চার বছর হইলো আমি ভাত খাই না।
অফিসে বলি সুগার বেশি। বন্ধুরা জিজ্ঞেস করলে বলি ডায়েট। মা কিছু বলেন না। শুধু প্রতি রাতে আমার সামনে দুইটা রুটি আর এক বাটি ডাল রেখে পাশের চেয়ারে চুপ করে বসে থাকেন। মায়ের ওই চুপ করে বসে থাকাটা আমি চিনি। এটা আমাদের বংশের চুপ। নানার কাছ থেকে পাওয়া।
আসল কারণটা কাউকে বলি নাই। ভাতের থালা সামনে এলে, বিশেষ করে সদ্য নামানো ধোঁয়া ওঠা ভাত, আমার গলার ভেতরটা মুঠির মতো শক্ত হয়ে যায়। যেন কেউ ভেতর থেকে দরজায় খিল দিয়ে দিয়েছে। ভাতের ভাপটা নাকে লাগলেই আমি ফিরে যাই একটা সরু গলিতে, একটা রান্নাঘরে, ঢাকনা বন্ধ একটা পুরান ডেকচির সামনে। আর ঘড়িতে তখন বাজে তিনটা দশ।
ডাক্তারকে বললে হয়তো একটা নাম দেবে। আমি নাম দিই না। আমি জানি এটা কী। এটা দেরি। চার বছর ধরে আমার গলায় একটা দেরি আটকে আছে।
আমার দাদা ছিলেন গফুর বাবুর্চি।
পুরান ঢাকার লোক এই নামটা এখনো ভোলে নাই। সূত্রাপুর থেকে শাঁখারীবাজার, নবাবপুর থেকে ওয়ারী, যত বিয়েবাড়িতে ডেক চড়ত, তার অর্ধেক চড়াতেন দাদা। কাচ্চি, রোস্ট, রেজালা, জর্দা, বোরহানি। শীতের রাতে বিয়েবাড়ির উঠানে সারি সারি ডেক বসত, নিচে কাঠের আগুন গনগন করত, আর সেই লাল আলোয় দাদার মুখটা দেখাত পুরান তামার মতো। লোকে বলতো,
'গফুরের হাতের রান্না দেড়শো মাইনষের লাইগা হউক আর দেড় হাজারের লাইগা, স্বাদ এক চুলও নড়ে না।'
কিন্তু দাদার আসল ওস্তাদি কাচ্চিতে ছিল না। ছিল ভাতে।
ছোটবেলায় দাদার লুঙ্গির খুঁট ধরে বিয়েবাড়িতে যেতাম। দাদা বিশাল ডেকের ঢাকনা একটুখানি ফাঁক করতেন, অল্প, যাতে ভাপ বেশি না পালায়। খুন্তির আগায় এক দানা ভাত তুলতেন। বুড়ো আঙুল আর তর্জনীর মাঝখানে আস্তে টিপতেন, যেন কোনো রোগীর নাড়ি দেখছেন। তারপর আমার দিকে না তাকিয়েই বলতেন,
'আর চাইর মিনিট।'
আমি মামার দেওয়া হাতঘড়িটা চোখের সামনে ধরে বসে থাকতাম। চার মিনিটই লাগত। এক সেকেন্ড কম না, বেশি না। প্রত্যেকবার।
'কেমতে বোঝেন, দাদা?'
দাদা হাসতেন। পান খাওয়া লাল দাঁত।
'ভাত কথা কয় রে নাতি। তুই হুনবার পারস না। হুনবার লাইগা কান লাগে না, সবুর লাগে।'
দেড় হাজার মানুষকে খাওয়ানো শেষে দাদা নিজে কিছু খেতেন না। বিয়েবাড়ির লোকেরা প্লেট সাজিয়ে আনত, রোস্টের সবচেয়ে বড় টুকরাটা তুলে দিত। দাদা হাত তুলে মানা করে বলতেন,
'বাড়িত গিয়া খামু।'
রাত এগারোটা-বারোটায় বাসায় ফিরে গোসল করতেন, তারপর রান্নাঘরের মেঝেতে পাটি পেতে বসতেন। সামনে একটা টোল খাওয়া স্টিলের থালা। ঠান্ডা ভাত, দুইটা কাঁচা মরিচ, এক চিমটি লবণ। কোনো কোনো দিন পাতলা ডাল। মাথার ওপর হলুদ একটা বাল্ব জ্বলত, আর দাদার ছায়াটা দেয়ালে অনেক বড় হয়ে পড়ত।
আমি ঘুম ভেঙে চুপিচুপি গিয়ে পাশে বসতাম। দাদা কিছু বলতেন না। মরিচটা আঙুলে ডলে, লবণ মিশিয়ে অনেকক্ষণ ধরে ভাত মাখতেন। তারপর এক লোকমা আমার মুখের সামনে ধরতেন।
ওই লবণ-মরিচ-ভাতের স্বাদ আমি পরে আর কোথাও পাই নাই। না কোনো রেস্তোরাঁয়, না কোনো দাওয়াতে। এখন বুঝি, স্বাদটা ভাতে ছিল না। ছিল ওই রাতটায়, ওই হলুদ বাল্বটায়, ওই চুপ করে বসে থাকাটায়।
একদিন জিজ্ঞেস করেছিলাম,
'আপনে এত ভালা ভালা রান্ধেন, নিজে খান না ক্যান?'
দাদা লোকমাটা মুখে দিয়ে অনেকক্ষণ চিবিয়ে বললেন,
'যা রান্ধি, হেইডা মাইনষের লাইগা। যা খাই, হেইডা আমার লাইগা। দুইডা এক জিনিস না রে।'
'তাইলে খালি ভাত ক্যান?'
'ভাত হইল দুনিয়ার সব থেকে সৎ জিনিস। মাংসে ঝাল-মশলা দিয়া ভুল ঢাকন যায়, পোলাওয়ে ঘি দিয়া। ভাতে যায় না। কাঁচা থাকলে কাঁচা, গইলা গেলে গলা। ভাত যা, তা-ই।'
একটু থেমে বললেন, 'মরণের লাহান। ঢাকন যায় না।'
মরণ শব্দটা শুনে আমি একটু ভয় পেয়েছিলাম। দাদা টের পেয়ে আরেক লোকমা মুখে তুলে দিলেন।
আরেক রাতে বললেন,
'ভাতরে দম দিতে হয়, বুঝলি? পানি টাইনা গেলে আগুন নিভায়া, ঢাকনা আঁইটা, চুপ মাইরা বইয়া থাকন লাগে। ওই বইয়া থাকাডাই আসল রান্ধন। বাকি সব চুলার কাম।'
'কিছু না কইরা থাকলে রান্ধন হয়?'
'হয়। দুনিয়ার সবথে বড় কাম হইল কিছু না কইরা থাকতে পারা।'
দাদা থালাটা আঙুল দিয়ে চেঁছে পরিষ্কার করতে করতে বললেন,
'মাগার খেয়াল রাখিস, দম আর ভুইলা যাওন এক জিনিস না। দম দিয়া মানুষ বইয়া থাকে। ভুইলা গেলে মানুষ উইঠা যায়।'
আমি তখন ছোট। আমার কাছে এসব ছিল বুড়ো মানুষের কথা। সবকিছুতে আমার তাড়া ছিল। ওই কথার মানে বুঝতে আমার আরও বিশ বছর লেগেছিল।
আমাদের সূত্রাপুরের বাড়িটা ছিল তিনতলা, পুরান ঢাকার আর দশটা বাড়ির মতোই। সরু সিঁড়ি, ঘোরানো লোহার রেলিং, চুন খসা দেয়ালে শ্যাওলার মানচিত্র। নিচতলায় ভাড়া থাকত অপরাজিতারা।
ও আমার চেয়ে দুই ক্লাস ওপরে পড়ত। ওর বাবা শাঁখারীবাজারের এক শাঁখার দোকানের হিসাবরক্ষক। সন্ধ্যায় বাড়ি ফিরতেন আঙুলে শাঁখের গুঁড়ার সাদা দাগ নিয়ে। ওর মা আমাকে ডাকতেন 'গফুর কাকার নাতি', যেন আমার আলাদা কোনো নাম নাই, দাদার একটা লেজুড় মাত্র।
আর অপরাজিতা আমাকে ডাকত "দৌড়ানি"।
কারণটা ও-ই বলেছিল একদিন।
'তুই সিঁড়ি দিয়া নামস না, পড়স। কথা কস না, ছিটাস। ভাত খাস না, গিলস।'
ওর শুধু বাম পায়ে একটা নূপুর ছিল। ডান পায়েরটা কবে হারিয়েছিল কেউ জানে না। তাই ও সিঁড়ি দিয়ে উঠলে আওয়াজ হতো এক পায়ে। ঝুন, ঝুন। ঝুন, ঝুন৷ পুরা বাড়িতে এই আওয়াজ আর কারো ছিল না। আমি তিনতলার ঘরে বসে অঙ্ক কষতে কষতে শুনতাম। ঝুন, ঝুন। বুঝতাম ও টিউশন থেকে ফিরল। বুঝতাম ও এখন দোতলার বাঁকে। বুঝতাম ও এখন আমাদের দরজার সামনে দিয়ে ছাদে যাচ্ছে কাপড় তুলতে।
আর আমার অঙ্ক ভুল হতো।
ও ওর পুরান বইগুলো আমাকে দিয়ে দিত। দুই বছর পর পর একই বই আমার হাতে আসত। মার্জিনে ওর হাতের লেখা। গোল গোল অক্ষর, পেন্সিলে টুকে রাখা সূত্র, কোথাও কোথাও একটা ছোট্ট ফুল আঁকা। সপ্তম শ্রেণির বাংলা বইয়ে অপরাজিতা ফুলের ছবির পাশে ও লিখে রেখেছিল,
'এইটা আমি না। আমি এর চে সুন্দর।'
ওই পাতাটা আমি কতবার খুলে দেখেছি, হিসাব নাই।
বর্ষার রাতে লোডশেডিং হলে পুরা বাড়ির পোলাপান সিঁড়িতে এসে বসত। অন্ধকারে কেউ ভূতের গল্প বলত, কেউ গান ধরত। অপরাজিতা বসত আমার এক ধাপ ওপরে। বাতাসে ওর ওড়নার আঁচল আমার কাঁধে এসে পড়ত। আমি নড়তাম না। নিঃশ্বাসও আস্তে নিতাম, যেনো আঁচলটা সরে না যায়।
শাকরাইনের দিনে আমাদের ছাদে ঘুড়ির যুদ্ধ হতো। পৌষের শেষ দিনে পুরান ঢাকার আকাশ আর আকাশ থাকে না, হয়ে যায় রঙের হাট। চারদিকের ছাদ থেকে চিৎকার ওঠে। আমি ঘুড়ি ওড়াতাম, অপরাজিতা ধরত লাটাই। ও-ই ঠিক করত কখন ঢিল দিতে হবে, কখন টান।
'তুই এত দৌড়ানি ক্যান রে?' ও বলত।
'সুতা ছাড়, আকাশ তো আছে । ঘুড়ি তো পালাচ্ছে না।"
'আমি দৌড়াই না।'
'বললাম তো। তোর সমস্যা হলো সবকিছুতে তাড়া। ঘুড়ির, পড়ার, কথার। কোনোকিছুরে একটু বসে থাকতে দিস না। ঘুড়িরেও না, নিজেরেও না।'
এক শাকরাইনে মাঞ্জা দেওয়া সুতায় ওর আঙুল কেটে গেল। এক ফোঁটা রক্ত লাটাইয়ের কাঠে পড়ল। আমি ওর হাতটা ধরতে চেয়েছিলাম। হাত বাড়িয়েছিলামও। তারপর মাঝপথে থেমে গেলাম, যেন হাতটা আমার না। ও নিজেই আঙুলটা মুখে পুরে রক্ত চুষে নিল। তারপর আমার থেমে থাকা হাতটার দিকে তাকিয়ে একটু হাসল। কিছু বলল না।
এখন ভাবি, পুরা জীবনটাই আমি ওইভাবে কাটিয়েছি। হাত বাড়িয়ে, মাঝপথে থেমে।
এক রাতে দাদার সাথে মেঝেতে বসে ভাত খাচ্ছি। নিচ থেকে আওয়াজ উঠল। ঝুন, ঝুন। ঝুন, ঝুন। আমার লোকমাটা মুখের কাছে এসে থেমে গেল। আওয়াজটা দোতলার বাঁক পেরিয়ে ছাদের দিকে মিলিয়ে যাওয়া পর্যন্ত আমি ওইভাবেই বসে রইলাম। হাতে ভাত, মুখ খোলা।
দাদা কিছু বললেন না। শুধু নিজের লোকমাটা মুখে দিয়ে অনেকক্ষণ চিবালেন।
আমি তখন বুঝি নাই, যে মানুষ ভাতের কথা শুনতে পায়, সে মানুষের কথাও শুনতে পায়।
আমি যখন ক্লাস এইটে, অপরাজিতা টেনে, ওর বাবার বদলি হলো চট্টগ্রামে। দোকানের মালিক সেখানে নতুন শোরুম দিয়েছেন।
খবরটা শুনলাম পৌষের এক দুপুরে। তারপর থেকে সিঁড়ির নূপুরের আওয়াজটা অন্যরকম শোনাতে লাগল। যেন প্রতিটা ঝুন একটা করে সংখ্যা। আর কয়টা দিন বাকি।
শেষ শাকরাইনের বিকেলে আমরা ছাদে। সন্ধ্যা নামছে, আকাশ কমলা থেকে বেগুনি হচ্ছে, চারপাশের ছাদ থেকে একটা একটা করে ফানুস উঠছে। আমার লাল-সাদা ঘুড়িটা তখনো আকাশে।
হঠাৎ পাশের কোনো ছাদ থেকে একটা কালো ঘুড়ি এসে প্যাঁচ লাগাল। আমি টান দিতে গেলাম। অপরাজিতা বলল,
'ঢিল দে, ঢিল...'
কিন্তু আমি টান দিলাম। দৌড়ানি তো। সুতাটা ছিঁড়ে গেল।
আমার ঘুড়িটা পুরান ঢাকার ছাদগুলোর ওপর দিয়ে ভাসতে ভাসতে চলে গেল। একবার ডানে হেলল, একবার বাঁয়ে, তারপর বুড়িগঙ্গার দিকের আকাশে একটা বিন্দু হয়ে মিলিয়ে গেল। কেউ পিছে দৌড়াল না। পুরান ঢাকার সবাই জানে, কাটা ঘুড়ির পিছে দৌড়ায়া লাভ নাই। যার ছাদে গিয়া পড়ে, ঘুড়ি তার।
অপরাজিতা ফাঁকা লাটাইটা আমার হাতে দিল। ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। তারপর খুব আস্তে জিজ্ঞেস করল,
'তোর কিছু বলার আছে আমায়?'
আমার বুকের ভেতর তখন কিছু একটা উঠছিল। ফুটন্ত পানির মতো, ঢাকনা ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু আমি ঢাকনাটা চেপে ধরলাম।
'না। কী বলার থাকবে?'
ও একটু হাসল। সেই হাসিটার মানে আমি বিশ বছর ধরে খুঁজেছি।
তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল। ঝুন, ঝুন। ঝুন, ঝুন নূপুর পায়ে৷ আমি গুনলাম। সাতাশটা সিঁড়ি।
পরদিন ভোরে একটা ট্রাক এসে ওদের সব মালপত্র নিয়ে গেল। খাট, আলমারি, ঠাকুরের সিংহাসন, ওর পড়ার টেবিল। আমি তিনতলার জানালা থেকে দেখলাম। নিচে নামলাম না। ভাবলাম, নামলে কী বলব? ভাবতে ভাবতেই ট্রাকটা গলির মোড় ঘুরে গেল।
সেই রাতে দাদা মেঝেতে বসে ভাত খাচ্ছিলেন। আমি পাশে গিয়ে বসলাম। কিছু বললাম না।
দাদা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন,
'মনের কথা ভাতের লাহান রে নাতি। সময়মতো নামাইতে হয়। বেশি আগে নামাইলে কাঁচা থাকে, দাঁতে লাগে। বেশি দেরি করলে তলা ধইরা যায়। তহন হাজার পানি ঢাললেও পোড়া গন্ধ যায় না।'
'কী কথা, দাদা?'
'যেইডা তুই অপরাজিতারে বলস নাই।'
আমার কান গরম হয়ে গেল।
'আপনি.. আপনি কিভাবে জানলেন?'
দাদা মরিচটা আঙুলে ডললেন।
'যেই পোলা নূপুরের আওয়াজ হুইনা লোকমা থামায়া দেয়, হের মন ভাতে থাকে না রে। আমি পঞ্চাশ বছর ভাতের কথা হুনছি। তোরটা হুনুম না?'
তারপর লুঙ্গির কোঁচড় থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন।
'অপরাজিতা দিয়া গেছে। কাইল রাইতে। তোরে দিবার কইছে।'
কাগজে শুধু একটা ঠিকানা। চট্টগ্রামের। নিচে গোল গোল অক্ষরে, পেন্সিলে লেখা:
'চিঠি দিস। তাড়া নাই।'
আমি কাগজটা হাতে নিয়ে বসে রইলাম। দাদা আরেক লোকমা ভাত মেখে আমার মুখের সামনে ধরলেন।
কাগজটা রেখে দিলাম জ্যামিতি বক্সে, কম্পাস আর চাঁদার নিচে। ভাবলাম, বার্ষিক পরীক্ষাটা শেষ হলে লিখব। তারপর ভাবলাম, নাইনে উঠে গুছিয়ে লিখব। তারপর ভাবলাম, এতদিন পরে হঠাৎ লিখলে ও কী ভাববে। তারপর আর ভাবলাম না।
চিঠিটা আর কোনোদিন লেখা হয় নাই।
বড় হলাম। ধানমন্ডির একটা ব্যাংকে চাকরি পেলাম। মা আর আমি ধানমন্ডিতে ভাড়া বাসায় উঠলাম।
দাদা সূত্রাপুর ছাড়লেন না। বিধবা ফুপু থাকতেন সাথে। দাদা বলতেন,
'এই বাড়ির মাটিতে আমার ডেক পুড়ছে, পঞ্চাশ বছরের আগুন। আমি কই যামু?'
বয়স হয়েছিল। হাত কাঁপত। বিয়েবাড়ির ডেক আর চড়াতেন না। কিন্তু ভাত রান্না ছাড়েন নাই।
প্রতি শুক্রবার সকালে দাদার ফোন আসত।
'আইজ আইবি, নাতি? ভাত বসামু।'
'আজ একটু কাজ আছে, দাদা। পরের শুক্রবার।'
দাদা বলতেন, 'আইচ্ছা। পরের শুক্রবার।'
একবারও অভিযোগ করেন নাই। একবারও না।
পরে, অনেক পরে, পুরান কল লিস্ট ঘেঁটে হিসাব করেছিলাম। তিন বছরে আমি তেতাল্লিশটা শুক্রবার 'পরের শুক্রবার' বলেছি।
কাজ থাকত না সবসময়। কখনো ঘুম। কখনো বন্ধুদের সাথে আড্ডা। কখনো স্রেফ ইচ্ছা করত না। সূত্রাপুর তো কাছেই, যেকোনো শুক্রবার যাওয়া যায়। দাদা তো আর কোথাও যাচ্ছেন না।
মানুষ ভাবে সময় একটা লম্বা রাস্তা, যত খুশি হাঁটা যায়। আসলে সময় একটা ডেকচি। ভেতরে যা আছে, তা একটা নির্দিষ্ট মুহূর্তে নামাতে হয়। সেই মুহূর্তটা কেউ ঘড়ি ধরে বলে দেয় না। শুধু দাদার মতো কেউ কেউ শুনতে পায়।
আমি শুনতে পেতাম না। দাদা তো সেই কবেই বলে দিয়েছিলেন।
২০২২ সালের শেষের দিকের এক শুক্রবার।
সেদিন সকালে দাদার ফোন আসে নাই। তিন বছরে এই প্রথম। বুকের ভেতর কেমন যেন খচখচ করল। আমি নিজেই ফোন দিলাম।
'আসবো, দাদা।'
ওপাশে একটু চুপ। তারপর শুধু একটা শব্দ।
'আয়৷'
জুমার নামাজ পড়ে বেরোলাম। গুলিস্তানের কাছে এসে আটকে গেলাম। কী একটা মিছিল, রাস্তা পুরা বন্ধ। সিএনজির মিটার ঘুরছে, চাকা ঘুরছে না। রোদ, হর্ন, ঘাম, ধুলা।
বেলা একটা চল্লিশে দাদার ফোন এলো।
'কই তুই?'
'জ্যামে, দাদা। আধা ঘণ্টা লাগবে।'
আবার একটু চুপ। তারপর দাদার গলা, একটু আস্তে, একটু ক্লান্ত।
'আইচ্ছা। ভাত দমে আছে। দম দিলে ভাত পোড়ে না। তুই আয়। তাড়া করিস না।'
এই শেষ।
আধা ঘণ্টা হলো দেড় ঘণ্টা। শেষে সিএনজি ছেড়ে হাঁটা ধরলাম, তারপর দৌড়। সারাজীবন যে দৌড়ানি ছিলাম, সেদিন সেই দৌড়টাই কাজে লাগল না। সূত্রাপুরের গলিতে যখন ঢুকলাম, ঘড়িতে তিনটা দশ।
ফুপু দরজায় দাঁড়িয়ে ছিলেন। তাঁর মুখ দেখেই বুঝে গেলাম। কিছু খবর থাকে, যা কেউ মুখে বলার আগেই পৌঁছে যায়।
দাদা রান্নাঘরের মেঝেতে দেয়ালে হেলান দিয়ে বসে ছিলেন। চোখ বন্ধ। মুখটা শান্ত, যেন কারো জন্য অপেক্ষা করতে করতে একটু ঝিমিয়ে পড়েছেন। সামনে পাটি পাতা। পাটির ওপর দুইটা স্টিলের থালা। দুইটার পাশে দুইটা কাঁচা মরিচ, এক চিমটি করে লবণ।
চুলার ওপর সেই পুরান ডেকচি। ঢাকনা বন্ধ। আগুন নেভানো।
ফুপু বললেন,
'তোর লাইগাই বইয়া আছিল। একবার কইল, নাতি জ্যামে আছে, আইব। তারপর আর কিছু কয় নাই।'
আমি ঢাকনাটা খুললাম। ধোঁয়া উঠে মুখে এসে লাগল।
ভাতটা তখনো গরম ছিল।
দম দিয়ে রাখা ভাত অনেকক্ষণ গরম থাকে। দাদাই শিখিয়েছিলেন। শুধু এটা শেখান নাই যে ভাত গরম থাকে, মানুষ থাকে না।
সেই রাতে ধানমন্ডির বাসায় মা ভাত রাঁধলেন। থালার সামনে বসলাম। ভাপটা নাকে লাগল। গলার ভেতরটা মুঠির মতো শক্ত হয়ে গেল। এক লোকমাও মুখে তুলতে পারলাম না।
সেই থেকে আজ পর্যন্ত পারি নাই।
গত শুক্রবার সূত্রাপুরের বাড়িটা বিক্রির কাগজে সই করতে গেলাম।
ফুপুর বয়স হয়েছে, একা আর পারছেন না। বাড়িটাও বুড়িয়ে গেছে। সিঁড়ি ভাঙা, ছাদে ফাটল, বর্ষায় দেয়াল বেয়ে পানি নামে। বিক্রি করে দেওয়াই ঠিক। সবাই তাই বলল। আমিও।
গলিতে ঢুকে দেখি বাড়ির দরজায় একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে। সাদা থান, চুল ধবধবে সাদা। চিনতে এক মুহূর্ত লাগল। অপরাজিতার মা। কাকিমা।
আর তাঁর পেছনে, উঠানের কলের পাশে, বালতিতে হাত ধুচ্ছে...
অপরাজিতা।
আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। বিশ বছর এক মুহূর্তে উপচে পড়ল, যেমন ঢাকনা খুললে ভাপ।
ও উঠে দাঁড়াল। শাড়ির আঁচলে হাত মুছল। আর তখনই আমি দেখলাম।
ওর সিঁথিতে সিঁদুর। দুই হাতে শাঁখা আর পলা। সাদা শাঁখার গায়ে সূক্ষ্ম নকশা। শাঁখারীবাজারের কাজ। কে জানে, হয়তো ওর বাবার দোকানেরই।
ওর শাড়ির কুঁচি ধরে দাঁড়িয়ে আছে বছর ছয়েকের একটা মেয়ে। বড় বড় চোখ। চোখ দুইটা হুবহু অপরাজিতার।
'তুই তো আগের মতোই আছিস," ও বলল।
অপরাজিতার গলাটা একটু ভারী হয়েছে, কিন্তু টানটা সেই আগের।
"এখনো দৌড়ানি। গলিতে ঢুকলি যেন ট্রেন ধরবি।"
'আপনি....'
'কাল রাতে এসেছি। বাবা মারা যাওয়ার পর মা শাঁখারীবাজারে মামার বাসায় থাকে। মা বললো তোদের বাড়ি বিক্রি হবে। ভাবলাম আরেকবার দেখে যাই। এই সিঁড়ি, এই ছাদ।' ও একটু থামল। তারপর বললো,
'তোরে দেখব, ভাবি নাই।'
মেয়েটা মায়ের আঁচল টেনে জিজ্ঞেস করল,
'মা, উনি কে?'
অপরাজিতা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর মেয়ের মাথায় হাত রেখে বলল,
'তোমার মামা লাগে। প্রণাম কর।'
মেয়েটা ঝুঁকে আমার পা ছুঁলো। আমি ওর মাথায় হাত রাখলাম। হাতটা কাঁপছিল।
মামা। একটা শব্দ। আর তার ভেতরে বিশ বছরের একটা দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেল।
কাকিমা এগিয়ে এসে আমার হাত ধরলেন।
'বাবা, তোর দাদায় মরণের আগের হপ্তায় খুঁজতে খুঁজতে শাঁখারীবাজারে গেছিল। আমার হাতে একটা জিনিস দিয়া কইল, নাতি যেইদিন আইসা এই বাড়িত বইব, হেইদিন দিও। তার আগে না। ওর ফুপুর হাতে দিলে ফালায়া রাখব।'
তিনি ঝোলা থেকে একটা পুরান টিনের কৌটা বের করলেন। ঢাকনায় মরিচা ধরা৷
খুলে দেখি ভেতরে চাল। মুন্সীগঞ্জের কালিজিরা। কয়েকটা শুকনা নিমপাতা দিয়ে রাখা, যাতে পোকা না ধরে। চালের ওপর ভাঁজ করা একটা কাগজ। দাদার হাতের লেখা। অক্ষরগুলো কাঁপা কাঁপা, একটা আরেকটার গায়ে হেলান দিয়ে আছে, যেন একা দাঁড়াতে পারে না।
'নাতি, চাউল ঠিক আছে। দম দিয়া রান্ধিস। তাড়া করিস না। আমি আছি।'
"আমি আছি" কথাটা দেখে আমার চোখ ঝাপসা হয়ে গেল।
অপরাজিতা বলল, 'চল। রান্নাঘরে চল।'
বললাম,
'আমি ভাত খাইতে পারি না, চার বছর হইল।'
'খাইতে তো বলি নাই, বসতে বলছি।'
দাদার রেখে যাওয়া কালিজিরা চাল তিন পানিতে ধুয়ে, ওই পুরান ডেকচিতেই অপরাজিতা ভাত বসাল। আগুন জ্বালাল। পানি ফুটল। তারপর আগুন নিভিয়ে ঢাকনা বন্ধ করে দিল।
আমি বললাম,
'এখন কি করব?'
'কিচ্ছু না। বসে থাক।'
আমি মেঝেতে দেয়ালে হেলান দিয়ে বসলাম। ঠিক যেখানে দাদা শেষবার বসে ছিলেন। জীবনে প্রথমবার কিছু না করে বসে থাকলাম। পাঁচ মিনিট। দশ মিনিট। বিশ মিনিট।
অপরাজিতা এসে পাশে বসল। দুই হাত দূরে। ঢাকনার ফাঁক দিয়ে বেরোনো ঘ্রাণটা আমাদের মাঝখানে ভেসে বেড়াতে লাগল। ওর শাঁখা দুইটা মাঝে মাঝে ঠুকে হালকা একটা শব্দ করছিল। নূপুরের মতো না। অন্যরকম।
কিছু সময় পর ও আস্তে বলল,
'তোর কিছু বলার আছে আমারে?'
আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। ওর সিঁথির দিকে। ওর শাঁখার দিকে।
বললাম,
'আছে, বিশ বছরের।'
'বল তাহলে। এইবার তাড়া নাই।'
ও জানত, এখন বললে কিছুই বদলাবে না। আমিও জানতাম। তবু বললাম। কী বললাম, সেটা থাক। শুধু এটুকু বলি, বিশ বছর ধরে যে কথার ঢাকনা চেপে রেখেছিলাম, সেটা বলতে লাগল এক নিঃশ্বাস।
অপরাজিতা কিছুক্ষণ ডেকচির দিকে তাকিয়ে রইল। তারপর বলল,
'জানতাম।'
'জানতি?'
'তোর দাদা কিভাবে জানতো, ভেবেছিস কোনোদিন? খালি নূপুরের আওয়াজ শুইনা?' ও একটু হাসল।
'যাওয়ার আগের রাতে আমি এই রান্নাঘরে আসছিলাম। দাদু মেঝেতে বসে ভাত খাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদু, ও কি কোনোদিন কিছু বলবে না?'
দাদু বলেছিলেন,
'পোলাটা অহনো কাঁচা রে মাইয়া। দম লাগব। তুই ঠিকানা দিয়া যা।'
আমার মনে পড়ল জ্যামিতি বক্সটা। বক্সটা কোথায় গেছে, আমি জানিও না।
ও বলল,
'আমি চিঠির জন্য অপেক্ষা করেছিলাম। চাটগাঁর পিয়নটা আমারে দেখলেই মাথা নাড়ত। এক বছর, দুই বছর। মেট্রিক দিলাম, ইন্টার দিলাম। তারপর বাবা বললো সম্বন্ধ এসেছে।' ও হাসল, কিন্তু হাসিটা আমার পর্যন্ত এলো না।
'জানিস, আমি বাবারে কী বলতাম? বলতাম, পরের শুক্রবার পর্যন্ত দেখি।'
আমার গলার ভেতরটা শক্ত হয়ে আসছিল।
'ছয় বছর দম দিয়া রাখছিলাম রে। দাদু বলত দম দিলে ভাত পোড়ে না। সত্য পোড়ে নাই।" ও চুলার দিকে তাকাল।
"কিন্তু ভাত তো সারাজীবন চুলায় থাকে না। কেউ না কেউ একদিন এসে নামিয়ে ফেলে। থালায় বেড়ে দেয় অন্য কারো সামনে।'
আমি বললাম,
'দাদায় বলতো, দম আর ভুইলা যাওন এক জিনিস না, আমি ভুলি নাই।'
'জানি। ভুলস নাই। খালি উঠে গেছিলি।' ও আমার দিকে তাকাল।
'যে বসে থাকে, তার কাছে ওই দুইডা একই রকম লাগে রে। ফারাকটা খালি যার ভেতর দিয়ে যায়, সেই বোঝে।'
শেষে জিজ্ঞেস করলাম। নিজের অচেনা গলায়,
'তুই সুখে আছিস?'
ও শাঁখা দুইটা কবজিতে একবার ঘুরিয়ে নিল।
'উনি ভালা মানুষ। কোনোদিন উঁচা গলায় একটা কথা বলে নাই। মেয়েটা আমার জান। দাদু বলতো না, ভাত যা, তা-ই? আমি ঢাকুম না। আমি ভালা আছি। '
একটু থেমে বলল ,
'খালি পৌষের শেষ দিনটা কেমন জানি খালি খালি লাগে। চাটগাঁর আকাশে শাকরাইন হয় না।'
ওর ফোন বেজে উঠল। দেখল, ধরল না।
'উনি নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সাড়ে পাঁচটায় ট্রেন।'
তারপর উঠে ঢাকনাটা খুলল। ধোঁয়া উঠল। আমাদের দুজনের মাঝখানে একটা পাতলা সাদা পর্দার মতো ঝুলে রইল, তারপর মিলিয়ে গেল। ও দুইটা স্টিলের থালায় ভাত বাড়ল। পাশে দুইটা কাঁচা মরিচ, এক চিমটি করে লবণ। ঠিক যেমন চার বছর আগে দাদা সাজিয়ে রেখেছিলেন।
'দেখ তো,' ও বলল।
আমি এক দানা ভাত তুললাম। বুড়ো আঙুল আর তর্জনীর মাঝখানে টিপলাম।
'ঠিক আছে। সময়মতোই নামছে।'
অপরাজিতা হাসল। চোখ ভেজা।
'দাদুর মতো বললি।'
তারপর দরজার কাছে গিয়ে থামল। পেছন না ফিরেই বলল,
'ভাত সময়মতো নামালেই হয় না রে দৌড়ানি। খাওয়ার মানুষটাকেও সময়মতো আসতে হয়।'
ও মেয়েকে ডাকল। সিঁড়ি দিয়ে নেমে গেল।
এইবার সিঁড়িতে কোনো আওয়াজ হলো না। ও আর নূপুর পড়ে না।
আমি একা বসে রইলাম। সামনে দুইটা স্টিলের থালা। ঠিক চার বছর আগের মতো।
থালার ভাতের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। চালটা দাদার, চার বছর ধরে নিমপাতার ভেতরে আমার জন্য তুলে রাখা। রান্নাটা অপরাজিতার, বিশ বছর পর এই রান্নাঘরে ফিরে এসে চুলায় বসিয়ে দিয়ে গেল। আর দমটুকু, যে চুপ করে বসে থাকাকে দাদা আসল রান্না বলতেন, সেটুকু এই প্রথম আমার।
তিনজনের হাতে রান্না হওয়া এক ডেকচি ভাত।
মরিচটা আঙুলে ডললাম। লবণ মেশালাম। অনেকক্ষণ ধরে মাখলাম, দাদা যেমন মাখতেন। তারপর এক লোকমা তুলে মুখের সামনে ধরলাম। এক মুহূর্তের জন্য মনে হলো হাতটা আমার না, দাদার।
মুখে দিলাম।
গলার ভেতরটা এবার শক্ত হলো না।
চোখ থেকে কয়েক ফোঁটা পানি থালায় পড়ল। লবণ আর লাগল না।
দাদা বলতেন, ভাত কথা কয়। সেদিন জীবনে প্রথমবার আমি শুনতে পেলাম। ভাত বলছিল, দম দিলে ভাত পোড়ে না, এটা সত্যি। কিন্তু দমের ভাত শুধু অপেক্ষা করতে পারে, কাউকে ডেকে আনতে পারে না। কেউ না এলে সে গরম থাকতে থাকতেই একসময় ঠান্ডা হয়ে যায়।
এক থালা গরম ভাত সাজিয়ে রেখে দাদা চলে গিয়েছিলেন। এক থালা গরম ভাত বেড়ে রেখে চলে গেল অপরাজিতা। দুইবারই ভাত সময়মতো নেমেছিল। দেরি হয়েছিল শুধু আমার।
পাশের থালাটা, অপরাজিতার থালাটা, কেউ ছুঁয়েও দেখল না। ওটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল।
আমার থালার ভাতটা তখনো গরম ছিল।
এইবার আমি দেরি করি নাই। শুধু যাদের জন্য দেরি না করলে জীবনটা অন্যরকম হতো, তাদের একজন শুয়ে আছেন জুরাইনের মাটিতে, আর আরেকজন নিচের গলি থেকে গাড়িতে উঠে চট্টগ্রামের ট্রেন ধরতে চলে গেছে।
.
আব্দুল্লাহ আল মামুন ( কাইকর )
২১/১১/২৬
গাজীপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন