বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫

​ স্মৃতির সরণি বেয়ে মহাপ্রস্থানের পথে ~ সোমনাথ চট্টোপাধ্যায়


আমি লোকটা ঠিক প্রগতিশীল গোছের নই। বরং বেশ কিছুটা রক্ষনশীল আর গোঁড়া বলতে পারেন। পরিচিত জন জানেন, তাই আমি দু একখানা বামপন্থী বুকনি ছাড়লেই তাঁরা মুচকি হাসেন। আমি বাঙালি-গুজরাতি তে তফাত মানি। চিনেদের দেখলে তাদের নাক আমার চেয়ে কতটা চ্যাপ্টা আর সাহারার দক্ষিনের আফ্রিকান দেখলে আমি তার চেয়ে কতটা ফর্সা, মনে মনে তার হিসেব কষি। আমি তীর্থস্থানে যাই, দুর্গা পূজো , সরস্বতী পূজোয় অঞ্জলী দিই মাঝে মধ্যে। ভোগ খেতে তো কোন কালেই ছাড়িনা, যে কোনো দেবতার, তা সে যত দুর্ভোগই হোক।
তবে আমার গতি-প্রকৃতি, প্রকৃত অর্থে প্রগতি পরিপন্থি কিনা, সেটা ঠিক ঠাওর করে উঠতে পারিনি এখনো। যাকগে, সেসব নিয়ে আমার নিজেরই মাথাব্যাথা নেই যখন , তখন আর ফ্যানাচ্ছি না। শুধু এইটুকু বলি, যে প্রগতিশীল বলে পরিচিতি থাকলে আমাকে এই লেখা লেখবার আগে তিনবার ভাবতে হতো, আর শেষে হয়তো প্রগতিশীল তকমার জেল্লা বজায় রাখতে গিয়ে এ লেখা মোটেই লেখা হতো না। এবারে আসল কথায় আসি। এ গল্পটা একটা রাস্তা নিয়ে। আমাদের এই বাংলাদেশের রাস্তা নয় (বাংলাদেশ মানে শুধুই পূর্ব বাংলা, এতটা প্রগতিশীল হতে পারিনি – "সে আমারই বাংলাদেশ, আমাদেরই বাংলা রে"। শ্যামলিমার তফাত নেই যখন, তখন আর...)। আমাদের এখানকার রাস্তাঘাট খুবই রোমাঞ্চকর। বিপদ কোথাও গর্ত হয়ে, কোথাও কোমর জলে, কোথাও ম্যানহোলে, কোথায় ইঁট বাঁধাইয়ের ব্যর্থ ইতিহাসে ওত পেতে আছে। কোথাও সে গাঁকগাঁকে বাসের রেশারেশিতে, অটোর অট্টরোলে, ট্যাক্সির চোখ রাঙানিতে তাকলামাকান বা গোবি মরুভুমী পার হবার মতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। তা নিয়ে দুদ্ধর্ষ রোমহর্ষক শিহরন জাগানো লেখা, আমার মত প্রাচীন পন্থী মানুষের আসে না। তাই বেছে নিয়েছি, অনেক শান্তশিষ্ট পায়ে হাঁটা একটা রাস্তা। যদিও সে রাস্তা আজ আর নেই। আবার কখনো তৈরি হবে, সে আশাও দেখছি না। খুলে কই।

২০১৩ সালের বর্ষাকাল শুরুর সময় একটা খবর প্রায় সমস্ত খবরের কাগজ আর টিভি চ্যানেলে দেড় দু সপ্তাহ ধরে মুখ্য হয়ে ওঠে। সেটা হলো কেদারনাথের ভয়াবহ বন্যা, ধ্বংস ও প্রানহানী। বিদেশী কিছু জ্ঞানগম্যি বাড়ানোর চ্যানেলে এখনো দেখি হপ্তায় একবার করে এক ঘন্টার তথ্যচিত্র দেখানো হয়, কিভাবে কেদারনাথে বিপর্য্যয় নেমে এসেছিলো। বিজ্ঞানী ও পরিবেশবীদরা বললেন – আগেই বলেছিলাম, পরিবেশের বুকে বসে এই ভাবে গাছ ওপড়ানো আর রাস্তাঘাট-বাড়িঘর তৈরি ভালো না। লোকসভায় তৎকালীন বিরোধীরা সরকার কে তুলোধোনা করলেন। একজন মুখ্যমন্ত্রি তো হেলিকপ্টার নিয়ে উদ্ধার করতে চলে গেলেন নিজের রাজ্যের মানুষকে। ইশ্বরদত্ত ক্ষমতা নিশ্চিত, নাহলে ডুবন্ত মানুষের রাজ্যবিচার মোটেই সহজ কাজ না। এই অসাধ্য সাধন করেছিলেন বলেই বোধহয় সেই ভদ্রলোক আজকে ভারত শাসন করছেন। যাই হোক এই বিপর্যয়কে সনাতন ধর্মের মাথারা বললেন কর্মফল। পূবপাশের দেশের অনেক ওয়েবসাইটে দেখলাম এই ঘটনাকে, দুনিয়া থেকে কাফিরি ঘোচানোর ঐশ্বরিক প্রচেস্টা হিসেবে বর্ননা করা হয়েছে। খুঁজে দেখতে পারেন, সেসব বাংলাতেই লেখা। বঙ্গীয় প্রগতিশীল মানুষজন কিছুদিন বাইরে রাজ্য সরকারের নিন্দে আর ভেতরে ধর্ম ও তার কুফল নিয়ে ব্যস্ত রইলেন, কিন্তু গাড়োয়ালের নিশ্চিহ্ন হয়ে যাওয়া মানুষের জন্যে তাঁরা কিছু করেছেন বলে মনে পড়ছেনা। আর পরিশেষে আমাদের রাজ্যসরকার কি করলেন তা নিয়ে নিরব রইলাম। আমার বয়স বাড়ছে। সব বিষয়ে কথা বলাটা বাচালতার লক্ষন।

টিভির পর্দায় এসব ছবি দেখতে দেখতে কত কথাই মনে পড়ছিলো। ওই রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশি, গৌরিকুন্ড। ভারতসেবাশ্রম সঙ্ঘ আর তার মহারাজরা। পুরোহিত গোবিন্দ শুক্লা ও তাঁর ছেলে গৌতম শুক্লা। কেদারনাথের এই সেবায়েত পরিবার পুরুষানুক্রমে আমাদের বংশের সঙ্গে যুক্ত। কে জানে কত শ বছর ধরে আমরা ওনাদের যজমান ! কেউ কেদারনাথে গেলে, আমাদের বাড়ি ও বংশের নামটুকু বললেই হলো, এক গাল অমায়িক হাসি, লম্বা সিড়িঙে চেহারা, কপালে সাদা চন্দনের তিলক, মাথায় উলের লম্বাটে টুপি, গায়ে আলোয়ান আর ইষৎ হলদেটে ধুতি নিয়ে হাজির হয়ে যান এই গৌতম শুক্লা। বয়স প্রায় আমারই মতো। হয়ত দু চার বছর এদিক ওদিক। ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলেন, কিন্তু তাতে আদর আপ্যায়নের ত্রুটি হয়না কোন। গোবিন্দ শুক্লা গত হয়েছেন। যতদিন তিনি ছিলেন, তিনিই আসতেন। শুধু কেদারনাথে গেলেই যে দেখা হয় তা নয়, প্রতি বছর শীতের সময় নিয়ম করে যজমান বাড়িতে আসেন। সঙ্গে আনেন কেদারনাথের ব্রহ্মকমল, প্রসাদ, চরনামৃত, আর হয়ত কখনো এক খানা বাঁধানো পট। এক কাপ চা খান। দুটো কথা হয়, কখনো কোনো পরিচিত জনের সম্পর্কে, কখনো আবার নেহাৎই ব্যবহারিক জীবনের কথা। এক খানা ধুতি , কেনাই থাকে, আর ১০০ টি টাকা। এটুকুই। চাহিদা বড় সামান্য। কে জানে কত বছর ধরে এই আসা যাওয়া চলছে। ভরা শীতে কেদারের পুজো কেদারনাথে হয় না। দীপাবলির পর কেদারের ছড়িদার, বা পুরোহিতরা কেদার বিগ্রহকে নামিয়ে আনেন উখিমঠে। কেদারনাথ তখন ঢেকে যায় বরফে। আবার পরের বছর গ্রীষ্মে কেদারনাথ মন্দিরে ফিরে যায় বিগ্রহ। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দরজা আবার খোলা হয়।

কেদারনাথ আর পাঁচটা তীর্থের মতো না। একটু আলাদা। বাঙালীরা প্রচুর পরিমানে কেদার আসেন। কিন্তু শুধু মাত্র দেব দর্শনের অভিপ্সা নিয়ে আসেন কি? নাকি অন্য কিছুও আছে, যা শয়ে শয়ে বছর ধরে তীর্থযাত্রিদের টেনে নিয়ে চলেছে হিমালয়ের ওই তুষারাবৃত উচ্চতায়? হরিদ্বার থেকে বাস বা গাড়িতে চড়ে বসা। হৃষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশি পেরিয়ে গৌরিকুন্ড। রাস্তার দুরত্ব ২৩৫ কিলোমিটার। এখানে দেখবেন মন্দাকিনির জল সাদা ফেনা তুলে ঘোর গর্জন করতে করতে ভীম বেগে নিচের দিকে বয়ে চলেছে। সে জলের অন্ততঃ ৩০ মিটার দূরে দাঁড়িয়ে পাশের লোকের সঙ্গে কথা বলতে গেলে তারস্বরে চেল্লাতে হয়। জল স্বভাবতঃই সাম্যবাদী। মানুষকে ছেড়ে দিলে সে চাইবে ওপরে উঠতে, আর জল কেবল ফিকির খোঁজে কি ভাবে নিচের দিকে নামবে। একটু সুযোগ পেলেই সমতলের দিকে দৌড় মারে। জলে আঘাত করুন, সে আঘাত জলের লাগেনা। তার হারাবার কিছু নেই। আপনার হাতে কেবল জলের স্পর্শ লাগবে। আবার এই জলই ফুঁসে উঠলে সব কিছু ভেঙ্গে তছনচ করে দিতে পারে। সাম্যবাদী হতে গেলে বোধহয় এমনটাই হতে হয়। গৌরিকুন্ড পর্য্যন্তই ছিলো গাড়ি চলার রাস্তা। এর পর থেকে বাকি যা বলবো, তা আজকের দিনে আর দেখতে পাবেন না। প্রলয়ংকর বন্যায় সে সব ধ্বংস হয়ে গেছে। গৌরিকুন্ড আসলে মন্দাকিনির ধারে ছোট্ট একফালি জমি। কোথাও পঞ্চাশ ফুট, কোথাও একশ ফুট চওড়া। তা বাদে দু দিকে পাঁচিলের মত খাড়া পাহাড় উঠে গেছে। গৌরিকুন্ডে উষ্ণপ্রস্রবন আছে। মানে মাটি থেকে গরম জল বের হয়। সেই কুন্ডের চারপাশ পাথর দিয়ে বাঁধানো। আর ঐ ফালি জমিতে কিছু যেমন তেমন করে তৈরি ঘর বাড়ি। তার সিংহভাগই ধর্মশালা। খুব সরু একটা পাথর বাঁধানো রাস্তা, যার বেশিরভাগটাই ধাপ কাটা সিঁড়ি। রাস্তার দু দিকে খুপরি খুপরি দোকান। বেশিরভাগই পুরি-সবজি আর জিলিপি-তেলেভাজার। সামান্য কিছু মনিহারি জিনিষপত্রও রয়েছে। সবকিছুই তীর্থযাত্রিদের জন্যে।

সকাল বেলা হরিদ্বার ছেড়ে সন্ধ্যের কিছু আগে গৌরিকুন্ড পৌঁছে বিশ্রাম। এরকম একটা পরিকল্পনাই করেন সবাই। গৌরিকুন্ডে ওই কুন্ড ছাড়া দেখার কিছু নেই। কুন্ডের গরম জলে চানটা কিন্তু দারুন অভিজ্ঞতা। সারা দিনের যাত্রার ধকলে, আর ঠান্ডায় আড়ষ্ঠ হয়ে পড়া শরীর একেবারে তাজা – চাঙ্গা হয়ে যায়। তার পরে একটা দোকানে ঢুকে এক প্লেট পকোড়া আর মালাইদার চা নিয়ে বসুন। মন প্রানে উৎসাহের জোয়ার আসবে। সমতলের শহুরে মানুষ বিশেষতঃ ৭০% বাঙালি কে আজকাল বাইরে গিয়ে দেখি সন্ধ্যে বেলা মুরগি আর সুরার সন্ধান করছেন, আর রাত্রে বিরিয়ানি। সুধী পাঠক, এর একটাও গৌরিকুন্ডে পাবেন না। শহুরে ভারতবর্ষ, আধুনিক ভারতবর্ষ, নবাবি ভারতবর্ষ, সাহেবি ভারতবর্ষের দুরত্ব, গৌরিকুন্ড থেকে দিল্লির ভৌগলিক দুরত্বের চেয়েও অনেক বেশী। গৌরিকুন্ড এখনো যেন আটকে আছে সাবেকিয়ানায়। সাবেকিয়ানা কথাটা কি ঠিক বললাম? বোধহয় না। গৌরিকুন্ডের পরিবেশ মানে, পুরোনো যুগে আটকে থাকা ভারতবর্ষ নয়। শুধু, অন্যরকম। আমাদের চেনা পরিসরের বাইরে কিছু।
রাত থাকতে উঠে পড়ে তৈরি হয়ে নেওয়া। কারন ব্রাহ্মমুহুর্তে রওনা হতে হবে কেদারনাথের দিকে। গাড়ি চলার রাস্তা গৌরিকুন্ডেই শেষ। এর পরে আপনাকে পায়ে হাঁটতে হবে। তবে কিনা এই ভারতবর্ষে ধর্মকর্মের জন্যে "মূল্য ধরে দেওয়া" বলে একটা নিপাতনে সিদ্ধ বন্দোবস্ত আছে। কাজেই আপনার হয়ে অন্য কেউ পদচালনা করতেই পারেন কিছু মূল্যের বিনিময়ে। মানুষ ও মনুষ্যেতর স্বেচ্ছাসেবক সর্বদাই প্রস্তুত সে জন্যে। আপনি তাদের কাঁধে চড়েই পৌঁছে যাবেন গন্তব্যে। তবে ডুলির বাহক আর ঘোড়া (খচ্চর, মোটেই ঘোড়া নয়) ওয়ালাদের সঙ্গে মূল্যধরে দেওয়া নিয়ে কিঞ্চিত ধস্তাধস্তি এই যাত্রার একটা অছেদ্য অঙ্গ, এক যদি না আপনি পায়ে হেঁটে চলেন। এই ব্রাহ্মমুহুর্তে আলো প্রায় ফোটেনি । অথচ রাস্তাঘাটের ঘুম ভেঙ্গে গেছে। এখানে থাকার জন্যে আছে ধর্মশালা, আর একটা কি দুটো একটু হোটেল গোছের বস্তু। তীর্থযাত্রিরা হাতে লাঠি আর সর্বাঙ্গ গরম জামায় ঢেকে বেরিয়ে আসছেন রাস্তায়। এই লাঠি গুলো এখানে ভাড়া পাওয়া যায়। লাঠির তলার দিকটা ধাতু দিয়ে বাঁধানো আর ছুঁচলো। এদিক ওদিক দোকানগুলোয় চায়ের জল ফুটছে। সর্বত্র একটা নীলচে ধোঁয়াটে ভাব। তার কিছুটা কুয়াশা, আর কিছুটা অসংখ্য চায়ের দোকানের উনুনের ধোঁয়া। এই চায়ের সঙ্গে সমতলের চায়ের অমিলই বেশী। বাংলা চায়ের অমিল তো চোখে পড়ার মত। দুধ বেশী, লিকার ঘন, আদা বা এলাচ থাকতে পারে চায়ে। কনকনে হাড়কাঁপানো ঠান্ডায়, এই চা, এক ভাঁড় খেলে, আর এক ভাঁড় খেতে ইচ্ছে করে। ভারতবর্ষের সমতলের গনগনে গরম এখানে অনুপস্থিত। গৌরিকুন্ড প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে। আর শুধু তাই নয়, এখান থেকে হাত বাড়ালেই হিমালয়ের মূল অংশ, মানে হিমাদ্রী। মন্দাকিনির গা থেকে খাড়া উঠে যাওয়া ঘন সবুজ রঙের পাহাড় গুলোর পেছনে দেখা যাচ্ছে দুধ সাদা শৃঙ্গমালা। হিমালয়ের এত ওপরে বাতাসে ধুলোবালি খুব কম। তাই স্পষ্ট দৃষ্টি চলে বহুদুর। মনে হয় হাতবাড়ালেই ছোঁয়া যাবে বরফ।

পাহাড়ি জায়গা এমনিতে একটু নোংরা হয়। ধোয়াধুয়ির জন্যে জলের বাজে খরচা অনেকেই করেনা। কিন্তু পাশে মন্দাকিনি থাকার জন্যেই বোধহয় গৌরিকুন্ড, অন্যান্য চটির তুলনায় কিছুটা পরিস্কার। তবে কিনা ভোরের আবছা আলোয়, রাস্তায় বেরিয়ে চায়ের গন্ধের সঙ্গে আরো কিছু গন্ধ আপনার নাকে আসবে। এই যেমন ধরুন রাস্তায় ঘোড়ার টাটকা ইয়ে, তখনো হালকা ধোঁয়ার মত বাস্প উঠছে, তার পরে ধরুন ঘোড়া ওয়ালা আর ডুলি বাহকদের অস্নাত দেহজ গন্ধ। সেই সঙ্গে যোগ হয়েছে পচা ফুল পাতা আর বাসি-পচা খাবারের গন্ধ। বাঙালি যাত্রির পেটে গাড়োয়ালি ভাজাভুজি ভালো সহ্য হয়না। অম্বলে ভোগা কিছু বাতকম্মও আশেপাশের বাতাস কে ভারি করেছে। তবে সবই খারাপ এমনটা নয়। ধুপ, টাটকা ফুল, ধুনো এসবের গন্ধও রয়েছে। সেই সঙ্গে টাটকা পুরি সবজি, জিলিপির গন্ধ। সব মিলিয়ে মিশিয়ে এমন একটা কিছু তৈরি হয়েছে, তার তুলনা টানার মত চট করে কিছু খুঁজে পাচ্ছি না।

রাস্তার ওপর গিজগিজ করছে লোক। ওই অত ভোরেও। চায়ের দোকানের সামনে সব চেয়ে বেশী ভিড়। এখানে যাত্রিদের একটা বড় অংশই বাঙালি। তেনাদের বাঁদুরে টুপি, হাল ফ্যাশনের জ্যাকেটের ওপর দিয়ে জড়ানো উলের মাফলার, আর অনভস্ত্য স্নিকার পায়ে আড়ষ্ট হাঁটা দেখে চেনা কঠিন না। এ ছাড়াও আছেন উত্তরাপথের হিন্দিভাষী তীরথ্‌ইয়াত্রি। কিঞ্চিত বয়স্ক একজন নেতা, তাঁর সঙ্গে দল চলেছে কেদারনাথ। নেতা উচ্চস্বরে দেহাতী হিন্দিতে তাড়া দিয়ে ডাকাডাকি-বকাবকি শুরু করেছেন। প্রথমে কয়েক মিনিট একপেশে বকাবকির পরে অপরদিকের আর্টিলারি জবাবি ফায়ার শুরু করে। ইনি গুলাবী ফুলওয়ালি শাড়ির অবগুন্ঠনের নিচে গায়ে জড়িয়েছেন আলোয়ান। নিচে বোধহয় বেগুনী সোয়েটার। কিন্তু বুড়ির জবাবি হামলার এতটাই জোর, দেখলাম দেহাতী বুড়ো, উলটো মুখে ঘুরে লাঠি হাতে কেদারের দিকে একাই হাঁটতে লেগেছে। ওদিকে দেখি চওড়া চৌকো গোঁফ, আর বড়বড় চকচকে চোখ নিয়ে একদল দক্ষিন-ভারতীয় যাত্রি ইতিউতি চাইছেন। তাঁদের পছন্দসই "কাপি" পাওয়া দুস্কর এখানে। সবই চায়ের দোকান। তার ওপরে ভাষার ব্যবধান, এখানে সব কিছুই তাঁদের কাছে অচেনা "নার্ত ঈয়েন্ডিয়ান"। হাফ প্যান্ট আর হুডি পরে কিছু সাদা চামড়ার ছেলে ছোকরাও আছে , দু এক জন কিঞ্চিত বয়স্ক বিদেশীও পাওয়া যাবে ভিড়ের মধ্যে। এনাদের যাত্রার কারন কি নিছক "Exotic India" খোঁজার চেষ্টা? সে তো গোটা দেশেই আছে। নাকি পাহাড়ি সৌন্দর্‍্য্য? সে ও গোটা হিমালয়েই ছড়ানো। হিন্দু তীর্থ দেখতে চাইলেও তিরুপতি আছে, বেনারস আছে, আরো কত কি আছে। কি জানি? আমার মনে হয়েছে, এসব একটা কারনও ঠিক নয়। আমি আমি ঠিক যে কারনে কেদার চলেছি, এরাও সেই একই কারনে চলেছে কেদারে।

গৌরিকুন্ডে একটাই রাস্তা। সে রাস্তা উত্তর দিকে চলে গেছে কেদারের পথে। মহাভারতের পঞ্চপান্ডব এই রাস্তা ধরেই মহাপ্রস্থানে গিয়েছিলেন। কাজেই কেদার আবহমানকালের। কত দিন ধরে, কত যুগ ধরে মানুষ এখানে আসছে তীর্থ করতে বলা দুস্কর। মহাভারতে, পথের যা বর্ননা আছে, তার সঙ্গে এখনকার দৃশ্যপট প্রায় সবটাই মিলে যায়। কেবল মাঝে মধ্যে দু একটা বিদ্যুতের খুঁটি, লাক্স কোজির বিজ্ঞাপন আর ম্যাগি নুডলসের সহজলভ্যতা মহাভারতের ওপরে যোগ হয়েছে। আর হ্যাঁ, আমাদের চা খাওয়ার অভ্যেস তৈরি করেছে ব্রিটিশরা। মহাভারতের সময় চা খাবার চল ছিলো না। থাকলে হয়ত পাঞ্চালী – "আঁর পাঁরচিনা" বলে চায়ের দোকানের বেঞ্চিতে বসে পড়তেন, আর মধ্যম পান্ডব চা ও তার সঙ্গে কিঞ্চিত টা এর হুকুম দিতেন দোকানিকে। ভীমসেন খাওয়া-দাওয়ার ব্যাপারটা ভাল বোঝেন। গৌরিকুন্ডের বাড়ি ঘর ঠিক যেখানটায় শেষ হয়, সেখানে ডুলি ওয়ালাদের আড্ডা। ব্যাপারটা মোটেই জটিল না। একটা কাঠের বেঁটে চেয়ার। তার দুই হাতলের সঙ্গে লম্বা লম্বা দু খানা বাঁশ শক্ত করে বাঁধা। আপনি হেঁটে যেতে চাইছেন না কেদারে, এসে বসে পড়লেন ওই ডুলিতে। এবারে চারজন বাহক ওই দু খানা বাঁশ ধরে চেয়ারটা কাঁধের ওপর তুলবে। ডুলিকে অনেকে ডান্ডি ও বলেন। এই বাহকদের পা ফেলা, একটা দেখবার মত জিনিস। মোড় ঘোরার সময় এক দিকের বাহক কে ছোটো পা ফেলতে হবে, অন্য জনকে লম্বা। নিখুঁত হিসেবে এনারা সেটা করেন। আর আমাদের চেনা পাল্কির গানের হুহুম-নার মতো একটা অদ্ভুত সুর করে ছড়া কাটতে থাকেন। এ ছাড়াও আছে কান্ডি। যাঁদের রেস্ত কম, তাঁরা কান্ডিতে চড়েন। একটা ঝুড়িতে যাত্রিকে বসিয়ে, সেটাকেই বাঁশে ঝুলিয়ে বয়ে নিয়ে যান দু জন বাহক। খরচ ডান্ডির তুলনায় কম।

ডান্ডি বলুন বা কান্ডি, পাহাড়ের এই উচ্চতায় যেটা আপনার চোখে পড়বেই, তা হলো মানুষের পেশী শক্তির অপরিমিত ব্যবহার। এ অঞ্চলে চাষবাস খুব একটা হয়না, কারন পাহাড়ে চাষযোগ্য জমি খুব কম। ধাপ কেটে কেটে সরু ফালি জমি বার করে কিছুটা চাষের চেষ্টা করা হয় বটে, কিন্তু সে ব্যবস্থা নেহাৎই অপ্রতুল। আর চাষের পদ্ধতিও মান্ধাতা আমলের। সেচের তেমন সুবিধে নেই, শুধু মাঝে মধ্যে নদী বা সোতা ছাড়া। তাও সারা বছর সব কটায় জল থাকেনা। জীবন ও জীবকা নির্বাহ তাই খুব কঠিন এ সব অঞ্চলে। অনেক দূরে দূরে কিছু সম্পন্ন ছোটো শহর হয়ত আছে, যেমন রুদ্রপ্রয়াগ বা চামোলি কিন্তু সাধারন জনপদবাসি গাড়োয়ালিদের অর্থনৈতিক সঙ্গতি খুবই কম। এই বাজার অর্থনীতির দেশে যার হাতে পয়সা নেই, তার সামাজিক ক্ষমতাও নেই। ভারতবর্ষের আর পাঁচটা অঞ্চলের মত এখানেও সমাজে ধনি-গরিব দুই ই আছে। তবে তাদের অনুপাতটা বড্ড একপেশে। এখানে গরিবের সংখ্যা অনেক বেশী। এরকম ভয়াবহ দারিদ্র আমি খুব কম দেখেছি। কল্পনা করতে পারিনা, পেটে কতখানি খিদে থাকলে ছেঁড়া চট গায়ে, পায়ে রবারের টায়ারের টুকরো বেঁধে একটা মানুষ কনকনে ঠান্ডায় মাঝরাতে উঠে আর একটা মানুষকে কাঁধে তুলে ৬ হাজার ফুট উঠে আবার নেমে আসে। চোখের সামনে এদের দেখে মন কে বোঝাতে চেষ্টা করেছি, এরা পাহাড়ি, এদের অভ্যেস আছে। কিন্তু যতই বোঝাই, এঁদের মুখের ভাঁজে ভাঁজে যে যন্ত্রনা আর বঞ্চনা স্থায়ী ভাবে লেখা হয়ে গেছে, সেটা দেখার পরে ভুল বোঝা অসম্ভব। যতদিন দেবতা আছেন, দেবতায় বিশ্বাস আছে, ভরসা আছে, ততদিন এই গরিব মানুষ গুলো খিদে পেটে জীবন সংগ্রাম চালিয়ে যাবেন। কিন্তু যেদিন দেবতার আসন টলবে, সেদিন এই গরিব মানুষ গুলো কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া মেদবহুল শেঠ দের ছুঁড়ে ফেলে দেবেন ওই মন্দাকিনিতে, সেই সঙ্গে হাজার হাজার বছরের গোলামিকেও বিসর্জন দেবেন ওই জলে। এঁরা নিজেরাই নতুন তীর্থ তৈরি করবেন একদিন।   

মানুষের কাঁধে চড়ে যেতে যাঁদের মন চায়না, আবার হেঁটে ৬ হাজার ফুট পাহাড়ে চড়তেও যাঁরা নারাজ, তাঁদের জন্যে ডুলির আড্ডার কিছুটা পরেই এক গাল্ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াওয়ালারা। মুখ দেখলেই বুঝবেন, ঘোড়াওয়ালাদের সবাই গাড়োয়ালি নয়। বরং বেশ কিছু মঙ্গোলিয় মুখ চোখে পড়বে। এরা খুব সম্ভবতঃ নেপাল থেকে যাত্রার মরশুমে এখানে আসে ঘোড়া নিয়ে। আর কিছু লোকজন কে দেখে মনে হয় আরো উত্তর পশ্চিমের। মুখের ভাঙ্গা হিন্দি শুনেও মনে হয়, কেমন যেন একটা অচেনা সুর। এরা কি কাশ্মিরি? কি জানি? জিজ্ঞেস করা হয়নি। দরদস্তুর করতে যে টুকু সময়, তার পরে ঘোড়ায় চড়া। আমি এক কথায় ঘোড়ায় চড়ার কথা বলে দিলাম বটে, কিন্তু আনাড়ির পক্ষে ব্যাপারটা এতটা সোজা নয়। এখানে ঘোড়ায় সওয়ার হন প্রধানতঃ দু ধরনের লোকজন। একদল খাস উত্তরভারতের বাসিন্দা। ঘোড়ায় চড়তে দেখে বোঝা যায়, এনাদের কিছুটা অভ্যেস আছে। দ্বিতীয় দল, প্রধানতঃ বাঙালি, আর বেশীরভাগই মহিলা। ঘোড়ায় করে কেদারনাথ যাবার খরচ খুব কম নয়। কিছুটা খরচ বাঁচাবার জন্যে অনেকেই বাড়ির মহিলাদের ঘোড়ায় তুলে দেন, আর পুরুষরা হেঁটে যান। অ্যাকিলিসের গোড়ালির মত, বাঙালির হাঁটু খুব দুর্বল জায়গা। হাঁটু বাঁচাতে আনাড়ি মহিলাদের ঠেলে ঠুলে ঘোড়ার ওপর বসানো হলো। মহিলা আতংকে কাঠ হয়ে বসে আছেন ঘোড়ার ওপর। ঘোড়া একটু একটু নড়ছে। মহিলা শিউরে উঠছেন। "নামিয়ে দাও", "আমি এই ভাবে যেতে পারবোনা", "ওরে বাবা", "ঘোড়া বড্ড নড়্‌ রাহা হ্যায়" এই সব টুকরো টাকরা কথা কানে ভেসে আসবে। এই অবধি তবু ঠিক ছিলো। কিন্তু চার মহিলাকে ঘোড়ায় চড়িয়ে ঘোড়াওয়ালা, ঘোড়াগুলোর পাছায় একটা করে থাপ্পড় মেরে দিলো। আর ঘোড়াগুলো কেদারের দিকে হাঁটতে শুরু করলো। কয়েক কদম চলবার পরে এলো আতংকের দ্বিতীয় লহর। প্রবল বিষ্ময়ে মহিলারা দেখলেন ঘোড়াওয়ালা পেছনে রয়ে গেছে। ঘোড়া গুলো নিজে নিজেই এগিয়ে চলেছে রাস্তায়। এবারে চেঁচামেচির পর শেষ ঘোড়ার আড়াল থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট পাহাড়ি ছেলে। কতই বা বয়স? ৯-১০ বছর। এই ক্ষুদেই নাকি ঘোড়া নিয়ে যাবে। তার বাবা আরো যাত্রিদের অন্য ঘোড়ার ব্যবস্থা করবেন গৌরিকুন্ডে। আর আসলে ঘোড়ারা নাকি নিজে নিজেই চলে যাবে, কাউকে নিয়ে যাবার দরকার হবে না। মহিলাদের শেষ ভরসাটুকুও চলে যায় যখন তাঁরা আতংকের তৃতীয় ধাক্কায় আবিস্কার করেন সোজা সামনে যাবার বদলে, ঘোড়াগুলো কেমন যেন কোনাকুনি হয়ে খাড়াই রাস্তায় ওপরে উঠছে। শুকিয়ে যাওয়া গলায় চিঁচিঁ করে অনুযোগ করেন "এই বাচ্ছা, তুমহারা ঘোড়া কোনাকুনি কিঁউ যাতা হ্যায়?। গম্ভির গলায় ক্ষুদে পাহাড়ি ওস্তাদ জবাব দেয় –"হিম্মত না হারে মা-জি"। ব্যাস, ওই টুকুই ভরসা। "মা" বলছে যখন, তখন নিশ্চই ফেলে দেবে না ঘোড়া থেকে। আর ভরসা বাবা কেদারনাথ।

"জয় বাবা কেদারনাথ" , "ব্যোম ব্যোম ভোলে" এই সব হাঁক ছেড়ে ভোরের নরম আলোয় তীর্থযাত্রির দল গৌরিকুন্ড পেরিয়ে পা রাখেন কেদারের রাস্তায়। পাথরে বাঁধানো রাস্তা। প্রায় ১০ থেকে ১২ ফুট চওড়া। আর খাদের দিকে রেলিং দেওয়া। কিন্তু সব জায়গায় নয়। খুব খাড়াই রাস্তা নয় প্রথম কয়েক কিলোমিটার। হাঁটা তেমন কঠিনও নয়। কিছুটা অন্তর জলের ব্যবস্থা রয়েছে। মাঝে মাঝে দু একটা বসার জায়গাও দেখা যাচ্ছে। দু পাশের দৃশ্য অতি মনোরম। ডান দিকে মন্দাকিনি বয়ে চলেছে অনেকটা নিচে দিয়ে। আর বাঁ দিকে খাড়া পাহাড়। পাহাড়ে গাছপালার ঘন জঙ্গল। আর সামনের পাহাড় গুলোর গায়ে দেখা যাচ্ছে একটা সরু সাদা ফিতে। ওটাই রাস্তা, চলে গেছে আরো উত্তরে, কেদারনাথের দিকে। গৌরিকুন্ড সমুদ্রতল থেকে প্রায় ৬ হাজার ফুট উঁচুতে। আর কেদারনাথ ১২ হাজার ফুট। কাজেই আপনি ট্রেনে আর গাড়িতে চড়ে এ পর্যন্ত যতটা উচ্চতা উঠেছেন, ঠিক ততটা উচ্চতাই আপনাকে উঠতে হবে এবার পায়ে হেঁটে। তফাত আরো আছে। আমার মত হাওড়া স্টেশন থেকে যদি ধরেন, তাহলে প্রায় ২০০০ কিলোমিটারে আপনি একটু একটু করে ৬ হাজার ফুটে উঠেছেন। এবারে বাকি ৬ হাজার আপনাকে উঠতে হবে ১৪ কিলোমিটার দুরত্বের মধ্যে। মানে প্রতি কিলোমিটারে গড়ে প্রায় ৪২০ মিটার। আমাদের পরিচিত যুবভারতি ক্রিড়াঙ্গনের ছাত মোটামুটি মাটি থেকে ১০০ ফুট ওপরে। এবারে ভাবুন, আপনাকে ১ কিলোমিটারের মধ্যে কি পরিমান ওপরে উঠত হবে।

কাকভোরে যাত্রা আরম্ভের উত্তেজনায় শুরুতে অনেকে স্লোগান দেন, কথা বলেন, জোরে জোরে চলতে থাকেন। শুরুর দিকে চারিদিকে কথা অনেক বেশি। কিন্তু আধ ঘন্টার ভেতরেই শব্দ কমে আসে। তখন শুধু ঘোড়ার খুরের খটখট আর গলায় বাঁধা ঘন্টার ঠুংঠুং আওয়াজ, মানুষের জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ, রাস্তার ধারের বনের ভেতর ঝিঁঝিঁ পোকার আওয়াজ। মাঝে মধ্যে দু এক জন ফিরতি পথে নামতে থাকা মানুষের সঙ্গে মুখোমুখি হয়ে যাওয়া ছাড়া গোটা রাস্তায় আর কোনো ভাগাভাগি নেই। সমস্ত রাস্তা জুড়েই ওপরে উঠতে থাকা যাত্রিরা। তবে কিনা পয়দল চলা হলেও, দু-পেয়ে আর চার-পেয়ে তে তফাত আছে। প্রায়শঃই ঘোড়াদের জায়গা ছেড়ে দিতে হয়। ব্যাটারা মাঝে মাঝে নাক দিয়ে সর্দি ঝাড়ার মত "ফর্‌র্‌র্‌ ফোঁৎ" করে বিকট এক রকম শব্দ করে। ওইটে আগুপিছু শুনলেই সাবধান হবেন। ব্যাটাচ্ছেলে পিঠে সওয়ার নিয়ে কোনাকুনি ধেয়ে আসছে। মানে মানে রাস্তা ছেড়ে দেওয়াই ভালো।

চলতে চলতে গলা শুকিয়ে যায়। এ রাস্তায় চলার সময় সঙ্গে মালপত্র যতটা সম্ভব হালকা রাখাই ভালো। এক লিটার জলের ওজন ১ কিলো, সেই কবে বইতে পড়েছি ইস্কুলে। এখানে এসে সত্যিটা উপলব্ধি হয় হাড়ে হাড়ে। তবে চিন্তার তেমন কিছু নেই। কিছুটা গেলেই একটা করে জলসত্র পাওয়া যায়। তীর্থযাত্রীদের তৃষ্ণার জল দেওয়া পূন্যের কাজ বলে অনেকের বিশ্বাস। সেই বিশ্বাসে ভর করে মাঝে মাঝেই দু এক জন বসে আছেন জলের জালা নিয়ে। বরফের মত ঠান্ডা কনকনে সে জল পান করলে শরীরে জান ফিরে আসে। আবার হাঁটা শুরু হয় লাঠিতে ভর করে। মাঝে মধ্যে এক একটা মোড় ঘুরলে পাহাড়ের নতুন একটা খাঁজ নজরে আসে। পেছনে তাকালে বোঝা যায়না, কোথা দিয়ে আর কত দূর এলাম। তবে হ্যাঁ, মাঝে মাঝেই এক একটা পাথরের ফলকে কিলোমিটারের হিসেব লেখা রয়েছে।

যাত্রার শুরুতে যে সব অত্যুৎসাহী জোর কদমে পাহাড়ে চড়ছিলেন, এখন ঘন্টা দুয়েক পর তাঁদের অনেকেই ধুঁকতে শুরু করেছেন। পাহাড়ে চড়ার ক্ষেত্রে আপ্তবাক্য হলো গুটিগুটি পায়ে আস্তে আস্তে চলা। বাহাদুরি দেখালেই দম শেষ। যখন মনে হবে আর পারা যাচ্ছেনা, হাঁটু কাঁপছে, কোমর পিঠ ব্যাথায় ভেঙ্গে পড়ছে, তখন একটু রাস্তার ধার করে কোথাও বসে পড়ুন। রাস্তার পাশে বসার জায়গা রয়েছে মাঝে মধ্যে। বিশ্রাম নিন, কিন্তু সাবধানে। খুব বেশিক্ষন বিশ্রাম নয়। তাহলে অবসাদ চেপে ধরবে। এখনো অনেক রাস্তা সামনে যাবার আছে। ঘড়ি ধরে ৫ মিনিট। তার পরেই উঠে পড়ুন। পরের ২ কিলোমিটারে আর বসা নয়। যদি দলে যান, তাহলে সব দলের মত আপনার দলেও দু একটি কিঞ্চিত কুঁড়ে গোছের লোক থাকবেনই। তাঁরা হয়ত আরো ক-মিনিট বসতে চাইবেন। কিন্তু আপনি যদি দলপতি হন, এসব ওজর আপত্তিতে কান না দেওয়াই ভালো। যত ওপরে উঠবেন, তত দৃশ্যপট বদলাবে। গাছের আকার ছোটো হতে থাকবে। ঝোপঝাড় মিলিয়ে যাবে। আকাশ আরো বেশী করে দেখা যাবে। প্রায় সাত কিলোমিটার পেরিয়ে এসে যখন আপনার মনে হচ্ছে আর এক পা ও এগোতে পারবেন না, গায়ের জামা ঘামে ভিজে চুপচুপে, গলা শুকিয়ে কাঠ, ক্লান্তিতে শরীর ভেঙ্গে পড়ছে, ঠিক তখনই একটা মোড় ঘুরে চোখে পড়বে কয়েকটা বাড়িঘর। আপনি কেদার যাত্রার ঠিক মাঝামাঝি, রামওয়াড়া চটিতে পৌছেছেন।

রামওয়াড়া চটিতে বেশিরভাগ বাড়িই অস্থায়ী কাঠামো। তাও আবার সংখ্যায় সব মিলিয়ে গোটা ১৫-২০ হবে। এখানে যাত্রিরা বিশ্রাম নেন। কিছু খাবার দাবারও পাওয়া যায়। খাবার বলতে পুরি-সবজি, ডাল-ভাত এই সব। তবে কালের নিয়ম মেনে এখানেও হলদে রঙের ম্যাগির প্যাকেট দেখতে পাবেন। আজকাল বেশিরভাগ লোকে সেটাই খায়। তৈরি সহজ, তাড়াতাড়ি হয়, আর টাটকা গরম ধোঁয়া ওঠা খাবার সামনে হাজির। রামওয়াড়ায় আধ ঘন্টা জিরিয়ে, অল্প কিছু খেয়ে আবার রাস্তায় নামা। এর পরের চড়াই আরো বেশি। রামওয়াড়ার পরেই দৃশ্যপট বদলাতে থাকে। বড় বড় গাছের আলপাইন অরন্য, যা এতক্ষন সঙ্গে ছিলো, একেবারেই সংখ্যায় কমে আসে। এখন শুধু তৃনভূমি। রাস্তার ডান পাশে মন্দাকিনি এক ভাবে বয়ে চলেছে আমাদের সঙ্গে। দার্জিলিঙের রাস্তায় যেমন চুলের কাঁটার বাঁক বেয়ে গাড়ি কিম্বা ছোট্ট রেলগাড়ি খাড়া পাহাড়ে ওঠে, এবারে এখানের রাস্তায় সেই রকম বাঁক দেখা দিতে শুরু করেছে। বেশিরভাগ রাস্তাই এখন সিঁড়ির মত ধাপ কাটা। চারিদিকের মানুষজন কথা প্রায় বলছেন না। একমাত্র ঘোড়ায় চড়া যাত্রিরা আর ডুলিতে চড়া মানুষজন তাড়াতাড়ি চলেছেন। ডুলির বাহকরা কিভাবে এত তাড়াতাড়ি চলেন সেটা তাঁরাই বলতে পারবেন। মনে হয় বুকের ভেতর বাড়তি দু খানা অক্সিজেন সিলিন্ডার আছে এনাদের। ঘোড়ার ওপর সওয়ারদের দিকে দেখুন। তেনাদের অবস্থা সঙ্গিন। ঘোড়ার পিঠে বসে থাকা সোজা নয়। দুলুনি, তার ওপরে কাঠ হয়ে বসে থাকেন অনভ্যস্ত লোকজন। আর এইখানেই করেন ভুল। শরীর যত আলগা করে বসবেন, তত গায়ে ব্যাথা কম হবে। না হলে ঘোড়ায় চড়ার পরের দিন গায়ে এমন ব্যাথা হয়, হাত পা নাড়ানোই দুস্কর হয়ে ওঠে। কেন জানি, ঘোড়সওয়ারদের দেখে, আপনার সোনার কেল্লার লালমোহনবাবুর কথা মনে পড়বে। সেই উটে চড়ার দৃশ্য।

রামওয়াড়া ছাড়ানোর পর কিছুটা পথ গেলেই, তুষার শোভিত হিমাদ্রীর শৃঙ্গ দেখা দিতে থাকে। ঘন নীল আকাশের বুকে চোখ ধাঁধানো সাদা তুষারে ঢাকা হিমালয় মাথা উঁচু করে রয়েছে। মাথায় সাদা পেঁজা তুলোর মত মেঘ লেগে রয়েছে। চারিদিক প্রায় শব্দহীন, কেবলমাত্র অনেক নিচে মন্দাকিনির জলের আওয়াজ। বেশিক্ষন তাকানো যায়না, চোখ ঝলসে যায়। কিন্তু এই দৃশ্য আপনাকে ভরসা দেয়। শুকনো মুখে, হাঁপধরা বুকে, ক্লান্ত পায়ে আর টাটানো পিঠ-কোমর নিয়ে আপনার মন আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়, আর ভাবে, অনেকটা পথ আপনি এগিয়ে এসেছেন। এখানে রাস্তার দুদিকে আর কোনো সবুজ দেখা যায়না। যে উচ্চতায় আপনি উঠে এসেছেন, এখানে উদ্ভিদ জন্মাতে পারেনা। আপনার হাঁফ ধরা শুধু ক্লান্তির জন্য নয়, এখানে সত্যিই বাতাস অনেক পাতলা হয়ে এসেছে। অক্সিজেন কম। খুব সাবধান হবেন। হাঁটার গতি আরো কমিয়ে দিন। অক্সিজেন কম থেকে অনেক রকম উপসর্গ হতে পারে। প্রধানত মাথা যন্ত্রনা আর বমি পাওয়া। ডায়ামক্স বলে একটা ওষুধ আছে, সকালে গৌরিকুন্ড থেকে সেটা একটা খেয়ে বেরোতে পারেন। তাতে এই উপসর্গগুলো এড়ানো যায়। আমি যখন গৌরিকুন্ড থেকে বেরিয়েছিলাম, তখন কেন এ কথাটা লিখিনি? আরে মশাই, এই এতটা হেঁটে এসে তবেই আমার ওষুধের কথাটা মনে পড়েছিলো। তাই আপনাকে আগে বলিনি। ডায়ামক্স খেলে একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন। বড্ড ঘন ঘন প্রকৃতির ডাক শুনতে পাওয়া যায়। তবে বড় নয়, ছোটো। সে ব্যবস্থা রাস্তার ধারে অনেক। বড়র ব্যবস্থাও আছে বটে, বাঁশের খুঁটিতে চট টাঙিয়ে অস্থায়ী ব্যবস্থা।

চারিদিকে কেবল কালচে পাথর, আর হলদেটে বালি। না আছে মাটি, না আছে সবুজ। কেবল অনেক নিচে মন্দাকিনির দু পাশে অল্প সবুজ ঘাস। কোনো বড় গাছ গাছালি নেই। সে সব অনেক নিচে ছেড়ে এসেছি আমরা। সামনে এখন হিমালয়ের মূল শৃঙ্গরাজি স্পস্ট। কেদার শৃঙ্গ দেখা যাচ্ছে, যার মাথাটা ঠিক ছুঁচলো নয়, অনেকটা শিবলিঙ্গের মত গোল। একটা বাঁক ঘুরেই আপনার সামনের যাত্রিদের দলটা ভাঙ্গা গলায় বলে উঠলো "জয় বাবা কেদারনাথ"। সেই সকাল ৬টায় যাত্রা শুরুর সময় আপনি শুনেছিলেন এই হাঁক, এতক্ষন পরে আবার শোনা গেল। কিন্তু ব্যাপারখানা কি? এ জায়গাটা থেকে প্রথমবার কেদারনাথ মন্দির দেখা যায়, এর নাম দেও-দেখনি। আপনি দেখলেন বহু দূরে সত্যিই দেখা যাচ্ছে কেদারের জনপদ। বেশীক্ষন দাঁড়াবার উপায় নেই। ঘন্টা ৬-৭ চলে গেছে যাত্রা শুরুর পরে। বেলা বাড়লে এখানে পাহাড়ের মাথায় মেঘ জমতে থাকে, এবং প্রায় প্রতিদিনই দুপুরের দিকে ঝিপঝিপ করে বৃষ্টি নামে। অনেকেই সেই জন্যে গৌরিকুন্ড থেকে প্লাস্টিকের চাদর নিয়ে আসেন। সেগুলোও লাঠির মতই ভাড়া পাওয়া যায়।

রাস্তার চড়াই ক্রমশঃ বাড়ছে। একটা সময় মনে হয়, শুধুই ধাপ কাটা সিঁড়ি, সমান রাস্তা প্রায় নেই। চলতে চলতে হাঁফ ধরা বাড়তে থাকে, শরীরের ক্ষমতা কমতে থাকে আরো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মনের জোর অনেকটা বেড়ে যায়। মনে হয়, ঠিক পারবো, এতটা এলাম, আর একটুখানি, নিশ্চই পারব। আস্তে আস্তে কেমন যেন একটা অবশ লাগার মত অনুভুতি চেপে ধরে শরীর-মনে। নেশাগ্রস্থের মত হেঁটে চলা। কেদার জনপদ আবার পাহাড়ের ফাঁকে কোথায় হারিয়ে গেছে। শরীরে কষ্ট কি একটু সহনশীল হতে থাকছে? না কি মন, শরীরের কষ্ট থেকে নিজেকে খুব সাবধানে সরিয়ে নিচ্ছে? একটা অপার্থীব জগৎ চারিদিকে। সে জগৎ সুন্দর না অসুন্দর, তার বোধটুকুও যেন লোপ পেয়েছে। সামনে কেবল খাড়াই রাস্তা, তাতে আরো তীর্থযাত্রির হাঁটা। কোথায় আমার বাড়ি? কর্মক্ষেত্র? আত্মিয়স্বজন বা বন্ধুবান্ধব? আমার শিক্ষাদিক্ষা, সংস্কৃতি, অভ্যেস সব কিছুই কেমন যেন অর্থহীন হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপের সঙ্গে। আমি কি ফিরতে চাই বাড়ি? এখুনি ফিরে যেতে বললে ফিরে যাবো? বোধহয় না। আমার যাবতীয় পরিচয় ফিকে হতে শুরু করেছে। এমন কি খিদে তেষ্টার বোধও চলে গেছে অনেক আগেই। সামনে একমাত্র সত্য এই রাস্তা, চারিদিকের অচেনা মানুষগুলো, আর সামনে কোথাও থাকা ওই কেদারনাথ জনপদ। আমি কি ভগবানে বিশ্বাস করি? কখনোই নয়। ধর্মে আশা রাখি? নিশ্চিত ভাবেই না। কেন এলাম এখানে? কে বলেছিলো এই কষ্টের মধ্যে এসে পড়তে? কেউ না, কেউ না, কেউ না। শুধু মনে হয়েছিলো, কয়েক হাজার বছর ধরে, মানুষ কিসের টানে হিমালয়ের এই দুর্গম অঞ্চলে আসছে, সেইটা জানতে হবে। আর আজ, এইখানে , এই রাস্তায় চলতে চলতে, ১২ হাজার ফুটের ওপরে এসে, প্রথম বার মনে হলো সেই কারনটা জানতে পারলাম। বেনারসের গঙ্গার ধারে দাঁড়িয়ে এরকম অনুভুতি হয়েছে আমার। মনে হয়েছে আমার পরে থাকা মুখোস গুলো এক টানে কেউ ছিঁড়ে ফেলে দিলো। মুখোসের আড়ালে, হারিয়ে যাওয়া মানুষটাকে টেনে বের করে আনছে হিমালয়। পিছুটান নেই, অতীত নেই, অন্য কোনো পরিচয় নেই আমার। এই রাস্তা আর এই ভাবে হেঁটেযাওয়া, আমার আবহমানকালের পরিচয়, আমি যাত্রি।

"আরো আগে, ইতিহাসেরও আগে, ওরা কারা?
ঐ ইন্দ্রপুরী-ইন্দ্রপ্রস্থ থেকেই বেরিয়ে যাচ্ছে
হিমালয়ের দিকে-
মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক ও তাদের সঙ্গিনী
স্ব- স্বরূপ- অনুরূপা-
যুদ্ধ জয় ক'রেও যারা সিংহাসনে গিয়ে বসল না
কর্ম উদযাপন ক'রেও যারা লোলুপ হাতে
কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে,
ফলত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু ক'রে,
দেখিয়ে গেল প্রথমেই পতন হল দ্রৌপদীর-
পক্ষপাতিতার।
তারপর একে একে পড়ল আর সব অহঙ্কার
রূপের বিদ্যার বলের লোভের-আগ্রাসের"
– অচিন্ত কুমার সেনগুপ্ত, কবিতা – উদ্বাস্তু

বিশ্বাস করুন, স্পষ্ট অনুভব করবেন, একে একে আপনার সব কটা অহংবোধ খসে পড়ছে। এর সঙ্গে আস্তিকতার কোনো সম্পর্ক নেই। অনুভুতির জগৎ অবহেলার নয়। অনুভুতি মানুষকে মানবিক করে।

সামনের রাস্তা কিছুটা সমতল। অনেকক্ষন পরে সিঁড়ি ছাড়া এমনি রাস্তা দেখলাম। ক্লান্ত পদক্ষেপে কয়েক কদম এগিয়ে সামনের মোড় ঘুরেই দেখি দৃশ্যপট বদলে গেছে। সামনে একটু নিচেই ছলছল করছে মন্দাকিনি। তার ধারে বেশ কিছু লোকজন রয়েছেন, আরো ৫০০ মিটার দূরে মন্দাকিনির ওপরে একটা সাঁকো, আর সেটা পেরোলেই ওপাশে কিছু ঘরবাড়ি। ঘরবাড়ি গুলোর মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেদারনাথের মন্দির। এবারে আর চড়াই ভাঙ্গা নেই। বরং সামান্য কয়েক পা উৎরাই। কেদারনাথের মন্দির আর তার চারপাশ একদম অন্য  গল্প। সে নিয়ে লিখতে বসিনি। কেদারনাথ মন্দির রয়েছে বহাল তবিয়তে। তবে হ্যাঁ, কেদার জনপদের বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। আর গৌরিকুন্ড থেকে এই রাস্তা আর নেই। এখন উখিমঠ থেকে মন্দাকিনির অন্য পার দিয়ে তীর্থযাত্রিরা কেদারনাথ পৌঁছন। সে রাস্তা কেমন আমি জানিনা। এখনো যাওয়া হয়ে ওঠেনি। তবে যাবার ইচ্ছে রাখি।


গত দু বছর শীতের সপ্তাহান্তে হাসি মুখ নিয়ে গৌতম শুক্লা আসেননি। যে কথাটা চিন্তা করতে চাইনা, এড়িয়ে যেতে চাই, সেটা এখানে লিখবোনা ভেবেছিলাম। বিপর্যয়ের পরে অনেক দিন পর্যন্ত যোগাযোগের চেষ্টা চালিয়েছি। কিন্তু খোঁজ পাইনি এই সদাহাস্যমুখ গরিব মানুষটার। জানিনা গৌতম শুক্লা এখন কোথায়, আদৌ আছেন কিনা। তাঁর খোঁজেই নতুন পথ ধরে আর একবার কেদারনাথ যাবো।

বুধবার, ১ এপ্রিল, ২০১৫

বোকাদিন ~ তিতলী রায়চৌধুরী

​বোকা হয়ে জন্মেছি, বোকা দেশে বাস,
ভর্তুকি দিয়ে হয় বোকাদের চাষ।
ইস্কুলে ও কলেজে বোকা সিলেবাস,
কাগজে টিভিতে চলে বোকামির ক্লাস।
জনতার বুদ্ধি, সরকারি দাস,
শুধু এপ্রিল কেন, বোকা বারোমাস!

ভোট নিয়ে সরকার বানাচ্ছে বোকা;
ব্যাঙ্ক নেবে ই এম আই, দরজায় টোকা;
বাবাজী গুরুজী দেয় মাদুলির ধোঁকা;
চিটফান্ড নিয়ে যায় নোট থোকা থোকা;
চালে ডালে কেমিক্যাল, সবজিতে পোকা;
ছড়া লিখে কার্টুন এঁকে জেলে গিয়ে ঢোকা;
সব ঝেড়ে বড় হয় মন্ত্রীর খোকা;
জনগণ আজীবন বনে যায় বোকা!
পুনশ্চ,
বারোমাস বোকা হয়ে গুণছি মাসুল,
আর কেউ কী বানাবে এপ্রিল ফুল ?
​

শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

হারজিৎ ~ মধুবনী ঘোষ

​সারা রাত জেগে শেষে এই পরিণতি ?
শিখরে ভিরাট ছিল অগতির গতি
কিন্তু অবুঝ প্রেম অনুশকা শর্মা
মনঃসংযোগ গেল সিডনি টু বর্মা
বজ্র আঁটুনি দিয়ে এই প্রেম বাঁধলে
কিউই পাখি রোস্ট করে খাওয়া যেত খাবলে
কিন্ত বিরাট প্রেম জব্বর গরমা
যত দোষ ওই শালা অনুশকা শর্মা
আমাদের খোকা যদি মন দিয়ে খেলত
নাক ও চোখের জল এভাবে কি ফেলত ?
গোদের ওপরে আরও আছে বিষফোঁড়া
বাংলাদেশেতে নাচে ইলিশের জোড়া
আজ যদি কোনভাবে জিততাম ফাইনাল
বুক হত চেতানো হাসি হত এক গাল
চিত্কার করতাম সিডনি টু বর্মা
আমাদের জিতিয়েছে অনুশকা শর্মা !!!!


​

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

করবী ~ অবিন দত্তগুপ্ত

​ মাটির দোতলা বাড়ি । দোতলার বাইরের রেলিঙটায়, ভিজে জামারা এলোমেলো হাওয়ায় জড়সড় । পেছনের ঘরের জানলাটার একটা পাট্‌ , সবসময় বন্ধ-ই থাকে । ছোট্ট ওমর জানে , মাঠে খেলতে নামলে ,আম্মি ওই অর্ধেক জানলাটা দিয়েই ওর উপর নজর রাখে । জানলাটা দিয়ে শুধু মাঠের বাঁ দিকটাই দেখা যায় । পড়া ফাঁকি দেওয়া দুপুরে , তাই ওমর রাইট হাফ । এমনিতে ,বাঁ পায়ের প্লেয়ার । মাঝমাঠ থেকে সত্যজিৎ একটা দারুণ থ্রু দিল । বল তাড়া করেও ধরতে পারল না ওমর । বলটা , মাঠের পাশের বটগাছ পেরিয়ে গেল । থ্রো-ইন । বলটা আনতে , বটগাছ পেরোতেই ওমর আরেকটা মাঠ দেখতে পেল । একদম একরকমের । সেই মাঠের-ও উত্তর দিকে ওর বাড়ি । সেই মাঠের-ও ডান পাশে একই রকমের বটগাছ । বলটা বটগাছের দিকে ছুটেই চলেছে । ওমর তাড়া করল । ধরতে পারল না । আবার বটগাছটা পেরলো , আবার একটা মাঠ দেখতে পেল । বল তাড়া করে সেটাকে পেরোতে , আরেকটা । তারপর আরেকটা,তারপর আরেকটা । সব একরকমের । বলটা গড়িয়েই চলেছে । "ওমর...ওমর, হতচ্ছাড়া ছেলে । পড়তে না বসে আবার মাঠে নেমেছিস ? এক্ষুনি ফিরে আয় । " আম্মির রাগী গলায় ভয় পেয়েই বোধহয় বলটা পেছন দিকে গড়াতে আরম্ভ করল । ওমর-ও পেছোতে লাগল পেরিয়ে আসা মাঠের পর মাঠ । বাস্তবের মাঠটায় পৌছতেই , একটা বিচ্ছিরি কড়া নাড়ার শব্দ । মোবাইল ঘড়ি বলেছে প্রায় ১১টা বাজে । বাইরে ভ্যাপসা গরম । ওমরের বাঘাযতীনের মেস-এ ফ্যান নেই । দরদর করে ঘামছে । অভ্যাসবসত বিছানার তলার মোটা লাঠিটা হাতে নিয়ে ওমর ছিট্‌কিনি খুললো । "রতন কাকু , তুমি ? "

বলেই খেয়াল হল দাঁত মাজা হয়নি । বাসি মুখে  কারো নাকের সামনে ফস্‌ফস্‌ করলেই , নাজিয়া পিট্টি দিত ছোটবেলায় । নাজিয়া , ওমরের আম্মি । 

 

                                                                                          ২

 

                         নাজিয়ার বয়স তখন ২০ । মেটে মেটে গায়ের রঙ । চোখ দুটোই কথা বলে । কিন্তু রতনের ভালো লাগত অর স্লোগান দেওয়ার ভঙ্গি । গলার শিরা ফুলিয়ে, আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান দিত নাজিয়া । রতন নাজিয়াকে ভালোবাসত । খোঁপায় মাঝে সাঁঝে লাল গোলাপ লাগাত নাজিয়া । লাল রঙটা ভালোবাসত ওরা দুজনেই । রতন দারুণ পোস্টার লিখতে পারত । ওর ঝাঁকড়া চুল মাথা , রুক্ষ মুখ , আধখাওয়া বিড়ি --- সব কিছুকেই ভালোবাসত নাজিয়া । ওরা একসাথে ছাত্র ফেডারেশন করত । বাড়ি থেকে ওদের সম্পর্ক মেনে নেয়নি । অনেক লড়েও হেরে গিয়েছিল রতন । তিন বোনের দাদার পক্ষে বাড়ি ছাড়া সম্ভব ছিল না । নাজিয়া , ওসমান কে বিয়ে করে ।  ওসমান-ও মিছিলে হাঁটত । তখন ভরা জোয়ারের সময় । সক্কলে বাম ।

 

                          তারপর কেটে গিয়েছে প্রায় বছর কুড়ি । নাজিয়া আর ওসমানের ছেলে ওমর । বয়স ১৫ । নাজিয়া এখন মহিলা সমিতি করে । মিড ডে মিলের রান্নার কাজ করে স্থানিয় একটি স্কুলে । রতন কাজ করে কারখানায় । সিটু করে রতন । ওসমান কন্ট্রাক্টর । ক্লাস নাইনে পড়ে ওমর । রতন আর নাজিয়া তখনো কমরেড । ওসমান নাজিয়ার স্বামি, কমরেড নয় আর ।

 

                          সালটা ২০০৯ ।  গ্রামে অপিরিচিত মুখের আনাগোনা বেড়েছে বেশ কিছুদিন হল । আশেপাশের চেনা মুখগুলো বদলে যাচ্ছে , আলোর গতিতে । বহুদিন বিস্মৃত হায়নারা, নখে শান দিচ্ছে । ওসমান দারুণ ঘুড়ি ওড়াতো । হাওয়ার দিক নির্ণয় করার একটা সহজাত ক্ষমতা ছিল ওসমানের । ওসমান দল বদলালো । বহুদিন ধরেই নাজিয়া আর ওসমানের সম্পর্কে চিড় ধরছিল ।ওসমানের ধারনা ছিল, কারণটা রতন । নাজিয়া জানত , কারণটা শিরদাঁড়া । দলবদলানোর ঘটনা চিড়কে , ফাটলে পরিণত করলো । এক ছাঁদের তলায় , ওরা দুজন তখন সম্পূর্ণ অন্য গ্রহের বাসিন্দা । শুধু ওমরের জন্য-ই ছাঁদ ভাগ হয়নি ।

 

                          আরও দু-বছর কাটলো । সেবার নির্বাচনে প্রচার করতে গিয়ে ,বেদম মার খেল নাজিয়া । রতনের মনে আছে, দিনটা ১২ই ফেব্রুয়ারি ২০১১ । সরকারি স্বাস্থকেন্দ্রে রক্তাক্ত নাজিয়াকে দেখতে ছুটে এসেছিল রতন । স্মিত হেসে নাজিয়া জানতে চেয়েছিল , " কেমন লাগছে আমায় দেখতে ? "

"রক্তিম ...  কি হয়েছিল ?"

"ওরা আমায় পার্টি ছাড়তে বলেছিল । বলেছিল প্রচার করা যাবে না । "

"কি জবাব দিলে ? "

"বলেছি , বাড়ির লোকের আদেশ অমান্য করে , আমি আমার প্রেমিকের সাথে দেখা করেছি । কেউ আটকাতে পারেনি । লাল ঝাণ্ডা , আমার প্রথম প্রেম । তোমরা আটকাবে কি করে ? ঝাণ্ডা ছাড়ব না । "

সেদিন রাতেই রতনদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় । গ্রাম ছাড়ে রতন । দু-মাস পরে নাজিয়ার চাকরি চলে যায় । এখন বাড়ি বাড়ি কাজ করে খায় , ছেলেকে পড়ায় । ওসমানের একটা পয়সাও নেয় না । নাজিয়া এখনো শিরা ফুলিয়েই স্লোগান দেয় ।

 

                                                         রতন আর নাজিয়ার গ্রামের নাম করবী । জেলা বর্ধমান ।

 

                                                                                         ৩

 

                              দারুণ ছবি আঁকে ওমর । পড়াশুনাতেও খারাপ নয় । ফুটবলটা বেশ ভালোই খেলে । হাতে-পায় দুরন্ত । লোকে বলে ওমরের চোখ দুটো ওর আম্মির মতো । ওমর আম্মির হাত ধরে মিছিলে যায় । আব্বু ওকে ঘুড়ি ওড়াতে শিখিয়েছে ।রতন কাকু, ফুটবল খেলা । ওমরের মিছিল ভালো লাগে না । স্লোগান ভালো লাগে না । ছবি আঁকতে , আর পাশে বাড়ির সাল্‌মাকে ওর বেশ ভালো লাগে ।

 

                              ঝরঝরে তরুণ , বেশ ভালোই কেটেছে জীবনের ১৫টা বছর । হঠাত-ই একদিন তাল কাটলো । স্কুল থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে , সেদিন ওকে ঘিরে ধরে চারটে ছেলে । ওরা এ-গাঁয়ের নয় । কোন কথা না বলে , প্রথমেই দুটো চড় মেরেছিল ওরা । তারপর কলার চেপে ধরে, খিস্তি করে বলেছিল "তোর মাকে বলিস্‌ ,বেশী না উড়তে । হাল খারাপ হয়ে যাবে । সময় বদলাচ্ছে । " প্রচণ্ড অপমানিত হয়েছিল সেদিন ওমর । কোনদিন-ও রাজনীতি করেনি,শুধু আম্মির ছেলে বলেই মার খেয়েছিল সেদিন । " গ্রামের মানুষ তো তোমায় এত্ত ভালোবাসে , তবু কেন ওরা তোমায় গালি দিল আম্মি ? " - জানতে চেয়েছিল ওমর । উত্তরে নাজিয়া  নিঃশব্দে , গলির মোড়ে বাশের মাথায় বাঁধা, একটা  জরাজীর্ণ লাল ঝান্ডার দিকে আঙুল দেখিয়েছিল । তার পরদিন-ই স্বেচ্ছায় প্রথম মিছিলে হেঁটেছিল ওমর । আম্মিকে প্রচন্ড ভালোবাসত । আম্মির ঝান্ডাকে ভালোবেসেছিল সেদিন প্রথমবার । 

 

                              পরের দুবছরের ইতিহাস , শুধুই ভাঙ্গার । কখনো পরিবার ভেঙ্গেছে , কখনো সাইকেল তো কখনো পা । কিন্তু মন ভাঙ্গেনি ওমরের । লোকে বলত ওমরের চোখ দুটো ওর আম্মির মতো । ওমর জানতো , ওর ভেতরটাও আম্মি মতোই , ইস্পাতের । ২০১১র ১২ই ফেব্রুয়ারি আম্মিকে মেরেছিল ওরা । সেদিন স্বাস্থকেন্দ্রে ডাক্তারের চোখে চোখ রেখে ,ওমর বলেছিল " ওষুধ কেনার টাকা আমাদের নেই । লাল ওষুধ লাগিয়ে দিন । আম্মি ভালো হয়ে যাবে । " দিন দশেক বাদে পরীক্ষা দিতে স্কুলে গিয়ে ওমর জানতে পারে , তার নাম কাটা গেছে ।  সেদিনের সন্ধ্যা ওমর কোনদিন-ও ভোলেনি । সেদিন রাতেই তাকে খুনের ভুয়ো কেসে ফাঁসানো হয় । সেদিন-ই রাতে ওমর শেষবার সাল্‌মাকে দেখেছিল , সেদিন রাতেই শেষ দেখেছিল তার আম্মিকে । করবীকে ।

 

                               তারপর শুধুই পালিয়ে বেড়ানোর গল্প । এখন ওমর বাঘাযতীনে থাকে । ঘরে কোন ফ্যান নেই । ব্যাগে একটা লাল পতাকা আছে আর খাটের তলায় রাখা থাকে একটা মোটা লাঠি । শহরে কোন লাল মিছিলের খবর পেলে , মোটা লাঠিতে পতাকার কাপড় জুরে, সে মিছিলের পিছে পিছে হাঁটে । এভাবেই সে শহর চিনেছে । শহরের জল , খাওয়ারের স্বাদ , আকাশ ,পাখি , হাওয়া কোনটাই করবীর মতো নয় । শুধু মিছিলের মানুষ গুলোকে ওমরের আপন মনে হয় । ওমর প্রতি রাতে স্বপ্ন দেখে । সাল্‌মার । আম্মির । করবীর । স্বপ্নের ভোরের ।

 

                                                                                         ৪

 

                                    রতনকাকুকে আজকে অন্যরকম লাগছিল । দরজা খুলে দেওয়ার পর অনেকক্ষণ ফ্যালফ্যাল করে মুখের দিকে চেয়েছিল । প্রায় মিনিট দশেক চুপ করে থাকার পর কথা বললো রতন কাকু , "একটা খারাপ খবর দেওয়ার আছে ওমর । "

"কী ? "

"কাল রাতে ... " বলেই চুপ করে গেল রতন কাকু । দুগাল বেয়ে অবারিত ধারা । কাল রাত থেকেই কিছু খায় নি ওমর , তাই হয়ত মাথাটা ঘুরছিল । মনে হল , রতন কাকুর চোখ বেয়ে , গাল বেয়ে রক্তের ধারা বইছে যেন ... " কী, কী হয়েছে কাল রাতে ? "

"কাল রাতে , তোর আম্মিকে হায়নার বাচ্চারা ছিড়ে খুড়ে গেছে । নাজিয়া আর নেই । "

হঠাত-ই একটা সিনেমার মতো ঘটনা ঘটল । ওমরের চোখের সামনেটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল । তারপর স্পট পড়ল একে একে ৮বি মোড়ে , বাঘাজতিনের চায়ের দোকানে , ধর্মতলায় গড়িয়াহাটে , সারা শহর জুড়ে । সর্বত্র আকাশ থেকে পলাশ ফুল বৃষ্টি হচ্ছে । হচ্ছে তো হচ্ছেই । আকাশ ভেঙ্গে মাটি ভাসছে রক্ত পলাশে ।   জ্ঞান ফেরার পরে ওমর জিজ্ঞেস করেছিল " কাকু এ শহরে কোথাও পলাশ গাছ, আছে কি ? " রতনের কাছেও এই প্রশ্নের উত্তর ছিল না । 

 

 

                                     মা কে কবর দিতে যাওয়া হয়নি ওমরের । এই ঘটনার প্রায় এক মাস বাদে গ্রামে ফিরেছিল রতন আর ওমর । মানুষের মিছিল তাদের নাজিয়ার কবরের কাছে পৌঁছে দিয়েছিল । একটা মাঠ । তার উত্তর দিকে ওমরের বাড়ি । দোতলার জানলার ডানদিকের পাট্‌টা বন্ধ । মাঠের ডান কোনে একটা বুড়ো বটগাছ । বটগাছটা পেরোলেই --- আম্মির কবর ।  ওই বটগাছটা ছাড়া , আশেপাশে একটি গাছ-ও ছিল না । আম্মির কবরের বুকে , একটা লাল পলাশ পড়েছিল । কোথা থেকে , কত দূর থেকে উড়তে উড়তে এসেছে কেউ জানে না । গন্তব্যে পৌঁছতে এক মাস সময় লেগেছে , ওমর জানে । 

 

                                    লাল পলাশটাকে রতনের গোলাপের মতো লাগছিল । কবরটা------ নাজিয়ার কালো খোঁপা ।    

সোমবার, ২৩ মার্চ, ২০১৫

পোলাপান ~ তিতলী রায়চৌধুরী

​এ যুগের পোলাপান ভয়ে সন্ত্রস্ত,
বুকস্থ বিদ্যা, করছে মুখস্থ।
ক্লাসে ফার্স্ট হওয়া চাই, বাপ-মা'র হুমকি,
জানে না সে খেলা ধুলো, বোঝে না সে ঘুম কি!
সকাল ও সন্ধ্যা, গরুতাড়া খাচ্ছে,
স্কুল থেকে ফিরে ফের টিউশন যাচ্ছে।
কোনটা যে কেন হয় যায় না সে প্রশ্নেই,
নম্বর পেলে পরে কিছুতেই দোষ নেই।
যত পারো ঠেসে দাও, মাথা যেন বস্তা!
অসহায় খোকাদের করুণ অবস্থা!

সোমবার, ৯ মার্চ, ২০১৫

"রাজ্যটা এখনও গুজরাট হয়ে যায়নি"... স্যার ~ সুশোভন পাত্র

কিন্ত স্যার...

আপনি তো এখন প্রধানমন্ত্রী স্যার। গলার অনেক জোর। মিডিয়ার পালিশে চকচক করেন। আম্বানিদের টাকায় দশ লাখি স্যুট পরেন। কাজেরও অনেক চাপ। কত দিকে খেয়াল রাখতে হয়। কত শত জায়গায় ৫৬ ইঞ্চির ছাতি ফুলিয়ে বক্তৃতা দিতে হয়। তাই আপনার একটু আধটু স্মৃতিভ্রম তো হতেই পারে। রাজ্যসভায় উঠে দাঁড়িয়ে, "বিদেশ থেকে আমদানি করা আদর্শের" গর্ভজাত সন্তানদের  "তিন দশকের"  পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে উঠতেই পারেন তাঁদের  চোদ্দো পুরুষ কে নেতিয়ে নব্বই, হেদিয়ে হান্ড্রেড সেভেন আপনি করতেই পারেন স্যার। কিন্তু অঙ্ক যে বড় কঠিন স্যার ... 


আয়নায় মুখ দেখুন...


নভজোৎ সিং সিধু একবার বলেছিলেন ক্রিকেটে পরিসংখ্যান নাকি "Statistics are like mini skirts my friend. It reveals more than what it hides." রাজ্য পরিচালনার সাথে না হয় ক্রিকেটের দূরত্ব কয়েক যোজন, কিন্তু আজ আপনি  যে গুজরাট মডেলের গল্পের গরু কে গাছে চড়িয়ে প্রধানমন্ত্রী হয়েছেন আসুন আপনাকে সেই আয়নায় আপনারই মুখ দেখাই স্যার। 

আপনার সময়েই গুজরাটর আর্থিক উন্নয়ন হার  ছিল (১০.১%) । জাতীয় গড়ের ( ৮.৩%) থেকে অল্প বেশী হলেও তামিলনাড়ু (১০.৩%), মহারাষ্ট্র (১০.৮%) এমনকি আপনার অপছন্দের নিতিশ কুমারের বিহারের (১১.৪%) থেকেও অনেক পিছনে। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত গুজরাটে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ হয়েছে ৭.২ বিলিয়ন ডলার এই একই সময় মহারাষ্ট্রতে ও দিল্লীতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ হয়েছে  যথাক্রমে  ৪৫.৮ বিলিয়ন ডলার ও ২৬  বিলিয়ন ডলার।  মানব উন্নয়ন সূচকে গুজরাটের অবস্থা ভয়ঙ্কর। ২০০৮ -র তথ্য অনুসারে ০.৫২৭ সহ বড় রাজ্য গুলির মধ্যে দশম স্থানে রয়েছে গুজরাট। কেরালা প্রথম (০.৭৯২) এমনকি হিমাচল প্রদেশ (০.৬৫২) পাঞ্জাব(০.৬০৫), মহারাষ্ট্র(০.৫৭২) হরিয়ানা (০.৫৫২) সবাই গুজরাটের থেকে ভালো জায়গায়। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া ২০১৩-র হিসাব অনুযায়ী মাথাপিছু ঋণের  শীর্ষে রয়েছে মোদীর গুজরাট(২৯২২০ টাকা)  সাক্ষরতাতে গুজরাট (৭৯.৩%) রাজ্য গুলির মধ্যে রয়েছে ১৮ তম স্থানে। জনগণনা ২০০১ গুজরাটে প্রতি হাজার পুরুষের তুলনায় মহিলা সংখ্যা ছিল ৯২০। ২০১১ এর টা কমে দাঁড়িয়েছে ৯১৮ তে। যেখানে জাতীয় গড় ২০০১ (৯৩৩) থেকে ২০১১ তে বেড়ে হয়েছে ৯৪০। এনএসএসও রিপোর্ট অনুসারে গুজরাটে কর্মসংস্থান বৃদ্ধির হার গত ১২ বছরে প্রায় শূন্য তে এসে ঠেকেছে। এটা বাস্তব যে গুজরাটে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে। কিন্তু টা সাধারন মানুষের কাছে পৌছায় না। এখানেও গুজরাটের স্থান রাজ্যগুলির মধ্যে ১৬তম।  ২০১২-১৩ র প্ল্যানিং কমিশনের রিপোর্ট অনুসারে গুজরাটে দারিদ্র্য সীমার নিচে থাকে প্রায় ২৩% মানুষ যা অন্ধ্র, হরিয়ানা, কেরালা, ত্রিপুরা, হিমাচল প্রদেশ থেকে অনেক বেশী। এমনকি বিশ্ব ক্ষুধার সুচকে  গুজরাট ১৯৯৪ সালে  যেখানে ছিল দশম  স্থানে মোদীর উন্নয়নের চোটে তাঁরা আরও নেমে এখন ১৩ তম।  দ্রুত বেড়েছে নিরক্ষরের সংখ্যা। ১৯৯০ থেকে ২০১০ পর্যন্ত গুজরাটে বাজেটের মাত্র .৭৭% ব্যায় করা হত স্বাস্থ্য খাতে যা তুলনামূলক ভাবে গরীব বিহার(১.১%) ও ওড়িশার( ১.৬৬%) থেকেও কম। আপনার গুজরাটেই ৪২% শিশুর ওজন স্বাভাবিকের থেকেক কম স্যার সে খবর রাখেন আপনি ? জন্মের সময় শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ৪৪। অনূর্ধ্ব ৫ বছরের ৫০% অপুষ্টিতে ও ৭৫% রক্তাল্পতার শিকার। মাত্র ৫০% শিশু হাসপাতালে জন্মায়। প্রসব কালীন মায়ের মৃত্যু প্রতি হাজারে ৬২.৮ । ৬৭% গ্রামীণ পরিবারে নেই শউচালয়। আর আমুল,আম্বানি,আদানি, নিরমা, টরেন্ট, জাইদাস, ক্যাদিলা, আইপিসিএল, জিএসএফসি , জিএনএফসি এমনকি রাজকোটের মেশিন শিল্প বা ডিসেল ইঞ্জিন শিল্প, সুরাটের ও ভাবনগরের হীরা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ; এসবই আপনি  মুখ্যমন্ত্রী হবার আগেই গুজরাটে ছিল। তাই আগে আয়নায় নিজের মুখটা দেখুন স্যার...  



দাঙ্গাবাজের সার্টিফিকেট...


৫০-র দশকে  রাজনৈতিক বন্দীদের নিঃশর্তে মুক্তির দাবী, ঐতিহাসিক শিক্ষক আন্দোলন, ট্রামের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, ক্যালকাটা ট্রামওয়েসের রাষ্ট্রীয়করনের দাবীতে আন্দোলন, ১৯৫৯-র খাদ্য আন্দোলন, বাংলা-বিহার সংযোজনের বিরুদ্ধে এমনকি পর্তুগীজ শাসন মুক্ত গোয়ার দাবীতে প্রতিবাদ গড়ে তোলাতে কোনও ভূমিকাই কি থাকেনি এই "বিদেশ থেকে আমদানি করা আদর্শের" গর্ভজাত সন্তানদের ?  ৭৭-এ দলমত  নির্বিশেষে ১৭০০০ রাজনৈতিক বন্দীমুক্তি এবং সংশ্লিষ্ট ১০০০০ এর বেশী মামলা প্রত্যাহারও করেনি এই বিদেশ থেকে আমদানি করা নীতি'র গর্ভজাত সন্তানরা ?  দেশে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং ১৮ বছরের ভোটাধিকারের ভিত্তিতে পৌরসভা নির্বাচন,মহিলাদের জন্য অর্ধেক আসন সংরক্ষণও  চালু হয়নি এই "তিন দশকে" ? দেশের মোট কৃষি জমির  ৪% -র কম পশ্চিমবাংলাতে হওয়া সত্ত্বেও ২০১১ পর্যন্ত দেশের ২৩% এবং উপকৃত ৫৫% (মোট ৫০ লক্ষ) মানুষের স্বার্থে ভূমি সংস্কারও হয়নি এই  "পিছিয়ে পড়া রাজ্যে ?" ২০০৫-০৮ সময়কালে যখন তৎকালীন রাজ্যসরকারের বিরুদ্ধে শিল্পায়নের জন্য কৃষকদের জমি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছিল তখনও ভূমিহীন কৃষকদের মধ্যে ৩০,০০০ একর জমি বণ্টন করেছিলো এই "বিদেশ থেকে আমদানি করা নীতি'র" গর্ভজাত সন্তানরাই। ২০১১ সালে পশ্চিমবঙ্গের উৎপাদিত খাদ্যশস্যের পরিমান (১৭০ লক্ষ টন) সারা দেশের মোট উৎপাদিত খাদ্যশস্যের  ৮% । ২০১০-১১ সালে  চাল, পাট, আলু, সবজি, ফল, মাছ  উৎপাদনে  পশ্চিমবঙ্গ কে দেশের  সেরা করেনি "বিদেশ থেকে আমদানি কর আদর্শের" গর্ভজাত সন্তানরা ?  ৭০০০ সমবায় কৃষি উন্নয়ন সমিতি, ৩৭টি বহুমুখী হিমঘর, নেতাজী সুভাষ কৃষি বিপনন কেন্দ্র গড়ে ওঠেনি এই "পিছিয়ে পড়ার তিন দশকে" ?

আপনার, কেন্দ্রীয় সরকারের রেজিস্টার জেনেরল অফ ইন্ডিয়ার সার্ভে রিপোর্ট অনুসারে  ১৯৯৭-২০০৯ স্থূল জন্ম  হ্রাসের জাতীয় গড় যেখানে ২০% সেখানে  পশ্চিমবঙ্গের  ২৫%, দেশে চতুর্থ। ২০০৮ সালে গ্রাম ও শহরের মৃত্যু হারের পার্থক্যের জাতীয় গড়ের (২৬.২%) তুলনায় পশ্চিমবঙ্গে (৭.৫%)। ওই একই সার্ভে রিপোর্ট অনুসারে জাতীয় গড় ২.৫৪-র তুলনায় তৎকালীন  পশ্চিমবঙ্গে মাতৃত্বকালীন মৃত্যু হার, ১.৪১ ছিল দেশের মধ্যে অন্যতম সেরা এবং শিশু মৃত্যু হার হ্রাসে তামিলনাড়ুর পরেই ছিল পশ্চিমবঙ্গ। রাজ্যের ৭৩% মানুষের কাছে সরকারী চিকিৎসা সহজলভ্য।

ন্যাশানাল স্যাম্পেল সার্ভের তথ্য অনুসারে "বিদেশ থেকে আমদানি করা নীতি'র" গর্ভজাত সন্তানদের আমলেই ১৯৯০-২০০৪ সময়কালে পশ্চিমবঙ্গে জনগণের মাথা পিছু আয় এবং গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থানের হার বেড়েছে জাতীয় গড়ের থেকে দ্রুত। একাদশ প্ল্যনিং কমিশনের রিপোর্ট অনুসারে ১৯৯৫-৯৬ থেকে ২০০৪-০৫ সময়কালে পশ্চিমবঙ্গের কৃষিতে উন্নয়নের হার ছিল ২.৬৭% যা জাতীয় গড় ১.৮৭% থেকে অনেক বেশী ও বৃহৎ রাজ্যগুলির মধ্যে তৃতীয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ ১৯৯০-র দশকে( ৬.৭৫%) এবং ২০০০-র দশকে( ৬.৬১%)  আভ্যন্তরীণ মোট উৎপাদনে ছিল দেশের অন্যতম সেরা। এই পিছিয়ে পড়ার সময়েও  ২০১১ তে পশ্চিমবঙ্গে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা ২৮.৬% যা ১৯৭৩-৭৪ এর কংগ্রেস শাসিত বাংলার ৭৩.২% থেকে ঢের ভালো। ২০১১ তে এই "বিদেশী আদর্শের" গর্ভজাত সন্তানদের রাজ্যেই সাক্ষরতার হার (৭৭.১%) শুধু ৭০-র দশকের (৩৩.২%) থেকে শুধু  উন্নতই ছিলনা জাতীয় সাক্ষরতার হারের (৭৪.০৪%) থেকেও ছিল ভালো। ১৯৭৬-৭৭ সালে আদিবাসী ও পিছিয়ে পড়া অংশের জন্য বরাদ্দ (৮.৫ কোটি) এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ (৫.৬ লক্ষ)  ২০১১-তে বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৬৭৪ এবং ৬১০ কোটিতে। এই "বিদেশী আদর্শের" গর্ভজাত সন্তানদের  আমলেই ২০০৯-১০ এর তথ্য অনুসারে সারা দেশে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সংগৃহীত অর্থের (৩৬,৩৩৩.৩৯ কোটি) সর্বাধিক ২৫% ( ৮,৮৫৬.২১ কোটি) সংগ্রহ হত। এছাড়াও ৬১টি অসংগঠিত শ্রমিকের জন্য চালু হয় স্বাস্থ্যবীমা, প্রভিডেন্ট ফান্ড, ১ লক্ষ ২১ হাজার বৃদ্ধ আদিবাসীর জন্য পেনশেন, রাজনৈতিক ও সামাজিক কাজে মহিলাদের অংশগ্রহন, নারী নিরাপত্তা,  ১৪ লক্ষাধিক স্বনির্ভর গোষ্ঠী, মাত্র ৪% হারে ঋণের ব্যবস্থা, চা বাগিচার শ্রমিকদের জন্য ভাতা চালু হয়নি এই "তিন দশকে" ? এরাজ্য শুধু অস্পৃশ্যতার অভিশাপ মুক্তই ছিল না,ছিল সাম্রদায়িক দাঙ্গা মুক্তও। দেশে শিখ বিরোধী দাঙ্গা  হয়েছে, বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে, গুজরাটেদাঙ্গা হয়েছে – এরাজ্য ধিক্কার জানিয়েছে।"বিদেশ থেকে আমদানি করা আদর্শের" গর্ভজাত সন্তানদের জন্যই কিন্তু রাজ্যটা কিন্তু আজও গুজরাট হয়ে যায়নি। তাই আপনি আজ প্রধানমন্ত্রী হলেও, আপনার মত দাঙ্গাবাজের সার্টিফিকেট  আর যাই হোক "বিদেশ থেকে আমদানি করা আদর্শের" গর্ভজাত সন্তানদের লাগবে না স্যার।


ঐ ৩৪


হ্যাঁ এরপরও অনেক জরুরী কাজ বাকি রয়ে গিয়েছিলো।শিল্পায়ন, কৃষকের মালিকানা ভিত্তিক কৃষিব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সমস্যা ছিল।  রাজনৈতিক  বিচ্যুতিও হয়েছে একাধিক। কর্মসূচী সফলভাবে রুপায়নের দ্রুততা ও অনেক ক্ষেত্রে স্বচ্ছতা সহ কিছু বিষয়ে ভুল ত্রুটিও হয়েছে। তাই অনেক কাজই হয়নি। তবে তার সাথে আরও যেটা হয়নি স্যার,"রাজ্যটা এখনও গুজরাট হয়ে যায়নি..."তাই ৫৬ ইঞ্চির বুকের ছাতি নিয়ে  সাদা কে সাদা আর কালো কে কালো বলার সাহস যে দেখাতে হবে স্যার। তথ্যের আর ইতিহাসের বাস্তবতার ভিত্তিতে বিচার করতেহবে স্যার ৩৪ কে। আপনি কি ভুলে যাচ্ছেন স্যার আপনি সারা দেশের প্রধানমন্ত্রী ? এবার তো অন্তত সঙ্ঘপরিবারের দাঙ্গাবাজ থেকে প্রকৃত মানুষ হয়ে উঠুন...  

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫

লিখিস যারা ~ প্রকল্প ভট্টাচার্য্য

লিখিস যারা, লিখতে থাকিস। মারিস যারা, মার।
সবাই নিজের জাত চেনালি, এটাই পরিষ্কার!
বলার কথা হবেই বলা, দিলেও ভেঙ্গে মুখ,
জানবে সবাই কোনটা উচিত, কোনটা অহেতুক।
আদালতের নেই প্রয়োজন করতে এ বিচার!!
মার খেতে ভয় পাই না তোদের, মরতেও প্রস্তুত,
ভয় তো তোদের নিজের মনে, ধরা পড়ার ভুত!
বুঝবি নিজেই, লড়াইতে আজ কার জিত কার হার!!
লিখিস যারা, লিখতে থাকিস। মারিস যারা, মার।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫

তোমারই কবর ~ শঙ্খ করভৌমিক

​পূবদিকে সূর্য ওঠে, এই বুঝি তোমার বিশ্বাস?
যারা বলে পশ্চিমে তারা এসে ফেলে দেবে লাশ।
নীল রঙ প্রিয় বুঝি? ততটা পছন্দ নয় লাল?
মেলা থেকে ফিরে তুমি মারা পড়তেই পারো কাল।
শিরোনাম হতে গেলে আজকাল লাগছে না সেরকম ব্যতিক্রমী গুণ।
গান্ধী বা কেনেডি না, তুমি বা আমিও পারি যখন তখন হতে খুন।
ভেবে যদি থাকো শুধু এইসব ঘটে থাকে খবর কাগজে-
অর্ধেক মরে আছ- এইবেলা শান দাও নিজের মগজে।
নিতান্ত অকারণে হয়ে যেতে পারো তুমি গরম খবর।
চুপ করে থাকা মানে নীরবে খুঁড়তে দেখা তোমারই কবর।

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫

২১শে ফেব্রুয়ারি ~ সোমনাথ চট্টোপাধ্যায়


ফেব্রুয়ারির দিনটি থাকে যুদ্ধসাজে
সকাল সকাল যন্ত্রিরা সব বর্ম আঁটে
মাতৃভাষায় স্বপ্নরা খুব ছোঁয়াচ লাগায়
"ভায়ের রক্ত" ছড়িয়ে থাকে রাস্তাঘাটে

জেতার মতই যুদ্ধটি হয় বাংলা জুড়ে
মুহূর্মুহূ বর্নমালার জয়ধ্বনী
উথলে ওঠে মাতৃভাষায় ঘনিষ্ঠতা
সাইনবোর্ডেও বাংলা আখর বিজ্ঞাপনি

সন্ধ্যে নামলে রনক্লান্ত আঁধার ঘণ
বই-কেতাবে পরিশ্রান্ত বাংলা লেখা
শুকিয়ে যাওয়া জিভ ওদিকে গলাও ভাঙ্গা
"বাংলা অতীত" এইটা কেবল ভাবতে শেখা

মধ্যরাতে নদীর বুকে ভাসছে ডিঙ্গি
গাইছে কারা? ভাটিয়ালি? জারি, সারি?
কোন ভাষাতে? বাংলা কিনা, কি এসে যায়?
মনের ভাষা, এইটুকু তো বলতে পারি।


মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫

বঙ্গীয় রাজনীতির অবস্থা ~ অমিতাভ প্রামাণিক

​বেশি না, এই সপ্তাখানেক আগেই বোধহয় লিখেছিলাম, আমাদের বাংলা হচ্ছে ছোটলোকের জায়গা। উরিব্বাবা, তাতে জনগণের কী রাগ! হাতের সামনে পেলে আমায় কুচি কুচি করে কেটে কুকুর দিয়েই খাইয়ে দিতো।

এখন দেখো! ভোটের রেজাল্ট দেখো।

ছোটলোক বলেই এখানকার লোক লোভে পড়ে নিজের জমানো শেষ পয়সাটা তুলে দেয় অজানা ঠগের হাতে, ঠকে গিয়ে হা-হুতাশ করে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে গালাগালি দেয়, আবার সেই ঠগ পার্টিকেই ভোটে জেতায়।

বলেছিলাম কিনা?


রাজনীতির অবস্থা দেখুন।

"কুণাল চোর? টুম্পাই চোর? মদন চোর? মুকুল চোর? আমি চোর?"

চোরদের লিস্ট বেরিয়ে এলো 'ঠাকুরঘরে কে রে' টাইপ! একে একে ঢুকতেও লাগল সব যেখানে তাদের মানায় ভালো।
মুকুল এখন বোঁটা থেকে ঝুলছে। যে কোনো মুহূর্তে খসে পড়বে। টুম্পাই অলরেডি খসে গেছে।

হঠাৎ উপনির্বাচনে দল জিতে যেতে বিপক্ষদের ধ্বনি-প্রতিধ্বনি শোনা যাচ্ছে - আহা, এতদিন ধরে যে লোকটা দল গড়লো, আজ কিনা তাকেই সাইডলাইন করে দিচ্ছে! এ তো ঘোর অন্যায়।

অর্থাৎ সে যে কাঙালের ধন চুরি করেছে, সেটা তেমন অন্যায় নয়। ওসব ভুলে গেলেও চলবে। সে দল গড়ার নায়ক, তাকে সাইড করে দেওয়াটাই মেইন ফ্যাক্টর! জনগণ নাকি এই অন্যায়ের প্রতিশোধ নেবে।
নীতি-ফিতির কোনো সংজ্ঞাই এদের কাছে পরিষ্কার না। কোন দু:খে জনতা এদের ভোট দেবে?

কিন্তু কেসটা এই রকম।

লোকজন জানে, বোঝে যে তৃণমূলের ওপরতলার দাদা-দিদি মানেই জালিস্য জালি। এক এক করে জেলে ঢুকছে, মানুষ জানবে না, বুঝবে না, এতই কি হাঁদা? কিন্তু উপায় কী? ভোট যে দেবে, কাকে দেবে?

বাম-কে? তার মানে তো ভোটটা জলে ফেলে দেওয়া। কেননা, গুন্ডা-ফুন্ডা বেরিয়ে গিয়ে বামে যারা পড়ে আছে, তাদের ইমেজ অনেক ক্লীন হলেও, নেতা কই? এদের জিতিয়ে লাভ কী? অতীতের অভিজ্ঞতা তো জানাই। রুখেছি, রুখবো। আর থিওরেটিক্যাল দাদাগিরি। নিজে কিচ্ছু করবে না, অন্যকেও করতে দেবে না। কেউ দাঁড়িয়ে বলছে না - আমি হলে এটা না, এই রকম করতাম, তাতে এই রেজাল্ট হত। তাহলে?

বিজেপি-কে? সে আর এদের চেয়ে আলাদা কী? এও তো স্কীমার। যে দল ভেঙে বিজেপিতে ঢুকতে চায় পিঠ বাঁচাতে, সে অসৎ না, তার সার্টিফিকেট রেডি, তাকে জেল যেতে নাও হতে পারে। প্লাস, এ রাজ্যে এদের নেতা কে? ম্যাড়মেড়ে রাহুল সিনহা? ভাঁওতাবাজ বাবা রামছাগলের আশির্বাদধন্য বাবুল? এর থেকে ওর গলায় ঝুলে যাওয়া লকেট? ছো:।

যারা মনস্থির করতে পারেনি, তারা তৃণমূলকেই আবার ভোট দিয়েছে। যারা পেরেছে, তারা বাম-বিজেপির মধ্যে আলাদা কিছু পায়নি, তাই দ্বিধাগ্রস্ত হয়ে ভোট ভাগ হয়েছে। ফল সবার সামনে।

ভাবছ, জনতা খুশি? নো ওয়ে। দে সিম্পলি ডোন্ট নো হোয়াট টু ডু। গো আস্ক দেম।

আমাদের এখনই প্রবলভাবে একটা অরবিন্দ কেজরিওয়াল চাই। একটা আম আদমি। যার কোনো ব্যাগেজ নেই। দুর্নীতি নেই। দাস ক্যাপিটাল নেই। পাশার চাল নেই। হিংসে নেই। লোভ নেই। শুধু বাঙালির গরিমা আছে, অভিমান আছে, তুষের আগুনের মত বুকের মধ্যে কোথাও এক চাপা অহঙ্কার আছে। নিজের কাছে প্রশ্ন আছে - রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের জন্মভূমি এইভাবে বারোভূতে লুটেপুটে খাবে?

কোই হ্যায়? আছো কেউ?

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫

প্রমিস ডে ~ আশুতোষ ভট্টাচার্য্য

মালতিকে কি প্রমিস করেছিল তপনে
মাখোমাখো ভালোবাসা নলবনে গোপনে,
মনে আছে নাড়ুদাকে বলেছিল শিবানী
লালুভুলু ভালো ছেলে, কথা বলে কি ফানি;
বিকেলের মরা রোদে বলেছিল পামেলা
রেগুলার দেখাকরা ফালতু এ ঝামেলা;
মনে আছে প্রতিজ্ঞা করেছিল সাকিরা
বর হেটে যাবে আর গাড়ি চেপে বাকিরা;
কেঁদে কেটে একদিন বলেছিল শ্রাবণী
হ্যারিকেনে তেল নেই আগে কেন ভাবনি?
কি জানি কি বলেছিল গোবিন্দ, গোপালে
টিনাদিকে হানিমুনে নিয়ে যাবে নেপালে;
সকালের কৈশোরে বলেছিল হাসিনা
ঝালমুড়ি ভালবাসি, তোকে ভালবাসিনা;
প্রতিজ্ঞা করেছিল লালটু কি কারনে
বুলাদিকে নাকি নিয়ে যাবে মহাকরণে;
ভয়ানক প্রতিজ্ঞা করেছিল অশোকে
রাত্তিরে কিছুতেই ঘুমবেনা তোষকে;
ম্লান মুখে একদিন বলেছিল তাপসে
নেড়িটা তো রাত্তিরে শুয়ে থাকে পাপোশে;
প্রেমে বিতাড়িত হয়ে বলেছিল মনিশে
হৃদয়ের দাগা যদি উঠে যেত ভ্যানিশে;
একদিন বলেছিল অনাবিল জোছনা
স্টেডি প্রেম কেটে গেছে? বিচলিত হোস না;
প্রতিজ্ঞা করেছিল পিতামহ ভীষ্ম
ডন বৈঠক দিয়ো কিবা রোদ গ্রীষ্ম;
প্রতিজ্ঞা করেছিল অর্জুন ভীমেতে
স্বাস্থ্যর উদ্ধারে রোজ যাবে জিমেতে;
কেউ বলে শোনা কথা সহদেব নকুলে
রাধিকার সাথে নাকি লুডু খেলে গোকুলে;
আরো কত প্রতিজ্ঞা চারপাশে ছড়ানো
প্রমিসের আমি তুমি সাদা খাতা ভরানো।।

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৫

​ও মেয়ে… অবুঝ মেয়ে ~ অনামিকা মিত্র

সেমিনারে কখা ওড়ে, রাশি রাশি ধ্যান ওড়ে।
ও মেয়ে, অবুঝ মেয়ে, জন্মালি কেন রে?

হিসেব জানিস না কি? তোর কী কী প্রাপ্য?
তোর যা গল্প, সে'তো ভ্রুণেই সমাপ্য।

সমাপ্ত নয়? যদি কাহিনিটি গড়ালো…
কেউ হেসে বলবে না … হল এই ঘর আলো

কেউ ডেকে বলল না এলি যদি বাঁচ রে।
বরঞ্চ মেরে ফেলা হোক তোকে আছড়ে!

যদি বেঁচে যাস, নিস যৌবন চিহ্ন
লোভে আর অধিকারে তুই হবি ছিন্ন।

কান্নারা গড়াবেই… আজ থেকে কালকে
পার্ক স্ট্রিট… কামদুনি… কখনও বা শালকে'।

এ'টাই ভাগ্যলিপি, যা লিখেছে কোষ্ঠী।
ছোট্ট ঘটনা… নাকি দ্বন্দ্বের গোষ্ঠী।

মেনে নিতে না পারলে রাষ্ট্রের ভাষ্য…
জ্বলে ওঠ। ক্রোধ হোক ক্রমশ প্রকাশ্য।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫

'লজ্জা' ~ সুশোভন পাত্র

​'লজ্জা' ! আর এই 'লজ্জা' নিয়েই পড়েছি মহাফাঁপরে ! গত কয়েকদিন ধরেই দোকানে, হাটে-বাজার, রাস্তা-ঘাটে সর্বত্র হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, যেকোনো মূল্য দিতেও প্রস্তুত, কিন্তু কোথাও দেখছি 'লজ্জা' কিনতেই পাওয়া যায় না। গাছেও ধরে না 'লজ্জা' ! মাটি খুঁড়েও পাওয়া যায় না 'লজ্জা' ! বিদেশ থেকে আমদানিও করা যায় না 'লজ্জা' ! সমস্যাটা গভীর।

ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, জাবং, মিন্ত্রা এরকম দস্তুর অনলাইন সাইটে শুনেছি নাকি কেঞ্জাকুড়ার গামছাও পাওয়া যায়, বিভিন্ন সময়েই বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকে। কদিন আগে চিরুনি তল্লাসি করলাম। সার্চ অপশেনে গিয়ে গোটা গোটা অক্ষরে বাঙলায় লিখলাম "১০০ গ্রাম লজ্জা"। পাতি ইংলিশে জবাব এলো "No matching products available." বাধ্য হয়ে গেলাম একটা শপিং মলে। খুঁজে খুঁজে ওঁদের সেলএক্সিকুইটিভ কে জিজ্ঞেস করলাম "দাদা লজ্জা কত কেজি?" শুনে সে তো এক বারে রেগে খাপ্পা। জানেন কি বলল ? বলল "লজ্জা খুঁজে আপনি এখানে এসেছেন ?এক্ষুনি 'মল ত্যাগ' করুন না হলে পুলিশ ডাকবো কিন্তু।" মনের দুঃখে মল ত্যাগ করলাম, বেরিয়ে আসতেই চোখে পড়ল পান-বিড়ি-সিগারেটের দোকানে লেখা "ধার চাহিয়া লজ্জা দেবেন না ।" জয়গুরুর নাম করে সটান দোকানে ঢুকে বললাম "দাদা ধারে একটা গোল্ড ফ্লেক দিন তো। আর দয়া করে আপনি যে লজ্জাটা পাবেন ওটা আমাকে দিন। যা দাম চান দেবো।" শুনে ভদ্রলোক এমন ভাবে তাকালেন যেন গিলেই ফেলবেন। উফ! শেষে গেলাম এক বইয়ের দোকানে বললাম "দাদা লজ্জা আছে?" " বললেন "হ্যাঁ। আছে। ক-কপি চান ?" যেই আমি বললাম " মানে, কেজি দরে পাওয়া যায় না দাদা ?" দিলেন দোকান থেকে ঘাড় ধাক্কা ! ভাবুন একবার !

ছোটবেলার এক বিকেলে তবলার শেখানোর মাস্টারমশায় কে বসিয়ে রেখে, বাথরুম যাবার নাম করে পিছনের দরজা দিয়ে খেলতে চলে গিয়েছিলুম, ফিরে আসার পর মা বলেছিল "তুই এটা করতে পারলি ? এতটুকু লজ্জা লাগলো না তোর ? জীবনে তুই তবলা শিখতে পারবি না, দেখিস।" সেদিনই বুঝেছিলাম 'লজ্জা' হল লাগার 'বস্তু'। মায়ের ভবিষ্যৎ বানী পাই টু পাই মিলে আমার তবলার ভবিষ্যৎ অচিরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও 'লজ্জা' আমি পেতে শিখেছিলাম। যখন জানলাম গাছের প্রাণ আছে প্রমান করা যায় লজ্জাবতী লতা ছুঁয়ে, বুঝলাম 'লজ্জা' প্রাণের একটি সুন্দর আবেগ। আবার যখন শুনলাম 'লজ্জা নারীর ভূষণ'। তখন ভাবলাম তাহলে পুরুষ মাত্রই বোধহয় 'বি-ভূতি-ভূষণ'। কিছুদিন আগে লোকে বলছিল "VC'র গণ্ডারের চামড়া ! লজ্জা নেই।" বুঝলাম গণ্ডারের বোধহয় 'লজ্জা' নেই তাহলে। মামাবাড়ি গেলেই দিদা বলত "খাওয়ার সময় লজ্জা করতে নেই "। বুঝলাম খেতে বসার আগেই 'লজ্জার' মাথা চিবিয়ে খেতে হয়। দিদার কথা এখনও শিরোধার্য। কিন্তু তসলিমা'র আবার বিখ্যাত 'লজ্জা' আছে। ভারতের ক্রিকেট টিমও বিদেশে মাটিতে সময় অসময়ে ভালোবেসে আমাদের অনেক 'লজ্জাই' দেয়, জার্মানি নাকি এ বারের বিশ্বকাপে ব্রাজিল কে শ্রেষ্ঠ 'লজ্জা' উপহার দিয়েছে , বলিউডে মাধুরী দীক্ষিতের 'লজ্জা' একসময় বক্সঅফিস কাপিয়েছে। রবীন্দ্রনাথ তো কবেই লিখে গিয়েছেন "...প্রাণ চায় চক্ষু না চায়,/মরি একি তোর দুস্তর লজ্জা..." মোটকথা পৃথিবীতে ম্যাদামারা ভদ্দরলোক যেমন নিজের মতো করে লজ্জা পায়, বোদা গামবাট লোকেরও তাদের মতো করে লজ্জা পায়।

আসলে লজ্জার সাথে আত্মসম্মান, আত্মবিশ্বাস, বিবেক, বুদ্ধি, মর্যাদা, মান, হুশের, অঙ্কের ভাষায় একটা 'সমানুপাতিক' সম্পর্ক আছে। এসব থাকলে আপনি ভুল করলে, অন্যায় করলে, নিজের স্বার্থ লাভের জন্য অন্য কে বঞ্চিত করলে, প্ররোচিত করলে লজ্জা পাবেন। লজ্জিত হবেন। আর এসব এর সঙ্গে আপনার সম্পর্ক ব্যস্তানুপাতিক হলে, বিবেক, বুদ্ধি, মান মর্যাদা, বিক্রি করে নির্লজ্জ হয়ে, মুখে রং মেখে, সানগ্লাস পরে সং সেজে, রাস্তায় রাস্তায় 'পরিবর্তন চাই পরিবর্তন চাই' করে মাস দু -এক টানা কেত্তন আর ঢং করে সঠিক সময় কর্পূরের মত উবে যেতে পারলেই... তবেই, একমাত্র তবেই আপনি 'বুদ্ধিজীবী'।

ঠাকুর তো কবেই বলে গেছেন 'ইষ্টলাভের' জন্য , লজ্জা, ঘৃণা, ভয় -- তিন থাকতে নয় ...

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫

ব্যঙ্গ ও সোশাল নেট ওয়ার্ক ~ সুশোভন পাত্র

​কান দিয়ে রক্ত পড়ছে ? না চোখে সর্ষে ফুল দেখছেন ? তাহলে কানে আঙ্গুল দিন। চোখ বুজে বসে থাকুন। আর একান্তই দুটোর কিছুই না পারলে হাত দিয়ে মুখ চেপে ধরুন। নিজেরটা নিজে না পারলে, একে অপরেরটা ধরুন। কিন্তু ভুলেও হাসবেন না যেন। রসিকতাও করবেন না। ব্যাঙ্গ বাণে ফেসবুকের দেওয়াল ভরাবেন না।

পশ্চিমবঙ্গের মহামান্য মুখ্যমন্ত্রী কিছুদিন আগে চিন্তিত হয়ে বলেছিলেন রাজ্যের মুরগি কম ডিম পাড়ছে কেন ? বিজেপি সাংসদ, সদস্য আর কয়েকজন ধর্মগুরুরা আবার চিন্তিত হয়ে পড়েছেন যে হিন্দু মেয়েরা কেন ডজন ডজন 'হিন্দু বাচ্চা' উৎপাদন করছেন না। এলি-তেলি-স্বাধী থেকে পাড়ার নেতা কেউ বলছেন ৪ টে চাই, কেউ বলছেন ৫ টা। শ্রী শ্রী শঙ্করাচার্য তো এক কাঠি উপরে গিয়ে বলেছেন "নরেন্দ্র মোদী কে পরেরবার পুনারায় ভোটে জেতাতে কমপক্ষে ১০ টা করে হিন্দু বাচ্চা চাই"। আমি বলি কি আগে ঠিক করুন সঠিক সংখ্যাটা কত ? ৪ না ৫ না একেবারে ১০ টা ? তারপর শিশুদের অন্নপ্রাশনের আগে ভোটাধিকারের বিল সংসদে পাশ করুন। গর্ভবতী হিন্দু মায়েদের ২ বার ভোটাধিকারের কথাও বিবেচনা করুন। হিন্দু ভোটারের জোগান যদি চাহিদার থেকে বেশী হয় তাহলে নিখাদ, নিখুঁত, হিন্দুভোটার কে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দিয়ে রাজকোষের ঘাটতি মেটানোর কথাও ভাবা যেতে পারে। সমস্যা একটাই মুরগির ডিম ফুটে সবগুলো যদি ছেলে বেরোয় তাহলে পরের বার মোদীর জন্য হিন্দুভোটার পাব কি করে ?
যে বিচিত্র দেশের রঙ্গমঞ্চে একাঙ্ক নাটক পরিবেশন করতে এসে কখনও শাহাজাদা বলেন "Poverty is a state of mind !" , ভোটের প্রচারে এসে হবু প্রধানমন্ত্রী বলেন "বীর আলেকজেন্ডার কে গঙ্গাতীরে বিহারীরা পরাজিত করেছিলেন ", কেউ বলবেন "সবাই হিন্দু" কেউ বলবেন "জন্মেই মুসলিম", অনাহার আর অপুষ্টির পক্ষাঘাতে উন্মাদ্গামী দেশের প্রধানমন্ত্রী সোনা দিয়ে নিজের নামাঙ্কিত ৯ লাখ টাকার জ্যাকেট পরে "রায় বাহাদুরের আশায়" বড়লাটের পদ লেহন করতে যান, সে দেশের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী , শেক্সপিয়ার, কিটস আর রবীন্দ্রনাথের কল্পবিজ্ঞানের কথামৃত খোদ বইমেলায় উপহার দিলে আপনি অবাক হবেন ? না কানে আঙ্গুল দেবেন ?

শুনলাম সোশাল নেটওয়ার্কে ব্যঙ্গ ঠেকাতে সরকার নাকি বিশেষ নজরদারির ব্যবস্থা করছে। বটেই তো ! আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি, আপনার রুচি , আপনার জানা ইতিহাস, ভূগোলের চোদ্দ গুষ্ঠি উদ্ধার করার সম্পূর্ণ অধিকার ওনাদের আছে। শুধু আপনারই সেগুলো নিয়ে রসিকতা করার অধিকার নেই। ব্যাঙ্গ করার অধিকার নেই। মুখ চেপে হাসারও অবকাশ নেই।

একবার হিটলার নাটক দেখতে গিয়েছিলেন, সাথী ছিলেন গোয়েরিং। নাটকটা খুব পছন্দ হয় হিটলারের। শুধু ভিলেনের বাটারফ্লাই গোঁফ হিটলারের চরম অস্বস্তির কারন হয়ে ওঠে। নাটক শেষেই অর্ডার দেন যাতে নাটকটা মঞ্চস্থ না করা হয় আর ভিলেন কে গুলি করে মেরে ফেলা হয়। গোয়েরিং বলেন " ফুয়েরার, ভিলেন যদি গোঁফটা কেটে দেয় তাহলে ? " হিটলার বলেন "তাহলে গোঁফটা কাটার পর গুলি করে দিও। কেমন ? "

জনাব, হিটলারের বিচার ইতিহাস করেছে। নাৎসির বিচারও মানুষ করেছে। রসিকতাটা কিন্তু অমলিনই রয়ে গেছে। আজও।

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫

​মৃত্যুবিষয়ক কথোপকথন ~ শঙ্খ করভৌমিক

- "বাবা, এটা কিসের ছবি?"
- "হারমিট ক্র্যাব, সন্ন্যাসী কাঁকড়া।"
- "ওরকম নাম কেন?"
- "এরা খুব নিরীহ। সাধুদের মত। কেউ ওদের খেতে চাইলেও ওরা কিছু বলে না।"
- "তাহলে সবাই ওদের খেয়ে ফেলে না কেন?"
- "কি করে খাবে? ওরা তো ফাঁকা ঝিনুক বা শাঁখের খোলায় ঢুকে থাকে। ওটা খুব শক্ত হয়, তাই ওদের কেউ কামড়াতে পারে না।"
- "ও তাইতো, ওর জামাটা শাঁখের মত দেখতে।"
- "হ্যাঁ, জামাও বলতে পারো, বাড়িও বলতে পারো।"
- "বাবা, ও যে শাঁখটাকে জামা বানিয়ে পরে নিল, শাঁখটা কোথায় গেল?"
- "মরে গেছে। ওরা তো আর জ্যান্ত শাঁখ দিয়ে জামা বানায় না।"
- "সবাই মরে যায়?"
- "যায়।"
- "তুমিও মরে যাবে?"
- "হ্যাঁ, তবে তুমি বড় হবার পর।"
- "আমার যে খুব কষ্ট হবে। আমার সঙ্গে কে খেলবে?"
- "বললাম যে, তুমি বড় হয়ে যাবে। আমার সঙ্গে খেলার মত ছোট আর থাকবে না।"
- "তাহলে তোমার বাবা মরে যাবার পর তুমি কেঁদেছিলে কেন? তুমি তো বড়।"
- "বাহ! আমি বাবার সঙ্গে খেলতাম না তো কি হয়েছে। গল্প তো করতাম।"
- "এখন তো তুমি আমার সঙ্গে গল্প করতে পারো।"
- "হ্যাঁ, সেইজন্যই তো আর কাঁদি না।"
- "জানো বাবা, আমি আগে ভাবতাম শুধু আমারও বাবা আছে। দাদা স্টার হয়ে যাবার পর বুঝলাম তোমারও বাবা ছিল।"
- "স্টার? হতেও পারে।"
- "কি বলছ? মরে গেলে সবাই স্টার হয়ে যায় না?"
- "ওইরকম ভাবতে ভাল লাগে আর কি।"
- "মরে গেলে লোক তাহলে কোথায় যায়?"
- "আমরা সবাই জল, মাটি, বাতাস এসব দিয়ে তৈরি। তাতেই মিশে যায়।"
- "তাহলে তোমার বাবা এখনো আছে?"
- "যা দিয়ে তৈরি সেটা থেকে যাওয়া মানে যদি থাকা হয়, তাহলে আছে।"
- "তাহলে তুমি মাঝে মাঝে মন খারাপ করো কেন?"
- "যেমন আমার ভাই বিদেশে থাকে। তোমার বোন বিদেশে থাকে। আমরা জানি ওরা আছে, তবু দূরে আছে বলে মন খারাপ করি- অনেকটা সেরকম ব্যাপার।"
- "তাহলে তুমি স্টার হয়ে গেলে আমার মন খারাপ হবে না।"
- "সেকি, কেন?"
- "তুমি তো জল, মাটি, বাতাস এসব হয়ে থেকেই যাবে। আর আকাশের দিকে তাকালেই তোমাকে দেখা যাবে। ওয়েবক্যামট্যামের দরকারই হবে না।"

শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪

​ অথ বুদ্ধিজীবী কথা (জনস্বার্থে প্রচারিত) ~ পরিচয় পাত্র

​

সাম্প্রতিককালের নন্দন-আকাদেমি স্বল্পদৈর্ঘ্যের মিছিল মনে রেখে

 

 এই এই, এই লেড়ো, বিস্কুট দে, সঙ্গে দুটো ডবল হাফ আর একটা চারমিনার চমকা। এই, এই শালা, কোনদিকে যাচ্ছিস? বলিনি তখন, আবে মিছিল যাবে এইদিকে রে শালা, চোখের কি মাতা খেয়েছিস? এই, এই একদম মিডিয়ার সামনে বাইট দিবিনা, কখন কি বলে ফেলবি। দাদা বলে দিয়েছে, কোনোরকম চুদুরবুদুর নয় চাঁদু। হ্যাঁ যাও, যাও না, টিবির সামনে গিয়ে পোঁদ উলটে পড়ে থাকো, একটা পয়সা পাবে না শালা বলে দিচ্চি। আগাম বললুম মাইরি, মা কালীর দিব্যি, পরে আমাকে দোষ দিবিনা শালা। একদম ফালতু কিচাইন করবি না।

 

বিশৃঙ্খল মিছিলের দিকে চোখের চশমা সামলাতে সামলাতে মতিলাল শীল এগিয়ে আসেন। এই এই, কি হচ্ছে? ঠিক করে লাইন সামলে নাও সবাই। (ক্যামেরার দিকে ফিরে) কি বললেন? মিছিল? নানা, মিছিল মুখ্যমন্ত্রীর কথায় নয়, বাংলার অপমানের বিরুদ্ধে। পেছনের দিকে এগিয়ে যান, হ্যাঁ, বাস কন্ডাক্টররা যেমন বলেন আরকি, সেইভাবে, দেখতে পাবেন কত লোক হয়েছে।  

 

হঠাৎ শোরগোল। টিভি চ্যানেলের রূপসীরা এসেছেন, সঙ্গে দৃপ্ত মহানায়ক। সামনে মহানায়ককে পেয়ে সবাই প্রশ্ন করতে মরিয়া, এই মিছিল সম্পর্কে তাঁর বক্তব্য জানতে চায় সবাই। চোখের রোদচশমা সামলে নেন মহানায়ক, আত্মপ্রসাদের হাসি হেসে বলেন, দেখুন, আমি দিদির কথায় চলে এসেছি। দিদির কথায় আসতে হবেই। কিন্তু এও তো ঠিক, আমার জন্যেই ভিড় খানিকটা হলেও বেড়েছে, আমাকে  দেখতে লোক তো কম হয়নি।কত ছাত্তবন্ধুরা, মা বোনেরা আমাকে দেখতে দেখতে এসেচেন। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। বেফাঁস মন্তব্য দেখে দ্রুত সামলে দেন শীল, ব্রাত্য প্রমুখেরা। বিরক্ত শীল মহানায়ককে উদ্দেশ্য করে ব্রাত্যর কানে কানে বলেন রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি/ মূর্তি ভাবে আমি দেব... সেই কেস, বুঝলি? ব্রাত্য সম্মতিসূচক ঘাড় নাড়েন।

 

টালিগঞ্জের টাকলা ওসি (পড়ুন প্রোডিউসার) ছিলেন, তিনি চাকরি যাওয়ার ভয় দেখিয়ে অনেক লোক এনেছেন। হন হন করে তিনি এগিয়ে যান।  

 

টালিগঞ্জের এক সফল দুঃসাহসী পরিচালক তাঁর নতুন ছবি অভিশপ্ত গামছার কাজ অসমাপ্ত রেখে এসেছেন মিছিলে। সাংবাদিকদের ইচ্ছে ছিল নতুন ছবির নামকরণ সম্পর্কে প্রশ্ন করার, কারণ টাকলা ওসি ব্যতীত তাঁর সব প্রযোজকই শোনা যাচ্ছে আজকাল গামছা বিক্রি করছেন। কিন্তু প্রশ্ন করার সুযোগ মিলল না।

 

এছাড়া মরশুমি নাট্যশিল্পী সহ অনেককেই দেখা গেল মিছিলে। অনেকেই নিজেকে বুদ্ধিজীবী হিসেবে দাবী করছিলেন ম্যাটাডোর থেকে নামতে নামতে। শেষ কবে এমন হোলসেল বুদ্ধিজীবীর ঝাঁক শহর আক্রমণ করেছে তা কেউ মনে করতে পারলেন না।

 

হঠাৎ আবার চঞ্চল ক্যামেরাধারী সাংবাদিককুল। এসে উপস্থিত হলুদ পাঞ্জাবি ভূষিত কবি সুবোধ অতি গোপাল বালক এবং তাঁর পেছনে পেছনে ৩৬৫ পাড়ার পাঁচু। পঞ্চানন পাঁচু সরে পড়ার চেষ্টায় ছিলেন, কিন্তু তার আগেই ক্যামেরা তাকে পাকড়াও করায় তিনি সরাসরি বলেই দিলেন বিরোধীদের মতই সাংবাদিকরাও বানচোত এবং তাদের মেরে তিনি গাঁড় ভেঙ্গে দেবেন। এইসব অশ্লীলতায় ভ্রুকুঞ্চিত করে এগিয়ে এলেন কবি সুবোধ। সবার সামনে হাসি মুখে তিনি আবৃত্তি করলেন তাঁর বিখ্যাত কবিতা 'মদনের একটা চাকরি চাই'। শেষ লাইনে "একটা মানুষকে এমএ পড়তে হলে যত অক্ষর পড়তে হয় সেইসব ব্যর্থ অক্ষর মমতার গায়ে লেগে আছে" বলে তিনি চোখের জল মুছতে মুছতে এগিয়ে গেলেন।

 

মিছিল শেষ। মিছিলের পরে সভা। গরিব সিনেমা টেকনিশিয়ানরা হাঁপ ছেড়ে বাঁচলেন, যাক বাবা, নিশ্চিন্ত। কিন্তু চমকের তখনও বাকি ছিল। জানা গেল মিছিলে না আসতে পারলেও নিজের কবিতা পড়তে আসবেন প্রবীণ কবি, কবিকুলতিলক। এসেও পড়লেন কবি, কেশবিরল মাথা, চোখে চশমা, মুখে অবিন্যস্ত দাড়ি, দৃষ্টিতে ভয় আর সংশয় মিশে গেছে। বন্ধু কাকপ্রসন্ন না থাকায় কবিকে বিপন্ন লাগছে। মানসিকভাবেও কি দ্বিধাগ্রস্ত? জানা গেল কবি মাননীয়া মুখ্যমন্ত্রীর এই হেনস্তা, এই অপমানের প্রতিবাদ করবেন, সমর্থন জ্ঞাপন করবেন তাঁর প্রতি।

 

মাইকের সামনে দাঁড়িয়ে কবি ধীরে ধীরে নিচুগলায় পড়তে শুরু করলেনঃ

 

পাগলী তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাব

পাগলী তোমার সঙ্গে বিষমদ কাটাব জীবন

এর চোখে ধাঁধাঁ করব, ওর জল করে দেব কাদা

পাগলী তোমার সঙ্গে ডেলো বাংলো যাব দুকদম

 

অশান্তি চরমে তুলব, কাক-চিল বসবে না বাড়িতে

বিরোধীরা বাম্বু দেবে, তুমি ছুঁড়বে খিস্তির ভাষণ

পাগলী তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাব

পাগলী তোমার সঙ্গে চৌতিরিশ কাটাব জীবন  

 

মেঘে মেঘে বেলা বাড়বে, কৃষি শিল্পে লক্ষ্মী লোকসান

লোকসান না পুষিয়ে তুমি রাঁধবে খালি সিঙ্গুর ব্যঞ্জন

পাগলী তোমার সঙ্গে অপকর্ম জীবন কাটাব    

পাগলী তোমার সঙ্গে কালনিদ্রা কাটাব জীবন

 

পাগলী তোমার সঙ্গে মাকুমশলা জীবন কাটাব  

পাগলী তোমার সঙ্গে মাও-মাংস কাটাব জীবন

পাগলী তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাব

পাগলী তোমার সঙ্গে চার অক্ষর কাটাব জীবন

 

পাগলী তোমার সঙ্গে বই দেখব পাগলুদের হলে

মাঝে মাঝে মিছিলে যাব অ্যাকাডেমি রবীন্দ্রসদন

পাগলী তোমার সঙ্গে নাইট্যশালা জীবন কাটাব

পাগলী তোমার সঙ্গে শিলাদিত্য কাটাব জীবন

 

পাগলী তোমার সঙ্গে কালীঘাট জীবন কাটাব

পাগলী তোমার সঙ্গে তপসিয়া কাটাব জীবন

পাগলী তোমার সঙ্গে কি সুদীপ্ত জীবন কাটাব   

পাগলী তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাব জীবন

 

এক হাতে উপায় করে দুহাতে উড়িয়ে দেবে তুমি

ক্লাবে চাঁদা, ধর্ম ভাতা, ধারে কাটবে সহস্র রকম

লটারি তোমার সঙ্গে চিটফান্ড জীবন কাটাব

লটারি তোমার সঙ্গে বকেয়া ডিএ কাটাব জীবন

 

দেখতে দেখতে পুজো আসবে, সকলে চিৎকার করবে সেল

তোমার কবিতায় খুঁজব রূপসাগরে অরূপ বিশ্বাস

পাগলী তোমার সঙ্গে পুজোসংখ্যা জীবন কাটাব

বুর্জোয়া এবিপি নয়, জাগো বাংলা কাটাব জীবন

 

নতুন পার্টির সঙ্গে দেখা করব লুকিয়ে চুরিয়ে

ধরা পড়ব তোমার হাতে, নবান্নতে হেনস্তা চরম

পাগলী তোমার সঙ্গে ভ্যাবাচাকা জীবন কাটাব

পাগলী তোমার বঙ্গে বিভীষণ কাটাব জীবন  

 

পাগলী তোমার সঙ্গে শারুখ খান জীবন কাটাব

পাগলী তোমার সঙ্গে আইপিএল কাটাব জীবন

পাগলী তোমার সঙ্গে রেলরোকো জীবন কাটাব

পাগলী তোমার সঙ্গে বাংলা বনধ কাটাব জীবন

 

সন্ধেবেলা ঝগড়া হবে, হবে দুই চেয়ার আলাদা

হপ্তা হপ্তা কথা বন্ধ, ধান্দাতেই আচমকা মিলন

পাগলী তোমার সঙ্গে খাগড়াগড় জীবন কাটাব

পাগলী তোমার সঙ্গে মা সারদা কাটাব জীবন

 

কুণালকে কনুই মারব, রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে

পাপোশকে লেলিয়ে দেব, ঢেউ ভাঙতে কেষ্ট দুকদম

পাগলী তোমার সঙ্গে নর্দমায় জীবন কাটাব

যাদবপুরে অন্ধকারে লাঠিখেলা কাটাব জীবন

 

 

 

পুনশ্চঃ মূল কবিতা থেকে 'পাগলী তোমার সঙ্গে রামরাজ্য জীবন কাটাব' প্যারা বাদ পড়ায় রাহুল-তথাগত-অমিত শাহরা শোনা যাচ্ছে আন্দোলনের ডাক দিয়েছেন।


https://www.youtube.com/watch?v=pgVWpPcBXP0&feature=youtu.be


শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

হিন্দুত্ববাদ - সংস্কৃতি ও শ্রেণী ~ শতদ্রু দাস

​হিন্দুত্ববাদকে শুধুমাত্র একটা সাংস্কৃতিক ইস্যু বলে ভাবতে অসুবিধে আছে, যে কোনো বামপন্থীরই থাকবে। আর এটাই বোধ হয় বামপন্থীদের আর অন্যদের হিন্দুত্ববাদ নিয়ে মূল্যায়নে তফাত। আমার মতে বিজেপি  হিন্দুত্ববাদকে ব্যবহার করে তার অর্থনৈতিক এজেন্ডা গুলোকে আড়াল করতে। ধর্মের সুরসুরি দিয়ে তারা মানুষের নজর ঘুরিয়ে রাখে। হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে তারা শ্রমিক শ্রেনীর মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং তাদের ঐক্যবদ্ধ হতে বাধা দেয়। আমার কাছে হিন্দুত্ববাদের সবচেয়ে বড় বিপদ এটাই। 


ক্ষমতায় আসার পর থেকে বিজেপি যে অর্থনৈতিক দিশার দিকে এগিয়েছে সেটা কিরকম? এনরেগাকে তুলে দেয়ার পরিকল্পনা হচ্ছে, বিভিন্ন সমাজ কল্যাণ মূলক সরকারী প্রোগ্রাম গুলোকে কাটছাট করছে, শ্রম আইন শিথিল করা সুরু করেছে, আরো করবে। বাজেটের রিভিশনে বিভিন্ন সামাজিক খাতে যেমন শিক্ষা স্বাস্থ্যে ৭-৮ হাজার কোটি টাকা করে আর্থিক অনুদান কমিয়েছে। এটা ব্যাকডোর দিয়ে করা হয়েছে যাতে হই চৈ না হয়। জমি অধিগ্রহণ আইন পাল্টে কর্পোরেট জমি লুঠকে বৈধতা দেয়ার চেষ্টা করছে, বিভিন্ন লাভজনক সরকারী সংস্থা জলের দরে বেচে দেওয়ার তোড়জোড় শুরু করেছে, রেশনে কেরোসিন দেয়া বন্ধ করেছে, সরকারী ব্যাঙ্ক এসবিআই-কে বাধ্য করেছে আদানিকে বিদেশে বিনিয়োগ করার জন্যে ৬ হাজার কোটি টাকা ঋণ দিতে যাতে আর. বি. আই গভর্নর বাধ্য হয়েছেন বলতে যে কর্পোরেটের অনাদায়ী ঋণ সরকারী ব্যাঙ্কগুলোর সবচেয়ে বড় সমস্যা। এনরেগার সুফল নিয়ে অনেক অর্থনীতির পেপার লেখা হয়েছে, ভারতের বেশিরভাগ বিখ্যাত অর্থনীতিবীদ এনরেগার পক্ষে বলেছেন, এমনকি আর. বি. আই পর্য্যন্ত একটা রিপোর্ট বের করেছে যাতে এনরেগার প্রসংসা করা হয়েছে। কিন্তু কোনো কথা শুনতে নারাজ মোদী সরকার। ভুলে গেলে চলবেনা যে এই এনডিএ-র আমলেই FRBM নামক কলা কানুন চালু করা হয় যার ফলে সামাজিক খাতে সরকারী খরচ ব্যাপক হারে কাটছাট করা হয়। এই কাটছাটের ফলেই ২০০০-২০০৮ এর মধ্যে আমাদের দেশ দক্ষিন এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় প্রায় সমস্ত মানব উন্নয়নের মাপকাঠিতে পিছিয়ে পড়তে থাকি। অমর্ত্য সেন এই নিয়ে একটি লেখা লিখেছিলেন আউটলুক পত্রিকায়। কংগ্রেস যে এই বিষয়ে বিজেপির চেয়ে ভালো তা নয় তবুও ভোটের খাতিরে তাদের একটা মুখোশ রাখতে হয়, যাকে ওরা বলে "growth with a human face". তাই ওরা RTI, এনরেগা, চাষীদের ঋণ মকুব, খাদ্যের অধিকার আইন, অরণ্যের অধিকার আইন ইত্যাদির মত সব প্রকল্প নেয়। কিন্তু  বিজেপির হিন্দুত্ববাদের ভেক থাকার ফলে মানবিক মুখোশ টুকুও পরার দরকার হয়না, ওরা নগ্নভাবে নিও-লিবেরাল নীতি অনুসরণ করতে পারে। নিও-লিবেরাল নীতির জন্যে যে ভোট কমবে তা হিন্দুত্বর হাওয়া তুলে মেকআপ করে দেবে।              


এবার যারা উচ্চবিত্ব বা মধ্যবিত্ব তাদের কিন্তু বিজেপির এই নগ্ন নিও-লিবেরাল নীতি নিয়ে বিশেষ সমস্যা নেই। তারা বরং লাভবান হয়েছে এসব নীতির ফলে। এই শ্রেনীর মানুষের মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ এবং উদারপন্থী তাদের কাছেও  বিজেপির যেটুকু সমস্যা তারা দেখতে পান সেটুকু মূলত হিন্দুত্ববাদী সংস্কৃতি নিয়ে। হিন্দুত্ববাদ একটা সামন্তবাদী সংস্কৃতিকে তোল্লাই দেয় যার নিজস্ব সমস্যা অবশ্যই আছে কিন্তু শুধুমাত্র সেই সংস্কৃতির পশ্চাত্পর চেতনাকে যদি হিন্দুত্ববাদের মূল বিপদ বলে চিন্হিত করি তাহলে তার আসল উদ্দেশ্যটা অধরা থাকে, যা হলো শ্রেণী চেতনাকে দুর্বল করা।  এখানে মুসলমান মৌলবাদের প্রসঙ্গটাও টানবো। যারা হিন্দুত্ববাদকে শুধুমাত্র একটি সাংস্কৃতিক সমস্যা বলে মনে করে তারা হিন্দু মৌলবাদ আর মুসলমান মৌলবাদের তুলনামূলক বিচার করতে গিয়ে দ্বিতীয়টাকে বেশি বড় বিপদ বিচার করতে পারে। তার কারণ হলো আধুনিকতার বিরুদ্ধে হিন্দুত্ববাদ যতটা না জোরদার এবং আক্রমনাত্বক তার চেয়ে বেশি আক্রমনাত্বক মুসলমান মৌলবাদ। হিন্দুত্ববাদীরা যেসব প্রাক-আধুনিক সামন্তবাদী সংস্কৃতি প্রচার করে সেসব ততক্ষণ আর ততটুকুই করবে যতক্ষণ বাজার অর্থনীতি তাকে করতে দেবে, বেশি বাড়াবাড়ি করলে বাজার মেনে নেবেনা। এটা হিন্দুত্ববাদীরা ভালই জানে। মুসলমান মৌলবাদ কিন্তু বাজারের ওপর নির্ভরশীল না তাই বাজারের মন যুগিয়ে চলার দায় তার নেই, বরং বাজারের উল্টোটাই করবে। এর ফলে একটা সম্ভাবনা থাকে অনেক উদারপন্থী মানুষের এটা মনে করার যে হিন্দুত্ববাদীরা তমসাচ্ছন্ন ঠিকই কিন্তু মুসলমান মৌলবাদীরা সেই দোষে আরো বেশি দোষী। আমার মনে হয় হিন্দুত্ববাদের শ্রেণী শক্তিকে দুর্বল করার ভূমিকাকে না দেখতে পেলে এরকম সিদ্ধান্তে আসবেন অনেকেই।    


হিন্দুত্ববাদী সংস্কৃতি দলিত চেতনা আর নারীবাদকেও দুর্বল করে যেটার প্রশ্ন শ্রেণীর থেকে ভিন্ন এবং সেটাও বড় বিপদ। কিন্তু আমি যেহেতু সেই বিষয়ে খুব বেশি জানিনা তাই লিখলাম না।  আশা করি কেউ এই লেখা পড়ে ভেবে বসবেন না যে আমি সাংস্কৃতিক প্রান্তিকীকরণকে ছোট সমস্যা বলছি। আমি শুধু বিপদের একটা দিক তুলে ধরেছি।