রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আক্রম ও সনাতনী গণ ~ কনাদ সিংহ

সোশ্যাল মিডিয়ায় এনগেজ করতে আজকাল আর বিশেষ ভাল লাগেনা। কিন্তু তার মধ্যেই মাঝে মাঝে এমন কিছু কাণ্ড হয় যা এক দিকে মজার আর এক দিকে নতুন শিক্ষারও। তো হয়েছে কী -- দিনকতক আগে কোনও এক মহাদিগ্গজ রবীন্দ্রনাথের সহজ পাঠের দ্বিতীয় ভাগের একটি গল্পের ছোট্ট একটা অংশের ছবি পোস্ট করেন। এ গল্প আমরা অনেকেই ছোটবেলায় পড়েছি। বাংলা যুক্তাক্ষরের ব্যবহার শেখানোর জন্য রবীন্দ্রনাথের লেখা শক্তিনাথবাবুর শিকারে যাওয়ার গল্প। জেলেপাড়ার এক বড়লোক শক্তিনাথবাবু তাঁর দারোয়ান আক্রমকে নিয়ে শিকারে যান এই গল্পে। রাতে তাঁরা জঙ্গলে নৈশভোজ সারেন বাড়ি থেকে আনা খাবার দিয়ে। শক্তিনাথবাবু খান লুচি, আলুর দম, আর পাঁঠার মাংস। আক্রম খায় চাটনি দিয়ে রুটি। একসঙ্গে শিকারে এলেও মনিব আর কর্মচারী যে এক খাবার ভাগ করে খেলেননা এবং ধনী দরিদ্রের খাবারে যে যথেষ্ট প্রভেদ এই ছোট্ট গল্পেও রবীন্দ্রনাথ তা তুলে ধরেছিলেন। এর বেশি কিছু গল্পটা পড়ার সময় মনে হয়নি। হওয়া উচিত ছিল। কারণ অল্প কথায়, শিশুপাঠ্য গল্পেও যে রবীন্দ্রনাথ কত কিছু বলে দিতে পারতেন আবার গল্পটা পড়লে তা বোঝা যায়। যাই হোক, তো সেই মহাদিগ্গজেরও সেরকম একটা উপলব্ধি হয় এবং তিনি একটা খোঁচা মেরে প্রশ্ন তোলেন আক্রম কেন পাঁঠার মাংস দিয়ে রুটি খেলনা তিনি বুঝছেন না। বড়লোক মনিব শক্তিনাথ যে তাঁর বাড়ি থেকে আনা খাবার আক্রমকে অফার করেছেন এরকম যদিও গল্পে কোথাও নেই, তবুও পোস্টকর্তা এবং পোস্টের নিচে কমেন্ট করতে আসা দঙ্গল দেখা গেল খুব আমোদ পেয়েছে এটা ভেবে যে আক্রম হালাল মাংস না হলে খাবেনা বলেই খায়নি এবং রবীন্দ্রনাথও এটাই দেখাতে চেয়েছেন। অবশ্য তাহলে আক্রম লুচি আলুর দমের ভাগ পেলনা কেন এই সহজ প্রশ্ন তাদের মনে সহজ পাঠ জাগাতে পারেনি। 

যাই হোক এই পণ্ডিতের দলের উৎসাহ যেহেতু ছিল সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোয়, পড়াশোনাটা যেহেতু তাদের ঠিক আসেনা, ফলে সহজ পাঠের একটা ছোট্ট গল্পও গোটাটা পড়ে দেখার সৌভাগ্য তাদের হয়নি। ফলে তারা সেমসাইড করে ফেলেছেন। একটু কষ্ট করে পড়লে দেখতে পেতেন গল্পে আক্রমের নাম আক্রম মিশ্র। নিশ্চিতভাবেই সে বিহার/উত্তরপ্রদেশের ব্রাহ্মণসন্তান -- সম্ভবত নিরামিশাষী। পদবি আরও একটি উপলব্ধির দিক খুলে দেয় -- জেলেপাড়ার শক্তিনাথবাবু সম্ভবত জাতিগতভাবে কৈবর্ত। অর্থবান এবং আক্রমের মনিব হলেও সামাজিক কৌলীন্যে কি তিনি বর্ণাশ্রমের কাঠামোয় উপরে উঠতে পেরেছেন? দুজনের খাবারের মানের তফাত যেমন আর্থিক অবস্থার বৈষম্যের কারণে, তেমনই মনিবের থেকে আলাদা বসে বাড়ি থেকে আনা খাবার খাওয়ার চেষ্টা আক্রমের ব্রাহ্মণত্ব রক্ষার প্রচেষ্টা নয়তো? সত্যিই একটা ছোটগল্পে অল্প কথায় রবীন্দ্রনাথ অনেক প্রশ্ন তুলে গেছেন। 

অনেকে ধরা পড়ে গিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন যে কোন হিন্দুর নাম আক্রম হয়? খেয়াল করেননি যে অনেক সময়ই চরিত্রের নাম মুখে মুখে বদলে যায় তার ইঙ্গিতও গল্পে আছে। আক্রমের সঙ্গী দারোয়ানের নাম গল্পে শক্তু সিং। শক্তু শব্দটি শক্তি বা কোনও সমতুল্য শব্দের অপভ্রংশ সন্দেহ নেই। আক্রম মিশ্রের নামটিও সম্ভবত তাই।

কিন্তু রবীন্দ্রনাথ অল্প কথায় অনেক কিছু বলতে পারলেও তা গ্রহণ করার ক্ষমতা দেখাই যাচ্ছে অনেকের নেই। তাই সবিস্তারে বলার প্রয়োজনও ঘটে। এই হাস্যকর বিতর্কের মধ্যে সেরা প্রাপ্তি যেভাবে বিজ্ঞানী Nirmalya Dasgupta সেই সবিস্তারে বলার কাজটি অনবদ্যভাবে করেছেন 'বকশিস' গল্পটির অবতারণা করে। কী সেই গল্প? কার লেখা? জেনে নিন। নির্মাল্যবাবুর পুরো লেখাটা নিচে হুবুহু তুলে দিলাম কারণ ও জিনিস লেখার কলমের জোর আমার নেই:

নির্মাল্য দাশগুপ্তের পোস্ট:

সহজ পাঠের দ্বিতীয় ভাগের একাদশ পরিচ্ছেদে শক্তিবাবুর শিকারের গল্প অনেকেই ছোটোবেলায় পড়িয়া থাকিবেন। বিদগ্ধ মহলে আজ প্রত্যক্ষ করিলাম, একটি বাক্যকে কেন্দ্র করিয়া একখানি প্রশ্ন উত্থাপিত হইয়াছে। বাক্যটি এই—“শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। তাই খেলেন। আক্রম খেল চাটনি দিয়ে রুটি।”

সনাতনী বিদগ্ধজনের মতে, আক্রম মাংস খায় নাই, কারণ তাহা হালাল পদ্ধতিতে প্রস্তুত হয় নাই। রবীন্দ্রনাথ সেই ইংগিত সনাতনী জনগণকে দিয়া সাবধান করিয়াছেন। আসলে তাঁহারা উত্তেজনাবশত আক্রম বলিতে ওয়াসিম আক্রম ভাবিয়াছেন। কিন্তু রবীন্দ্রনাথ যে গোড়াতেই তাহার নাম আক্রম মিশ্র বলিয়া উল্লেখ করিয়াছেন, তাহা লক্ষ করিতে ভুলিয়া গিয়াছেন। তাহা ছাড়া, সহজ পাঠের এই গল্পটিরই একটি বিস্তৃততর ও জটিলতর পাঠ রবীন্দ্রনাথের ‘বকশিশ’ নামক ছোটোগল্পে রহিয়াছে। কিন্তু সনাতনী বিদগ্ধজনেরা তাহা পড়িবেন, এমন আশা করি না।

‘বকশিশ’ গল্পটিতে আক্রম কেন চাটনি দিয়া রুটি খাইল, কেন লুচি, আলুর দম ও পাঁঠার মাংস খাইল না, তাহার সমস্ত কারণ রবীন্দ্রনাথ সবিস্তারে দর্শাইয়া গিয়াছেন।

"হারাধন জেলের ছেলে শক্তি। ছেলেবেলা হইতেই তাহার বুদ্ধিটি বেশ পরিষ্কার। পাঠশালায় কিছুকাল মাত্র বিদ্যাভ্যাস করিয়াছিল, কিন্তু হিসাবের অঙ্কটা সে বেশ ভালোই শিখিয়াছিল। বাপের সঙ্গে মাছ ধরিতে ধরিতে একদিন তাহার নজরে পড়িল, মাছ ধরিবার পর মহাজন যে দাম স্থির করে সেই দামেই জেলেদের সন্তুষ্ট থাকিতে হয়। অথচ সেই মাছই মহাজনের হাত হইতে আড়তদারের হাতে যাইতে তাহার মূল্য দ্বিগুণ-ত্রিগুণ হইয়া ওঠে, আড়ত হইতে বাজারে পৌঁছিতে তাহার মূল্য আরও বাড়ে। মাছ ধরিবার পরিশ্রম যাহার, মাছের মূল্যে তাহারই অধিকার সকলের চেয়ে কম, এ হিসাবটা শক্তির কাছে মিলিল না।
সে ভাবিল, মাঝখান হইতে মহাজনকে বাদ দিয়া সে নিজেই যদি আড়তদারের কাছে মাছ বেচিতে পারে, তবে লাভের অঙ্কটা নিতান্ত মন্দ হয় না। ভাবিয়া সে প্রথমে কিছু ধারকর্জ করিয়া অপর জেলেদের মাছও কিনিতে আরম্ভ করিল। ক্রমে এমন হইল যে, মহাজনও সে নিজে, আড়তদারও সে নিজে। অন্য মহাজনের অপেক্ষা শক্তি দাম কিছু বেশি দিত, সুতরাং জেলেদের তাহার কাছে আসিতে বিলম্ব হইল না। অল্প বয়সেই শক্তি অঞ্চলের একজন গণ্যমান্য ব্যবসায়ী হইয়া উঠিল। ভক্তরামের নিকট হইতে একে একে সস্তায় কয়েকখানি নৌকা কিনিয়া সে ভ্রাতা মুক্তিনাথকে সঙ্গে করিয়া কারবারের পরিধি বাড়াইয়া তুলিল।

কিন্তু অর্থের জোরে সংসারের অনেক ব্যবধান ঘুচিলেও জাতের ব্যবধান ঘোচেনা। গ্রামের সম্ভ্রান্ত ব্রাহ্মণ-কায়স্থের পল্লীতে শক্তির স্থান হইল না। অগত্যা জেলেপাড়ার মধ্যেই সে এমন একখানি প্রাসাদ তুলিল, যাহার দিকে ভদ্রপল্লীর লোকেরাও চাহিয়া থাকিত। সমাজে প্রতিষ্ঠালাভের অভিপ্রায়ে শক্তি দানধ্যান ও ব্রাহ্মণসেবায় মন দিল। ফলও কিছু কিছু ফলিতে লাগিল। এখন সকলে তাহাকে শক্তিবাবু বলিয়া ডাকে। জন্মসূত্রে কৈবর্ত হইলেও, অর্থের গুণে বৈশ্যের মর্যাদাটুকু সে সমাজে আদায় করিয়া লইয়াছে।

শক্তিবাবুর এই বিরাট প্রাসাদ রক্ষার ভার দুই পশ্চিমা পালোয়ানের উপর। একজনের নাম শক্তু সিং, অপরজনের আক্রম মিশ্র। শক্তু সিংয়ের প্রকৃত নাম শক্তি সিং। কিন্তু মনিবে ও দ্বাররক্ষকে একই নামের ভাগীদার হওয়াটা শক্তিবাবুর রুচিসংগত বোধ হয় নাই। অতএব দ্বাররক্ষকের নামের শেষ স্বরটির পরিবর্তন করিয়া তিনি নিজের নামের স্বাতন্ত্র্য রক্ষা করিয়াছেন।
আক্রম মিশ্রের নাম শুনিয়া প্রথম পরিচয়ে অনেকেরই ভ্রম হয়, মুসলমান বলিয়া। কিন্তু তাহার প্রকাণ্ড পাকানো গোঁফের নীচে প্রশস্ত গৌরবর্ণ বক্ষের উপর পৈতার যে বিপুল গোছাটি শোভা পায়, তাহা দেখিলে তাহার ব্রাহ্মণ্য সম্বন্ধে সংশয়ের অবকাশ থাকে না। আক্রমের প্রকৃত নাম পরাক্রম মিশ্র, তাহার জ্যেষ্ঠ ভ্রাতার নাম ত্রিবিক্রম মিশ্র। পিতার নাম পরশুরাম মিশ্র। পরশুরাম নামটির প্রতি পিতার বিশেষ শ্রদ্ধা ছিল। তিনি মনে করিতেন, বিধাতা তাঁহাকে ব্রাহ্মণের ঘরে জন্ম দিলেও পিতা যখন তাঁহার নাম পরশুরাম রাখিয়াছেন তখন কেবল যজন-যাজন করিয়া জীবন কাটানো নামের প্রতি অবিচার হইবে। সেইজন্য শাস্ত্রের অপেক্ষা শস্ত্রের প্রতিই তাঁহার অনুরাগ ছিল অধিক। লাঠি, কুস্তি ও বন্দুক লইয়াই তাঁহার জীবনের অধিকাংশ উৎসাহ নিযুক্ত ছিল। পুত্রদ্বয়কেও তিনি সেই আদর্শে মানুষ করিয়াছিলেন। কিন্তু পিতা নামকরণে যতটা উদারতার পরিচয় দিয়াছিলেন, লোকের মুখ ততটা উদার নহে। লোকমুখে ত্রিবিক্রমের ত্রি এবং পরাক্রমের পরা খসিয়া পড়িয়া একজন হইল বিক্রম, অপরজন আক্রম।

আক্রমের বন্দুকের লক্ষ্য যেমন অব্যর্থ, তাহার সাহসও তেমনি অচঞ্চল। প্রভুভক্তিতে তাহার ত্রুটি নাই, কিন্তু সে ভক্তির সঙ্গে তাহার জাত্যভিমানের কোনো বিরোধ ঘটে নাই। শক্তিবাবু তাহার মনিব, এ কথা সে সর্বান্তঃকরণে স্বীকার করে; কিন্তু সে যে কনৌজী ব্রাহ্মণ, এ কথাটিও সর্বক্ষণ স্মরণ রাখে। শক্তিবাবুর প্রাসাদে তাহার প্রবেশের বাধা নাই, আহারের বাধা আছে। প্রাসাদ হইতে কিছু দূরে একখানি ছোটো ঘরে সে স্বপাকে অন্ন গ্রহণ করে। অধিকাংশ দিন তাহার আহার কয়েকখানি রুটি এবং দেশ হইতে স্ত্রীর প্রস্তুত করিয়া দেওয়া আমের চাটনি।

শক্তিবাবু আক্রমকে কেবল বেতনভোগী ভৃত্য বলিয়া গণ্য করেন না, ব্রাহ্মণ বলিয়াও তাহার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন। আক্রমও মনিবের প্রতি তাহার কর্তব্যে কোনোদিন শৈথিল্য করে নাই। সে শক্তিবাবুকে বন্দুক চালাইতে শিখাইয়াছে এবং শিকারের প্রতি তাঁহার অনুরাগ জন্মাইয়া দিয়াছে। এই একটি বিদ্যায় মনিবে ও ভৃত্যে সম্বন্ধটা বিপরীত। এখানে আক্রম গুরু, শক্তিবাবু শিষ্য। সমাজে উভয়ের স্থান লইয়া যে জটিলতা আছে, বনের মধ্যে তাহা নাই; সেখানে বন্দুকের লক্ষ্যভেদই যোগ্যতার একমাত্র পরিচয়। কিন্তু অরণ্যে মনিব ভৃত্য সম্পর্ক শিথিল হইলেও জাতিবিচার গভীর অরণ্যেও অক্ষুণ্ণ। তাই শিকারে আসিয়া মনিবে ও ভৃত্যে সম্পর্ক অনেকখানি ঘুচিয়া একটা মিত্রতার সম্বন্ধও জন্মিলেও, সে মিত্রতা আহার পর্যন্ত গড়ায় না। শক্তিবাবু শিকারে লুচি, আলুর দম ও পাঁঠার মাংস সঙ্গে লইয়া আসেন। আক্রম কিছু দূরে বসিয়া মনিবের স্পর্শ ও আমিষ আহারের সংস্রব বাঁচাইয়া স্ত্রীর প্রস্তুত চাটনি সহযোগে রুটি দিয়া আহার সমাপন করে। বনের বাঘের রসনাতৃপ্তির পক্ষে ব্রাহ্মণ ও কৈবর্তের মধ্যে বিশেষ প্রভেদ নাই; কিন্তু আক্রমের রসনার নিকট কৈবর্ত মনিবের লুচি ও আলুর দম অপেক্ষা প্রোষিতভর্তৃকা পত্নীর হস্তপ্রস্তুত চাটনি ও স্বপাকের রুটিই অধিক উপাদেয়।" 

সহজ পাঠে রবীন্দ্রনাথ সামান্য কয়েকটি বাক্যে, অধিক কিছু না বলিয়াও, একটি সমগ্র সমাজচিত্র ফুটাইয়া তুলিয়াছেন। উপরের রচনাটি সেই কয়েকটি বাক্যেরই ব্যাখ্যা ও বিনির্মাণ মাত্র। ‘বকশিশ’ নামে রবীন্দ্রনাথের কোনো ছোটোগল্প নাই। রবীন্দ্রনাথের নামের মাহাত্ম্যে যদি বিদগ্ধজনেরা এই অধমের রচনাটি পড়েন, সেই আশাতেই তাঁহার ভাষাশৈলী অনুকরণ করিয়া সহজ পাঠের একটি জটিলতর পাঠ নির্মাণের চেষ্টা করিয়াছি। ইহাতে রবীন্দ্রনাথের কৃতিত্ব যতখানি, অপরাধটুকু সম্পূর্ণ আমার।
Uploaded Image Uploaded Image

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন