শুক্রবার, ১১ জুন, ২০১০

আমার ভগবদ্গীতা ~ জয়দেব বসু

নিরীহ লোকের গায়ে কালশিটে, চাঁদার জুলুম,
শনি-মন্দিরের পাশে চোলাই আর সাট্টার ধূম।


আরাধ্য দেবতা আজ স্থপতি-দানব সেই 'ময়',
ভন্ডামিতে সংক্রামিত ইদানীং নিজেরই সময়।


তোমাকে তাড়িয়ে দেবে? দিতে পারে। তুমি সেই লোক,
চোখ বুজে থাকে না যে, স্বজন-বন্ধুর কাছে বিপজ্জনক।


যে-যাই বলুক, তবু দায় থাকে, জেনো পরন্তপ,
যে যুদ্ধ স্থগিত আজ, তুমি তার দধীচি ও শব।


লেনিন নিষিদ্ধ রক্তে? ক্লীবতারই কাছে আজ ঋণ?
অস্বীকার করো পার্থ, কথা দাও, তুমিই লেনিন।

বুধবার, ৯ জুন, ২০১০

All are equal, some are more equal! ~ অনামিকা

দুনিয়া চমকে গেছে, পাহাড়ের মুষিকপ্রসবে!
গেলে যাক ... ও স্বদেশ, তুমি কান দিও না ওসবে।
যাই হোক, এতদিনে হাসিমুখে জেগেছে বিবেক।
বিচারের প্রহসন শেষ হল আইন মোতাবেক!
বোকাদের বোবাদিন গুমরেছে পঁচিশ বছর।
কি নরম আইন আহা! জামিনও দিয়েছে এর পর।

আদৌ কি কেউ ঝরে পড়েছিল সেদিন ওখানে,
শীতের পাতার মত? সিবিআই সব কথা জানে!
ঘুমে গুঁড়ি মেরে আসা খুনি কীটনাশকের ফলা,
কোনও চোখে বিঁধেছিল? জ্বলেছিল শ্বাসনালী ... গলা?
মায়ের গর্ভে ভ্রুণ অঙ্গহীন হয়ে গেল শোকে।
সে খবর মুছে যাক ঝকঝকে একুশ শতকে।
তর্ক কোরো না। তুমি চাইলেই ভুলে যাবে "মিক"...
মারণভূমিকা ভরা যে কুয়াশা বিষের অধিক!
না কোনও যুদ্ধ নয় ... পুঁজি আর লোভের মহিমা
ভূপালকে একরাতে করেছিল নয়া হিরোশিমা।

সিবিআই সব জানে। কোন ধারা নরম পেলব।
আইনের হাত ধরো। আইপিসি করে কলরব।
এ গণতন্ত্রে নাকি সকলেই নিছক সমান?
সেটা যে কথার কথা ভূপাল তা করেছে প্রমাণ।

শুক্রবার, ৪ জুন, ২০১০

আদেশ মেনেছি, কিন্তু ... ~ অনামিকা

আদেশ মেনেছি, কিন্তু ...

আদেশ করেছ। লেখা মুছে ফেলে, মেনেছি হুকুম।

কিন্তু যদি মাঝরাতে কান্না আসে, ভেঙ্গে যায় ঘুম;

যদি কোনও পিছমোড়া হাতবাঁধা ভেজা লাল ছবি,

মাথার ভেতরে এসে কড়া নাড়ে; তবে বলো কবি,

কি প্রবোধ দেব তাকে? ওই লাল বড় তীব্র ... নোনা।

অশ্রুর তর্পন দেব! সেইটুকু বারণ কোরোনা।


চ্যানেলশোভিত যত নাগরিক ভাবনাবিলাস,

হয়তো তা' খুবই দামী। তবু দু'শো বনবাসী লাশ

আমাকে সমস্বরে প্রশ্ন করে, "কি ছিল হে দোষ?

উসকানি দিয়ে মারলে। নিজেরা তো মজার আপোস

করে নিলে দিকুবাবু! এ'রকম মেকি বিপ্লবে,

নিরুপায় মৃত্যুছাড়া অরণ্যের কোনও লাভ হবে?"

 

এ'শহর খুব বোঝে, আড়ি ভাব ভালবাসাবাসি।

সে কথা জানেনা বলে, মরে গেল বোকা আদিবাসী!

কি করে ভুলব কবি, কারা ওই লালমাটি দেশে,

হত্যার ষড়যন্ত্র দিয়ে এল, "স্বজন"এর বেশে?

মাও-কে যা বুঝেছি ~ জয়দেব বসু

ভুলের সাথে ভুল ঠুকলেও ফুলকি জ্বলে,
ফুলকি থেকে
আগুন জ্বলুক,
এ-ঘর ও-ঘর, সবার ঘরে-ঘরে।

মেদ গলে যাক, মজ্জা গলুক,
জাড্য ভেঙে
চঞ্চলতা,
পানাপুকুর উথলে যাক ঝড়ে।

মেঘের সাথে মেঘ ঘষলেও
কামান ডাকে,
কামান দাগো
প্রতি পাড়ার সদর-দপ্তরে।

 

হারজিত ~ অনামিকা

কে বলেছে হেরে গেছ? কোনওদিন জিতেছিলে না কি?

লাল আলো ... কলরব ... ব্ল্যাকক্যাট, আসলে তো ফাঁকি।

ওদের নিয়মে খেলা। ক্ষমতার ভাগ উঁচুনীচু

তাতেই মুগ্ধ তুমি? কোনওদিন এর বেশি কিছু

স্বপ্ন, সত্যি বল, চোখ জুড়ে ছিলনা কখনও?

কোথায় হারালো সে'টা? শোনো, চুপ, কান পেতে শোনো!

মানুষ গোপনে কাঁদে। বাঁচবার বড় সাধ তার।

কি ভাবে মেটে সে সাধ? সেখানেই তোমার জেতার

কথা ছিল। মনে আছে? মনে পড়ে সেই রাগ ক্ষোভ?

ছেলেটির কাজ নেই। মেয়েটিকে অন্ধকার লোভ

রোজ রোজ গিলে নেয়। নবান্ন আসে না যে গ্রামে,

ওদের ইচ্ছে হলে গণতন্ত্ররথ এসে থামে।

সাজানো শপিংমল নাইটক্লাব ভোগের আওয়াজ

কিছুই তোমার নয়। কেন ভাব হেরে গেছ আজ?

 

মানুষ কি জেতে হারে? তুচ্ছ ভোটে জয় পরাজয়

ক্ষমতার ক্ষুদকুঁড়ো কে কুড়োবে নির্ধারিত হয়!

সময় ডাকছে খুব। ইতিহাস নয় বদতমিজ।

কখনও হেরো না তুমি। মনে রেখো তুমি রক্তবীজ!

সোমবার, ৩১ মে, ২০১০

আমি বুদ্ধিজীবি ... ~ অনামিকা


সভ্যতার শুরু থেকে আমি আছি ... আমি বুদ্ধিজীবি।
শিখিনি হাতের কাজ। মেধা আছে, মিডিয়া পৃথিবী
"বিদ্বজন" বলে ডাকে! তালি দেয়, "সাবাস! সাবাস!"
বুদ্ধিহীন "জনগণ", তোরা ঘাম ... তোরা ক্রীতদাস।
তোদের দুঃখে রাতে ঘুমোইনা ... দিনে সোমরস!
ন্যাকামির পরীক্ষায় আমি ফার্ষ্ট, আমি দশে দশ।

আমি ছবি ... কথা ... গান, আমি মঞ্চ ... আমি হেরিটেজ!
ক্ষমতার এঁটো কাঁটা সবই খাই ... ভেজ ননভেজ।

আমি ব্রাত্য, আমি শাঁওলি, আমি জয় , কৌশিক, সমীর।
ট্যাক্স ফাঁকি দেওয়া শুভা, আমি ঝানু দালাল জমির!
"মা"কে বিক্রি করতে পারি। আকাশের বৃষ্টি পশলাকে ...
তাও বেচে দিতে পারি কমবেশি পাঁচ ... দশ লাখে!
মানুষ মরলে আমি "মানবতা"ধ্বজাধারী ... চুপ!
রক্তমাখা ভদ্রখুনি, সন্ত্রাসের দিই নাট্যরূপ।

রাজার হুকুমে চলি! তাই আমি সেরা সভাসদ।
আমি গাধা ... সুরে সাধা! আমি জানি, আমি অতি বদ!

শনিবার, ২৯ মে, ২০১০

ছিঃ ... মৃতভোজী বিদ্বজন ... ছিঃ ... ~ অনামিকা

 


প্রত্যেকদিন খুন করে যায় "জনগনের আদালত"
"মরছে সিপিএম-এর দালাল", তোদের মুখে বাঁধা গত!

রেলকামরা তুবড়ে গিয়ে মরল যখন দুইশ' জন,
রাজনৈতিক প্রচার করতে, প্রেসক্লাবে যাস তুই স্বজন!
মাসান্তে পাস কাঁড়ি মাইনে, বিপদ এলে গুটোস লেজ ...
বুক ফাটানো কান্না শুনিস? না না ... তোরা তো হেরিটেজ!

পাড়ায় পাড়ায় খুঁজছে সবাই, ওই খুনিদের বন্ধু কে?
কারা যোগায় সংস্কৃতিময় বারুদ ওদের বন্দুকে?
শশধরের সাথে মিটিং ... ব্যাপারটা খুব রোমান্টিক ...
সুশীলরা যে আদৌ মানুষ, এইবারে তার প্রমান দিক!

ক্ষমতালোভী শিলাদিদিকে এবার তোরা বোঝা না ...
বাঘের পিঠে চড়া সহজ। কিন্তু নামা? সোজা না!

মঙ্গলবার, ১৮ মে, ২০১০

বিষ তাহার ... ইস্তাহার ~ অনামিকা

আমাকে জেতাবি! আমি জিতলেই কলকাতা হবে লন্ডন।
করকোষ্ঠির বাম গ্রহরেখা সব হয়ে যাবে খণ্ডন।

আমাকে জেতালে সাজিয়ে তুলব পচা নিমতলা ঘাট।
তোদের মারব ... যত্নে পোড়াব ...। ফ্রি তে চন্দন কাঠ।

জলকর? ছি! ছি! উথলে উঠবে রক্তজলের ফোয়ারা।
আমাকে জেতালে কলকাতাটাকে করব দান্তেওয়ারা!

সাম্প্রদায়িক দাঙ্গা বাধবে, আমাকে না যদি জেতাস।
ন্যায় অন্যায়? দরকার হলে, এখুনি খেলব সে তাস!

আমি উসকানি। আমি জাতপাত। কলকাতা মেরি জান!
আমি ইফতার। আমিই মতুয়া। আমি প্রচণ্ড ভান।

হবেই জিততে। কারুর চিত্তে শান্তি দেব না কোনও।
আমি না জিতলে রাস্তা কাটব ... অবরোধ ঘন ঘন!

আগুন লাগাবে দামাল ছেলেরা। কাউকে দেবনা রক্ষে!
বড় সুখ প্রাণে। মাওবাদীরাও আছেন মিত্রপক্ষে।

নগদ মূল্যে কিনেছি শাঁওলি ... ব্রাত্য ... মহাশ্বেতা!
জিতব, কারণ "জিততে জানলে" তবেই তো যায় জেতা!

 

সোমবার, ১৭ মে, ২০১০

জবাবদিহি ~ অনামিকা

ওরা নয় তত যুক্তিনিষ্ঠ ...
তাইতো পায়ের তলায় পিষ্ট!
আদৌ মরতে হত কি ওদের,
ট্রেনে না চাপত যদি?
ছোট মুখে বড় করিস তর্ক।
জনগণ কেন নয় সতর্ক?
ট্রেন ছেড়ে যাবে ... যাকনা বাছারা ...
মন্ত্রীর থাক গদী!

মরে গেল যারা অকৃতজ্ঞ।
পণ্ড করতে চাইছে যজ্ঞ।
ট্রেন প্ল্যাটফর্ম পালটানো মানে ...
"পরিবর্তন" সেটাও!
যারা সোজা কথা বুঝতে চায়না,
তারা সিপিএম, নোংরা হায়না,
মৃত্যু ওদের সঠিক প্রাপ্য ...
সেই পাওনাটি মেটাও।

রেলের যাত্রী, তোদের জন্য
কমিটির মাথা শুভাপ্রসন্ন!
স্বর্গযাত্রা ভরপুর হোক ...
সুখে আর স্বাচ্ছন্দে!
অর্ধলক্ষ মাসের মাইনে,
উঁহু ... কোনও কথা শুনতে চাইনে
তোরাও তো পাবি ওই টাকাটাই ...
মরলে ... পরমানন্দে!

পরিবর্তন চাইছি আমরা।
রঙ পালটাল রেলের কামরা ...
শেষ মুহূর্তে প্ল্যাটফর্মেরও
বদল ঘটতে পারে।
সবাই বলছে ... "প্রিয় মমতাজী
তুমি চাইলেই প্রাণ দিতে রাজি"!
একটা বা দুটো মৃত্যুতে তাই
লজ্জা লাগছে না রে!

বৃহস্পতিবার, ১৩ মে, ২০১০

পৌরভোটের অ্যাজেন্ডা ~ দুর্জয়

'আবারো এসে গেছে। মিউনিসিপ্যালিটি/কর্পোরেশন নির্বাচন। ২০১০। এক পরিবর্তিত পরিস্থিতির মধ্যে নির্বাচন। যে সময়ে দাঁড়িয়ে এক অলীক পরিবর্তনের স্বপ্ন বিক্রি করছে এক মহাজোট। কি বললেন? জোট ভেঙ্গে গেছে? তৃণমূল একা লড়ছে? নাহ! ভুল বললেন। জোট আছে। এবং আক্ষরিক অর্থেই মহাজোট আছে, যে জোটে সামিল ধান্দাবাজ বুদ্ধিজীবি থেকে শুরু করে কংগ্রেসের হাত ধরে বড় বড় আমেরিকান কোম্পানীগুলো অবধি। এই রে! নিশ্চয়ই ভাবছেন, পুরসভা ভোটে আবার আমেরিকা কেন? সিপিএম গুলোর কি আর খেয়ে দেয়ে কাজ নেই? আছে দাদা, আছে। কিন্তু আমাদের কাজের থেকেও আরও আরও বেশী করে যারা আছে, তাদের অস্বীকার করি কি করে? কি করে ভুলি, টিভি চ্যানেলে কংগ্রেস নেতা নির্বেদ রায়ের সদম্ভ ঘোষনা, যে ২০০৮ এ পরমানু চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার প্রতিবাদে বামফ্রন্ট ইউপিএর থেকে সমর্থন উঠিয়ে নেবার পরে কংগ্রেস 'ন্যাশনাল অ্যাজেন্ডা' নিয়েছে, যে সিপিএম কে উচ্ছেদ করতে হবে, এবং তার জন্য সম্ভাব্য-অসম্ভাব্য কোনও পদ্ধতিই তারা বাদ দেবে না। কি করে ভুলি, আমেরিকার জিই, ওয়েস্টিংহাউসের মত সংস্থার পরমানু চুল্লী বানানোর পরে তাতে দুর্ঘটনা ঘটলে যে ক্ষতিপুরন দেবার কথা, তা যথাসাধ্য কম করে দেশের কোষাগারের টাকা বিদেশী কোম্পানীর মুনাফায় পরিনত করার জন্য সংসদে কংগ্রেসের মরিয়া চেষ্টা, এবং তার বিরুদ্ধে বামফ্রন্টের মরিয়া লড়াই? সিপিএম টিকে থাকলে যাদের ক্ষতি, তাঁরা এবারেও মরিয়া, যেমন ছিলেন পঞ্চায়েত ভোটে, যেমন ছিলেন লোকসভা ভোটে, যেমন আছেন পৌরসভা ভোটে। আর যে কারনেই, সচেতন ভাবে, টিভি চ্যানেল থেকে সংবাদপত্রের পাতায় রোজই গুলিয়ে দেওয়া হচ্ছে, একটা পৌরভোটের কি অ্যাজেন্ডা।

পৌরসভা কি করে? পুলিশ প্রশাসন কে নির্দেশ দেয়? চোর ধরে? ডাকাত মারে? নাকি জমি অধিগ্রহন করে? কিছুই করে না। যেটা করে, সেটা হল, নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলি দেয়। রাস্তা, জল, জঞ্জাল সাফাই, নাগরিক সৌন্দর্যায়ন ইত্যাদি কাজ। লোডশেডিং পৌরসভা করে? না করে না। লোডশেডিং কেন হচ্ছে, সেটা অন্য প্রশ্ন, সে প্রসঙ্গে পরে আসা যাবে। আপাতত ভাবা যাক, বিরোধীদের মুখে যে দাবিগুলো উড়ে বেড়াচ্ছে, সেগুলো কেন মোটেই পৌরসভার সাথে কোনওভাবেই যুক্ত নয়। এর একটাই ব্যাখ্যা হতে পারে, এবং সেটিই সত্যি। বামফ্রন্টের পরিচালিত পুরবোর্ডগুলো কাজ করেছে। যে যে কাজ গুলো তাদের করার কথা ছিলো, সেই সেই কাজগুলো তারা সাফল্যের সাথেই করেছে। অতএব, সেগুলো নিয়ে কিছু বলার নেই, আর তাই, পুরভোটের অ্যজেন্ডা সাঁইবাড়ি, নন্দীগ্রাম, সিঙ্গুর, রাজ্যে সিপিএমের সন্ত্রাস। সিপিএমের সন্ত্রাস টা কি রকমের তা জানতে গেলে একটা তথ্যই যথেষ্ট, যে গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে, এক বছরে, শুধু মাত্র জঙ্গলমহলেই তৃণমুলী-মাওবাদীদের হাতে খুন হয়েছেন ২১০ জন সিপিএম কর্মী।

শ্যামবাজারের নির্বাচনী সভায় তৃণনেত্রী ঘোষনা করলেন, পুরভোটে তাঁরা জিতলে তিন মাসের মধ্যেই বিধানসভা ভোট করে দেবেন! কি মানে দাঁড়ালো? সাংবিধানিক সঙ্কট ছাড়া নির্বাচিত সরকার ভেঙ্গে দেওয়া সম্ভব নয়। পাশাপাশি, মুলায়ম সিঙ্ঘ কেন্দ্রীয় সরকারে যোগ দেবার বাসনা প্রকাশ করার পরে, সরকার কে বিভিন্ন ভাবে বিপাকে ফেলা মমতার চোখরাঙ্গানিকে উপেক্ষা করার ক্ষমতা সোনিয়া গান্ধীর হাতের মুঠোয়। এমতাবস্থায়, সাধের জোট ভেঙ্গে দেওয়া মহিলার অবাস্তব বায়নাক্কা প্রণব মনমোহন মেনে নেবেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে। হাতে থাকে একটিই মাত্র উপায়, সেটা হলো দায়িত্ব নিয়ে সাংবিধানিক সংকট তৈরি করা। রাজনৈতিক মহল মনে করছে, যে পৌরসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে নৈরাজ্যকে সর্বকালীন সেরা উচ্চতায় নিয়ে যাবার পরিকল্পনা করছেন মমতা, শ্যামবাজারের ঘোষনা যে পরিকল্পনার সামান্য প্রকাশ মাত্র। এবং সে কাজে যে তৃণমুল রীতি মত দক্ষ, সে কথা বুঝতে গেলে সিপিএম হতে হয় না। গত কয়েকমাসে রাজ্যজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য তৈরি করে তৃণমুল প্রমান করেছে, ক্ষমতায় এলে তারা '৭২-'৭৭ এর কংগ্রেস কে ছাপিয়ে যাবে। সন্ত্রাস তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।

অন্যতম বললাম কেন? কারন, অন্যতর লক্ষ্যও আছে বইকি। তৃণমুল সাংসদ কবির সুমনের বক্তব্য শুনলেই তা জলবৎ তরলং হবে। কি বলেছেন সুমন? "খাও খাও খাও... শুধু খাওয়া আর খাওয়া" দক্ষিণ ২৪ পরগণায় আর পুর্ব মেদিণিপুরে সরকারী টাকার লুঠ চলছে, তৃণমুলের নেতা থেকে কর্মী, সব্বাই সরকারী টাকা লুটে যাচ্ছেন। লুটপাট আর হিস্যার সঙ্ঘাতে একের পর এক পঞ্চায়েতে, সমিতিতে আনা হচ্ছে অনাস্থা, যে হিস্যা কম পাচ্ছে, সে লোক জন জোগাড় করে অনাস্থা ডেকে দিচ্ছে অন্যের বিরুদ্ধে। আইলার ত্রান শিকেয় উঠেছে, অশান্ত নন্দীগ্রাম এখনও অশান্ত, লুটের টাকার বখরা নিয়ে তৃণমুলের মারামারিতে প্রশাসনিক বন্দোবস্ত শিকেয় উঠেছে, এক গোষ্ঠি মাওবাদীদের সুপারি দিয়ে খুন করে দিয়েছে আরেক গোষ্ঠীর মাথা নিশিকান্ত মন্ডল কে। হাবড়ায় রক্তদান শিবিরে বোমা মেরে কংগ্রেস কর্মী বাপি চৌধুরীকে খুন করে দিয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতি-মন্ত্রীর ঘনিষ্ঠ সাট্টা-ডন তৃণমুল কর্মী। বৈদিক ভিলেজে জমি ডাকাতি করে বুড়ো আঙ্গুল ফুলিয়েছে তৃণমুল বিধায়কের ভাই, তারপরে খুন খারাপি করে বেপাত্তা হয়েছে সে। চলছে লুঠ। নেত্রী নিজের মন্ত্রক কে লুটে যাচ্ছেন এমন ভাবে, যেন, 'কাল' বলে কিছু নেই, যা লোটার আজই লুটে নাও। রেলের টাকা লুটে যাচ্ছে কাক- আঁকিয়ে চিত্রকর থেকে জীবনমুখী গায়ক। রেলের টাকায় ভাড়া হচ্ছে  নেত্রীর ধামাধরা টিভি চ্যানেলের ওবি ভ্যান, সরকারী অনুষ্ঠান হয়ে উঠছে তৃণমুলের প্রচার সভা। আর পাশাপাশি, অন্ধকারে রয়ে যাচ্ছে সিঙ্গুরের সব হারানো চাষীরা, যাঁদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে লুটে পুটে খাচ্ছে কিছু শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী আর প্রতারক মানবাধিকার কর্মীরা। রেল কে ব্যবহার করা হচ্ছে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির খেলায়। কেউ কি ভেবে দেখেছেন, যে গরম তো আগেও পড়েছে, এমন ব্যপক বিদ্যুত ছাঁটাই গত কুড়ি বছরে হয়নি কেন? কেন কোল ইন্ডিয়ার মত কেন্দ্রীয় সংস্থা লিখিতভাবে তাদের বাৎসরিক রিপোর্টে দাবি করছে, যে রেল তাদের থেকে কয়লা নিয়ে বিদ্যুতকেন্দ্রে পৌঁছে দিতে টালবাহানা করছে নিয়মিত, যার ফলে কোল ইন্ডিয়ার কয়লার গুদামে কয়লা রাখার জায়গা নেই, তাএর কয়লা খন বন্ধ করে দিতে হয়েছে? অন্তর্ঘাত করে রাজ্যের বিদ্যুত পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, আর তার ফলাফল যে লোডশেডিং, সেই লোডশেডিঙ্গের অন্ধকারে যে তৃণমুল কর্মীটির ছোট্ট মেয়েটাও পড়াশোনা করতে পারছে না, তাঁদেরো কি এ সব ভেবে দেখতে মানা?

এ হেন প্রেক্ষাপটে পৌর নির্বাচন। পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন টিভির ক্যামেরা। 'উন্নয়ন হয়নি', একথা বলতে গিয়ে আমতা আমতা করছেন তৃণমুল স্তরের তৃণমুল/কংগ্রেস কর্মীরাও, নেত্রীর মতো নির্জলা মিথ্যা শিখে উঠতে পারেন নি হয়তো তাঁরাই। নিঃসন্দেহে বেড়েছে নাগরিক স্বাচ্ছন্দ্য, নিঃসন্দেহে বেড়েছে প্রশাসনিক স্বচ্ছতা। তাই, টিভির চ্যানেল থেকে খালচোর আঁকিয়ের ভাষনে, বিকিয়ে যাওয়া সাংবাদিকের নগ্ন-নির্লজ্জ কলম থেকে শুরু করে  নাট্যকারের বান্ধবীর অশালীন চিৎকারে বারংবার উঠে আসছে ফ্যাসীবাদের পুনর্প্রতিষ্ঠার দাবি।

একটু ভাবুন। কিসের পরিবর্তন চান? কেন চান। বামফ্রন্টের পরিবর্তনে আরো ভালো বিকল্প হতে পারে একটিই, সেটি হল উন্নততর বামফ্রন্ট। কথা বলুন, পৌরপিতার কাজে ভুল থাকলে ধরুন, ধমকে দিন। আরও উন্নয়নের দাবীতে সরব হোন। ওয়ার্ড কমিটি সহ বামফ্রন্টের প্রবর্তিত গণতান্ত্রিক ব্যবস্থাগুলিকে আরোও সবল করুন। দেখুন, ভাবুন।

স্বচ্ছতার পক্ষে ভোট দিন। শান্তির পক্ষে ভোট দিন। সবার উন্নয়নের জন্য ভোট দিন।

আপনার ওয়ার্ডে, বামফ্রন্ট প্রার্থীটিকেই ভোট দিন। সুসংহত নাগরিক পরিষেবার ধারা অব্যাহত রাখুন।'

বুধবার, ১২ মে, ২০১০

বিশিষ্টজন ~ অনামিকা

ওঁরা সবাই "বিশিষ্টজন", ইচ্ছে মতন জবাই
করতে পারেন। হুকুম দিলেই মান্য করিস সবাই!
পদ্য লেখেন, নাটক করেন, ওঁরা আঁকেন ছবি।
শবসাধনাও করেন, আছে দুরন্ত ভৈরবী।
চাইলে পরেই ভৈরবী দেয় মৃতদেহের জোগান।
বুদ্ধিবেচা তান্ত্রিকেরা, এ বাংলাকে ভোগান!
মোদীর চেলা হাফ নকশাল, এদের অধিকাংশ
কারণবারির সঙ্গে চিবোয় টাটকা মানুষ-মাংস।
আবার যখন উঠল বেজে নির্বাচনের বাদ্য,
"বিশিষ্টজন" মঞ্চে নামেন যার যে রকম সাধ্য!
একাংশ খুব নাড়ান দাড়ি, করেন হুকুমজারি।
গাঁ'য় মানে না, মোড়ল সাজার সংস্কৃতি-সর্দারি।
অন্যগুলো মুখোসপড়া, বলেন মাথা চুলকে...
লাভের নিমক খেলাম ... তোরা জেতাস তৃণমূলকে!
চেঁচায় নানান রেলকমিটি, চেঁচায় কচিনেতাও ...
অর্ধলক্ষ মাস মাইনে, ভৈরবীকে জেতাও!
আখের গোছায় বিশিষ্টজন। কিন্তু এতক্ষণ যে
অপেক্ষাতে ক্লান্ত বেকার, শহর গ্রামে গঞ্জে ...
হতাশ হয়ে চাইছে হিসেব ... "করলে ন্যানো গায়েব
শিলান্যাসের চাকরি কোথায় বাবু বিবি সায়েব?
আমরা সবাই রাখছি খেয়াল, সমস্ত আর্টস একর।
একসঙ্গেই উপড়ে ফেলব আগাছা আর শেকড়!"

শুক্রবার, ৭ মে, ২০১০

প্রতিরোধের গান ~ অনামিকা

কথা মিশুক সুরে, বাঁচার আশ্বাস থাক গানে,
তিন পৃথিবী আটকে থাকুক ভালবাসার টানে।
পাহাড় নদী ধানের ক্ষেতে সবুজ ঘাসে ঘাসে
চাইছে মানুষ এই ছবিটাই, অজস্র ক্যানভাসে!

হিংসুটে কেউ সেই ছবিতে যখন ঢালে কালি,
মানুষখুনের উসকানিতে ছেটায় গালাগালি,
প্রত্যেকদিন একটা দু'টো তীব্র মৃতদেহ
চিনিয়ে দেয় হিংস্রতাকে, থাকেনা সন্দেহ,
ছদ্মবেশী মানুষখেকো লুকিয়ে রেখে নখ,
বুদ্ধিবিবেক পুঁজির কাছে রেখেছে বন্ধক!
রেলগাড়ীতে মালিক পাঠায় মাসিক মাসোহারা
সন্ত্রাসে দিনরাত্রি জাগে তোমার আমার পাড়া!
দারুণ ব্যথায় ঝলসে ওঠে যুক্তি এবং ক্রোধ
ভয় সরিয়ে জন্ম নিচ্ছে তীব্র প্রতিরোধ।
পুড়ছে মুখোশ, পয়সাখাওয়া খুনী নাটকবাজি।
রক্তমাখা বাংলা এবার শুদ্ধ হতে রাজী ...

বৃহস্পতিবার, ৬ মে, ২০১০

সাম্প্রতিক ~ অনামিকা


সারের দাম বেড়ে যাচ্ছে, অমিল হল তন্ডুল
পার্লামেন্ট বেঁচে থাকুক। গণতন্ত্র ভন্ডুল!
সবাই চল আইপিএলএ। চিয়ার ... নাচাগানাতে ...
কোটি টাকাই জানে কেবল কোটি টাকাকে বানাতে।
তাদের পাশে দাড়ানোটাই আজ দেশবাসীর কাজ
ঠিক কতজন অনাহারে? অন্ধকারে সে আন্দাজ!
দাম বেড়েছে। জিনিসপত্র অগ্নিমূল্য! তাতে কী?
বিবি যাবেন শপিং মলে, বাবুর গরম ভাতে ঘি!

অনামিকা ... নিজেই নিজেকে ...

যা লিখছিস অনামিকা, আদৌ তা নয় ঝাঁঝালো।
কী দুর্বিপাক কলমটাকে নিরামিষাশী সাজালো?
কোনও লোভের সমীকরণ হয়ে উঠেছে জোরালো?
আলটপকা বিষাদ আবার ভেতরটাকে পোড়াল?
পুরসভার নির্বাচনে মনোনয়ন জোটেনি?
একটিবারও এসএসসি-তে তোর নামটা ওঠেনি?
মধ্যবিত্ত অপ্রাপ্তির এমনি নানা ধারাতে,
ঘায়েল হয়ে বিক্ষুব্ধ নাম কিনেছিস পাড়াতে!
প্রোমোটারের পদলেহন মেলেনা তোর রুচিতে?
হাঁটিস না তাই মিছিলে আর। যাস না কর্মসূচিতে?
ভুলে গেছিস ওদের দেখে আসিস নি তুই বাঁদিকে।
তুইও যদি ভুল ভাবনায়, তাহলে প্রতিবাদী কে?
মাথার মাঝে হিসেব কষে একশ' লোভ আর হাজার ভয়?
পায়ের নীচের মানচিত্র, তোদের এটা। রাজার নয়!
ঝলসে ওঠ্ কলমে আজ, হিসেবে লাভক্ষতি বাদ!
কাঁদছে প্রতিবেশী মানুষ। জারি রাখিস প্রতিবাদ।

ডিগবাজী ~ অনামিকা

আর তো সুমন দুর্নীতিকে বলছেন না, "তিষ্ঠ"
লোকসভাতে হুইপ মেনেছেন, বড্ড একনিষ্ঠ!
বিষ নেই তার ফনায় শুধু কুলোর পানা চক্কোর ...
এই অপবাদ দিচ্ছে কিছু ফাজিল এবং ফক্কর
দিল্লিতে ভোট দাখিল করেন তৃণমূলের খাতায়
তা নইলে টান পড়বে তো তাঁর সংসদীয় ভাতায়!
কচিনেতার নচিকেতার আকাশছোঁয়া সাহস!
ভক্তবৃন্দ কামড়ে দেবে, চুপটি যদি না হোস।
রেলের ভুয়ো শিলান্যাসে গান গেয়ে পাস টাকা।
জানিস সুমন নিত্য কাঁপায় কলকাতা আর ঢাকা?
সুমন যদি আটলান্টিক, তুই ঘোলাজল দীঘার!
রেলকামরার ভিক্ষুক তুই, সুমনদা' পিট সিগার।
পদত্যাগের পত্র? বারণ মহান মহাশ্বেতার।
নইলে একাই সাধ্য রাখেন যাদবপুরে জেতার!
গান ধরেছেন ভীষ্মলোচন, ভক্তরা বুক বাঁধো।
ভয় কি বলো? ধর্ম আছেন, আছেন পুঁজিবাদও!

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০১০

লাল-সবুজ ~ বিমোচন

অনেক গবেষনার পর
প্রকৃতিবিজ্ঞানীরা এখন বলছেন যে
পশ্চিমবঙ্গে
আগামী বছরেই গোলাপের রং
আর লাল নাও থাকতে পারে ,
গোলাপের রং,
হয়ে যেতে পারে সবুজ।


তবে সেইসঙ্গে তারা এই
আশংকাও প্রকাশ করেছেন যে
ঘাসের রং,
লাল হয়ে যেতে পারে।
 

রবিবার, ১১ এপ্রিল, ২০১০

বিন্দাস ভাষ্য ~ অনামিকা

ছেলে খুব একরোখা বিপ্লবী কট্টর।
কার কথা বলছো গো? শ্রী সুমন চট্টোর?
"চট্টো" না, বেমালুম সেজেছে "কবীর" সে।
গল্পের গরু চড়ে বৃক্ষের শীর্ষে!
M.P. LAD-এর টাকা ভাগ-বাঁটোয়ারাতে
গোলমাল করেছে সে, তাই তাকে তাড়াতে ...
এতদিনে তার গায়ে মাওবাদী গন্ধ
খুঁজে পেল ক্যাপ্টেন শ্রী সুদীপ বন্দ্যো!

আসলে যে কি ঘটেছে পারছে না বলতে।
"স্বজন"এর ঝাঁকে শিবরাত্রির সলতে,
শ্রী সুমন খেটেখুটে বানালেন জমিটি।
অন্যে বাগিয়ে নিল যত রেল কমিটি!
মা মাটি ও মানুষের বিন্দাস ভাষ্য ...
মেয়াদী লাভের লোভে করেছিল দাস্য।

আহা, ইদানিং ব্যথা পেয়েছে সে কত না!
নিকারাগুয়ায় গেলে এরকম হতনা।
ভাগটা নিখুঁত চাই, প্রতি পাই পয়সার।
ওই তৃণমূলে আর নয় জল ... নয় সার!

মা মাটি মানুষ ফাঁকি ... রোজগারই মোক্ষ ...
দিদিই প্রমান তার অতি প্রত্যক্ষ।
সকলেই জানে তিনি খুশি নন অল্পে ...
কোটি টাকা লেনদেন ... প্রতিটি প্রকল্পে ...

পার্থরা দরজার খুলে দিয়ে পাল্লা,
দু'হাতে মারছে ঢিল, তবু ইনসাল্লা,
চামচারা যত তাকে দশ নখে খামচায়‌
কবীর সুমন আজ দাস্যের দাম চায়!


এমপি খেতাব গেছে কোনওমতে ছোঁয়া রে।
শুয়োরটি থেকে যাবে শুয়োরেরই খোঁয়াড়ে!

মঙ্গলবার, ৯ মার্চ, ২০১০

নারী দিবস ~ দিপংকর


একটা মেয়ের চায়ের দোকান
একটা মেয়ে ঠিকের মাসি
দাঁত কামরে শরীর বেচেও
একটা মেয়ের দেখন-হাসি

বিপিও তে রাত কে ফেলে
ভোর কে নিয়ে বাড়ি ফিরে
রান্না চাপায় একটা মেয়ে
বরের জন্যে যত্ন করে

চায়ের দোকানে ঝাঁপ বন্ধ
ঘড়িতে রাত দশটা দশ
মাতাল বরের খিস্তি লাথি
তবুও আজ নারী দিবস!

অসম(একটি প্রেমের কবিতা) ~ শ্রদ্ধা

ও বলল "বাদাম খাবে?"
তখন সামনে বাদামওয়ালা দাঁড়িয়েছিলো
লেকের জলে দু তিনটে হাঁস
সাঁতার কাটছে। হাত বাড়িয়ে বাদাম নিলো।

ও বলল "ব্যাপারটা কি?
আজকে এমন গোমরা কেন? ঠিক আছো তো?"
বসন্তকাল আসলে পরেই কোকিলগুলো বড্ড জ্বালায়!
গা জ্বলে যায়, আপদ যত !

ও বলল "একটু হাসো,
হাসলে তোমায় মিষ্টি দেখায়, মিষ্টি সোনা"
ফুল ফুটেছে কৃষ্ণচূড়ায়, একটা পাখী
কি যেনো নাম- উড়ছে মেলে নীলচে ডানা।

ও বলল "আজকে ছুটি, তুমি চাইলে
নাটক-টাটক দেখতে যেতাম একাডেমী..."
বেঞ্চি থেকে উঠে আমি
হাটতে শুরু করেছিলাম, একটু থামি।

ও বলল "গৌরি তোমায় বুকের ভিতর লুকিয়ে রাখি;
চুপটি করে থাকছো কেন! কষ্ট বাড়ে।"
আমি বললাম "কষ্ট কিসের?
এই তো আছি তোমার সঙ্গে, লেকের ধারে।"

ও তাকালো আমার চোখে
এক ফোঁটা জল মহসীনের গভীর কালো চোখের কোনায়
আমি বললাম "আজ বাড়ি যাই, পাত্রপক্ষ দেখতে আসবে
কালকে থেকো সিঁথির মোড়ে, ঠিক বারোটায়।"

সোমবার, ৮ মার্চ, ২০১০

সংযমী অর্থমন্ত্রী

সংযমী অর্থমন্ত্রী !!

ক্ষুদ্র জীবন ~ দীপক কুমার পাল


একটাই জীবন
দৈনিক চাহিদা অতি সামান্য
তবুও সারা জীবন কাটে
পর্যবেক্ষন সংগ্রহ আর সংরক্ষনে
কমিউনে গড়ে তোলে খাদ্য ভান্ডার
এতদসত্ত্বেও শরীরে তাদের পুষ্ঠির অভাব
জগৎ সংসারে নিতান্তই বেচারা
চাহিদা যাদের কম
ভবিষৎ শঙ্কায় নিরন্তর কাঁপে বুঝি তারাই
পিঁপড়েদের বিশালাকার কমিউনে
যুথবদ্ধ পিঁপড়েরা সংখ্যায় অগুন্তি
একটি আস্ত হরিণ ভক্ষন করে নিমেষে
তাদের এ হেন আচরণে
তাচ্ছিল্য দুরস্ত, অতি ক্ষুদ্র হলেও
বৃহৎ প্রাণীরা তাদের রীতিমত সমঝে চলে... 
 

শুক্রবার, ৫ মার্চ, ২০১০

সূর্য বুঝি ~ শ্রেয়সী রয়

আমরা যারা জেগে থেকেও স্বপ্ন খুঁজি,
আমরা যারা রাতদুপুরেও সূর্য বুঝি,
আমরা যারা রোজ দুবেলা বাঁচতে গিয়ে,
ভুলেই গেছি সেসব দুপুর-
যখন নাকি স্বপ্ন মানে তুমি-ই ছিলে,
যখন নাকি স্বপ্ন মানে লাল নিশানে,
যখন শুধুই স্লোগান তোলা হাজার গলায়,
যখন শুধু মিছিল ছিল তোমার ভাষা,
যখন হাজার পায়ের দাপট পাহাড় টলায়,
ভুলেই গেছি একসাথে সেই ভাবতে শেখা,
ভুলেছি আজ প্রশ্ন তোলার সব অভ্যেস,
ভুলেই গেছি হিসেব বোঝার তীব্র তাগিদ,
সব ভুলেছি -
শুধু জানি, ফিরতে হবে...

শুধু জানি ভুললে আমার চলবে না আর,
শুধু জানি মিছিল আজো ডাক দিয়ে যায়,
তাইতো আজও রাতদুপুরে সূর্য বুঝি,
সূর্য বুঝি মিছিল জোড়া লাল পতাকায়।

সোমবার, ১ মার্চ, ২০১০

পথ


আমাদের দাবি একটাই
পথে হাটো আমাদের সাথে
পথে নামাই একমাত্র পথ
কালো মানুষের ভিড়ে
আমার আমিকে হারিয়ে
মুক্ত সুরে, মুক্তির গান গেয়ে
আমাদের দাবি একটাই
পথের শেষ নাই বা দেখলে
হয়তো পথেই শেষ হবে আমাদের পথ
হয়তো অনেক পথ হাঁটা বাকি থেকে যাবে
তবুও
আমাদের দাবি একটাই
যতটা হাঁটা শেষ করবো
রোদে মিশে
কালো মানুষের ভিড়ে
নতুন দিনের শিশুটি যেন সেখান থেকেই তার পথ শুরু করে।

লাল নিশান (The Red Flag এর অনুবাদ)


জনগনের নিশান রক্তলাল
জড়িয়েছে কত শহিদের দেহ
শীতল হয়েছে তারা
আর হৃদয়ের রক্তে রঞ্জিত করেছে একে
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
নিশান আমাদেরকে শক্ত করেছে
যখন চারিদিকে ঘনিয়ে এসেছিলো কালো অন্ধকার
কত লড়াইয়ের সাক্ষী হয়ে রয়েছে
নিশানের রঙ বদলাবে না আর
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
নিশান মনে রেখেছে আমাদের জেতা লড়াই
রক্তিম সকালে আসবে শান্তি নিয়ে,
উজ্জ্বল নিশানের সহজ প্রতীক করে বড়াই
মানুষের অধিকার, মানুষের সংগ্রাম দিয়ে
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে

রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১০

আনন্দবাজারের দিব্যি ~ মানস দাস

বাল ঠাকরে বাধঁবে রাখী শাহরুখের হাতে
বিন লাদেন আর ওবামা আজ করবে চরুইভাতে ।

সৌরভের দাদাগিরি চ্যাপেল চিফ গেষ্ট
নন্দনের পুকুর পাড়ে মম-বুদ্ধ'র রেস্ট ।

মাওবাদীদের বন্দুকে নয় মানুষে আজ ভরসা
পূর্ব দিকে আজ গোধূলি পশ্চিমে ভোর ---ফরসা ।

শিলা পোতা ছেড়ে দিদির ঝাড়পোছ আজ ট্রেনে
মাথা মহামূল্যবান----------হার্ট'টা থাক না ব্রেনে ।

শ্রেণীর লড়াই অহেতুক মউ'তেই সমঝোতা
ফিদেল আর বিল গেটস---এই দুজন মূল হোতা ।

পুজিঁবাদের সাম্যবাদ আর সাম্যবাদের পুজিঁ'র
অন্য একের পরিপূরক ভয় কি সবার রুজি'র ।

ভাবিস তোরা স্বপ্ন এন্ড'-এ এটাই কনক্লুশন
আনন্দ (!) বাজারের দিব্যি-----এটাই ওদের মিশন ।

একনাগাড়ে লিখছে এসব-----হজম হতে বাধ্য
করবে পরখ ? ঠিক না বেঠিক-----আছে তোমার সাধ্য ?

শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১০

বেকারের আলপনা ~ অনির্বাণ ঘটক


বিপ্লব তুমি ফিরে এসো খোলা চুলে,
বিপ্লব তুমি ফিরে এসো বারবার,
দেশকাল মোছে স্নানের জলের মত,
বিপ্লব তুমি এখনও নির্বিকার?

কেউ বলে, কবি ফুলের গল্প লেখো,
কেউ বলে কবি নিশুতি রাতের প্রেম,
কবি একমনে এঁকে চলে তার লেখা,
রাস্তায় পড়ে রক্ত কমরেডের...

বিপ্লব তুমি রক্তের সাথে এসো,
বিপ্লব এসো জোয়ার ভাটার সাথে,
বিপ্লব তুমি চৌরাশিয়ায় এসো,
বিপ্লব এসো স্লোগানবদ্ধ হাতে,

ফেলে গেছি মায়া, ভুলে গেছি বহুকাল,
তোর সাথে দিন, আগোছালো, দিশাহীন,
ফের যদি তোকে আলগোছে ডেকে নিই,
বিপ্লব, তুই আসবি তো সেইদিন?

বহুদিন হল স্তব্ধ পেপারব্যাক,
রুটি-রুজি মায়া দুর্বিপাকের জাত,
পিছু ফেরবার চেষ্টাও প্রাণপণ,
(শুধু) মুখ চেপে ধরে শাসকের কালো হাত,

এবার ভুলবো পিছু ফেরবার টান,
এবার রক্ত শিরাতে ও ধমনীতে,
এবার মিছিল শেষ যুদ্ধের শুরু,
বিপ্লব, তোকে আসছি আমরা নিতে...

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০১০

মিছিল ~ অনামিকা

মিছিল থেকে মুখ লুকিয়ে , কোথায় গিয়েছিলাম উধাও
বলব না তা। কিন্তু ফিরে কি দেখছি তা যদি শুধাও ...
বজ্রশব্দে মাইন ফেটেছে। উড়ছে বারুদগন্ধ খালি।
ক্ষমতালোভ পুড়িয়ে দিচ্ছে দুঃখিজনের গৃহস্থালি!
যদিও খুব মেঘ করেছে ... রক্তবৃষ্টি আসছে ঝেঁপে ...
দেখছি চেনা সেই মিছিলই হাঁটছে দৃঢ় পদক্ষেপে।


সময় শুধু নিষ্ঠুর নয়, সেই সাথে সে বড়ই রসিক।
হোর্ডিংএ মুখ প্রকাশ পেলে পাঠায় নানা পারিতোষিক।
মগজ বোঝাই অঙ্কে মেশা নানান শেডের অন্ধকারও।
মধ্যমেধার মধ্যবিত্ত কষছে হিসেব, চাইছে আরও।
মৃত্যুপূজার রাক্ষসীকে বলছে না কেউ "দাঁড়াও ... রোসো" !
সব্বাই চুপ ... অবাক কান্ড ...! পরমপ্রিয় শঙ্খ ঘোষও
বলছেন না, "রক্তে কাদায় ব্যক্ত জীবন যায় না রোয়া !"
মিছিল তবু হাঁটছে। কোনই ভয় নেই তার ... নেই পরোয়া!


খুন হয়ে যায়, ঘাটের ... মাঠের ... হাটের পথের সঙ্গীসাথী।
ছিটকে পড়ছে মাথার ঘিলু, ছিন্ন ব্যাগের আনাজপাতি।
তবু মিছিল এগোয়। আকাশ নতুন আলোয় স্লোগান লেখে।
হতক্লান্ত জীবন ... উঠে দাঁড়ায় ভূমির শয্যা থেকে।
মৃত্যুশীতল সন্ত্রাস আজ করুক যতই হুকুমজারি ...
হার না মানার এই মিছিলে, সারা জীবন থাকতে পারি!
 

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১০

এই আমি ~ সুকন্যা

ক্ষতর ভীড়ে গতরখাটা তুচ্ছ রসদ,
খরচ করে হিসাব রাখা পাওনা নগদ...
অবুঝ সঙ্গী পেটের জন্য শুধুই ছুটি,
দিনের শেষে ভাগ্যে জোটে একটু রুটি।
তবুও তো ইচ্ছে করে একটু বাঁচার,
জীবন টাকে রাখছি বাজি রোজই আবার...
হোঁচট খেয়ে হেঁটেই চলি সমস্তদিন,
ফিরিয়ে দেবার অঙ্গীকারে সমস্ত ঋন।
গোলকধাঁধায় হারিয়ে গেছে নিদ্রা আমার,
যত্নে রাখা ইচ্ছেগুলো এখন তোমার...
হাত বাড়িয়ে খুঁজেই চলি কাছের মানুষ,
ভালবাসা দূর আকাশের মিথ্যে ফানুস।
নাগরিক মন দেয় পুড়িয়ে সব অপবাদ,
স্তব্ধতায় ঢাকছি আমার অথৈ বিষাদ।
সংগ্রামী মন স্বপ্ন সাজায় দিনপ্রতিদিন,
কালের ঘরে শনি এবার হবেই বিলীন...
আলোর হদিশ মিলবে এবার,আবীর ওড়াই,
মৃত্যুভিক্ষা চাইনা আর...এবার লড়াই।

সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০১০

মানুষ, তুমি শুনতে পাচ্ছো ~ শ্রদ্ধা

নখের আচঁর ভালবাসলে
শরীরে দাগ- রক্ত রক্ত
কবিতা নয়, কবিতা নয়...
আর্তনাদের শব্দ শুনছো?!


বিপ্লবী মন দেওয়াল লেখে
যুদ্ধে যাবো- যাবোই এবার
বুক পেতে দিই রণক্ষেত্রে
দেখতে পাচ্ছো? শুনতে পাচ্ছো?!


নীরব কোনো একাকীত্মে
সরব কোনো যন্ত্রনামুখ-
অস্থির মন কুচকাওয়াজে
ভুল পা ফ্যালে... বুঝতে পারছো?!


মরক শেষে বেঁচে ফেরা
দু এক জোড়া দোয়েল ফিঙ্গে
সকাল হলেই শিষ দিতে চায়
সভ্যতার ই নিয়ম মেনে;


গুলতি ছোড়ে ওদের দিকে
বদলে যাওয়া ঋতুচক্র
আগুন থেকে ফুল ফোটে না
বুঝতে পারছো? শুনতে পাচ্ছো?!


শুম্ভ নিশুম্ভদের খেলা
মুন্ড নিয়ে কড়চা চলছে
মন গুলো সব মোমের মত
বিষ ঢেলে দে... আগুন গলছে;


হাত টা তো নেই, পা মাথা নেই
বুক, চোখ , মুখ খুবলে গ্যাছে
নিজের কবর খুড়ছি নিজে
পাপ পূন্যের উৎস থেকে............


মানুষ বড় কষ্টে আছে
কান্না কোনো শুনতে পাচ্ছো?!
মানুষ কাঁদছে শুনতে পাচ্ছো?!
শুনতে পাচ্ছো!!!

ঈশ্বরের স্টুডিয়োয়... ~ শ্রদ্ধা

বিলাসবহূল চান ঘরে
মোমের মত শরীর থেকে পিছলে পড়ে জল;
ঠিকরে ওঠে স্বপ্ননীল আলো সেই জলে- হীরের কুচি!


ঠিক এখান থেকে যদি চলে যাই
কোনো ঠিকানাহীন সংসারে
যেখানে খিদের জ্বালায় ক্রন্দনরত শিশু
আর
নিভে যাওয়া উনুনের সামনে বিষণ্ণ মা-


আবার সেখান থেকে
চলে যেতে পারি এমন কোথাও-
যেখানে
পাপ পুন্য, দুর্ভাগ্য সৌভাগ্য, মন্দ ভালো
সব একাকার হয়ে যাচ্ছে
মানুষ পোড়াবার চুল্লীতে।


ঠিক এই দৃশ্যে- ঈশ্বর সাম্যবাদী।।

সাতদিন ~ অনামিকা

সাতটি দিনের আল্‌টিমেটাম
দিয়েছিলেন উনি
জনসভার মিথ্যে ভাষণ
অভ্যেস তাই শুনি।


তারপরে কি? অলীক পথে
রেল গিয়েছে আমতা
ঝাড়্গ্রাম আজ চেঁচিয়ে পড়ে
সাতের ঘরের নামতা।


ওরাই করে রক্ষা রণে-
বনে ও জঙ্গলে
সন্ত্রাসীরা মাসতুতো ভাই
অস্ত্রে কথা বলে।


গ্রাম শহরে গোপন আঁতাত,
মিটিং প্রতিদিনই
সুশীল ওরাই স্বজন এবং
ছদ্ম মাতঙ্গিনী !


ওরা জানেন কয়টি মাথা
রয়েছে কার ঘাড়ে
ভদ্রভাবে রক্তভোজন
মানব অধিকারে-


সে যাক্‌ গে। হোক্‌ কাজের কথা
সাতটি দিনের পরে
নেত্রী গেছেন লালগড়ে?
না- লুকিয়ে আছেন ঘরে?

রবিবার, ৩১ জানুয়ারি, ২০১০

অরকুট কবি.... ~ সুকন্যা

অরকুট কবি আমি লিখে যাই পদ্য
অর্থহীন শব্দ শিখছি এই সদ্য.
গাছ তারা জল পাখী মিলেমিশে একাকার
হাত পা চোখ নাক একসাথে ছারখার.
anatomy করে ফেলি কবিতার লাইনে
শব্দগুলো চলে বামে,অর্থ তার ডাইনে.
নাই থাক তার মানে নাই থাক অর্থ
কবিতা আমি লিখি বাপু একদম যথার্থ.
কখনো কবিতা নিয়ে ভালবাসা হয়নি
লেখাগুলো তাই কারো মন ছুঁয়ে যায়নি.
অরকুটে এসে আমার বড় মনে সাধ হয়
আমিও লিখব কিছু, কবি কবি ভাব হয়.
যেই ভাবা সেই কাজ,লিখে ফেলি একরাশ
লেখা শেষে দেখি আমি কবিতার সর্বনাশ.
গাদাগাদা চিন্তা,এলোমেলো কিলবিল
অর্থ আর শব্দের কিছুই পাইনা মিল.
বোঝাতে চাই একমানে, হয়ে যায় অন্য
তবু আমি লিখবই, হব স্বনামধন্য.
নামডাক হবে খুব,হবে ছেলেবন্ধু
কবিতার আড়ালে প্রেমনদী সিন্ধু.
আমার পদ্য পড়ে পাঠকের প্রান যায়
ছেঁড়ে দে মা অনেক হল, পাগল হবার প্রায়.
ধুর,তোমরা বোঝনা কিছু কবিতার মর্ম
মন দিয়ে করে যাই লেখালেখি কর্ম.
এলোমেলো কথা সব, তালকাটা ছন্দ
মাতৃভাষা পালিয়ে বাঁচে, হাওয়াটা আজ মন্দ.
বানানভুলের লেখাগুলো সাবধানে পড়বেন
অরকুট কবি ভেবে মার্জনা করবেন.

মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১০

যত দূর মনে পড়ে ~ জ্যোতি বসু



"১৯৪০ সালেই কলকাতা ফিরে আমি এখানকার পার্টিনেতাদের সঙ্গে যোগাযোগ করলাম। পার্টির নির্দেশ অনুযায়ী আমি আন্ডারগ্রাউন্ডে গেলাম না - তবে আন্ডারগ্রাউন্ড সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করা ছিল আমার অন্যতম একটি প্রধান কাজ।

আমি ব্যারিস্টার হিসাবে কলকাতা হাইকোর্টেও নাম লিখিয়েছিলাম। কিন্তু প্র্যাকটিস করিনি কোনদিনই। কারণ আমরা (ভুপেশ, আমি এবং অপর কয়েকজন) লন্ডনে থাকতেই পার্টির সারাক্ষণের কর্মী হিসাবে কাজ করার জন্যে মনস্থির করে ফেলেছিলাম। তবে বাবা এতে খুশি হলেন না; তিনি চেয়েছিলেন আমি প্র্যাকটিস শুরু করি, রোজগার করি। বাবার অবশ্য মনোভাব উদার ছিল। তিনি বুঝতে পারছিলেন না - প্র্যাকটিস করে রাজনীতি করা যাবে না কেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যদি ব্যারিস্টারি আর রাজনীতি এক সঙ্গেই করতে পারেন, তাহলে আমি কেন পারব না?" - ভারতের কম্যুনিস্ট আন্দোলনের সাথে মিশে যাওয়া সম্পর্কে, ১৯৪০।


"আমাদের গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যেতে যেতে পুলিশ বলল, চীন একতরফাভাবে গুলিবর্ষণ বন্ধ করেছে, তাই আপনাদের বেশিদিন জেলখানায় থাকতে হবে না। যুদ্ধ হলো ১৪ দিনের, কিন্তু আমাদের জেলখানায় এক বছর আটকে রাখা হলো। আমাদের মিথ্যা অপবাদ দিয়ে ধরা হোল এবং এক বছর জেলে রেখে দেওয়া হলো বিনা বিচারে। শেষ পর্যন্ত ১৯৬৩ সালের ডিসেম্বরে আমি মুক্তি পেলাম।"  চীন-ভারত যুদ্ধের সময়ে, ১৯৬২- ৬৩।

"দু'বছরেরও বেশি সময় ধরে সরকার আর তার সহযোগীরা আমাদের বিরুদ্ধে কুৎসা ও কলঙ্ক রটনার এক বিষাক্ত অভিযান চালিয়ে আসছে। আমাদের বিরুদ্ধে সরকার তীব্র দমনকার্য পরিচালনা করে চলেছে। এই সবকিছুরই উদ্দেশ্য হলো একটি, তা হলো একটি বৈপ্লবিক গণতান্ত্রিক বিরোধী দল - যে দল সরকারের জনবিরোধী নীতিগুলিকে চ্যালেঞ্জ করতে পারে, এমন একটি দলের বিকাশ ও বৃদ্ধির পথে বাধা দেওয়া। আর  ডাঙ্গে-চক্র পার্টির জীবনে অভূতপূর্ব বিপর্যয় সৃষ্টি করে সরকারের এই কর্মপ্রক্রিয়াকেই সাহাযয় করেছে।" সি পি আই এম গঠন ও তেনালী কংগ্রেস ১৯৬৪।


"বামপন্থি সুবিধাবাদীদের আসলে জনগণকে ঐক্যবধ্য করা, সঠিক রণকৌশল নির্ধারণ করা, সংস্কারপন্থী ও সংশোধনবাদী যারা শ্রমিকশ্রেণীর ও কৃষক জনগণের মনোবলকে ভেঙ্গে দিতে চাইছে, তাঁদের বিরুদ্ধে লড়াই করা এবং শাসকশ্রেণীর জনবিরোধী নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলার অত্যন্ত কঠিন কাজগুলিকে অস্বীকার করতে চেয়েছিল। এইভাবে গণ-সংগঠন গড়ে তোলার প্রধান কাজকে উপেক্ষা করে, জনগণের প্রতিটি ছোটখাটো স্বার্থের জন্যেও লড়াইকে অস্বীকার করে, জনগণের আশু দাবি ও সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনা অর্জনের প্রতি যথাযোগ্য মনোযোগ না দিয়ে, কেবলমাত্র শক্তির সংগঠিত হবার ওপর নিছক নির্ভরশীলতায় কিছু ব্যাক্তি উগ্রপন্থী কার্যকলাপে মেতে উঠেছিল এবং বিপ্লবের নাম করে গণ-আন্দোলনে বিপর্যয় সৃষ্টি করতে চেয়েছিল। তাঁদের বক্তব্য অনুযায়ী গণ-সংগঠনের কোন ভুমিকা নেই, জনগনকে নাকি জয় করতে হবে কেবল বিপ্লবী কর্মপরিকল্পনার দ্বারা - এসবই মার্ক্সবাদ-লেনিনবাদের মূল শিক্ষার বিরোধী।" নকশাল আন্দোলন সম্পর্কে, ১৯৬৭।

একটি চিঠির কথা উল্লেখ করব। এই সময়েই আমাকে লেখা এই চিঠি আসে আমার হাতে। শিয়ালদা থেকে একজন আমাকে এই চিঠিতে লেখেন - "কংগ্রেসের হয়ে কাজ করেও আজ আপনাকে এদের কার্যকলাপ সম্বন্ধে কিছু লিখছি কারণ আপনাকে শ্রদ্ধা করি। বিশ্বাস করুন, আর না করুন একাজ করে এবার প্রচুর টাকা আমি পেয়েছি। আপনাদের এ শোচনীয় পরিণতি হবে ভাবিনি। আমাকে অরা মদ খাইয়েছিল, ওরা অনেক গুন্ডা ঠিক করেছিল। আমাদের ওপর আদেশ ছিল যে সি পি এম কে যেন কেউ ভোট দিতে না পারে। আর রাত্রেই ভোট দেওয়ার কাজ শতকরা ৭০ ভাগ এগিয়ে রাখতে হবে। কোন ভয় নেই। সহযোগিতা করবে সি আর পি। অসুবিধা হলে তারা আছেন।" - ১৩ই মার্চ, ১৯৭২


"সরকার গড়ার পরে এক কঠিন দায়িত্ব আমাদের উপর এসে পড়ল। একটি বুর্জোয়া-জমিদার রাষ্ট্রকাঠামোর মধ্যে অঙ্গরাজ্যে সরকার গঠন করে সাধারন মানুষের স্বার্থে তাকে পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ। কারণ, সংবিধান, আইন, প্রশাসন, আমলাতন্ত্র সবই কায়েমীস্বার্থের সুবিধার জন্যে তৈরী। রাজ্য সরকারগুলির হাতে আইনগত এবং আর্থিক ক্ষমতার মধ্যেও কেন্দ্রীয় হস্তক্ষেপ এসে পড়ে। এই অবস্থায় সরকারে এসে ঘোষিত ৩৬ দফা কর্মসূচীকে রুপায়ণের উপর আমরা জোর দিলাম। আমাদের প্রথম কাজই ছিল সাধারণ মানুষের লুন্ঠিত গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনা। মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা।" ২৫শে জুন, ১৯৭৭

"জনতা সরকার ক্ষমতায় আসায় রাজ্যে শিল্পক্ষেত্রেও সম্ভাবনা দেখা দিয়েছিল। দীর্ঘদিন এই রাজ্যে কোনও বৃহৎ শিল্প হয়নি। কেন্দ্রের বাধা, মাশুল সমিকরণ নীতি, লাইসেন্স রাজের কবলে পড়ে শিল্পজগত কার্যতঃ ধুঁকছিল। আমরা সরকারে এসে প্রথমেই ক্ষুদ্র ও কুটির শিল্প্র গুরুত্ব দিই। একই সঙ্গে সরকারী উদ্যোগে বৃহৎ শিল্প গড়ার দিকেও উদ্যোগ নেওয়া হলো। হলদিয়ায় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স গড়ার জন্য কেন্দীয় সরকারের কাছে অনুমোদন চাইলাম। মোরারজী সরকারের আমলেই আমরা হলদিয়ায় পেট্রোকেমিক্যালস গড়ার লেটার-অফ-ইনটেন্ট পাই। কিন্তু পরবর্তীকালে শ্রীমতি গান্ধী এবং রাজীব গান্ধীর আমলে হলদিয়া পেট্রোকেমিক্যালস এবং সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স প্রকল্পকে নিদারুন বঞ্চনার শিকার হতে হয়েছিল দশ বছরের উপর ধরে।" -  বামফ্রন্ট সরকারের প্রথম বছর, ১৯৭৮।

""১৪ই মে সকালে প্রায় তিন ঘন্টা ধরে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। কিন্তু কেন্দ্রীয় কমিটি সংখ্যাগরিষ্টের সিদ্ধান্তে অবিচল থাকে। নিজের কথা বলতে পারি, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত আমাকে একদিক থেকে বাঁচিয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হলে এই বয়েসে  ও এই শরীরে আমার ওপর খুব চাপ পড়ে যেত। কংগ্রেসের সমর্থন নিয়ে কোয়ালিশন সরকার চালানো মোটেই সুখের কাজ নয়।" ১৪ই মে, ১৯৯৬

রবিবার, ১৭ জানুয়ারি, ২০১০

কমরেড তুমি ঘুমাও ভরসা রেখে ~ দীপ্তানুজ



তোমার সঙ্গে শ্মশানের পথে যাবনা -
ওই পথে যেতে তুমিই করেছ মানা,
শরীর দিয়েছ মানুষ গড়ার কাজে -
তুমি ছিলে তাই কমরেড ষোল আনা।

সকাল যখন ঘন কুয়াশায় ঢাকা -
বন্ধু - স্বজন-ও খন্ডিত ভাগে ভাগে,
হয়তো তোমার ভাল লাগলোনা তাই-
তুমি চলে গেলে 'বারোটা' বাজার আগে।

আমরা যারা এখনো স্বপ্ন দেখি,
সারা দেশ জুরে তারা রইলাম জেগে -
স্বপ্নের কুঁড়ি ফুল হবে যেনো ঠিক,
কমরেড তুমি ঘুমাও ভরসা রেখে!!

মশাল জ্বালো ~ সিদ্ধার্থ


নিভে গেছে আমাদের আলো...
সাথী মশাল জ্বালো
রাত্রি বোধ হয় হবে আরো কালো আরো ক্রুর
আঁধারের হিংস্র প্রেতেরা দেখো বেঁধেছে জটলা
বাতাসে তাই মৃত সাথীর রক্তের গন্ধ আর মাটিতে ক্লেদ
ওই ওরা ভাঙ্গে বেড়া...ওই বুঝি আমাদের ঘরে আসে ঢুকে
সাথী আগুন ধরো ওদের মুখে !
সাথী আরো মশাল জ্বালো...
শত মশালের আলোয় আবার জাগুক আমাদের জ্যোতি

শনিবার, ৯ জানুয়ারি, ২০১০

অরকুট বিপ্লবী ~ তুলি

এখনো পাঁজরের বাম দিকে দাগ আছে,
ছোট্ট ক্ষতের চার পাশে সে' সময়ের স্মৃতি-
মুক্তির দশকের কয়েকটা কাটা কাটা ছবি,
'হ্যান্ডস-আপ' - ১৪৪ এর উদ্ধত অভিব্যক্তি।


শরীরের কোন এক ইঞ্চি তে
শানিত রিভলভারের নল - শক্তির উৎস,
কোষে কোষে রক্তপ্রবাহে মিশে যেতে থাকা-
আত্মরক্ষার হাতিয়ার - 'তিন' অক্ষরে বিশ্বজয়।

মাঝে মাঝে জীপের হুটারে ভেঙ্গে যাওয়া নৈঃশব্দ,
ত্রৈমাসিক বুলেটিনের নিষিদ্ধ ইস্তেহারে আরোহী - 'বিপ্লব';
সমাজচেতনার গভীর চোরাকুঠুরীতে বসবাস - মধ্যবিত্ত বিপ্লবীর,
সে সময়ে চায়ের দোকান - কফি হাউসের কবিচক্র...

আর এখন... "অরকুট"!

হৃদয় থাকে বামদিকটায় ~ সুকন্যা

আমি অন্ধকারের রঙ শুষে নিয়ে
সূর্য্য কে কাছে ডাকি....
আমি স্তব্ধ শিথিল সমুদ্র গভীরে
জীবাশ্ম খুঁজে থাকি.
আমি লিখেছি অনেক ফুটপাথ
আমি শুনেছি মৃত্যুভিক্ষা....
আমি ধ্বংসের পরে সৃষ্টি করবো
অর্থ আমার শিক্ষা.
কুরুর মাঠে কর্ন দাঁড়িয়ে
বীর অর্জুন রথে....
সব হাহাকার পিছনে সরিয়ে
হাত ধরে নামি পথে.
আমি ঢালতে দেখেছি কেরোসিন
বুকফাটা শুধু ক্রন্দন....
আন্দোলনের ঢেউ বয়ে চলে
মঞ্চ মিছিল নন্দন.
কন্ঠ আমার উর্ধে উঠেছে
দৃঢ়তায় বাঁধা মন....
আমি তবুও করিনি চুরমার
শুধু সৃষ্টি সুখের পণ.
অবাক পৃথিবী অজানা অনেক
জুড়ে চলি ছেঁড়া পাল....
হৃদয় থাকে বামদিকে
আর, রক্তের রঙ লাল.

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০০৯

মহাকাল ~ সাস্বতি


অনেক দুরের সেই সোনালী রোদ,
মাঠ ছোয়া সেই রক্তিম কিন্সুক
সে খানটাতে ছোট্ট উঠোন জুড়ে
স্বপ্নে দোলে এই বাংলার মুখ .
বাংলার মুখ দেখিয়ে ছিলে তুমি
জীবন জুড়ে জীবনানন্দ
সেই বাংলার সোনার ধানের ঘ্রাণে
মিশছে যখন রক্তের গন্ধ -
পোরো চালের পাঠশালা ঘরটাতে
মৃত্যু যখন উদ্ধত হাত বাড়ায়
বেয়নেটের গুলির সামনে এসে
বুক চিতিয়ে 'আট বছুরে ' দাড়ায়
জাপটে ধরে গুরুমাসিকে সে
ছোট্ট দুটো নরম হাতের জোরে
প্রতিরোধে বাংলার মুখ দেখি
কালের চাকা নিজের ছন্দে ঘোরে .
সেদিন যখন পৌষালি সন্ধ্যায়
পুড়তে পুড়তে রাত্রি নেমে আসে
ভাঙ্গা ফ্রেমে ,ভাঙ্গা আপিস ঘরে
বাংলার মুখে লেনিনের মুখ হাসে .
হেসে ওঠে ছেলে দুর্জয় প্রত্যয়ে -
হাত ধরে মাকে টেনে নিয়ে আসে পথে ,
লালে লাল,লালে বিপ্লব বাঙ্ময়
দেখা হয়ে যায় সারা বিশ্বের সাথে .
জেগে ওঠে ছেলে সোনালী ধানের রোদে
কাস্তেটা চেপে শক্ত মুঠোতে ধরে
জীবনানন্দ ফিরে এলে তুমি আবার
জীবন আনন্দ বাংলার ঘরে ঘরে .

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০০৯

তোমারই জন্য ~ অনামিকা মিত্র

তোমারই জন্য সব সহ্য করি। নর্দমাসদৃশ
রাজপথে পা ডোবাই। পানপাত্রে বিষও
অকাতরে পান করি। ভাবি সেটা অমৃতসমান।
তুমি নীতিবাক্য দাও মেপে মেপে বিঘতপ্রমান,
তাতেই কৃতার্থ আমি। লাথি মেরে ফেলো যদি ড্রেনে,
মহানন্দে নেচে উঠি। তুমিতো আমারই সৃষ্টি জেনে,
একশ ভুল মেনে নিই। মেনে নিই একলক্ষ চুরি।
মেনে নিতে বাধ্য হই অপমান মেশানো চাতুরি!

নীতিবাক্য সরে গেলে আমি দাস তুমি ক্যাপিটাল!
যূথবদ্ধ ... অনায়াসে ডেকে নেবো বিমূঢ় সকাল।
প্রেমের উলটো পিঠে ঘৃণা ছিল সে কথাও খাঁটি,
এতদিন যা পারিনি ... পার হবো লক্ষ্মনরেখাটি!
সর্বনাশ এতদিনে ছাড়িয়েছে প্রতিকার সীমা।
এইবার ধ্বংস হবো, ভেঙ্গে ফেলবো সাধের প্রতিমা।

স্থিতাবস্থা ~ অনামিকা মিত্র

আমরা যারা স্থিতাবস্থার পক্ষে,
টের পাইনি কখন যেন নিতান্ত অলক্ষ্যে
একটু একটু মেঘ জমেছে, জমতে জমতে বেশি,
অভিমানের টুকরো আকাশ, ছাইল এলোকেশী।
একটু ভুলে আমার আকাশ আস্তে আস্তে ওর।
স্থিতির মধ্যে আবছা হল স্মৃতির একাত্তর।
আমরা কোথাও যাবার কথা দিয়েও, চলে যাইনি ...
প্রাসাদচুড়োর প্রসাদগুঁড়ো যেটুকু পাই তাই নিই
বছর গুনে লড়াইগুলো পালটে নিলাম সখ্যে,
আমরা যারা স্থিতাবস্থার পক্ষে!

আমরা যারা স্থিতাবস্থার পক্ষে,
প্রাণপনে সেই অলীক স্থিতি আঁকড়ে ধরি বক্ষে।
এইযে স্থিতি রীতি মেনেই লোভের দিশা মাপে
নীতি পিছোয় ভীতিপ্রদ পরিস্থিতির চাপে
জমি মাপার দড়ির পাশে জমতে থাকে পাপ
দক্ষ ঠোঁটে উথলে ওঠে উদ্ধত সংলাপ
কখনও তা আমার এবং কখনও ওর গলায়
মন চায়না, আড়াইটা যুগ আমায় দিয়ে বলায়
মেনে নিয়েছি, মাফিয়াদের দন্ত এবং নখকে
আমরা যারা স্থিতাবস্থার পক্ষে!

আমরা যারা স্থিতাবস্থার পক্ষে ...
সুগ্রীবই আজ দোসর, কারণ রাম করেনি রক্ষে।
মাসকাবারি বেতনজীবি খোঁজেন অতিরিক্ত
অফিস পুলিশ বিচারসভা লোভের লালায় সিক্ত।
ওষ্ঠাগত জীবন জ্বেলে সে যজ্ঞে দিই যোগান
রুটিনমাপা মিছিল ... আমার ভাঙ্গা গলার স্লোগান ...
মেধার জোরে বাঁচাই রোজই, মাথা এবং পিঠকে।

দুইএকখানা নির্বোধ সেই রুটিন থেকে ছিটকে,
অবাক করা কিছু আগুন, যখন জমায় বক্ষে ...
চমকে উঠি ...
আমরা যারা স্থিতাবস্থার পক্ষে!