রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

লোভেতে পড়ি ~ অরিন্দম সেন

প্রভাতে উঠিয়া দেখি ঘন কুয়াশা
তবু দেখা দেবে রবি রাখি দুরাশা
বার দুই কাপে ভরা 
কফি খাওয়া হলো সারা
বহিল শীতল হাওয়া খরপরশা
পূবে দেখা দিল রবি ভাঙি  কুয়াশা।

যদিও শীতেতে লোকে মরিছে কেশে
নলেনগুড়ের কাল এসেছে দেশে
খাও যত খেতে চাও
কিনে নিও মোয়াটাও
কনকচূড়ের চষি কিনিও শেষে
যদিও শীতেতে লোকে উঠিছে কেশে।

প্রভাতে উঠিয়া দেখি ঘন কুয়াশা
তবু দেখা দেবে রবি রাখি দুরাশা
বার দুই কাপে ভরা 
কফি খাওয়া হলো সারা
বহিল শীতল হাওয়া খরপরশা
পূবে দেখা দিল রবি ভাঙি  কুয়াশা।

বিছানায় শুয়ে আমি সকালবেলা
দেখি রোজ কত পাখি করিছে খেলা
সাঁঝে ফের দেখি আঁকা
আকাশেতে চাঁদ বাঁকা
সোয়েটারে থাকি ঢাকা রোজ দুবেলা
শীতেতে কাতর আমি নহি একেলা।

খেজুরের গাছে যেবা উঠিতে পারে
শিউলি বলিয়া সবে চেনে তাহারে
গাছে গাছে উঠে যায়
দড়ি বাঁধা দুটি পায়
কাস্তেতে কাটে হায় গাছের গা-রে
শিউলি বলিয়া সবে চেনে তাহারে।

যদিও শীতেতে লোকে মরিছে কেশে
নলেনগুড়ের কাল এসেছে দেশে
খাও যত খেতে চাও
কিনে নিও মোয়াটাও
কনকচূড়ের চষি কিনিও শেষে
যদিও শীতেতে লোকে উঠিছে কেশে।

যত চাও তত নাও পরাণ ভরে
পয়সা গণিয়া দিও আপন করে
সারা দেহ মোড়া উলে
হাঁমুখ রাখিও খুলে
ব্যাগেতে লও হে তুলে
দুহাতে ভরে
এবারে ফিরিয়া চলো আপন ঘরে।

খাই নাই খাই নাই বিষম ডরি
শর্করা লহুমাঝে গিয়াছে ভরি
পউষ গগনে ধীরে
কুয়াশা উড়িয়া ফিরে
লোভ সংবরি আমি রহিনু পড়ি
গুড় মোয়া খাই নাই বিষম ডরি।

-----

_কবিগুরুর কাছে ক্ষমাপ্রার্থী হয়ে 'সোনার তরী' কবিতার শীতকালীন প্যারোডি।_

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

বাঘ ~ প্রকল্প ভট্টাচার্য

আমি বাঘকে ভয় পাই না। কখনোই পেতাম না। 
গত বছর শীতের ছুটিতে বাবা চিড়িয়াখানায় নিয়ে গেছিল, দেখিয়েছিল কেমন করে অসহায়ভাবে খাঁচায় বন্দী হয়েও পশুটা রাজকীয় ভঙ্গীতে ঘুরে বেড়াচ্ছে। বাইরে লোকেরা চেঁচামেচি করছে, কেউ কেউ ঢিল ছোঁড়ার চেষ্টা করছে, হাততালি দিয়ে, শিস দিয়ে বিরক্ত করছে। বাঘটা পাত্তাও দিচ্ছে না। একবার একটু গা-ঝাড়া দিতেই সবাই হুড়মুড়িয়ে পালালো।
বাবা বলেছিল, "দেখেছিস! সত্যিকারের সাহসী যারা, পরিস্থিতিও তাদের চরিত্র বদলাতে পারে না! অন্যায় কৌশলে ওকে বন্ধ করে রেখেছে, কিন্তু ওর সাহস, ওর তেজ কমাতে পেরেছে কী? বরং খাঁচার বাইরে, নিরাপদে থাকা লোকেরা ওকে এতদূর থেকে দেখেও ভয় পাচ্ছে!"  
আমার বাবার খুব সাহস। বাবার বন্ধুরা বলে বাবার নাকি বাঘের মতো সাহস! 
আর আমি তো তারই ছেলে, আমি কেন বাঘকে ভয় পাব! 
বাবার একটা বুলেট মোটরবাইক আছে। আমাকে সামনে বসিয়ে যখন সেটা চালিয়ে ভটভট করে বড় রাস্তা দিয়ে যায়, লোকেরা রাস্তা ছেড়ে দেয়। কেউ ভয়ে, কেউ সম্ভ্রমে। 
বাবার নাম বিপ্লব, অনেকে ডাকে বুলেট বিপ্লব বলে। 
আমাদের স্কুলে মিস সকলের নামের মানে জেনে আসতে বলেছিলেন। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, "বাবা, বিপ্লব মানে কি?" 
একটু হেসেছিল বাবা, তারপর বলেছিল, "তোকে এবার থেকে ক্লাবে নিয়ে যাব।" 
শুনে মা খুশী হয়নি, "আবার ওকে টানছ কেন..." 
বাবা শুনেও শোনেনি। 
আমি ভেবেছিলাম, বিপ্লব মানে ক্লাব। 
রাত্তিরে বাবার পাশে শুয়ে বাবার বুকে সুড়সুড়ি দিচ্ছিলাম। একটা কাটা দাগ আছে বাবার বুকে, আগেও দেখেছি, কিন্তু প্রশ্ন করিনি। সেদিন জানতে চাইলাম, "বাবা, এই দাগটা কিসের?" 
একটু হেসে বাবা বলেছিল "ওটা একটা বাঘের থাবার দাগ।" 
-"তোমাকে বাঘে থাবা মেরেছিল?" 
-"না, মারতে পারেনি। চেষ্টা করেছিল।" 
-"তারপর! বাঘটার কি হলো?" 
-"আর কী, এমন তাড়া করলাম, পালিয়ে গেল আমার ভয়ে!" 
-"বাবা, পুরো গল্পটা বলো, আমি শুনবো!"
-"আজ নয়, আর একদিন বলব, কেমন?" 
আমি ভেবে নিলাম, বিপ্লব মানে বাঘ। 
বাবা খুব মোটা সোটা ছিল না, কিন্তু হাতদুটো ছিল লোহার মতো শক্ত, আর পরিশ্রম করতে পারতো খুব। যখন রাস্তার মাঝখান দিয়ে বুলেট বাইক চালিয়ে যেত, সামনে বসে আমি বাবার শক্ত হাতদুটো ধরে থাকতাম। গাড়ি যতোই জোরে যাক না কেন, আমার ভয় করতো না। সেদিনও ঐভাবেই ক্লাবে নিয়ে গেল বাবা। যেতে যেতে আমার মনে হল, বিপ্লব মানে নিশ্চয়ই ভরসা, সাহস! 
আমি ভাবতাম ক্লাবে দোলনা থাকে, ছোটরা খেলাধুলো করে, বড়রা গান গায়, খাওয়াদাওয়া হয়। কিন্তু এই ক্লাবে দেখি সবাই অনেক বড়, খুব গম্ভীর আলোচনা করছে। এক একজন করে উঠে দাঁড়িয়ে কিছু বলছে, আর সকলে হাততালি দিচ্ছে। আমার বাবাও কিছুক্ষণ কথা বললো, সবাই খুব হাততালি দিল। তারপর বললো, 'ইঙ্কলাব জিন্দাবাদ'। আমিও বললুম তাদের সঙ্গে।  দু'জন কাকু সেটা দেখে আমার গাল টিপে আদর করে বললো, হবে না! বাঘের বাচ্চা তো! 
ফেরার সময় বাবাকে বললাম, "বাবা, ক্লাবের মধ্যে বলে ইন ক্লাব বলতে হয়, তাই না?" 
বাবা হা-হা করে হেসে বললো, "আরে না না, কথাটা ইনকিলাব জিন্দাবাদ, তার মানে বিপ্লব দীর্ঘজীবি হোক!' 
ভালো লাগলো যে এতজন কাকু চাইছেন আমার বাবা দীর্ঘজীবি হোন! বিপ্লব মানে তাহলে দীর্ঘজীবি! 
তার কয়েকদিন পরেই শুনলাম "অবরোধ অবরোধ"। ভোরবেলা বাবা বেরিয়ে গেল। মা ফুঁপিয়ে কাঁদছিল আর গজগজ করছিল। সারাদিন কেটে গেল, বাবা ফিরলো না। সন্ধ্যেবেলা দু'জন কাকু এসে মা-কে কীসব বলল, মা তাড়াতাড়ি শাড়ি বদলে, একটা ব্যাগ নিয়ে, আমাকে ঘরের পোশাকে নিয়েই কাকুদের সংগে একটা গাড়িতে উঠে চলল। আমি কিছু বুঝতে না পেরে চললাম চুপচাপ। মা মুখে শাড়ির আঁচল চেপে কাঁদছিল। কিছুদূর যাওয়ার পর একজন কাকুকে জিজ্ঞেস করলাম, "আমরা কোথায় যাচ্ছি?" 
-"তোমার বাবাকে দেখতে।" 
-"বাবা কোথায়? কী হয়েছে বাবার?" 
-"কিছু খারাপ লোক তোমার বাবাকে মেরেছে, বাবা হাসপাতালে ভর্তি।" 
-"কেন! আমার বাবাকে অন্যরা মারবে কেন!" 
-"তোমার বাবা তো ভাল লোক, তাই খারাপ লোকেরা বাবাকে ভয় পায়। সেই ভয় থেকেই মারে। তোমার বাবা মানুষের ওপর অত্যাচার মেনে নেয় না, অন্যায়ের প্রতিবাদ করে। তাই খারাপ লোকেরা বাবাকে ভয় পায়। " 
-"খারাপ লোকেদের পুলিশ ধরে না কেন? কেন তারা অন্যায় করবে?" 
-"পুলিশও যে তাদের কথা শুনে চলে! তারাই যে দেশ চালায়, তাই তাদের অনেক ক্ষমতা! তাদের অন্যায়ের প্রতিবাদ করতে সাহস লাগে, আর সেই সাহস সকলের থাকে না। তোমার বাবার আছে।" 
-"হ্যাঁ, বাবার খুব সাহস। জানো কাকু, একবার বাবা একটা বাঘের সংগে লড়াই করেছিল, বুকে কাটা দাগ আছে!" 
-"বাঘ নয়। এই খারাপ লোকেরাই আগে একবার বাবাকে মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। ওটা তারই দাগ। বাঘ তো সাহসী, আড়ালে লুকিয়ে মারে ভিতুরা। তোমার বাবার মতো যারা প্রতিবাদ করে, তাদের মারার চেষ্টা করে।" 
-"কাকু, বিপ্লব মানে কি প্রতিবাদ?" 
কাকু হাসলো। "ঠিক বলেছ। বিপ্লব মানে প্রতিবাদের লড়াই। একে চেপে রাখা যায় না।" 
হাসপাতালে মাথায়, হাতে ব্যাণ্ডেজ বাঁধা বাবাকে শুয়ে থাকতে দেখে কেমন অচেনা লাগছিল, সারা গা কাঁপছিল আমার রাগে, অসহায়তায়। বাবা ইশারায় আমাকে কাছে ডাকল, মাথায় হাত রেখে ধীরে ধীরে, কেটে কেটে বলল, "ভয় পাসনা, আমি সেরে উঠব শিগগির! পড়াশোনা করবি, মায়ের খেয়াল রাখবি, কেমন?" 
আমার বলতে ইচ্ছে করল, "ইনকিলাব জিন্দাবাদ!" কিন্তু গলায় কী যেন আটকালো, তাই বলতে পারলাম না।  
 মনে পড়লো খাঁচায় বন্দী সেই অসহায় বাঘটার কথা। কৌশলে বন্দী করে রেখে সক্কলে মজা দেখছে আর টিটকিরি দিচ্ছে। যদি একবার বাবা গা ঝাড়া দিয়ে ওঠে... 
বিপ্লব দীর্ঘজীবি হবে। 
হবেই!!

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

ভালোরে ভালো ~ মধুশ্রী বন্দোপাধ্যায়

দাদা গো দাদা ! দেখ্‌ছি ভেবে অনেক দূর—
এই দুনিয়ার সকল ভাল,
আসল ভাল নকল ভাল,
রামও ভালো, কেষ্ট ভালো,
তুমিও ভাল, আমিও ভাল,
বাজপেয়ীজির কবতে ভাল,
আদবানীজির রথও ভাল,
তোমার দুধের চাও ভালো,
মুড়ির সাথে চপও ভালো,
কাশ ফুলের বালিশ ভাল,
গরুও ভালো, রথও ভাল, 
তোমার আমার পোলাও ভাল, 
অন্য সবার পটল ভাল,
সোজাও ভাল বাঁকাও ভাল,
নিলও ভাল সাদাও ভাল, 
গেরুয়া রং তো বেজায় ভাল,
কিন্তু সবার চাইতে ভাল—
তোমার আমার দিল্লি মিটিং।
সঙ্গে থাকে ফুল ও ইটিং। 

- শাহজী, অপেক্ষা করুন। আপনারও দিন আসবে। 


19/09/2022

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

দীপান্বিতা জানা ~ আর্কাদি গাইদার

একদম প্রথম যখন রাজনীতি নিয়ে ভাবতে শিখেছি, - মানে চটকদার টপিক বা ট্রেন্ড হিসেবে না -  জীবন-মৃত্যুর প্রশ্ন হিসেবে, সেই সময়ে বাংলায় সন্ধিকাল - সিঙুর, নন্দীগ্রামের একের পর এক ঘটনার ঘনঘটা। পুলিশের গুলি, চাষের জমি - প্রতিনিয়ত হেডলাইন হাতুড়ি মারছে মগজে, আর সেই সময়েই অল্প অল্প করে সরকারবিরোধী বামদলের লোকজন, তৃতীয় ধারার লোকজন, এদের সাথে সখ্যতা তৈরি হচ্ছে, এদের রাজনৈতিক বক্তব্য আকৃষ্ট করছে, এনারাও মাঝেমধ্যে অনলাইন অফলাইন 'সিটিং' দিচ্ছেন।

এমনই একদিন একটি ছবি বেরোয় আবপ'তে, একটি মৃতদেহের ছবি। এর আগেও বহুবার দুদিকেরই অনেক ঘটনার ছবি বা খবর বেরিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীকে ধর্ষণ করে জ্যান্ত কবর দেওয়া, দুধওয়ালা কে পুলিশের চর ঘোষণা করে গুলি করা, কিন্তু সেসব মনে সেরকম দাগ কাটেনি, গণঅভ্যুত্থানের বাস্তব চিত্র হিসেবে হয়তো অবচেতনে নিজেই নিজের কাছে এর জন্যে সম্মতির নির্মাণ করে ফেলেছিলাম। 
কিন্তু এই ছবিটিতে তা হয়নি। কেন জানি না, কিন্তু এই ছবিটি খুব গভীরভাবে মনে দাগ কেটেছিলো। আজকাল সচেতন লোকজন যাকে বলে 'ট্রিগার' করা। 

দীপান্বিতা জানা নামক নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ভূগোলের প্রথম বর্ষের ছাত্রী। এসএফআই করবার অপরাধে তাকে ধর্ষণ করে খুন করে হলদি নদীর ধারে তার দেহ ফেলে রাখা হয়েছে। আবপ'র পাতায় সেই দেহেরই পেছন থেকে তোলা ছবি। হঠাত এই ছবিটিই এত বিচলিত করেছিলো কেন জানিনা, কিন্তু এই নিয়ে সেই সময়ের রাজনৈতিক পরিসরে বারবার প্রশ্ন করতে শুরু করলাম, তর্ক শুরু করলাম। আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো এরকম মাইলফলকের মতন ঘটনা আসে, যা জীবনের দিকনির্ণয় করে দেয়। দীপান্বিতা জানার মৃতদেহের জাস্টিফিকেশনে ঘুরেফিরে আমায় একটি কথাই বলা হয়েছিলো- কোল্যাটারাল ড্যামেজ হিসেবে ধরতে হবে। তো এই দুটো শব্দ - কোল্যাটারাল ড্যামেজ - আমার বাদবাকি জীবনের  রাজনীতির দিকনির্ণয় করে দেয়।

সেই তখন যারা আমায় কোল্যাটারাল ড্যামেজ বুঝিয়েছিলেন, সেই পরিসরের রাজনীতির ধারক ও বাহকরাও অনেকটা পথ পেরিয়ে এসেছেন। তারাও পরিবর্তনের স্রোতে এখনকার বিপ্লবী, ফ্যাসিবাদ-বিরোধী নাগরিক নেতা, সোশ্যাল মিডিয়ার নারীবাদী থিওরিটিশিয়ান, অন্যধারার প্রকাশক, ওয়েবজাইনের কর্ণধার হিসেবে আমাদের মধ্যে থেকে গেছেন। মাঝেমধ্যে দীপান্বিতা জানার সংগঠনকে পেট্রোনাইজিং জ্ঞান দেওয়া বিশ্লেষণমূলক থিসিস, বক্তব্য তারা বিভিন্ন জায়গায় রেখে থাকেন। 

দীপান্বিতা জানা - ২২ আগস্ট, ২০১০ সংবাদপত্রে দেখা যেই অচেনা মেয়েটির মৃতদেহের ছবি  আজও ২০ বছর পরে আমার মাথায় হানা দেয় - অথচ আমি তার মুখই জানি না। তার দেহের ছবি তোলা পেছন থেকে, তার অন্য কোন ছবি নেটে নেই, কোথাও নেই। এসএফআই'র সেন্ট্রাল কমিটি ওয়েবসাইটে শহীদদের তালিকার মধ্যে লিস্টে একজায়গায় তার নাম আছে। এইটুকুই। আমি কোনদিনও জানতে পারবো না দীপান্বিতার মুখটা কিরকম দেখতে। 

সাধারণত আজকাল এধরনের লেখা লিখলে বা ছবি দিলে সাথে নাকি লিখতে হয় - T/W বা Trigger  Warning. কিন্তু সচেতন ভাবেই এসব শব্দ এড়িয়ে চলছি - ওই কোল্যাটারাল ড্যামেজ শেখানো রাজনীতির ব্যক্তিবর্গ আসলে এই শব্দগুলোকে  কার্ড হিসেবে ব্যবহার করে করে অপবিত্র করে ফেলেছে। যেমন করেছে আরও অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক শব্দকে - নারীবিদ্বেষ, কাঠামোগত হিংসে, পুরুষতান্ত্রিকতা, আধিপত্য - এগুলোকে নিয়ে ওনারা সুবিধেমতন নিঃশব্দ হয়ে আর সুবিধেমতন লেবেলিং আর তর্কের কার্ড হিসেবে ব্যবহার করে এই শব্দগুলোর রাজনীতিকে অপবিত্র করেছেন। দীপান্বিতার নামটা ভুলতে না দেওয়ার যে লড়াই - সেই ইনসাফের পাশাপাশি এই শব্দগুলোর রাজনীতিকেও এদের সুবিধেবাদী হাত থেকে ছিনিয়ে নেওয়ার লড়াইটাও লড়তে হবে। 

আগামী ২০ তারিখ ছাত্র-যুবদের ইনসাফ সভা ভিক্টোরিয়া হাউজের সামনে। পুরনোদের অনেকেরই হয়তো দীপান্বিতার নাম মনে নেই, নতুনদের জানারই কথা নয়। ইনসাফ সভায় যারা যাবেন, এবং লড়াইয়ের রসদ জোগাড় করবেন, তাদেরই কাছে অনেকের সাথে দীপান্বিতার নামটাও যাতে জানানো যায়, মনে পড়ানো যায়, তাই এই লেখা।

সোমবার, ২২ আগস্ট, ২০২২

ফুল্লরা হারেনি ~ মালিনী ভট্টাচার্য

*****************************************
( ২০১৮ সালে গণশক্তিতে এই নিবন্ধ লিখেছিলেন মালিনী ভট্টাচার্য। 
অবশেষে জামিন পেয়েছেন কমরেড ফুল্লরা মণ্ডল। তাই মালিনী ভট্টাচার্যের এই লেখা ফিরে পড়া।)
******************************

'তোমরা এলে কেন? এভাবে তোমাদের দেখার চাইতে না দেখাই তো ভালো ছিল!' আমাদের দেখে এই ছিল তার প্রথম কথা। তার মতোই ক্ষোভ ছিল আমাদের মনেও। ক্ষোভের কারণ? 'সংশোধনাগারে'র অধ্যক্ষকে আগে থেকে আবেদন জানানোর পরেও ফুল্লরার সঙ্গে আমাদের দেখা করতে হলো খোলা বারান্দায় বসে অফিসঘরের সাতপুরু দেওয়াল এবং জানালার গরাদ ও তিনপুরু কালো জালের ফাঁক দিয়ে। বছরদুয়েক আগে যখন ফুল্লরার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখনও কিন্তু এই খাঁচার ফাঁক দিয়ে সম্ভাষণের অমানবিক ব্যবস্থা জারি হয়নি! অথচ এটা নাকি জেল নয়, সংশোধনাগার! আমরা তবু কাকুতিমিনতির রাস্তায় যেতে চাইনি। হামলা এবং মামলার এই জমানায় আর বেশি কী প্রত্যাশা করব? আর অফিসঘরের চেয়ারে যাঁরা বসে আছেন তাঁদেরও তো এই জমানায় চাকরি করতে হবে, তাঁরাই বা কী করবেন? ফুল্লরাও সেকথা জানে, তাই ক্ষোভ সামলে সে জনে জনে খবর নেয় পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা সমিতি থেকে আসা বা আসতে না-পারা প্রতিটি সাথির, যাদের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের মধ্য দিয়ে জীবনকে সে জড়িয়ে নিয়েছিল, যাদের সঙ্গে তার প্রাত্যহিকের আজ এক বড়ো ব্যবধান তৈরি করেছে জেলখানার গরাদ।
ফুল্লরা মণ্ডল। মেদিনীপুরের কৃষক পরিবারের মেয়ে সে, যার বাবা এবং দাদাও নিজে হাতে লাঙল ধরে চাষ করেছেন। নিজের চেষ্টায় পড়াশোনা করে ফুল্লরার ইচ্ছা ছিল শিক্ষকতা করার। ঘরের মেয়ে বাইরে গিয়ে চাকরি করবে, বাবার এই দোনোমনাকে মেনে নিতে সে চায়নি। এমন সময়ে ডাক এল পার্টির কাজ করার। সেও তো আরও বৃহত্তর ক্ষেত্রে একরকম শিক্ষকতার কাজই। নিজের পুরো জীবনটাকেই সে লাগিয়ে দিল এই কাজে, দ্বিধা না করে হয়ে গেল হোলটাইমার। পার্টি অফিসই তার ঘর, নিজের বাড়ি আর তার বাড়ি নয়, সপ্তাহে দুই তিনবার যাতায়াতের জায়গামাত্র। পঞ্চায়েত সমিতির কাজ করতে গিয়ে বাড়ল প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে তার যোগাযোগ। তৃণমূল- মাওবাদী সাজশের রক্তাক্ত দিন যখন জঙ্গলমহলে এল, তখনও তাকে কেউ গণসংযোগের ময়দান ছেড়ে ঘরে ঢুকে পড়তে দেখেনি। আমাদের সঙ্গে এবার দেখা হতে বারবার যেকথা সে বলছিল, তা হলো, বিপদ হতে পারে জেনেই তো পার্টিতে আসা, তাহলে বিপদের সময়ে ভয় পাব কেন? সে বলে, বাড়ির লোকদের জন্য আমি কখনো কিছু করিনি, তাদের কিছুই দিতে পারিনি। কিন্তু তার ভাইপোর কথায়, তুমি আমাদের পুরো পরিবারকে একটা আদর্শ দিয়েছ, তার থেকে বেশি আর কী দেবে? সেটা ধরেই তো আমরা আছি।
ফুল্লরা অনেকবছর ধরে আর বাড়ি ঢুকতেই পারেনি। প্রায় চারবছর হলো বিচারের প্রত্যাশায় সে জেলখানায়। তার জামিনের আবেদন এতদিনেও মঞ্জুর হয়নি, এর মধ্যে মারা গেছেন তার মা ও দাদা, শেষবারের দেখাও সে দেখতে পায়নি। ফুল্লরা মণ্ডল একা নয়। ২০০৭-৮ সাল থেকেই এরাজ্যে যে রাজনৈতিক উথালপাথাল শুরু হয়েছে— যার একটি চরম মুহূর্তই ৩৪ বছরের বামফ্রন্ট জমানার অবসান— তারই ধাক্কায় যেমন ভয় বা বিভ্রান্তি বা লোভ বা সুবিধাবাদের শিকার হয়ে নানাবিধ চাপের মুখে বহু বামপন্থী কর্মীর পশ্চাদপসরণ ঘটেছে, তেমনই এসবকে উপেক্ষা করেই যারা এ আন্দোলনে রয়ে গেছে, সাহস এবং জেদের সঙ্গে প্রতিকূলতার মোকাবিলা করছে এমন কর্মীর সংখ্যাও নগণ্য নয়। দূরবীন দিয়ে তাদের দেখা যাবে না, দেখতে হবে অণুবীক্ষণ যন্ত্রে। কারণ এই বিপন্ন সময়ের শিরা-উপশিরার মধ্যে তাদের অস্তিত্ব, খবরের কাগজে তাদের নাম ওঠে না, টিভি চ্যানেলে তাদের মুখ দেখা যায় না, তবু বিপর্যস্ত হয়েও তারা হাল ছেড়ে দেয়নি, সুবিধাবাদের স্রোতে গা ঢেলে দেয়নি। কেউ হয়তো আছে ফুল্লরার মতোই কয়েদখানায় মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে, কেউ বছরের পর বছর বাড়ির আশেপাশে যেতে পারেনি, কারো অন্নসংস্থান নেই, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে।
এই অবস্থায় যাদের পড়তে হয় শুধু তারাই জানে, হতাশাকে এড়িয়ে চলা কত কঠিন, মনোবল ভেঙে পড়ার সম্ভাবনা কত প্রবল। কারণ হতাশা তো হঠাৎ একদিন সকালে মুখের সামনে এসে হাজির হয় না, তা তলায় তলায় অস্তিত্বকে কুরে কুরে খায়, প্রত্যেক বারের হার বা পিছিয়ে যাওয়া একটু করে আত্মপ্রত্যয়কে ক্ষইয়ে দিতে থাকে, মনুষ্যত্বকে নষ্ট করে দীর্ঘমেয়াদি সংশয়ের বিষ ঢেলে। যতদিন না আমরা ভাবতে শুরু করি, যে দিনবদলের লক্ষ্যে জীবনটাই ঢেলে দিলাম তা মরীচিকা মাত্র। যারা গা বাঁচিয়ে ছিল তারা তো দিব্যি আছে। ফুল্লরাদের মনেও যদি কখনো কখনো এ হতাশা আসে, তাহলে কি সেটা খুব অস্বাভাবিক? তাদের অধৈর্য হবার কি কোনও কারণ নেই? আমার এত ধৃষ্টতা নেই যে আমি তাকে বলব, হতাশ হোয়ো না, ভেঙে পোড়ো না, কারণ আমি এটুকু জানি যে, যে কখনো বুক-মোচড়ানো হতাশা অনুভব করে না, যে সংশয়ে বিপন্ন হয় না, তার প্রত্যয়টা মুখের কথামাত্র। আমি এটুকু জানি, যে ফুল্লরা এবং তার মতো আরও অনেকের নিজেদের প্রত্যয়কে ঝালিয়ে নিতে হয় প্রতিদিনের হতাশা আর সংশয়ের আগুনেই। সেখানে ভাবের ঘরে চুরি চলে না।
ফুল্লরা জেলখানার মধ্যে বসেও পড়াশোনা করে, 'গণশক্তি' থেকে নিত্য আহরণ করে বাইরের খবর, অন্য মহিলা কয়েদিদের চিঠি লিখে দেয়, তাদের নানাভাবে সাহায্য করে, যে বাচ্চারা মায়ের সঙ্গে জেলে এসেছে তাদের লেখাপড়া শেখায়। এই মেয়েকে বাইরে থেকে কে সাহস জোগাবে? তাকে আমরা শুধু দিয়ে এসেছি একটি মোটা খাতা আর কলম। বলেছি, এই খাতায় তুমি তোমার নিজের কথা লেখো, লেখো তোমার ছোটবেলা কেমন ছিল, কীকরে তুমি লেখাপড়া শিখলে, পার্টির কাজ করতে গিয়ে মানুষের জীবনের যে অভিজ্ঞতা তুমি সংগ্রহ করেছ লেখো সেই কথা, লেখো এই গারদের আড়ালে যেসব মানুষের সঙ্গে তোমার আলাপ হচ্ছে তাদের কথা। লেখো, ফুল্লরা, লেখো, লেখো। তোমার কলম তো কেউ কেড়ে নিতে পারবে না। যেকাজ সারাজীবন করে এলে, এও তো সেই কাজেরই রকমফের। এর মধ্য দিয়ে তোমার প্রিয়সাথিদের সঙ্গে তোমার সংযোগ থাকবে। আমরা তোমার কথা শুনতে পাব, তোমার অভিজ্ঞতা থেকে নিজেদের অভিজ্ঞতার প্রদীপ জ্বালিয়ে নিতে থাকব।

চলে আসার আগে দুই তিন মিনিটের জন্য আমরা বড়ো লোহার গেটের সামনে এসে দাঁড়ালাম। ফটকের ওপারে সে চলে যাবার আগে একটুক্ষণের জন্য স্পষ্ট কাছ থেকে দেখা গেল তাকে। যে অফিসারটি দরজার পাশে বসেছিলেন, শুনলাম জিগগেস করছেন, এত ভিড় কি তোমার জন্যই নাকি? গেটের ফাঁকে হাত বাড়িয়ে তার হাত দু'টি ধরলাম। সে বলল, এই তো এবার মনটা খানিকক্ষণ খারাপ হয়ে থাকবে, কিন্তু তা হোক, আমি তো আছি এখানে, তোমরা লড়াই করো, জেদ করে গা লাগিয়ে লড়াই, ভাসা-ভাসা লড়াই করলে চলবে না। উঁচু মাথা উঁচু রেখেই সে চলে গেল ফটকের আড়ালে। জানিয়ে গেল সে হারেনি। আমাদেরও হার মানতে বারণ করে গেল। ফুল্লরাকে যদি বিনা অপরাধে জেলে আটক থাকতে হয়, তাহলে বলব তার এই শাস্তি আমাদের সকলের শাস্তি। সেই শাস্তিকে সবাই মিলে ভাগ করে নিতে হলে ফুল্লরার বার্তাকে আমাদের মূল্য দিতেই হবে। ফুল্লরা তার জন্য আমাদের চোখের জল ফেলতে তো বলেনি। সেকথা ভুলে এখনো যদি ভ্রান্তিবশে ভাবি, যা দিনকাল পড়েছে তাতে আগ বাড়িয়ে ফ্যাসাদ না বাড়ানোই ভালো, গয়ংগচ্ছ ভাবে চলাটাকেই যদি এখনও চলা বলে মনে করি, আলস্য আর আত্মাভিমানে যদি বাস্তবের দিক থেকে মুখ ফিরিয়ে থাকি, তাহলে বৃথাই হবে ফুল্লরার বার্তা। তার সঙ্গে এই বিশ্বাসঘাতকতা আমরা যেন না করি। 

#TMCJungleRaj #WestBengal

শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

চাঁদের রং কি? ~ ডাঃ দোলনচাঁপা দাশগুপ্ত

একটি সাম্প্রতিক আলোচনার পরে, একজন তরুণ স্কুলছাত্র আমাকে জিজ্ঞাসা করেছিল- "জলবায়ু পরিবর্তন কীভাবে চাঁদকে প্রভাবিত করে"?

প্রথমে আমি ভেবেছিলাম প্রশ্নটি তুচ্ছ, কিন্তু পরে  আমি বুঝতে পেরেছিলাম যে এটি বেশ গভীর প্রশ্ন। আমাদের বায়ুমণ্ডলের পরিবর্তন চাঁদকে প্রভাবিত করে না, তবে আমরা কীভাবে চাঁদ দেখি সেটাকে প্রভাবিত করে।

APOD থেকে:

 "চাঁদের রঙ কি? এটি রাতের উপর নির্ভর করে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে, প্রতিফলিত সূর্যালোক দ্বারা আলোকিত অন্ধকার চাঁদ,  চমৎকার  বাদামী - ধূসর দেখায়।

পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর থেকে দেখা গেলেও, চাঁদ ভিন্নভাবে দেখা যেতে পারে। বৈশিষ্ট্যযুক্ত চিত্রটি খেয়াল করলে বোঝা যাবে, সমস্ত ইতালির  বিভিন্ন অবস্থান থেকে ১০ বছরেরও বেশি সময় ধরে একজন জ্যোতির্বিজ্ঞানীর রেকর্ড করা  (নথিভুক্ত) পূর্ণ চাঁদের আপাত রঙের একটি সংগ্রহ  এই ছবিগুলো। 

একটি লাল বা হলুদ রঙের চাঁদ সাধারণত দিগন্তের কাছাকাছি দেখা চাঁদকে বোঝায় । সেখানে, কিছু নীল আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে দীর্ঘ পথ দিয়ে বিক্ষিপ্ত হয়েছে, কখনও কখনও সূক্ষ্ম ধূলিকণাতে ভরা। নীল রঙের চাঁদ আরও বিরল এবং বড় ধূলিকণা বহনকারী বায়ুমণ্ডলের মধ্য দিয়ে দেখা চাঁদকে নির্দেশ করতে পারে। বেগুনি চাঁদ ঠিক কীভাবে  তৈরি হয়েছে  তা স্পষ্ট নয় - এটি বিভিন্ন প্রভাবের সংমিশ্রণ হতে পারে। শেষ চিত্রটি ২০১৮  সালের জুলাইয়ের মোট চন্দ্রগ্রহণকে ক্যাপচার করেছে  -- যেখানে পৃথিবীর ছায়ায় চাঁদ ক্ষীণ লাল দেখাচ্ছে  -- পৃথিবীর চারপাশে বাতাসের মাধ্যমে আলো প্রতিসরণ করার কারণে। পরবর্তী পূর্ণিমা এই মাসের শেষে ঘটবে এবং কোনও কোনও সংস্কৃতিতে 'বিভার মুন'  নামে পরিচিত।

Image Credit & Copyright: Marcella Giulia Pace 


আজ পূর্ণিমা। রাখিপূর্ণিমা। একটি খুব সুন্দর বিষয়কে তুলে ধরেছেন স্যার Somak Raychaudhury  বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য স্যারের পোস্টটা আমি বাংলায় অনুবাদ করে দিলাম।


সোমবার, ৮ আগস্ট, ২০২২

এসএসকেএমে মেরুদণ্ডের জন্ম (একটি কল্প-গল্প) ~ ডাঃ অরুণাচল দত্ত চৌধুরী

ল্যাবরেটরির নামটা ভজঘট। সলিড সায়েন্টিফিক কাইনেটিকস অফ মিউটেশন সংক্ষেপে এসএসকেএম।  

আসলে কাজ হয় জেনেটিকস আর ইভোলিউশন নিয়ে। রাষ্ট্রীয় কাজ। অতীব গোপন, বলাই বাহুল্য।  ল্যাবে আজকে প্রবল উত্তেজনা। কাগজে একটা খবর বেরিয়েছে। তাই নিয়েই সিনিয়ার সায়েন্টিস্ট মহীতোষ মহলানবিশের নামে গুরুতর অভিযোগ। 

এমনিতে এই ল্যাবরেটরিতে পরীক্ষা পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত নেবার যে বৈজ্ঞানিক প্রথা সারা বিশ্বে চালু আছে সেইটিই চালু। কিন্তু সে সবই মলিকিউলার লেভেলে। প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট মিনারেল নিয়ে জটিল কাজ কারবার। কখনও কমপিউটার সিমুলেশনে রেজাল্ট দেখে আন্দাজ করার চেষ্টা করা হয় অনাগত ভবিষ্যতে কী ধরণের পরিবর্তন আসতে চলেছে। সাধারণের পক্ষে একপ্রকার অবোধ্যই। সেই সব কাজ জাতির কী কাজে লাগে কেউই জানে না।

ইভোলিউশন মানে বিবর্তন সবাই জানে একটি ধীর প্রক্রিয়া। শতাব্দীর পর শতাব্দী কেটে যায় খুব ছোট পরিবর্তন আসতেও। কাজেই সরাসরি বিবর্তন চাক্ষুষ করা এই ল্যাবের তো বটেই সবাইরই সাধ্যাতীত। তবু কখনও জিন পালটে নতুন প্রজাতি তৈরি করার চেষ্টাও করা হয় অবশ্যি।

বিজ্ঞানী মহীতোষ আবার কবি টাইপের। এই ল্যাবের সর্বাধিনায়ক ডঃ সর্বজ্ঞ এই কবিতার ইস্যুতে ওর ওপর একটু বিরক্তও বটে। ব্যাপার তত সিরিয়াস কিছু না। আসলেই আবেগ সামলাতে না পেরে ওর কবিতা ছাপতে পাঠায় বিভিন্ন ম্যাগাজিনে। সেই আপদগুলি ছাপাও হয়। ডঃ সর্বজ্ঞর ধারণা সেই সব কবিতা ডিকোড করে বিদেশি প্রতিদ্বন্দ্বীরা এই ল্যাবের গোপন সাফল্যগুলি জেনে যাচ্ছে। অথচ এখানে গবেষণার শর্তই হল, কিছুতেই এখানের খবর বাইরের কারওর সঙ্গে শেয়ার করা যাবে না। 

এই না মানে সর্ব অর্থেই না। এখানের চাকরি ছেড়ে দেওয়ার পরও না। এই মর্মে চুক্তিপত্র সই করতে হয়েছে সব রিসার্চারকেই। গতমাসেই তিনি মহীতোষকে তাঁর ঘরে, যেটিকে লোকে আড়ালে টর্চার চেম্বার বলে, ডাকিয়ে এনেছিলেন। 
– তোমাকে আজকেই শো কজ্ নোটিশ ধরাব।
নিরীহ মহীতোষ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেছিল,
– কেন স্যার? 

সর্বজ্ঞ গম্ভীর ভাবে বিজ্ঞান কথাঞ্জলি নামের ওঁচা লিটল ম্যাগাজিনটা তার দিকে এগিয়ে দিলেন। 
– এই কবিতাটা তুমি কেন লিখেছ? 

মহীতোষ গলা বাড়িয়ে দেখে নিয়ে ঢোঁক গিলল। একটা নির্দোষ লিমেরিক। স্যার এটারও খোঁজ পেয়ে গেছেন? বড়ই আপশোষের কথা। 

লিমেরিকটা হল,
লঙ্কা গাছের কোষে মুরগির জিন দিয়ে ঠেসে
নিরামিষ ফলে পাই, মাংসের স্বাদ অবশেষে।
চিলি চিকেনের ভোজ
জুটছে এখন রোজ।
খবরটা গোপনীয়, এক্ষুনি দিচ্ছি না প্রেসে। 

জলদগম্ভীর গলায় বস জিজ্ঞেস করলেন,
– আমাদের এই ল্যাবটা কি খেয়াল খুশির জায়গা? এই ভাবে তুমি ল্যাবের গোপন খবর কবিতাপত্রিকা দিয়ে বাইরে আউট করছ? তুমি জানো, কেনটাকি চিকেন কিম্বা ম্যাকডোনাল্ড আরও কতজন এই রকম আবিষ্কারের জন্য ওঁৎ পেতে বসে আছে? তোমার মাথায় আইডিয়া এসেছে ভালো কথা। সেটা পাবলিশ করার সাহস তোমার হয় কী করে? 

– কিন্তু স্যার এই আইডিয়াটা তো…
– কোনও এক্সপেরিমেন্টেই এখন অবধি ইমপ্লিমেন্টেড হয়নি। এই তো বলবে? কিন্তু এই আইডিয়াটা তোমার মাথায় এসেছে কাজেই এটা ল্যাবের সম্পত্তি, বুঝেছ?
বাধ্য ছাত্রের মত ঘাড় নাড়ে মহীতোষ 

আজ আবার মহীতোষের ডাক পড়েছে টর্চার চেম্বারে।
– তুমি আবারও সেই কাজ করেছ? খবর পাচারের সেই জঘন্য কাজ?
ঘাড় নেড়ে প্রতিবাদ করে মহীতোষ। 

– না হে, ঘাড় নাড়লেই হবে না। ওই যে আগের মাসে কবিতাটার শেষ লাইনে লিখেছিলে  "খবরটা গোপনীয়, এক্ষুনি দিচ্ছি না প্রেসে" লিখেছ তাতেই তো বোঝা যাচ্ছে তোমার ইয়ে কী বলে প্রেস মানে সাংবাদিকদের সঙ্গে দহরম মহরম মানে চেনা জানা মানে গোপন যোগাযোগ মানে… 

মানের সিঁড়ি ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে হাঁপাতে থাকেন ডঃ সর্বজ্ঞ।

ততক্ষণে তাঁর হাতে উঠে এসেছে আজকের আনন্দ বার্তা কাগজ।
সেইটি টেবিলের ওপর বিছিয়ে তার হেড লাইনে হাত রাখেন তিনি। প্রশ্ন করেন,
–এটা কী? কে এদের খবর দিল তুমি ছাড়া?

মহীতোষ ঘুম থেকে উঠতে দেরি করে তড়িঘড়ি চলে এসেছে। পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। 
পড়েনি। তাই পিছিয়ে পড়েছে। 

আনন্দবার্তা আঠারো পয়েন্টে হেড লাইনে লিখেছে,

অবশেষে বিবর্তনের নতুন দিশা। এসএসকেএমের পরীক্ষাগারে বিশেষ তাপে ও চাপে কিছু কেঁচোর শরীরে শিরদাঁড়ার আভাস দেখা দিয়েছে।

শনিবার, ৩০ জুলাই, ২০২২

হিন্দুত্বের মিথ্যে কীভাবে ছড়ায় ~ অরিজিত মুখোপাধ্যায়

হিন্দুত্বের মিথ্যে কীভাবে ছড়ায় তার আরো একটা চাক্ষুষ নমুনা দেখলাম...

অনেকদিনের চেনা লোক, একসাথে কাজ করি - আপাতদৃষ্টিতে সায়েন্টিফিক টেম্পারামেন্ট ইত্যাদি আছে, কাজের দিক থেকেও ভালোই...মানে অফিসের কাজে যা যা লাগে, মোটামুটি সবই রয়েছে। দুপুরে ক্যাফেটারিয়ায় বসে খাওয়ার সময় কথাবার্তা ঘুরে গেলো পার্থ চ্যাটার্জী, তৃণমূলের দূর্নীতি, সেখান থেকে উত্তরপ্রদেশে কীভাবে বদমাইশদের ঢিট করা হয়েছে, আর ইউপি কীভাবে রিজার্ভ ব্যাঙ্কের কোন কোন লিস্টে টপ ফাইভে আছে ইত্যাদি। না না, কেরল বাদ যায়নি, কেরলও প্রশংসাযোগ্য, কিন্তু ইউপিতে ঢিট করা ব্যাপারটা বেশ কাজের। সেটা একটু চেপে গেলো সেই ইউপিতেই করোনাকালে লাশের ছবি আর হিউম্যান ইন্ডেক্সের কথা ওঠায়...

তারপর, কোনোভাবে আলোচনা ঘুরলো ইতিহাসের দিকে - কেন আমাদের ইতিহাস এত "ডিফিটিস্ট"... আমাদের যে লুঠ করা হয়েছে সেটা কেন ইতিহাসে লেখা নেই?

আমি বললাম - কে বলেছে নেই? কলোনিয়াল আমলে কীভাবে এখানকার সম্পদ ইউরোপে চালান হয়েছে সেটা তো ওয়েল ডকুমেন্টেড। মুঘল আমলে জিডিপি ছিলো...

ব্যাস, ওই অবধি শুনেই - " মুঘল আমল কেন বলবে? কেন চোল বা চালুক্য আমল নয়? কেন তাদের কথা ইতিহাসে থাকবে না?"

"ভাই, ইতিহাস বইয়ে মৌর্য্য, গুপ্ত, শুঙ্গ, পাল, চোল, চালুক্য সবই তো ছিলো।"

"না, ওসব পড়ানো হয় না..." ইত্যাদি। 

তারপর পেলাম দুটো লিংক - জনৈক জে সাই দীপকের ইউটিউব ভিডিও "হিস্টরি, আইডেন্টিটি, ইন্ডিয়া" আর সঞ্জীব সান্যালের ইউটিউব ভিডিও "হাউ মাচ অফ ইন্ডিয়ান হিস্টরি ইজ রিয়েলি ট্রু"। এই দুজনই নাকি "নামকরা" ঐতিহাসিক। যখন বললাম উক্ত সাই দীপক অপইন্ডিয়ার লোক, আর সঞ্জীব সান্যাল ভারত সরকারের অর্থনীতির কিছু একটা উপদেষ্টা, আদৌ ইতিহাসের লোক নয়, তখন আবার কিছুটা চুপ...

তারপর কথায় কথায় যেটা দেখা গেল, সেটা হল এর সমস্ত যুক্তিই একেবারে স্ট্যাম্পমারা আইটি সেলের ডায়লগ, মানে আইটি সেল যেসব জিনিস ছড়িয়ে বেড়ায়। যেমন, একটা বেশ লম্বা প্রশ্নঃ

"আমাদের ইতিহাস কেন শুধু হেরে যাওয়ার ইতিহাস? রেজিস্টেন্সের ইতিহাস কই? গজনীর মামুদের শেষ আক্রমণের পর ফের আক্রমণ করতে কেন ১২০ বছর লাগলো? সুহেলদেবের কথা ইতিহাসে লেখে না কেন? উত্তরপূর্ব ভারতের রাজাদের কথা কেন লেখে না? ব্রিটিশ ঐতিহাসিকদের কেন বিশ্বাস করবো যখন তারা আসার আগেও ভারত বলে একটা বিরাট ব্যাপার ছিলো? স্ক্রিপচার আর শিলালিপিকে কেন প্রমাণ হিসেবে ধরা হবে না? ভারতের সবচেয়ে বড় ইতিহাসের দলিল - নালন্দাকে যদি ইচ্ছে করে ধ্বংস করা হয়ে থাকে, তাহলে অন্য দলিল কেন মেনে নেবো? অন্য দেশ, যেমন চীন বা আমেরিকা তাদের অতীতকে গ্লোরিফাই করে। আমরা কেন করবো না? বিদেশীদের বলা ইতিহাস কেন মানবো?"

এসবের এক কথায় উত্তর হয় না, আর সিউডো-ইতিহাসের লক্ষ্যই এইগুলো ছড়ানো। যেমন, সুহেলদেব - একটা লেজেন্ড ছাড়া যার সম্পর্কে কোনো ঐতিহাসিক দলিল নেই [১]। পৃথ্বীরাজ চৌহান সিনেমাটা নিয়েও যে বিতর্কটা হয়েছে তাও মোটামুটি এই লাইনেই - যে পৃথ্বীরাজ রসো কোনো প্রামাণ্য ঐতিহাসিক দলিল নয়। আর এই তথাকথিত ঐতিহাসিকরা, মানে বিক্রম সম্পত বা সঞ্জীব সান্যাল - এদের স্টাইলটাই হল বিনা রেফারেন্সে কিছু দাবীদাওয়া বাজারে ছেড়ে অ্যাকাডেমিক হিস্টোরিয়ানদের কোনোভাবে ডিসক্রেডিট করা - যে আদতে ভারতের গৌরবময় ইতিহাসকে বামপন্থী, কমিউনিস্ট আর নেহরুভিয়ান ঐতিহাসিকরা চেপে দিয়েছে। হিট অ্যান্ড হাইড স্টাইল বলে একে, অ্যালিগেশন ছুঁড়ে পালিয়ে যাওয়া [২]।

এইসব বেশ কিছু বোঝানোর পর যেটা শুনলাম সেটাতেই খটকাটা লাগলো - যে এই পুরো অ্যাফিচিউডটা আসে একটা কোনো কমপ্লেক্স থেকে - যে আমি এত খেটেছি, এত করেছি, অথচ কিছু পাইনি, অন্য লোকে আমার থেকে এগিয়ে গেছে।

"হিন্দু বা বিজেপি নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। এত কিছু করার পরেও আমার কেন এত ইনফিরিয়রিটি কমপ্লেক্স সেইটা খুঁজতে খুঁজতে আমি ডিফিটিস্ট মেন্টালিটি শব্দটা পেলাম, সেখান থেকে এইগুলো পেয়েছি..."

খুঁজে পেয়েছে, পড়েছে, কিন্তু প্রশ্ন করেনি। যে মানসিকতা নিয়ে রিসার্চের কাজ করে, সেই মানসিকতা নিয়ে এইগুলো পড়েনি বা শোনেনি। রিসার্চের ভাষায় বলতে গেলে ডীপ লার্নিং নিয়ে গুগলের ডীপ মাইন্ড থেকে পাব্লিশ করা পেপার ছেড়ে অমিটি বা লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির পেপারের ওপর ভরসা করেছে। কারণ এদের দাবীগুলোর সাথে নিজের সাবকনশাসে থাকা ধ্যানধারণা মিলে গেছে। নিজের অপূর্ণ কিছু ইচ্ছে বা না পাওয়ার হতাশার জন্যে কাউকে দায়ী করার জন্যে লোক খুঁজে পেয়ে গেছে। 

উগ্র জাতীয়তাবাদের গজিয়ে ওঠার ক্লাসিক পন্থা এই  দুর্বলতাগুলোকে এক্সপ্লয়েট করা। এই লোকগুলোই ভালনারেবল। হিন্দুত্ব আর জাতীয়তাবাদ ছড়ানোর জন্যে ঊর্বর জমি।

থার্ড রাইখের ইতিহাস পড়লেও এই একই নমুনা দেখতে পাবেন - নাৎসীরা যেটাকে কাজে লাগিয়েছিলো।


শনিবার, ২৩ জুলাই, ২০২২

পার্থ ~ সুশোভন পাত্র

মিস্টার পার্থ চট্টোপাধ্যায় হাও ইস দা জোশ? ২০১৩, বেহালা। তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির জনসভা। আপনি তখন  শিক্ষামন্ত্রী, আপনি তখন হুকুমত, আপনার তখন হেব্বি রোয়াব! মঞ্চ কাঁপিয়ে, গলা ফাটিয়ে আপনি বললেন,      
- ২০০৭-এ শালবনীতে কি একটা পটকা ফাটল, আর বুদ্ধ ধুতি তুলে দৌড় মারল! জ্যোতি ডুবে গেছে, বুদ্ধ বুদ্ধু হয়ে গেছে, আজকাল সুজ্জ্যি মামা ডোবে আর ওঠে! সিপিএম এখন মায়ের ভোগে! 
মনে পড়ে? আজ সকালে ইডির অফিসাররা যখন আপনাকে বগল দাবা করে গাড়িতে চাপিয়ে মামাবাড়ি নিয়ে যাচ্ছিল, ২৭ ঘণ্টা ইডির জেরার বাউন্সারে আপনি যখন বিধ্বস্ত, রণক্লান্ত; তখন আপনার সেদিনের ঐ বাচালতাটা বড্ড মনে পড়ছিল! কোথায় আপনার সেই মাঞ্জা দেওয়া পাঞ্জাবি, পায়ে নাইকির ব্র্যান্ডেড স্পোর্টস সু, যত্ন করা ফ্রেঞ্চ কাট, হুঁশ করে চলে যাওয়া লাল বাতি গাড়ি, সামনে পাইলট পিছনে ব্ল্যাক ক্যাটের ফেরেকবাজি? 'আগে কি সুন্দর দিন কাটাইতাম!' তাই না মিস্টার পার্থ চট্টোপাধ্যায়? 
এই তো আজ বিকেলে রিপন স্ট্রিটের বাসস্ট্যান্ডে শুনলাম এক ভদ্রলোক চিৎকার করে বলছেন 'শালা রাজ্যের শিক্ষামন্ত্রীটা চোর। ৩৪ বছরে এমন দেখতে হয়নি।' বাকিরা সবাই চুপ করে শুনছেন। মিস্টার পার্থ চট্টোপাধ্যায় রাস্তা ঘাটে লোকে আপনাকে চোর বলছে! আপনার কেমন লাগছে শুনতে? 
কি করবেন বলুন? আসলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কে দুর্নীতির দায়ে ইডি জেরা করছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠর ফ্ল্যাট থেকে দু'হাজার, পাঁচশো টাকার নোটের পাহাড় আবিষ্কার হচ্ছে -এসব তো বাঙলার মানুষ আগে দেখেনি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠর দক্ষিণ কলকাতার কেতাদুরস্ত আবাসনে ঘুষের আর তোলাবাজির টাকা গোনার জন্য ইডি'র আধিকারিকরা মেশিন আনতে বাধ্য হচ্ছে -বাঙলার মানুষ আগে দেখেনি। 
ইডি-সিবিআইর গদাইলস্করি চাল, প্রচুর টাকা বিদেশে পাচার; তারপরেও শুধু একজন ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২০কোটির বেশি! ডলার, সোনা, মোবাইল। ১৮টি বাড়ি, ফ্ল্যাট, জমির নথিপত্র। পশ্চিম মেদিনীপুরের পিংলাতেও স্ত্রীর নামে ইন্টারন্যাশনাল স্কুল, আত্মীয় স্বজন, মেয়ে জামাইয়ের নামে বিপুল সম্পত্তি! 
সবটাই তো গরীব খেটে খাওয়া বাঙলার সাধারণ যুবক যুবতীর কষ্টার্জিত টাকা লুঠ করে, তাঁদের চাকরি পাওয়ার স্বপ্নে বুলডোজার চালিয়ে, পেটে লাথি মেরে! স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের বুকে নিয়োগ নিয়ে সবথেকে বড় কেলেঙ্কারি। প্রাইমারি টেট থেকে এসএসসি, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে বেনজির দুর্নীতি। অবৈধভাবে অকৃতকার্য এমনকি খালি খাতা জমা দেওয়া পরীক্ষার্থীরাও চাকরি পেয়েছে স্রেফ এই দুর্নীতি চক্রের মদতে। আদালতের নির্দেশে একাধিকজন চাকরি হারিয়েছেন এই দুর্নীতির জেরেই। সেখানে রাস্তা ঘাটে আপনাকে কে 'চোর' বললে কি, খুব ভুল বলছে? আপনি কি বলেন মিস্টার পার্থ চট্টোপাধ্যায়?  
কান্তি বিশ্বাস, পার্থ দে, সত্যসাধন চক্রবর্তী, শম্ভু দে, সুদর্শন রায়চৌধুরী  -শিক্ষামন্ত্রী বামফ্রন্ট সরকারের আমলেও ছিল। ১৯৯৮-২০১০, এরাজ্যে প্রতি বছর এস.এস.সি'র মাধ্যমে নিয়োগ হয়েছিল মোট ১,৮৫,৮৪৫ জন। হ্যাঁ, ৮-১০ লক্ষ টাকার ঘুষ না দিয়েই, মেধা তালিকা গোপন না রেখেই, স্বজন পোষণ আর বেনিয়মের কলঙ্ক গায়ে না মেখেই! 
৩৪ বছরের অনেক গল্প আপনারা শুনেছেন, পাড়ার তৃণমূলের মস্তানদের নন্দীগ্রাম-সিঙ্গুর-আনন্দমার্গী-মরিচঝাঁপি-সাঁইবাড়ি'র নামতা ঘুষতে শুনেছেন, সেই মস্তান'দের একটু জানিয়ে দেবেন, ৩৪ বছরের ঐ বাংলায় একটা অনিয়ম, একটা দুর্নীতির প্রমাণও কিন্তু তাঁদের দিদি আর দিদির পদলেহনকারী পুলিশ-সিআইডি-কমিশন আজ অবধি দিতে পারেনি, ৩৪ বছরের ঐ বাংলায় টাকার বিনিময়ে কলেজে অনার্সের সিট বিক্রি হয়নি, ৩৪ বছরের ঐ বাংলায় মেধা তালিকার ছাত্র-ছাত্রী'দের স্রেফ ঘুষ দিতে না পারায় আত্মহত্যার করতে হয়নি, ৩৪ বছরের ঐ বাংলায় মুখ্যমন্ত্রী'দের কাটমানির ৭৫% পার্টি ফান্ডে জমা করার হুইপ দিতে হয়নি, ৩৪ বছরে এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে রাস্তায় ঘাটে লোকজন প্রকাশ্যে 'চোর' বলেনি!  
মিস্টার পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল আপনাকে ঝেড়ে ফেলছে। মুখ্যমন্ত্রী নাকি আপনার ফোন ধরছেন না, মিডিয়ার অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে আপনাকে ক্যাবিনেট থেকে ছেঁটে ফেলা হয়েছে, তৃণমূলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনাদের দু-পয়সার মুখপাত্র টুইট করে বলে দিয়েছেন, এই দুর্নীতির দায় কেবলমাত্র আপনার, দলের না! কিন্তু আমরা জানি, আপনি একা না। তৃণমূলে পা থেকে মাথা, প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। আর সেই দুর্নীতিগ্রস্তদের রিং-মাস্টারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়! 
২০১১ তে মুখ্যমন্ত্রী হয়ে এগারোটা কমিশন গড়েছিল মেয়েটা। বছর ঘুরতেই আরও ছটা। এত কমিশন একসঙ্গে জীবনে দেখেনি রাজ্যবাসী। নবান্নের চোদ্দ তলার প্রথম থাকে সে রাখল 'জমি বণ্টনে অনিয়মে'র তদন্ত কমিশনদের। রাজারহাটের কমিশনটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার তুরুপের তাস। দ্বিতীয় থাকে রাখল সব 'গণহত্যার' কমিশন'দের। ২১শে জুলাই কমিশনটাকে জড়িয়ে ধরে বলল তোর নাম 'বুদ্ধ ভট্টাচাজ বধ'।
কমিশনের হাতি পুষতে সেদিন খরচা হয়েছিল রাজ কোষাগারের ৫ কোটি। সিপিএম'র নেতাদের পিণ্ডি তর্পণের দিবাস্বপ্নে বিগলিত বুদ্ধিজীবীরা কমিশন'কেই দরাজ সার্টিফিকেট বিলিয়ে বলেছিলেন "এহি হ্যা রাইট চয়েস বেবি।" মিডিয়ার ক্যাকাফনি তে সেদিন অনায়াসেই চাপা পড়ে গিয়েছিলো শালকু সরেন, অজিত লোহার-পূর্ণিমা ঘোড়ুই-জিতেন নন্দী'দের লাশের নিস্তব্ধতা। আজ ১১ বছর অতিক্রান্ত, ২১শে জুলাইর মঞ্চে ধমক-চমক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে নাকি কমিশনের রিপোর্ট সামনে এনে সিপিএম-র নেতাদের দুর্নীতির দায়ে জেলে ভরার?     
তাই, মিস্টার পার্থ চট্টোপাধ্যায়, আপনি জেলে গেলেন বলে গায়ের ঝাল মিটিয়ে বসে থাকার সুযোগ বামপন্থীদের নেই। সারদা, নারদা, রোজভ্যালি, বালি কয়লা, গরু, পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, মুকুল রায় –তৃণমূলের রাজনীতির ল্যান্ডস্কেপে ছড়িয়ে থাকা এই বিক্ষিপ্ত বিন্দু গুলোকে একসাথে জুড়লে যে নকশাটা তৈরি হয় সেটা ধারাবাহিক দুর্নীতির, সেই নকশাটা দুর্নীতি কে রাজনীতির আঙিনায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেই নকশাটা বাঙলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একটা লুম্পেন সর্বস্ব রাজনীতির নিয়ন্ত্রক শক্তি হয়ে ওঠার! 
আমাদের লড়াইটা বাঙলার বেকার যুবকদের ন্যায্য চাকরি ফিরিয়ে দেবার লড়াই, মানুষের কষ্টার্জিত লুঠের টাকা ফিরিয়ে দেওয়ার লড়াই, যে মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেরুদণ্ড বন্দক রেখেছে সেই মেরুদণ্ড ফিরিয়ে দেওয়ার লড়াই। লড়াইটা আসলে, যে রাজনীতি ব্যবস্থা আমাকে-আপনাকে প্রতিনিয়ত এই দুর্নীতির সাথে আপোষ করতে শেখাচ্ছে, সেই রাজনীতি কে হারিয়ে দেওয়ার লড়াই। বরুণ বিশ্বাস, সত্যেন্দ্র দুবে, নরেন্দ্র দাভোলকার রক্তে ভেজা পথের লড়াই। দুর্নীতি মুক্ত নতুন বাঙলায় সূর্যোদয় ঘটাবার লড়াই। শোষণহীন রাঙা প্রভাত ছিনিয়ে আনার লড়াই। 
বাই দা ওয়ে, মিস্টার পার্থ চট্টোপাধ্যায়, বুদ্ধবাবু আজও বাঙলার মানুষের মনে সম্মান নিয়েই বাঁচেন, ইনকিলাবি শ্লোগানের গর্ব নিয়ে বাঁচেন, আজও লাল ঝাণ্ডার নেতৃত্বে নতুন বাঙলা গড়ার স্বপ্ন নিয়েই বাঁচেন। 
আপনিও বাঁচবেন, দুর্নীতিবাজের তকমা নিয়ে, মানুষের ঘেন্না কুড়িয়ে, পথ চলতি মানুষের ঐ খিস্তি খেউরে! ঐ যে কথায় বলে না, 'আমরা', 'ওরা'। তফাৎ ছিলই। তফাৎ থাকবেও।

ক্যাপ্টেন লক্ষী সেহগল ~ অর্কপ্রভ সেনগুপ্ত

ক্যাপ্টেন সেহগল সম্পর্কে একটা প্রশ্ন আমার মাথায় বারেবারেই ঘুরত। যে মানুষের রাজনৈতিক চেতনা তৈরি হয়েছে মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপটে সুহাসিনী চট্টোপাধ্যায়ের হাত ধরে, যিনি ডাক্তারি পড়ার পাশাপাশি সমাজতন্ত্র বা সাম্যবাদ নিয়ে যে বই পেতেন সেই বইই পড়ে ফেলতেন, যাঁর মনে গভীরতম রেখাপাত করেছিল এডগার স্নো-এর 'Red Star over China', সেই ক্যাপ্টেন সেহগল দ্বিতীয় মহাযুদ্ধের পর কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন না কেন ? আমি দীর্ঘদিন এর উত্তর ভেবে এসেছিলাম হয়তো দ্বিতীয় মহাযুদ্ধের প্রেক্ষিতে সুভাষ-কমিউনিস্ট বিরোধের জন্য ক্যাপ্টেন লক্ষ্মী নিজে মতাদর্শের দিক থেকে কমিউনিস্ট হলেও ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাননি। কিন্তু পরবর্তী সময়ে ক্যাপ্টেনের স্মৃতিকথা সহ বিভিন্ন বইপত্র পড়ে দেখেছি বিষয়টি ছিল আদতে উল্টো। ক্যাপ্টেন সেহগল তাঁর স্মৃতিকথায় লিখেছেন - 

"যাইহোক, এত কাজ সত্ত্বেও আমার মধ্যে একটা ছটফটানি ছিল, সেটা প্রধানত রাজনৈতিক। যে-ভাবে কাজকর্ম চলছে তাতে আমি একটুও সন্তুষ্ট ছিলাম না। স্বাধীনতার ফলভোগ করছে কেবলমাত্র কয়েকটি লোক। শ্বেতকায়দের জায়গা দখল করেছে কৃষ্ণকায়রা। নিয়ম সব একই রকম রয়েছে, যদি এর পরিবর্তন না হয় তবে অবস্থা ক্রমেই খারাপ হতে থাকবে। আমার নিজের বিশ্বাস ছিল, এখনও আছে, যে কেবলমাত্র আমাদের মূল্যবোধের সঙ্গে খাপ খেতে পারে এমন সমাজতন্ত্র আমাদের সমস্যার সমাধান করার সাহায্য করতে পারে। বার্মা থেকে ফেরার পর থেকে আমি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, রাজনৈতিক কাজ করার জন্য। কিন্তু তাঁরা আমায় (ফ্যাসিস্ট) জাপানী যোগাযোগের জন্য এড়িয়ে চলেছেন।"   

কংগ্রেসের লোকেরা তাঁকে আরও জঘন্য ভাবে অপমান করেছিল, তার বিস্তৃত বিবরণও তাঁর স্মৃতি কথায় আছে। ভারতীয় জনসঙ্ঘের রাজনীতিকে তিনি প্রবল অপছন্দ করতেন। সোশ্যালিস্ট রাজনীতিতেও তাঁর ভরসা ছিল না। তিনি শুরু থেকেই কমিউনিস্ট পার্টির সঙ্গেই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু কমিউনিস্টরাই তাঁকে এড়িয়ে যেতেন। সুভাষচন্দ্রের স্মৃতির প্রতি ক্যাপ্টেন দায়বদ্ধ ছিলেন। 'যা করেছি ভুল করেছি' এই মুচলেকা দিয়ে কমিউনিস্ট পার্টিতে আসা তাঁর পক্ষে সম্ভব ছিল না। ক্যাপ্টেন সেহগলের পক্ষে দীর্ঘকাল আর রাজনীতিতে আসা সম্ভব হয় নি। সুযোগ হল পার্টি ভাগের পর, বাংলাদেশ মুক্তি যুদ্ধের প্রেক্ষিতে। সিপিআই-এর সুভাষচন্দ্র বা আই.এন.এ নিয়ে যে মূল্যায়ন বা ছুঁতমার্গ ছিল, নবগঠিত সিপিআই(এম)-এর তা ছিল না। বাংলাদেশ মুক্তি যুদ্ধের প্রেক্ষিতে স্বয়ং জ্যোতি বসু ক্যাপ্টেন সেহগলকে চিঠি দিয়ে অনুরোধ করলেন কলকাতায় পিপলস রিলিফ কমিটিতে যোগ দিতে। লক্ষ্মী অভিমান করতে পারতেন, কমিউনিস্টদের পূর্ববর্তী শীতলতার, প্রত্যাখ্যানের শোধ নিতে পারতেন। তিনি তার ধারে কাছ দিয়ে গেলেন না, কমিউনিস্টদের তিনি চিরকালই আপন মনে করে এসেছেন, কমিউনিস্টরাই তাঁকে নিজেদের লোক মনে করেনি। যখন এই ব্যবধান দূর করার সুযোগ এল, তিনি সানন্দেই নিলেন। প্রথমে পিপলস রিলিফ কমিটি পরে গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যদের নিয়ে উদ্বাস্তুদের মধ্যে তিনি যা কাজ করলেন তা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করল। এই প্রেক্ষিতে তাঁকে সদস্যপদ দেওয়ার কথা হয়।  লক্ষ্মী অবশ্য সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে একবার দেখা করেছিলেন পার্টিতে যোগ দেওয়ার আগে। সেখানে সুভাষচন্দ্র আর আই.এন.এ নিয়ে পার্টির নেতাদের মতামত কি সেটা বুঝে নিয়ে তারপরই পার্টিতে যোগ দেন। পূর্বেই বলেছি, সুভাষচন্দ্র সম্পর্কে সঠিক মূল্যায়ন করে না, এমন দলে তিনি যোগ দিতে আগ্রহী ছিলেন না। 

ক্যাপ্টেন সেহগলের আজ প্রয়াণ দিবস। তিনি বারবার বলেছিলেন, স্বাধীনতা তিন ধরণের হয় - রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক। ভারতে শুধু আমরা প্রথম স্বাধীনতাটি অর্জন করেছি। বাকি দুই স্বাধীনতা এখনও অর্জিত হয় নি। সেই অর্জনের পথে যে বিরাট পাহাড় আছে, তাতেই আমাদের হাতুড়ির ছোট ছোট ঘা মেরে যেতে হবে। একদিন পাহাড় ভেঙে রাস্তা দেখা যাবেই। ক্যাপ্টেন বিশ্বাস করতেন এই কথা, আমরাও করি।

বুধবার, ২০ জুলাই, ২০২২

কি ঘটেছিল ২১শে জুলাই? ~ গার্গী চ্যাটার্জী

কি ঘটেছিল ২১শে জুলাই ?

● ৩টি বাস পোড়ানো হয়েছিল,

● ৩৫টি গাড়ি ভাঙচুর হয়েছিল,

● গুলি-বোমা-পাথরে জখম হন ২১৫পুলিশ,

● ধর্মতলায় সাংবাদিক মার খেয়েছিলেন,

● 'বহু সশস্ত্র দুষ্কৃতী (অ্যান্টিসোস্যাল) নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়েছিল' জানান মণীশ গুপ্ত 

● জ্যোতি বসুকে গাড়ি থেকে নামাতে ছদ্মবেশ সোনালী গুহদের,

● মৃতদের একজনের নাম এখনও জানে না তৃণমূল,

● ১জন মারা যায় 'সিরোসিস অব লিভারে',

● বিরোধিতা করে জ্যোতি বসুর শরণাপন্ন হন গণিখান,

জন্মের আগেই ২১শে জুলাই চরিত্র বুঝিয়েছিল তৃণমূল!
দলটি আসলে 'দুষ্কৃতীদের ক্লাস্টার'। ইতিহাসে এমন উদাহরণ খুব একটা নেই, যেখানে তৈরি হওয়ার আগেই কোনও দলের চরিত্র এভাবে প্রকাশিত হয়েছে। 

মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন কোনও দল কী হতে পারে, কী কী করতে পারে তা স্পষ্ট করেছিল ২১শে জুলাই-ই।

তখন ১৯৯৩। মুখ্যমন্ত্রী তখন কমরেড জ্যোতি বসু। স্বরাষ্ট্রসচিব ছিলেন মণীশ গুপ্ত। তৃণমূল কংগ্রেস তৈরিই হয়নি। মমতা ব্যানার্জি তখন কংগ্রেসে। তিনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী। তিনিই ডাক দিয়েছিলেন —'মহাকরণ অভিযান'-র। ঘোষণা ছিল 'মহাকরণ দখল করা হবে'। যদিও প্রদেশ কংগ্রেস এই 'অভিযান'-র বিরোধিতা করে। 

আজকাল পত্রিকায় ১৯৯৩-র ২৪শে জুলাই একটি খবর প্রকাশিত হয়। শিরোনাম ছিল —'গুন্ডামি রুখতে গণি বসুর সঙ্গে'। সংবাদে জানা যায়, তৎকালীন কংগ্রেস নেতা এ বি এ গণিখান চৌধুরী নয়াদিল্লির বঙ্গভবনে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে দেখা করেছিলেন ২১শে জুলাইয়ের আগে। গণিখান চৌধুরী সেদিন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা শক্ত হাতে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী যে ধরনের ব্যবস্থা নেবেন তাকে নিঃশর্তে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন। জ্যোতি বসুকে গণিখান চৌধুরী বলেন, ''গুন্ডামি করে মহাকরণে মুখ্যমন্ত্রীকে ঢুকতে না দেওয়া গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। আপনাকে আমি নির্বাচনের মাধ্যমে গদি থেকে টেনে নামানোর চেষ্টা করবো। আপনিও তার বিরোধিতা করবেন। কিন্তু কেউ যদি জোর করে আপনার চেয়ারটা কেড়ে নিতে চায় তা হলে সেটা হবে স্রেফ গুন্ডামি। এটা কোনভাবেই বরদাস্ত করা যায় না।'' প্রধানমন্ত্রী নরসীমা রাও-ও যে যুব কংগ্রেসের এই ধরনের বেপরোয়া ঘটনার সমালোচনা করেছেন তা জ্যোতি বসুকে গণিখান চৌধুরী জানান সেদিন।

কিন্তু তবু রক্ত ঝরেছিল। কী হয়েছিল ২১শে জুলাই? পুলিশের গুলিতে ১৩জন যুব কংগ্রেস 'কর্মী' নিহত হয়েছিলেন ময়দানে। '২১শে জুলাই' বলতে সোজা কথায় এমনটাই বলা হয়। কিন্তু কেন পুলিশ গুলি চালালো? যারা মারা গিয়েছিলেন, তাঁরা কারা? সেদিন মমতা ব্যানার্জি, মদন মিত্র, সোনালি গুহদের কাণ্ডকারখানা কেমন ছিলো? মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি ওই ২১শে জুলাই নিয়ে কী করেছেন? এই প্রশ্নের উত্তরগুলি খুঁজলেই বোঝা যায় — কী হয়েছিল ১৯৯৩-র ২১শে জুলাই।

স্বরাষ্ট্রসচিব হিসাবে মণীশ গুপ্ত সেদিনের ঘটনার বিষয়ে হাইকোর্টে ১৯৯৩-র ২রা আগস্ট একটি হলফনামা জমা দিয়েছিলেন। সেই হলফনামা অনুসারে, ''ওইদিন(১৯৯৩-র ২১শে জুলাই)-এ জমায়েতে 'বহু সশস্ত্র দুষ্কৃতী(অ্যান্টিসোস্যাল) নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়েছিলো।'' সেদিন ১৩ জন যুবকের মৃত্যু হয়েছিলো। আশ্চর্য হলো মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু আজও তৃণমূল জানে না ওই ঘটনায় মৃত ১৩তম ব্যক্তিটি কে? তৃণমূলের ওয়েবসাইটে এখনও ওই ১৩ নম্বর জায়গার পাশে লেখা আছে —'অ্যানোনিমাস'। অর্থাৎ অজানা। কেন তাঁর পরিচয় গোপন রাখেন মমতা ব্যানার্জি? 

অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত  চ্যাটার্জির নেতৃত্বে '২১ শে জুলাইয়ের তদন্ত কমিশন' তৃণমূল সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পরই গঠিত হয়। ২০১৪-র ডিসেম্বরে এই কমিশন রিপোর্ট জমা দেয়। কমিশন সাক্ষ্য দিতে ডেকেছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু যিনি সেই 'অভিযান'-র উদ্যোক্তা, সেই মমতা ব্যানার্জিকেই এই কমিশন কখনো ডাকেনি। কমিশন কেমন কাজ করেছে, তা এরথেকেই কিছুটা বোঝা যায়। তবু কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চ্যাটার্জি তাঁর তদন্ত রিপোর্ট জানাতে বাধ্য হয়েছেন, যে ১৩জনের মৃত্যু হয়েছিল সেদিন, তাদের মধ্যে একজনের গায়ে গুলির কোনও আঘাতই মেলেনি। সেই ব্যক্তির মৃত্যুর কারণ 'সিরোসিস অব লিভার'। সাধারণত এই রোগটি বেপরোয়া মদ্যপানের কারণে হয়। আর বেপরোয়া মদ্যপান দুষ্কৃতীদের পরিচিত বৈশিষ্ট্য।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব তখন ছিলেন মণীশ গুপ্ত। পালাবদলের পর মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হয়ে তিনি হন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পরাস্ত হলে তাঁকে মমতা ব্যানার্জি রাজ্যসভার সাংসদ (মিঠুন চক্রবর্তী পদত্যাগ করলে তাঁর শূূন্যস্থানে) করেছেন। স্বরাষ্ট্রসচিব হিসাবে তিনি সেদিনের ঘটনার বিষয়ে হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছিলেন। ১৯৯৩-র ২রা আগস্ট তাঁর জমা দেওয়া সেই হলফনামা অনুসারে, ''ওই দিন(১৯৯৩-র ২১শে জুলাই)-এ জমায়েতে বহু সশস্ত্র দুষ্কৃতী(অ্যান্টিসোস্যাল) নেশাগ্রস্ত অবস্থায় জড়ো হয়েছিলো। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে সারা রাজ্যের কয়েক হাজার যুব কংগ্রেসকর্মী স্ট্র্যান্ড রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ, এসপ্ল্যানেড রো ইস্ট এবং ব্রেবোর্ন রোডে জমায়েত হয়। মেয়ো রোডে ১৫ হাজার, ধর্মতলায় ১৫ হাজার, ব্রেবোর্ন রোডে, স্ট্র্যান্ড রোডে ১০ হাজার, বি বি গাঙ্গুলি স্ট্রিটে ৭ হাজার জমায়েত ছিলো। যুব কংগ্রেস কর্মীরা মহাকরণের দিকে ছুটতে থাকে। পুলিশ প্রথমে নেতাদের সঙ্গে কথা বলে জনতাকে শান্ত করতে চেষ্টা করে। কিন্তু পুলিশের সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। 'জনতা' পুলিশকে লক্ষ্য করে পাইপগান থেকে গুলি ছোঁড়ে। ইট, পাথর, সোডার বোতলও ছোঁড়া হয় যথেচ্ছ। পুলিশ তখন লাঠি চালায়। ৩৪১ রাউন্ড কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ এবং রাইফেল থেকে ৭৫ রাউন্ড ও রিভলভার থেকে ৪৬ রাউন্ড গুলি চালানো হয়।'' 

অর্থাৎ সেদিন 'আন্দোলনকারীরা' বোমা, পাইপগান নিয়ে এসেছিলো! তারা মহাকরণ দখল করতে ছুটছিলো। গুলি ছুঁড়ছিলো, বোমা মারছিলো। 

মণীশ গুপ্তর হলফনামা আরও জানিয়েছিল, ''সেদিন ৩টি বাস পোড়ানো হয়েছিলো। ৩৫টি গাড়ি ভাঙচুর হয়েছিলো। সব মিলিয়ে জখম হয়েছিলেন ২১৫ জনেরও বেশি পুলিশ। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডি সি (সদর), ৭জন ডি সি, ১০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছে। ৩৪ জন পুলিশকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পুলিশ হাসপাতালে। তাঁদের অনেকেরই পাইপগানের গুলি এবং বোমার স্প্লিন্টার লেগেছিলো। তালতলা থানার সার্জেন্ট ডি কে ঘোষালের গুলি লেগেছিলো। এক সাব ইনস্পেক্টর কালাচাঁদ সমাদ্দারের শরীরে আঘাত ছিল বোমার। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাব ইনস্পেক্টর এ কে গাঙ্গুলিকে এস এস কে এম হাসপাতালের সামনে মেরে মাথা ফাটিয়ে, হাত ভেঙে দিয়েছিলো দুর্বৃত্তরা।''

আক্রান্ত, রক্তাক্ত হয়েছিলো পুলিশ। 
তাই গুলি চালিয়েছিলো। 
সেদিনও সাংবাদিক পিটিয়েছিলো মমতা ব্যানার্জির দলবল, হুবহু আজকের মতো। দুপুর পৌনে তিনটে নাগাদ ধর্মতলায় স্কুটার আরোহী 
সংবাদসংস্থা পিটি‌আই-র বরিষ্ঠ সাংবাদিক সঈদ আহ্‌মেদকে মমতা ব্যানার্জির কর্মীরা ঘিরে ধরে মেরেছিলো। মারাত্মক আহত হন তিনি।

আরও কী চক্রান্ত ছিল? 

সোনালি গুহর কথাই শোনা যাক। সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ এখন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষা। ১৯৯৩সালের ২১শে জুলাইয়ের স্মৃতিচারণা করতে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'-য় একটি ছোট প্রবন্ধ লিখেছিলেন তিনি ২০১২-তে। সোনালি গুহ দলীয় মুখপত্রের (বর্ষ -৮,সংখ্যা ৩৯০, সাপ্তাহিক) সংখ্যার তৃতীয় পৃষ্ঠায় লিখেছিলেন,''১৯বছর আগের ২১শে জুলাই। দিনটি ছিল বুধবার। সকাল-সকাল আমরা দিদির বাড়ি চলে এসেছিলাম। আগে থেকেই আমাদের কয়েকজন মেয়েকে গোপনে একটা দায়িত্ব দেওয়া ছিলো।'' কী সেই দায়িত্ব? বিধানসভার উপাধ্যক্ষা লিখছেন,''তা হলো, জ্যোতি বসুর গাড়ি আটকে দিতে হবে। আমরা তাই সটান চলে গেলাম রেড রোডে। কারণ ওই রাস্তা দিয়ে জ্যোতি বসুর কনভয় যাবে। মুসলিম মহিলাদের মতো বোরখা পরে সেদিন ওই রাস্তায় গিয়ে আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু শ্যামলী ভদ্র (প্রয়াত প্রাক্তন কাউন্সিলর)-র হাতের শাঁখা-পলা বেরিয়ে পড়ায় পুলিশ ধরে ফেলে।'' 
পুলিশ সেদিন তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়।

কিন্তু যা স্পষ্ট, তা হলো — ১৯৯৩সালের ২১শে জুলাই মহানগরের ফাঁকা রাস্তায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর গাড়ি আটকানোর চক্রান্ত করেছিলেন মমতা ব্যানার্জি। তারজন্য রীতিমতো আগে থেকে ছক কষা হয়েছিলো। এমনকি ছদ্মবেশেরও সাহায্য নেওয়া হয়েছিল। উল্লেখ্য, সেই সময় মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত নিরাপত্তা আজকের মতো আঁটোসাঁটো, কড়া ছিলো না। রাজ্যস্তরে 'ব্ল্যাক ক্যাট কমান্ডো' কথাটির অস্তিত্বই ছিলো না। ছিলো না এ কে ৪৭হাতে নিরাপত্তাকর্মী। মুখ্যমন্ত্রীর কনভয় ছিল ছোট। ফলে সহজেই অনুমান করা যায়, কমরেড জ্যোতি বসুকে ঘিরে নিরাপত্তা ছিল যথেষ্ট শিথিল। সেই সুযোগে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে ঠিক কী করার ভাবনা ছিলো মমতা ব্যানার্জির— তা স্বাভাবিকভাবেই এড়িয়ে গেছেন সোনালি গুহ। তবে বলাবাহুল্য, জ্যোতি বসুর গাড়ি আটকে তাঁকে নেহাতই প্রণাম করা, শুভেচ্ছা জানানোর বাসনা নিশ্চয়ই ছিলো না তাঁদের। যদি শুধু বিক্ষোভ দেখানোর ইচ্ছাও থাকতো, তাহলে ছদ্মবেশ নেওয়ারও কোনো দরকার পড়তো না। এখানেই দানা বাঁধে সন্দেহ।



রবিবার, ১০ জুলাই, ২০২২

বুক রিভিউ ~ ডাঃ সমুদ্র সেনগুপ্ত

বুক রিভিউ
বই এর নাম: লুই নেপোলিয়নের অষ্টাদশ ব্রুমেয়ার
লেখক: কার্ল মার্ক্স 

এই বই এর রিভিউটা উল্টো ভাবে শুরু করা যাক, প্রথমে টীকা তারপরে টিপ্পনী, তারও পরে সময় থাকলে রিভিউ। 

টীকা নম্বর এক: ফরাসি বিপ্লবের সময় একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল যেটা ফ্রেঞ্চ রিপাবলিকান ক্যালেন্ডার নামে পরিচিত। ১৭৯৩ থেকে ১৮০৫ সাল অবধি এই বারো বছর আর পরের দিকে ১৮৭১ সালের পারি কমিউনের সময় ১৮ দিন ধরে এই ক্যালেন্ডার টি ব্যবহার করা হয়েছিল।সব রকমের ধর্মীয় ও রাজতান্ত্রিক প্রভাব মুক্ত একটা ক্যালেন্ডার তৈরির তাগিদ থেকে এর আবির্ভাব। এছাড়াও দশমিক পদ্ধতির প্রচলনও ছিল আরেকটা উদ্দেশ্য। এই ক্যালেন্ডার এর দ্বিতীয় মাসটি "ব্রুমেয়ার" নামে পরিচিত, শব্দটি এসেছে ব্রুমে বা কুয়াশা থেকে (বছরের ওই সময়টা ফ্রান্সে প্রচুর কুয়াশা হয় বলে); মোটামুটি ২২/২৪সে অক্টোবর থেকে একমাস। 

টীকা নম্বর দুই: ১৭৯৯ সালের ৯ নভেম্বর যে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে জেনারেল নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় আসেন গভর্নমেন্ট অফ ডিরেকটরী কে সরিয়ে কনস্যুলেট স্থাপন করেন সেই তারিখটি ছিল ওই ক্যালেন্ডার অনুযায়ী অষ্টম বছরের ব্রূমেয়ার মাসের ১৮ তারিখ। এর অনেক পরে ১৮৫১ সালে আরেকটি প্রাসাদ ষড়যন্ত্র এর মাধ্যমে ওই নেপোলিয়ন এর ভাইপো ল্লুই নেপোলিয়ন এর ক্ষমতা দখলকে বর্ণনা করতে গিয়ে কার্ল মার্ক্স সেই আঠেরই ব্রূমেয়ারের প্রসঙ্গ টেনে আনেন এবং একটি পুস্তিকা রচনা করেন ওই নামে যেটি ১৮৫২ সালে প্রকাশিত হয়। 

টিপ্পনী নম্বর এক: পুস্তিকাটির এক্কেবারে গোড়াতেই মার্ক্স বলছেন যে, " হেগেল কোথাও একটা মন্তব্য করেছিলেন যে পৃথিবীর সব মহান ঐতিহাসিক ঘটনা আর চরিত্রগুলি বলতে গেলে দু'বার করে আমাদের সামনে হাজির হয়। উনি এটা যোগ করতে ভুলে গেছিলেন যে প্রথম বার ওটা হয় বিয়োগান্তক নাটক হিসেবে আর দ্বিতীয় বার ওটা আসে প্রহসন হিসেবে।" এই লাইনটি পরবর্তীকালে একটি জগৎ বিখ্যাত কোটেশন হিসেবে পরিচিত হয়ে যায়। 

এই অবধি লিখতে গিয়েই লেখাটা অনেক দীর্ঘ হয়ে গেল তাই বইটার রিভিউ আরেক দিন হবে খন। আজ কেবল দ্বিতীয় টিপ্পনীটা দিয়েই শেষ করা যাক।

টিপ্পনী নম্বর দুই: ইতিহাসের পাতায় ব্যক্তিমানুষের কি ভূমিকা সেটা বিশ্লেষণ করতে গিয়ে এই বইতে মার্ক্স যা বলেছিলেন সেটি পরবর্তীকালে একটি জগৎ বিখ্যাত কোটেশন হিসেবে পরিচিত হয়। ইংরেজি অনুবাদ দে কথা গুলো এই রকম: "Men make their own history, but they do not make it as they please; they do not make it under self-selected circumstances, but under circumstances existing already, given and transmitted from the past."

প্রথম লাইনটার কেবল বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, "জনগনই তাদের ইতিহাস রচনা করে।" চেনা চেনা লাগছে ? লাগবার কথা। লাল ঝান্ডা দিয়ে সাজানো ব্রিগেডের মাঠে জড়ো হওয়া বারুইপুরের পেয়ারা চাষী, বলাগড়ের মাঝি, ব্যারাকপুরের মজুর, সবাই শুনছে এই কথাগুলো সেই উঁচু মাচায় বসে থাকা ধুতি পাঞ্জাবি পাম্প শু পরা রোগা পাতলা চেহারার একজন বক্তা'র মুখ থেকে। সেই বক্তা কোনোদিন ঘাড়ে ধরে বুঝিয়ে দেন নি যে তিনি মার্ক্স এর এই আঠেরো ব্রুমেয়ার থেকে অনায়াসে কোট করে যাচ্ছেন, অথচ কি অদ্ভুত সাবলীল ভাবে জনগণের মধ্যে নিমেষে ছড়িয়ে দিয়ে যাচ্ছেন সেই মহান জার্মান দার্শনিক বিপ্লবীর বাণী। এর নাম নেতা, শিক্ষক, গুরু। তত্বকথাটি পড়ে, শিখে, আত্মস্থ করে জনগণের মধ্যে নিয়ে যাওয়া যার কাজ। সেই বক্তা'র পরিচয় দিতে হলে বৃথাই আপনি আমার দেয়ালে এসেছেন। 

(তথ্যঋণ: অজয় দাশগুপ্ত দা)

মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

দোষ ট কিসে? ~ সুস্মিতা ওঝা

"শুনছ ন কি হারু খুড়া,
পোধান মন্ত্রী অটল বুড়া,
সিদ্ধান্ত ট লিবার আগে
দিদির সাথে করথ শলা!
আজকে সবাই জানত্যে পাল্য,
বুঢ়া যখন চল্যেই গেল,
পোতি বছর জন্মদিনে
চলথ উপহারের পালা!"
"ইত্যে অবাক হছিস ক্যানে? 
পোখরানে বিস্ফোরন দিনে,
ইকটু ইকটু জানথ, সে কি
ভাব্যেছিলি বুকনি মিছা?
করব্যে কাকে রাষ্ট্রপতি?
ভাব্যে বুঢ়া পায় না গতি!
মুশকিল আসান আবুল কালাম,
নাম ট, সে ত দিদির বাছা! 
মিছা নয়খ, কিন্তু যে ট, 
জানথ নাইখ, সিটও দেখ!,
ব্যাঙ্কে, বিমায় ফরেন মানি,
বেচল্য যখন বালকো খনি!
রাষ্ট্রায়ত্ব শিল্প ছ'টা,
বন্ধ করার সিদ্ধান্ত টা,
ইসব পাপের কথা দিদি
তখন কনহই জানে ত নি ! 
বুড়া কালের সাথী পেনশন,
শেয়ার ঘাটে খাটা-টেনশন,
থাকল্য তদের! দিদি সুখে
তেলে-জলে রইল্য মিশে।
দিদি হছ্যে সাপের মনি,
তেমনি চলন, আর বুকুনি।
মরিস যদি ফণী'র বিষে!
দিদির তাথে দোষ ট কিসে?"
           -----------