বুধবার, ২৫ জুলাই, ২০১৮

মেডিকেল কলেজ ~ ডা: সমুজ্জ্বল মাইতি

ডাঃ নারায়ন রায় ও ডাঃ ভূপাল বসু, ক্যালকাটা মেডিক্যাল কলেজের দুই ছাত্র, দুজনেরই ১৯৩০ সালে ডালহৌসী স্কোয়্যার বোমানিক্ষেপ মামলায় (চার্লস টেগার্ট সাহেবের গাড়িতে বোমা মারেন দীনেশ মজুমদার) দ্বীপান্তর সাজা হয়, জেল খাটেন আন্দামানে। ১৯৩৩ সালে এঁরা দু'জন এবং উল্লাসকর দত্ত ও সতীশ পাকড়াশির নেতৃত্বে একটানা ৪৫ দিন অনশন করেন পাঁচটি দাবীতে - খাবার যোগ্য খাদ্য, স্নানের জন্য সাবান, ঘুমানোর জন্য বিছানা, নিজেদের মধ্যে কথা বলার সুযোগ ও পড়বার জন্য বই চাই। ন'দিনের মাথায় জোর করে অনশন ভাঙতে গেল কুখ্যাত ব্রিটিশ জেলর ডেভিড ব্যারী। বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন তিন বন্দী বিপ্লবী - মহাবীর সিং গদর, মোহিত মৈত্র ও মনকৃষ্ণ নবদাস। পরের দিন জলের ঘটিতে দুধ রেখে দেওয়া হ'ল লুকিয়ে। বিপ্লবী সুশীল দাশগুপ্ত রেগে চিৎকার করলেন, 'ওরা জলের জায়গায় দুধ রেখে গেছে, কি করা উচিত আমাদের?' পাশের সেল থেকে ডাঃ নারায়ন রায়ের উত্তর ভেসে এল - 'ফুটবল খেলিস নি কোনোদিন ? কিক্ করতে জানিস না ?' যেমন বলা, তেমনি কাজ। লাথি মেরে দুধের ঘটি ফেলে দিলেন সুশীল। ৪৬-তম দিনে যখন সকলেই প্রায় মরণাপন্ন, বাধ্য হয়ে সব ক'টা দাবী মেনে নিল জেল কর্তৃপক্ষ। দাস ক্যাপিটাল আর কমিউনিস্ট ম্যানিফেস্টো সাপ্লাই দেওয়া হয়েছিল ওঁদের দাবী মেনে। শিক্ষক ডাঃ রায় ও ডাঃ পাল, বাকীরা ছাত্র।
                                                                                       
১৯৩৭ সালে মুক্তির দাবীতে আবার শুরু হ'ল আমরণ অনশন। এবারো নেতৃত্বে ডাঃ রায় ও ডাঃ পাল। দাবী মিটল ৩৬ দিন পর। একে একে ছাড়া পেলেন সকলে, পরের বছর জানুয়ারিতে চিরতরে বন্ধ হ'ল সেলুলার জেল।
সিপিআইএম নেতা ডাঃ রায় পরে কোলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হ'ন, আমৃত্যু অসংখ্য সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। ডাঃ পাল প্রথমে ফরোয়ার্ড ব্লক, পরে সমাজবাদী পার্টির নেতৃত্ব দিয়েছেন।                                                         
১৯৩৭ সাল ।চীন,জাপানী সাম্রাজ্যবাদী যু্দ্ধে আক্রান্ত । সাংহাই শহরের পতন আসন্ন ।সুং চিং লিং হংকং-এ ।গঠিত হয়েছে China Defence League,International Peace Hospital,যুদ্ধ ফ্রন্টের জন্য বিয়াল্লিশটি Mobile Medical Unit এবং আটটি Medical School।এহেন পরিস্থিতিতে জাপানী আক্রমণের তীব্রতা আরো বৃদ্ধি পেলে,কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে গৃহীত হয় ভারত থেকে চীনে মেডিকেল মিশন প্রেরণের সিদ্ধান্ত । অবশেষে ১৯৩৮ সালে ডাঃ মোহনলাল অটল,ডাঃ মোরেশ্বর রামচন্দ্র চোলকার,ডাঃ দ্বারকানাথ শান্তারাম কোটনিস,ডাঃ রনেন্দ্রনাথ সেন এবং ডাঃ দেবেশচন্দ্র মুখোপাধ্যায়-কে নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল মিশন গঠিত হয় । ডাঃ দেবেশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন কোলকাতা মেডিকেল কলেজের ছাত্র,কোলকাতা মেডিকেল থেকে ডাক্তারি পাশ করে তিনি আসামের ডিব্রুগড়ে চিকিৎসা করতেন। মেডিকেল মিশনের আহ্বান তিনি সাদরে গ্রহণ করেন এবং নেতাজীর সাথে সাক্ষাৎ করে বিদায় সম্বর্ধনা নেন।এই মিশনেরই অন্য সদস্য ছিলেন ডাঃ রনেন্দ্রনাথ সেন,তিনি ছিলেন বেআইনি কমিউনিস্ট পার্টির সদস্য এবং কোলকাতায় কমিউনিস্ট পার্টির অন্যতম সংগঠক।কিন্তু কমিউনিস্ট বিপ্লবী হওয়ার কারণে সরকার তাঁকে পাসপোর্ট দিতে অস্বীকার করে।তাই তাঁর জায়গাতে মেডিকেল মিশনের অন্তর্ভুক্ত হন ডাঃ বিজয়কুমার বসু।তিনিও ছিলেন কোলকাতা মেডিকেল কলেজের ছাত্র।তিনি ছাত্র জীবনে রাজনীতির সংস্পর্শে আসেন এবং রনেন সেনের মাধ্যমে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন।স্বভাবতই চীনের ঘটনাবলী প্রত্যক্ষভাবে দেখবার সুযোগলাভে তিনি খুবই আগ্রহী ছিলেন।চীনে পৌঁছে হাঙ্কাউয়ের হাসপাতালে একটানা সতেরোদিন অক্লান্ত পরিশ্রম করে জাপানী আক্রমণে আহত রোগীদের সেবা করেন।এরপর ইচাং-এর একটি হাসপাতালেও প্রায় একমাস কাজ করেন।১৯৩৯ সালে ঘোড়া থেকে পড়ে গিয়ে চৌ-এন-লাইয়ের হাত ভেঙে গেলে তিনি তাঁর চিকিৎসা করেন।১৯৩৯ সালে তিনি ইয়েনানের মডেল হাসপাতালেও যোগ দেন।এখানেই মাও-সে-তুঙ এবং এডগার স্নো-এর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।১৯৪০ সালের শেষের দিকে তিনি চিন ছাছি অঞ্চলে গিয়ে পৌঁছলেন।ডাঃ নর্মান বেথুনের Beshao হাসপাতালেই তিনি নিযুক্ত হন।
১৯৪০-১৯৪২ পর্যন্ত ইয়েনানের জীবনযাত্রা কতটা কষ্টকর ছিল তা ডাঃ বসু প্রত্যক্ষ করেন।খাদ্য বস্ত্র ওষুধের খুব অভাব।শুরু হল 'Production Movement'।এই সময়ে তিনি ইয়েনানের উপকণ্ঠে 'আন্তর্জাতিক শান্তি হাসপাতালে' কাজ করেন।পরে তিনি অষ্টম রুট বাহিনীর Central Outdoor হাসপাতালে নাক-কান-গলা বিভাগের প্রধান হন।ডাঃ বসু ছিলেন প্রথম ভারতীয় যিনি চীনের নির্বাচিত পার্লামেন্টের সদস্য হন।১৯৪১ সালে তিনি চীনের কমিউনস্ট পার্টির ও সভ্যপদ লাভ করেন।
অন্যদিকে,মেডিকেল কলেজের আরেক ছাত্র ডাঃ দেবেশ মুখার্জী।মেডিকেল মিশনের সঙ্গেই চীনে যাওয়ার পর অসুস্থ হয়ে তিনি ভারতে ফিরে আসতে বাধ্য হন।তাঁর একটি কিডনি অপারেশন করে বাদ দিতে হয়।তাসত্ত্বেও সুস্থ হয়ে ওষুধপত্র জোগাড় করে তিনি আবার চীনের পথে রওনা হন।এই সময়ে তিনি প্রায় ১লক্ষ টাকার ওষুধ সংগ্রহ করেন এবং খিদিরপুর ডক থেকে বর্মা উদ্দেশ্যে রওনা হন।কিনতু বর্মাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার তাঁর পাসপোর্ট কেড়ে নেয় ও তাঁকে ভারতে প্রেরণ করে।ডাঃ দেবেশ মুখার্জী পরবর্তী কালে জাতীয়তাবাদী বিপ্লবী ভাবধারার প্রভাবে সশস্ত্র সংগ্রামের পথ অনুসরণ করেন।১৯৪২ সালে তাঁর কর্মপদ্ধতিতে এর প্রভাব পরিলক্ষিত হয়।
এরপর এল ১৯৪২ সালের অক্টোবর মাস।ভয়াবহ সাইক্লোন আর সামুদ্রিক বন্যার আঘাতে মেদিনীপুর আর ২৪ পরগণা বিধ্বস্ত।২৪৯ বৌবাজার স্ট্রীটে গঠিত হল পিপলস্ সাইক্লোন রিলিফ কমিটি।আবার ১৯৪৩ সালে দামোদরের বন্যা।এবার গঠিত হল পিপলস্ ফ্লাড রিলিফ কমিটি।অনতিবিলম্বে আছড়ে পড়ল ১৩৫০-এর দুর্ভিক্ষ।এই সমস্ত কমিটিগুলিকে মিলিয়ে দিয়ে তৈরী হল পিপলস রিলিফ কমিটি।কোলকাতা মেডিকেল কলেজের বহু ছাত্র,চিকিৎসক এর সাথে যুক্ত হয়ে পড়েন।১৯৪৬ সলে নোয়াখালির দাঙ্গার পর এবং রংপুরে দুর্ভিক্ষ কবলিত এলাকাতে পিআরসি ঐতিহাসিক দায়িত্ব পালন করে।মেডিকেল কলেজের যে সব কৃতি ছাত্ররা পিআরসি-র সাথে যুক্ত হয়ে পড়েন তাঁদের মধ্যে ডঃপূর্ণেন্দু ঝাঁ,ডাঃবিমল সেনগুপ্ত,ডাঃকনক কাঞ্জিলাল,ডাঃ হিমাংশু রায়,ডাঃনীরদ মুখার্জীদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।প্রসঙ্গত উল্লেখ্য যে,ডাঃ পূর্ণেন্দু ঝাঁ ছিলেন কোলকাতা মেডিকেল কলেজ স্টুডেন্টস্ ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।এই কলেজ থেকেই এমবিবিএস পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ডাঃ পূর্ণেন্দু ঝা বিভিন্ন গণ-আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন, আলিপুর ও বক্সার জেলে বন্দী ছিলেন বহুবছর। ১৯৪৮ সালে বিপিএসএফ মেডিক্যাল কলেজে প্রথম স্টুডেন্টস ইউনিয়ন গঠন করলে তিনি সম্পাদক হ'ন। এই সিপিআইএম নেতা পরে কোলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ নির্বাচিত হ'ন।                                                         

ক্যালকাটা মেডিক্যাল কলেজের আর এক কৃতী ছাত্র ডাঃ রমেন কুন্ডুর নেতৃত্বে একদল তরুন বিপিএসএফ সদস্য ১৯৪৭ সালে বি টি রণদিভের ডাকে সাড়া দিয়ে রাইফেল কাঁধে তেলেঙ্গানা সশস্ত্র সংগ্রামে যোগ দিতে বেরিয়ে পরেন। সিপিআইএম সদস্য ডাঃ কুন্ডু দেশে-বিদেশে রেডিওলজিতে অধ্যাপনা করেছেন।
এরপর এল ১৯৪৭-এর জানুয়ারী মাস।২১শে জানুয়ারী পালিত হবে ভিয়েতনাম দিবস।ইউনিভারসিটি সিনেট হলের সামনের সিঁড়িতে বিক্ষোভরত ছাত্রদের ওপর পুলিশের গুলি চললো।মেডিকেল কলেজের ছাত্র ধীররঞ্জন সেনকে হাসপাতালে নিয়ে আসার পর মারা গেলেন।শোকপ্রস্তাব প্রকাশিত হল ভিয়েতনাম স্টুডেন্টস্ অ্যাসোশিয়েশনের Hanoi সম্মেলনে।               
১৯৫২ সালে ধর্মতলা স্ট্রীটে যাঁর চেম্বারে শুরু হ'ল স্টুডেন্টস হেলথ হোমের পথ চলা, সেই ডাঃ অমিয় বোস, হেলথ হোমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ অরুন সেন, দুজনেই ছিলেন ক্যালকাটা মেডিক্যাল কলেজের ছাত্র। ডাঃ সেন বিপিএসএফের কর্মী।
১৯৫৯ সালের আগস্ট মাস।খাদ্য আন্দোলন শুরু হল।৩১শে আগস্ট সভা ও আইন অমান্য কর্মসূচী নেওয়া হল।প্রায় ১লক্ষ মানুষের শোভাযাত্রা রাইটার্স বিল্ডিং-এর দিকে অগ্রসর হল।'আন্দোলনকারীদর শিক্ষা' দেওয়ার বাসনাকে চরিতার্থ করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে ৮০জনের বেশী মানুষ নিহত হলেন। পরের দিন ১লা সেপ্টেম্বর সারা পশ্চিমবঙ্গে সর্বাত্মক ধর্মঘট পালিত হল।ছাত্ররা মিছিল করে রাইটার্স বিল্ডিং-এর দিকে অগ্রসর হলে পুলিশ ছাত্রদের ওপর গুলি চালায়।৪জন ছাত্র নিহত হয়।পরেরদিন মেডিকেল কলেজে মৃতদেহগুলির ময়নাতদন্তের পর মৃতদেহগুলি নিয়ে পুনরায় মিছিল হয়।এই গোটা ঘটনার প্রতি সংহতি জানিয়ে এগিয়ে আসে মেডিকল কলেজের ছাত্ররা।মেডিকেল কলেজে আন্দোলনে নেতৃত্ব দেন ডাঃ জ্ঞানব্রত শীল,ডাঃ ইন্দ্রজিৎ রায়।প্রসঙ্গতঃ উল্লেখ্য ডাঃ জ্ঞানব্রত শীল ছিলেন মেডিকেল কলেজ হস্টেল স্টুডেন্টস্ ইউনিয়নের সম্পাদকও।স্মৃতিচারণায় তিনি লিখেছেন, Our Principal, Prof. Sudhir Bose  came,was stuck dumb for some moment and then commented, I HAVE NOT SEEN SUCH BRUTAL KILLING EVEN IN BRITISH PERIOD''…there was a reportedly Bullet-proof Ambulance in our hospital and our principal allowed some of us to take it in search of Casualties''…                               
ডাঃ অমিত পান, কোলকাতা মেডিক্যাল কলেজের আরেক ছাত্রনেতা এসএফআই রাজ্য কমিটির সদস্য ছিলেন, তাঁর নেতৃত্বে ছাত্ররা কেরোসিনের দাবীতে প্রথমে পুরুলিয়ায়, পরে সারারাজ্যে ব্যাপক ছাত্র-আন্দোলন গড়ে তোলে সাতের দশকে। '৭১ থেকে '৭৭ সন্ত্রাসের পর মেডিক্যাল কলেজে গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (MCDSA) গঠন হ'লে তার প্রথম কনভেনর হ'ন SFI নেতা অমিত পান ও স্বরূপ সরকার।
                                                                 
পাঠক,এটাই ছিল খুব সংক্ষেপে আমাদের মেডিকেল কলেজ বেঙ্গল-এর আন্দোলনের ঐতিহ্য।এর মধ্যে আছে আরো অসংখ্য ছোট বড় ঘটনা।বহু কিছু ই আজ বিস্মৃতপ্রায়।এর পরও আছে নকশাল যুগে বহু মানুষ,ছাত্রের,চিকিৎসকের আত্মত্যাগের ইতিহাস।যে ইতিহাসের সঠিক তথ্য দলিল দস্তাবেজের অভাবে আজ লিখে উঠতে পারলাম না।শুধু বলার বিষয়,''আমরা মেডিকেল কলেজে পড়ি''..এর মধ্যে একটা গর্ব আছে বটে।তবে গর্বটা ঠিক কোন জায়গায় সেটা উপলব্ধির বিষয়।আর যারা আজ হঠাৎ ১৯৭৭ সাল থেকে চল্লিশ বছর হিসাব করে বসলেন,তাদের বলি '৭৭-এর আগে একটা '৭১ ছিল,একটা '৬৬ ছিল,একটা '৫৯ ছিল,একজন ধীররঞ্জন সেন ছিলেন।কিছু মেডিকেলের ছা্ত্রর কিছু ব্যক্তিগত উ্দ্যোগ ছিল।সেই সব কিছুকে ভুলে যাওয়াটা ইতিহাস,ঐতিহ্যকে অস্বীকার করা,সংগঠিত ছাত্র আন্দোলনের অমর শহীদদের অস্বীকার করা।আশা করি নির্দিষ্ট রাজনীতিকে চ্যাম্পিয়ন করতে গিয়ে মেডিকেল কলেজের এত বড় একটা অধ্যায়কে ভুলে যাবেন না।
             ( ডাঃ সুবর্ণ গোস্বামীর কাছ থেকে তথ্য নিয়ে লেখাটিকে একটু বর্ধিত করলাম। )                       

তথ্য সংগ্রহঃ
১। চীনে ভারতীয় মেডিকেল মিশন-অমলেন্দু দে
২। পিপলস্ রিলিফ কমিটির দ্যুতিময় ইতিবৃত্ত
৩। স্টুডেন্টস্ হেলথ্ হোম(প্রথম দশক)-পশুপতিনাথ চট্টোপাধ্যায়
৪। ভারতীয় উপমহাদেশের ছাত্র আন্দোলন-হীরেন দাশগুপ্ত,হরিনারায়ণ অধিকারী
৫। Medical College &  Hospital, Kolkata Wikipedia

বুধবার, ১৮ জুলাই, ২০১৮

আক্রান্ত মেডিক্যাল কলেজ ~ অনিকেত চ্যাটার্জী

১৮৪ বছরের পুরোনো এশিয়ার প্রাচীনতম মেডিক্যাল কলেজকে নিয়ে চলছে রাজনৈতিক স্বার্থের ছিনিমিনি খেলা।

গত তিনবছর ধরে বারবার আবেদনের পরেও কোনোরকম হোস্টেল কাউন্সেলিং প্রক্রিয়া না করায় মেডিক্যাল কলেজের বর্তমান দ্বিতীয়, তৃতীয়, ও চতুর্থ বর্ষের ছাত্ররা কেউই হোস্টেল পায়নি। জলপাইগুড়ি, মালদা, রায়গঞ্জ, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর প্রভৃতি দূর দূর জেলা থেকে আসা ছাত্ররা তিন বছর ধরে হোস্টেল অ্যাকোমোডেশন পায়নি এবং প্রিন্সিপাল তাদের আবেদনের প্রতি ভ্রূক্ষেপও করেননি। এছাড়াও, শেষ হোস্টেল কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে যে ফাইনাল ইয়ার এবং ফোর্থ ইয়ারের ছাত্রদের একাংশ হোস্টেল পেয়েছিল, সেই মেইন বয়েজ হোস্টেলের পাঁচতলার টেম্পোরারিভাবে বানানো ফলস সিলিং গত কয়েক মাসে চার-পাঁচবার ভেঙে পড়ে গেছে এবং বেশ কিছু ছাত্র আহত হয়েছে।

এখন, কিছুদিন আগে প্রিন্সিপাল উচ্ছল কুমার ভদ্র একটি নোটিশের মাধ্যমে জানান, নতুন যে ১১ তলা হোস্টেল বিল্ডিং তৈরি হয়েছে (যে হোস্টেলে সব ছাত্রদের থাকার যথেষ্ট রুম রয়েছে), সেই হোস্টেলে কেবলমাত্র নতুন ভর্তি হতে আসা ফার্স্ট ইয়ারের ছাত্ররাই জায়গা পাবে—অন্য কেউ নয়। এবং, সেই হোস্টেলের সুপারিন্টেন্ডেন্টের পদ দেওয়া হয়েছে এমবিবিএস পাশ তৃণমূল ছাত্রনেতা পার্থপ্রতিম মণ্ডলকে, যার রাজনৈতিক গুণ্ডামি করার যথেষ্ট ইতিহাস রয়েছে। প্রায় ১০০ এর ওপরে ছাত্র যখন হোস্টেল পায়নি, তখন এমসিআই রেগুলেশনের দোহাই দিয়ে নতুন কলেজে আসতে চলা ফার্স্ট ইয়ারের ছাত্রদের আলাদা করে একটা হোস্টেলে রেখে তৃণমূলের নেতাকে সেই হোস্টেলের সুপার বানানো তৃণমূলের নতুন 'ক্যাডার' বানানোর প্রথম ধাপ বলেই মনে করছি আমরা।

আমরা, মেডিক্যাল কলেজের ছাত্ররা, আমাদের দাবি নিয়ে মেডিক্যাল কলেজের কমন রুমে ব্যাগ-বিছানা-বালিশ নিয়ে অবস্থান শুরু করি। ৫ জুলাই পর্যন্ত প্রায় ৮০ ঘন্টা অবস্থানের পরও প্রিন্সিপাল উদাসীন থাকেন ছাত্রদের দুর্দশার প্রতি — তিনি বলেন "Don't bother me", কখনো বলেন "আমি তোমাদের কোনো দায়িত্ব নেব না", আবার বলেন "তোমাদের ফার্স্ট ইয়ারের ত্রিসীমানাতেও ঘেঁষতে দেব না"! সিনিয়র-জুনিয়র রিলেশনশিপের ঐতিহ্য বহনকারী মেডিক্যাল কলেজে এরকম কথা রাজনৈতিক স্বার্থ ছাড়া বলা যায় না।

এই অবস্থায় আমরা বাধ্য হয়েই গত ৫ জুলাই দুপুর তিনটে থেকে প্রিন্সিপাল রুমের সামনে শান্তিপূর্ণ অবস্থান শুরু করি এবং তাঁকে জানিয়ে দিই, ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি তিনি এভাবে অগ্রাহ্য করতে পারেন না কোনোভাবেই। এরপরেই মেডিক্যাল কলেজ তার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় দেখে।

রাত ৮টার সময় প্রিন্সিপালের নির্দেশে প্রায় ৭০-৮০ জন পুলিশ ও উর্দিছাড়া গুন্ডা কলেজ ক্যাম্পাসে এসে মেডিক্যাল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের ভেতরে ঢোকে এবং শান্তিপূর্ণ অবস্থানরত ছাত্রদের ওপর শুরু করে নির্মম অত্যাচার। একের পর এক চড়-ঘুঁষি-লাথি মারতে থাকে ছাত্রদের, ধাক্কা দিয়ে ফেলে দেয় প্রতিবন্ধী ছাত্রদের, উপস্থিত একজন ছাত্রীকে শ্লীলতাহানি করতেও ছাড়েনি এই চটি-পুলিশের দল। টেনে হিঁচড়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ছাত্রদের, ছুঁড়ে ফেলা হয় তাদের নিজের কলেজ বিল্ডিংয়ের বাইরে। প্রায় ২০ জন মেডিক্যাল পড়ুয়া আহত হন, যাদের মধ্যে ২ জন গুরুতর আহত। এরপর পুলিশ তৃণমূলের দালাল প্রিন্সিপালকে গাড়িতে নিয়ে চলে যায়। ছাত্রদের ন্যায্য দাবিকে পিষে ফেলতে মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে মার খাওয়াতে হলো প্রিন্সিপালকে।

তবে কলেজ ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে দেওয়া প্রিন্সিপালের নোংরা চক্রান্ত মেডিক্যাল কলেজ বাস্তব হতে দেবে না। মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা এখনো লড়ছে— স্বচ্ছ অরাজনৈতিক হোস্টেল কাউন্সেলিংয়ের দাবিতে। অবস্থান চলছে এখনো।

আমাদের বর্তমান দাবি হলো—
১) মেডিক্যাল কলেজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্র সমেত যেসকল ছাত্রেরা হোস্টেল পায়নি তিনবছর ধরে, এবং যারা পুরোনো হোস্টেলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে থাকছে, তাদের স্বচ্ছ ও অরাজনৈতিক হোস্টেল কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়রিটি ও দূরত্বের ক্রমানুসারে কলেজের প্রত্যেকটি হোস্টেল বিল্ডিংয়ে ( উক্ত New Boys' Hostel সহ) হোস্টেল অ্যাকোমোডেশন দিতে হবে।

২) উক্ত New Boys' Hostel এর সুপারিন্টেন্ডেন্ট কোনো তৃণমূলের এমবিবিএস পাস ছাত্রনেতাকে করা যাবে না। অন্যান্য হোস্টেলের মত এমসিআই রেগুলেশন অনুযায়ী কোনো অ্যাসোসিয়েট/অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/হেড অফ দ্য ডিপার্টমেন্টকে ওই হোস্টেলের সুপারের পদ দিতে হবে।

৩) ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ অবস্থানে কলেজ ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে মার খাওয়ানো প্রিন্সিপালকে অবিলম্বে জবাবদিহি করতে হবে এবং পদত্যাগ করতে হবে।

৪) অবিলম্বে কলেজ কাউন্সিল এর মিটিং ডেকে ছাত্রপ্রতিনিধিদের উপস্থিতিতে সমস্ত দাবিদাওয়া নিয়ে সুস্থ আলোচনা করতে হবে।

মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রাপ্য হোস্টেলের ন্যায্য দাবিতে লড়ছে। অবস্থানের ঘন্টা যতো বাড়ছে, কর্তৃপক্ষ‌ের ঔদ্ধত্য যতো বাড়ছে, আন্দোলনের তীব্রতাও ততো বাড়ছে ।এই লড়াই আমরা জিতবোই— কলেজের জন্য, আগামীর ছাত্রছাত্রীদের জন্য, আমাদের জন্য। আমাদের পাশে দাঁড়ান। সাথে দাঁড়ান।


*** অনিকেত চ্যাটার্জী ওপরের ছবি তে অনশনকারী আন্দোলনরত মেডিকেল কলেজের ছাত্র ***

মেডিক্যাল কলেজে ১৭০ ঘন্টা অনশন ছাত্রদের ~ কৌশিক দত্ত

মাননীয় প্রফেসর উচ্ছল কুমার ভদ্র সমীপেষু,

আপনার জন্য ছয় মাস পরে ফেসবুকে ফিরতে বাধ্য হলাম। হয়ত এমবিবিএস পাশ করার প্রায় দুই দশক পরে আরো অনেক কিছুতে ফিরতে বাধ্য করবেন আপনি। শুধুমাত্র রোগীর চিকিৎসা নিয়ে সরলরৈখিক জীবন কাটাচ্ছিলাম। আপনি রাজনৈতিক হতে প্ররোচনা দিলেন। প্রায় হাত ধরে টেনে রাস্তায় নামালেন। 

অবশ্য এভাবে আমাদের পরিচালিত করার, ছাত্রাবস্থার দিনগুলো উজ্জ্বলভাবে মনে করিয়ে দেবার অধিকার আপনার আছে। আপনি আমার শিক্ষক ছিলেন। কিছু প্রশংসা আপনার প্রাপ্য। আমার জীবনে দেখা সবচেয়ে স্মার্ট শিক্ষকদের মধ্যে আপনি অন্যতম, আপনার ফ্যাশন সেন্স উচ্চমানের, ইংরেজি উচ্চারণ ভালো, ক্লাস নেবার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে আপনি সমসাময়িক অনেকের চেয়ে এগিয়ে ছিলেন। অন্য অনেকের ক্লাসে ফাঁকি দিলেও আপনার ক্লাস আমরা করতাম। পরবর্তী সময়ে বিভিন্ন সূত্রে আপনার সম্বন্ধে নানা বিরূপ মন্তব্য শুনে আপনাকে আরো পূর্ণভাবে চিনলেও আপনার ক্লাসগুলো মনে রেখেছি। 

আপনি যখন আমাদের Community Medicine পড়াতেন, তখনো বিষয়টার নাম ছিল "Preventive and Social Medicine", যে নামের মধ্যে বিষয়টির প্রাথমিক দুটি ভাবনার প্রতিফলন ছিল। Prevention এবং social consciousness যে জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে জরুরি, সেটা ছিল প্রাথমিক শিক্ষা। আমাদের শেখালেন, অথচ আপনি নিজে সেই বিষয়ে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিলেন। কলেজের ছাত্রদের অত্যন্ত ন্যায্য একটি দাবিকে আপনি আন্দোলনে পরিণত করলেন এবং দায়িত্ব নিয়ে সেই আন্দোলনকে সুবৃহৎ করে তুলছেন। অথচ অনায়াসে এই সমস্যাকে প্রিভেন্ট করতে পারতেন। কেমন করে? ধাপে ধাপে বলি। দেখুন, ছাত্র হিসেবে ঠিক শিখেছি কিনা। 

প্রথমেই নিয়ম মেনে হস্টেলের সিট অ্যালটমেন্টের কাউন্সেলিং করতে পারতেন এবং সঠিক পদ্ধতিতে হস্টেল সুপারিন্টেনডেন্ট নিয়োগ করতে পারতেন। তাহলে কোনো বিতর্কই হত না। একে বলে "Primordial prevention", অর্থাৎ সমস্যা সৃষ্টি হবার আগেই সুস্থ থাকার চেষ্টা। নাহয়  রাজনৈতিক চাপে গোলমাল করেই ফেলেছেন। ছাত্ররা প্রতিবাদ করামাত্র ভুল স্বীকার করে সংশোধন করতে পারতেন। সেটা হত "Primary prevention", অর্থাৎ রোগের প্রাকশর্ত বা risk factor দেখতে পাওয়ামাত্র ব্যবস্থা নিয়ে রোগটিকে আটকানোর চেষ্টা। সেটাও নাহয় করতে পারলেন না। ছাত্ররা প্রতিবাদ আন্দোলন শুরু করার পর আস্ফালন আর হুমকি থেকে বিরত থাকতে পারতেন, পুলিশ ডেকে না পেটাতে পারতেন। তারা মার খেয়ে অনশনে বসার পরে অন্তত তাদের স্বাস্থ্যহানি বা মৃত্যুর সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে পারতেন। সেটাকে "secondary prevention" বলা যেত, অর্থাৎ অসুস্থ হবার পর সাবধান হওয়া। তাও করলেন না। 

তার ফলে দেখুন অসুখ বেড়ে গেছে। আজ সিনিয়র ডাক্তারদের অনশনে নামিয়েছেন। অন্যান্য পেশার মানুষও এসে সমর্থন জানিয়ে যাচ্ছেন। এতদিনে সংবাদ মাধ্যমও নড়েচড়ে বসেছে। টিভি ক্যামেরা ঘোরাঘুরি করছে কলেজে। সংবাদপত্রের সাংবাদিকের কলম আর এসএলআরএর ফ্ল্যাশ সক্রিয়, দেখতে পাচ্ছি। বিপদ গভীর এখন। কলেজের ছোট প্রতিবাদকে রাজপথে মিছিল করে তুলেছেন, ক্রমশ বড় আন্দোলনে পরিণত করছেন নিজের উদ্যোগে। এখনও আপনার সামনে খোলা "tertiary prevention"-এর রাস্তা। এখনো শুধুমাত্র আইন অনুযায়ী ন্যায্য দাবি মেনে নিয়ে আপনি এড়াতে পারেন বড় মাপের ক্ষতি। এড়াতে পারতেন, কিন্তু আপনি অসুস্থতার অভিনয় করে পলায়নের পথ নিলেন। আপনার শারীরিক পরীক্ষা এবং নর্মাল ইসিজি বলছে, আপনি সুস্থ আছেন। তাতে আমরা খুশি। আপনি সত্যি সত্যি অসুস্থ হলে দুঃখ পেতাম, নাটক করছেন বুঝতে পেরে নিশ্চিন্ত বোধ করছি। 

অথচ যে রাজনৈতিক দলের হয়ে আপনি এসব করছেন, তাঁদেরও কোনো উপকার করছেন না। তাঁরা এখনো সাংগঠনিক শক্তিতে এবং ব্যালটপেপারের গুনতিতে অনেক জায়গায় ভোট জিততে সক্ষম। মেডিক্যাল কলেজে একটি হস্টেল জবরদখল করতে পারার ওপর খুব নির্ভর করে নেই তাঁরা। আপনি যা করছেন, তা নিতান্তুই গোষ্ঠীস্বার্থে। কিন্তু আপনার গোষ্ঠী কোনটা? দল কোনটা? মাল্টিপল চয়েস প্রশ্ন দিলে আপনি নিজেও গুলিয়ে ফেলতে পারেন। 

শুনতে আশ্চর্য লাগলেও সত্যিটা হল, যে ছাত্র সংগঠনটিকে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে আপনি সংগ্রাম চালাচ্ছেন, সেই এমসিডিএসএ দলটিতে আপনিও ছিলেন এককালে। তারপর ছাত্র পরিষদ, আরএসপি এবং সিপিআইএম, কংগ্রেস, ইত্যাদি করেছেন। আপাতত তৃণমূল কংগ্রেসে আশ্রয় নিয়েছেন নিজ স্বীকৃতি মতে। এত দ্রুত গতিতে বদলেছেন নিজেকে যে হিসেব রাখা কঠিন। আগামী দিনে কোনো বিধানসভা নির্বাচনে আপনাকে বিজেপির প্রার্থী হিসেবে দেখলে অবাক হব না। তাই প্রশ্ন জাগছে, আপনি যা করছেন, তা কি সত্যিই দলের স্বার্থে করছেন? নাকি সাবোতাজ?

শোনা যায় প্রাক্তন জমানায় মালদহ এলাকাবাসী বর্তমান শাসক দলের এক নেতাকে অপমান করেছিলেন। পরবর্তীকালে সেই নেতা স্বীয় ক্ষমতাবলে উত্তম এবং মধ্যম প্রতিশোধ নেন। সেই রাগ কি আপনি পুষছেন মনে মনে? তাই কি ছাত্রদের সামান্য এবং আইনসংগত দাবিকে বিরাট গণ আন্দোলনে পরিণত করে রাজ্য সরকারকে চাপে ফেলতে চাইছেন? 

আপনি যাই করুন, আমরা কিন্তু আপনার ক্লাস করেছিলাম স্যার। শিখেছি কিছু কিছু কথা। "Prevention is better than cure" কথাটা আমরা জানি, সব সাধারণ মানুষের মতোই। আমরা জানি, আজ এই অবদমনকে প্রতিহত না করলে ভবিষ্যতে অত্যাচার মাত্রা ছাড়াবে। তাই চিকিৎসক হিসেবে রোগটিকে বাড়তে না দেবার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আপনার বর্তমান দলের উপর মহলেও যদি সচেতনক কেউ থাকেন, তবে তাঁরাও বুঝবেন, আপনাকে এবং আপনার রাজনৈতিক আশ্রয়দাতাকে এখনি না থামালে অচিরেই আপনারা দলটির বড় ক্ষতি করবেন। নিজেদের স্বার্থ রক্ষার্থে তাঁরা আপনাদের অসদাচরণে রাশ টানবেন কিনা, তা তাঁরা বুঝবেন। কিন্তু আমরা আপনাদের কাছে পাওয়া শিক্ষাকে ব্যর্থ হতে দেব না। 

অপকর্ম করারও একটা আর্ট আছে। আপনি সেই শিল্পটুকুও রাখেননি, বড়ই মোটা দাগের আচরণ করেছেন এবার। এতদিন ভাবছিলাম, আপনার মতো smart মানুষ, এত crude হয়ে গেলেন কী করে। আজ দেখলাম, আপনি এখনো স্মার্ট। আপনি জানতেন, এবার পিছনো ছাড়া গতি নেই, অথচ ইতোমধ্যে দেওয়ালে ঠেকে আছে আপনার পিঠ। তাই রোনালদো-নেইমারোচিত অভিনয়ে পালালেন। আটজন অনশনরত সদ্য-তরুণকে গুরুতর অসুস্থতার মুখে ফেলে রেখে আপনি বাড়ি চলে গেলেন গাড়ি চড়ে। এবার অন্য কেউ "acting principal" হবেন "actor principal"-এর বদলে। তিনি মেনে নেবেন ছাত্রদের দাবি। আপনি হাত তুলে রেফারিকে বলবেন, "আমি কিছু করিনি। আমাকে ফ্রি কিক দাও।" পাবেন কি ফ্রি কিক? সত্যি কি পালানোর রাস্তা আছে আপনার? আছে কোনো লুকনোর জায়গা? হাজার চোখ আপনাকে দেখছে স্যার। 

মেডিক্যাল কলেজে র‍্যাগিং হয় না। গত পঞ্চাশ বছরে কেউ র‍্যাগিং দেখেনি। আমরা এই কলেজে পড়তে এসে সিনিয়রদের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। সেই ট্র‍্যাডিশনে আমাদের ছোট ভাই-বোনেদের আমরা ভালবাসি। অনশনরত একজন ছাত্রেরও যদি কোনো গুরুতর ক্ষতি হয়, তবে সেই ভালবাসার আঁচ আপনি অনুভব করবেন। 

অথচ এখনো একটা শেষ সুযোগ ছিল স্যার। অন্যায়ের সিংহাসন থেকে নেমে এসে এই ভালবাসার ফরাসে আমাদের সাথে, আমাদের ছোট ভাইদের পাশে আপনিও বসতে পারতেন একবার। ভুল স্বীকার করে নিয়ে শুদ্ধ হতেন আর গর্বিত অনুভব করতেন এই কলেজের প্রাক্তনি হিসেবে, যেমন অনুভব করছি আমরা। নিজেকে আরো একবার বঞ্চিত করলেন আপনি। আপনার দ্রুত আরোগ্য কামনা করি। শরীর আরো সতেজ হোক আর মন সেরে উঠুক।


সোমবার, ৯ জুলাই, ২০১৮

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও স্বাধিকার ~ আর্কাদি গাইদার

৮বির মোড়ে যে সিগারেটের দোকান আছে, সেখানকার সিগারেট বিক্রেতা একবার আমায় বুঝিয়েছিলেন যে সিগারেট বিক্রি করাটাও আসলে একধরনের স্কিলড লেবার। যেটা অধিকাংশ লোকই পারে না।
'এই যেমন আপনি লুজ সিগারেট নেবেন। দোকানদার কি করবে? প্যাকেটের থেকে একটা সিগারেট দু আঙুল দিয়ে টেনে বার করে আপনাকে দেবে। প্যাকেটের ওপরের দিকে থাকে সিগারেটের ফিল্টারের দিকটা। ওই জায়গাটায় আঙুল দিয়ে ধরে বার করবে। আর সেটাই আপনি মুখে দেবেন। ওই ফিল্টারটা তো নোংরা হয়ে গেলো। আসল কায়দাটা কেউ জানেই না। প্যাকেটের এক সাইড হাতের চেটোয় হাল্কা করে মারতে হয়। তখন কয়েকটা সিগারেট লুজ হয়ে একটু বেরিয়ে আসবে। তখন সিগারেটের শরীরটা আলতো করে ধরে টেনে বার করে দিতে হবে। ফিল্টারে আঙুল লাগানো চলবে না।'
প্রচ্ছন্ন আত্মতুষ্টি নিয়ে বলেছিলেন তিনি।

যারা সিগারেট কেনে তারা কি এত ভাবে? আদৌ জানে যে লুজ সিগারেট বিক্রি করতে গেলে প্যাকেট থেকে সিগারেট বার করবারও আলাদা কায়দা থাকে? জানবার প্রয়োজন আছে কি? কিন্তু তবুও এই দোকানদারের কাছে এই কায়দাটা প্রয়োজনীয়। নিজের জন্যে। তাকে কেউ জোর করে না। সে নিজে তাড়িত হয়ে করছে। নিজেই নিজেকে বাধ্য করছে। Watchmen গ্রাফিক নভেলে Rorschach যেমন বলেছিলো - We do not do it because it is expected, or allowed. We do it because we are compelled.'

যেমন তাড়িত হয়ে অনশনে বসেছে যাদবপুরের ছাত্রছাত্রীরা। এডমিশন প্রক্রিয়া পালটালে কিন্তু তাদের ব্যাক্তিগতভাবে কিছু আসবে যাবে না। তাদের তো এডমিশন হয়েই গেছে। তবুও তারা না খেয়ে বসে আছে। কেন? কারন বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের প্রশ্ন এবং ভর্তি প্রক্রিয়াকে তারা আপন মনে করতে তাড়িত হয়েছে।

আচ্ছা ঠিক কতটা তাড়না থাকলে ৬৬ ঘন্টারও বেশি না খেয়ে থাকা যায়? এর জন্যে কোনটা বেশি লাগে - পেটের জোর না শিরদাঁড়ার জোর? দেখেছি সুস্থ শরীরে একবেলা না খেলেই গা গোলায়। আচ্ছা তার থেকেও বেশি কি গা গোলায় না যখন একদা লোকসভার এবং রাজ্যসভার সাংসদ বলেন যে সরকার আর পদ যাওয়ার পরেই তিনি বিশেষ রাজনীতিতে আস্থা হারিয়েছেন এবং তাই তিনি আপাতত জিমন্যাস্টিক্সের খেলা দেখিয়ে এদিক ওদিক লাফালাফি করছেন? আচ্ছা জিমন্যাস্টিক্সের খেলা আর ডুগডুগির বাজনার সাথে বাদর নাচবার মধ্যে গুণগত ফারাক কি?

মইনুল হাসান, ঋতব্রতরা চকচকে তারা। তাদের দিকে সোমশ্রীরা তাকিয়ে থাকে, তাদের জন্যে পতাকা লাগায়, লোক জড়ো করে। তারা এসে গরম গরম কথা বলে। এরপর তারা হঠাত একদিন তাড়না বোধ করে তৃণমুলে চলে যাওয়ার। আর সোমশ্রীরা তাড়িত হয় ৪০ ঘন্টা অনশন করে অসুস্থ হাসপাতালে চলে যাওয়ার।

প্যাকেট একটাই। কোন সিগারেটটা কিরকমভাবে বেছে বার করা হবে, সেটাই আসল। কতজনই বা তফাত বোঝে। তাও, পার্থক্যটা রয়েই যায়। আর কেউ না জানুক, ওই সিগারেট বিক্রেতা তো জানে।

সোভিয়েত ~ অর্ক ভাদুরী


আমাদের ছোটবেলা জুড়ে ছিল দু'টি অলৌকিক প্লেন, যারা ঠোঁটে মৃত্যুপরোয়ানা ঝুলিয়ে উড়ে গিয়েছিল ওয়র্ল্ড ট্রেড সেন্টারের দিকে। ঘুমভাঙা কৈশোরে আমরা দেখেছিলাম অতিকায় বাড়ির পেট থেকে গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া, মৃত্যু আর আগুন। তারপরই শুরু হয়েছিল যুদ্ধ। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। ডিনারটেবিলে বাবা-মায়ের সঙ্গে বসে আমরা দেখতাম জলপাই পোশাক আর ট্যাঙ্ক। দেখতাম, আফগানিস্তান গুঁড়িয়ে যাচ্ছে, তালিবান গুঁড়িয়ে যাচ্ছে, আমেরিকা আর আমেরিকার বন্ধু নর্দান অ্যালায়েন্স জিতছে। শুনতাম মোল্লা ওমর নাকি মারা গিয়েছেন। লাদেনকে পাওয়া যাচ্ছে না। আরেকটু বড় হওয়ার পর দেখলাম মাটির নীচ থেকে টেনে বের করা হচ্ছে সাদ্দাম হুসেনকে, লোকটার একমুখ দাড়ি। আমরা দেখলাম দেশে দেশে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করছে মানুষ। কাগজে পড়লাম সেই মিছিল চিৎকার করছে— ওয়ান টু থ্রি ফোর, স্টপ ইয়োর স্টুপিড ওয়র!

আমরা সোভিয়েত দেখিনি, পূর্ব ইউরোপ দেখিনি। তেভাগা, তেলেঙ্গানা, নকশালবাড়ি, আইপিটিএ, দেশভাগ, ইউসিআরসি— কিচ্ছু দেখিনি। আমরাই প্রথম প্রজন্ম, যাদের ছোটবেলা ছিল বার্বিডলের মতো সুখী, রাংতার মতো ঝকমকে। আমরাই সেই প্রজন্ম, যাদের কাছে বিপ্লব মানে খিল্লি, কারণ ইতিহাস মৃত। স্কুলে পড়ার সময় আমরা শুনেছিলাম, বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট আর পুঁজিবাদের বিকল্প পুঁজিবাদ স্বয়ং। শুনেছিলাম, সময় নেই, যা করার করে ফেলতে হবে এখনই। শুনেছিলাম— ডু ইট নাউ। আমাদের বলা হয়েছিল দেওয়াল থেকে শিখতে হবে, দেওয়াল থেকে জানতে হবে। বলা হয়েছিল, দেওয়ালে পিঠ ঠেকার আগে দেওয়াল জুড়ে লিখতে হবে। আমরা লিখেছিলাম— বামফ্রন্ট সরকার, উন্নয়নের হাতিয়ার। আমরা প্রশ্ন করিনি, জানতে চাইনি, ঠিক কবে থেকে, কেন, কীভাবে বামফ্রন্ট সরকার সংগ্রামের হাতিয়ার থেকে উন্নয়নের হাতিয়ারে পরিণত হল! কারা করল এমন? বড় হওয়ার পর আমরা দেখলাম নন্দীগ্রাম। দেখলাম, রাধারাণি আড়ি। দেখলাম, ঝর্ণা মাণ্ডি। আর দেখলাম, কৃষকের অধিকারের কথা বলা মিছিল গিয়ে মিশছে একুশ শতকের নব কংগ্রেসিদের রামধনু জোটে। 

আমরা কোনও কিছুকেই প্রশ্ন করিনি। আমরা জানতে চাইনি এনকেভিডি আর চেকা বিপ্লবের অংশ ছিল কী না! আমাদের প্রশ্ন করার প্রয়োজন পড়েনি, কারণ আমরা জানতাম ভাল করে জয়েন্ট দিতে হবে। তারপরেই প্লেসমেন্ট। এমএনসি আমাকে নিয়ে যাবে সব পেয়েছির দেশে। আমরা জেমস বন্ড দেখতাম। আমরা জানতাম দুনিয়ার কোথাও কমিউনিস্টরা নেই। কমিউনিস্টরা শেষ হয়ে গেছে। ইতিহাস শেষ হয়ে গেছে। আমাদের সদ্য শেখা আঁতলামিতে তা দিয়েছিলেন ফুকুয়ামা। আমরাই সেই প্রজন্ম, যাদের কোনও বিস্ময়বোধ নেই। আমরা অবাক হতাম না, কারণ গোটা দুনিয়াটাই একটা গ্রাম। আমরা জানতাম ইন্টারনেট জানে না এমন কিচ্ছুটি নেই। আমরা কনফিডেন্ট, কারণ পৃথিবীটা এগিয়ে গিয়েছে। লেনিনের মূর্তির গলায় দড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামানো হয়েছে নীচে। সিনেমায় দেখেছিলাম, অতিকায় লেনিনমুণ্ড ভাসতে ভাসতে মিশে যাচ্ছে আশমানি মেঘে।

লেনিন যেখানে দাঁড়িয়ে থাকেন, তার ঠিক উল্টোদিকেই একটা বিপজ্জনক বাড়ি। একপাশে অশোকা বার, অন্যপাশে বন্দুকের দোকান। লেনিনের কোট সারাক্ষণ হাওয়ায় ওড়ে। হাওয়া না থাকলেও ওড়ে। লেনিনকে উড়তেই হয়। দিনভর তাঁর পায়ের নীচে বসে থাকে প্রেমিকপ্রেমিকা, আপিসমানুষ। লেনিন দেখেন কাপের পর কাপ লাল চা বিক্রি হচ্ছে, লেবুজল বিক্রি হচ্ছে, আদর আর স্বপ্ন বিক্রি হচ্ছে। ট্রামগুমটির রাস্তা পেরিয়ে এল বৃদ্ধ ট্রাম। 'অফিস যাচ্ছি' বলে বেরিয়ে পড়া বেকার যুবক বিড়ি কেনে। কাঁধভর্তি ধার নিয়ে বসে থাকে একা, চুপচাপ। লেনিন দেখেন, অ্যাডিডাস লেখা টি-শার্ট বিক্রি করছে খিদিরপুরের আমিনুল, ষাট টাকা পার পিস। লেনিন দেখছেন, আকাশে এখন মেঘ, বৃষ্টিবিকেল। রাত সাড়ে ন'টায় লেনিনকে সাক্ষী রেখে ডোরিনা ক্রসিংয়ে এসে দাঁড়ান তিন বয়স্কা যৌনকর্মী। তাঁদের খদ্দের জোটে না বহুদিন। রাত বাড়লে লেনিন মাঝেমাঝে ডানদিকে তাকান— আলোয় আলোয় ঝলমল করছে পার্ক স্ট্রিট। ট্রিঙ্কাসের সামনে আলগোছে হাই তুলছেন বিষন্ন পুলিশকর্মী। কয়েকটা বাইক ছুটে গেল, চিৎকার। লেনিন দেখছেন, ছেলেমেয়েদের সাহসী পোশাক। লেনিন দেখছেন কলকাতা শহরের কামনামদির লিঙ্গের মতো আকাশ ফুঁড়ে উঠছে পুরুষালী ফর্টি টু। লেনিন দেখছেন ম্লানমুখ শহীদ মিনার।

আমাদের আইডল আর তাদের বান্ধবীরা জয়েন্টের প্রস্তুতি নিত পাথফাইন্ডারে। তাদের কলেজ ছিল যাদবপুর, শিবপুর, আইআইটি। নিদেনপক্ষে ফিউচার, গুরু নানক বা জলপাইগুড়ি। কয়েকবছরের মধ্যেই অনেকে চেপে বসত বিদেশগামী প্লেনে, পুজোয় গিফট দিত বিদেশী পুলওভার। আমরা জানতাম উন্নয়ন হচ্ছে, শিল্প আসছে, কেটে যাচ্ছে স্থবিরতা। এটা সেই সময় যখন উষা কারখানার কঙ্কাল ঢাকা পড়ছে সাউথ সিটির আদুরে ঠান্ডায়। আমরা সিনেমা দেখতে যেতে শুরু করলাম মাল্টিপ্লেক্সে। বাড়িতে এসি বসল। আমরা পপকর্ন কিনতাম, খবরকাগজ পড়তাম, বিশ্বাস করতাম— ইয়ে দিল মাঙ্গে মোর। আমরা শিখে নিয়েছিলাম ধর্মঘট খারাপ, কারণ স্ট্রাইক হলে উন্নয়ন থেমে যায়। বন্ধ্যা বনধ্— কী স্মার্ট শব্দবন্ধ, তাই না?

গরমকালের রাত্তিরে আচমকা কারেন্ট চলে গেলে বড্ড দমবন্ধ লাগে। হাওয়া ঢোকে না, কারণ জানলা বন্ধ— এসি চলছিল। ফ্যান ঘুরছে না, এসি বন্ধ, অন্ধকার। ঘাম হচ্ছে। ভাল করে ঘুম ভাঙার আগেই বমি পায়। দুর্গন্ধ। ঠাকুমার মৃত্যুর দিন তুমুল বৃষ্টি হয়েছিল, সেই সঙ্গে এতোলবেতোল হাওয়া। ইলেকট্রিক চুল্লি কাজ করেনি। ঠাকুমাকে পোড়ানো হয়েছিল কাঠে। মাথা ফাটার শব্দের মতো এই রাত। পোড়া মাংসের গন্ধের মতো। জানলা খুলতে গিয়ে ছিটকিনি পাওয়া যায় না প্রথমে। রাস্তার আলো জ্বলছ না। জলের বোতল নেই। যতটা সাজাতে পারব ভেবেছিলাম, আদৌ সেভাবে সাজবে জীবন? তোমাকে পাব? পরের প্রোজেক্টটায় নেবে তো আমাকে?

দাদার প্লেনে ওঠার আগের দিন বাড়িতে মাংস হয়েছিল। রবিবার সকালে বাবার বন্ধুরা আসত, সেদিন তাদের না করে দিয়েছিল বাবা। আমাদের বংশে এর আগে বিদেশযত্রা বলতে ঠাকুর্দার। ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে ষাট সালে না কবে যেন রাশিয়া গিয়েছিল। সেই গল্প শুনে শুনে আমরা বড় হলাম। খুব কিছু আনতে পারেনি— লেনিনের ছবিওয়ালা ব্যাজ, ঠাকুমার জন্য একটা লাল স্কার্ফ আর সোভিয়েত ইউনিয়নের একটা পতাকা। সেগুলোর কথা উঠলেই আমার মনে পড়ে ন্যাপথলিন। আচ্ছা, ন্যাপথলিনের গন্ধ কি বিশ্বায়নবিরোধী নয়?

পিঙ্ক স্লিপ কাকে বলে আমরা জানতাম না। আমরা মানে আমি, বাবা আর মা। বাবার বন্ধুরাও জানত না। হারহারামি এলসিএস'ও না। দাদা কি জানত? জানি না। জানলেও কিছু বলেনি কখনও। যে ছেলেটা এত ভাল চাকরি পেল, বিদেশ গেল, বিয়ে করল, সে একটা গোলাপী স্লিপের জন্য আত্মহত্যা করবে কেন, বুঝিনি। যেমন বুঝিনি গাছগাম্বাট কমিউনিস্টরা ভোগে যাওয়ার পর রাশিয়ায় বেশ্যাবৃত্তি কেন বাড়বে! কেন মানুষ আবার খুনি স্ট্যালিনের ছবি হাতে মিছিল করে, কেন ভোট বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় জুগানভের পার্টি, কেন নীনা আন্দ্রিয়েভাকে কথা বলতে দেওয়া হয় না! তখনও বুঝিনি কাকে বলে রিসেশন!  আমরা বুঝিনি কেন ওয়াল স্ট্রিটে রাত জাগছিল ছেলেমেয়েরা, বুঝিনি কীভাবে ফিলিপিন্সের অর্ধেকটা দখল করে নিল গেরিলারা! বুঝিনি, কৌমচেতনা কেন বার বার পেড়ে ফেলে আমাদের! আমরা বুঝিনি, কিন্তু অনুভব করছিলাম। আমাদের রক্তমাংসে ঢুকে যাওয়া অতীত আমাদের প্রশ্ন করতে শেখাচ্ছিল। আমরা মারুতির মানেসর কারখানার দিকে দেখছিলাম, খাম্মাম আর মেদিনীপুরের কৃষকের দিকে দেখছিলাম, রাজস্থানের খেতমজুরদের দিকে দেখছিলাম। আমরা তাকিয়ে ছিলাম ফরাসী মুলুকের ধর্মঘটের দিকে, নেপালের মুক্তি সংগ্রামের ওঠাপড়ার দিকে, বেলজিয়ামের শ্রমিক-কৃষক-ছাত্রের মহামিছিলের দিকে। তাকিয়ে ছিলাম দক্ষিণ আমেরিকার দিকে। আমরা বুঝে নিচ্ছিলাম, ইতিহাস কখনও মরে না। মাঝেমধ্যে থমকে দাঁড়ায় মাত্র।

'আমিও আসলে ঘর খুঁজে যাই

খুঁজছ তুমিও, পাচ্ছি টের

যদি পেয়ে যাই আমরা দু'জন

ঘর যেন হয় সক্কলের'

আমি তোমাকে ভালবাসি। তোমার শরীরে শরীর মিশিয়ে আমি পেরিয়ে যাব এই কালসভ্যতার মর্গসন্ধ্যা। তোমার নাভিতে জিভ দিয়ে আমি লিখে দেব পূর্বপুরুষের নাম। তোমার স্তনে দাঁত দিয়ে খোদাই করে দেব বিশ্বাস। তুমিও, তুমিও আমার বুকে-পিঠে-উরুসন্ধিতে-গলায় সাপের মতো, গেরিলার মতো, স্বপ্নদ্রষ্টার মতো লিখে দেবে অনাগত সুদিনের ছবি। তুমি দেখো, তুমি দেখো, ওরা আমাদের শৈশব, কৈশোর লুট করে নিয়ে যাচ্ছে। আমাদের বাবা মা দাদু দিদিমাকে লুট করে নিয়ে যাচ্ছে। আমরা অতীতভ্রষ্ট, অন্ধ, কঙ্কালসার হয়ে পড়ে আছি। ওরা যা কিনতে বলছে, কিনছি। যা করতে বলছে, মুখ বুজে করে যাচ্ছি ঠিক তাই। আমার দমবন্ধ হয়ে আসছে, আমার বমি পাচ্ছে, আমার শিরা উপশিরায় বয়ে যাওয়া রক্ত ঘেন্না করতে বলছে নিজেকে। এ আমি কোথায় এলাম, ভালবাসা! আমার শীত করছে, আমার ভয় করছে! হেরে যাওয়ার ভয়, ছাঁটাই হওয়ার ভয়, ইএমআই দিতে না পারার ভয়। পূর্বপুরুষেরা আমাকে টিটকিরি দেন। তাঁদের গলায় বুলেটের দাগ, শ্রীকাকুলাম। তাঁদের মুখ থ্যাৎলানো, উনষাট সাল। তাঁদের শরীরে কয়েদিপোশাক, বিয়াল্লিশ। তাঁদের বুকের চামড়ায় তপ্ত লৌহশলাকা ঢুকিয়ে রক্ত আর গলা মাংসে খোদাই করে দেওয়া হয়েছে কিছু হরফ, বরানগর। আমি পারছি না। আমি পারছি না। আমি আপ্রাণ ভুলতে চেষ্টা করছি, পারছি না। আমি পারব না। আমি মরে যাব। তুমি আমাকে আদর করো, আমাকে চুমু খাও, চেটে দাও সর্বাঙ্গ আমার। আমার শরীর থেকে মুছে দাও একমেরু শৈত্য এবার।

আমি দেখতে পাচ্ছি প্রিয়তমা, বলশোই থিয়েটারে সন্ধের শো ভাঙছে। রাস্তা আলো করে বাড়ি ফিরছে মলিন পোশাক পরা হাসিখুশি মানুষের দল। কমসোমলের ছেলেমেয়ে একে অন্যের দিকে তাকাচ্ছে ঠারেঠোরে। আমি দেখতে পাচ্ছি পেট্রোগ্রাডের রাস্তায় ফেস্টুন আর ফেস্টুন। এনকেভিডি নেই, চেকা নেই, কেজিবি নেই। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্যিই নেই আর। আমাকে ভদকা এগিয়ে দিচ্ছেন পুতিলভ কারখানার শ্রমিক, আমার পাশে পাশে হেঁটে চলেছে পাভেল ভ্লাসভ, পাভেল কোরচাগিন। বরফ পড়ছে, শীত করছে, আমাকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। আমার জন্য অপেক্ষা করছেন পেলাগেয়া নিলভনা। তাঁর হাতে বাইবেল। সন্ধ্যাপ্রদীপের কসম, জান, আমি তোমাকে ভালবাসি, সকালের আজানের কসম। বরফ বাড়ল। শীত করছে। রাত বাড়লে সাশা আর আন্দ্রেই আসবে। আসবে জয়া, শুরা, ইভান, একপেয়ে আলেক্সিই মেরেসিয়েভ। শ্রমিক আর সৈনিকদের সোভিয়েতের দফতরে হেঁটে যাচ্ছি আমি। আমার হাত ধরো। আমি ইউসিআরসি করা বাড়ির ছেলে, আমি কলোনির সন্তান, এই যৌথযাপনে আমার হক আছে। সোভিয়েতে হক আছে আমার।

শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

যাদবপুর এবং প্রবেশিকা ~ সৌরিত ভট্টাচার্য্য

আবার বড়ো লেখা। তবে কথাগুলো বলা দরকার ছিল 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ও কাউন্সিলের স্কুলগুলোতে ইংরেজি পড়ানো নিয়ে এই লেখা। যারা পর্ষদে/কাউন্সিলে পড়েছেন তারা বিষয়টা ভালো বুঝবেন। আর আপনি যদি আমার মতো কলকাতা থেকে অনেক দূরে কোনো একটি ছোট শহরে বা গ্রামের পর্ষদভুক্ত স্কুলে পরে থাকেন তাহলে আরো ভালো বুঝবেন। আমি সকলের কথা লিখছিনা। আমার কথা লিখছি। আমি পড়েছি এমন একটা সময়ে যখন পঞ্চম শ্রেণীতে না উঠলে ইংরেজি পড়া যেতনা। সিপিএমের দূরদর্শিতা আর র্পারদর্শিতা দুয়ের কারণেই আমরা প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ইংরেজি পড়িনি। আলিপুরদুয়ারের ভালো বাংলা মিডিয়াম স্কুল, ম্যাকউইলিয়াম হাইয়ার সেকেন্ডারি স্কুলের পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষার কিছু দিন আগে তরিহোরি করে ইংরেজি আলফাবেট গুলো সঠিক ক্রমে শেখানো হয়েছিল আর একটা গরুর রচনা মুখস্থ করানো হয়েছিল। যদ্দুর মনে পরে ওই গরুর রচনাটাই পরীক্ষায় এসেছিলো। তারপর পঞ্চম শ্রেণীতে অ্যানুয়াল পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল ছোট হাতের ও বড়ো হাতের ইংরেজি আলফাবেট সঠিক ক্রমে লিখতে এবং এরোমি আরো কিছু লিখতে যাতে সব মিলিয়ে আমি ১০০ তে ৯০ পেয়ে বাড়ির সকলকে চমকে দিয়েছিলাম। বলে রাখি এটা আমি ১৯৯৫ থেকে ২০০৩ সালের কথা বলছি। এখনো পরিষ্কার মনে আছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমাদের জিজ্ঞেস করা হতো সেন্টেন্স কাকে বলে, ভার্ব কাকে বলে, নাউন কাকে বলে ইত্যাদি। মানে, পরিষ্কার সংজ্ঞা দাও। ইংরেজিতে। বইতে এমন বাজে ভাবে সংজ্ঞা লেখা থাকতো, আর যেহেতু বাড়িতে দেখানোরও কেউ ছিলোনা, শিখতেও ইচ্ছে করতো না. এই সংজ্ঞাগুলো স্কুলে বলতে পারলে ভালো, না পারলে হাতে একটা করে বেতের বাড়ি। চিন্তা করে গা কাঁপতো। তাও সংজ্ঞা মুখস্ত হতো না. অনেক সময় বাংলায় বলে দিতাম, তাতেও পার পেতাম না. এরপর ইংরেজিতে নম্বর কমতে কমতে অষ্টম শ্রেণীতে প্রায় ফেইল করে যাই. খুব কঠিন প্রশ্ন তৈরী করা হয়েছিল. বলেই দেয়া হয়েছিল প্রশ্ন কঠিন হবে. তাই ওরাল ও অন্যান্যতে প্রচুর মার্ক্স্ দেয়া হয়েছিল। অ্যানুয়াল পরীক্ষায় ৬০ এ ১২ পেয়েছিলাম। এরপর বাবা একজনের কাছে প্রাইভেট টিউশন পড়তে পাঠালেন. তিনি পরবর্তী চার বছর গ্রামারের দিকটা অনেক শিখিয়েছিলেন। তবে তাও অনেক ভুলভ্রান্তি রয়ে গ্যাছে. এখনো লিখতে ভুল হয়। হয়তো সারাজীবনই হবে. 

আমার সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে যা ইংরেজি পড়ানো হতো তা হলো মূলত এই গ্রামার আর প্র্যাক্টিক্যাল ইংলিশ। এই যেমন ছুটির দরখাস্ত। বিভিন্ন চাকরির পরীক্ষার দরখাস্ত। প্রেসি, রচনা ইত্যাদি। এগুলো কোনোটাই খারাপ নয় তবে কোনোটার প্রতিই স্বাভাবিক ভাবে ভালোবাসা আসেনা। কারণ ওই নম্র বয়সে ভালোবাসা থাকে অনেক বেশি সাহিত্যের সূক্ষ অনুভবের প্রতি বা বিজ্ঞানের চমৎকার উদ্ধাবনের প্রতি। টেকনিক্যালিটিস এর প্রতি ভালোবাসা তৈরী হতে সময় লাগে। আর এই ব্যাপারটাই মধ্যশিক্ষা পর্ষদ গা করেনি। আমাদের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে সাহিত্য ছিল কিছু কবিতা আর কিছু গদ্য আর একটা নাটকের অংশবিশেষ। উচ্চমাধ্যমিকেরটা  মনে আছে তাই বলছি। গদ্যে ছিল কতগুলো রসকষহীন প্রবন্ধর অংশবিশেষ যা এমন কিছু লোকজন লিখেছেন যাদের পরবর্তী পনেরো বছরের সাহিত্যচর্চার জীবনে আর কোনোদিনই বিশেষ ভাবে পাইনি। এ জি গার্ডিনারের 'অন লেটার রাইটিং, লুই ফিশারের 'মাই উইক উইথ গান্ধী',  জ্যাকব ব্রনোওস্কির 'টেকনোলজি  ফর মানকাইন্ড' ইত্যাদি। যাদের পেয়েছি ও যারা একটি বিশেষ সময়ের মেজর ইংরেজি গদ্যকার যেমন ডিকেন্স, হার্ডি, এলিয়ট, ব্রন্টে সিস্টার্স, অরওয়েল, ইত্যাদি সিলেবাসে তাদের কেও নেই. আমি বলছিনা এদের সবাইকে পড়াতে হবে. অন্তত, আমাদের এই নামগুলোর সাথে পরিচিত করে দিন যাতে স্নাতকস্তরের পড়াশোনায় হোঁচট খেয়ে না যাই. যে পাঠ্যবই থেকে এসব পড়তে হতো তাতে কিছু উপরুল্লিখিত লেখকের লেখা ছিল..সেগুলো কোনোদিন পড়তে অনুপ্রাণিত করা হতোনা। যতটুকু দরকার ততটুকুই। প্রশ্ন উত্তর দাও. নম্বর পাও. এগোও। 

এই জ্ঞান নিয়ে আমরা মধ্যে কেউ কেউ আসতাম কলকাতায় যাদবপুর, প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স এর প্রবেশিকা পরীক্ষা দিতে যেখানে জিজ্ঞেস করা হয় সাহিত্য কি, বিজ্ঞাপন কি সাহিত্যের অংশ, জন ডান কে, মিল্টন এর এরপজিটিকা নিয়ে লেখো, দুর্গেশনন্দিনী নিয়ে লেখো, মকবুল সিনেমা নিয়ে লেখো, ইত্যাদি। খুবই চমৎকার লাগে ভাবতে যে কত কিছু সাহিত্যের অংশ. তবে স্কুলের এইটুকু স্টক নিয়ে ছাত্রছাত্রীরা কোথা থেকে এগুলো নিয়ে লিখবে? কেউ যদি নিজে থেকে পড়াশোনা করে থাকে সে কিছুটা জানবে। তবে ছোট শহরে বা গ্রামে নিজে থেকে পড়াশোনায় বা করবে কি করে? তার জন্য বই পত্র কিনতে হবে, অন্যরকমের গান শুনতে হবে, সিনেমা দেখতে হবে, পারলে বছরে একবার কলকাতা যেতে হবে. কে নিয়ে আসবে। বাবাদের জেনারেশন যারা দেশভাগের পর ওপর বাংলা থেকে এপার বাংলায় এসেছে তারা নিজের জীবন দাঁড় করাতেই সময় গোটা সময়টা বেরিয়ে গ্যাছে। উনাদের দীর্ঘ সময় লেগেছে এটা বুঝতে যে তাদের নিজের বাড়ি এখন আর নিজের নেই. নতুন জায়গা। নতুন ঘর. পরিবার ছেড়াবেড়া। এখন শুধু নিজেদের বাঁচানো আর টিকে থাকার লড়াই। তাই তাদেরকে দোষারোপ করে লাভ নেই. তাদের থেকেই কেউ কেউ আশেপাশের স্কুলে শিক্ষক শিক্ষিকা হয়েছেন ফলে তারাও নিজের কাজটুকু করিয়ে দিয়েই সমাপ্তি টেনেছেন. আর স্কুলে যদি বাংলা মিডিয়াম হয় তাহলে ছাত্র ছাত্রীকে গোটা স্কুল জীবনে ইংরেজি গ্রামার শেখাতে গিয়েই হিমশিম খেতে হয়েছে. আর ইংরেজি মিডিয়াম এ পড়ার মতো অধিকাংশেরই পয়সা ছিলোনা। ইন ফ্যাক্ট, কিছু জায়গায় তো ইংরেজি মিডিয়ামই ছিল না. আলিপুরদুয়ার শহরে আমার সময় মোটের ওপর একটি নামকরা ইংরেজি মিডিয়াম স্কুল ছিল. তবে তাদের ছাত্রছাত্রীদের সমস্যা হতে যে তাদের প্রাইভেট টিউশন পড়াবে কারা? তাই অনেকেই ইংরেজি মিডিয়াম থেকে বাংলা মিডিয়াম এ চলে আসতো। আবার অনেক সময় পয়সা ঠেকলেও অনেকে সিপিএম আইডিওলজির জন্য নিজের ছেলে মেয়েদের বাংলা মিডিয়াম এ ভর্তি করাতেন না। আমার জেনারেশনটা এইরকম কিছু 'ঐতিহাসিক' ভুলের শিকার। আমার পরের জেনারেশন এ পর্ষদে/কাউন্সিলে শুনেছি অনেক নম্বর ওঠে. তবে বিভিন্ন সময়ে অনেকের সাথে কথা বলে বুঝেছি সমস্যাগুলো একই রয়ে গ্যাছে। এখনো সেই কয়েকটা গদ্য কবিতা সংক্ষিপ্ত উত্তর ইত্যাদি। অনেক জায়গাতেই সার্বিকভাবে কোনো অনুপ্রেরণা নেই. কোনো গাইডেন্স নেই. এই রকম ইংরেজি (সাহিত্য) শেখানোর পর যখন সেই ছাত্র বা ছাত্রীটি স্নাতকস্তরে পড়তে আসবে আর প্রবেশিকা পরীক্ষায় ধাক্কা খাবে অথবা পরে কোনো এক কলেজে  ভর্তি হয়ে ইংরেজি সাহিত্যের ইতিহাস, কবিতা, গদ্য, নাটক পুরোপুরিভাবে পরে উত্তর লিখবে ও হোঁচট খাবে, সে ও তো সকলের মতো ভয় পাবে। ভাববে আমি এতগুলো মার্ক্স্ পেয়েও কিছুই জানিনা। আমায় সকলে বললো আমি কত ভালো, আমি ১০০ তে ৯০, ৯৫ এমনকি ৯৯ পেয়েছি। অথচ এখন ৫৫-৬০ তুলতে পারছিনা। মা বাবা পাড়া প্রতিবেশী বলছে আমি কলেজে উঠে বাজে সঙ্গে তলিয়ে গ্যাছি. এই রকম একটি চরম দৈনন্দিন মানসিক ক্রাইসিস এর সাথে যুক্ত করুন বিশ্ববিদ্যালয় গুলোর পরীক্ষায় বড়ো প্রশ্নের আধিপত্য, নোট পড়া, টিউশন পড়া, মার্ক্স্ না ওঠা, আর শেষমেশ স্বীকার করা ইংরেজি বড্ডো কঠিন। আমরা দ্বারা হবে না. 

তাই আজ যখন যাদবপুরে এডমিশন টেস্ট পাল্টাও, মার্ক্স্ দিয়ে বিচার করো, সকলকে সুযোগ করে দাও মার্কা পপুলিস্ট রাজনীতি হচ্ছে, তখন এটাই বলতে হয় যে যাদবপুর প্রেসিডেন্সির মান না নামিয়ে মধ্যশিখা পর্ষদে/কাউন্সিলে কলাবিভাগ পড়ানোর অবস্থার উন্নতি করুন। বাংলার মেজরিটিই পর্ষদের স্কুলে পড়াশোনা করে. তাদের গুরুত্ব দিন. খালি কলকাতা কলকাতা করা বন্ধ করুন. কলকাতার বাইরে ভাবুন। ভাবুন কলাবিভাগের সাব্জেক্ট গুলোকে কিভাবে ইন্টারেষ্টিং উপায়ে পড়ানো যায়. সিলেবাসকে কি করে আপটুডেট করা যায়। কি করে স্কুল ও স্নাতকস্তরের শিক্ষায় একটা মিল তৈরী করে যায় যাতে আমরা স্নাতকস্তরে এসে বিশাল এক ধাক্কা খেয়ে না যাই. নজর দিন কি করে ছাত্রছাত্রীকে অনুপ্রেরণা দেয়া যায়.পরিমান মতো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করুন। তাদেরকে শিক্ষিত করুন। তাদের বোঝান যে সকল শিক্ষক শিক্ষিকার নিজের ক্লাসে সকল ছাত্র ছাত্রীকে নাম ধরে চেনা উচিত। এই ছাত্র ছাত্রীগুলোর ভালোবাসা প্রয়োজনীয়তা জানা উচিত। স্টুডেন্ট-স্টাফ রেসিওর দিকে নজর দিন. এক্সট্রা কাররিকুলার একটিভিটি বাড়ান। এগুলোর মধ্যে যদি কিছুও করে থাকেন, তাহলে নজর দিন এগুলো সুষ্ঠভাবে সব জায়গায় পালন করা হচ্ছে কিনা? অবশ্যই স্টুডেন্ট দের থেকে ফিডব্যাক নিন. তারপর নজর দিন স্নাতকস্তরে কিভাবে বেটার করা যায়. আপামর বাংলায় স্কুলের শিক্ষা ব্যবস্থা ভালো হলে স্নাতকস্তরে কলেজও ভালো মানের ছাত্রছাত্রী থাকবে। হেলথি কম্পেটিশন হবে. মার্ক্স্ নিয়ে আর ব্যাকডোর দিয়ে কাড়াকাড়ির রাজনীতি কমবে। আর আমাদের মতো অনেক ছাত্রছাত্রীকে কথায় কথায় কলকাতা ছুটতে হবে না, অথবা সারাজীবন হ্যানস্থ হতে হবে না. এগুলো না করে যাদবপুর এডমিশন টেস্ট নেয়া দরকার আছে কি নেই এসব ফালতু বিতর্ক বন্ধু করুন। যাদবপুরের কলাবিভাগ নিয়ে ভাবা বন্ধ করুন। এই বিভাগ রাজ্য স্তরেই নয়, জাতীয় ও আন্তর্জান্তিক স্তরেও সুপরিচিত। তাই সেখানকার শিক্ষক শিক্ষিকারা জানেন তাদের কি করলে ছাত্রছাত্রীদের ও নিজেদের ভালো হবে. মাত্র তো গুটি কয়েক ভালো ইউনিভার্সিটি/কলেজ রাজ্যে পড়ে রয়েছে। তাদের কে তো ভালো থাকতে দিন. তাদের মান মাটিতে নামিয়ে কি লাভ হবে আমাদের?

বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

রামায়ন ও ইন্টারনেট ~ অভিজিৎ মজুমদার

টেনিদা একটু গলাটা ঝেড়ে নিয়ে বলল, বুঝলি সেকালেও ফেসবুক, ইন্টারনেট ছিল।

ক্যাবলা চাপাস্বরে বলল, ওই শুরু হল ঢপের চপ।

টেনিদা হুংকার ছেড়ে বলল, "এ্যাই ক্যাবলা কি বললি রা?"

ক্যাবলা তাড়াতাড়ি সামলে নিয়ে বলল, "আমি না, প্যালা বলছিল, আসার সময় দেখে এসেছে কালিকায় চপ ভাজছে। তাই বলছিলাম, একটু চপ টপ হলে এই বৃষ্টিতে ভালো হত।"

আমি সবে প্রতিবাদ করতে যাব, এমন সময় টেনিদা উদাস গলায় বলল, "নাহ্ চপ আর খাবো না। বরং নগেনের দোকান থেকে একটু পকোড়া নিয়ে আয়। যা, ক্যাবলা তুইই যা।"

ক্যাবলা কাতর গলায় বলল, "প্যালার আনার কথা তো?"

টেনিদা বাজখাঁই একটা চিৎকার ছেড়ে বলল, "সিয়াচেনে সৈন্যরা দাঁড়িয়ে আছে আর তুই একটু চপ আনতে পারবি না? যাবি না কি এক চড়ে তোর গালদুটো গুয়াতেমালায় পাঠিয়ে দেব?"

হাবুল বলল, "কিংবা গোরক্ষপুরে।"

আমি দেখলাম আমারও কিছু বলা দরকার। একটু মাথা চুলকে বললাম, "কিংবা গোবরডাঙায়।"

বাঙাল হাবুলটা হাড়জ্বালানি হাসি হেসে বলল, "এই প্যালাডা হাফপ্যান্টুলুন ছাইড়্যা ফুল প্যান্টুল পইড়ল, কিন্তু গোমূত্র আর গোবর ছাড়াইয়া আউগ্যাইতে পাইরল না।"

টেনিদা হাবুলের দিকে কটমট করে চেয়ে বলল, "তোদের সাথে এইজন্য কোনও ইম্পর্ট্যান্ট কথাবার্তা চালানো যায় না। হচ্ছিল পকোড়ার কথা, চলে গেলি গোবরে। ক্যাবলা, তুই কি যাবি না কি... ?"

টেনিদার বাড়ানো হাতটা দেখে ক্যাবলা ব্যাজারমুখে উঠে চারটে পকোড়া নিয়ে এল।

ক্যাবলা ফিরতেই টেনিদা ওর হাত থেকে পকোড়ার ঠোঙাটা ছোঁ মেরে নিয়ে আধখানা পকোড়া ভেঙে হাবুল কে আর ক্যাবলাকে দিল। আমিও হাত বাড়িয়েছিলাম, টেনিদার কটমট করে তাকানো দেখে আবার হাত গুটিয়ে নিলাম।

টেনিদা ধোঁওয়া ওঠা পকোড়ায় একটা কামড় বসিয়ে বলল, "আহা। পকোড়া ছাড়া বর্ষাকাল যেন ব্রাজিল ছাড়া বিশ্বকাপ।"

তারপর বলল, "হ্যাঁ, যেটা বলছিলাম। রামায়নের যুগেও ইন্টারনেট ছিল।"

হাবলা বলল, "মহাভারতে আছিল শুনসিলাম। সঞ্জয় নাকি ফেসবুক লাইভে কুরুক্ষ্যাত্রের যুদ্ধ দেখসিল। রামায়ণ তো তারও আগের কথা। তখনও ইন্টারনেট আছিল?"

টেনিদা একটু উঁচুদরের হেসে বলল, "নষ্ট্রাদামুসের নাম শুনেছিস?"

ক্যাবলা এতক্ষণ হাতের নুন চাটছিল। টেনিদার প্রশ্ন শুনে হাত উঁচু করে বলল, "আমি জানি।"

হাবুল ঘোঁৎ করে একটা নি:শ্বাস ছেড়ে বলল, "তুমি হইত্যাস আমগো গুগুল বাবা। তুমি জানবা না?"

ক্যাবলা হাবুলের কথায় পাত্তা না দিয়ে বলল, "নষ্ট্রাদামুস ষোড়শ শতাব্দীতে ফ্রান্সে জন্মেছিলেন। অনেক ভবিষ্যতবানী করে গেছেন। তবে আজকাল লোকে নিজেদের ইচ্ছেমত কথা ওনার মুখে বসিয়ে দেয়। যেমন, ভারতবর্ষে এমন একজন শাসক আসবে যাকে ইউনেস্কো বেস্ট প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবে।"

টেনিদা ক্যাবলার পিঠে একটা বিরাশি সিক্কার চাপড় মেরে বলল, "এই জন্যই তোকে এত ভালবাসি।"

আমি বললাম, "কিন্তু তার সাথে রামায়নের সম্পর্ক কি?"

টেনিদা একটা চওড়া হেসে বলল, "সে সব জানতে হলে ওই পাঁঠার মাংসের ঘুগনী যাচ্ছে, চারপ্লেট ঘুগনী নিয়ে আয়। আর হ্যাঁ, শালপাতায় আনবি, প্লাস্টিকের প্লেটে না।"

আপত্তি জানিয়ে লাভ নেই, চুপচাপ নিয়ে এলাম।

টেনিদা এক প্লেট হাবুল আর ক্যাবলাকে ভাগাভাগি করে দিয়ে নিজে তিনটে প্লেট নিয়ে বসল। আমি জুলজুল করে তাকাতে আমায় বলল, "এই বর্ষায় বাইরের খাবার তোর ওই পটল দিয়ে শিঙিমাছের ঝোল খাওয়া পেটে সহ্য হবে না।"

আমি মনে মনে বললাম, "খাও খাও। সব ভাগাড়ের মাংস। কাল যদি পেট না খারাপ হয়েছে আমার নাম পটলডাঙার প্যালারাম নয়।"



ঘুগনীটা শেষ করে শালপাতাটা আমার দিকে এগিয়ে টেনিদা বলল, "বলতো, রামায়ণ কাকে নিয়ে লেখা?"

শালপাতায় কোণে লেগে থাকা একটুকরো মাংসের কুচি তুলে মুখে দিয়ে বললাম, "কেন, রামচন্দ্রকে নিয়ে।"

টেনিদা একটা পিলে চমকানো হাসি হেসে বলল, "ফুংসুক ওয়াংড়ুর সঙ্গে দেখা হওয়ার আগে আমিও তাই ভাবতাম।"

ফুংসুক ওয়াংড়ুর নাম শুনে দেখলাম সবজান্তা ক্যাবলাও চোখ পিটপিট করে ঘুরে বসল।

-মতলব, বিখ্যাত বৈজ্ঞানিক ফুংসুক ওয়াংড়ু? যার নামে তিনশো বাষট্টিখানা পেটেন্ট আছে?

ক্যাবলার প্রশ্নে টেনিদা চোখদুটো আধা বুজে মাথা নাড়ল। তারপর বলল, "এই যে গল্পটা তোদের এখন বলব সেটা আমাকে বলেছে তোদের ওই ফুংসুক ওয়াংড়ু। আমি অবশ্য ওকে ফুং বলেই ডাকি। আমরা বুজুম ফ্রেন্ড কি না। এর সঙ্গে আমার প্রথম দেখা সেই যখন আমি টিবেট গেলাম তখন। ফুং তখন অনেকদিন ধরে একটা জুতো বানানোর চেষ্টা করছে। যেটা পায়ে পড়ে লাফালে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাওয়া যায়। একটা জুতো ও বানিয়েছিল বটে, কিন্তু সেটা পড়ে লাফালে হিসেবের থেকে ছাপ্পান্ন ইঞ্চি আগেই ওটা থেমে যাচ্ছিল। আর বুঝতেই পারছিস, পাহাড়ে ওই হিসেবের গোলমাল মানে সোওজা খাদে। বেচারা খুব মনের কষ্টে ছিল। আমি ভাল করে দেখে বুঝলাম যে স্প্রীংটা ও লাগিয়েছে, সেটা দু মিলিমিটার ছোট। আমি টেনে একটু লম্বা করে দিতেই, জুতোটা একদম পারফেক্ট হয়ে গেল। ফুংসুক তো খুশি হয়ে আমাকে জড়িয়ে টড়িয়ে ধরে বলল, মিস্টার টেনি, ওয়াংশু কুশ থুংপা থুংপা। মানে তিব্বতি ভাষায় থ্যাংকু ভেরি ভেরি মাচ। তারপর বলল, 
তুমি আজ আমার এক অনেক বড় সমস্যা সমাধান করে দিলে। এই জুতোর আধা পেটেন্ট তোমার। জানিসই তো, আমি ফকির মানুষ, আমার কোনও লোভ নেই। তাই আমি ওকে না করে দিলাম। তখন ফুং বলল, ঠিকআছে, মিস্টার টেনি। কিন্তু আমরা তিব্বতিরা বিনা প্রতিদানে কিছু নেই না। তোমাকে এর পরিবর্তে আমি এমন একটা গুপ্ত তথ্য জানাবো, যা কেউ জানে না। এক তিব্বতি গুম্ফার সাধুর কাছে লুকিয়ে রাখা পাঁচ হাজার বছরের পুরনো পান্ডুলিপিতে আমি এটা পড়েছি। এই বলে, ও ওর সিন্দুক খুলে একটা তালপাতার পুঁথি বার করল। সেই পুঁথি পড়ে তো আমার আক্কেল গুড়ুম। এই দ্যাখ সেকথা বলতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে।"

ক্যাবলা একটু নাক কুঁচকে বলল, "তুমি কবে তিব্বত ঘুমতে গেলে? আর তিব্বতী ভাষাই বা শিখলে কবে?"

টেনিদা দাঁত খিঁচিয়ে বলল, "সে খবরে তোর কি দরকার রা? আমি চার বছরে চুয়াত্তর বার কোন দেশে কি কাজে যাই, সব কি তোকে বলে যাব? গল্প শুনতে হলে শোন, নয়তো বাদ দে। আমি চললাম।"

হাবুল হাঁ হাঁ করে উঠল। "ছাড়ান দাও, ছাড়ান দাও। পোলাপান।"

-"হুঁ, পোলাপান। এদের ধরে জলপান করে ফেলতে হয়।"

আমি জিজ্ঞেস করলাম, "ফুংসুক কি বলল?"

-"শোন তবে। রামায়ণ বলতে আমরা কি বুঝি? রামের গল্প, তাই তো? কিন্তু গল্পটা আসলে কাকে ঘিরে বলত?

আমি একটু মাথ চুলকে বললাম, "হনুমান?"

-তোর মুন্ডু। গল্পটা হচ্ছে আসলে সীতাকে নিয়ে। সীতাহরণ হচ্ছে যাবতীয় ঘটনার মূলে। তো এই সীতা কে?

ক্যাবলা বলল, "সীতা মাইয়া জনক রাজার মেয়ে আর রামজীর বিবি।" অনেক বছর পশ্চিমে কাটানোয় ক্যাবলার কথায় এখনো পশ্চিমা হিন্দির টান।

হেঁ, হেঁ করে একটা উচ্চাঙ্গের হাসি হেসে টেনিদা বলল, "সেটাই তো সবাই জানে। কিন্তু ফুংসুক যেটা বলল সেটাই আসল গুপ্তকথা।"

"ফুং তো ওর সিন্দুক খুলে আমাকে পুঁথিটা দিল। কিন্তু, কি বলব তোদের, সেই পুঁথি হাতে নিয়ে আমার চক্ষু চড়কগাছ। দেখি, সেই তালপাতার পুঁথিতে মুক্তোর মত হাতের লেখায় গোটা গোটা বাংলায় পুরো রামায়ণ লেখা।"

-"তিব্বতী গুহার পাঁচ হাজার বছরের পুরনো পুঁথিতে বাংলায় লেখা রামায়ণ? খাইসে।" হাবুল চেঁচিয়ে উঠল।

-অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান যখন কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়ে তিব্বত পৌঁছন, তখনই তাঁর হাত ধরে তিব্বতে বাংলা ভাষা জনপ্রিয় হয়েছিল। বুঝলি? কিসুই তো জানিস না। ভারতের আসল ইতিহাস টিতিহাস পড়েছিস কখনো? তোর মাধ্যমিকের সার্টিফিকেটখানা একবার দেখতে হচ্ছে।

-হ। একদিন আমরা হক্কলে আমাগো সার্টিফিকেট লইয়া আমু। তোমারডাও কেও কখনো দ্যাখে নাই।

সার্টিফিকেটের কথা তুলতেই টেনিদা হাবুলের পিঠে হাত রেখে বলল, "আহা, চটিস কেন? তোকে আমি কখনো কিছু বলেছি। ওটা ওই সবজান্তা ক্যাবলাকে বলা। দেখছিস না, মুখখানা কেমন পান্তুয়ার মত করে বসে আছে।"

ক্যাবলা ফিশফিশ করে বলল, "সব গাঁজা। বাংলা ভাষার বয়স খুব বেশি হলে হাজার বছর, লিপির বয়স আরও কম। আর অতীশ দীপঙ্কর মারা গেছেন ১০৫৪ সালে।"

টেনিদা ক্যাবলার দিকে চেয়ে একটা করুণার হাসি হেসে বলল, "রামচন্দ্রের জন্মের আগে যদি রামায়ণ লেখা হতে পারে, স্টেশন তৈরী হওয়ার আগেই যদি সেই স্টেশনে চা বিক্রি হতে পারে, তবে বাংলা ভাষার জন্মের আগে কেন বাংলায় লেখা হতে পারে না শুনি?"

টেনিদার উত্তর শুনে ক্যাবলার মুখটা ভেবলে গিয়ে বাসি বেগুনীর মত হয়ে গেল।

টেনিদা একবার আমাদের তিনজনের মুখের দিকে তাকিয়ে আবার গল্প বলা শুরু করল।

"বুঝলি, সেই পুঁথিতে যা লেখা তাকে রামায়ণ না বলে সীতায়ণ বলাই ভালো। সেখানে কাহিনী শুরুই হচ্ছে জনকরাজার লাঙলে সীতার মাটি ফুঁড়ে উঠে আসা নিয়ে। তারপর আছে সীতার স্বয়ম্বরের বিস্তারিত বর্ণনা। কিভাবে রামচন্দ্র হরধনু ভেঙে সীতাকে নিয়ে এলেন তার গল্প। তারপর শুধু সীতারই গল্প। বনে সোনার হরিণ দেখা, লক্ষ্নণের গন্ডী পেরিয়ে রাবনকে ভিক্ষে দেওয়া, সীতাহরণ, সীতার উদ্ধার থেকে অযোধ্যা ফিরে যাওয়া সব। মায় উত্তরকান্ড পর্যন্ত।"

টেনিদা থামতেই হাবুল বলল, "হগ্গলই তো বোজলাম, কিন্তু ফ্যাসবুক আর ইন্টারনেটের কথা কইসিলা, হেডা কই?"

ক্যাবলাও উত্তেজিত হয়ে বলল, "অওর তুমহারা আঁখ চড়কগাছ কিঁউ হুয়া?"

টেনিদা একবার আমাদের সবার মুখের দিকে তাকাল। তারপর খানিক চুপ করে থেকে গলা নামিয়ে ফিসফিস করে বলল, "সীতা হল আসলে ডেটা। তোর আমার ব্যক্তিগত তথ্য। আর জনকরাজা? সে হল আসলে আধার।"

ক্যাবলা হাত তুলে বলল, "তার মানে হরধনু হল সিকিউরিটি পাসওয়ার্ড?"

"কেয়াবাত।" বলেই টেনিদা একটা বিরাশি সিক্কার থাবড়া বসাতে যাচ্ছিল ক্যাবলার পিঠে। কিন্তু আগেরবারের অভিজ্ঞতায় ক্যাবলা সুড়ুৎ করে সরে গেল আর থাবড়াটা বোঁ করে ঘুরে পড়ল হাবুলের কাঁধে। হাবুল কোঁত করে চেঁচিয়ে উঠল, "খাইসে, খাইসে।"

টেনিদা সেদিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলতে লাগল, "ডাটা একবার হাত বদল হয়ে মালিকের কাছ থেকে গেল আধারের কাছে, তারপর সেখান থেকে পাসওয়ার্ড ক্র্যাক করে চলে গেল পরের জনের কাছে।"

-"আর ফেসবুক? তুমি যে বলেছিলে ফেসবুকও ছিল?" অনেকক্ষণ চুপ করে থাকার পর আমারও কিছু একটা বলা দরকার মনে হল।

-"সোনার হরিণটাই তো আসলে ফেসবুক। এই যে তোরা সকাল সন্ধ্যে এটা ওটা লিংকে ক্লিক করিস "আপনি আগের জন্মে কি ছিলেন" অথবা "আপনি কোন বলিউড অ্যাক্টরের মত দেখতে" জানতে, সেগুলো আসলে কি? সেগুলো তো ওই সোনার হরিণের ফাঁদ। লক্ষ্মণ, যে কি না আসলে তোর ফোন বা কম্পিউটারের ফায়ারওয়াল, তার টেনে দেওয়া গন্ডী যদি তুই নিজেই পেরিয়ে যাস, তাহলে তোর ডাটা তো অন্যের হাতে যাবেই। রাবণ তো আর কিছু নয়, ও হল কেমব্রিজ অ্যানালিটিকা যে সাগর পেরিয়ে এসে তোর ডাটা চুরি করে পালিয়ে যাবে। তারপর সেই ডাটা উদ্ধার করা কি চাট্টিখানি কথা? পুরো লঙ্কাকান্ড একেবারে। শুধু উদ্ধার করেও কি রক্ষে আছে? ডাটা করাপ্ট হল কি না সেই চিন্তাও তো আছে। তাই গল্পের শেষ হচ্ছে সীতার পাতালপ্রবেশ দিয়ে। অর্থাৎ, নিজের ডাটা নিজের কাছে থাকাই ভালো। বুঝলি কিছু?"

ক্যাবলা গভীর সন্দেহের দৃষ্টিতে বলল, "এইসব ওই পুঁথিতে লেখা ছিল?"

-"তবে কি আমি এই ভর সন্ধ্যেবেলা তোদের গাঁজা দিচ্ছি?"

-"দেখাতে পারবে সেই পুঁথি?"

টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, "সেটাই তো ট্র্যাজেডি রে। সবে পুঁথিটা পড়া শেষ করেছি, এমন সময় শুনি গুড়গুড় আওয়াজ। তাড়াতাড়ি আমি আর ফুং বাইরে এসে দেখি এক বিশাল বরফের স্রোত ওপর থেকে নেমে আসছে। আর দু মিনিট দেরি হলেই আমরা দুজনেই ওর তলায় চাপা পড়ে যেতাম। কোনওমতে প্রাণ নিয়ে ফিরেছি। ওই পুঁথিটা ওই বরফের তলায় চিরকালের মত চাপা পড়ে গেল।"

-তোমরা বাঁইচলা কি কইর্র্যা?

-"ওই যে ফুংসুক ওয়াংড়ুর জুতো। ওটাই তো এ যাত্রা বাঁচিয়ে দিল। একজোড়াই ছিল, তাই আমি পায়ে পড়লাম আর ফুংকে বললাম আমার হাতটা শক্ত করে ধরতে। তারপর একটা লাফ দিয়েই সোজা অন্য পাহাড়ে।"

আমরা সবাই খানিক চুপ করে বসে রইলাম। তারপর ক্যাবলা বলল, "তো এতসব ঘুরিয়ে লেখা কেন? সিধা সিধা লিখলেই তো পারত।"

টেনিদা মুচকি হেসে বলল, "পুঁথিটা তো নষ্ট্রাদামুসের লেখা। ওনার সব কিছু রহস্য করে লেখার অভ্যেস ছিল না? তাই।"

ক্যাবলা বললে, "সব বাজে কথা- বানানো।"

টেনিদা দাঁত খিঁচিয়ে বললে, "বানানো? তোদের এসব গোপন কথা বলাই আমার ভুল হয়েছে।"

এই বলে চাটুজ্জেদের রোয়াক থেকে নেমে টেনিদা পটলডাঙা স্ট্রীট ধরে হনহন করে হাঁটা দিল।

(সমাপ্ত)

মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

গওহর জান ~ অরিজিৎ গুহ

দ্বারভাঙ্গার রাজপ্রাসাদে সেদিন ভিড় উপচে পড়ছে।তিল ধারনের আর জায়গা নেই।গণ্যমান্য বিশিষ্ট অতিথিরা সবাই নিজের নিজের আসনে আসন গ্রহণ করে অপেক্ষা করছেন মেহফিলের।রাজা সাহেব এক নতুন চমক দিতে চলেছেন সবার সামনে।কদিন আগে থেকেই এই জন্য রাজসভায় সাজো সাজো রব।আজ সেই মাহেন্দ্রক্ষণ।সেজে উঠেছে সভা। কলকাতা থেকে নতুন বাঈজি নিয়ে এসেছেন রাজা লক্ষমেশ্বর সিং।সেই বাঈজির গলার মিঠাস আর নাচের ছন্দ নাকি পাগল আর মাতোয়ারা করে দেয় তামাম ইন্সানকে।সবাই অধীর আগ্রহে সেই বাঈজির অপেক্ষা করে যাচ্ছেন।
     রাজা লক্ষ্মমেশ্বর সিং জি প্রবেশ করলেন সভার মধ্যে।মুহুর্তের হইচই যেন স্তব্ধ হয়ে গেল।সবাই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন রাজা সাহেবকে।রাজা সাহেবের ব্যক্তিত্বে সবাই মুগ্ধ হয়ে থাকেন।আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই রাজা তাদের পূর্বপুরুষদের থেকে চিন্তায় ভাবনায় অনেক এগিয়ে।সেই লক্ষমেশ্বর সিং যখন কলকাতার বাঈজিকে নিয়ে এসেছেন, তখন সেই বাঈজিকে তো অসামান্য হতেই হবে।
   এরপর সভার মধ্যে প্রবেশ করলেন সেই বাঈজি।নাচ আর গান শুরু করবে কি! বাঈজির অসাধারণ রূপেই মুগ্ধ হয়ে গেল প্রত্যেকে।রূপ যেন ফেটে পড়ছে।আর রূপ হবে নাই বা কেন! বাঈজির শরীরে তো আর ভারতীয় রক্ত নয়, বইছে ইউরোপিয়ান রক্ত।বাবা আর্মেনিয়ান ইহুদি উইলিয়াম রবার্ট ইয়োওয়ার্ড আর মা জন্মসূত্রে ভারতীয় ভিক্টোরিয়া হেমিংস।তাদেরই সন্তান অ্যাঞ্জেলিনা পাকেচক্রে হয়ে পড়েছেন তাওয়াইফ।তবে নাচ আর গানের ক্ষেত্রে অ্যাঞ্জেলিনার মায়ের ভূমিকা ছিল অনেক বেশি।নিজে যেহেতু নাচ আর গানের পেশায় যুক্ত ছিলেন।
    গান শুরু করলেন কলকাতার বাঈজি।তন্ময় হয়ে গেল রাজসভা।গানের প্রতিটা মোচড় যেন বুকে এসে বিঁধছে। রাজা নিজেও মুগ্ধ।ডুবে গেলেন সুরের গভীরে।খেয়ালই নেই কখন একটার পর একটা গান গেয়ে চলেছে তাওয়াইফ।অবশেষে ঘোর ভাঙল গান শেষ হওয়ার পর।হাততালি দিতেও ভুলে গেছিলেন রাজা লক্ষমেশ্বর সিং জি।গান শেষ হওয়ার পর রাজা ঘোষণা করলেন 'আজ থেকে আমার রাজ্যের রাজসভার সঙ্গীতবিদ হিসেবে নিযুক্ত করা হল এনাকে'।
      মাত্র চোদ্দ বছর বয়সে সেই সময়ের সব থেকে শক্তিশালী দেশীয় রাজ্য দ্বারভাঙ্গার সভার সঙ্গীতবিদ হিসেবে নিযুক্ত হলেন অ্যাঞ্জেলিনা উর্ফ গওহর জান।বাবা মায়ের বিচ্ছেদের পর মা ভিক্টোরিয়া হেমিংস বিয়ে করেন খুর্শেদকে এবং নাম পরিবর্তন করে নতুন নাম গ্রহণ করেন মালেক জান আর মেয়ে অ্যাঞ্জেলিনার নাম হয় গওহর জান।
    আজ থেকে ১৪৫ বছর আগে ১৮৭৩ সালের ২৬ শে জুন উত্তর প্রদেশের আজমগড়ে জন্ম গওহর জানের।গ্রামোফোন কোম্পনি প্রথম ভারতীয় হিসেবে যার গান রেকর্ড করে।রাগ যোগিয়া গেয়েছিলেন তার প্রথম রেকর্ডে।এরপর প্রায় ৬০০ খানা রেকর্ড বের হয় তার।আজ থেকে ১০০ বছর আগেই গওহর জান সেই সময়ে হয়েছিলেন কোটিপতি।অথচ শেষ জীবনে প্রায় কপর্দকশূন্য হয়ে কাটাতে হয়েছিল মহিশূরের রাজপ্রাসাদে।ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আজ তার জন্মের ১৪৫ তম বছরে গুগলও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে গুগল ডুডল এ।

শুক্রবার, ১ জুন, ২০১৮

আমারা কিন্তু নজর রাখছি ~ অরুণাচল দত্ত চৌধুরী

নজর রাখছি সরল রেখায়, নজর রাখছি গন্ধ শুঁকে।
নজর রাখছি চক্রপথে, নজর রাখছি বেজার মুখে।

বেসরকারি নজর রাখছি কোন বেয়াদব চেঁচায়, কে ও?
দুঃশাসনিক নজর রাখছে যুধিষ্ঠিরের কুকুর… সে'ও।

নজর রেখে রাজার লেঠেল অবাধ্যদের খুব ঠ্যাঙাচ্ছে।
নজর রাখছি কোথায় কে কে, উন্নয়নকে মুখ ভ্যাঙাচ্ছে।

নজর রাখছি ফিসফিসানি। নজর রাখছি উঁচু গলার।
নজর রাখছি ঠিক কতজন খবর পায়নি মহেশতলার।

নজর রাখছি ব্যঙ্গ করা ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীদের।
কোন নাস্তিক ঝগড়াতে নেই, রামনবমী এবং ইদের।

ভোটের হিসেব নজর রাখছি।নজর রাখছি প্রশাসনিক।
বাইকে চড়ে নজর রাখছি। নজর রাখছি সুপারসনিক।

নজর রাখছি। রুখতে হবেই ভিন্ন চিন্তা নামের ও' রোগ।
ঠিক সময়ে ঘুরবো আবার নজর রাখা হাওয়া মোরগ।

বুধবার, ২৩ মে, ২০১৮

বেদান্ত ও গণহত্যা ~ পুরন্দর ভাট

তামিলনাড়ুর থুত্থুকুডিতে সতেরো  জন বিক্ষোভকারীকে স্নাইপার দিয়ে গুলি করে খুন করলো পুলিশ। তারা বেদান্তর স্টারলাইট তামা কারখানার দূষণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এলাকার জল বায়ুতে  ব্যাপক দূষণ করার জন্য সুপ্রিম কোর্ট একবার জরিমানা করেছিল স্টারলাইটকে। তখন থেকে বিক্ষোভকারীদের দাবি ছিল যে কারখানা ওখান থেকে সরিয়ে নিতে হবে। সেই দাবি দশ বছর ধরে করেও কোনো ফল হয়নি। তাই গত একশো দিন ধরে ধর্নায় বসেছিলেন এলাকার মানুষ, আজকে তারা মিছিল করে জেলা শাসকের অফিসের দিকে যেতে গেলে পুলিশ গুলি চালায়। 

এই সেই বেদান্ত, যারা ওড়িশার নিয়ামগীরীতে, খনন করার জন্য হাজার হাজার আদিবাসীকে ভিটে মাটি ছাড়া করার চেষ্টা করেছিল। আদিবাসীরা প্রতিবাদ করলে, তাদের মাওবাদী আখ্যা দিয়ে অকথ্য অত্যাচার নামিয়ে এনেছিল পুলিশ। শেষ অবধি  সব অত্যাচার প্রলোভন উপেক্ষা করে সুপ্রিম কোর্টে জয়ী হয় কোঁধ উপজাতির আদিবাসীরা, প্রকল্প বাতিল করতে বাধ্য হয় বেদান্ত। রিয়্যাল লাইফ "Avatar."  

এই সেই বেদান্ত, যাঁরা মাত্র ৫০৭ কোটি টাকা দিয়ে, কেন্দ্র সরকারের লাভজনক সংস্থা ব্যালকোকে কিনেছিলো বাজপেয়ী সরকারের কুখ্যাত "বিলগ্নিকরণ"-এর আমলে। তার বিরুদ্ধে লাগাতার ধর্মঘট করেছিল শ্রমিকরা, লড়াই করেছিল ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী অজিত যোগী। লাভ হয়নি, লোকসভায় পাশ হয়ে যায় বিল। একাধিক একাউন্ট্যান্টের মতে যে কোম্পানির দাম হওয়া উচিত ছিল ৪ হাজার কোটি টাকার বেশি, সেই কোম্পানির দাম মাত্র ১ হাজার কোটি টাকা ধার্য করে ৫১ শতাংশ শেয়ার ৫০৭ কোটি টাকায় বেদান্তকে বিক্রি করেছিল বাজপেয়ী সরকার।  

এইখানেই শেষ নয়। ২০১৪ সালে একটি স্বেচ্ছা সেবামূলক সংস্থা, দিল্লি হাইকোর্টে একটি হিসেবে পেশ করে যে কংগ্রেস এবং বিজেপি, উভয় দলই মোট ১৪ কোটি টাকা চাঁদা পেয়েছে বিদেশী সংস্থা বেদান্তর কাছ থেকে। বিদেশ থেকে পাওয়া মোট চাঁদার মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে বেদান্ত, দুটো দলকেই। তখনকার বিদেশী মুদ্রা আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের বিদেশী সংস্থার কাছ থেকে চাঁদা পাওয়া নিষিদ্ধ ছিল। দিল্লি হাইকোর্টে মামলা হয়। এরপর, ২০১৮-তে এসে কেন্দ্র সরকার এক আইন পাশ করে সংসদে। সেই নতুন  আইন অনুযায়ী বিদেশ থেকে পাওয়া অনুদান বৈধ হয়ে যায়, শুধু ২০১৮ থেকে নয়, ১৯৭৬ থেকে পাওয়া সমস্ত অনুদানকেই বৈধ ঘোষণা করা হয় আইন অনুযায়ী। আইন পাশ করার পর মামলাটা কোর্ট থেকে খারিজ হয়ে যায়, বৈধ হয়ে যায় বেদান্তর কাছ থেকে পাওয়া ১৪ কোটি টাকা রাজনৈতিক অনুদান।  এই সেই বেদান্ত, যার কারখানা বাঁচাতে আজ পুলিশ পনেরো হাজার মানুষের ওপর গুলি চালালো।

এই সেই বেদান্ত, যার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গ্রাম সভার প্রাধান্যকে বাইপাস করার জন্য নতুন আইন আনছে মোদী সরকার, যার জন্য গত বছর কুনি সিকাকা জেলে গিয়েছিল।

সোমবার, ১৪ মে, ২০১৮

প্রহসিত ~ অনামিকা মিত্র

ভাঙছে নদীর পাড় দ্রুত। সশব্দ ভাঙনের কালে
আমরা শুনিনি কানে কিছু। মন দিই টিভি সিরিয়ালে।
এখন নির্বিকার থেকে, কোনও মতে নিজে বেঁচে থাকা
রাজপথে হেঁটে গেলে যাক, যার হাতে জয়ের পতাকা।

উলুখাগড়ারা মরে যাক। রাজা রণদামামা বাজায়।
আওয়াজে 'কথা'রা ঢেকে গেলে, 'জয়'কে দখল করা যায়।
প্রজাদের একটাই কাজ, বেঁচে থেকে রাজার ভজনা।
শুধু কেন মরে যেতে চায়, অবাধ্য বেকুব ক'জনা?

যে'হেতু জীবন একটাই, বেঁচে থাকা দারুন জরুরী
হাসি মুখে থাকার হুকুম। বিদূষক দেয় সুড়সুড়ি। 
শ্মশানে শান্তি থাকে খুব। এইখানে গ্রামে ও শহরে
প্রশ্ন তুলবে পেয়াদারা, কবি কেন রাজনীতি করে?

গণতন্ত্রের মুখোমুখি, দেশ ভরা খুদে হিটলারে।
প্রতিদিন গুণে নেওয়া হয়, ক'টা মাথা আছে কার ঘাড়ে?
মেধাবী মিডিয়া এইখানে সেজেগুজে কচলাবে লেবু
মাঝরাতে বাড়িতে আগুন। মরে যাবে ঊষা আর দেবু।

যে সময়ে মন ভালো থাকে, যে সময়ে সুখ থাকে মনে
মানুষেরা হাসে গান গায়, ভেসে যেতে পারে প্রহসনে।
রাজাদেশ ছড়ায় গুজব। আমরা গুজব খেয়ে বাঁচি।
এখন কি সুখের সময়? আমি কেন প্রহসনে আছি?

পশ্চিমবঙ্গে উন্নয়ন ~ আর্কাদি গাইদার

সুপ্রভাত।

ভোরের চায়ের সাথে স্টোভে সেঁকা কড়কড়ে পাউরুটির পুড়ে কয়লা হয়ে যাওয়া কালো পৃষ্ঠটা জিভে ঠেকিয়ে আস্বাদন করুন পঞ্চায়েত ভোটের উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে কড়কড়ে করে পোড়ানো দুটো মানবদেহ।

কয়লা হয়ে পড়ে আছে কাকদ্বীপের কাছাড়ী বাড়ি(নামখানা) এর বুধখালি গ্রাম পঞ্চায়েতের ২১৩ নং বুথের কমরেড দেবু দাস ও কমরেড ঊষা দাস। রাতেরবেলা জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে দুজনকে। 

কারন তারা সিপিআই(এম) কর্মী।

যেমন জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিলো আফরাজুলকে। 
কারন সে মুসলমান।

আফরাজুলের খুনি শম্ভুলাল রেগরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তো? ঘৃনা করেছিলেন তো? করুন। কারন মমতার বাংলায় বসে খুনি মোদীর বিরুদ্ধে গলা ফাটানো যায়, প্রতিবাদী হওয়া যায়, বাহ্বাও পাওয়া যায়। কিন্তু অনেক অনেক দেবু দাস, উষা দাস, হাফিজুল মোল্লা ক্ষয়ে যাচ্ছে এই মাটিতে, কিন্তু ভয়, ভয়, ভয়, ক্রেন দিয়ে টেনেও আমাদের শিরদাঁড়াগুলো সোজা করা যাচ্ছে না।  নৈশব্দের কারফিউ জারি করেছি আমরা প্রত্যেকে নিজেদের ওপর, একের পর এক দেহের ভারে চাপা পড়তে পড়তে শুনতে, দেখতে, বলতে ভুলে গেছি।

আপনারা প্রত্যেকে, হ্যা প্রত্যেকে, আসামী। কারন আপনারা প্রত্যেকে যারা পরিস্থিতির দোহাই দিয়ে, ফ্যাসিবাদের জুজু দেখিয়ে, নিরাপদ অবস্থান রেখে মুখে কুলুপ এটেছেন, আপনারাই এই খুনিদের সক্রিয়করণকারী।

Everyone who is silent is complicit.

বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

শঙ্খধ্বনি ~ অরুনাচল দত্তচৌধুরী

এ্যাই শোন, ওই কবির নামটা কে রেখেছিস্ শঙ্খ?
জানিস তোরা, বুঝিস তোরা, উন্নয়েনের অঙ্ক?
আমি ফুঁ দিই পাঞ্চজন্যে, আমিই বাজাই ঢাক
চড়াম চড়াম চড়া আওয়াজ। মুখটি বুজে রাখ।

আমায় যিনি পোষেন, গলার শেকলটি যাঁর হাতে
যাঁর প্রশ্রয় যোগায় সাহস উদ্ধত উৎপাতে
তাঁর ইচ্ছেতেই উন্নয়নকে রাস্তাঘাটে ছেড়ে
একতরফা আবীরখেলা। তুই বলবার কে রে?

সুবোধ যত দামাল ছেলের তিনিই অভিভাবক
বাংলাভাষার মুখাগ্নিতে পাটকাঠি আর পাবক।
যুগ্মরোলের এই খেলাতে তাঁকেই করে মান্য
কবি এবং কবিনীদের যায় জুটে 'উপান্ন'।

বিদ্দ্বজ্জন উন্নয়নের এমন ভাগ্যদোষে
হাত বোলাচ্ছে দাড়িতে, আর কণ্ঠের বকলসে।
লেক টাউনের বিগবেন আর নিউটাউনের টুনি
উন্নয়নের এই যে ঝলক, দেখিসনি কে শুনি!

রাস্তা ঘাটের হাল দেখেছিস? কেমনটি ঝকঝকায়!
রুটিন কাজকে উন্নয়নের পোষাক দিয়ে ঠকায়।
সেই উন্নয়ন তোদের জন্য পাড়ার মোড়ে মোড়ে
শায়েস্তা খান সেজেছে আজ, দেখিসনি কি ওরে?

আজ থেকে শোন শঙ্খ ও নয়। আমিই তোদের জন্য
তাঁর হুকুমে শঙ্খ সেজে, হলাম পাঞ্চজন্য।

শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

আসিফা ~ অনির্বান মাইতি

আজকে সকালে ফেসবুক খুলতেই দেখি আবারো এক ধর্ষণ। সত্যিই বিরক্তি নিয়ে বন্ধ করে দিচ্ছিলাম একটি স্টেটাসে চোখ গেল। গীতাকে নিয়ে বামপন্থীরা কিছু বলছে না সেই নিয়ে সেখানে দরবার বসেছে।
একটা পরিষ্কার কথা আবারো বলি আসিফার ঘটনা স্বতন্ত্র কয়েকটি কারণে।
১) একজন এম এল এ এবং একজন আই পি এস অভিযুক্ত ধর্ষক হিসেবে
২) ধর্ষণে অভিযুক্তদের বাঁচাতে ক্ষমতাশীল রাজনৈতিক দল থেকে মিছিল করা হয়।
৩) জাতীয় পতাকা কে ধর্ষকের স্বপক্ষে ব্যবহার করা হয়।
৪) আসিফার প্রতি অসম্মানসূচক পোস্টে ভরে গিয়েছিল ফেসবুক তার অধিকাংশই ক্ষমতাশীল রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা করেছিল।
৫)অভূতপূর্ব ভাবে গোটা বার এসোসিয়েশন আসিফার উকিলের বিরুদ্ধে গিয়ে তাকে কোনঠাসা করে। বার এসোসিয়েশন বিজেপি পরিচালিত।
৬) তদন্তকারী অফিসারকে হিন্দুত্ববাদীরা ক্রমাগত চাপ দিয়েছে তদন্ত না করতে।
বামপন্থীরা আসিফার ঘটনাটিকে রাজনৈতিক বানায় নি, উপরিউক্ত ঘটনাগুলিই কি যথেষ্ট না কোন ঘটনায় রাজনৈতিক রঙ চড়াতে? তাই আসিফার ঘটনা শুধু বামপন্থী কেন হবে আপামর ভারতবাসীকে কাঁপিয়ে দিয়েছে।
এবার আসি গীতার কথায়, গীতা মাদ্রাসার ভিতরে নিগৃহীত হওয়ায় হিন্দুকুল কিন্তু আসলে রাজনৈতিক অক্সিজেন পেয়েছেন। গীতার ধর্ষকের জন্য কেউ মিছিল করে নি, কোন ধর্ম তার পাশে দাঁড়ায় নি, কেউ তাকে বাঁচাতে চায় নি, তবে গীতার ঘটনা আর আসিফার ঘটনায় মানুষের প্রতিক্রিয়া এক হবে কি করে? গীতার ধর্ষক সমাজের গণ্যমান্য নন যে তাকে শাস্তি দিতে গোটা দেশকে পথে নামতে হবে, শাস্তি তার হবেই সেটাই কাম্য। যে ঘৃণ্য অপরাধ এরা সকলেই করে চলেছে অবিরত তার শাস্তি চাই।
দয়া করে ব্যালেন্সের খেলা খেলবেন না। মনে রাখবেন দুর্জন শত্রু কখনো চোখে আঙুল দিয়ে ভুল দেখিয়ে দিলে পরিষ্কার বুঝে নেবেন ওটা ফাঁদ, ওদিকে যাবেন না। আর যদি একান্তই খেলেনই তবে ভারতীয় পরিসংখ্যান বলছে কাল গোটা দিনে প্রায় নব্বই টি শিশুর যৌন নিগ্রহ হয়েছে এই দেশে। তাদের সকলের নাম এবং ধর্ম খুঁজে এনে ধর্ম, ধর্ম আর রেপ প্রতিবাদ, রেপ প্রতিবাদ খেলুন, ব্যাপারটা অথেনটিক হবে।

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

কুত্তার বাচ্চা ~ ঋষেণ ভট্টাচার্য্য

গত শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেয়ালদায় 9C প্লাটফর্ম ধরে হাঁটছিলাম গঙ্গাসাগর এক্সপ্রেস ধরবো বলে। শনিবার সাধারণত ওটাই ধরি। ট্রেন প্লাটফর্মে দিয়ে দিয়েছে বলে বেশ তাড়াতাড়ি হাঁটছি। প্লাটফর্ম ফাঁকা। আমি ট্রেনের মাঝামাঝি, আর একদম সামনের দিকে জেনারলে উঠতে হবে। কম্পার্টমেন্টে উঠে প্লাটফর্মের দিকেই একটা জানলার ধার পেয়ে গেলাম। ট্রেন ছাড়তে এখনো মিনিট দশেক দেরি। কম্পার্টমেন্টের ভেতর ভ্যাপসা গরম, দুর্গন্ধ, মেঝেতে জল পড়ে লোকের পায়ের ধুলোয় কাদা কাদা ছাপ, মাথার ওপর আলু লঙ্কার বস্তার ঝাঁঝ, এখনো আলো পাখা জ্বালানো হয়নি - সব মিলিয়ে নরক। ফ্রান্স জার্মান ডেনমার্কে আমার মত সাধারণ মানুষ কেমন ভাবে ট্রেন জার্নি করে আর কার কোন পাপে আমি এদেশে জন্মে কি ভাবে ট্রেন জার্নি করি ভাবতে ভাবতে, গন্ধ থেকে বাঁচতে জানলায় মুখ লাগিয়ে প্লাটফর্মের দিকে তাকিয়ে বসলাম।

হঠাৎ দেখি একটা সাদা কালো ছোপ ছোপ নেড়ি কুকুরের বাচ্চা তার খয়রি রঙের মায়ের সাথে খেলছে। মা শুয়ে শুয়ে ল্যাজ নাড়াচ্ছে আর বাচ্চাটা নানাদিক থেকে ছুটে ছুটে এসে মায়ের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে। মাও শুয়ে শুয়ে বাচ্চাটাকে হাত পা দিয়ে ধরার চেষ্টা করছে, উল্টে যাচ্ছে, বাচ্চাটাও মায়ের নাগাল ছাড়িয়ে একটু দূরে ছুটে গিয়ে প্রবল বিক্রমে ফিরে এসে আবার মায়ের গায়েই ঝাঁপিয়ে পড়ছে। মা বাচ্ছাটাকে খেলাচ্ছে আবার মাঝে মাঝে দেখে নিচ্ছে লোকজনের যাতায়াতের পথে কেউ যেন মাড়িয়ে না দেয়। বাচ্ছাটাও হুঁশিয়ার, মাঝে সাঝেই দেখে নিচ্ছে সে যেন মায়ের থেকে যেন বেশি দূরে চলে না যায়। কাছাকাছি কোনো বসার জায়গা বা থামের আড়ালে একটু লুকিয়েই আবার মায়ের গায়ে লাফিয়ে এসে ঝাঁপিয়ে পড়া। আর মায়েরও সেই ল্যাজ নেড়ে নেড়ে বাচ্ছাকে খেলানো। বেশ লাগছে দেখতে।

কতক্ষণ সময় কাটলো জানিনা, দুজন আর.পি.এফ বা জি.আর.পি. স্টাফ একটা কুচকুচে কালো ল্যাব্রাডর নিয়ে ধিরে সুস্থে আমার কম্পার্টমেন্টে এসে উঠলো। ট্রেন্ড ল্যাব্রাডর নিঁখুতভাবে সমস্ত কম্পার্টমেন্ট শোঁকাশুঁকি করে পুলিশদের সাথেই কম্পার্টমেন্ট থেকে নেমে পড়লো। পুলিশ দুটো আমার কম্পার্টমেন্টের সামনেই বসার জায়গায় ল্যাব্রাডরের স্ট্র‍্যাপটা হাত থেকে ছেড়ে, একটু বসলো, হয়তো অনেকগুলো কম্পার্টমেন্ট সার্চ করে ক্লান্ত কিম্বা হয়তো ইন্সট্রাক্সন থাকে ট্রেন না ছাড়া অবধি প্লাটফর্মেই ডিউটি দিতে হবে। ল্যাব্রাডরটাও শক্ত কাঁধে মাথা উঁচু করে সাবধানী ভঙ্গিতে পাশে দাঁড়িয়ে।

এদিকে সেই মা আর বাচ্চার খেলা একটুর জন্য থেমেছে। মা ভীষণ উৎকণ্ঠার সাথে ভারী চেহারার বিজাতীয় কুকুরকে দেখছে। বাচ্ছাটার কিন্তু ভ্রক্ষেপও নেই। মা খেলা বন্ধ করতেই বাচ্ছাটা গুটি গুটি পায়ে এগিয়ে গেলো ল্যাব্রাডরটার দিকে। বাচ্ছাটা একটু ভয়ে ভয়ে বিরাট বড়সড় চেহারার ফরেনারকে দেখছে, মাথাটা যতটা সম্ভব উঁচু করা যায় করতে গিয়ে উল্টে পড়লো তার পায়ের কাছে। মাও ওদিকে গা ঝাড়া দিয়ে বসে পড়েছে, আমার হাসি পেলেও তার মা কিন্তু ভীষণ উত্তেজিত - যদি অতো বড় চেহারার কুকুরটা কামড়ে দেয় তার বাচ্ছাকে। পুলিশ অফিসারটিও সাংঘাতিক বিভ্রান্ত। অন ডিউটিতে কি খেলা করা উচিত? নাকি দুধের শিশু দেখলে অন ডিউটিতেও একটু চুমু খাওয়া যায়? অফিসার খুব তাড়াতাড়ি আলগোছে বাচ্ছাটার মাথায় একটা চুমু দিলো। ব্যাস, বাচ্ছাটা পেয়ে গেলো নতুন বন্ধু। এক পাক গড়িয়েই গা ঝাড়া দিয়ে উঠে বাচ্ছাটা ছুট মারলো মায়ের কাছে। মায়ের পিঠে একটা গুঁতো মেরেই আবার ছুট অফিসারের দিকে। ওদিকে জাঁদরেল অফিসারও দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছেন, আর মাঝে মাঝে একবার তাঁর হায়ার অথরিটি বা বসেদের দিকে তাকিয়ে দেখে নিচ্ছেন, তাঁরা কিছু মনে করছেন কিনা। পুলিশ দুটির কোনো ভ্রুক্ষেপও নেই সে দিকে। তারা নিজেদের মধ্যেই গল্পে মশগুল। আমি হাসছি। ভাগ্যিস জাপান ইংল্যাণ্ড অস্ট্রেলিয়ার বদলে ভারতবর্ষে জন্মেছি। তাইতো প্লাটফর্মে স্ট্রে-ডগের বাচ্ছার সাথে পুলিশ কুকুরের খেলা দেখতে পাচ্ছি। মা শুয়ে শুয়ে ল্যাজ নাড়ছে, বাচ্ছাটা ছুটে ছুটে এসে মায়ের ল্যাজ ছুঁয়ে দিচ্ছে, মা ধরতে গেলেই পালাচ্ছে পুলিশ কুকুরটার কাছে। সেও কান নামিয়ে ল্যাজ নেড়েই চলেছে, তার ল্যাজ ছুঁতে এলেই সে বাচ্ছাটার মাথা চাটছে। বাচ্ছাটা আবার ছুটে মায়ের কাছে।

নাইন-সি প্লাটফর্মে সামনের দিকে রেলিং নেই। এই ছোটাছুটি করতে করতেই বাচ্ছাটা হঠাৎ পড়লো লাইনে। মাও এক নিমেষে ঝাঁপ মারলো লাইনে। আমিও ট্রেন থেকে নেমে প্লাটফর্মের ধারে গেলাম দেখার জন্য। বাচ্ছাটা চুপ করে দাঁড়িয়ে আছে। মা বার দুয়েক বাচ্ছার পেছনে আর পেটে ধাক্কা দিলো মুখ দিয়ে। বাচ্ছাটা কাঠের স্লিপার থেকে লাইনের ওপর দাঁড়ালো, ব্যালেন্স নেই। উল্টে পড়লো। মা চারপায়ে ব্যালেন্স করে লাইনের ওপর দাঁড়িয়ে। বাচ্ছাটাও উঠলো লাইনের ওপর। মা আবার ধাক্কা দিলো পেছেন দিকে। বাচ্ছাটা উল্টে পড়লো স্লিপারে। আমার বিরক্ত লাগছে মায়ের ওপর, কেন যে ওইটুকু বাচ্ছা কে ঠেলে লাইন থেকে প্লাটফর্মেই তুলতে হবে কে জানে! ওইটুকু বাচ্ছা কি অতটা লাফাতে পারে? ওকে একটু ঘুরিয়ে সামনের স্লোপ দিয়ে প্লাটফর্মে তুলে নিলেইতো হয়! শেয়ালদা স্টেশন, ব্যস্ত লাইন। কখন ট্রেন চলে আসবে আট নম্বরে। আবার ধাক্কাধাক্কি চললো কিছুক্ষণ। লাইন থেকে প্ল্যাটফর্ম, একটা প্রমাণ সাইজ মানুষের বুক সমান উঁচু লাফানো সম্ভব নয় বাচ্ছাটার। এবার মা চেষ্টা করছে মুখে করে তুলে নিতে। মা ভাবলো, বাচ্ছার ঘাড়ের কাছে কামড়ে ধরে লাফিয়ে উঠবে। আমিও নিশ্চিন্ত। কিন্তু হলো না। মা বাচ্ছাটাকে মুখে নিয়ে মুখ উঁচু করে লাফাতে পারছে না। মুখে নিয়ে লাফাতে গেলেই বাচ্ছাটা পড়ে যাচ্ছে মুখ থেকে।

মা লাফিয়ে উঠলো প্লাটফর্মে। পুলিশ কুকুরটার দিকে স্পষ্টভাবে তাকিয়ে একটা অদ্ভুত গলায় ঠিক দু'বার ডাকলো। সাধারণ চিৎকার নয়, কেমন যেন একটু চাপা গলার আওয়াজ।

শুনেছি ল্যাব্রাডর রেস্কিউ ডগ, গান ডগ। অনায়াসেই বিশাল ওয়েট ক্যারি করতে পারে। চোয়াল অ্যাতোই শক্তপোক্ত যে ভুজের ভূমিকম্পের সময় মাটির ১২ ফুট নিচ থেকে জামার কলার ধরে টেনে তুলতো মৃতদেহ। কিন্তু সে সব নয়, আমি দেখলাম এক অদ্ভুত জিনিস।

মা কুকুরটা একবার সাহায্য চাইতেই তড়াক করে লাইনে নেমে পড়লো ল্যাব্রাডরটা। আর.পি.এফ. বা জি.আর.পি. স্টাফদুটোও অবাক। ট্রেন্ড ডগ কখনো ওভাবে চলে যায় নাকি? ওরা দাঁড়িয়ে পড়েছে অবাক হয়ে। মা কুকুরটা আবার লাফ মারলো লাইনে। ল্যাব্রাডরটার লাফানোতে ভয় কিনা জানিনা, বাচ্ছাটা মারতে গেল এক ছুট, কিন্তু মা টা ঠিক তার আগেই ধরে ফেলেছে বাচ্ছাটাকে। আমি দেখেছি যে কোনো শ্বাপদ দাঁত দিয়ে বাচ্ছার ঘাড়ের কাছটা ধরে তোলে। ঠিক যেভাবে মা এখন বাচ্ছাটাকে ধরে আছে। আর আশ্চর্য, ল্যাব্রাডরটা বিশাল হাঁ করে বাচ্ছাটার পেটের কাছে ধরলো। মা ছেড়ে দিয়েছে বাচ্ছাটাকে। ল্যাব্রাডরটা অবলীলাক্রমে বাচ্ছাটাকে মুখে নিয়ে নিজের দেহটা একদম নিচু করে এক লাফ মারলো প্লাটফর্মে। অবাক কাণ্ড, উঠেও মুখ থেকে নামাচ্ছে না বাচ্ছাটাকে। প্লাটফর্মের ধারে দাঁড়িয়ে আছে লাইনের দিকে তাকিয়ে। এবার মা উঠলো লাফ মেরে। বাচ্ছাটা ছটফট করছে মুখের ভেতর। তাও ছাড়েনা।  দুজন পুলিশের একজন ডাকলো, "জয়!" ল্যাব্রাডরটা তাকালো পুলিশটার দিকে, মুখে বাচ্ছা। নামাবার নামও নেই। মা প্লাটফর্মে উঠে মাঝামাঝি চলে এসেছে। এবার জয় বাচ্ছাটাকে ছাড়লো, একেবারে মার কাছে গিয়ে।

এখন জয় বসেছে  পুলিশ দুটোর পাশে। আবার সেই শক্ত কাঁধে মাথা উচু করে কম্পার্টমেন্টের দিকে তাকিয়ে থাকা, হাজার হাজার লোকের মধ্যে সন্দেহভাজনকে খুঁজে বের করে চিনিয়ে দেওয়া, গাদা গাদা মালপত্রের মাঝে আসল মালকে শুঁকে আলাদা করা।

আমার ট্রেন ছেড়ে দিয়েছে। কি জানি, ওই শেয়ালদার উদ্বাস্তু মা বোধ হয় বাচ্ছাটাকে ওখানেই মানুষ করবে। ট্রেন ছাড়ার পর অফিসার আবার নীল বকলসটা পরে নিয়ে অন্য ট্রেনে ডিউটি করতে উঠবে বা অন্য প্লাটফর্মে টহল দেবে। কিন্তু এই অফিসারের কাছে যখন এক একা অসহায় নারী তার শিশুর জন্য সাহায্য চায়, সেই নারীকে সে রেপ করতে যায় না। বলে না ওটা আমার জুরিসডিক্সান নয়। কিম্বা অসহায়ের দুর্বলতার সুযোগ নিয়ে বিশেষ রকম কিছু প্রত্যাশাও করে না। অত্যন্ত দায়িত্বসহকারে তার কর্তব্য পালন করে। আরো আশ্চর্যের ব্যাপার ভাষা। অ্যাতো অনুন্নত মনুষ্যেতর জীব হয়েও দুটি বিজাতীয় নারী পুরুষ কেমন সুন্দর একে অপরকে সমস্যা বোঝালো আর সমাধান করলো।

আমি জানতাম, পুলিশ ডগ স্পেশালি ট্রেন্ড। তারা কখনই বিশেষ কিছু গন্ধ ছাড়া অন্য কিছুকে পাত্তা দেয়না। অন্য জীবজন্তুর ধারে কাছেও যায় না। তারা অত্যন্ত পরিচ্ছন্নভাবে থাকে। অনান্য জীবজন্তু থেকে আগত ভাইরাস ব্যাক্টেরিয়ার সংক্রমণের ব্যাপারেও তারা সচেতন, এমনিই তাদের প্রশিক্ষণ। প্রভুর আদেশ ছাড়া নাকি তারা জৈবিক তাড়নাতেও সাড়া দিতে দ্বিধা বোধ করে। কিন্তু না, তারা চোখ বন্ধ করে আইনের কথা ভাবে না, তারা মানবিক, তাদের বিচারবুদ্ধি সুস্থ। আমাদের মত শুকনো নয়।

আমি কিন্তু অফিস যাওয়া আসার পথে রাস্তার ফুটপাতে বসে থাকা ভিখিরিগুলোকে ঘেন্না করি। দামি সাবান আর পার্ফিউম্ মেখে অফিসে যাই তো - পাগল নাকি! কোনো উদ্ববাস্তুর বাচ্ছা ড্রেনে পড়ে গেলে কোলে করে তুলে আনবো? সময় থাকলে বড় জোর মোবাইলে একটা ছবি তোলা যেতে পারে।

ওটাতো একটা কুকুর, আমিতো আর কুকুর নই।