বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

ছিল রুমাল হয়ে গেল বেড়াল ... পরিবর্তন মানে কি প্যারাডাইম্‌ শিফ্‌ট? ~ সীতানাথ বন্দ্যো

এ লেখার শিরোনামটি যাঁদের কাছে দুর্বোধ্য ঠেকছে তাঁদের জানাই প্রথম প্রথম আমারও এমনটাই হয়েছিল। অচেনা শব্দগুলি একেবারে কানের ভিতর দিয়ে মরমে নয় হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা দিয়েছিল। কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায় কারণ শ্যাম আমাকে সবকিছু জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল।

রুমালের বেড়াল হয়ে যাওয়ার কাহিনী এমনিতে অনেকেরই জানা। সেই যে প্রচণ্ড গরমে খোকা গাছতলায় শুয়ে ঘুম দিচ্ছে, এমন সময়ে ঘাম মোছবার জন্য ঘাসের ওপর রাখা রুমালটা খুঁজতে গিয়ে শোনে, 'ম্যাও'। কী আপদ, রুমালটা ম্যাও করে কেন? না দেখা গেল, রুমাল আর রুমালই নেই, হয়ে গেছে বেড়াল। আর বেড়াল তো 'ম্যাও' করবেই।


সুকুমার রায়ের আমলেই যদি এমনটা ঘটে থাকে তাহলে বিজ্ঞানের এই অগ্রগতির যুগে এমন হলে আর অবাক হওয়ার কী আছে? এসব এখন হামেশাই ঘটছে। কিন্তু 'প্যারাডাইম' শব্দটা আজ থেকে চার-পাঁচ বছর আগে শ্যামের মুখেই প্রথম শুনেছিলাম।


শ্যামের কথা বলছি, কিন্তু এতক্ষণ তার পরিচয় দিইনি। শ্যাম ছিল যাকে বলে আমার সহপাঠী এবং বন্ধু। যে বয়েসে ছেলেরা এর গাছের আম, ওর বাড়ির মুরগি চুরির সঙ্গে সঙ্গে নিষিদ্ধ বইও পড়তে শেখে, সেই বয়েসে ওর সঙ্গে আমার সখ্য ছিল অটুটু। শ্যামের একটা খুব বড় গুণ ছিল, যেজন্য আমরা সকলে ওকে শ্যামখুড়ো বলে ডাকতাম, বড়দের মতো অনেক বিচক্ষণ সিদ্ধান্ত নিয়ে ও আমাদের একেবারে তাক লাগিয়ে দিত। আমাদের কিশোর বয়েসে সকলে রহস্য রোমাঞ্চের যে বই কাড়াকাড়ি করে পড়তাম, তা হল স্বপনকুমারের লেখা দীপক চ্যাটার্জির কাহিনী। বাড়িতে গোয়েন্দা গল্প পড়া বারণ ছিল না, কিন্তু তা সীমাবদ্ধ ছিল ব্যোমকেশ বক্সী কিংবা হেমেন্দ্রকুমার রায়ের জয়ন্ত-মানিকে। অন্য সব সিরিজ আমরা স্কুলের টিফিনের পয়সা আর বাড়ির লোকের চোখ বাঁচিয়ে কিনতাম। তাতে বইটা হাতে আসতে একটু দেরি হতো ঠিকই কিন্তু তখন আমাদের কাছে সেটাই ছিল অনেক। এইসব দিনেই সকলে ‍মিলে গোল হয়ে বসে প্রথম দু-এক পাতা পড়ার পরই শ্যাম গল্পের শেষে কী হবে, অপরাধীই বা কে, এসব অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে আমাদের অবাক করে দিত।


শেষে অবশ্য একদিন শ্যামের মেজদাদা আমাদের সকলের সামনে ওর কান পেঁচিয়ে ধরে বলেছিলেন 'হ্যারে, নতুন যে বইটা কাল কিনে এনেছি, ''খুনী কে?'' সেটা কোথায় রেখেছিস?' তখন জানা গেল, শ্যাম সব গল্পগুলো আগেই বাড়িতে পড়ে নিয়ে রহস্যভেদের ভান করে আমাদের চমকে দিত।


তবে সেজন্য অবশ্য আমাদের বন্ধুত্বের কোনও হানি হয়নি, কারণ অন্য অনেক দিকে শ্যামের ওরিজিনালিটি ছিল অকৃত্রিম। তারপর অনেক বছর কেটে গেছে। সাতাত্তরে স্কুল, তারপর কলেজ পাস করে আমরা কে কোথায় ছিটকে গেছি। আমাদের গ্রামের স্কুলের কয়েক বছরের সিনিয়র জগাদা নামকরা সাংবাদিক হয়েছে। তাকে দেখে আমারও শখ হয়েছিল সাংবাদিকতা করবার। আমার বাবা ছিলেন সেকালের আদর্শবান হেডমাস্টার, ছেলেদের জন্য কিছু করে বা রেখে যাননি। কলেজে ক'বছরের জন্য এস এফ আই-এর দলে ভিড়েছিলাম, কিন্তু সেজন্য কোনও পুরস্কার বা চাকরি জোটেনি। ছেলে পড়ানোর পাশাপাশি 'স্টিং অপারেশন'-এর মতো দু'য়েকটা স্কুপ নিউজ করতে পারলেই কেল্লা ফতে করতে পারতাম, কিন্তু হল না। ২০০৭ সাল নাগাদ আবার একদিন শ্যামের সঙ্গে দেখা।


আমাদের গ্রাম ততদিনে গঞ্জে পরিণত হয়েছে। কলকাতা শহর এগিয়ে আসায় আমরা এখন প্রায় শহরের উপকণ্ঠে। দেখলাম আমার এক ছাত্রের পাশের বাড়িতে একটা ঘর ভাড়া নিয়ে শ্যাম আপিস খুলেছে। আপিসের নাম অদ্ভুত, তবে শ্যামের সঙ্গে মেলে। 'দি আইডিয়া।' আমার সঙ্গে দেখা হতেই জোর করে ধরে নিয়ে গিয়ে চা খাওয়াল। আর সেখান থেকেই শুরু হল এই পরিবর্তন বা প্যারাডাইম কাহিনী।


শ্যামের কথা শুনে একটু অবাকই হলাম, ও নাকি আইডিয়া বিক্রি করতে চায়। লোককে ভুজুং দেবার ক্ষমতা চিরকালই ওর ভাল কিন্তু তাই বলে পয়সা নিয়ে আইডিয়া কেনা! তবে শ্যামের জ্ঞানের গভীরতা দেখে আরও বিস্মিত হলাম। বিদেশের বিশেষ করে মার্কিন দেশের পণ্ডিতেরা বাজার বিস্তার নিয়ে যেসব গবেষণা করেছেন, সেসব নাকি ওর নখদর্পণে। ওসব দেশে নাকি এখন তৃতীয় বিশ্বের দেশগুলোর আর্থ-সামাজিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা হয়, কারণ তার পরিপ্রেক্ষিতেই তৈরি হবে ওদের 'থিওরি অব মার্কেটিং'। শ্যাম বললো, 'আমার কাজটা হল ঠিক উলটো, ''মার্কেটিং অব থিওরি''। আইডিয়া বেচা। কোনও লক্ষ্যে এগোতে হলে কিভাবে পাবলিকের কাছে নিজের কথাগুলো নিয়ে যাওয়া যায় সেটার ট্রেনিং দেব আমি।' 'বিজ্ঞাপন এজে‍ন্সিগুলো তো আইডিয়া বেচে'— আমি বললাম। 'সে তো কর্পোরেট সেন্টারকে। আমি বেচব অন্যদের।' বললো শ্যাম। 'শ্যাম কোত্থেকে জানলি  এসব?' আমি জিজ্ঞেস করলাম।


'পিসির কাছ থেকে।' শ্যাম বলল।


‍‌‍‍‌পিসি?


শ্যাম হেসে ওর পার্সোন্যাল কম্পিউটারটা দেখাল। 'সব নেট ঘেঁটে বের করেছি বস।


তখনই ওর কাছে প্যারাডাইম সম্পর্কে জানলাম। কী জানলাম তা ক্রমশ প্রকাশ্য।


'কাল অফিস। একটা ক্লায়েন্ট আসবে। মালদার পার্টি। আইডিয়াটা গছাতে পারলে একটা লং টার্ম অর্ডার পাব বুঝলি। চাইকি ভবিষ্যতে স্টেটের ইনফর্মেশন অ্যান্ড কালচার মিনিস্টার হয়ে ‍ যেতে পারি।'


আমি হাঁ হয়ে গেলাম।


'কিন্তু খুব সিক্রেট। যা জানবি, শুনবি, কাউকে বলতে পারবি না। আর নিজের ডিজগাইস, ছদ্মবেশে থাকবি।'


বুঝলাম ছেলেবেলায় পড়া গোয়েন্দা গল্পের পোকাগুলো এখনও ওর মাথার মধ্যে নড়েচড়ে বেড়ায়। যাইহোক আমিও স্কুপ নিউজের এই সুযোগটা ছাড়লাম না। পরদিন শ্যামের অফিসে একটা টেবিলের ছদ্মবেশ নিয়ে বসে পড়লাম।


ক্লায়েন্ট সবিতাবাবু। সবিতা সামন্ত। সম্পন্ন ব্যবসায়ী। একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতা। এককালে বহু জমিজমার মালিক ছিলেন কিন্তু ...বামফ্রন্ট সরকার (সবিতাবাবু এক্ষেত্রে একটি ভারী গালি ব্যবহার করেন) অপারেশন বর্গা করে সেসবের অধিকাংশ কেড়ে নিয়েছে। এর বিহিত চান তিনি। আর আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতার অর্থ, তিনি তাঁর অঞ্চলে একটি রাজনৈতিক দল গঠন করেছেন, এবং তার নামের আগে 'অল ইন্ডিয়া' এই শব্দবন্ধটি বসিয়েছেন।


সবিতা সামন্ত এলেন দামী গাড়ির কনভয় হাঁকিয়ে। পরে জেনেছিলাম তাঁর নিজেরটি ছাড়া বাকি সবগুলোই ভাড়া করা। রাজনীতি করতে গেলে এমন ঠাঁটবাঁট বজায় রাখতে হয়, এটা ছিল তাঁর নিজস্ব থিওরি। দেখলাম দলের প্রধান হলেও তিনি স্বল্পভাষী। তাঁর হয়ে মূলত কথা বলছিলেন তাঁর দলের উপনেতারা। পরমার্থ ভট্টাচার্য, বকুল রাহা, বদন দত্ত ও তরুণ তুর্কি চাঁদ হালদার। আমি তার দলের অভ্যন্তরীণ গণতন্ত্র দেখে চমৎকৃত হচ্ছিলাম। শ্যাম সকলের জন্য বরফঠাণ্ডা কোল্ড ড্রিঙ্ক আনালো এবং কি‍ঞ্চিৎ গরম হওয়া পর্যন্ত রাখল আমার ওপরেই। যাহোক, স্কু‍‌পের জন্য এটুকু কষ্ট সহ্য করা যেতেই পারে। 'সরাসরি কাজের কথায় আসা যাক।' বলল শ্যাম। 'আপনারা এই বামফ্রন্ট সরকারের পতন চান এবং রাইটার্সের দখল নিতে চান, এই তো?'


সবিতাবাবু সম্মতিসূচক মাথা নাড়লেন।


'দাদার অনেকদিনের শখ ওটাকে বেগ্‌নে রঙে দেখবেন। বেগুন দাদার প্রিয় সবজি।' বললেন পরমার্থ।


'আর টমেটো দু-চোখের বিষ।' বলল চাঁদ হালদার। সবিতাবাবু স্মিত হাসলেন।


বদন : কেসটা হল, কদিন ধরে দাদার মরহুম বাপ স্বর্গ থেকে দাদার স্বপ্নে এসে ল্যান্ড করছেন। মৃত্যুকালে তাঁর ইচ্ছে ছিল একটা ধর্মস্থান তৈরি করার।


বকুল : কিন্তু যে জমিতে সেটা করবার কথা বলছেন, সেটা ওই বর্ষায় বেহাত হয়ে গেছে —


চাঁদ : হাত কেটে ফেলব এবার। গাঁট্টা মেরে পাট্টা কেড়ে নেব —


পরমার্থ : আঃ চাঁদু। আসলে ছোটবেলায় দাদা ক্যালেন্ডারে দেখেছিলেন (পরমার্থ দু-হাতের তর্জনী দিয়ে ক্যালেন্ডার দেখালেন) 'যত মত তত পথ'। যে বিল্ডিংটা তৈরি হবে তার চার মুখে চারটে ধর্মস্থান। পাশে পুকুর। ক্যালেন্ডারে অবশ্য তিনটে ছিল।


বকুল : জল, পানি, ওয়াটার। শিখরা কী বলে জলকে?


বদন : জিজ্ঞেস করে নেব। ট্যাক্সির লোকেদের সঙ্গে আমার র‌্যাপো ভাল।


পরমার্থ : এতে হবে কি, চার সম্প্রদায়ের ভোটও মিলল, জমি উদ্ধারও হল, আবার ধর্মস্থানও বানানো গেল। দাদার অনেকদিনের বাসনা।


শ্যাম : আপনাদের কথা শুনলাম। এবার আমি যা বলব, শুনুন। পছন্দ হোক বা না হোক, প্রথমেই টিভির টক শো'র মতো থামিয়ে দেওয়া চলবে না।


সবিতাবাবু : বলুন।


শ্যাম : ইংরাজীতে একটা কথা আছে, প্যারাডাইম।


বদন : পায়রার ডিম? শান্তির প্রতীক?


চাঁদ : প্রতীক কী, ডিম শুনলে না? ডিমের মধ্যে শান্তি ঘুমিয়ে আছে —


শ্যাম : হ্যাঁ তা দিলে ফুটে বেরোবে। ওসব পায়রার ডিম টিম নয়। প্যারাডাইম। PARADIGM — মানে হল, একটা নির্দিষ্ট ধারণা, চিন্তা, মূল্যবোধ এসব। একটা দৃষ্টিভঙ্গি।


বদন : দূর ওসব দিয়ে কী হবে। সত্যিকারের পায়রার ডিম হলেও না হয় ভেজে খাওয়া যেত।বদন নিজের রসিকতায় হাসেন। সবিতাবাবু বিরক্ত হন।


শ্যাম : আগেই বলেছি, বাধা দেওয়া চলবে না।


পরমার্থ : আঃ বদনা চুপ কর। আপনি বলুন।


শ্যাম : শুনুন, পশ্চিমবঙ্গে যে অ্যাদ্দিন ধরে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আছে তার কারণ হল —


পরমার্থ : কারচুপি কারচুপি। বিশাল কলকাঠি নাড়া হয় এর পেছনে। অনেক ডিলিং —


বদন : সিক্রেট কিলিং —


বকুল : জাইগ্যান্টিক মেশিনারি —


সবিতাবাবু মাথা নাড়েন।


শ্যাম : উহু ওভাবে ভাবলে ব্যাপারটা গুলিয়ে যাবে। আমার assumption  হল, মানুষের একটা বড় সমর্থন আছে ওঁদের পেছনে। বামপন্থাকে পছন্দ করে বাংলার একটা বড় অংশের মানুষ। ভরসা করে।


বকুল : ওসব ‍‌বিদেশী মতবাদ - টতবাদে আমাদের দরকার নেই। রবীন্দ্রনাথ, গান্ধীজী, নেতাজী থাকতে আবার স্ট্যালিন, লেনিন কেন?


চাঁদ : সামনে পেলে কুকুর লেলিয়ে দিতাম। সবিতাবাবু চাঁদের দিকে তাকিয়ে সমর্থনসূচক স্মিত হাসি হাসেন।


শ্যাম : সেসব ক্ষমতায় এলে করা যাবে। কিন্তু যেটা বলছিলাম, আমাদের রাজ্যে বামফ্রন্টের লাগাতার জয়ের ফলে মানুষের একটা ধারণা হয়েছে যে, এই বামপন্থীরাই আরো অনেকদিন ক্ষমতায় থাকবে। এটা প্যারাডাইম নাম্বার ওয়ান। status quo oriented paradigm — আর এই যে এঁরাই আগমার্কা বামপন্থী, এটা প্যারাডাইম নাম্বার টু।


বকুল : তো?


শ্যাম : এটাকে ভাঙতে হবে। কিন্তু দক্ষিণপন্থী কথাবার্তা বলে হবে না। ওসবে কাজ হয় না এটা প্রমাণিত। বলতে হবে বামপন্থাই ঠিক পথ। কারণ পুঁজিবাদের দাঁত নখ যত বেরিয়ে আসবে, মানুষ ততই বামপন্থার দিকে ঝুঁকবে।


পরমার্থ : এই আপনার আইডিয়া? এ তো আপনি মশাই ওঁদের হয়ে কথা বলছেন?


শ্যাম : অধৈর্য হবেন না। শুনুন। কিন্তু সেই বামপন্থার প্রতীক হবেন আপনারা।

ঘরে কিছুক্ষণের জন্য অপরিসীম স্তব্ধতা নেমে এল।


চাঁদ : আমি আগেই বলেছিলাম, ফালতু সময় নষ্ট করতে যাচ্ছ দাদা। তার চে —


শ্যাম : আমার বলা শেষ হয়নি। ভেবে দেখুন, দক্ষিণপন্থী ভোটারদের সমর্থন পেতে আপনাদের অসুবিধে নেই, কিন্তু আরেকটা অংশের ভোটার, যাঁরা মনে মনে বামপন্থাকে সমর্থন করেন, কিন্তু গভীরভাবে চিন্তা করবার সময় ও সুযোগ নেই, এমন সরল মানুষজনকে যদি বোঝানো যায় যে বামফ্রন্ট নয়, আপনারাই আসল বামপন্থী, তাহলে তাঁদের সমর্থনের একটা ভাগ আপনাদের দিকে যাবে। এই যে ধারণার পরিবর্তন, ওঁরা নন, আপনারাই বামপন্থী — এটাই প্যারাডাইম শিফ্‌ট। প্যারাডাইম টু থেকে প্যারাডাইম থ্রি। এর ফলে সরকারও পালটাবে! Status quo থেকে radical change — মূল ধারণাটাই পালটে দিলে সবকিছু পালটে যাবে।


পরমার্থ : লোকে মানবে কেন?


বকুল : হ্যাঁ ঠিক, লোকে আমাদের বামপন্থী বলে স্বীকার করবে কেন?


শ্যাম : আপনারা নিজেরা তো একথা বলবেন না। বলবেন বলিয়ে-কইয়ে লোকেরা। রেটরিয়ান্‌স। বলবেন দল বেঁধে সমস্বরে। বাই ওয়ার্ড অব মাউথ অ্যান্ড কো সাইটেশন। বামফ্রন্ট নয়, আপনারাই আসল বামপন্থী, এই নতুন থিওরি পাবলিকের কাছে বেচা হবে।


পরমার্থ : থিওরি বেচা, জনগণকে?


শ্যাম : রাজনীতি কিছুটা তাইই। হ্যাঁ মানুষ নিজের অভিজ্ঞতা থেকে যে জ্ঞান সঞ্চয় করে সেটা তার নিজের অর্জন, সেটা সলিড। কিন্তু অন্যের কাছে জেনে শুনে যে ধারণায় পৌঁছায় সেটা একটা পণ্য, সেটা তাকে বেচা যায়। অবশ্যই কায়দা করে। ভেবে দেখুন, এ রাজ্যে অনেক মানুষ আছেন, যাঁরা জন্মেছেন ছয়ের দশকের শেষে বা সাতের দশকে অথবা তারও পরে। তাঁদের কাছে বামপন্থীদের বলা কথাগুলো যেমন আপনাদের হয়ে করা প্রচারগুলোও তেমনি প্রোডাক্ট। এখন যদি তাঁদের বিশিষ্টজনেদের একটা অংশ বলেন, বলতেই থাকেন যে সরকারে থাকবার কারণে ওঁরা বামপন্থা থেকে সরে গেছেন এবং আপনারাই প্রকৃত বামপন্থী, তাহলে কিছু মানুষ প্রভাবিত হবেন বইকি।


আমি টেবিল হওয়া সত্ত্বেও বুঝতে পারছিলাম শ্যাম তার পড়া রকফেলার — কার্ণেগি ফোর্ড ফাউন্ডেশনের রিসার্চ ওয়ার্ক ঝাড়ছে।


বকুল : কিন্তু ওই যে বললেন বলিয়ে কইয়ে লোক, ওঁরা আমাদের হয়ে বলবেন কেন?


শ্যাম : তাঁদের Sponsor করতে হবে, তাহলেই বলবেন। আপনাদের হয়ে গণসম্মতি বা Consensus আদায় করবেন। দেশে দেশে এমনই হয়ে চলেছে। ভাড়াটে অধ্যাপক, সম্ভাবনাময় ছাত্র, বুদ্ধিজীবী।


চাঁদ : হাঁ, আইডিয়া মে দম হ্যায়।


পরমার্থ : কিন্তু বামপন্থীরা তে চুপ করে বসে থাকবে না। ওরা তো আমাদের যুক্তি খণ্ডন করার চেষ্টা করবে?


শ্যাম : সেজন্যেই কখনও কোনও সর্বদলীয় আলোচনা সভায় যাবেন না। social pluralism  বা পরস্পরবিরোধী প্যারাডাইমের সহাবস্থান তখনই সম্ভব হয় যখন কোনও সমা‍জে বাক্‌ স্বাধীনতা বজায় থাকে। মজার বিষয় হল, এ রাজ্যে সেটা বেশি পরিমাণেই আছে, নাহলে আর আপনারা টিকে থাকতেন কিভাবে। যাহোক, ওদের নো হোয়্যার করতে হবে ওদের কথায় কান না দিয়ে। নিজেদের প্রচার চা‍লিয়ে যান চোখ বুঁজে।


বদন : কিন্তু এসব করতে তো পহা লাগবে, Sponsor করবে কে, অনেক টাকা —


শ্যাম : সেটা দেবার লোক নিশ্চয়ই পাওয়া যাবে। এশিয়ার এ দিকটায় যারা ইনভেস্ট করতে চায়, কমিউনিস্টদের বাড়বাড়ন্ত থাকলে তারা সেটা অবাধে করতে পারবে না। সেজন্যে এখানে তাদের সহায়ক সরকার প্রয়োজন। আমেরিকায় এ নিয়ে গবেষণা হয়েছে, 'কমিউনিস্ট থ্রেট' সত্ত্বেও ব্যবসা চালু রাখা, বাড়ানোর উপায় নিয়ে রিসার্চ। আমি একটু আধটু খবর রাখি। Philanthropic funding activity-র মাধ্যমে একধরনের Social engineering কে মদত দেওয়া হচ্ছে, যাতে আমেরিকা Global, Intellectual and Economic Hegemony অ্যাচিভ করতে পারে। গোটা বিশ্বে যাতে মার্কিন প্রাধান্য বজায় থাকে।


বদন : হেসে হেজিমনি আর হিজিবিজি শুনতে একরকম। আমি মনে মনে বললাম, এসবের চেয়ে হিজিবিজবিজ অনেক ভাল। সবকিছুতেই মজা পায় আর হেসে খুন হয়। নিজের জগৎ নিয়েই সুখী। অন্যের দুনিয়ার দখলদারি কেন রে বাপু!


দেখলাম সবিতাবাবু গভীর চিন্তায় মগ্ন হয়ে হাতের কলমটা রাইটিং প্যাডের পাতার ওপর বোলাচ্ছেন। শ্যাম বলে চলেছিল —


একটা ধামাকা তৈরি করতে হবে। বামপন্থীদের আর ওদের নিজেদের নামে ডাকবেন না। একটা অন্য নাম দিয়ে দিন। এই যে অপারেশন বর্গা করে অনেকের সর্বনাশ করেছে, নাম দিন বর্গী। আদতে এটা অবশ্য মারাঠী সেনাবাহিনীর নাম, বারগীর। কিন্তু লোকে অত খবর রাখবে না।


বদন : বাঃ, বর্গী-ইতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে —


বদন উত্তেজনায় টেবিল, অর্থাৎ আমার মাথা বাজিয়ে বললেন।


পরমার্থ : ওটা বুলবুলি হবে —


শ্যাম : Sponsored পণ্ডিতদের দিয়ে বলিয়ে নেবেন। শুদ্ধ হয়ে যাবে। আর Paradigm shift বা পরিবর্তনের একটা স্লোগান তৈরি করুন। ধরুন, বদলাও। এটা বাংলা-হিন্দি দুটোই হল। নানাভাষার client-দের কাছে পৌঁছতে গেলে multilingual হওয়া জরুরী। এ নিয়ে আমার একটা রিসার্চ পেপার আমি ওদেশের একটা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি।


শ্যাম এটা পুরোদস্তুর ব্লাফ দিল বুঝলাম, ওঁদের ইমপ্রেস করবার জন্য। অবশ্য আমিও ছাত্রদের মায়েদের ক্ষেত্রে এমনটা করে থাকি।


বদন : বদলাও এর মধ্যে বেশ একটা বদলা বদলা গন্ধ আছে —


শ্যাম : এবার থেকে আপনারাই আসল বামপন্থী — নির্বাচনী ইশ্‌তেহারেও কিছু স্লোগান রাখবেন — বিলগ্নীকরণ চলবে না। মূল্যবৃদ্ধি আটকাতে হবে —

পরমার্থ সবটা পারব না, তাছাড়া ওদিকের লোকেরাও তো আছেন


শ্যাম : বাঁচিয়ে সাঁচিয়ে করবেন, ওঁরা বুঝবেন ঠিক। পাবলিক না বুঝলেই হল।


বকুল : কিন্তু বামপন্থী হতে গেলে তো আন্দোলন চাই, সেটা কীভাবে।


শ্যাম : হবে। লোককে কিছুদিনের জন্য ভুল বুঝিয়ে, একটা জিগির তুলে খেপিয়ে দেওয়া কিছু কঠিন কাজ না। এমনিতে জীবনযুদ্ধে সব জর্জরিত, প্রতিকারের আশায় ভুল রাস্তায় যেতেও পারে। কিন্তু মিডিয়াকে সঙ্গে চাই। সবরকম। প্রিন্ট, টেলি-মিডিয়া, এমনকি রেডিও। বিজ্ঞাপন হবে, বদলাও, বদলে দাও, চল বদলাই।


বদন 'সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন'-এর সুরে স্লোগানটি গেয়ে খুশি হলেন।


শ্যাম : ওরা সকলে মিলে যখন আপনাদের ছবি দেখাবে, আপনাদের হয়ে বলবে, লিখবে — সবিতাবাবুই কৃষক শ্রমিকের আশা, মধ্যবিত্তের ভরসা সকলে মিলে বলবে — বদল চাই, বদলে দাও —


চাঁদ : (উত্তেজনায়) ওঃ, জমে যাবে মাইরি। আমার কতদিনের সপ্‌নো আরবে একটা তেল কোম্পানির মালিক হব —


শ্যাম : কিন্তু সবিতাবাবু, দলের প্রধান হিসেবে আপনাকে প্রচণ্ডভাবে বক্তৃতা করা রপ্ত করতে হবে। হিটলার যেমন করতেন, প্রচুর মিথ্যে আর আধা সত্যি মিলিয়ে মিশিয়ে মানুষের মাথায় ঢুকিয়ে দিতেন আর তারা উন্মত্ত হয়ে ইহুদী আর কমিউনিস্টদের ঘরবাড়িতে আগুন লাগাত, তাদের নিকেশ করত। এ বিষয়ে গোয়েবল্‌স হলেন গুরুদেব। আমি আপনাকে সাহায্য করব।


বুঝলাম শ্যাম তথ্যমন্ত্রী হবার পথে একধাপ এগোল।


সবিতাবাবু : কিন্তু সেটা, মু-উশ্‌কিল।


শ্যাম : কেন?


সবিতা : আমি ইয়ে একটু তো-ওত্‌লা। মিথ্যে কী, স-ওত্যিটাও মুখ দিয়ে হোঁ-ওচট খেয়ে বেরোয়। আর ই-ইংরিজিটাও —


পরমার্থ : আমায় দিয়ে কি হ-হবে?


একথায় সবিতাবাবু পরমার্থর দিকে এমন রাগত চোখে তাকালেন যে এবার তিনিও হোঁচট খেলেন।


সবিতা : (হাতের রাইটিং প্যাডটা শ্যামের দিকে বাড়িয়ে ধরে বললেন) এটা হো-ওর্ডিং এ কেমন আসবে?


পরমার্থ : দাদার হাত চলে দারুণ। কবি, ছবিতা, মানে ছবি, কবিতা দারুণ বেরোয়। আমাদের সব স্লোগান ওনার করা। (পড়েন)


বাংলার সবিতা

কৃষকের অন্নদাতা

শ্রমিকের পরিত্রাতা

মধ্যবিত্তের ভাগ্যবিধাতা

শাসকের অক্ষমতা

অত্যাচারীর পরাধীনতা

ন্যায়ের পরাক্রমতা


শ্যাম : হ্যাঁ মিলগুলো রেকারিং ডেসিমেলের মতো আসছে বটে —

এরপর সত্যি বলতে কি আমার একটু ঘুম ঘুম পেয়ে গিয়েছিল, তাই সবিতাবাবুরা কখন চলে গেলেন টের পাইনি। টেপ রেকর্ডার, ক্যামেরা, মোবাইল তো আমার ছিল না, কাগজে নোট, নিচ্ছিলাম, তাই শেষটায় কী হয়েছিল বলতে পারব না। তবে সবিতাবাবুর সঙ্গে ডিল্‌টা হয়নি। সম্ভবত ওই কথা আটকে যাওয়ার কারণেই।


তারপর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। চারপাশে অনেক পরিবর্তন দেখছি। শ্যামের বলা কথাগুলোর সঙ্গে মিলেও যাচ্ছে, কিন্তু ওরই কোনও পাত্তা নেই। অফিস উঠে গেছে। একবার বলেছিল, এসব কাজ করতে বিদেশী ডিগ্রি দরকার হয়। জাহাজের খালাসি হয়ে সেই ডিগ্রি আনতে চলে গেল কিনা কে জানে!


স্কুপটা নিয়ে গত বছর জগাদার কাছে গিয়েছিলাম। পড়ে মুখ ব্যাজার করে বলল, এটা না হয়েছে নিউজ, না ফিচার। তাছাড়া এসবের প্রমাণ কই? আর ভাল কথা বলছি, এ লাইনে আসার চেষ্টা করিস না। সেদিন গোপন মিটিং কভার করতে গিয়ে দেখলি না টেলি মিডিয়ার মেয়েটাকে আরেকটা মেয়ে সর্বনাশ করে দেবে বলে হুমকি দিল? মারধর, ক্যামেরা ভাঙা তো ছিলই, এটা আবার একটা নতুন হ্যাজার্ড। তুই  আনাড়ি, সবার সামনে এরকম ধমকি দিলে আর জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবি?'


জগাদা অবশ্য আরও খারাপ ভাষায় কথাটা বলেছিল। আমি চলে এসেছিলাম।


এরমধ্যে আমার জীবনেও একটা বড় পরিবর্তন ঘটে গেছে। এস এস সি পাস করে চেতনা আমাদের এখানকার একটা স্কুলে কাজ নিয়ে এসেছিল। দু'জনের প্রিয় বিষয় একই। বাংলা। বাংলার মাটি, বাংলার জল। ও যেদিন পাকাপাকিভাবে আমার জীবনে এল, এল লাল শাড়ি পরে। তারপর নিরুচ্চারে আমায় অনেক কিছুই দিয়েছে। আশ্রয়, নিরাপত্তাবোধ, আত্মসম্মান, ভাল কিছু করবার ইচ্ছে। ওকে পরিবর্তনের কথা ভাবতেই পারি না, তা সে যত বছরই কেটে যাক। আগতপ্রায়‌ সন্তানকে প্রকৃত শিক্ষা দেবার কথা যখন ভাবি, তখন এক বুড়ো আদর্শবান মাস্টারের কথা মনে পড়ে বুকের ভেতরটা মোচড় দেয়।


মূলত চেতনার পীড়াপীড়িতেই এ লেখাটা পাঠালাম। অনেকে অবিশ্বাস বা তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু জবাবে তাদের আমি সুকুমার রায়েরই ছড়ার চারটে লাইন শোনাব —


তুচ্ছ ভেবে এ সব কথা করছে যারা হেলা,

কুমড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা।

দেখবে তখন কোন্‌ কথাটি কেমন করে ফলে,

আমায় তখন দোষ দিওনা, আগেই রাখি বলে।

 

(অনুলিখনঃ অজয় দাশগুপ্ত) 

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০

কান পেতেছি হৃদ্‌-মেশিনে ~ অণির্বাণ ঘটক

কান পেতেছি হৃদ্‌-মেশিনে,

একরঙা ছাই, দুইরঙা ছাই,

চোখ জ্বলে যায়, শরীর সাথে

জ্বলতে থাকে, নিয়মমাফিক,

চাপের মুখে গুটিয়ে যাওয়া, কেন্নো তো নয়!

আমার শরীর! অথবা সেই

আজন্মকাল, ঊরুর ফাঁকে ছটফটানি...

শরীর জুড়ে করছে খেলা, সাপ-সাপুড়ে,

নিত্য লুডো,

এক পা আগে, দুই পা আরো,

সাপের মুখে পড়তে পারো,

কিম্বা আমায় ঠেলতে পারো

একরঙা সেই হৃদ্‌-মেশিনে,

যার দুপাশে পেরেক গাঁথা,

সেইখানে কান পাততে পারো,

লাব ও ডুবের ইনফিনিটি...

মিলবে সেদিন হৃদ্‌-মেশিনে,

ঊরুর ফাঁকে,

মৃত্যুদিনে!



বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০১০

আয় ফজল, আল গুলো কেটে ফেলি ~ সোমনাথ চট্টোপাধ্যায়

আয় ফজল, আল গুলো কেটে ফেলি।

সোমনাথ চট্টোপাধ্যায়

 

মেঘ নেই, মেঘ করেনি,

এ বছর বৃষ্টি আসবে না।

এবার ধান জমি, কচি ধান,

হাঁটু জলে ভাসবে না।

আকাশে মেঘ নেই,

জল নেই, প্রান নেই।

তবু আছে।

রক্ত আছে, শুকনো জমি আছে,

পাড়াগাঁ আছে, আদিবাসী আছে,

মমতা – মার্ক্স – মাও আছে

জমি তে আল আছে।

জমি তে হাল নেই, হাল চলে না,

শুকনো মাটিতে শুধু

পেট ভরা খিদে জন্মায়।

 

জমিতে আল আছে

আলের ওধারে,

ওটা ওর জমি, এটা আমার

ও ঈদের দিনে নতুন লুঙ্গি,

আমার পুজোয় নতুন জামা,

হচ্ছে না এবারে।

আল দিয়ে ভাগ করা গ্রাম,

পাশের গ্রাম, বাংলা,

তামাম মুলুক।

 

বৃষ্টি তে আল দেওয়া জায়নি কেবল।

রোদেও আল দিতে পারিনি আমরা।

এটা সত্যিই ব্যর্থতা।

অনেক বছর আগে, কেউ বলত,

ঠিক আকাশের মত,

জমির আল থাকবে না।

যৌথ হবে সব কিছু। বৃষ্টির মত।

ও পেলে আমিও পাবো।

আমরা সবাই পাবো।
 

আয় না ফজল তোর কোদাল নিয়ে

আয় না আল কাটতে থাকি।

একশ দিনের কাজ নেই? আমি দেব কাজ।

চল, কেটে ফেলি আল।

আকাশের মত, বৃষ্টির মত,

জমি আর ভাগ হবে না।

একশ দিনে সবাই আল কাটলে

ঠিক পৌঁছে যাবো দিল্লি।

ওখানে এখন বন্যা হচ্ছে।

এদেশ কৃপন নয়, কোথাও না কোথাও

ঠিক দিয়েছে, প্রয়োজনের চেয়ে ঢের বেশি।

 

আল না থাকলে, সে বানের জল,

আটকাবে কিসে?

জল ছড়িয়ে পড়বে গোটা মুলুকে,

আমাদের বাংলাতেও আসবে।

জল আসবে, ধান হবে, জামা – লুঙ্গি হবে।

আমরা নবান্নের দিন

খুব ধুমধাম করব সবাই মিলে।

আয় ফজল, আল গুলো কেটে ফেলি।

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০১০

ভালো আছো নিকোলাই? ~ রজত পোদ্দার

ভালো আছো নিকোলাই?

দশক পেরিয়ে .... আজ
এয়োতি চাঁদের রাত
নাগরিক-ঘুম ভাঙা সুখ
নিকোলাই .... ভালো আছো !
বেঁচে আছে বাইশের বুক ?

ও বাড়িটা ক্ষয়ে গেছে জানো!

বেহায়া পাঁচিলগুলো ....
শুয়ে-বসে
জিইয়ে রেখেছে প্রতিরোধ!
ও বাড়িটা ক্ষয়ে গেছে ...
নোনা ক্ষতে অবিরাম
বৃষ্টি হয়ে চলে
কাদাজলে ছেয়ে যায় মুখ।

ফেরিঘাট মনে পড়ে নিকোলাই ?
ফজল মিঞার নাও !
তুমি ... আমি ... অট্টহাসিগুলো
আজও ফেরে বানভাসি
মজা খাল বেয়ে,
আমি হিসেব রাখিনি নিকোলাই.....
কত মাস ...কত দিন
শহরে বেঁধেছি ঘর
আসবাবে সাজিয়েছি মন
শনি রবি পরিযায়ি-পায়ে
হয়ত ফিরেছি কিছু ক্ষণ!

আমি.... বদলে গিয়েছি নিকোলাই
বদলেছে বাইশের বুক।

যদি দিনলিপি ঘাঁটি ....
সে সন্ধ্যা চাঁপা হয়ে ফোটে
রেণু রেণু অঙ্গীকার
জমে ওঠে বিছানায়,
সে রাতে স্বপ্নে দেখি.....
নিকোলাই .... মনে পড়ে!
যেন কার খাতা ছিঁড়ে
লিখেছিলে ........
"আমার ধমনী হতে
ভল্‌গার জলরাশি
দিয়ে যাবো ...

ভেসে যাবে আল...

যারা এক-বিশ্ব চাও
আমি ... তোমাদের
তোমাদেরই রূপশালি ধান"।

রোজই ভাবি ....
আজ ... কাল...পরশুর ডাকে
ছেড়ে দেবো পোষ্টকার্ড….
সুখে আছো! ভালো আছো নিকোলাই?
বেঁচে আছো রাশিয়ান রোদ???

বুধবার, ২৫ আগস্ট, ২০১০

লেখা

বন্ধুরা সব বলছে আমায়-
রাজনীতি লেখা ছাড়ো,
লেখোতো ভালই বাপুহে তুমি
বিষয় তো আছে আরো!

করলাম পণ,অন্ততঃ আজ
তাদের মুখটি চেয়ে,
এই শ্রাবণে বরষার গান
কলমেই যাব গেয়ে।

কিনতু আবার সমস্যা হায়
এবার বরষা নেই,
ফুটিফাটা ঐ রোদজ্বলা মাঠ
চাষী সেই তিমিরেই।

অতএব ধরি অথ'নীতি
এটাতো অন্য গলি,
বেড়েছে মাইনে সাংসদদের
এটাই না হয় বলি। 

পছন্দ নয়, এ কপচানি?
ঠিক আছে বন্ধু থামি,
প্রেম নিয়ে যদি ক'টা কথা লিখি?
প্রেম মানে তুমি-আমি।


মানসী আমার যদি চুপিসাড়ে
পা টিপে টিপে আসে,
চোখে চোখ রেখে; নীরব ভাষায়
মনে মনে ভালবাসে।

আমিতো ধন্য হ'য়ে যাই আরো
পেয়ে আরো, ভালবাসা,
এ জীবনে বুঝি এই কামনায়
প্রতিদিন কাছে আসা।

এসব ভেবেই সুখের সাগরে
স্বপ্ন দোলায় দুলে,
চাইছি থাকতে নিজের মতো
আশপাশ সব ভুলে।

হঠাৎ নজর টি ভি পরদাতে
আবার দুজন খুন!
ভালবাসাতেই কেঁদে ওঠে প্রাণ;
এবার মাফ করুন।

মানসী শান্তি আসুক না ঘরে
দলবেঁধে ভালবাসি,
তোমার আমার;এক হোক চাওয়া;
এস এক সাথে হাসি।

সোমবার, ১৬ আগস্ট, ২০১০

সমান্তরাল ~ রজত

অনেক কিছুই এক নিমেষে লিখতে পারো
দিন-দুপুরে মেঘ নামানো বর্ষা-নারী
সবুজায়ন.... 'পুকুর বাঁচাও'....কিংবা শপথ
এক লাইনেই হাজার মাইল ... বিদেশ পাড়ি

শব্দকোষে-ই আঁকড়ে রাখো আয়ুধগুলো
লিখছ যত .... বাড়ছে মসীর খবরদারি
কাঙ্খিত সুখ- অসুখ এবং কাম-দাবানল
খিস্তি-খেউড় .... জঠর জ্বালা ... মীরার শাড়ি

বেশ লিখছ .... বেশ তো লেখো হিসেবনামা !!
দল বেঁধেছ কালনেমিদের আস্তাবলে
শ্রেণী-শোষণ ..... গরমাগরম তোমার খাতায়
স্বপ্ন দেখাও !! নাকি ভাঙো লেখার ছলে ??

অনেক কিছুই এক নিমেষে লিখতে পারো ......
পাহাড় .... নদী ... ধুসর বালি ... বাঁশের সাঁকো
জল আনতে চড়াই ভাঙা পঁচিশ মাইল
সেই পাহাড়ির ঘামের হিসেব খাতায় রাখো ??

আজকে তুমি শ্রমিক হলে .... কাল জেহাদী
মে-দিবসে বেশ লেখো হে বানানপটু !
কাজের মাসী চাইলে ছুটি এক রবিবার
কেন তোমার মুখ বেঁকে যায় দৃষ্টিকটু !!!

তোমার মীরা ... যে মেয়েটা খাতায় থাকে
যখন তখন উড়তে মেয়ের নেইকো জুড়ি
রোজের মেয়ের বেলায় কেন আকাশ ঢাকো ??
তবে কি ছাই মিথ্যে তোমার স্বপ্নঘুড়ি!!!

"পুকুর বাঁচাও" .... দিব্যি বিকোয় বইমেলাতে
ফ্ল্যাটবাড়িটাও কাঁপলো বোধহয় তোমার ভয়ে
আটের বারোয় আজ আর পুকুর দেয়না সাড়া
ব্যালকনি-তে গর্বিতা বউ কবির জয়ে ।

সবুজায়ন বাড়ছে কবির পকেট জোড়া
জবর খবর .... আসছে নতুন উপন্যাসে
একটা পাগল রাত্রে পড়ে পাতার পোষাক
দিনের বেলায় আগুন লাগায় টুসুক ঘাসে।

কবি..... এবং মানুষটা ঠিক সমান্তরাল
সরলরেখাও হয়ত মেলে অন্তমিলে !!!!
আমিও এক বুদ্ধুভুতুম সইশিকারী ....
ঝাঁপিয়ে কবির হরফ নিলাম আজ বিকেলে ।।

 

সোমবার, ২৬ জুলাই, ২০১০

তৃনমূলী তরজা ~ শমিত, তুলি

বলেছিলেন মম,
'মন্ত্রীত্ব' আমার কাছে
হাওয়াই চপ্পলসম।

অন্যায় যে করে
আর অন্যায় যে সহে
তেনাদের বঙ্গদেশ ,
তৃণমূল কহে।


অথঃ মমবাণি


ওরে ব্যাটা পাজী নচ্ছার,
সিপিয়েমের দাল্লা।
'সায়েন্টিফিক' সন্ত্রাস করে,
হাওয়াই নিয়ে হল্লা?

ন্যায়-অন্যায় বোধ কি তোদের
'ফাদার্স' জমিদারী?
সবে তো শুরু রে হতভাগা,
দ্যাখ আর কি কি করতে পারি!


কাদের স্মরণে কাদের মরণে
২১শে জুলাই কাটালে দিন?
বেশতো নাগিনী, সাপুড়ে সেজে
বাজিয়ে গেলে, বিজয় বীন!!


শহীদ দিবসে শহীদ শহীদ
কাঁদুনির কি বা ফায়দা?
তোরা কি বুঝিবি বিজয়োল্লাসই,
স্মরণের সেরা কায়দা!

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০১০

বর্তমান বুদ্ধিজীবীদের প্রতি ~ সরোজ দত্ত

তোমার বুদ্ধির সুধা, সুরা হল আঁধারে পচিয়া।
হে অগ্নি পানিয়ে!! নিত্য জ্বলে তব ঘৃণ্য পাকস্থলি;
কৌমার্য করিতে রক্ষা, আত্মরতি সম্বল তোমার,
তোমার দুর্বল কন্ঠে স্বেচ্ছাবন্দী পাখির কাকলি,
প্রাণশক্তি প্রাণহীণ, ধরিয়াছ প্রাণঘাতী নেশা,
চরণে কাঁদিছে কায়া, ছায়া ভাবি হাসো উপহাসে,
করেছ গতির রক্তে পঙ্গুতার প্রশস্তি রচনা,
বিচ্ছেদ ভুলিতে চাহ বিরহের নিবীর্য বিলাপে।
প্রসবের ব্যর্থতায় অভিমানী শৌখিন শাখার
স্বার্থপর আত্মনাশ, বনস্পতি করিবেনা ক্ষমা,
তৃষ্ঞায় শ্বসিছে তরু শিকড়ের শুন্য ভাণ্ড হাতে।
সংবর এ ক্লীব কান্না! দেখনি কি মৃত্তিকা নির্মমা?
রাজদণ্ড বহি ফিরে, শ্লথছন্দে রচিয়া বিলাপ,
যে চাহে অলকা, তার নির্বাসন যোগ্য অভিশাপ।


পাগলা পুঁইক ~ অখিলেশ

আমরা যত সবুজবাদী,
ঘাসে ফলাই ফুল।
নেত্রী যতই hot হোননা,
আমরা সবাই cool!

একবার যাই ডান দিকেতে,
পরক্ষণেই মাও।
যতসামান্য সুযোগ পেলেই
খাবলে মারি দাঁও।

রাজনীতি তো রাজার কম্ম,
পাবলিক খায় ঘোল।
দিল্লী বলে দাঙ্গা লাগাও,
বঙ্গে যখন Poll!

লক্ষ্য এখন লাল বাড়ী টা,
দিদি বলছেন quick!
আর কিছুদিন, ব্যাস তারপর,
সাংবিধানিক "পুঁইক"।


(উপরে "পুঁইক" অর্থে বহু-চর্চিত ও স্বনামধন্য ভুভুজেলা-র শব্দের বঙ্গীয় সংস্করন বিশেষ! )

রবিবার, ২৭ জুন, ২০১০

মাংসাশির জন্য বিজ্ঞাপন (১৯৪৮) ~ সলিল চৌধুরী

আসুন! আসুন!  কার তাজা মাংস চাই
হাতে যেন থাকে খাঁটি খদ্দরের থলি
ভীষণ সস্তা মাংস গঙ্গাজলে ধোয়া
রামধুন গেয়ে গেয়ে তবে বলি দেওয়া।

সর্বভাষী মাংস পাবে সব দেশী পাঁঠা
পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা
তিনরঙ্গা খাঁড়া দিয়ে সব মাংস কাটা।

যৌবনবিলাসী এসো নেবে তো এখন
গর্ভবতী রমনীর রক্তমাখা ভ্রুণ
বাত্সল্য রসিক যদি থাক কোনো জন
কচি শিশু মাংস পাবে সদ্য করা খুন।

ভয় নেই আমাদের মাংস নিরামিষ
সর্বত্রই ব্রাঞ্চ আছে,  দিল্লি হেড অফিস।

(কমুনিস্ট পার্টির পত্রিকা "সংবাদ "এর শারদীয়া সংখায় এই কবিতাটি ছাপা হয়েছিল -- প্রকাশের সঙ্গে সঙ্গেই সংখ্যাটিকে কংগ্রেস সরকার নিষিদ্ধ ঘোষণা করে)

 

লাশ ~ বিমোচন ভট্টাচার্য্য

শনাক্ত করে দেখি
পড়ে আছে বৃষ্টিভেজা লাশ
অচেনা নিকটআত্মীয়দের
পাশাপাশি।
তোমার গর্ভে পৃথিবীর আলো না দেখা
আমাদেরই সন্তান।
পৃথিবী চলেছে তার
নিজের নিয়মে
কোনো হেলদোল নেই তার,
আর আমি ভাবছি
দাহ করতে হবে,
তোমাদের দুজনকেই।


(খবরের কাগজের একটা ছোট্ট খবর থেকে নেওয়া)

সোমবার, ২১ জুন, ২০১০

ভোপাল গ্যাস কান্ড: কিছু তথ্য ~ রঞ্জন রায়


---------------------------
আমেরিকা ও ভারত-- নাগরিকদের কি চোখে দেখে
-------------------
মেক্সিকো উপসাগরে তেল বয়ে দূষণ! মারা গেলেন ১১ জন আমেরিকান নাগরিক। দোষী ব্রিটিশ পেট্রোলিয়ম।
ভোপাল গ্যাস কান্ডে মারা গেলেন ১৫ হাজার ভারতীয়।


আমেরিকা সরকার কি করল? লুইসিয়ানা সমেত আশপাশের গোটা চারেক রাজ্যের ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনায় বৃটিশ পেট্রোলিয়াম কোম্পানীর ঘাড়ে আরো বড় ক্ষতি চাপালো। চাইলো ৩৪ বিলিয়ন ডলার । তেল কোম্পানী না মানায় ওদের চেয়র্ম্যান কার্ল টেনরিক স্বানবর্গ আর সি ই ওটোনী হেওয়ার্ডকে সোজা হোয়াইট হাউসে ডেকে এনে ৫০ জন অফিসারের সামনে এক এক পাইয়ের হিসেব কষিয়ে প্রাইমারি লেভেলে ২০ বিলিয়ন ডালর এর ক্ষতিপূরণ নির্ধারণ করল। এর ৩বিলিয়ন তো এই ত্রৈমাসিকের মধ্যেই দিতে হবে। এর বিতরণের জিম্মেদারীও ঐ বৈঠকেই এক ফান্ড এর ঘাড়ে চাপাল। এর মনিটরিং কড়া ধাতের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভোকেট কেনেথ ফিনবর্গ করবেন। ইনি ৯/১১ হামলার ক্ষতিপূরণ খুব ভালভাবে মনিটর করেছিলেন।

কিন্তু ওবামা ২০ বিলিয়ন ডালরকেও অন্তিম রাশি মানেন নি। তদন্ত চলতে চলতে যেমন যেমন তথ্য বেরুবে, রাশিও বেড়ে যাবে, আর ক্রিমিনাল লায়াবিলিটির মামলাও চলতে থাকনে।

আমরা কি করলাম?

চেয়ারম্যান অ্যান্ডারসন ভারতে এলে বিদেশ সচিব রসগোত্র সবচেয়ে আগে ওকে নিরাপদে ফেরত্ যাওয়ার গ্যারান্টি দিলেন।

মধ্যপ্রদেশের তত্কালীন মুখ্যমন্ত্রী অর্জুন সিং লোকদেখানো গ্রেফতার করে ওকে ইউনিয়ন কার্বাইডের রেস্ট হাউসেই রাখলেন। আমেরিকান দূতাবাস আমাদের পররাষ্ট বিভাগের আমলার কাছে ওকে ছেড়ে দেয়ার অনুরোধ করলেন। সেটাকে ভারত সরকার আমেরিকান চাপ মনে করলেন। বিদেশমন্ত্রী নরসিং রাও সেক্রেটারি রসগোত্রের দেয়া ওয়াদা নিভাতে বদ্ধপরিকর যে! ধারা হাল্কা করে দেয়া হল। সরকারী অফিসাররা ওনাকে প্লেনে তোলার সময় সী-অফ করতে গেলেন।
প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সব শুনলেন। হা-ঁনা কিছু না বলে চুপ করে রইলেন।

এবার ক্ষতিপূরণের ব্যাপারটা দেখুন।

ওবামা প্রারম্ভিক ক্ষতিপূরণের পর আরও চাইছেন। ভারত সরকার প্রথমে চাইল ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। তারপর ৫ বছরের মধ্যেই আধা বিলিয়ন ডলারের( ৪৭০ মিলিয়ন ডলার) কমে আদালতের বাইরে সমঝোতা করে নিল। ওদের ক্রিমিনাল লায়বালিটি থেকে মুক্তিও দিল। কেন? কোন জনাব নেই।

বাকি তো আন্দোলনের চাপে সুপ্রীম কোর্ট আবার শুরু করলো। কিন্তু সুপ্রীম কোর্টের চিফ জাস্টিস আহমদী রায় দিলেন যে কোম্পানী জানতো না যে দোষ্যুক্ত সেফটি সিস্টেম থেকে মিক গ্যাস তৈরি হয়ে হাজার লোকের জান যেতে পারে। তারপর উনি ঐ কার্বাইড পরিচালিত হাসপাতালের চেয়ারম্যান হয়ে গেলেন। ইদানীং উনি বড় গলা করে স্টেটমেন্ট দিয়েছেন যে চাকরের দোষে মালিকের শাস্তি হয় কি? রায় যদি ভুল ছিল তো কেন রিভিশন পিটিশন হয় নি?

হায় অন্ধ! আইনের প্রথম ক্লাসের ছাত্রও জানে যে (ল' অফ টর্টস্দেখুন) ভিকেরিয়াস লায়বিলিটি বলে কথা আছে। অর্থাত্, গাড়ির ড্রাইভার অ্যাকসিডেন্ট করলে বা পোষা কুকুর কামড়ালে মালিকের দন্ড হয়।

মোদ্দা কথা, নিজের দেশের ব্যাপারে আমেরিকা মাত্র ৫৩ দিনে যে ক্ষতিপূরণ আদায় করলো আমরা ২৬ বছরে তার আদ্দেকও করতে পারলাম না।

আর ৭ ডিসেম্বরের ৬ ঘন্টায় কি কি ম্যাজিক কল, তার চেইন এ কারা কারা বাঁধা ছিলেন তা আলাদা করে লিখছি।
( ঋণ স্বীকার: ভাস্কর পত্রিকা, ভোপাল)

--------------------------------
সেই ছয় ঘন্টা: ৭/১২/১৯৮৪
------------------------------
১) ওয়ারেন অ্যান্ডারসন, চেয়ারম্যান; কেশুব মহিন্দ্রা, নান-এক্সিকিউটিভ ডায়রেকটর; বিজয় গোখলে, ম্যানেজিং ডায়রেকটর।
ভোপাল যখন লাশ বিপণী হয়ে গেছে তখন এঁরা একসঙ্গে ভোপালে এলেন অপরাধী নয়, সম্মানিত অতিথি হয়ে। সেইসময় আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাজদূত গর্ডন স্ট্রীভ জানাচ্ছেন যে অ্যান্ডারসন নাকি দুর্গতদের আর্থিক সহায়তা ও অনুসন্ধানে মদদ করতে এসেছিলেন। আসলে দেশি আমলাদের ওপর প্রভাব বিস্তার করে ধামাচাপা দেয়াই উদ্দেশ্য ছিল। সেটা করে মাত্র ৬ ঘন্টার মধ্যে উনি ভোপাল ছাড়েন। রসগোত্র জানাচ্ছেন যে দিল্লিথেকে দেশে ফেরার আগে উনি সাউথ ব্লকে ( যেখানে প্রধান মন্ত্রী ও বিদেশমন্ত্রী বসেন) ২০ মিনিট সময় কাটান। তার আগে উনি তখন মীডিয়াকে বলেছিলেন--
No arrest, no bail, am free to go home.

২)জেমস বেকার, আমেরিকার বাণিজ্যদূত। মুম্বাইয়ে আমেরিকা সরকারের প্রতিনিধি।দিল্লিতে দূতাবাসের সঙ্গে যুক্ত। ৭ তারিখ ইউপিআই থেকে ডেনবারে কার্বাইডের হেডকোয়ার্টারে খবর গেল যে এরা তিনজন গ্রেফতার হয়েছেন। অ্যান্ডারসন কে ছাড়াতে ইনিই ভোপালে সরকারী আমলাদের সঙ্গে আমেরিকান সরকারের প্রতিনিধি হিসেবে কথাবার্তা চালান।

৩) গর্ডন স্ট্রীভ, চার্জ ডি অ্যাফেয়ার্স।
রসগোত্র ও বিদেশমন্ত্রী নরসিং রাওয়ের সঙ্গে যুক্ত হয়ে আমেরিকার বিদেশ বিভাগের স্বার্থ দেখছিলেন। ভোপাল থেকে জেমস বেকারের খবর পেয়ে রসগোত্রদের সংগে ফলো আপ করেন।

৪)এম কে রসগোত্র, বিদেশ সচিব। রাজীব গান্ধী তখন বিদেশ মন্ত্রক দেখছিলেন, আর নরসিং রাও গৃহমন্ত্রী। ইনি আমেরিকান দূতাবাস, প্রধান মন্ত্রী ও গৃহমন্ত্রীর মধ্যে সতত সম্পর্কে ছিলেন। গর্ডন স্ট্রীভের অনুরোধ এঁর কাছে আমেরিকান প্রেসার মনে হয়েছিল। আসল নাটের গুরু ইনিই। আজকে ইনি সী এন এন/আইবিএন কে বলছেন যে উনি রাজীব গান্ধীকে জানান নি। সম্ভবত: রাষ্টপ্র্তি রীগান বলে থাকতে পারেন। কিন্তু অ্যান্ডারসন ভারতে আসার আগে নিরাপদে ফেরার গ্যারান্টি ইনিই ভারত সরকারের তরফ থেকে দিয়েছিলেন--- যা প্রধানমন্ত্রী/ বিদেশমন্ত্রীর স্পষ্ট নির্দেশ বিনা দেয়া সম্ভব নয়। হ্যা,ঁ অ্যান্ডারসন দিল্লি ছাড়ার আগে এনার কাছে বড় ক্ষতিপূরণ দেয়ার কথা দিয়ে গিয়েছিলেন।

৫) নরসিং রাও, গৃহমন্ত্রী; ইনি রসগোত্রের থেকে সব জেনেছেন। ডিজিপি বি কে মুখার্জি আজও বলছেন যে গেস্ট হাউসের জায়গায় কোন পুলিস স্টেশনে রাখলেও জনতা অ্যান্ডার্সনের ওপর হামলা করতো। ইনি তো তড়িঘড়ি কোন নির্ণয় নিতেন না। পরে বাবরি মসজিদের সময়েও না। খালি আমেরিকার ব্যাপারে সব অন্যরকম হয়ে যায়!

৬)অর্জুন সি,ং মুখ্যমন্ত্রী;
এই রাজনীতির চাণক্যটি এক ঢিলে তিন পাখি মারলেন। প্রথমে গ্রেফতার করে জনতার মন জিতলেন, কয়মাস পরে নির্বাচন যে! অ্যান্ডারসনকে পাঠিয়ে দিয়ে আমেরিকার মন জিতলেন, যেতে যেতে ও ব্যাটা এঁকে গুড গভনেসের সার্টিফিকেট দিয়ে গেল। কংগ্রেসের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখায় প্রধানমন্ত্রীও খুশি। কুলোকে তখনই বলেছিল যে আগে থেকেই কার্বাইডের মোটা ডোনেশন ওনার গৃহনগর চুরহাটের হাসপাতালে( ওনার ছেলে চালায়) যেত। সুব্রামনিয়ম স্বামীর কথা মানলে ছাড়ার ব্যাপারে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল।
( বয়স্ক বাঙালীদের মনে থাকতে পারে বছর বিশেক আগে চুরহাট লটারি কান্ডে এক মালদহের ভদ্রলোক প্রথম প্রাইজ জিতেও টাকা না পেয়ে মামলা করেছিলেন, ওর ছেলে অজয় সিং ছিল প্রধান আসামী)।

৭) রাজীব গান্ধী, প্রধান তথা বিদেশমন্ত্রী;
শুনেছেন সব, কাউকে কিছু বলেন নি, মানা করেন নি, নির্দেশ দেন নি। অ্যান্ডারসনের সুরক্ষার জন্যে ভোপাল থেকে দিল্লি এনে রাখা যেত, তা নয়-সোজা আমেরিকা পাঠিয়ে দেয়া হল। কারণটি রসগোত্র নিজেই বলেছেন--- আমেরিকান পুঁজি বিনিয়োগ এবং আমেরিকার সঙ্গে সুসম্পর্ক ।

৮)সী আর কৃষ্ঞাস্বামী রাও, কেবিনেট সচিব। কেন্দ্র সরকারের শীর্ষস্থ আমলা। রাজীব গান্ধীর সঙ্গে যুক্ত। ইনিই ভারত সরকারের ইচ্ছে মধ্যপ্রদেশ সরকারের মুখ্যসচিবকে জানিয়েছিলেন।

৯)ব্রহ্মস্বরূপ, মুখ্যসচিব; ম প্র সরকার। ভোপালের সর্বোচ্চ আমলা। কেন্দ্র সরকারের নির্দেশ যাতে ভোপালের কলেকটর-এস পি অক্ষরে অক্ষরে পালন করে সেটা দেখলেন।

১০)মোতীসি,ং কলেক্টর ও স্বরাজ পুরী, এস পি। এরা মুখ্যসচিব ব্রহ্মস্বরূপের আদেশ পালনকেই বিধিসম্মত ভাবে ডিউটি করা মেনে অ্যান্ডারসনকে সম্মানের সঙ্গে প্লেনে তুলে দেন। যদিও এদের আসল দায়িত্ব ছিল ওনাকে থানায় এবং আদালতে পেশ করা। এরা ঠিকমত রিটায়র হন। বিজেপি সরকার স্বরাজ পুরীকে দু'বছর আগে নর্মদা ঘাটি বাঁধ উদ্বাস্তুদের সমস্যা নিরাকরণের কমিটির অধ্যক্ষ বানিয়েছিলেন। এখন বের করে দিয়েছেন।

১১)সুরেন্দ্র সি,ং থানেদার; হনুমানগঞ্জ থানা, ভোপাল। এ'ব্যাপারে সবচেয়ে ছোট আমলা। এত বড় হাই প্রোফাইল মামলায় ওর সাধ্য কি যে এস পি সাহাবের আদেশের অবহেলা করে!

১২) হোয়াইট হাউস।
তখন রোনাল্ড রীগান প্রেসিডেন্ট। ভারতের পালা ঝুঁকে ছিল সোভিয়েতের দিকে। তেমন কোন চাপ দিয়েছিল মনে হয় না। ছাড়া পাওয়ার পর ল্যারি স্পীকস্, প্রবক্তা, হোয়াইট হাউসের বয়ান পিটস্বার্গ পোস্ট গেজেটের হেডলাইন ছিল। ওনার হিসেবে আমেরিকা ভারত সরকারের সঙ্গে কথা বলেছিল বটে, কিন্তু তার জন্যে ছাড়া পেয়েছে এমন মনে হয় না।
অর্থাত্ আমেরিকার সামান্য নিবেদনকে আমাদের সরকার আদেশ মনে করে অনুপালন করেছিল।

১৩) যাদের জন্যে সিবিআইয়ের কেস দুর্বল হল:
ক) অশ্বিনী কুমার এবং প্রাক্তন জয়েন্ট ডায়রেক্টর মাধবনের মতে চার্জশীট দেয়ার সময় অভিযুক্তদের বিরুদ্ধে পাক্কা প্রমাণ যাতে দেয়া হয় তা' খেয়াল রাখা হয়েছিল। কোর্টের বর্তমান ফয়সালা থেকেও এটা স্পষ্ট যে কার্বাইড ফ্যাক্টরির ত্রুটিপূর্ণ ডিজাইন ও গ্যাস লীক হওয়ার সম্ভাবনা আছে এই খবর ম্যানেজমেন্টের কাছে অনেক আগে থেকেই ছিল। কেস রি-ওপেন হলে অভিযুক্তদের শাস্তি বাড়াতে প্রসিকিউশনের বড় দায়িত্ব আছে।

খ) সোলী সরাবজী, প্রাক্তন এটর্নী জেনারেল; আগে ভারত স্রকারকে বল্লেন--- অ্যান্ডার্সনকে ফেরত আনানো যেতে পারে, আবেদন করা হোক। পরে বল্লেন- উনি আমেরিকান নাগরিক। কোন আমেরিকান ল' ফার্মের পরামর্শ নেয়া হোক। তারপরে বল্লেন-- না:, সিবিআইয়ের যা সাক্ষীসাবুদ তা আমেরিকান কোর্টে ধোপে টিঁকবে না। কাজেই সরকারের আইডিয়াটিড্রপ করা উচিত্।

গ)জাস্টিস এ এম আহমদী, সর্বোচ্চ আদালতের প্রাক্তন ন্যায়াধীশ। সমস্ত প্রমাণকে চোখবুঁজে খারিজ করে ১৯৯৬তে রায় দিলেন যে কার্বাইড জানতনা গ্যাস লিক হয়ে এমনটি হবে। ফলে ধারা ৩০৪, পার্ট ২ ( culpabale homiside, not amounting to murder) থেকে সরিয়ে ৩০৪এ( death caused by negligence/accident) লাগানো হল। অর্থাত্, ২০১০ এ অভিযুক্তদের মাত্র দু'আড়াই বছরের জেল
হওয়ার স্ক্রিপ্ট সেই ১৯৯৬তেই লেখা হয়ে গেছিল। এই রায় দেবার পরে পরেই ওনাকে কার্বাইড কোম্পানী ২৫০ কোটি টাকার ভোপাল মেমোরিয়াল হসপিটাল ট্রাস্টের প্রধান ট্রাস্টি করা হল। সে'পদেও ওনার অনেক ফয়সালা বিবাদাস্পদ হয়েছে।

আমি খালি গণনাট্য সংঘের প্রয়াত বিনয় রায়ের বিখ্যাত গানটা গাইছি-- " কেকরা কেকরা নাম বাতাউঁ, জগমেঁ সারা লুটেরা হো।''


শুক্রবার, ১১ জুন, ২০১০

আমার ভগবদ্গীতা ~ জয়দেব বসু

নিরীহ লোকের গায়ে কালশিটে, চাঁদার জুলুম,
শনি-মন্দিরের পাশে চোলাই আর সাট্টার ধূম।


আরাধ্য দেবতা আজ স্থপতি-দানব সেই 'ময়',
ভন্ডামিতে সংক্রামিত ইদানীং নিজেরই সময়।


তোমাকে তাড়িয়ে দেবে? দিতে পারে। তুমি সেই লোক,
চোখ বুজে থাকে না যে, স্বজন-বন্ধুর কাছে বিপজ্জনক।


যে-যাই বলুক, তবু দায় থাকে, জেনো পরন্তপ,
যে যুদ্ধ স্থগিত আজ, তুমি তার দধীচি ও শব।


লেনিন নিষিদ্ধ রক্তে? ক্লীবতারই কাছে আজ ঋণ?
অস্বীকার করো পার্থ, কথা দাও, তুমিই লেনিন।

বুধবার, ৯ জুন, ২০১০

All are equal, some are more equal! ~ অনামিকা

দুনিয়া চমকে গেছে, পাহাড়ের মুষিকপ্রসবে!
গেলে যাক ... ও স্বদেশ, তুমি কান দিও না ওসবে।
যাই হোক, এতদিনে হাসিমুখে জেগেছে বিবেক।
বিচারের প্রহসন শেষ হল আইন মোতাবেক!
বোকাদের বোবাদিন গুমরেছে পঁচিশ বছর।
কি নরম আইন আহা! জামিনও দিয়েছে এর পর।

আদৌ কি কেউ ঝরে পড়েছিল সেদিন ওখানে,
শীতের পাতার মত? সিবিআই সব কথা জানে!
ঘুমে গুঁড়ি মেরে আসা খুনি কীটনাশকের ফলা,
কোনও চোখে বিঁধেছিল? জ্বলেছিল শ্বাসনালী ... গলা?
মায়ের গর্ভে ভ্রুণ অঙ্গহীন হয়ে গেল শোকে।
সে খবর মুছে যাক ঝকঝকে একুশ শতকে।
তর্ক কোরো না। তুমি চাইলেই ভুলে যাবে "মিক"...
মারণভূমিকা ভরা যে কুয়াশা বিষের অধিক!
না কোনও যুদ্ধ নয় ... পুঁজি আর লোভের মহিমা
ভূপালকে একরাতে করেছিল নয়া হিরোশিমা।

সিবিআই সব জানে। কোন ধারা নরম পেলব।
আইনের হাত ধরো। আইপিসি করে কলরব।
এ গণতন্ত্রে নাকি সকলেই নিছক সমান?
সেটা যে কথার কথা ভূপাল তা করেছে প্রমাণ।

শুক্রবার, ৪ জুন, ২০১০

আদেশ মেনেছি, কিন্তু ... ~ অনামিকা

আদেশ মেনেছি, কিন্তু ...

আদেশ করেছ। লেখা মুছে ফেলে, মেনেছি হুকুম।

কিন্তু যদি মাঝরাতে কান্না আসে, ভেঙ্গে যায় ঘুম;

যদি কোনও পিছমোড়া হাতবাঁধা ভেজা লাল ছবি,

মাথার ভেতরে এসে কড়া নাড়ে; তবে বলো কবি,

কি প্রবোধ দেব তাকে? ওই লাল বড় তীব্র ... নোনা।

অশ্রুর তর্পন দেব! সেইটুকু বারণ কোরোনা।


চ্যানেলশোভিত যত নাগরিক ভাবনাবিলাস,

হয়তো তা' খুবই দামী। তবু দু'শো বনবাসী লাশ

আমাকে সমস্বরে প্রশ্ন করে, "কি ছিল হে দোষ?

উসকানি দিয়ে মারলে। নিজেরা তো মজার আপোস

করে নিলে দিকুবাবু! এ'রকম মেকি বিপ্লবে,

নিরুপায় মৃত্যুছাড়া অরণ্যের কোনও লাভ হবে?"

 

এ'শহর খুব বোঝে, আড়ি ভাব ভালবাসাবাসি।

সে কথা জানেনা বলে, মরে গেল বোকা আদিবাসী!

কি করে ভুলব কবি, কারা ওই লালমাটি দেশে,

হত্যার ষড়যন্ত্র দিয়ে এল, "স্বজন"এর বেশে?

মাও-কে যা বুঝেছি ~ জয়দেব বসু

ভুলের সাথে ভুল ঠুকলেও ফুলকি জ্বলে,
ফুলকি থেকে
আগুন জ্বলুক,
এ-ঘর ও-ঘর, সবার ঘরে-ঘরে।

মেদ গলে যাক, মজ্জা গলুক,
জাড্য ভেঙে
চঞ্চলতা,
পানাপুকুর উথলে যাক ঝড়ে।

মেঘের সাথে মেঘ ঘষলেও
কামান ডাকে,
কামান দাগো
প্রতি পাড়ার সদর-দপ্তরে।

 

হারজিত ~ অনামিকা

কে বলেছে হেরে গেছ? কোনওদিন জিতেছিলে না কি?

লাল আলো ... কলরব ... ব্ল্যাকক্যাট, আসলে তো ফাঁকি।

ওদের নিয়মে খেলা। ক্ষমতার ভাগ উঁচুনীচু

তাতেই মুগ্ধ তুমি? কোনওদিন এর বেশি কিছু

স্বপ্ন, সত্যি বল, চোখ জুড়ে ছিলনা কখনও?

কোথায় হারালো সে'টা? শোনো, চুপ, কান পেতে শোনো!

মানুষ গোপনে কাঁদে। বাঁচবার বড় সাধ তার।

কি ভাবে মেটে সে সাধ? সেখানেই তোমার জেতার

কথা ছিল। মনে আছে? মনে পড়ে সেই রাগ ক্ষোভ?

ছেলেটির কাজ নেই। মেয়েটিকে অন্ধকার লোভ

রোজ রোজ গিলে নেয়। নবান্ন আসে না যে গ্রামে,

ওদের ইচ্ছে হলে গণতন্ত্ররথ এসে থামে।

সাজানো শপিংমল নাইটক্লাব ভোগের আওয়াজ

কিছুই তোমার নয়। কেন ভাব হেরে গেছ আজ?

 

মানুষ কি জেতে হারে? তুচ্ছ ভোটে জয় পরাজয়

ক্ষমতার ক্ষুদকুঁড়ো কে কুড়োবে নির্ধারিত হয়!

সময় ডাকছে খুব। ইতিহাস নয় বদতমিজ।

কখনও হেরো না তুমি। মনে রেখো তুমি রক্তবীজ!

সোমবার, ৩১ মে, ২০১০

আমি বুদ্ধিজীবি ... ~ অনামিকা


সভ্যতার শুরু থেকে আমি আছি ... আমি বুদ্ধিজীবি।
শিখিনি হাতের কাজ। মেধা আছে, মিডিয়া পৃথিবী
"বিদ্বজন" বলে ডাকে! তালি দেয়, "সাবাস! সাবাস!"
বুদ্ধিহীন "জনগণ", তোরা ঘাম ... তোরা ক্রীতদাস।
তোদের দুঃখে রাতে ঘুমোইনা ... দিনে সোমরস!
ন্যাকামির পরীক্ষায় আমি ফার্ষ্ট, আমি দশে দশ।

আমি ছবি ... কথা ... গান, আমি মঞ্চ ... আমি হেরিটেজ!
ক্ষমতার এঁটো কাঁটা সবই খাই ... ভেজ ননভেজ।

আমি ব্রাত্য, আমি শাঁওলি, আমি জয় , কৌশিক, সমীর।
ট্যাক্স ফাঁকি দেওয়া শুভা, আমি ঝানু দালাল জমির!
"মা"কে বিক্রি করতে পারি। আকাশের বৃষ্টি পশলাকে ...
তাও বেচে দিতে পারি কমবেশি পাঁচ ... দশ লাখে!
মানুষ মরলে আমি "মানবতা"ধ্বজাধারী ... চুপ!
রক্তমাখা ভদ্রখুনি, সন্ত্রাসের দিই নাট্যরূপ।

রাজার হুকুমে চলি! তাই আমি সেরা সভাসদ।
আমি গাধা ... সুরে সাধা! আমি জানি, আমি অতি বদ!

শনিবার, ২৯ মে, ২০১০

ছিঃ ... মৃতভোজী বিদ্বজন ... ছিঃ ... ~ অনামিকা

 


প্রত্যেকদিন খুন করে যায় "জনগনের আদালত"
"মরছে সিপিএম-এর দালাল", তোদের মুখে বাঁধা গত!

রেলকামরা তুবড়ে গিয়ে মরল যখন দুইশ' জন,
রাজনৈতিক প্রচার করতে, প্রেসক্লাবে যাস তুই স্বজন!
মাসান্তে পাস কাঁড়ি মাইনে, বিপদ এলে গুটোস লেজ ...
বুক ফাটানো কান্না শুনিস? না না ... তোরা তো হেরিটেজ!

পাড়ায় পাড়ায় খুঁজছে সবাই, ওই খুনিদের বন্ধু কে?
কারা যোগায় সংস্কৃতিময় বারুদ ওদের বন্দুকে?
শশধরের সাথে মিটিং ... ব্যাপারটা খুব রোমান্টিক ...
সুশীলরা যে আদৌ মানুষ, এইবারে তার প্রমান দিক!

ক্ষমতালোভী শিলাদিদিকে এবার তোরা বোঝা না ...
বাঘের পিঠে চড়া সহজ। কিন্তু নামা? সোজা না!

মঙ্গলবার, ১৮ মে, ২০১০

বিষ তাহার ... ইস্তাহার ~ অনামিকা

আমাকে জেতাবি! আমি জিতলেই কলকাতা হবে লন্ডন।
করকোষ্ঠির বাম গ্রহরেখা সব হয়ে যাবে খণ্ডন।

আমাকে জেতালে সাজিয়ে তুলব পচা নিমতলা ঘাট।
তোদের মারব ... যত্নে পোড়াব ...। ফ্রি তে চন্দন কাঠ।

জলকর? ছি! ছি! উথলে উঠবে রক্তজলের ফোয়ারা।
আমাকে জেতালে কলকাতাটাকে করব দান্তেওয়ারা!

সাম্প্রদায়িক দাঙ্গা বাধবে, আমাকে না যদি জেতাস।
ন্যায় অন্যায়? দরকার হলে, এখুনি খেলব সে তাস!

আমি উসকানি। আমি জাতপাত। কলকাতা মেরি জান!
আমি ইফতার। আমিই মতুয়া। আমি প্রচণ্ড ভান।

হবেই জিততে। কারুর চিত্তে শান্তি দেব না কোনও।
আমি না জিতলে রাস্তা কাটব ... অবরোধ ঘন ঘন!

আগুন লাগাবে দামাল ছেলেরা। কাউকে দেবনা রক্ষে!
বড় সুখ প্রাণে। মাওবাদীরাও আছেন মিত্রপক্ষে।

নগদ মূল্যে কিনেছি শাঁওলি ... ব্রাত্য ... মহাশ্বেতা!
জিতব, কারণ "জিততে জানলে" তবেই তো যায় জেতা!

 

সোমবার, ১৭ মে, ২০১০

জবাবদিহি ~ অনামিকা

ওরা নয় তত যুক্তিনিষ্ঠ ...
তাইতো পায়ের তলায় পিষ্ট!
আদৌ মরতে হত কি ওদের,
ট্রেনে না চাপত যদি?
ছোট মুখে বড় করিস তর্ক।
জনগণ কেন নয় সতর্ক?
ট্রেন ছেড়ে যাবে ... যাকনা বাছারা ...
মন্ত্রীর থাক গদী!

মরে গেল যারা অকৃতজ্ঞ।
পণ্ড করতে চাইছে যজ্ঞ।
ট্রেন প্ল্যাটফর্ম পালটানো মানে ...
"পরিবর্তন" সেটাও!
যারা সোজা কথা বুঝতে চায়না,
তারা সিপিএম, নোংরা হায়না,
মৃত্যু ওদের সঠিক প্রাপ্য ...
সেই পাওনাটি মেটাও।

রেলের যাত্রী, তোদের জন্য
কমিটির মাথা শুভাপ্রসন্ন!
স্বর্গযাত্রা ভরপুর হোক ...
সুখে আর স্বাচ্ছন্দে!
অর্ধলক্ষ মাসের মাইনে,
উঁহু ... কোনও কথা শুনতে চাইনে
তোরাও তো পাবি ওই টাকাটাই ...
মরলে ... পরমানন্দে!

পরিবর্তন চাইছি আমরা।
রঙ পালটাল রেলের কামরা ...
শেষ মুহূর্তে প্ল্যাটফর্মেরও
বদল ঘটতে পারে।
সবাই বলছে ... "প্রিয় মমতাজী
তুমি চাইলেই প্রাণ দিতে রাজি"!
একটা বা দুটো মৃত্যুতে তাই
লজ্জা লাগছে না রে!

বৃহস্পতিবার, ১৩ মে, ২০১০

পৌরভোটের অ্যাজেন্ডা ~ দুর্জয়

'আবারো এসে গেছে। মিউনিসিপ্যালিটি/কর্পোরেশন নির্বাচন। ২০১০। এক পরিবর্তিত পরিস্থিতির মধ্যে নির্বাচন। যে সময়ে দাঁড়িয়ে এক অলীক পরিবর্তনের স্বপ্ন বিক্রি করছে এক মহাজোট। কি বললেন? জোট ভেঙ্গে গেছে? তৃণমূল একা লড়ছে? নাহ! ভুল বললেন। জোট আছে। এবং আক্ষরিক অর্থেই মহাজোট আছে, যে জোটে সামিল ধান্দাবাজ বুদ্ধিজীবি থেকে শুরু করে কংগ্রেসের হাত ধরে বড় বড় আমেরিকান কোম্পানীগুলো অবধি। এই রে! নিশ্চয়ই ভাবছেন, পুরসভা ভোটে আবার আমেরিকা কেন? সিপিএম গুলোর কি আর খেয়ে দেয়ে কাজ নেই? আছে দাদা, আছে। কিন্তু আমাদের কাজের থেকেও আরও আরও বেশী করে যারা আছে, তাদের অস্বীকার করি কি করে? কি করে ভুলি, টিভি চ্যানেলে কংগ্রেস নেতা নির্বেদ রায়ের সদম্ভ ঘোষনা, যে ২০০৮ এ পরমানু চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার প্রতিবাদে বামফ্রন্ট ইউপিএর থেকে সমর্থন উঠিয়ে নেবার পরে কংগ্রেস 'ন্যাশনাল অ্যাজেন্ডা' নিয়েছে, যে সিপিএম কে উচ্ছেদ করতে হবে, এবং তার জন্য সম্ভাব্য-অসম্ভাব্য কোনও পদ্ধতিই তারা বাদ দেবে না। কি করে ভুলি, আমেরিকার জিই, ওয়েস্টিংহাউসের মত সংস্থার পরমানু চুল্লী বানানোর পরে তাতে দুর্ঘটনা ঘটলে যে ক্ষতিপুরন দেবার কথা, তা যথাসাধ্য কম করে দেশের কোষাগারের টাকা বিদেশী কোম্পানীর মুনাফায় পরিনত করার জন্য সংসদে কংগ্রেসের মরিয়া চেষ্টা, এবং তার বিরুদ্ধে বামফ্রন্টের মরিয়া লড়াই? সিপিএম টিকে থাকলে যাদের ক্ষতি, তাঁরা এবারেও মরিয়া, যেমন ছিলেন পঞ্চায়েত ভোটে, যেমন ছিলেন লোকসভা ভোটে, যেমন আছেন পৌরসভা ভোটে। আর যে কারনেই, সচেতন ভাবে, টিভি চ্যানেল থেকে সংবাদপত্রের পাতায় রোজই গুলিয়ে দেওয়া হচ্ছে, একটা পৌরভোটের কি অ্যাজেন্ডা।

পৌরসভা কি করে? পুলিশ প্রশাসন কে নির্দেশ দেয়? চোর ধরে? ডাকাত মারে? নাকি জমি অধিগ্রহন করে? কিছুই করে না। যেটা করে, সেটা হল, নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলি দেয়। রাস্তা, জল, জঞ্জাল সাফাই, নাগরিক সৌন্দর্যায়ন ইত্যাদি কাজ। লোডশেডিং পৌরসভা করে? না করে না। লোডশেডিং কেন হচ্ছে, সেটা অন্য প্রশ্ন, সে প্রসঙ্গে পরে আসা যাবে। আপাতত ভাবা যাক, বিরোধীদের মুখে যে দাবিগুলো উড়ে বেড়াচ্ছে, সেগুলো কেন মোটেই পৌরসভার সাথে কোনওভাবেই যুক্ত নয়। এর একটাই ব্যাখ্যা হতে পারে, এবং সেটিই সত্যি। বামফ্রন্টের পরিচালিত পুরবোর্ডগুলো কাজ করেছে। যে যে কাজ গুলো তাদের করার কথা ছিলো, সেই সেই কাজগুলো তারা সাফল্যের সাথেই করেছে। অতএব, সেগুলো নিয়ে কিছু বলার নেই, আর তাই, পুরভোটের অ্যজেন্ডা সাঁইবাড়ি, নন্দীগ্রাম, সিঙ্গুর, রাজ্যে সিপিএমের সন্ত্রাস। সিপিএমের সন্ত্রাস টা কি রকমের তা জানতে গেলে একটা তথ্যই যথেষ্ট, যে গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে, এক বছরে, শুধু মাত্র জঙ্গলমহলেই তৃণমুলী-মাওবাদীদের হাতে খুন হয়েছেন ২১০ জন সিপিএম কর্মী।

শ্যামবাজারের নির্বাচনী সভায় তৃণনেত্রী ঘোষনা করলেন, পুরভোটে তাঁরা জিতলে তিন মাসের মধ্যেই বিধানসভা ভোট করে দেবেন! কি মানে দাঁড়ালো? সাংবিধানিক সঙ্কট ছাড়া নির্বাচিত সরকার ভেঙ্গে দেওয়া সম্ভব নয়। পাশাপাশি, মুলায়ম সিঙ্ঘ কেন্দ্রীয় সরকারে যোগ দেবার বাসনা প্রকাশ করার পরে, সরকার কে বিভিন্ন ভাবে বিপাকে ফেলা মমতার চোখরাঙ্গানিকে উপেক্ষা করার ক্ষমতা সোনিয়া গান্ধীর হাতের মুঠোয়। এমতাবস্থায়, সাধের জোট ভেঙ্গে দেওয়া মহিলার অবাস্তব বায়নাক্কা প্রণব মনমোহন মেনে নেবেন, এমন সম্ভাবনা নেই বললেই চলে। হাতে থাকে একটিই মাত্র উপায়, সেটা হলো দায়িত্ব নিয়ে সাংবিধানিক সংকট তৈরি করা। রাজনৈতিক মহল মনে করছে, যে পৌরসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গে নৈরাজ্যকে সর্বকালীন সেরা উচ্চতায় নিয়ে যাবার পরিকল্পনা করছেন মমতা, শ্যামবাজারের ঘোষনা যে পরিকল্পনার সামান্য প্রকাশ মাত্র। এবং সে কাজে যে তৃণমুল রীতি মত দক্ষ, সে কথা বুঝতে গেলে সিপিএম হতে হয় না। গত কয়েকমাসে রাজ্যজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য তৈরি করে তৃণমুল প্রমান করেছে, ক্ষমতায় এলে তারা '৭২-'৭৭ এর কংগ্রেস কে ছাপিয়ে যাবে। সন্ত্রাস তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।

অন্যতম বললাম কেন? কারন, অন্যতর লক্ষ্যও আছে বইকি। তৃণমুল সাংসদ কবির সুমনের বক্তব্য শুনলেই তা জলবৎ তরলং হবে। কি বলেছেন সুমন? "খাও খাও খাও... শুধু খাওয়া আর খাওয়া" দক্ষিণ ২৪ পরগণায় আর পুর্ব মেদিণিপুরে সরকারী টাকার লুঠ চলছে, তৃণমুলের নেতা থেকে কর্মী, সব্বাই সরকারী টাকা লুটে যাচ্ছেন। লুটপাট আর হিস্যার সঙ্ঘাতে একের পর এক পঞ্চায়েতে, সমিতিতে আনা হচ্ছে অনাস্থা, যে হিস্যা কম পাচ্ছে, সে লোক জন জোগাড় করে অনাস্থা ডেকে দিচ্ছে অন্যের বিরুদ্ধে। আইলার ত্রান শিকেয় উঠেছে, অশান্ত নন্দীগ্রাম এখনও অশান্ত, লুটের টাকার বখরা নিয়ে তৃণমুলের মারামারিতে প্রশাসনিক বন্দোবস্ত শিকেয় উঠেছে, এক গোষ্ঠি মাওবাদীদের সুপারি দিয়ে খুন করে দিয়েছে আরেক গোষ্ঠীর মাথা নিশিকান্ত মন্ডল কে। হাবড়ায় রক্তদান শিবিরে বোমা মেরে কংগ্রেস কর্মী বাপি চৌধুরীকে খুন করে দিয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতি-মন্ত্রীর ঘনিষ্ঠ সাট্টা-ডন তৃণমুল কর্মী। বৈদিক ভিলেজে জমি ডাকাতি করে বুড়ো আঙ্গুল ফুলিয়েছে তৃণমুল বিধায়কের ভাই, তারপরে খুন খারাপি করে বেপাত্তা হয়েছে সে। চলছে লুঠ। নেত্রী নিজের মন্ত্রক কে লুটে যাচ্ছেন এমন ভাবে, যেন, 'কাল' বলে কিছু নেই, যা লোটার আজই লুটে নাও। রেলের টাকা লুটে যাচ্ছে কাক- আঁকিয়ে চিত্রকর থেকে জীবনমুখী গায়ক। রেলের টাকায় ভাড়া হচ্ছে  নেত্রীর ধামাধরা টিভি চ্যানেলের ওবি ভ্যান, সরকারী অনুষ্ঠান হয়ে উঠছে তৃণমুলের প্রচার সভা। আর পাশাপাশি, অন্ধকারে রয়ে যাচ্ছে সিঙ্গুরের সব হারানো চাষীরা, যাঁদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে লুটে পুটে খাচ্ছে কিছু শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী আর প্রতারক মানবাধিকার কর্মীরা। রেল কে ব্যবহার করা হচ্ছে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির খেলায়। কেউ কি ভেবে দেখেছেন, যে গরম তো আগেও পড়েছে, এমন ব্যপক বিদ্যুত ছাঁটাই গত কুড়ি বছরে হয়নি কেন? কেন কোল ইন্ডিয়ার মত কেন্দ্রীয় সংস্থা লিখিতভাবে তাদের বাৎসরিক রিপোর্টে দাবি করছে, যে রেল তাদের থেকে কয়লা নিয়ে বিদ্যুতকেন্দ্রে পৌঁছে দিতে টালবাহানা করছে নিয়মিত, যার ফলে কোল ইন্ডিয়ার কয়লার গুদামে কয়লা রাখার জায়গা নেই, তাএর কয়লা খন বন্ধ করে দিতে হয়েছে? অন্তর্ঘাত করে রাজ্যের বিদ্যুত পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে, আর তার ফলাফল যে লোডশেডিং, সেই লোডশেডিঙ্গের অন্ধকারে যে তৃণমুল কর্মীটির ছোট্ট মেয়েটাও পড়াশোনা করতে পারছে না, তাঁদেরো কি এ সব ভেবে দেখতে মানা?

এ হেন প্রেক্ষাপটে পৌর নির্বাচন। পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন টিভির ক্যামেরা। 'উন্নয়ন হয়নি', একথা বলতে গিয়ে আমতা আমতা করছেন তৃণমুল স্তরের তৃণমুল/কংগ্রেস কর্মীরাও, নেত্রীর মতো নির্জলা মিথ্যা শিখে উঠতে পারেন নি হয়তো তাঁরাই। নিঃসন্দেহে বেড়েছে নাগরিক স্বাচ্ছন্দ্য, নিঃসন্দেহে বেড়েছে প্রশাসনিক স্বচ্ছতা। তাই, টিভির চ্যানেল থেকে খালচোর আঁকিয়ের ভাষনে, বিকিয়ে যাওয়া সাংবাদিকের নগ্ন-নির্লজ্জ কলম থেকে শুরু করে  নাট্যকারের বান্ধবীর অশালীন চিৎকারে বারংবার উঠে আসছে ফ্যাসীবাদের পুনর্প্রতিষ্ঠার দাবি।

একটু ভাবুন। কিসের পরিবর্তন চান? কেন চান। বামফ্রন্টের পরিবর্তনে আরো ভালো বিকল্প হতে পারে একটিই, সেটি হল উন্নততর বামফ্রন্ট। কথা বলুন, পৌরপিতার কাজে ভুল থাকলে ধরুন, ধমকে দিন। আরও উন্নয়নের দাবীতে সরব হোন। ওয়ার্ড কমিটি সহ বামফ্রন্টের প্রবর্তিত গণতান্ত্রিক ব্যবস্থাগুলিকে আরোও সবল করুন। দেখুন, ভাবুন।

স্বচ্ছতার পক্ষে ভোট দিন। শান্তির পক্ষে ভোট দিন। সবার উন্নয়নের জন্য ভোট দিন।

আপনার ওয়ার্ডে, বামফ্রন্ট প্রার্থীটিকেই ভোট দিন। সুসংহত নাগরিক পরিষেবার ধারা অব্যাহত রাখুন।'

বুধবার, ১২ মে, ২০১০

বিশিষ্টজন ~ অনামিকা

ওঁরা সবাই "বিশিষ্টজন", ইচ্ছে মতন জবাই
করতে পারেন। হুকুম দিলেই মান্য করিস সবাই!
পদ্য লেখেন, নাটক করেন, ওঁরা আঁকেন ছবি।
শবসাধনাও করেন, আছে দুরন্ত ভৈরবী।
চাইলে পরেই ভৈরবী দেয় মৃতদেহের জোগান।
বুদ্ধিবেচা তান্ত্রিকেরা, এ বাংলাকে ভোগান!
মোদীর চেলা হাফ নকশাল, এদের অধিকাংশ
কারণবারির সঙ্গে চিবোয় টাটকা মানুষ-মাংস।
আবার যখন উঠল বেজে নির্বাচনের বাদ্য,
"বিশিষ্টজন" মঞ্চে নামেন যার যে রকম সাধ্য!
একাংশ খুব নাড়ান দাড়ি, করেন হুকুমজারি।
গাঁ'য় মানে না, মোড়ল সাজার সংস্কৃতি-সর্দারি।
অন্যগুলো মুখোসপড়া, বলেন মাথা চুলকে...
লাভের নিমক খেলাম ... তোরা জেতাস তৃণমূলকে!
চেঁচায় নানান রেলকমিটি, চেঁচায় কচিনেতাও ...
অর্ধলক্ষ মাস মাইনে, ভৈরবীকে জেতাও!
আখের গোছায় বিশিষ্টজন। কিন্তু এতক্ষণ যে
অপেক্ষাতে ক্লান্ত বেকার, শহর গ্রামে গঞ্জে ...
হতাশ হয়ে চাইছে হিসেব ... "করলে ন্যানো গায়েব
শিলান্যাসের চাকরি কোথায় বাবু বিবি সায়েব?
আমরা সবাই রাখছি খেয়াল, সমস্ত আর্টস একর।
একসঙ্গেই উপড়ে ফেলব আগাছা আর শেকড়!"

শুক্রবার, ৭ মে, ২০১০

প্রতিরোধের গান ~ অনামিকা

কথা মিশুক সুরে, বাঁচার আশ্বাস থাক গানে,
তিন পৃথিবী আটকে থাকুক ভালবাসার টানে।
পাহাড় নদী ধানের ক্ষেতে সবুজ ঘাসে ঘাসে
চাইছে মানুষ এই ছবিটাই, অজস্র ক্যানভাসে!

হিংসুটে কেউ সেই ছবিতে যখন ঢালে কালি,
মানুষখুনের উসকানিতে ছেটায় গালাগালি,
প্রত্যেকদিন একটা দু'টো তীব্র মৃতদেহ
চিনিয়ে দেয় হিংস্রতাকে, থাকেনা সন্দেহ,
ছদ্মবেশী মানুষখেকো লুকিয়ে রেখে নখ,
বুদ্ধিবিবেক পুঁজির কাছে রেখেছে বন্ধক!
রেলগাড়ীতে মালিক পাঠায় মাসিক মাসোহারা
সন্ত্রাসে দিনরাত্রি জাগে তোমার আমার পাড়া!
দারুণ ব্যথায় ঝলসে ওঠে যুক্তি এবং ক্রোধ
ভয় সরিয়ে জন্ম নিচ্ছে তীব্র প্রতিরোধ।
পুড়ছে মুখোশ, পয়সাখাওয়া খুনী নাটকবাজি।
রক্তমাখা বাংলা এবার শুদ্ধ হতে রাজী ...

বৃহস্পতিবার, ৬ মে, ২০১০

সাম্প্রতিক ~ অনামিকা


সারের দাম বেড়ে যাচ্ছে, অমিল হল তন্ডুল
পার্লামেন্ট বেঁচে থাকুক। গণতন্ত্র ভন্ডুল!
সবাই চল আইপিএলএ। চিয়ার ... নাচাগানাতে ...
কোটি টাকাই জানে কেবল কোটি টাকাকে বানাতে।
তাদের পাশে দাড়ানোটাই আজ দেশবাসীর কাজ
ঠিক কতজন অনাহারে? অন্ধকারে সে আন্দাজ!
দাম বেড়েছে। জিনিসপত্র অগ্নিমূল্য! তাতে কী?
বিবি যাবেন শপিং মলে, বাবুর গরম ভাতে ঘি!

অনামিকা ... নিজেই নিজেকে ...

যা লিখছিস অনামিকা, আদৌ তা নয় ঝাঁঝালো।
কী দুর্বিপাক কলমটাকে নিরামিষাশী সাজালো?
কোনও লোভের সমীকরণ হয়ে উঠেছে জোরালো?
আলটপকা বিষাদ আবার ভেতরটাকে পোড়াল?
পুরসভার নির্বাচনে মনোনয়ন জোটেনি?
একটিবারও এসএসসি-তে তোর নামটা ওঠেনি?
মধ্যবিত্ত অপ্রাপ্তির এমনি নানা ধারাতে,
ঘায়েল হয়ে বিক্ষুব্ধ নাম কিনেছিস পাড়াতে!
প্রোমোটারের পদলেহন মেলেনা তোর রুচিতে?
হাঁটিস না তাই মিছিলে আর। যাস না কর্মসূচিতে?
ভুলে গেছিস ওদের দেখে আসিস নি তুই বাঁদিকে।
তুইও যদি ভুল ভাবনায়, তাহলে প্রতিবাদী কে?
মাথার মাঝে হিসেব কষে একশ' লোভ আর হাজার ভয়?
পায়ের নীচের মানচিত্র, তোদের এটা। রাজার নয়!
ঝলসে ওঠ্ কলমে আজ, হিসেবে লাভক্ষতি বাদ!
কাঁদছে প্রতিবেশী মানুষ। জারি রাখিস প্রতিবাদ।

ডিগবাজী ~ অনামিকা

আর তো সুমন দুর্নীতিকে বলছেন না, "তিষ্ঠ"
লোকসভাতে হুইপ মেনেছেন, বড্ড একনিষ্ঠ!
বিষ নেই তার ফনায় শুধু কুলোর পানা চক্কোর ...
এই অপবাদ দিচ্ছে কিছু ফাজিল এবং ফক্কর
দিল্লিতে ভোট দাখিল করেন তৃণমূলের খাতায়
তা নইলে টান পড়বে তো তাঁর সংসদীয় ভাতায়!
কচিনেতার নচিকেতার আকাশছোঁয়া সাহস!
ভক্তবৃন্দ কামড়ে দেবে, চুপটি যদি না হোস।
রেলের ভুয়ো শিলান্যাসে গান গেয়ে পাস টাকা।
জানিস সুমন নিত্য কাঁপায় কলকাতা আর ঢাকা?
সুমন যদি আটলান্টিক, তুই ঘোলাজল দীঘার!
রেলকামরার ভিক্ষুক তুই, সুমনদা' পিট সিগার।
পদত্যাগের পত্র? বারণ মহান মহাশ্বেতার।
নইলে একাই সাধ্য রাখেন যাদবপুরে জেতার!
গান ধরেছেন ভীষ্মলোচন, ভক্তরা বুক বাঁধো।
ভয় কি বলো? ধর্ম আছেন, আছেন পুঁজিবাদও!

শুক্রবার, ২৩ এপ্রিল, ২০১০

লাল-সবুজ ~ বিমোচন

অনেক গবেষনার পর
প্রকৃতিবিজ্ঞানীরা এখন বলছেন যে
পশ্চিমবঙ্গে
আগামী বছরেই গোলাপের রং
আর লাল নাও থাকতে পারে ,
গোলাপের রং,
হয়ে যেতে পারে সবুজ।


তবে সেইসঙ্গে তারা এই
আশংকাও প্রকাশ করেছেন যে
ঘাসের রং,
লাল হয়ে যেতে পারে।
 

রবিবার, ১১ এপ্রিল, ২০১০

বিন্দাস ভাষ্য ~ অনামিকা

ছেলে খুব একরোখা বিপ্লবী কট্টর।
কার কথা বলছো গো? শ্রী সুমন চট্টোর?
"চট্টো" না, বেমালুম সেজেছে "কবীর" সে।
গল্পের গরু চড়ে বৃক্ষের শীর্ষে!
M.P. LAD-এর টাকা ভাগ-বাঁটোয়ারাতে
গোলমাল করেছে সে, তাই তাকে তাড়াতে ...
এতদিনে তার গায়ে মাওবাদী গন্ধ
খুঁজে পেল ক্যাপ্টেন শ্রী সুদীপ বন্দ্যো!

আসলে যে কি ঘটেছে পারছে না বলতে।
"স্বজন"এর ঝাঁকে শিবরাত্রির সলতে,
শ্রী সুমন খেটেখুটে বানালেন জমিটি।
অন্যে বাগিয়ে নিল যত রেল কমিটি!
মা মাটি ও মানুষের বিন্দাস ভাষ্য ...
মেয়াদী লাভের লোভে করেছিল দাস্য।

আহা, ইদানিং ব্যথা পেয়েছে সে কত না!
নিকারাগুয়ায় গেলে এরকম হতনা।
ভাগটা নিখুঁত চাই, প্রতি পাই পয়সার।
ওই তৃণমূলে আর নয় জল ... নয় সার!

মা মাটি মানুষ ফাঁকি ... রোজগারই মোক্ষ ...
দিদিই প্রমান তার অতি প্রত্যক্ষ।
সকলেই জানে তিনি খুশি নন অল্পে ...
কোটি টাকা লেনদেন ... প্রতিটি প্রকল্পে ...

পার্থরা দরজার খুলে দিয়ে পাল্লা,
দু'হাতে মারছে ঢিল, তবু ইনসাল্লা,
চামচারা যত তাকে দশ নখে খামচায়‌
কবীর সুমন আজ দাস্যের দাম চায়!


এমপি খেতাব গেছে কোনওমতে ছোঁয়া রে।
শুয়োরটি থেকে যাবে শুয়োরেরই খোঁয়াড়ে!

মঙ্গলবার, ৯ মার্চ, ২০১০

নারী দিবস ~ দিপংকর


একটা মেয়ের চায়ের দোকান
একটা মেয়ে ঠিকের মাসি
দাঁত কামরে শরীর বেচেও
একটা মেয়ের দেখন-হাসি

বিপিও তে রাত কে ফেলে
ভোর কে নিয়ে বাড়ি ফিরে
রান্না চাপায় একটা মেয়ে
বরের জন্যে যত্ন করে

চায়ের দোকানে ঝাঁপ বন্ধ
ঘড়িতে রাত দশটা দশ
মাতাল বরের খিস্তি লাথি
তবুও আজ নারী দিবস!

অসম(একটি প্রেমের কবিতা) ~ শ্রদ্ধা

ও বলল "বাদাম খাবে?"
তখন সামনে বাদামওয়ালা দাঁড়িয়েছিলো
লেকের জলে দু তিনটে হাঁস
সাঁতার কাটছে। হাত বাড়িয়ে বাদাম নিলো।

ও বলল "ব্যাপারটা কি?
আজকে এমন গোমরা কেন? ঠিক আছো তো?"
বসন্তকাল আসলে পরেই কোকিলগুলো বড্ড জ্বালায়!
গা জ্বলে যায়, আপদ যত !

ও বলল "একটু হাসো,
হাসলে তোমায় মিষ্টি দেখায়, মিষ্টি সোনা"
ফুল ফুটেছে কৃষ্ণচূড়ায়, একটা পাখী
কি যেনো নাম- উড়ছে মেলে নীলচে ডানা।

ও বলল "আজকে ছুটি, তুমি চাইলে
নাটক-টাটক দেখতে যেতাম একাডেমী..."
বেঞ্চি থেকে উঠে আমি
হাটতে শুরু করেছিলাম, একটু থামি।

ও বলল "গৌরি তোমায় বুকের ভিতর লুকিয়ে রাখি;
চুপটি করে থাকছো কেন! কষ্ট বাড়ে।"
আমি বললাম "কষ্ট কিসের?
এই তো আছি তোমার সঙ্গে, লেকের ধারে।"

ও তাকালো আমার চোখে
এক ফোঁটা জল মহসীনের গভীর কালো চোখের কোনায়
আমি বললাম "আজ বাড়ি যাই, পাত্রপক্ষ দেখতে আসবে
কালকে থেকো সিঁথির মোড়ে, ঠিক বারোটায়।"

সোমবার, ৮ মার্চ, ২০১০

সংযমী অর্থমন্ত্রী

সংযমী অর্থমন্ত্রী !!

ক্ষুদ্র জীবন ~ দীপক কুমার পাল


একটাই জীবন
দৈনিক চাহিদা অতি সামান্য
তবুও সারা জীবন কাটে
পর্যবেক্ষন সংগ্রহ আর সংরক্ষনে
কমিউনে গড়ে তোলে খাদ্য ভান্ডার
এতদসত্ত্বেও শরীরে তাদের পুষ্ঠির অভাব
জগৎ সংসারে নিতান্তই বেচারা
চাহিদা যাদের কম
ভবিষৎ শঙ্কায় নিরন্তর কাঁপে বুঝি তারাই
পিঁপড়েদের বিশালাকার কমিউনে
যুথবদ্ধ পিঁপড়েরা সংখ্যায় অগুন্তি
একটি আস্ত হরিণ ভক্ষন করে নিমেষে
তাদের এ হেন আচরণে
তাচ্ছিল্য দুরস্ত, অতি ক্ষুদ্র হলেও
বৃহৎ প্রাণীরা তাদের রীতিমত সমঝে চলে... 
 

শুক্রবার, ৫ মার্চ, ২০১০

সূর্য বুঝি ~ শ্রেয়সী রয়

আমরা যারা জেগে থেকেও স্বপ্ন খুঁজি,
আমরা যারা রাতদুপুরেও সূর্য বুঝি,
আমরা যারা রোজ দুবেলা বাঁচতে গিয়ে,
ভুলেই গেছি সেসব দুপুর-
যখন নাকি স্বপ্ন মানে তুমি-ই ছিলে,
যখন নাকি স্বপ্ন মানে লাল নিশানে,
যখন শুধুই স্লোগান তোলা হাজার গলায়,
যখন শুধু মিছিল ছিল তোমার ভাষা,
যখন হাজার পায়ের দাপট পাহাড় টলায়,
ভুলেই গেছি একসাথে সেই ভাবতে শেখা,
ভুলেছি আজ প্রশ্ন তোলার সব অভ্যেস,
ভুলেই গেছি হিসেব বোঝার তীব্র তাগিদ,
সব ভুলেছি -
শুধু জানি, ফিরতে হবে...

শুধু জানি ভুললে আমার চলবে না আর,
শুধু জানি মিছিল আজো ডাক দিয়ে যায়,
তাইতো আজও রাতদুপুরে সূর্য বুঝি,
সূর্য বুঝি মিছিল জোড়া লাল পতাকায়।

সোমবার, ১ মার্চ, ২০১০

পথ


আমাদের দাবি একটাই
পথে হাটো আমাদের সাথে
পথে নামাই একমাত্র পথ
কালো মানুষের ভিড়ে
আমার আমিকে হারিয়ে
মুক্ত সুরে, মুক্তির গান গেয়ে
আমাদের দাবি একটাই
পথের শেষ নাই বা দেখলে
হয়তো পথেই শেষ হবে আমাদের পথ
হয়তো অনেক পথ হাঁটা বাকি থেকে যাবে
তবুও
আমাদের দাবি একটাই
যতটা হাঁটা শেষ করবো
রোদে মিশে
কালো মানুষের ভিড়ে
নতুন দিনের শিশুটি যেন সেখান থেকেই তার পথ শুরু করে।

লাল নিশান (The Red Flag এর অনুবাদ)


জনগনের নিশান রক্তলাল
জড়িয়েছে কত শহিদের দেহ
শীতল হয়েছে তারা
আর হৃদয়ের রক্তে রঞ্জিত করেছে একে
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
নিশান আমাদেরকে শক্ত করেছে
যখন চারিদিকে ঘনিয়ে এসেছিলো কালো অন্ধকার
কত লড়াইয়ের সাক্ষী হয়ে রয়েছে
নিশানের রঙ বদলাবে না আর
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে
নিশান মনে রেখেছে আমাদের জেতা লড়াই
রক্তিম সকালে আসবে শান্তি নিয়ে,
উজ্জ্বল নিশানের সহজ প্রতীক করে বড়াই
মানুষের অধিকার, মানুষের সংগ্রাম দিয়ে
লাল নিশানটা ওড়াও উচুতে
এর ছায়াতেই বাঁচবো, মরবো আমরা
ভীরুর দল কাঁপবে, খুনিরা কাষ্ঠহাসি হাসবে
আমরা লাল নিশান কে উড়িয়ে রাখবো এখানে